লাউঞ্জ খালি দেখে রানা ধরে নিল হুপার আর পামেলার রাত্রিকালীন অভিসার শেষ হয়েছে। গ্যালিতে মরিসনের সঙ্গে দেখা করার আগে চিন্তা-ভাবনা গুছিয়ে নেয়ার জন্যে হাতে পাঁচ মিনিট সময় আছে ওর। গুছিয়ে নেয়ার আগে অবশ্য খুঁজে পেতে হবে সেগুলো। কোনটাই হলো না, কারণ কম্প্যানিয়নওয়েতে পায়ের আওয়াজ। পাওয়া গেল। এলোমেলো পা ফেলে এগিয়ে এল এলিনা, ওর উল্টোদিকের একটা আর্মচেয়ারে ধপাস করে বসে পড়ল। এমন সুন্দর একটা মেয়ে, অথচ তার মুখ ঝুলে পড়ছে। তার বসার ভঙ্গিই বলে দেয়, ওকে কিছু বলতে এসেছে।
অসুস্থ লাগছে? জিজ্ঞেস করল রানা, দেখল চেয়ারের হাতল ধরা হাতের গিট সাদাটে হয়ে আছে।
তাকিয়ে থাকল এলিনা। যেন মনস্থির করতে পারছে না।
আমার ধারণা ছিল, সাগর আপনাকে কাহিল করতে পারে না, আবার রানাই কথা বলল।
আমার অসুস্থ বোধ করার কারণ অশান্ত সাগর নয়, বলল এলিনা।
আপনার আসলে বিছানায় গিয়ে ঘুমাবার চেষ্টা করা উচিত।
তাই? আপনি জানাবেন আরও দুজন লোক বিষ খেয়ে মারা গেছে, তারপরও আশা করবেন ঘুমাব আমি, ঘুমের মধ্যে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখব? দুঃসংবাদ দেয়ার সময় আপনি কোন কৌশল করতে জানেন না।
দুঃখিত, বলল রানা। আমার মনে রাখা উচিত ছিল কেবিনে একজন দুর্বলচিত্ত নারী আছেন।
আমি আসলে সত্যি ভয় পাচ্ছি। ভয় পাওয়াই উচিত, সেটাই স্বাভাবিক। বিষক্রিয়ায় আক্রান্ত চারজন লোককে সেবা করেছে সে, পরিচিত আরও তিনজন লোকের কথা জানে যারা ওই বিষক্রিয়াতেই মারা গেছে। তবে রানা তাকে এ-সব কিছু বলল না। বলল, ভয় সবাই আমরা মাঝে-মধ্যে পাই, মিস স্টুয়ার্ট।
আপনি আমাকে শুধু এলিনা বলবেন, প্লীজ। আপনিও ভয় পাচ্ছেন?
আমিও।
এখন? আপনি কি এখন ভয় পাচ্ছেন?
না। এখানে ভয় পাবার কি আছে?
মৃত্যু। অসুস্থতা আর মৃত্যু।
মৃত্যুর সঙ্গেই তো আমার বসবাস, এলিনা। মৃত্যুকে আমি ঘৃণা করি, তা ঠিক, তবে ভয় পাই না। যদি পেতাম, আমি ডাক্তার হতে পারতাম না।
আমি আসলে ঠিক ভাবে বোঝাতে পারিনি। মৃত্যুকে আমি মেনে নিতে পারি, কিন্তু যখন অন্ধের মত আঘাত করে তখন ভয় লাগে। আপনি জানেন, ঠিক অন্ধের মত নয়। যেমন এখানে। মৃত্যু হামলা করছে বেপরোয়াভাবে, কোন যুক্তি বা কারণ ছাড়াই, কিন্তু আপনি জানেন কারণ বা যুক্তি না থেকে পারে না। বুঝতে পারছেন, আমি কি বলতে চাইছি?
মেটাফিজিক্স আমার সাবজেক্ট নয়, বলল রানা। মাফ করবেন।
আমি মেটাফিজিক্স নিয়ে কথা বলছি না। এক করা হাত দুটো এমনভাবে ঝাঁকাল এলিনা, বোঝা গেল রাগ হচ্ছে তার। এই জাহাজে মাক কিছু গোলমাল আছে, মি. রানা।
মারাত্মক গোলমাল? রানার চোখে কৃত্রিম বিস্ময়। কি গোলমাল, এলিনা?
আপনি আমাকে বোকা বলে ব্যঙ্গ করবেন না তো? গম্ভীর সুরে জিজ্ঞেস করল এলিনা।
আপনাকে আমি অপমান করতে পারি না, এলিনা। আপনাকে আমি সত্যিই পছন্দ করি।
সত্যি? ক্ষীণ হাসল এলিনা। ঠিক বোঝা গেল না কৌতুক বোধ করছে নাকি খুশি হয়েছে। আপনি কি সবাইকে এরকম পছন্দ করেন?
করি…আমি দুঃখিত।
জাহাজের পরিবেশ অদ্ভুত লাগছে না আপনার? লোকজনের আচরণ?
মাথা ঝাঁকাল রানা। অন্ধ আর কালা না হলে সবাই ব্যাপারটা দেখতে পাচ্ছে। সবাই সবার সঙ্গে এত বেশি বন্ধুত্ব দেখাচ্ছে, ব্যাপারটা সত্যি দৃষ্টিকটু। আমাদের এমপ্লয়ার মি. গোলডার কথা ধরুন। তিনি তার সহ-ডিরেক্টরদের দুচোখে দেখতে পারেন না, এমনকি নিজের মেয়েকেও নয়। মোনাকা, ট্যাকার, কার্লসন, বিশপ-এরা পিছন ফিরলেই এদের দুর্নাম শুনতে পাবেন তার মুখে। ব্যাপারটা অক্ষমনীয় মনে হতে পারত, যদি এঁরাও মি. গোলডার পিছনে তাঁর দুর্নাম না করতেন। দ্বিতীয় স্তরের লোকজনদের কথা ধরুন। ব্যারন, এডি মুনফেস, ল্যারি আর্চার, হেনেরিক ব্রায়ান ও মরগান–এরা সবাই ম্যানেজমেন্টের ওপর অসন্তুষ্ট। অথচ ম্যানেজমেন্ট তাদের অসন্তোষ বিবেচনা করতে একদম রাজি নয়। আর দুর্ভাগা ডিরেক্টর রবার্ট হ্যামারহেডের ওপর সবাই খেপা। হ্যাঁ, এ সবই আমার চোখে পড়েছে। তবে, মনে রাখতে হবে, এরা সবাই ফিল্ম লাইনের লোকজন।
আমাদের সম্পর্কে আপনার ধারণা খুব একটা ভাল নয়, তাই না?
এ-কথা কেন মনে হলো আপনার?
প্রশ্নের জবাব না দিয়ে আবারও প্রশ্ন করল এলিনা, কিন্তু আমরা সবাই কি খারাপ?
সবাই না। আপনি নন। পামেলা বা হুপারও নয়। তবে তার কারণ সম্ভবত এই যে ওদের বয়স খুব কম, ফিল্ম লাইনে নতুন এসেছে। আরও একজনকে ভাল বলতে পারি আমি-ডগলাস হিউম।
আবার এলিনার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি দেখা গেল। আপনি মনে করেন, সে-ও আপনার মত চিন্তা করে?
হ্যাঁ। তাকে আপনি চেনেন কি?
গুড মর্নিং বলি আমরা।
তাকে আপনার আরও ভালভাবে চেনা উচিত। আপনাকে চেনার সুযোগ পেলে খুশি হবেন তিনি। আপনাকে তিনি পছন্দ করেন-বলেছেন আমাকে। কিন্তু না, আপনাকে নিয়ে আলোচনা হচ্ছিল না—অনেক বিষয়ে কথা বলার সময়। আপনার নামটা চলে আসে।
ফ্ল্যাটারার। এলিনার বলার সুরে নিন্দা বা প্রশংসা কোনটাই ফুটল না। তাহলে আমার সঙ্গে আপনি একমত? এখানের পরিবেশে অদ্ভুত কি যেন একটা গোলমাল আছে?
বোধহয়।
বোধহয় নয়, অবশ্যই। অবিশ্বাস, সন্দেহ, ঈর্ষা-এ-সব তো মানুষের মধ্যে থাকবেই, তবে এখানে ও-সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি একটা কমিউনিস্ট দেশে জন্মেছি, মানুষও হয়েছি—জানেন তো?
হ্যাঁ। কবে পালিয়ে আসেন?
কয়েক বছর আগে।
কিভাবে?
প্লিজ। অন্যান্যরাও হয়তো সেইপথ ব্যবহার করতে চাইবে।
তাছাড়া, আমি যেহেতু কমিউনিস্টদের কাছ থেকে বেতন পাচ্ছি। অ্যাজ ইউ উইশ।
আপনার খারাপ লাগল? মাথা নাড়ল রানা। অবিশ্বাস, সন্দেহ, ঈর্ষা, মি. রানা। কিন্তু এ-সব ছাড়া আরও কিছু আছে। আরও অনেক কিছু। ঘৃণা আছে, আছে ভয়। আমি এ-সবের গন্ধ পাচ্ছি। আপনি পাচ্ছেন না?
এলিনা, কিছু একটা বলতে চান আপনি, কিন্তু বলার জন্যে বেছে নিয়েছেন কঠিন একটা পথ। নিজেকে এত কষ্ট দেয়ার কোন মানে হয় না। হাতঘড়ি দেখল রানা। আমি রাগ করছি না, কিন্তু আমার ওপর এক লোক রাগ করবে-তাকে অপেক্ষা করিয়ে রেখেছি।
মানুষ যদি পরস্পরকে যথেষ্ট ভয় পায় আর ঘৃণা করে, মাত্মক সব ঘটনা ঘটতে পারে। আপনি বলেছেন, মৃত্যুগুলো হয়েছে দুর্ঘটনাবশত, ফুড পয়জনিঙের কারণে। সত্যি কি তাই, ড. রানা?
এই কথা বলার জন্যে এতক্ষণ ইতস্তত করছেন। আপনার ধারণা, বিষটা ইচ্ছে করেও প্রয়োগ করা হয়ে থাকতে পারে। এই তো আপনার ধারণা?
হ্যাঁ, বলতে পারেন, আমার তাই ধারণা।
কে?
কে? রানার দিকে বিস্মিত হয়ে তাকাল এলিনা, বিস্ময়টা মনে হলো নির্ভেজাল।কে তা আমি কিভাবে জানব? যে-কেউ হতে পারে।
কে যদি বলতে না পারেন, বলুন, কেন?
ইতস্তত করল এলিনা, অন্য দিকে তাকাল, তারপর পলকের জন্যে রানার দিকে দৃষ্টি হেনে চোখ নামাল ডেকে। কেন তা-ও আমি জানি না।
তারমানে কমিউনিস্ট-প্রভাবিত ইন্সটিঙ্কট ছাড়া আপনার এই অবিশ্বাস্য সন্দেহের কোন ভিত্তি নেই।
বুঝতে পারছি, আমার পরিবেশন সুন্দর হয়নি।
পরিবেশন করার কিছু নেইই আপনার, এলিনা। ঘটনাগুলো পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবেন আপনার সন্দেহ কেমন বিদঘুটে। সব মিলিয়ে সাতজন লোক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। ভেবে দেখুন, কারা তারা? একজন ফিল্ম প্রডিউসার, একজন হেয়ারড্রেসার, একজন ক্যামেরা ফোকাস অ্যাসিস্ট্যান্ট, একজন মেট, একজন পেটি অফিসার, আর দুজন স্টুয়ার্ড। অর্থাৎ ভিক্টিম হিসেবে এদেরকে এলোপাতাড়ি বেছে নেয়া হয়েছে। বলতে পারেন, এদের মধ্যে কেউ কেউ কেন বাঁচল, কেউ কেউ কেন মারা গেল? আমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবেন ভিক্টিমদের মধ্যে দুজনকে কেন বিষ খাওয়ানো হলো সেলুন টেবিলে, অপর দুজনকে কেন খাওয়ানো হলো গ্যালিতে, এবং আরেকজনকে, ব্যারনকে, গ্যালি বা সেলুনে কেন? পারবেন, এলিনা?
মাথা নাড়ল এলিনা, তার চকচকে খড় অর্থাৎ চুল ঝুলে পড়ে ঢেকে দিল চোখ। কে জানে, সে হয়তো রানার দিকে তাকাতে চাইছে না, কিংবা চাইছে না রানা তার দিকে তাকাক।
আমি বলব, এই হোল-সেল পয়জনিং পুরোপুরি অ্যাক্সিডেন্টাল, ইভনিং স্টারের কোন লোক এই সাতজনকে মেরে ফেলতে চায়নি। রানা অবশ্য বোঝাতে চাইছে না যে ইভনিং স্টারের কোন লোক এর জন্যে দায়ী নয়।
মাথা নিচু করে বসে থাকল এলিনা। উঠল রানা, টলতে টলতে সামনে এগোল। একটা হাত রাখল এলিনার চেয়ারের পিছনে, অপর হাত দিয়ে এলিনার চিবুকটা উঁচু করল সামান্য। সিধে হলো এলিনা, হাত দিয়ে চোখ থেকে চুল সরাল। খয়েরি চোখ দুটোয় এখনও ভয়ের ছায়া ফুটে রয়েছে। হাসল রানা, হাসল এলিনাও, যদিও সে হাসি মেয়েটার চোখ স্পর্শ করল না। সিধে হলো রানা, বেরিয়ে এল লাউঞ্জ থেকে।
গ্যালিতে পৌঁছুতে দশ মিনিট দেরি করে ফেলল ও। স্টুয়ার্ডস প্যানট্রি হয়ে ওখানে ঢোকার আগেই মরিসনের ভারি নিঃশ্বাস পতনের আওয়াজ ঢুকল তার কানে। মরগান লোকটা রোগাপাতলা, আর মরিসন দৈত্যাকার। প্রথমে রানার। মনে হলো মরগানের গলাটা দুহাতে চেপে ধরেছে মরিসন। তারপর দেখল, গলা নয়, গলার কাছে জ্যাকেট। বেচারা মরগান ছাড়া পাবার ব্যর্থ চেষ্টায় ছটফট করছে। মরিসনের কাঁধে টোকা দিল রানা।
আপনি ওকে গলা টিপে মেরে ফেলছেন, নরম সুরে বলল ও।
রানার দিকে একবার মাত্র তাকাল মরিসন, তারপর আবার নিজের কাজে মন দিল।
আবার, নরম সুরেই, বলল রানা, এটা নৌবাহিনীর কোন জাহাজ নয়, আমিও আপনার কমাণ্ডিং অফিসার নই, কাজেই আপনাকে আমি কোন নির্দেশ দিতে পারি না। তবে আমি সাক্ষী হিসেবে আদর্শ। বলতে চাইছি, আমার সাক্ষ্য বিচারক বিশ্বাস করবেন। মামলাটা যদি হয় খুনের চেষ্টা, আপনাকে তো ভুগতে হবেই, সারাজীবন ধরে যা সঞ্চয় করেছেন তা-ও শেষ হয়ে যাবে।
আবার রানার দিকে তাকাল মরিসন, এবার আর দৃষ্টি ফেরাল না। অনিচ্ছাসত্ত্বেও মরগানের জ্যাকেট ছেড়ে দিল সে। তবে ওখানেই দাঁড়িয়ে থাকল, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে।
মরগান প্রথমে নিজের গলায় হাত বুলিয়ে দেখে নিল ওটা অক্ষত আছে কিনা, তারপর চিৎকার জুড়ে দিল, শুনলে, কুৎসিত বনমানুষ? তোমার নামে মামলা করা হবে। খুনের চেষ্টা…
শাট আপ! ধমক দিল রানা। কিছুই দেখিনি আমি। এখনও দম ফেলতে পারছেন সেজন্যে ভাগ্যকে ধন্যবাদ দিন। মরগানের দিকে ভাল করে তাকাল ও। লোকটা সম্পর্কে তেমন কিছু জানা নেই ওর, পছন্দ করা বা না করার তো প্রশ্নই ওঠে না। নিজেকে সে একজন স্কট বলে পরিচয় দিলেও, তার বাচনভঙ্গিতে লণ্ডনের টান আছে। দুর্বল, খুদে আকৃতি; বাদামি রঙের মুখে অসংখ্য কাটাকুটির দাগ, মাথায় বিরাট টাক, তবে পিছন দিকের চুলগুলো সাদা ও লম্বা। তার চলাফেরায় ক্ষিপ্র একটা ভাব আছে, অনেকটা কাঠবিড়ালির মত। চোখে স্টীল। রিমের চশমা। নিজের জন্মদিন কবে জানে না, এমনকি কোন বছরে জন্ম তা-ও বলতে পারে না। তবে তার বয়স ষাটের কম হবে বলে মনে হয় না।
রানা লক্ষ করল, ডেকে কয়েকটা টিন পড়ে রয়েছে। টিনের গায়ে লেখা আর ছবি দেখে বোঝা গেল, ভেতরে সারভীন মাছ আছে। একটা বড় আকৃতির টিনে গরুর মাংস। আচ্ছা, মধ্য রাতের পেটুক আবার হামলা চালিয়েছে!
তারমানে? মরিসনের চোখে সন্দেহ।
ডিনারের সময় নিশ্চয়ই মি. মরগানকে আপনি পেট পুরে খেতে দেননি, বলল রানা।
মেরীর কিরে, এগুলো আমার জন্যে নয়। আসলে…, তীক্ষ্ণ গলায় প্রতিবাদ জানাল মরগান।
ব্যাটা চোর! খেঁকিয়ে উঠল মরিসন। একটু পিছন ফেরার যো নেই, অমনি চলে আসবে। কিন্তু কিছু চুরি হলে তার জন্যে দায়ী হবে কে, শুনি? সাপ্লাই কম। হলে, ক্যাপটেন কাকে দায়ী করবেন? আশ্চর্য, সবাইকে বিশ্বাস করার এই হলো ফল? আমার উচিত ছিল বুড়োটার ঘাড় ভেঙে পানিতে ফেলে দেয়া…
থাক, উত্তেজিত হয়ে কাজ নেই। মেঝের দিকে তাকাল রানা, তারপর মরগানের দিকে। আপনি কি শুধু এগুলোই নিয়ে যাচ্ছিলেন?
মেরীর কিরে খেয়ে বলছি…।
আহ্, চুপ করুন! মরিসনের দিকে ফিরল রানা। আপনি ঢুকে কি দেখলেন তাই বলুন।
কি আবার দেখব, দেখলাম ফ্রিজের ভেতর মাথা গলিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাটাকে আমি হাতে-নাতে ধরেছি।
ফ্রিজের দরজাটা খুলল রানা। ভেতরে মাখন, পনির, দুধ, শিম আর টিনে ভরা মাংস রয়েছে। মরগানের দিকে তাকাল ও। এদিকে আসুন, আপনাকে আমি সার্চ করব।
কি বলতে চান? আপনি কি সিআইডির লোক, না পুলিস? অ্যাঁ?
ডাক্তার। জানার চেষ্টা করছি আজ রাতে লোকগুলো মারা গেল কেন। মুখ ঝুলে পড়ল মরগানের, চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। আপনি জানেন না বাক আর পিটারসন মারা গেছে?
হ্যাঁ, শুনেছি, বিড়বিড় করল মরগান, জিভের ডগা দিয়ে ঠোঁট চাটল। তার সঙ্গে আমার কি সম্পর্ক?
কি সম্পর্ক জানি না। অন্তত এখনও জানি না।
কি বলছেন আপনি! মনে হলো কেঁদে ফেলবে মরগান। মিছিমিছি কেন ভয় দেখাচ্ছেন আমাকে? খুন-টুনের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই…।
তিনজন মারা গেছে, আরও চারজন প্রায় মারা যেতে বসেছিল। কারণটা ফুড পয়জনিং। ফুড আসে গ্যালি থেকে। আমি তাদের সম্পর্কে জানতে চাই, যারা বিনা অনুমতিতে গ্যালিতে ঢোকে। মরিসনের দিকে ফিরল রানা। আমাদের বোধহয় ক্যাপটেন ডানহিলকে খবর দেয়া উচিত।
না! মা মেরী, বাঁচাও আমাকে! মরিসন, ভাই আমার, দোহাই লাগে…মি. গোলডা আমাকে মেরে ফেলবেন!
এদিকে আসুন, ডাকল রানা। মরগান এগিয়ে এল। তাকে সার্চ করল ও। ফ্রিজের খাবারগুলো বিষ মাখাতে হলে একটাই অস্ত্র ব্যবহার করতে পারে সে, হাইপডারমিক সিরিঞ্জ। কিন্তু সার্চ করে কিছু পাওয়া গেল না। টিনগুলো কোথায়, কার কাছে নিয়ে যাচ্ছিলেন আপনি?
মি. মুনফেসের, মানে, ব্যারনের জন্যে। খানিক আগে আমি তার কেবিনে গিয়েছিলাম। বলল, প্রচণ্ড খিদে পেয়েছে তার। না, তা বলেনি। বলল, তার প্রচণ্ড খিদে পাবে, কারণ আপনি নাকি তাকে তিন দিন শুধু চা আর টোস্টের ওপর থাকতে বলেছেন। রানার মনে পড়ল ব্যারনকে কথাটা বলেছিল বটে, তবে তা শুধু তথ্য আদায়ের জন্যে। ওর উচিত ছিল হুমকিটা প্রত্যাহার করে নেয়া, কিন্তু ভুলে গিয়েছিল। মরগানের গল্পের এই অংশটুকু মিথ্যে নয়।
ব্যারন আপনাকে বললেন তার জন্যে এখান থেকে কিছু খাবার নিয়ে যেতে?
না।
আপনি নিজে থেকে বললেন, কিছু খাবার তাঁকে ম্যানেজ করে দেবেন?
না। আমি তাঁকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। টিনগুলো দেখে তার চেহারা কেমন হয় দেখতে চেয়েছিলাম।
মরগান হয়তো সত্যি কথাই বলছে। কিংবা মাক কিছু গোপন করার জন্যে বানানো গল্প শোনাচ্ছে। আপনি এখন ফিরে গিয়ে ব্যারনকে জানাতে পারেন, ব্রেকফাস্টের সময় থেকে আবার আগের মতই খাওয়াদাওয়া করতে পারবেন তিনি।
মানে, আপনি বলছেন…আমি যেতে পারি? মি. মরিসন যদি আপত্তি না করেন।
নিজেকে আমি ছোট করব না, বলল মরিসন। এগিয়ে এসে খুদে মরগানের সরু ঘাড়ে পেশীবহুল একটা হাত রাখল সে। কেঁপে উঠল মরগান। তবে আবার যদি কখনও দেখি যে কিছু চুরি করছ, আমি তোমার… ঘাড়ে ধাক্কা দিয়ে গ্যালি থেকে মরগানকে বের করে দিল সে। খুব সহজে বেঁচে গেল, স্যার, অভিযোগের সুরে বলল রানাকে। আপনি এসে পড়ায়।
ওকে মারধর করলে আসলেও নিজেকে ছোট করা হয়, মি. মরিসন। আচ্ছা, আজ রাতে প্যাসেঞ্জাররা ডিনার খাবার পর বাক আর পিটার নাকি এখানে বসে খাওয়াদাওয়া সেরেছিল?
রোজ রাতেই খায়। ওয়েটিং স্টাফরা সাধারণত গেস্টদের আগেই খায়। মরগান চলে যাবার পর খুব নার্ভাস আর উদ্বিগ্ন দেখাচ্ছে মরিসনকে।
পয়জনের উৎস সম্ভবত খুঁজে পেয়েছি আমি। আমার ধারণা হর্সর্যাডিশে অত্যন্ত মাত্নক বিষ, ক্লসট্রিডিয়াম বটুলিনাম ছিল। কিভাবে এল, তা বলতে পারব না। আপনি সাবধানী নন বলে দোষ দেয়া যাবে না। কারণ রান্নার আগে, রান্নার সময় বা রান্না হয়ে যাবার পরও জিনিসটা দেখে চেনার কোন উপায় নেই। হর্সর্যাডিশ কি খানিকটা রয়ে গিয়েছিল?
খানিকটা, হ্যাঁ। ওটা দিয়ে ক্যাসারোল তৈরি করি বাক আর পিটারসনের জন্যে, বাকিটা সরিয়ে রাখি।
সরিয়ে?
ফেলে দেয়ার জন্যে। এত বেশি ছিল না যে কাউকে পরিবেশন করা যাবে।
তারমানে নেই। আরেকটা দরজা বন্ধ হয়ে গেল, ভাবল রানা।
ভয় নেই। পলিথিন ব্যাগে সীল করে রেখে দেয়া হয়েছে। দুর্যোগের রাত, কাল সকালে ফেলা হবে।
দরজাটা আবার খুলে গেল। আপনি বলতে চাইছেন, জিনিসটা এখানে আছে এখনও?
অবশ্যই। হাত তুলে বাল্কহেডের সঙ্গে আটকানো চৌকো প্লাস্টিকের বাক্সটা দেখাল মরিসন। ওই তো।
এগিয়ে এসে বাক্সের ঢাকনি খুলল রানা।
আপনি সম্ভবত জিনিসটা পরীক্ষা করবেন? জিজ্ঞেস করল মরিসন।
ইচ্ছে তো তাই ছিল, বলল রানা। বলা উচিত, ভেবেছিলাম পরীক্ষা করার জন্যে রেখে দেব। কিন্তু এখন আর তা সম্ভব নয়। আপনার বাক্সটা খালি।
খালি? ফেলে দিয়েছে সাগরে…এই দুর্যোগের রাতে? এগিয়ে এল মরিসন, শুধু শুধু নিজেও একবার উঁকি দিয়ে বাক্সের ভেতরটা দেখল। অদ্ভুত ব্যাপার। শুধু অদ্ভুত না, নিয়মও ভাঙা হয়েছে।
হয়তো আপনার সহকারী…।
কে, টমাস? ওই হতচ্ছাড়া আলসেটা? অসম্ভব। তাছাড়া, আজ তার ডিউটিও নেই। মাথা চুলকাল মরিসন। যীশুই বলতে পারবেন কেন তারা ফেলে দিল, তবে কাজটা নিশ্চয়ই বাক বা পিটারসনের।
হ্যাঁ, নিশ্চয়ই তাই, বলল রানা।
.
এত ক্লান্ত লাগছে যে নিজের কেবিন আর বাঙ্কের কথা ছাড়া রানার মাথায় আর কিছু ঢুকছে না। ভেতরে ঢুকে খালি বাঙ্কে তাকাবার পরই শুধু মনে পড়ল যে ওর কম্বলগুলো ওয়েন আর গ্যাবনের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। ঘুমে আধবোজা চোখে ছোট টেবিলটার দিকে তাকাল ও, যেখানে টক্সিলজিক্যাল বইগুলো রেখে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কোথায় পালাল ঘুম। অ্যাকোনাইটের ওপর তথ্য পাওয়া। গিয়েছিল মেডিকেল জুরিসপ্রুডেন্স-এর মোটা বইটায়, সেটা এই মুহূর্তে টেবিলের এক কোণায় পড়ে রয়েছে, জানা কথা ইভনিং স্টার ঝকি খাওয়ায় ছিটকে গেছে ওদিকে। সিল্ক বুকমার্ক রিবন, বইয়ের মাথায় আটকানো, প্রায় পুরোটা লম্বা হয়ে রয়েছে টেবিলের ওপর। অথচ রানার মনে আছে যে প্রবন্ধটা পড়ছিল সেটা চিহ্নিত করার জন্যে বুকমার্কটা ব্যবহার করেছিল, কেবিন থেকে বেরিয়ে যাবার আগে।
অ্যাকোনাইটের ওপর আর্টিকেলটা পড়েছে ও, এটা কেউ জানে। কে জানে?
.
কেবিনটাকে আর নিরাপদ ভাবতে পারছে না রানা। ট্রলারটাকে যারা ইয়টে রূপান্তর করেছে, কোন কেবিনেই তালা দেয়ার ব্যবস্থা রাখেনি। কেবিনে তালা দেয়া থাকলে জাহাজডুবির সময় লোকজন বেরুতে পারে না, সেজন্যে অনেক জাহাজের কেবিনেই তালা দেয়ার ব্যবস্থা থাকে না। তবে ছিটকিনি বা বোল্ট থাকা উচিত, এটাতে তা-ও নেই।
রানার মনে পড়ল, সেলুনের কর্নার বাল্কহেডে একটা সেটী আছে, ওখানে আশ্রয় নেয়া যেতে পারে। পিছনে একটা দেয়াল তো থাকবেই, সেটী সীটের নিচে কয়েকটা কম্বলও আছে, ঠাণ্ডার হাত থেকে ভালই বাঁচা যাবে। সবচেয়ে বড় কথা, উজ্জ্বল আলো আছে সেলুনে, লোকজন সব সময় যাওয়া-আসা করছে। যদিও জানালা থেকে কেউ গুলি করলে কিছুই করার থাকবে না।
তারপর রানার মনে পড়ল, ও দেখে এসেছে মার্ভেলাস প্রোডাকশনের বোর্ড মীটিং চলছে সেলুনে। কতক্ষণ আগে? বিশ মিনিট তো হবেই। সম্ভবত আরও বিশ মিনিট পর জায়গাটা খালি হয়ে যাবে। মীটিঙে কোম্পানীর চারজন আছেন, রানা যে তাদেরকে সন্দেহ করে বলে এখুনি ওখানে যেতে চাইছে না, ব্যাপারটা সেরকম নয়। নিচে আলাদা একটা কেবিন থাকতে সেলুনে রাত কাটাবে ও, এটা তাদের দৃষ্টিতে অদ্ভুত বলে মনে হতে পারে।
সময়টা কাটানোর জন্যে, খানিকটা খেয়ালের বশেও, ব্যারন কেমন আছে দেখে আসবে বলে ঠিক করল রানা। সেই সঙ্গে মরগানের কথাটা সত্যি কিনা তা ও যাচাই করা যাবে। বাঁ দিকে তিন নম্বর দরজাটা ব্যারনের। ডান দিকের দ্বিতীয়টা হাঁ-হাঁ করছে। ওটা এলিনা স্টুয়ার্টের কেবিন। ভেতরে আছে সে, তবে ঘুমায়নি। টেবিল আর বাঙ্কের মাঝখানে একটা চেয়ার টেনে বসে আছে, চোখ দুটো পুরোপুরি খোলা, হাত দুটো কোলের ওপর।
কি ব্যাপার? দেখে মনে হচ্ছে জেগে থাকার সাধনা করছেন?
আমার ঘুম পাচ্ছে না।
কিন্তু দরজা খোলা কেন? কাউকে আশা করছেন?
না। দরজা বন্ধ করতে পারছি না।
সে তো আপনি জাহাজে ওঠার পর থেকেই পারছেন না। তালা নেই।
জানি। আগে কিছু ভাবিনি। ভাবনাটা পেয়ে বসেছে আজ রাতে।
নিশ্চয়ই ভাবছেন না যে আপনি ঘুমালে চুপিসারে কেউ ভেতরে ঢুকবে?
কি ভাবছি নিজেও বুঝছি না। তবে আমি ভাল আছি। প্লীজ।
ভয় পাচ্ছেন? এখনও? মাথা নাড়ল রানা। জাহাজে আরও মেয়ে আছে, তাদের অনেকে একা শুতে ভয় পাচ্ছেন না।
যেমন?
যেমন পামেলা।
পামেলা একা শোয়নি।
শোয়নি? ঠিক জানেন?
মাথা ঝাঁকাল এলিনা। পামেলা হুপারের সঙ্গে শুয়েছে। রিসেপশন রুমে।
আচ্ছা। তা আপনিও তো ওদের সঙ্গে ভিড়ে গেলে পারতেন। আপনি যদি নিরাপত্তা চান, সংখ্যার মধ্যে তা তো আছেই।
তিনজন মানে ভিড়।
তা বটে। ওখান থেকে বেরিয়ে ব্যারনের কেবিনে ঢুকল রানা। খানিকটা রঙ ফিরে এসেছে তার চেহারায়। জিজ্ঞেস করল কেমন আছে সে।
ভাল না, বলল ব্যারন, পেটে হাত বুলাচ্ছে।
অসুবিধেটা কি?
খিদের জ্বালা, বলল ব্যারন।
আজ রাতে পাবেন না কিছু। কাল থেকে আবার আগের মত শুরু করবেনচা আর টোস্টের কথা ভুলে যান। ও, হ্যাঁ, মরগানকে গ্যালি লুঠ করতে পাঠিয়ে কাজটা আপনি ভাল করেননি। মরিসন তাকে হাতেনাতে ধরে ফেলে।
মরগান? গ্যালিতে? ব্যারনের বিস্ময় নির্ভেজাল বলে মনে হলো রানার। আমি কেন পাঠাব!
নিশ্চয়ই ওখানে যাবার কথা আপনাকে বলেছেন তিনি।
কই, না! দেখুন, ডাক্তার, শুধু শুধু আমার ঘাড়ে দোষ চাপাবেন না
কেউ আপনার ঘাড়ে কিছু চাপাচ্ছে না। সম্ভবত তাঁর কথার ভুল অর্থ করেছি আমি। তিনি স্রেফ হয়তো আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলেনআপনার খিদে সম্পর্কে কি যেন বলছিলেন…
খিদের কথা বলেছি ঠিকই, কিন্তু যীশুর কিরে…।
ঠিক আছে, ঠিক আছে, কারও কোন ক্ষতি হয়নি। গুড নাইট।
বেরিয়ে এল রানা, এলিনার খোলা দরজাটাকে পাশ কাটাল। তার সঙ্গে চোখাচোখি হলো, তবে কোন কথা বলল না দেখে থামল না রানা। নিজের কেবিনে ফিরে এসে হাতঘড়ি দেখল। মাত্র পাঁচ মিনিট পেরিয়েছে, আরও পনেরো মিনিট বাকি। দূর, অতক্ষণ অপেক্ষা করা যাবে না। শরীরটা খসে পড়তে চাইছে। ক্লান্তিতে। কিন্তু সেলুনে যাবার একটা কারণ থাকা চাই ওর। কয়েক সেকেণ্ড চিন্তা করতেই সমস্যার সমাধান পাওয়া গেল। মেডিকেল ব্যাগ খুলে একই জিনিস তিনটে বের করল ও-ডেথ সার্টিফিকেট। কেন বলতে পারবে না, গুণে দেখে রাখল আর কটা রইল ব্যাগে। দশটা। সব মিলিয়ে তেরোটা। কুসংস্কারে বিশ্বাস করে না বলে নিজের ওপর খুশি হলো। মেডিকেল ব্যাগে জাহাজের কিছু নোটপেপারও রয়েছে, আগের মালিক কাজে কোন খুঁত রাখতে জানতেন না। তিনটে সার্টিফিকেটের সঙ্গে কয়েকটা নোট পেপারও নিজের ব্রিফকেসে ভরল ও।
কেবিনের দরজা পুরোপুরি খুলল, বাইরে যতটা বেশি সম্ভব আলো পাবার জন্যে। প্যাসেজে কেউ নেই দেখে দ্রুত হাতে প্যাচ ঘুরিয়ে ডেক-হেড ল্যাম্পটা খুলে ফেলল। ডেকের কাছে কান নামিয়ে ল্যাম্পটা বার কয়েক হাত থেকে ছেড়ে দিল, শুরু করল এক ফুট ওপর থেকে। চারবারের ঝাঁকিতে ল্যাম্পের ফিলামেন্ট ভাঙার স্পষ্ট আওয়াজ পেল রানা। এবার অকেজো ল্যাম্পটা আবার হোল্ডারে আটকাল, তুলে নিল ব্রিফকেস, দরজা বন্ধ করে রওনা হলো ব্রিজের উদ্দেশে।
আপার ডেকে পৌঁছে, মই বেয়ে ব্রিজে ওঠার সময়, রানা দেখল আবহাওয়ার কোন উন্নতি হয়নি। তুষার খাড়া বা তির্যকভাবে পড়ছে না, আড়াআড়িভাবে ছুটছে। তুষারের মাত্রাও আগের চেয়ে বেশি মনে হলো, মাস্টহেডের আলোটা ক্ষীণ একটা আভার মত লাগছে। সাগরকে আগের চেয়ে একটু কম অশান্ত মনে হলেও, ভাবল ঘুম পাওয়ায় হয়তো সেটা ওর দেখার ভুল।
হুইলে রয়েছে জেমিসন। কম্পাসকে নয়, বেশি সময় দিচ্ছে রাডারস্কোপকে। দৃষ্টিসীমা এত কমে গেছে, তার কিছু করারও নেই। রানা জিজ্ঞেস করল, ক্যাপটেন তার ক্রুদের তালিকাটা কোথায় রাখেন বলতে পারবেন? নিজের কেবিনে?
না। ঘাড় ফিরিয়ে তাকাল জেমিসন। চার্ট-হাউজে। ইতস্তত করল সে। কেন ওটা দরকার আপনার, মি. রানা?
ব্রিফকেস থেকে একটা ডেথ সার্টিফিকেট বের করে কন্ট্রোল প্যানেলের আলোতে ধরল রানা।
গম্ভীর হয়ে গেল জেমিসন। পোর্ট লকারে পাবেন, ওপরের দেরাজে।
তালিকা মানে মোটা একটা খাতা। তাতে ক্রুদের নাম-ঠিকানা, বয়েস, জন্মস্থান, ধর্ম, নিকন্দ্রীয় ইত্যাদি সমস্ত তথ্যই রয়েছে। এক জোড়া সার্টিফিকেট পূরণ করে খাতাটা রেখে দিল ও, রওনা হলো সেলুনের উদ্দেশে।
ফন গোলডা, তার তিন সহ-ডিরেক্টর ও কাউন্ট বট্রিউলাকে আধ ঘণ্টা আগে সেলুনে রেখে গিয়েছিল রানা, এখনও তারা পাঁচজন একটা টেবিলে গোল হয়ে বসে আছেন, প্রত্যেকের সামনে কার্ডবোর্ড মোড়া ফোল্ডার। ফোল্ডারের একটা স্ত প টেবিলের এক ধারে উঁচু হয়ে রয়েছে, স্তুপ থেকে কয়েকটা পড়েও গেছে। ডেকে। মুখের সামনে গ্লাস, গ্লাসের কিনারা দিয়ে রানার দিকে তাকালেন কাউন্ট বট্রিউলা। হাতে ব্র্যাণ্ডির গ্লাস ছাড়া তাকে কল্পনাও করা যায় না।
এখনও টহল দিচ্ছেন, মাই ডিয়ার ফেলো? আপনি আমাদের জন্যে সত্যি অনেক করছেন। এভাবে যদি চালিয়ে যান আমি প্রস্তাব করব আপনাকেও যেন। আমাদের একজন ডিরেক্টর হিসেবে গ্রহণ করা হয়।
সবাই কি আর পেশা বদল করতে চায়। ফন গোলডার দিকে তাকাল রানা। বিরক্ত করার জন্যে দুঃখিত। আমাকে কয়েকটা ফর্ম পূরণ করতে হবে। যদি আপনাদের ব্যক্তিগত আলোচনায় বিঘ্ন সৃষ্টি করে থাকি…
এখানে সে-ধরনের কিছু হচ্ছে না, জবাব দিলেন ক্লার্ক বিশপ। আমরা আসলে পরবর্তী পনেরো দিনের শূটিং স্ক্রিপ্ট পরীক্ষা করছি। শিল্পী আর কলাকুশলীরা সবাই একটা করে পাবেন কাল। এক কপি নেবেন আপনি?
ধন্যবাদ। আগে হাতের কাজটা শেষ করি। কেবিনের আলোটা নষ্ট হয়ে গেছে…আমি আবার ম্যাচের আলোয় কাজ করতে পারি না।
আমরা উঠতে যাচ্ছিলাম। ফন গোলডাকে এখনও ক্লান্ত দেখাচ্ছে, তবে শরীর থামার নির্দেশ দিলেও চালিয়ে যাবার মানসিক দৃঢ়তা তার যথেষ্ট পরিমাণেই। আছে। আমাদের সবারই এখন খুব গাঢ় একটা ঘুম দরকার।
আমিও সেই পরামর্শই দেব। পাঁচ মিনিট পর গেলে অসুবিধে নেই তো?
না, কোন অসুবিধে নেই।
ক্যাপটেন ডানহিলকে আমরা কথা দিয়েছি একটা চুক্তিপত্রে সই করব, তাই? তাতে লেখা থাকবে রহস্যময় অসুস্থতার ঘটনা আবার যদি ঘটে, তাকে দায়ী করা যাবে না। কাগজটা তিনি ব্রেকফাস্ট টেবিলে চেয়েছেন। যেহেতু ভোর চারটের সময় জাগবেন, ভাল হয় কাগজটায় এখুনি যদি আপনারা সই করেন।
মাথা ঝাঁকালেন তারা। কাছাকাছি টেবিলে বসে চুক্তিপত্রটা লিখে ফেলল রানা। পড়ে দেখার পর কেউ ওর লিখিত বিষয়-বস্তুর সঙ্গে দ্বিমত পোষণ করলেন। না, কিংবা ক্লান্ত বলে ভাল করে পড়ে দেখলেন না, সবাই খসখস করে সই করে দিলেন। সই করলেন কাউন্ট বট্রিউলাও, রানা সতর্ক থাকল ওর চেহারায় যাতে বিস্ময়ের কোন ভাব না ফোটে। তিনিও যে পরিচালকদের সমান স্তরে আছেন, ওর। জানা ছিল না। রানার ধারণা ছিল ভদ্রলোক যেহেতু অত্যন্ত বিখ্যাত ক্যামেরাম্যান, নিশ্চয়ই ফ্রীল্যান্স হবেন এবং সে কারণে কোন ফিল্ম কোম্পানীর বোর্ডে নির্বাচিত হবার যোগ্য নন। তবে ফন গোলডার প্রতি তার শ্রদ্ধার অভাব কেন সেটার অন্তত ব্যাখ্যা পাওয়া গেল।
এবার ঘুমাতে যাব। চেয়ারটা পিছিয়ে নিলেন বিশপ। আপনিও, ডাক্তার?
ডেথ সার্টিফিকেটগুলো পূরণ করার পর।
অপ্রীতিকর একটা দায়িত্ব। রানার হাতে একটা ফোল্ডার ধরিয়ে দিলেন বিশপ। পরে আপনাকে এটা হয়তো খানিকটা হাসির যোগান দিতে পারে।
ফোল্ডারটা নিল রানা।
বিশাল শরীর নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ফন গোলডা। অন্ত্যেষ্টিক্রিয়া, মি. রানা। লাশগুলোকে সাগরের হাতে তুলে দেয়ার ব্যাপারটা। অনুষ্ঠানটা কখন বলুন তো?
নিয়ম হলো দিনের প্রথম আলোয়, বলল রানা। শোকে চোখ দুটো বন্ধ করলেন ফন গোলডা। আপনার ওপর দিয়ে যে ধকল গেছে, মি. গোলডা, আমার পরামর্শ হলো অনুষ্ঠানটায় আপনার থাকার দরকার নেই। কাল আপনি যত বেশি সম্ভব বিশ্রাম নিন। সত্যি বলছেন, আমার বিশ্রাম নেয়া উচিত? মাথা ঝকাল রানা, ফন গোলডার চেহারা থেকে শোকের ছায়া সরে গেল। আমার হয়ে তুমি উপস্থিত থাকবে, ক্লার্ক?
অবশ্যই, বিশপ বললেন। গুড নাইট, ডাক্তার। সহযোগিতার জন্যে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ-হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, বললেন ফন গোলডা।
টলতে টলতে বেরিয়ে গেলেন সবাই। ডেথ সার্টিফিকেটের ফর্মগুলো বের করে পূরণ করতে বসল রানা। কাজটা শেষ করে সার্টিফিকেটগুলো সীল করা একটা এনভেলাপে রাখল। আরেকটা এনভেলাপে রাখল সই করা এফিডেভিট, নিজে সই করার পর। এনভেলাপে ক্যাপটেন ডানহিলের নাম লিখল ও, তারপর ব্রিজের উদ্দেশে রওনা হলো। জেমিসনকে বলবে, ভোরে ক্যাপটেন ব্রিজে এলে তাকে যেন দেয়া হয় এগুলো।
কিন্তু ব্রিজে জেমিসন নেই। তার বদলে সারা শরীর কম্বলে মুড়ে, হুইলের সামনে উঁচু একটা টুলে বসে থাকতে দেখা গেল ওয়েনকে। হুইল ধরেনি, আপনা থেকে পালা করে এদিক-ওদিক ঘুরছে ওটা। তার চোখের নিচে কালি, চেহারাটাও ম্লান, তবে এখন আর তাকে অসুস্থ লাগছে না। এত দ্রুত সুস্থ হয়ে ওঠাটা সত্যি বিস্ময়কর।
অটোমেটিক পাইলট, ব্যাখ্যা করল সে। আপনার উচিত ছিল বিছানায় থাকা, রানার গলায় অসন্তোষ।
সেখান থেকে এলাম, এখুনি আবার সেখানেই ফিরে যাব। ফাস্ট অফিসার ওয়েন পুরোপুরি সুস্থ নয়, জানে রানা। এসেছি স্রেফ পজিশন চেক করতে, এই। ফাঁকে জেমিসনকে কফি খাবার সুযোগ করে দিলাম। এ-ও ভেবেছিলাম যে আপনাকে হয়তো এখানে পাব। আপনি আপনার কেবিনে ছিলেন না।
আমি এখন এখানে। আমাকে খুঁজেছিলেন কেন?
ভিএসওপি, বলল ওয়েন। কেমন লাগছে শুনতে?
ভালই, বলল রানা। টুল থেকে নেমে কাবার্ডের দিকে এগোল ওয়েন, ক্যাপটেন ডানহিল তাঁর ব্র্যাণ্ডির বোতলগুলো ওখানেই রাখেন। শুধু এই জন্যে? আমাকে ব্র্যাণ্ডি খাওয়াবেন বলে?
না। সত্যি কথা বলতে কি, বিশেষ একটা জিনিস মেলাবার চেষ্টা করছি। কিন্তু কাজটায় আমি ভাল নই। ভাবলাম আপনি বোধহয় সাহায্য করতে পারবেন। রানার হাতে একটা গ্লাস ধরিয়ে দিল ওয়েন।
টিম হিসেবে আমরা বোধহয় ভালই করব, বলল রানা।
সামান্য হাসল ওয়েন। তিনজন মারা গেছে। চারজন আধমরা। ফুড পয়জনিং। কি পয়জন?
মরিসনকে যা বলেছে রানা ওয়েনকেও তাই বলল। কিন্তু চ্যাং ওয়েন মরিসন নয়।
বিষটার বোধহয় নিজস্ব বিচার-বুদ্ধি আছে, তাই না? জিজ্ঞেস করল ওয়েন। আমরা সবাই একই খাবার খেলাম, কিন্তু সবাই আক্রান্ত হলাম না।
বিষ সম্পর্কে আসলে সত্যি কিছু বলা কঠিন। পিকনিকে গিয়ে ছজন একই দূষিত খাবার খেলো, তিনজনকে পাঠাতে হলো হাসপাতালে, কিন্তু বাকি তিনজন কিছু টেরই পেল না।
কিন্তু মারাত্মক একটা বিষ একজনকে মেরে ফেলবে, আরেকজনকে কিছুই করবে না, এ হতে পারে না।
ব্যাপারটা আমার কাছেও খানিকটা অদ্ভুত লেগেছে। আপনার কি ধারণা? কি ভাবছেন?
বিষ আপনা থেকে মিশে যায়নি। মেশানো হয়েছে।
মেশানো হয়েছে? ইচ্ছা করে? ব্র্যাণ্ডির গ্লাসে চুমুক দিয়ে রানা ভাবল, ওয়েনের সঙ্গে কতদূর যাওয়া যায়। খুব বেশি দূর নয়, সিদ্ধান্ত নিল, অন্তত এখুনি নয়। বলল, অবশ্যই তাই, ইচ্ছে করেই কেউ করেছে কাজটা। করা খুব সহজও তো। আমাদের পয়জনারের কাছে, ধরুন, এক ব্যাগ পয়জন আছে। তার কাছে। আর আছে একটা জাদুর কাঠি। কাঠিটা নাড়ল সে, অমনি অদৃশ্য হয়ে গেল। তারপর ডাইনিং টেবিলের চারপাশে হাঁটাহাঁটি শুরু করে দিল। সবার খাবারে বিষ ঢালছে। মি. গোলডাকে দিল এক চিমটি, আমাকে দিল না, আপনাকে দিল এক চিমটি, এক চিমটি গ্যাবনকে, এরিক কার্লসন আর মিকায়েল ট্যাকারকে দিল না, দুই চিমটি দিল কেডিপাসকে, মেয়েদের কাউকে দিল না, ব্যারনকে দিল এক চিমটি, দুচিমটি করে বাক আর পিটারসনকে-এভাবে। খুবই খেয়ালি মানুষ, আমাদের এই অদৃশ্য বন্ধু।
আপনি এড়িয়ে যেতে চাইছেন, প্রতিবাদও করছেন মাত্রা ছাড়িয়ে। নিজেকে আপনি যতই হাবা প্রমাণ করার চেষ্টা করুন, আমি মানব না। আমার মত আপনার মনেও সন্দেহ আছে।
ছিল, সব বাতিল করে দিয়েছি। মোটিভ, সুযোগ, উপায়-পাওয়া অসম্ভব।
তারমানে আপনি সন্তুষ্ট?
যতটুকু সন্তুষ্ট হওয়া সম্ভব।
আই সী। এক সেকেণ্ড চিন্তা করল ওয়েন। আপনি জানেন, রেডিও অফিসে আমাদের একটা ট্রান্সমিটার আছে, উত্তর গোলার্ধের প্রায় সবখানে পৌঁছুতে পারা যায়? আমার কেন যেন মনে হচ্ছে খুব শিগগির ওটা আমাদের ব্যবহার করতে হবে।
কেন?
সাহায্য চাওয়ার জন্যে।
সাহায্য?
হ্যাঁ, সাহায্য-বিপদে পড়লে যা আপনার দরকার হয়। আমার ধারণা, এখুনি আমাদের সাহায্য দরকার।
দুঃখিত, বলল রানা। আপনার কথা আমি বুঝতে পারছি না। তাছাড়া, ব্রিটেন এখান থেকে অনেক দূরে।
ন্যাটোর আটলান্টিক ফোর্স নয়। নর্থ কেপ-এর আশপাশে কোথাও মহড়া দিচ্ছে ওরা।
আপনি দেখছি অনেক খবরই রাখেন। চীনা প্রবাদ-খবর রাখায় লাভ আছে, বিশেষ করে বিপদের সময়, বলল ওয়েন। আমার বুদ্ধির ধার হয়তো বেশি না, তবে একেবারে ছোট করেও দেখবেন না, প্লীজ।
তা আমি দেখছিও না। তবে আমাকেও ওভার এস্টিমেট করবেন না। ব্র্যাণ্ডির জন্যে ধন্যবাদ। স্টারবোর্ড স্ক্রীন ডোর-এর দিকে চলে এল রানা। ইভনিং স্টার এখনও এদিক ওদিক কাত হচ্ছে আর ঝাঁকি খাচ্ছে, তবে বাতাসে ছিন্নভিন্ন নিচের পানি এখন আর দেখতে পাবার কোন উপায় নেই, গোটা দৃশ্যটা ঢাকা পড়ে আছে তুষারে। উইং ব্রিজ ডেকে তাকাল রানা, পায়ের দাগ দেখতে পেল তুষারের ওপর। একজন লোকের পায়ের ছাপ, কিনারাগুলো এত তীক্ষ্ণ আর পরিষ্কার যে মনে হলো এইমাত্র কেউ হেঁটে গেছে। ওখান দিয়ে। তারমানে কেউ একজন ওখানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে ওর আর ওয়েনের আলাপ শুনেছে। তারপর ওর মনে পড়ল, মাত্র একজন লোকের ছাপ, ছাপটা ও নিজে তৈরি করেছে। দাগগুলো এখনও নতুনের মত লাগার কারণ হলো, তুষার ঝড় বইছে আড়াআড়িভাবে। ভাবল, ওর আসলে ঘুম দরকার। ঘুমের অভাবেই আজেবাজে কল্পনা আসছে মাথায়। তারপর অনুভব করল, ওর পিছনে এসে দাঁড়িয়েছে ওয়েন।
আপনি কি আমার সঙ্গে মন খুলে কথা বলতে পারেন না, মি. রানা? জিজ্ঞেস করল সে।
অবশ্যই। নাকি আমাকেই আপনি অদৃশ্যমানব বলে সন্দেহ করছেন, একে এক চিমটি ওকে দুচিমটি দিয়ে বেড়াচ্ছি?
না। তা ভাবছি না। তবে এ-ও বুঝতে পারছি যে আপনি আমার সঙ্গে মন খুলে কথা বলবেন না। ওয়েনের গলা থমথম করছে। এমন হতে পারে আজ কথা না বলায় একদিন হয়তো আফসোস হবে আপনার।
<