ঘুম ভাঙল রানার, তারপরও ওর বাম হাতটা জাগল না, সম্পূর্ণ অবশ আর প্রায় অকেজো হয়ে থাকল। ডান হাত দিয়ে ধরতে হলো কব্জিটা, হাতঘড়ির আলোকিত ডায়াল দেখার জন্য। চারটে বেজে পনেরো মিনিট।

দশ সেকেণ্ড পর প্রশ্ন জাগল মনে, ঘড়ি দেখার কথা মনে হলো কেন ওর? কারণ, সেলুনের ভেতরটা এই মুহূর্তে অন্ধকার। কিন্তু সেলুন অন্ধকার কেন? ঘুমোবার আগে দেখেছে সবগুলো আলো জ্বলছিল। পরবর্তী প্রশ্ন, ওর ঘুম ভাঙল কেন? গায়ে ধাক্কা লেগেছে, নাকি কানে কোন শব্দ ঢুকেছে? যে কারণেই ঘুম ভেঙে থাকুক, রানার ঘাড়ের পিছনে লোমগুলো দাঁড়িয়ে গিয়ে জানিয়ে দিল সেলুনে একা নয় ও।

আলতোভাবে এলিনার কব্জি ধরে হাতটা সরিয়ে দিল রানা। অবচেতন মনকে বলা আছে, মৃদু বাধা দিল এলিনা। বাধা অগ্রাহ্য করে নিজেকে মুক্ত করল ও, নেমে পড়ল সেটী থেকে, সাবধানে পা ফেলে সেলুনের মাঝামাঝি জায়গায় সরে এল।

টেবিলের কিনারা ধরে স্থির দাঁড়িয়ে আছে ও। অনুভব করতে পারছে, আবহাওয়ার অবস্থা খানিকটা ভাল হয়েছে। ওর মনে পড়ল, লী সাইডের দরজার পাশে আলোর সুইচ, ডুপ্লিকেট আরেক সেট সুইচ আছে স্টুয়ার্ডস প্যানট্রিতে। আন্দাজের ওপর ভর করে দরজার দিকে এক পা এগোল রানা, তারপর আবার স্থির হয়ে গেল। কামরার ভেতর যে-ই থাক, সে কি জানে ওর ঘুম ভেঙেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মেঝেতে? ওর চোখ সদ্য খোলা, আগন্তুকের চোখ তা নয়, ফলে অন্ধকারে ওর চেয়ে বেশি দেখতে পাচ্ছে সে। সে কি ধরে নেবে ওর প্রথম। কাজ সুইচের দিকে এগোনো? এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে? তার সঙ্গে কি কোন অস্ত্র আছে? ওর নিজের কাছে আছে মাত্র একটা হাত, অপর হাতটা এখনও প্রায় অবশ, ঝিন ঝিন করছে।

ধাতব শব্দ হলো, দরজার হাতল ঘোরানোর আওয়াজ। হিম বাতাস স্পর্শ করল রানাকে। লী ডোর দিয়ে বেরিয়ে যাচ্ছে আগন্তুক। দ্রুত পা ফেলে দরজার কাছে পৌঁছে গেল রানা, দরজা পেরিয়ে বেরিয়ে এল ডেকে ঝট করে ডান হাতটা উঠে এল চোখের সামনে, অনুরক্ষার ভঙ্গিতে, কারণ অকস্মাৎ চোখ ধাঁধানো উজ্জ্বল আলো আঘাত করেছে ওর মুখে। হাত তোলার পর রানা বুঝল, ওর উচিত ছিল বাম হাতটা তোলা। ডান হাতটা রিজার্ভ রাখা উচিত ছিল আঘাত ঠেকানোর জন্যে। আঘাতটা লাগল ওর ঘাড়ের এক পাশে। ভোতা ও ভারি কিছু দিয়ে মারা হয়েছে। দরজার বাইরের কিনারা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকার ব্যর্থ চেষ্টা করল। ও। জ্ঞান হারায়নি, ধীরে ধীরে পড়ে গেল ডেকের ওপর। পা দুটো আসলে কিছুক্ষণের জন্যে অবশ হয়ে গিয়েছিল, একটু পরই আবার সিধে হয়ে দাঁড়াতে পারল ও।

ডেকে রানা একা। আততায়ী এখন কোথায়, কোন দিকে গেছে, কিছুই। বলতে পারবে না। টলতে টলতে সেলুনে ফিরে এল ও, দেয়াল হাতড়ে আলো জ্বালল, বন্ধ করল লী সাইডের দরজাটা। কনুইয়ের ওপর ভর দিয়ে সেটীতে শুয়ে রয়েছে এলিনা, একটা হাতের উল্টোপিঠ দিয়ে চোখ রগড়াচ্ছে, যেন গভীর ঘুম থেকে এইমাত্র জাগল। চোখ ফিরিয়ে নিল রানা, এলোমেলো পা ফেলে ক্যাপটেন ডানহিলের টেবিলের দিকে এগোল, ধপাস করে বসে পড়ল তাঁর। চেয়ারটায়।

বোতলটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল রানা। তারপর গ্লাসটার খোঁজে চোখ ফেরাল, যেটা থেকে পান করেছিল আর্চার। গ্লাসটা কোথাও দেখা যাচ্ছে না। ডেকে পড়ে যেতে পারে, গড়িয়ে চলে যেতে পারে যে-কোন দিকে। টেবিল র‍্যাক থেকে অন্য একটা গ্লাস তুলে নিল রানা, খানিকটা হুইস্কি ঢালল সেটায়, চুমুক দিয়ে খেয়ে ফেলল, তারপর ফিরে এল নিজের সীটে। ঘাড়টা অসম্ভব ব্যথা করছে। মাথাটা জোরে একবার ঝাঁকালে ধড় থেকে খসে পড়বে বলে মনে হলো।

নাক দিয়ে শ্বাস নেবেন না, বলল রানা। তাহলেই হুইস্কির বাজে গন্ধটা আর পাবেন না। এলিনাকে ধরে বসিয়ে দিল ও, নিজে বসল তার পাশে, গায়ে কম্বল জড়াল, তারপর এলিনার কাঁধে একটা হাত রাখল। এবার হয়েছে।

কি ব্যাপার? কি ঘটেছে? নিচু গলা এলিনার, একটু বোধহয় কাঁপা কাঁপা।

কিছু না, দরজা। বাতাসে খুলে গিয়েছিল। বন্ধ করতে হলো।

কিন্তু আলো নেভানো ছিল কেন?

আমিই নিভিয়ে রেখেছিলাম, আপনি ঘুমোবার পর।

কম্বল থেকে একটা হাত বের করে রানার ঘাড়ের পাশটা স্পর্শ করল। এলিনা। জায়গাটা লাল হয়ে উঠেছে, ফিসফিস করে বলল সে। বেশ বড় একটা ক্ষত হতে যাচ্ছে, যদিও গভীর নয়। তবে রক্ত বেরুচ্ছে। পকেট থেকে রুমাল বের করে ঘাড়ের পাশটা চেপে ধরল রানা। কি করে ঘটল বলবেন?

কি বলব, অসতর্কতা। তুষারে পা পিছলে গেল, ঘাড়টা ঘষা খেল দরজার স্ট্রম-সিল-এ। বেশ ব্যথা করছে।

আর কিছু বলল না এলিনা। ধীরে তার অপর হাতটাও মুক্ত করল, রানার জ্যাকেটের কলার চেপে ধরল দুই হাতে, পূর্ণদৃষ্টিতে কিছুক্ষণ ওর চোখে তাকিয়ে থাকার পর কপাল ঠেকাল ওর কাঁধে। এবার রানার কলার ভেজার পালা। বিনিময়ে এলিনার এলোমেলো হলুদ চুলে হাত বুলাল ও।

কিছুক্ষণ পর হঠাৎ সিধে হলো এলিনা, ঠেলে সরিয়ে দিল রানাকে, মুঠো পাকানো হাত দিয়ে হালকা ঘুসি মারল ওর কাঁধে। ওরকম করবেন না, বলল সে। প্লীজ।

ঠিক আছে, করব না। দুঃখিত।

না, না, প্লীজ। দুঃখিত আমি। জানি না কি কারণে আমি…সত্যি জানি …। এলিনার গলা থেকে আওয়াজ বেরুনো বন্ধ হলো, তবে ঠোঁট জোড়া নড়ছে, পানি ভরা চোখে তাকিয়ে থাকল ওর দিকে, চেহারায় অসহায় ভাবটুকু এবার স্পষ্ট হয়ে উঠল। কিছুক্ষণ ফোঁস ফোঁস করে নাক টানল মেয়েটা, তারপর হঠাৎ দুহাত দিয়ে রানার গলাটা জড়িয়ে ধরল, এত জোরে যে দম বন্ধ হয়ে এল ওর। নিঃশব্দে কাঁদছে সে, মাঝে মধ্যে কেঁপে উঠছে শরীর। নিজেকে এরকম অসহায় প্রমাণ করে কি পেতে চাইছে মেয়েটা? কার জন্যে কাঁদছে সে? নিশ্চয়ই ওর জন্যে নয়, জানা কথা। পরস্পরকে ওরা ভাল করে চেনেই তো না। অবশ্য অনেক রোগী ডাক্তারদের কাধকে কান্নার উপযুক্ত স্থান বলে জ্ঞান করে। কিন্তু এলিনা মানুষ হয়েছে কঠিন একটা পরিবেশে, কিভাবে নিজেকে শক্ত রাখতে হয় জানা আছে তার। তাহলে সে কাঁদছে কেন? কার জন্যে কাঁদছে?

এলিনা কাঁদছে আর রানা ক্যাপটেন ডানহিলের টেবিলের পাশে রাখা বোতলটার দিকে তাকাচ্ছে ঘন ঘন। রানার অনুরোধে আর্চার যখন ওটা থেকে হুইস্কি খেলো, খাবার পর বোতলে হুইস্কি ছিল চার ভাগের এক ভাগ। কিন্তু এই মুহূর্তে সেটা অর্ধেক ভর্তি দেখা যাচ্ছে। নীরব ও বিপজ্জনক আগন্তুক শুধু আলোই। নেভায়নি, বোতলটাও বদলে দিয়ে গেছে। সেই সঙ্গে আর্চারের ব্যবহার করা। গ্লাসটা সঙ্গে করে নিয়ে যেতে ভোলেনি।

কি যেন বলল এলিনা, এত নিচু গলায় যে শুনতে পেল না রানা। জিজ্ঞেস করল, কি?

মুখটা একটু তুলল এলিনা, যাতে কথা বলতে সুবিধে হয়, তবে তারপরও তার মুখ দেখতে পেল না রানা। আমি দুঃখিত। দুঃখিত বোকার মত আচরণ করছি বলে। আপনি আমাকে ক্ষমা করবেন তো?

এলিনার কাঁধে মৃদু চাপ দিল রানা, প্রায় অন্যমনস্কভাবে, ওর মন ও চোখ এখনও বোতলটার ওপর। তবে কাঁধে মৃদু চাপটুকুই যথেষ্ট সাড়া দেয়া হয়েছে। বলে মনে করল মেয়েটা।

সে বলল, আপনি কি আবার ঘুমাবেন? বোকার মত কথা বলা এখনও তার বন্ধ হয়নি। কিংবা সে হয়তো বোকা নয়ই।

না, এলিনা ডিয়ার, আজ আর আমি ঘুমাব না।

বেশ, তাহলে ঠিক আছে।

আসলে উল্টোটা, ভাবল রানা। কিছুই ঠিক নেই। শারীরিক অর্থে এর চেয়ে কাছাকাছি হওয়া ওদের দুজনের পক্ষে সম্ভব নয়, কিন্তু মানসিক অর্থে এলিনার সঙ্গে এখন নেই রানা। ও রয়েছে ল্যারি আর্চারের সঙ্গে। ও ভেবেছিল, সে ওকে খুন করতে এসেছে। রানা তাকে প্রায় জোর করে হুইস্কি খাইয়েছে। যে হুইস্কিটুকু খাওয়াতে চাওয়া হয়েছিল ওকে।

রানা জানে, ল্যারি আর্চারকে আর কোনদিন দেখতে পাবে না ও। অন্তত জীবিত অবস্থায় নয়।

.

সাড়ে দশটার আগে দিনের আলো পাওয়া গেল না, কাজেই এগারোটার দিকে। সাগরের কোলে তুলে দেয়া হলো লাশগুলোকে। বাতাসের গতি আগের চেয়ে সামান্য কমলেও, ঝড় থামেনি। তুষারও চারদিক প্রায় ঢেকে রেখেছে। বাইবেল থেকে পাঠ করলেন স্বয়ং ক্যাপটেন ডানহিল। তিনটে লাশ ভাসাবার সময় তিনবার ইউনিয়ন ফ্ল্যাগ তোলা হলো। সাগর লাশ গ্রহণ করার সময় পানির ছলকে ওঠার আওয়াজ পেল ওরা, তবে ছলকে ওঠাটা দেখতে পেল না। কাজটা শেষ হতেই নিরাপদ উষ্ণ আশ্রয়ে ফিরে এল সবাই, শুধু রানা বাদে।

সবাইকে নিয়ে তাড়াহুড়ো করে ফিরে গেছেন ক্যাপটেন, তাড়াহুড়ো করার। কারণ হলো মৎস্যশিকারীদের নিয়ম নাকি কাউকে কবর দেয়ার পরপরই মদ্য পান করতে হয়। রানা যায়নি, কারণ ভিড়ের মধ্যে দেখতে পাওয়া কঠিন কে কার গ্লাসে কি ভরছে। কাল রাতে দুই কি আড়াই ঘণ্টা ঘুমিয়েছে ও, মনে হচ্ছে মাথার ভেতর জট পাকিয়ে গেছে সমস্ত চিন্তা-ভাবনা। হিম ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলে হয়তো জট কিছুটা খুলবে।

ল্যারি আর্চার মারা গেছে। যদিও অনেক খুঁজেও তার লাশ পায়নি রানা। কাউকে কিছু বুঝতে না দিয়ে একা একা ইভনিং স্টারের সম্ভব অসম্ভব সব। জায়গায় খুঁজেছে। কোথাও নেই, ভোজবাজির মত অদৃশ্য হয়ে গেছে লোকটা। আর্চার, রানা জানে, শুয়ে আছে ব্যারেন্ট সাগরে। কিভাবে সাগরে পড়ল ওর জানা নেই, তবে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়। কেউ হয়তো কিনারা থেকে পড়ে যেতে সাহায্য করেছে তাকে, কিংবা এমনও হতে পারে কারও সাহায্য পাবার তার দরকার ছিল না। রাতে অকস্মাৎ সেলুন ছেড়ে তার চলে যাবার কারণ, তার স্কচে রানার স্কুচে-বিষটা খুব দ্রুত সক্রিয় হয়ে ওঠে। ঝট করে সেলুন থেকে বেরিয়ে আসে বমি করার জন্যে, আর বমি করার জন্যে মানুষ সব সময় জাহাজের কিনারা লক্ষ্য করেই ছোটে। বরফ বা তুষারে একবার পা পিছলালেই হলো। জাহাজ যেভাবে প্রতি মুহূর্ত ঝাঁকি খাচ্ছিল, পা না পিছলানোটাই অস্বাভাবিক। কিনারার কাছে পৌঁছুবার পর নিঃসন্দেহে আরও অসুস্থ হয়ে পড়েছিল বেচারা।

রানা জানে, আর্চারের অনুপস্থিতি এখন পর্যন্ত কেউ লক্ষ করেনি, ও আর খুনী ছাড়া। এমন কি, হয়তো খুনীও কিছু জানে না। ওকে জীবিত দেখে খুনী বোধহয় হতভম্ব বোধ করছে। সে হয়তো জানেই না যে সেলুনে ঢুকেছিল আর্চার, বোতলটা থেকে রানার বদলে সে-ই খেয়েছিল স্কচ। আর সবাই ইতিমধ্যে ব্রেকফাস্ট সেরে গেছে, কিন্তু সেলুনে আর্চারকে দেখা না গেলেও কেউ তার খোঁজ করেনি। তার কেবিন-মেট মরগান এখনও সী-সিকনেসে ভুগছে, সম্ভবত অসুস্থ বলেই আর্চারের কথা মনে পড়ছে না তার।

ক্যাপটেন ডানহিলের সঙ্গে করা চুক্তিটার কথা মনে পড়ল রানার। চুক্তিতে অবশ্য বলা হয়নি কেউ নিখোঁজ হলে কি করা হবে। তা না বলা হলেও, আর্চারকে পাওয়া যাচ্ছে না শুনলে নির্ঘাত তিনি হ্যামারফেস্টে ফিরে যাবার সিদ্ধান্ত নেবেন।

আজ সকালে নিজের কেবিনে ঢোকার সময় খালি ম্যাচ বক্সটা ডেকে পড়ে থাকতে দেখেছে রানা। শুধু তাই নয়, ওর সুটকেস দুটোও খোলা হয়েছিল চুলগুলো জায়গামত পায়নি ও। চমকে ওঠার মত কোন ব্যাপার নয় অবশ্য। জাহাজের একজন অন্তত জানে যে অ্যাকোনাইট সম্পর্কে একটা আর্টিকেল পড়েছে। ও, অর্থাৎ পয়জনিং-এর ঘটনাগুলোকে অ্যাক্সিডেন্ট বলে বিশ্বাস করছে না ও। কাজেই ডাক্তারের লাগেজ পরীক্ষা করাটা স্বাভাবিক।

তারমানে এখন থেকে মাথার পিছন দিকেও এক জোড়া চোখ রাখতে হবে ওকে।

পিছনে শব্দ হলো। অলস ভঙ্গিতে ঘুরে দাঁড়াল রানা। অন্য কেউ নয়, ডগলাস হিউম। লী সাইডে ডেক কার্গো থাকায় সামান্য যে আড়াল রয়েছে, সেখানে এসে দাঁড়াল। কি ব্যাপার? সকালে হাঁটাহাঁটি না করলে কোষ্ঠকাঠিন্যের অভিশাপ থেকে মুক্ত হওয়া যায় না? নাকি ক্যাপটেন ডানহিলের স্কচ আপনার পছন্দ নয়?

দুটোই ভুল অনুমান। হাসল হিউম। আসল কারণ কৌতূহল। রানার পাশে তারপুলিন ঢাকা ডেক কার্গোর ফোলা অংশটায় টোকা মারল সে। দশ ফুটের মত উঁচু হবে জিনিসটা, সেমি-সিলিণ্ডিক্যাল, গোড়াটা চ্যাপ্টা, অন্তত এক ডজন ইস্পাতের তার দিয়ে পজিশনে বেঁধে রাখা হয়েছে। এটা কি, আপনি জানেন?

এটা কি বুদ্ধিমানের মত কোন প্রশ্ন হলো?

হলো।

প্রিফ্যাব্রিকেটেড হাট। অন্তত উইকে থাকতে আমাদেরকে তাই জানানো। হয়েছে। মোট ছটা, এমনভাবে ডিজাইন করা হয়েছে একটার ভেতর আরেকটা ঢুকিয়ে রাখা যায়-সহজে যাতে পরিবহন করা সম্ভব হয়।

ঠিক বলেছেন। বণ্ডেড প্লই, ইনসুলেশন, অ্যাসবেসটস আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ডেক কার্গোর আরও একটা আইটেমের দিকে হাত তুলল হিউম, ওরা যেটার আড়ালে দাঁড়িয়ে রয়েছে সেটার ঠিক পিছনে। জিনিসটার আকুতি একটু অদ্ভুতই বলা যায়-প্রায় গোল, ছফুটের মত উঁচু। আর ওটা?

আরও একটা চালাকি?

জী।

আর এবারও আমার জবাব ভুল হবে?

উইকে কি বলা হয়েছে তা যদি বিশ্বাস করেন, হবে। ওগুলো কুঁড়েঘর নয়, কারণ কুঁড়েঘর আমাদের দরকার নেই। আমরা যাচ্ছি সোর-হামনা নামে একটা জায়গায়। সোর-হামনা মানে সাউথ হেভেন। ওখানে আগে থেকেই ঘর আছে, রীতিমত ব্যবহারযোগ্য। সত্তর বছর আগে লার্নার নামে এক লোক ওখানে পৌঁছেছিল কয়লার খোঁজে। প্রসঙ্গক্রমে, পেয়েওছিল কয়লা। পাগলই বলা যায়, সৈকতের পাথরগুলো রঙ করে সে, ব্যক্তিগত সম্পত্তি বোঝাবার জন্যে। তারপর শুধু ঘর নয়, রাস্তাও তৈরি করে সে, হেডল্যাণ্ডের ওপর দিয়ে কাছাকাছি সৈকত পর্যন্ত। তার গল্প এখানেই শেষ। পরে একটা জার্মান ফিশিং কোম্পানী ঘাঁটি গেড়েছিল ওখানে, তারাও ঘর তৈরি করে। আরও আছে। বেশিদিন আগের কথা নয়, নরওয়ের একদল বিজ্ঞানী ওখানে নয় মাস ছিল, তারাও ঘর বানায়। সাউথ হেভেনে আর যা কিছুর অভাব থাকুক, থাকার জায়গার কোন অভাব নেই।

আপনি দেখছি অনেক কিছু জানেন।

মাত্র আধ ঘণ্টা আগে পড়া জিনিস ভুলি কি করে? মি. বিশপ আজ সকালে সবাইকে একটা করে বুকলেট বিলি করেছেন। আপনি পাননি?

পেয়েছি। তবে বুকলেটের সঙ্গে একটা অভিধান দিতে ভুলে গেছেন ভদ্রলোক।

তা যা বলেছেন, ভাষাটা ইংরেজদের বোঝার জন্যেও কঠিন হয়ে গেছে। পাশের তারপুলিনে টোকা দিল হিউম। এটা আসলে একটা সাবমেরিনের। মাঝখানের অংশ-স্রেফ একটা শেল, ভেতরে কিছু নেই। জিনিসটা ইস্পাতের তৈরি, দশ টন ওজন, চারটন কাস্ট-আয়রনের ব্লাস্ট সহ। দ্বিতীয় অংশটা হলো কনিং-টাওয়ার, পানিতে নামানোর পর এটার সঙ্গে জোড়া লাগানো হবে।

আচ্ছা! আর আফটার ডেকে ফুয়েলের ড্রামগুলো আসলে অ্যান্টি-ট্যাঙ্ক আর অ্যান্টি-এয়ারক্রাফট গান?

আপনি জানেন, স্ক্রীনপ্লের কপি মাত্র একটা, আর সেটা ব্যাংক অভ ইংল্যাণ্ড বা ওই রকম কোথাও তালা দিয়ে রাখা হয়েছে?

ওই জায়গায় এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বলল রানা।

দ্বীপটায় কাজ করার জন্যে ওদের সঙ্গে এমনকি একটা শূটিং স্ক্রীপ্টও নেই। আছে শুধু পরস্পরের সঙ্গে সম্পর্কহীন কিছু ঘটনার বিবরণ, যার কোন অর্থ খুঁজে পাবেন না। মানলাম, ওগুলো ওদের খেয়াল-খুশি মত জোড়া লাগালে বোধগম্য কিছু একটা দাঁড়ালেও দাঁড়াতে পারে। কিন্তু আসল জিনিস সঙ্গে করে আনা হয়নি। ভেবে দেখুন কেমন বিদঘুঁটে।

গোপনীয়তা রক্ষা করার সঙ্গত কারণ হয়তো আছে, বলল রানা। অনুভব করছে, ওর পা দুটো নিরেট বরফ হয়ে যাচ্ছে। তাছাড়া এমন অনেক প্রডিউসার আছেন না, পরিচালককে নিজের মর্জি মাফিক কাজ করার অনুমতি দেন, পরিচালকের মুডের ওপর নির্ভর করেন?

রবার্ট হ্যামারহেড সেরকম নন, জীবনে কখনও তিনি মুডের ওপর নির্ভর করে কোন দৃশ্য চিত্রায়িত করেননি। হিউমের চুল তুষারে সাদা হয়ে গেছে। আর মি. গোলডার কথা যদি বলেন, অত্যন্ত গুছানো স্বভাবের লোক তিনি দেশলাইয়ের প্রতিটি কাঠি আর প্রতিটি পেনি হিসাব করে তবে কাজে নামেন। বিশেষ করে শেষ পেনিটা।

হ্যাঁ, সাবধানী মানুষ হিসেবে খ্যাতি আছে তাঁর।

সাবধানী! শিউরে উঠল হিউম। গোটা সেট-আপটা আপনার কাজে স্রেফ পাগলামি বলে মনে হচ্ছে না?

সে-কথা যদি বলেন, গোটা চলচ্চিত্র জগই তো একটা পাগলাগারদ। তবে একজন লেম্যান হিসেবে আমি ঠিক জানি না চলতি পাগলামিটা প্রচলিত পাগলামির সঙ্গে মিলছে কিনা। আপনার সঙ্গী অভিনেতা-অভিনেত্রীরা কে কি ভাবছেন?

কিসের ভাবাভাবি! গম্ভীর সুরে বলল হিউম। মোনাকা তো তার কুকুর দুটোকে নিয়েই ব্যস্ত। এলিনা তার কেবিনে বসে চিঠি লিখছে-সে অন্তত তাই ভান করছে। আমার ধারণা চিঠি নয়, উইল রচনা করছে। আর ব্রাড ফার্গুসন ও হ্যানস ব্ৰাখটম্যানের কথা আর কি বলব, কখনোই ওরা কোন কিছু সম্পর্কে মন্তব্য করে না। এক জোড়া আজব চরিত্র।

মানে, অভিনেতা হিসেবে?

জোর করে হাসল হিউম। ফিল্ম জগৎ সম্পর্কে খুব কম জানে তারা। মানে ব্রিটিশ ফিল্ম জগৎ সম্পর্কে। ব্রাখটম্যান অভিনয় করেছে শুধু ক্যালিফোর্নিয়ায়, আর ফার্গুসন শুধু জার্মানীতে। আজব চরিত্র বলছি এই জন্যে যে এমন কোন বিষয় নেই যা নিয়ে কথা বলা যায় ওদের সঙ্গে। বিষয় মেলে না।

কিন্তু আপনি নিশ্চয়ই ওদের সম্পর্কে জানেন?

এমনকি তা-ও না, তবে সেটা অস্বাভাবিক নয়। অভিনয় আমি পছন্দ করি, তবে চলচ্চিত্র জগৎ আমার একঘেয়ে লাগে, কাজেই সামাজিক অর্থে এই জগতের কারও সঙ্গে আমি মেলামেশা করি না। এদিক থেকে আমাকেও আপনি আজব চরিত্র বলতে পারেন। তবে মি. গোলডা ওদের দুজনের পক্ষে সুপারিশ করেছেন। সত্যি কথা বলতে কি, উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অভিনয়ের সময় ওরা সম্ভবত আমাকে স্নান করে দেবে। আবার একবার শিউরে মত উঠল। সে। ডগলাস হিউমের কৌতূহল নিবৃত্ত হলো না, তবে ডগলাস হিউম আর ধকল সহ্য করতে রাজি নয়। একজন ডাক্তার হিসেবে আপনি আমাকে খানিকটা স্কচ প্রেসক্রাইব করবেন না? বিশেষ করে ক্যাপটেন ডানহিল যখন উদারহস্তে দান। করছেন?

সেলুনে অন্তত বিশজন লোক রয়েছে, জাহাজের ক্রু ও প্যাসেঞ্জার মিলিয়ে, সবার হাতে একটা করে পানপাত্র। ফন গোলডা গায়ে বহুরঙা একটা কম্বল জড়িয়ে আরাম করে বসে আছেন। সবার সঙ্গে মোকাকে দেখে একটু অবাকই হলো রানা। মোনাকা রয়েছে তার তথাকথিত স্বামী মিখায়েল ট্যাকারের সঙ্গে। আরও রয়েছে পামেলা ও হুপার, পরস্পরের হাত মুহূর্তের জন্যেও তারা ছাড়ছে না। এলিনাকে অনুপস্থিত দেখে রানা অবাক হলো না। অনুপস্থিত রয়েছে মরগান ও এরিক কার্লসন। দুজন অভিনেতা, যাদের সঙ্গে হিউমের বিষয় মেলে না, ব্রখটম্যান আর ফার্গুসন এককোণে একসঙ্গে বসে আছে। এই প্রথম সত্যিকার আগ্রহের সঙ্গে তাদের দিকে তাকাল রানা। দেখে তাদেরকে অভিনেতা বলেই মনে হয়, কোন সন্দেহ নেই। ব্রাখটম্যান লম্বা, ফর্সা, সুদর্শন, বয়েস খুব বেশি নয়। তার চেহারায় চঞ্চল, সজীব একটা ভাব আছে। তার চেয়ে অন্তত পনেরো বছরের সিনিয়র হবে ব্রাড ফার্গুসন-শক্ত-সমর্থ কাঠামো, চওড়া কাঁধ, কোঁকড়ানো কালো চুল, সবেমাত্র সাদা হতে শুরু করেছে। তার চেহারায় সারাক্ষণ হাসি হাসি ভাব লেগে রয়েছে, অথচ রানার জানা মতে মার্ভেলাস প্রোডাকশনের ছবিটায় তার ভূমিকা ভিলেনের। শক্ত-সমর্থ কাঠামো ছাড়া তাকে। ভিলেন ভাবা কষ্টকর।

সেলুনের ভেতর কেউ শব্দ করছে না, একা শুধু ক্যাপটেন কথা বলছেন। ওদেরকে ঢুকতে দেখে নিঃশব্দে হুইস্কি অফার করলেন তিনি, সবিনয়ে প্রত্যাখ্যান। করল রানা। তারপর আবার শুরু করলেন ক্যাপটেন।

আমরা দুঃখিত, কারণ তারা চলে গেলেন। আমরা আরও বেশি মর্মাহত, কারণ তারা তিনজন ছিলেন ব্রিটেনের সন্তান। না, আমরা কেডিপাসের কথাও ভুলতে পারি না। তবে এ-ও ঠিক যে মৃত্যুর এই ছোবল সবার কপালেই আছে, আগে হোক বা পরে। আরও একটা কথা, বেয়ার আইল্যাণ্ডে মৃত্যুবরণ করা সবার। ভাগ্যে থাকে না।

ভাবছি বেয়ার আইল্যাণ্ড সম্পর্কে আপনাদের কার কি ধারণা। বিশেষ কোন ধারণা থাকার কথা নয়। কেন থাকবে? ওটা তো স্রেফ একটা দ্বীপ। বেয়ার আইল্যাণ্ড, শুধু তো একটা নাম। কিন্তু না, আমার আর মি. জেংকিনসের কাছে, আমাদের মত আরও অনেকের কাছে বেয়ার আইল্যাণ্ড শুধু একটা দ্বীপ না, শুধু একটা নাম না। বেয়ার আইল্যাণ্ড আসলে একটা টার্নিং পয়েন্ট। একটা রেখা, যা আমাদের জীবনকে ভাগ করে দিয়েছে। বেয়ার আইল্যাণ্ড এমন এক দ্বীপ যেখানে। একটা কিশোর রাতারাতি পরিণত হয়ে ওঠে, যেখানে মধ্যবয়স্ক লোক হঠাৎ আমার মত বদ্ধ হয়ে ওঠে।

আমরা নাম দিয়েছিলাম-দাগেট। ব্যারেন্ট সাগর আর হোয়াইট সাগরের প্রবেশপথ। যুদ্ধের সময় রাশিয়ার বিভিন্ন জায়গায় ওই প্রবেশপথ দিয়ে কনভয় নিয়ে গিয়েছিলাম আমরা, সে আজ কত বছর আগের কথা। আপনি যদি গেট দিয়ে ভেতরে ঢোকার পর আবার প্রাণ নিয়ে ফিরে আসতে পারেন, আপনাকে অত্যন্ত ভাগ্যবান বলতে হবে। এরকম যদি ছবার করতে পারেন, মনে করতে হবে সারা জীবনের সমস্ত ভাগ্য আপনার ব্যবহার করা হয়ে গেছে। ওই গেট দিয়ে কবার গেছি আমরা, মি. জেংকিনস?

বাইশ বার, বললেন জেংকিনস।

বাইশ বার। গল্পটা এজন্যে বলছি না যে ওখানে আমি ছিলাম। বলছি এজন্যে যে মারমানস্ক অভিমুখে ওই কনভয়ে যারা ছিল, দ্বিতীয় মহাযুদ্ধে তারাই সবচেয়ে বেশি ভুগেছে। এই গেটেরই কাহিনী সেটা, যেখানে রাতদিন চব্বিশ ঘণ্টা ওত পেতে থাকত শত্রুরা, যেখানে আমাদের ওপর আক্রমণ চালানো হয়। অত্যন্ত কাজের জাহাজ ছিল সেগুলো, আর মানুষগুলো ছিল সুন্দর। শুধু ব্রিটেনের সন্তানরা নয়, জার্মানীর সন্তানেরাও। ওদিকের পানিতে যত সুন্দর মানুষ শুয়ে আছে তত আর পৃথিবীর কোথাও নেই। ওখানকার পানি এখন পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে মুছে গেছে সমস্ত রক্ত। তবে আমাদের মন থেকে নয়। পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে, তারপরও বেয়ার আইল্যাণ্ড নামটা শুনলেই আমার শরীরের রক্ত ঠাণ্ডা হয়ে যায়। বড় করে শ্বাস টানলেন ক্যাপটেন ডানহিল। বুড়োরা বেশি কথা বলেন, কাজেই আপনারা এখন জানেন একজন বুড়োর হাতে পড়লে কি যাতনায় ভুগতে হয়। আমি আসলে শুধু বলতে চেয়েছিলাম, আমাদের শিপমেটরা সৎ সংসর্গেই থাকবেন। হাতের গ্লাসটা উঁচু করলেন তিনি। বন ভয়েজ।

বন ভয়েজ, ভাবল রানা, তবে এটাই শেষ শুভেচ্ছা নয়। শেষ শুভেচ্ছা যে নয়, অন্তরের গভীরে উপলব্ধি করছে ও। ওর ধারণা, ক্যাপটেন ডানহিলও তা উপলব্ধি করতে পারছেন।

ও যে ভয় পাচ্ছে, সেই একই ভয় কি আরও অনেকে পাচ্ছে? পৃথিবীর নির্জনতম ও দুর্গমতম প্রান্তে ভয়ঙ্কর একটা বিপদ ঝুলে রয়েছে মাথার ওপর, মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় কি তা টের পাবে না?

বলা কঠিন। ক্যাপটেন ডানহিল তাঁর চীফ এঞ্জিনিয়ারকে নিয়ে এক কোণে চলে গেছেন, নিঃশব্দে তাকিয়ে আছেন যে যার গ্লাসে, যদিও কিছু দেখতে পাচ্ছেন বলে মনে হলো না রানার। রবার্ট হ্যামারহেডের চোয়ালের হাড় আরও যেন উঁচু হয়ে উঠেছে, তবে গত সন্ধের চেয়ে এখন অনেক সুস্থ লাগছে ভদ্রলোককে, বসে আছেন একা, হাতে ধরা খালি গ্লাসে আঙুল বুলাচ্ছেন অনবরত–এটা তার নার্ভাসনেসের লক্ষণ বলে মনে হলো রানার। তবে কি ভাবছেন বলা মুশকিল।

 টেবিলের মাথায় ফন গোলডার সঙ্গে বসে আছেন ক্লার্ক বিশপ, তাঁরা দুজনও চুপচাপ। রানা ভাবল, ওঁদের দুজনের সম্পর্কটা আসলে কি? পরস্পরের প্রতি যথেষ্ট আন্তরিক বলে মনে হয়, বিশেষ করে ব্যবসা প্রসঙ্গে আলোচনা করার সময় পরস্পরকে সমর্থন করেন বিনা দ্বিধায়। রানার মনে পড়ল, সম্প্রতি মার্ভেলাস প্রোডাকশনের ভাইস-প্রেসিডেন্ট করা হয়েছে ক্লার্ক বিশপকে। তাঁরা এই মুহূর্তে কথা বলছেন না দেখে ধারণা করা যায়, রানা আর ক্যাপটেনের মত তারাও বিশেষ। একটা ভীতিকর সমস্যা নিয়ে চিন্তা-ভাবনা করছেন।

কথা বলছে না তিন দেবতাও, তবে কথা তারা প্রায় বলেই না। মিখায়েল ট্যাকার তার তথাকথিত স্ত্রীর মনোরঞ্জনে ব্যস্ত, তবে মাঝে মধ্যে নিচু গলায় পাশে। বসা কাউন্টের সঙ্গে কথা বলছে। ব্যারন অর্থাৎ মুনফেস তার রূম-মেট এডির সঙ্গে বাক্য বিনিময় করছে না, এমনিতেও পরস্পরের সঙ্গে কথা প্রায় বলেই না তারা। এক সময় সচেতন হয়ে উঠল রানা, ওর কনুইয়ের কাছে জক মুরের উপস্থিতি সম্পর্কে। ক্যাপটেন ডানহিলের বক্তৃতা ভদ্রলোককে বিচলিত করতে পেরেছে কিনা বোঝা যাচ্ছে না। গ্লাস ভর্তি হুইস্কি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি, চেহারায় সামান্য হলেও মান একটা ভাব-অপরাধবোধ নয় তো?

মি. মুর, তার হাতে ধরা গ্লাসটার দিকে তাকাল রানা, আজ সকালে কখন থেকে শুরু করেছেন আপনি?

শুরু করেছি? শুরু করেছি মানে? মাই ডিয়ার ফেলো, যে বন্ধই করে না তার আবার শুরু করা কি?

রানার দৃষ্টি অনুসরণ করে তিনি দেখলেন, পামেলার হাত ধরে সেলুন থেকে বেরিয়ে যাচ্ছে হুপার। মোনাকার চেয়ারের সামনে এক সেকেণ্ড ইতস্তত করল পামেলা, নিঃশব্দে হেসে বলল, গুড মর্নিং, মিস মোনাকা। আশা করি আজ আপনি সুস্থ বোধ করছেন?

নিখুঁত আকৃতির মুক্তো অর্থাৎ দাঁত দেখিয়ে হাসল মোনাকা, তারপর অন্যদিকে তাকাল-নকল হাসি হাসা হলো নকল হাসি বোঝাবার জন্যে, সঙ্গে থাকল আপোসহীন প্রত্যাখ্যান। পামেলার মুখ রাঙা হয়ে উঠতে দেখল রানা। কিছু বলতে গেল সে, কিন্তু চেহারা গম্ভীর করে তার হাত ধরে টান দিল হুপার, শান্ত ভাবে নিয়ে যাচ্ছে লী দরজার দিকে।

ব্যাপারটা কি ঘটল আসলে? দেখে মনে হলো আহত হয়েছেন মোনাকা। কিন্তু পামেলা তো কাউকে আহত করার মেয়ে নন।

করেছে, আহত করেছে। আমাদের মোনাকা হলো সেই জাতের মেয়ে, যে কিনা অল্পবয়েসী কোন মেয়েকে একেবারেই সহ্য করতে পারে না। অল্পবয়েসী আর সুন্দরী। পামেলার দোষ, তার বয়েস কম, সুন্দরীও।

মোনাকার যে ছবি আমি আঁকতে চাই, আপনি তার উল্টোটা আঁকতে বলছেন আমাকে! রানার গলায় অভিযোগ।

জক মুর হাসলেন। মোনাকাকে আপনি বিচ বলতে পারবেন না। প্রতিদ্বন্দ্বী নয় এমন যে-কোন প্রাণীর প্রতি অত্যন্ত সদয় সে-যেমন পোষা কুকুর ও অবোধ। শিশু ওদেরকে ছাড়া মোনাকা আর কাউকে ভালবাসতে সমর্থ নয়। ইচ্ছে করলে তাকে আপনি করুণা করতে পারেন-হৃদয়ে ভালবাসা নেই এমন যে কোন মানুষকেই তা করতে হয়। মোনাকাকে করুণা করার আরও কারণ হলো, বাস্তব জগতের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে সবার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকে সে, বাস করে ফ্যান্টাসীর জগতে।

বাইরের ডেকে কাকে যেন মুহূর্তের জন্যে দেখতে পেল রানা, মনে হলো এরিক কার্লসন। অত্যন্ত ধীরস্থির প্রকৃতির মানুষ তিনি, অথচ খুবই ব্যস্তভাবে কোথায় যাচ্ছেন? তাছাড়া, আপার ডেকে কি করছেন তিনি, ঠাণ্ডাকে যার যমের মত ভয়? জক মুরের কাঁধে একটা হাত রাখল রানা। একটু পরই ফিরে আসছি, মি. মুর। রোগী দেখতে যেতে হবে।

শান্ত ভাবে লী ডোর দিয়ে বেরিয়ে এল রানা। বেরিয়ে এসে দাঁড়াল, দেখতে চায় ওকে কেউ অনুসরণ করে বেরোয় কিনা। ঠিকই একজন পিছু নিয়েছে, প্রায় সঙ্গে সঙ্গে, তবে ওর ব্যাপারে কৌতূহলী হলেও ওকে সেটা বুঝতে দিতে চায় না। চোখাচোখি হতে ব্রাড ফার্গুসন সামান্য একটু হাসল, পা চালিয়ে চলে গেল। প্যাসেঞ্জার কেবিনগুলোর দিকে। আরও কয়েক সেকেণ্ড অপেক্ষা করল রানা, তারপর ইস্পাতের খাড়া মই বেয়ে চলে এল বোট ডেকে, ব্রিজ আর রেডিও ঘরের ঠিক সামনে।

ফানেল আর এঞ্জিন ইনটেক ফ্যান কেসিংটা চক্কর দিল রানা, কিন্তু কাউকে দেখল না। দেখতে পাবে বলে আশাও করেনি, কারণ এরকম অসহ্য ঠাণ্ডায় খোলা বোট ডেকে জরুরী কোন কারণ ছাড়া কেউ আসবে না। সামনে এগিয়ে মোটর লাগানো একজোড়া লাইফবোটের কাছে চলে এল ও, একটা ভেন্টিলেটারের পাশে আড়াল নিয়ে দাঁড়াল, তারপর উঁকি দিয়ে তাকাল আফটার ডেকে।

প্রথম কয়েক মুহূর্ত কিছুই দেখতে পেল না। তারপর তুষারের ভেতর আকৃতিগুলো পরিষ্কার হয়ে উঠল। আফটার ডেকে বহু জিনিস পড়ে আছে-ফুয়েল ড্রাম থেকে শুরু করে ষোলো ফুটী ওঅর্কবোট পর্যন্ত। সবগুলোর আকৃতি পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে নড়াচড়া করলে আলাদা কথা।

বেঢপ একটা আকৃতির আড়াল থেকে বেরিয়ে এল কি যেন। আকৃতিটা একটু পর চিনতে পারল রানা-একটা সো-ক্যাটের কেবিন। বেরিয়ে এসেছে একজন মানুষ। খানিকটা ফিরল রানার দিকে, যদিও হাত দুটো মুখের সামনে থাকায় চেনা গেল না। হাত দুটো দিয়ে একটা পারকা হুড ধরে আছে সে। তবে চুলগুলো ঠিক যেন খড়। এই রঙের চুল গোটা জাহাজে মাত্র একজনেরই আছে, জানে রানা। প্রায় একই মুহূর্তে চোখের কোণ দিয়ে ও দেখতে পেল অপর একটা মূর্তি বোট ডেকের পিছন থেকে বেরিয়ে এসেছে, এগিয়ে আসছে প্রথম মূর্তিটার দিকে। দ্বিতীয় মূর্তির সরু মুখ দেখে চিনতে অসুবিধে হলো না। এরিক কার্লসন।

সরাসরি এগিয়ে এলেন কার্লসন, সরাসরি এলিনার একটা হাত ধরলেন। কার্লসন কোন বাধার সম্মুখীন হলেন না। মেয়েটার সঙ্গে কথা বলছেন তিনি। ডেকের ওপর হাঁটু গাড়ল রানা, কেউ দেখে ফেলার ভয়ে, সেই সঙ্গে কার্লসনের কথা শোনার আশায়। কিন্তু না, কিছুই শোনা গেল না। আংশিক কারণ বাতাস উল্টোদিকে বইছে, আংশিক কারণ ওরা কথা বলছে প্রায় কানে কানে।

তারপর এলিনার কোমরটা এক হাতে জড়িয়ে ধরলেন কার্লসন। তাঁর ঘনিষ্ঠ আলিঙ্গনে সাড়া দিল এলিনা, সে-ও একটা হাত তুলল কার্লসনের ঘাড়ে, তারপর মাথাটা রাখল তাঁর কাঁধে। এখনও কথা বলছে দুজন। এভাবে প্রায় দুমিনিট কাটল। তারপর ধীর পায়ে প্যাসেঞ্জার কেবিনের দিকে হেঁটে গেল ওরা, কার্লসনের একটা হাত এখনও এলিনার কাঁধে। ওদেরকে অনুসরণ করার কোন চেষ্টাই রানা। করল না, কারণ ওদের চোখে ধরা পড়ে যাবার ভয় তো আছেই, তাছাড়া ব্যক্তিগত কথা যা বলার ছিল তা বলাও হয়ে গেছে।

ধ্যান করার আর জায়গা পেলেন না? রানার পিছন থেকে কে যেন বলল।

ধ্যান করছি নাকি শিকার করছি, কি করে বুঝলেন? ধীরে ধীরে দাঁড়াল রানা, তারপর অলস ভঙ্গিতে ঘুরল, কারণ জানে চ্যাং ওয়েনের কাছ থেকে বিপদের কোন ভয় নেই। ভারি একটা পশমের কোট পরে রয়েছে সে, কাল মাঝরাতের তুলনায় এখন তাকে অনেক সুস্থ লাগছে দেখতে।

জানি না, সত্যি। রানাকে পাশ কাটিয়ে সামনে এগোল ওয়েন, বোট ডেকের রেইলিং ধরে ঝুঁকে নিচের দিকে তাকাল। আফটার ডেকে তুষার জমেছে, তুষারের ওপর এলিনা আর কার্লসনের পায়ের ছাপ স্পষ্ট ফুটে আছে। বার্ড ওয়াচিং?।

চখা-চখী।

জোড়াটা অদ্ভুত, স্বীকার করেন? 

ফিল্মী জগক্টাই অদ্ভুত, মি. ওয়েন। এখানে সব পাখিই…।

ওখানে, হাত তুলে চার্টহাউজটা দেখাল ওয়েন। গল্প করতে হলে গরম জায়গা দরকার।

চার্টহাউজ গরম নয়, কারণ দরজা খোলা রেখেই বেরিয়েছিল ওয়েন। এই দরজা দিয়েই এলিনা আর কার্লসনকে দেখেছে সে। ভেতরে ঢুকে কাবার্ড থেকে একটা বোতল বের করল। পরীক্ষা করার জন্যে আমাদের কি একজন টেস্টার। দরকার?

 লীড সীলটা দেখল রানা, ভাঙা নয়। যদি মনে করেন জাহাজে কেউ বটলিং প্ল্যান্ট সঙ্গে করে এনেছে, তাহলে দরকার।

চেক করে দেখেছি আমি। সীলটা ভাঙল ওয়েন। কাল রাতে আমাদের মধ্যে কথা হয়েছে। অন্তত বলা যায়, আমি কথা বলেছি। আপনি শুনে থাকতে পারেন আবার না-ও শুনে থাকতে পারেন। কাল রাতে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। ভেবেছিলাম আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না। এখন উদ্বেগে আমার হাত-পা ঠাণ্ডা বরফ হয়ে যাচ্ছে। কারণ বুঝতে পারছি আপনি আমার সঙ্গে মন খুলে কথা বলবেন না।

যেহেতু বার্ড-ওয়াচিং-এর নেশায় পেয়েছে আমাকে? হালকা কৌতুকের সুরে জিজ্ঞেস করল রানা।

অনেক কারণের মধ্যে ওটাও একটা। পাইকারী পয়জনিং-এর প্রসঙ্গ এবার। চিন্তা-ভাবনা করার সময় পেয়েছি খানিকটা। বোঝাই যাচ্ছে কে পয়জনার তা। আপনি জানেন না, কারণ জানলে কেডিপাসের পর আর কেউ বিষক্রিয়ায় আক্রান্ত হত না, আপনি তাকে বাধা দিতেন–অথচ তারপরও ছজন আক্রান্ত হয়েছে, তার মধ্যে মারাও গেছে দুজন। আপনি এখনও হয়তো ভাবছেন যে গোটা ব্যাপারটা। দুর্ঘটনা কিনা, কারণ বিষক্রিয়ার ঘটনাগুলো দেখে মনে হবে কেমন যেন এলোমেলো, যেন কোন প্যাটার্ন নেই।

দেখে মনে হবে নয়, সত্যি এলোমেলো।

সেটা কাল রাতের কথা, যখন কোন ধারণা পাওয়া যাচ্ছিল না। এখন পাওয়া যাচ্ছে। কারণ ইতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে, তাই না?

কি ঘটেছে?

অনেক কিছু, বলল ওয়েন। সব যে কাল রাতে বা পরে ঘটেছে তা নয়, ঘটেছে হয়তো আগেই, তবে জানা গেছে পরে। আচ্ছা, বলুন তো, তরুণদের কাউকে না নিয়ে এই অভিযানের জন্যে ক্যাপটেন ডানহিল আর চীফ এঞ্জিনিয়ার জেংকিনসের মত বৃদ্ধদের কেন বাছাই করা হলো? কারণ হলো, এই বয়েসে অনেক কিছু দেখেও ওঁরা দেখতে পান না। তাছাড়া, সারাক্ষণ মদ খেয়ে একটা ঘোরের মধ্যে থাকেন।

মনে মনে চীনা তরুণের প্রশংসা করল রানা। ছোকরার বুদ্ধি আছে বলতে

কাল রাতে আমি বলেছিলাম, বছরের এই সময় ফন গোলডার এদিকে আসার সিদ্ধান্তটা অদ্ভুত। এখন আর আমি তা মনে করি না। এর একটা কারণ। আছে, এবং কারণটা কি তা আপনার বন্ধু ফন গোলডাকে জিজ্ঞেস করা দরকার। যদিও জিজ্ঞেস করলে যে উত্তর পাব এমন নয়।

তিনি আমার বন্ধু নন।

আর এটা কি? মার্ভেলাস প্রোডাকশনের বুকলেটটা বের করে দেখাল ওয়েন। পিচ্ছিল চরিত্র ক্লার্ক বিশপ সবাইকে একটা করে গছাচ্ছেন?।

ক্লার্ক বিশপ? পিচ্ছিল?

অবিশ্বস্ত, খয়ের খা, টাকার লোভী, মহা পিচ্ছিল এক চরিত্র।

তাহলে তিনিও আমার বন্ধু না হলে ভাল হয়।

স্ক্রীন-প্লের গুরুত্ব বোঝানোর জন্যে এই বুকলেট ছাপা হয়েছে। সন্দেহ হতে পারে, স্ক্রীন প্লে নয়, আরও গুরুত্বপূর্ণ কিছু গোপন করার জন্যে এটা একটা আড়াল বিশেষ। আরও সন্দেহ হতে পারে, কোন ব্যাংকে কোন স্ক্রীন-প্লে নেই, কারণ কোথাও কোন স্ক্রীন-প্লের অস্তিত্বই নেই। বেয়ার আইল্যাণ্ডে ওদের শূটিং শিডিউল দেখেছেন? পরস্পর সম্পর্কহীন কিছু ঘটনা শুধু। রহস্যময় মোটরবোট থাকবে, থাকবে ডামি সাবমেরিন, পাহাড়ে ওঠার দৃশ্য, পাহাড় থেকে সাগরে পড়ে যাবার দৃশ্য, আর্কটিক বরফে মারা পড়বে মানুষ। কিন্তু এ-সবের জন্যে বেয়ার আইল্যাণ্ডে যাবার দরকার কি? ইউরোপের যে-কোন জায়গায় গেলেই তো হত।

আপনার মন খুব সন্দেহপ্রবণ, মি. ওয়েন।

তারপর পোলিশ মেয়েটার কথা ধরুন…।

ল্যাটভিয়ান। এলিনা স্টুয়ার্ট। হ্যাঁ, বলুন?

আশ্চর্য একটা মেয়ে। একা এবং নির্লিপ্ত। কারও সঙ্গে মেশে না। কিন্তু ব্রিজে যখন কেউ অসুস্থ হয়, কিংবা ফন গোলডা বা ব্যারনের কেবিনে, সব সময়। কাকে দেখা যায়? এলিনা স্টুয়ার্টকে। কেন?

কারণ মেয়েটার মন খুব নরম।

তাহলে এরিক কার্লসনের সঙ্গে তার কি সম্পর্ক, ব্যাখ্যা করুন।

 আপনি কি কাউকে প্রেম করতেও দেবেন না?

প্রেম? মি. কার্লসনের সঙ্গে?

আপনি সম্ভবত মেয়ে নন, ওয়েন।

নিঃশব্দে হাসল ওয়েন। না, তবে ওদেরকে চিনি আমি। তারপর ধরুন, ম্যানেজমেন্টের রুই-কাতলারা ফন গোলডার সামনে এক রকম পিছনে আরেক রকম কেন? একজন ক্যামেরাম্যান কিভাবে ডিরেক্টর হয়? বলতে পারেন…?

আপনি তা জানলেন কিভাবে?

আরে, তারমানে আপনিও জানেন! আমি জেনেছি, কারণ আপনি আর মার্ভেলাস প্রোডাকশনের ডিরেক্টররা যে চুক্তিপত্রে সই করেছেন সেটা আমাকে দেখিয়েছেন ক্যাপটেন ডানহিল-কাউন্ট বট্রিউলার সই আছে তাতে। তারপর, বলতে পারেন, একজন ডিরেক্টর, নিজের কাজে অত্যন্ত যোগ্য হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও, ফন গোলডাকে অসম্ভব ভয় পান কেন? আমি রবার্ট হ্যামারহেডের কথা বলছি। অথচ জক মুর, যিনি শুধু মদ্যপ নন, ফন গোলডার ব্যক্তিগত রিজার্ভ সারাক্ষণ ধ্বংস করছেন, তিনি কেন ফন গোলডাকে দুচোখে দেখতে পারেন না?

আচ্ছা, মি. ওয়েন, বলুন তো, ইদানীং আপনি জাহাজ চালানোর কাজে কতটুকু নিবেদিত?

বলা কঠিন। বোধহয় আপনি যতটা ডাক্তারীর প্রতি।

অ্যাকোনাইট-মুক্ত পানীয় হাতে জানালা দিয়ে দুর্যোগ কবলিত সাগরের দিকে তাকাল রানা। মনে মনে বলছে, কি এবং কেন ধরনের প্রশ্নগুলো সংখ্যায় অনেক বেশি, মি. ওয়েন। সত্যি ভাবা যায় না, এরিক কার্লসনের সঙ্গে গোপনে দেখা করবে এলিনা স্টুয়ার্ট। গত রাতে ভারি অসুস্থ ছিলেন কার্লসন, তারপরও ভীতিকর একটা সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না-জীবনকে অত্যন্ত হালকাভাবে দেখেন এমন দুজন বা ততোধিক লোকের মধ্যে তিনিও একজন হতে পারেন, বা তিনিই প্রধান ব্যক্তি, কিংবা তাদের মধ্যে সংযোগ রক্ষাকারীদের একজন। ফন গোলডা, নিজেও তিনি বিষক্রিয়ার শিকার, কিন্তু কেডিপাস আক্রান্ত হয়েছে শুনে এত বেশি আঘাত পেলেন কেন? মিকি মুনফেস ওরফে ব্যারণ গ্যালিতে খাবারের খোঁজে হানা দিয়েছিল, নাকি অন্য কোন উদ্দেশ্যে? কিংবা মরগান নিজের কাজের যে ব্যাখ্যা দিল, তা কি সত্যি? কে ঢুকেছিল রানার কেবিনে, অ্যাকোনাইটের ওপর লেখা আর্টিকেলটা কে চেক করল, অবশিষ্ট হর্সর্যাডিশ কে ফেলে দিল, কে সার্চ করল। ওর সুটকেসগুলো? সুটকেসগুলো সেই লোকই সার্চ করেছে যে মদের বোতলটা বদলে দেয়, ওর ঘাড়ে আঘাত করে, এবং ল্যারি আর্চারের মৃত্যুর জন্যে দায়ী? নাকি এখানেও একাধিক লোক সক্রিয়? আর আর্চার যদি দুর্ঘটনাবশত মারা গিয়ে থাকে, তাই গেছে বলে ওর ধারণা, তাহলে সেলুনে সে এসেছিল কেন? জক মুর মোনাকার এমন তীব্র সমালোচনা করলেন কেন? এ-কথা কি সত্যি, মানুষকে সহ্য করতে পারে না মোনাকা, বিশেষ করে মেয়েমানুষকে? টাকা, সাফল্য, সুখ্যাতি, পজিশন, সবই তার যথেষ্ট পরিমাণে আছে, তারপরও পামেলার সঙ্গে অমন ঠাণ্ডা ব্যবহার করার কি কারণ? ব্ৰাখটম্যান আর ফার্গুসনকে কি সন্দেহের তালিকায় রাখতে হবে, যেহেতু তাদের একজন ওর পিছু নিয়েছিল? অভিনেতা হিসেবে ওরা অদ্ভুত, ডগলাস হিউম আভাসে সে-কথাই বলতে চেয়েছে, তার মানে কি হিউম নিজেকে আড়াল করার জন্যে ওদের ওপর সন্দেহ আরোপের চেষ্টা করেছে? ধ্যেত, এভাবে চিন্তা করলে মাথাটাই খারাপ হয়ে যাবে, এক সময় হয়তো চার্লস হুপারকেই মনে হবে বিষ প্রয়োগের হোতা, কারণ যেহেতু সে ওকে জানিয়েছে। ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি পড়ত সে।

আ পেনি ফর ইওর থটস, মি. রানা।

টাকা-পয়সা এভাবে পানিতে ফেলবেন না, ওয়েনকে পরামর্শ দিল রানা। কিসের চিন্তা?

চিন্তা আসলে দুটো। মানে, দুধরনের। যাবতীয় সমস্ত বিষয়ে আপনি যা ভাবছেন, আমাকে তার কিছুই বলছেন না। আর আপনার মনে যে-সব সন্দেহ রয়েছে সেগুলো প্রকাশ করছেন না।

আপনাকে যা বলিনি তা আসলে বলার উপযুক্ত নয়। আমার কাছে যদি কোন ফ্যাক্টস থাকত…

তাহলে আপনি স্বীকার করেন, মাত্মক একটা গোলমাল সত্যিই আছে?

অবশ্যই।

আর আপনি যা জানেন তার সবই আমাকে বলেছেন?

অবশ্যই।

মেডিকেল প্রফেশনের ওপর আমার বোধহয় আর শ্রদ্ধা থাকল না, বলল ওয়েন। হাত বাড়িয়ে রানার পার্কার ভেতর হাত গলিয়ে দিল সে, টেনে নামিয়ে ফেলল স্কার্ফটা। ওর ঘাড়ের বহুরঙা ক্ষতটা উন্মোচিত হয়ে পড়ল। জেসাস! কী সাংঘাতিক! কি করে হলো বলুন তো!

পড়ে গিয়ে।

ডাক্তাররা পড়ে যান না, তাদেরকে ফেলে দেয়া হয়। কিভাবে?

আপার ডেকে, পোর্ট সাইডে, সেলুন ডোরের স্টর্ম-সিলের ওপর।

কিন্তু আমি বলব, ক্রিমিনলজিস্টদের মত, আঘাতটা করা হয়েছে নিরেট কোন বস্তুর সাহায্যে। চওড়ায় জিনিসটা হবে আধ ইঞ্চি, ডগাটা ধারালো। সেলুনের ডোর সিল তিন ইঞ্চি চওড়া, আর রাবারের তৈরি। সব দরজার সিলই তাই। নাকি আপনি লক্ষ করেননি? যেমন লক্ষ করেননি ল্যারি আর্চার, স্টিল ফটোগ্রাফার, নিখোঁজ রয়েছেন?

রানা ভাবল, ছোকরার দেখা যাচ্ছে চোখ আছে। আপনি জানলেন কিভাবে?

তারমানে ব্যাপারটা আপনি অস্বীকার করছেন না?

আমার জানা নেই। আপনি কিভাবে জানলেন?

আমি আসলে মরগানকে দেখতে গিয়েছিলাম। শুনলাম সে নাকি অসুস্থ…।

সে অসুস্থ শুনে আপনি তাকে দেখতে গেলেন? কিন্তু অসুস্থ তো আরও অনেকে…

ওয়েন বলল, আমার জানা আছে, মরগানকে কেউ বিশেষ পছন্দ করে না। বুঝতে পারি, অসুস্থ হলেও কেউ তাকে দেখতে যাবে না। সে-কথা ভেবেই যেতে ইচ্ছে করে আমার।

বেশ, তারপর?

ব্রেকফাস্টের সময় সেলুনে আমি আর্চারকে দেখিনি, বলল ওয়েন। তাই মরগানকে জিজ্ঞেস করলাম, আর্চার কোথায়? সে বলল, ব্রেকফাস্টের জন্যে বেরিয়েছে। আমি আর তাকে কিছু বললাম না। তবে কৌতূহল হলো। প্রথমে গেলাম রিক্রিয়েশন রূমে। নেই সেখানে। তারপর এক এক করে জাহাজের প্রতিটি ইঞ্চি খুঁজে দেখলাম। নেই।

ক্যাপটেনকে ব্যাপারটা রিপোর্ট করা হয়েছে?

বাহ্, আপনার প্রতিক্রিয়া বিস্ময়কর। না, রিপোর্ট করিনি।

কেন?

ঠিক যে কারণে আপনি রিপোর্ট করেননি। সদ্য সই করা চুক্তিতে থাকুক বা থাকুক, কেউ নিখোঁজ হয়েছে শুনলেই জাহাজ ঘুরিয়ে নেবেন তিনি, রওনা হবেন হ্যামারফেস্টের উদ্দেশ্যে। আমি তা চাই না।

আপনি তা চান না?

না। কারণ আমি দেখতে চাই বেয়ার আইল্যাণ্ডে কি ঘটে।

ইন্টারেস্টিং কিছু ঘটতে পারে।

আমি জানি, আপনিও দেখতে চান বেয়ার আইল্যাণ্ডে কি ঘটে। ক্ষীণ হাসল ওয়েন। আপনার মনে আছে, আজ খুব ভোরে ব্রিজে দাঁড়িয়ে কি বলেছিলাম আমি? বলেছিলাম, আমাদের সাহায্য দরকার হতে পারে। আরও বলেছিলাম, এখানে আমাদের একটা ট্রান্সমিটার আছে, উত্তর গোলার্ধের যে-কোন জায়গার সঙ্গে যোগাযোগ করা সম্ভব। মনে আছে আপনার?

আছে। মনে মনে শঙ্কিত বোধ করল রানা। এরপর কি বলবে ওয়েন, আন্দাজ করতে পারছে। ওর শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা স্রোত নেমে এল।

যত ইচ্ছে সাহায্য চাইতে পারি আমরা, কিন্তু আমাদের চিৎকার এই জাহাজের গ্যালি পর্যন্তও পৌঁছুবে না। এই প্রথম ওয়েনের চেহারায় কৌতুকের বদলে উদ্বেগ ফুটে উঠতে দেখল রানা। পকেট থেকে একটা স্কুড্রাইভার বের করল সে, ইনার বাল্কহেডে সেট করা ইস্পাত-নীল রিসিভার-ট্রান্সমিটারের দিকে ঘুরল।

স্ক্রুড্রাইভার কি সব সময় সঙ্গেই রাখেন?

শুধু যখন বেয়ার আইল্যাণ্ডের উত্তর-পুবের রেডিও স্টেশন টানহেইম-এর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হই। ভুলে গেলে চলবে না, ওটা সাধারণ কোন রেডিও স্টেশন নয়-নরওয়ে সরকারের একটা অফিশিয়াল বেস। ফেস-প্লেটের স্কুগুলো খুলতে শুরু করেছে ওয়েন। ঘণ্টাখানেক আগে একবার খুলেছিলাম। দেখলেই বুঝতে পারবেন আবার কেন লাগিয়ে রেখেছি।

আজ ভোরে ওয়েনের সঙ্গে কি কথা হয়েছিল মনে আছে রানার। ন্যাটোর আটলান্টিক ফোর্স-এর প্রসঙ্গও ওঠে। তার ঠিক পরপরই স্টারবোর্ড স্ক্রীন ডোর দিয়ে তুষারের ওপর তাজা পায়ের ছাপ দেখতে পায় ও। প্রথমে মনে হয়েছিল, ওখানে দাঁড়িয়ে আড়ি পেতে কেউ শুনে গেছে ওদের কথা। তারপর খেয়াল করে, পায়ের ছাপ মাত্র একজোড়া, ওর নিজেরই তৈরি। কথাটা সে সময় ওর নিরেট মাথায় ঢোকেনি যে যে-লোক ইভনিং স্টারে একের পর এক খুন করে যাচ্ছে তার উপস্থিত বুদ্ধি ক্ষুরধার হবারই কথা, এক সেট পায়ের দাগ দেখার পর সেই দাগের ওপরই পা ফেলবে সে, নতুন ছাপ তৈরি করবে না।

ফেস প্লেট খুলে ফেলল ওয়েন। উন্মোচিত ট্রান্সমিটারের দিকে দশ সেকেণ্ড তাকিয়ে থাকল রানা, তারপর বলল, হ্যাঁ, বুঝতে পারছি আবার কেন ফেস-প্লেট লাগিয়ে রেখেছিলেন। কিন্তু কেবিনটা এত ছোট, চোদ্দ পাউণ্ড পেজ-হ্যামার নিয়ে একটা লোক ভেতরে ঢুকল কিভাবে?

হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে, পেজ-হ্যামার দিয়ে ভেঙে চুরমার করা হয়েছে। কাজটা যে-ই করে থাকুক, কোন খুঁত রাখেনি। রিসিভার-ট্রান্সমিটারটা কোনদিনই আর মেরামত করা সম্ভব নয়।

কিন্তু লাইফবোটের রেডিওগুলো? জিজ্ঞেস করল রানা।

ওগুলোর অবস্থা শুনবেন? ওগুলোও গ্যালি পর্যন্ত পৌঁছুবে কিনা সন্দেহ, তারচেয়ে মেগাফোন ভাল কাজ করবে।

ব্যাপারটা আপনার ক্যাপটেনকে রিপোর্ট করা দরকার, বলল রানা।

অবশ্যই।

তারপর হ্যামারফেস্টের দিকে ঘুরে যাবে জাহাজ?

ফেস-প্লেটের স্ক্রু আঁটছে ওয়েন। ক্যাপটেনকে জানাব চব্বিশ ঘণ্টা পর। চব্বিশ কি ছাব্বিশ ঘণ্টা পর, তার আগে নয়।

রানা জানতে চাইল, তারমানে সাউথ হেভেনের কাছাকাছি নোঙর ফেলার দূরত্বে পৌঁছুনোর পর?

নোঙর ফেলা সম্ভব কিনা জানি না। ইভনিং স্টারকে সম্ভবত বাঁধতে হবে। হ্যাঁ।

আপনি খুব কৌশলী মানুষ, মি. ওয়েন।

সঙ্গ দোষ বলতে পারেন। দায়ী যে-জীবন বেছে নিয়েছি।

প্লীজ, জীবনকে দায়ী করবেন না, বলল রানা। আমরা একটা দুঃসময়ের ভেতর বসবাস করছি, মি. ওয়েন।

.

প্রায় কালো রঙের আকাশ অনেক নিচে নেমে এসেছে, আকাশ থেকে সাগর পর্যন্ত শুধু তুষার দেখা যাচ্ছে। সময়টা সকাল, দেখে মনে হচ্ছে সন্ধে। বেয়ার আইল্যাণ্ডে বছরের এই সময়টা সারা দিনকেই সন্ধে বলে মনে হয়। এই দ্বীপ আর এদিককার পানি সম্পর্কে যার ধারণা আছে, ভয়ে তার বুক কাপবেই। সার্বক্ষণিক দুর্যোগ কবলিত দুর্গম এলাকা বলেই নয় শুধু, শক্তি প্রদর্শনের যুদ্ধে আর দ্বীপ দখলের লড়াইয়ে যে বিপুল রক্তপাত ঘটানো হয়েছে সে-কথা স্মরণ করেও। বেয়ার আইল্যাণ্ডকে কালো একটা ছায়ার মত, দেখতে পেল ওরা। কালো বলেই ভীতিকর লাগল। কারণ এক বছরে জমে ওঠা বরফ আর তুষার চারদিক সাদা করে রেখেছে, এমনকি ব্যারেন্ট সাগরের পানি পর্যন্ত দুধের মত, তার মাঝখানে এক হাজার পাঁচশো ফুট খাড়া একটা অতিকায় কালো আকৃতি মাথা তুলে আছে বেয়ার আইল্যাণ্ড। দ্বীপটার সর্বদক্ষিণ প্রান্তের দক্ষিণ-পশ্চিমে রয়েছে ওরা, ইভনিং স্টার এগোচ্ছে পুব দিকে। উইক ছাড়ার পর এই প্রথম প্রায় শান্ত সাগর পেয়েছে। ওরা, যদিও শান্ত বলাটা আসলে আপেক্ষিকডেকে দাঁড়াতে হলে এখনও রেইলিং বা অন্য কিছু ধরতে হচ্ছে ওদের। সব মিলিয়ে বলতে হবে, আবহাওয়ার এখনও তেমন কোন পরিবর্তন ঘটেনি। সাগরকে খানিকটা শান্ত লাগছে, তার কারণ বাতাস এখন সরাসরি উত্তর দিক থেকে বইছে, আর ইভনিং স্টার রয়েছে। পাহাড়-প্রাচীরের আড়ালে।

ব্রিজে ওরা প্রায় দশজন লোক রয়েছে। হেলমসম্যানের সামনে, ফরওয়ার্ড স্ক্রীন উইণ্ডোয় একটা হাই-স্পীড কেন্ট ক্লিয়ার-ভিউ স্ক্রীন লাগানো হয়েছে। হেলমসম্যান এই মুহূর্তে ওয়েন। জানালার অপর দিকে কাজ করছে বড় আকারের এক জোড়া উইণ্ডস্ক্রীন-ওয়াইপার।

পোর্ট ওয়াইপারের সামনে জক মুর, ডগলাস হিউম আর এলিনা স্টুয়ার্টের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে রানা। হিউমের চেহারাই শুধু নায়ক সুলভ নয়, বাস্তব জীবনেও নায়কের মত চলাফেরা করে সে-যেভাবেই হোক এলিনার সঙ্গে একটা বন্ধুতুপূর্ণ সম্পর্ক তৈরি করে নিয়েছে। কি কারণে কে জানে, অন্তত রানার জানা নেই, গতকাল সকাল থেকে ওর সঙ্গে কোন কথাই বলেনি এলিনা। গত চব্বিশ ঘণ্টা ওকে যে সে এড়িয়ে গেছে তা নয়, তবে ওর খোঁজে একবারও আসেনি। কে জানে, তার মনে হয়তো অপরাধবোধ কাজ করছে। রানাও অবশ্য তার খোঁজ করেনি। কারণ ওর মনও দুএকটা বিষয়ে ব্যস্ত ছিল-তার মধ্যে একটা এলিনা।

এলিনার প্রতি খানিকটা কৃতজ্ঞও বটে ও। কারণ নিজের অজান্তে ওর প্রাণ বাঁচিয়েছে মেয়েটা। সেদিন রাতে স্কচ খাবার ইচ্ছে ছিল ওর, এলিনা বাধা দেয়ায়। তা আর খাওয়া হয়নি। খেলে তখুনি মারা যেত ও। শুধু তাই নয়, এলিনা তাকে। সেলুনেও আটকে রেখেছিল। আটকে না রাখলে অবশ্যই রানা জাহাজের এখানে সেখানে ঘুরে বেড়াত, ফলে পেজ-হ্যামারধারী আততায়ী আড়াল থেকে ওর ওপর ঝাঁপিয়ে পড়ার একটা সুযোগ পেয়ে যেত। এলিনা যার বা যাদের পক্ষেই কাজ করুক, সচেতনভাবে না হলেও, রানার উপকারই করেছে। আর এলিনা যাদের পক্ষে কাজ করছে তাদের একজন যে এরিক কার্লসন, সে-ব্যাপারেও রানার মনে কোন সন্দেহ নেই। ক্লার্ক, রানা ও বিশপ ছাড়া গোটা জাহাজে আর শুধু একজনই একা একটা কেবিন ব্যবহার করছেন, তিনি হলেন এরিক কার্লসন। কাজেই কেবিন থেকে বেরুনোর সময় বা ঢোকার সময় কেউ তাকে দেখার নেই। তাছাড়া, তার রহস্যময় সাইবেরিয়ান ব্যাকগ্রাউণ্ড তো আছেই। তারপর কি ঘটল? এলিনার সঙ্গে গোপনে দেখা করলেন তিনি।

রানার হাত স্পর্শ করলেন জক মুর। ঘুরল রানা, হুইস্কির গন্ধ পেল নাকে। মনে আছে, কি নিয়ে আলাপ করছিলাম আমরা? দুই রাত আগে?

আলাপ তো আমরা অনেক বিষয়েই করেছি।

বার।

মি. মুর, আপনি শুধু এই একটা বিষয়েই মাথা ঘামান? বার? কিসের বার?

পরকালে, চেহারায় গাম্ভীর্য ফোঁটাবার চেষ্টা করলেন মুর। আপনার কি মনে হয়, স্বর্গে বার আছে? বার না থাকলে ওটা স্বর্গ হয় কি করে, আপনিই বলুন? খুব কড়াকড়ি আছে, এমন জায়গায় একটা বুড়োকে পাঠাবার কোন মানে হয় না। নিষ্ঠুর মনে হবে।

ঠিক বলতে পারছি না, মি. মুর। আমাদের বলা হয়েছে, পুণ্যবানরা ওই জিনিস অঢেল পাবেন। বাইবেলেও বোধহয় এ-ধরনের একটা আশ্বাস দেয়া হয়েছে। অন্তত মদবিহীন স্বর্গ বাইবেলেও কল্পনা করা হয়নি। তবে দুধ আর মধুর কোন কমতি নেই। মুরের চেহারায় আহত ভাব ফুটে উঠল। কেন আপনার মনে হচ্ছে, স্বর্গে যাবার পর এ-ধরনের একটা সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে?

আমি পরম দয়ায় বিশ্বাস করি, মি. রানা, বললেন মুর, মদের নেশায় টলছেন। স্রষ্টা আর তার পুত্রের দয়া ছাড়া উদ্ধারের পথ নেই।

সারাটা জীবন নোংরা ফিল্ম জগতে কাটিয়ে আপনি দয়া বা ক্ষমা পাবার আশা করেন?

অবশ্যই। দয়া ছাড়া আর আছেটা কি? সব ধর্মেই তো বলা হয়েছে, শেষ পর্যন্ত মাফ করে দেয়া হবে।

এমনকি যাদের প্রাপ্য নয় তাদেরকেও?

ওদেরই তো সবচেয়ে বেশি দরকার, মি, রানা।

এমনকি মোনাকারও?

চেহারা দেখে মনে হলো, রানা যেন ভদ্রলোককে ঘুসি মেরেছেন। মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকালেন তিনি, তার চেহারায় বিষণ্ণ একটা ভাব ফুটে উঠল। কথা না বলে বেরিয়ে গেলেন ব্রিজ থেকে।

অসম্ভবকে সম্ভব হতে দেখলাম, রানার আরেক পাশ থেকে বলে উঠল। হিউম। অবশেষে মি. মুরকে কেউ আহত করতে পেরেছেন।

মি. মুরের বোধহয় ধারণা হয়েছে, আমার ভেতর দয়া বলে কিছু নেই।

রানার রেইলিং ধরা হাতটায় হাত রাখল এলিনা। আপনি নির্দয়? রানা দেখল, ছত্রিশ ঘণ্টা আগে মেয়েটার চোখের নিচে যে কালি জমেছিল তা আরও গাঢ় হয়েছে, একটু যেন ফোলা ফোলাও লাগল। আরও কি যেন বলতে গিয়ে ইতস্তত করছে সে, তারপর রানার কাঁধের ওপর দিয়ে দূরে তাকাল। তার দৃষ্টি অনুসরণ করার জন্যে ঘুরল রানা।

স্টারবোর্ডের হুইল হাউজ ডোরটা বন্ধ করে দিয়েছেন ক্যাপটেন ডানহিল। চেহারা দেখে বিচলিত মনে হলো তাকে। সরাসরি এগিয়ে গিয়ে ওয়েনের সামনে দাঁড়ালেন, কথা বললেন নিচু গলায়। ওয়েনের চেহারায় বিস্ময় ফুটে উঠল, তারপর মাথা নাড়ল সে। আবার কি যেন বললেন ক্যাপটেন। কাঁধ ঝাঁকাল ওয়েন, উত্তরে সে-ও কি যেন বলল। তারপর দুজনেই তাকাল রানার দিকে।

কিছু একটা ঘটেছে, বুঝতে পারছে রানা। ক্যাপটেন ওর দিকে তাকিয়ে আছেন অন্তর্ভেদী দৃষ্টিতে, মাথা ঝাঁকিয়ে চার্ট রূমটা দেখালেন, তারপর হাঁটা দিলেন সেদিকে। কাঁধ ঝাঁকিয়ে এলিনা ও হিউমের কাছে ক্ষমা চেয়ে নিল রানা, পিছু নিল ক্যাপটেনের।

 রানা ঢোকার পর চার্ট রূমের দরজা বন্ধ করে দিলেন ক্যাপটেন। আরও দুঃসংবাদ, মি. রানা, বললেন তিনি। ফিল্ম কোম্পানীর একজন ক্রু, ল্যারি আর্চার, নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হয়েছেন? কিভাবে?

সেটাই আমি জানতে চাইছি। রানার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যাপটেন।

তিনি স্রেফ গায়েব তো আর হয়ে যেতে পারেন না। সব জায়গায় খুঁজে দেখা হয়েছে?

হ্যাঁ, সব জায়গায় দেখা হয়েছে। ইভনিং স্টারে নেই তিনি।

মাই গড! বলল রানা। অদ্ভুত ব্যাপার। কিন্তু কথাটা আমাকে আপনি বলছেন কেন?

কারণ আমার ধারণা আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন।

সাহায্য করতে পারব? সাহায্য করতে চাই, কিন্তু কিভাবে? একজন ডাক্তার হিসেবে আমি বলতে পারি মি. আর্চারকে আমার কখনোই তেমন অসুস্থ মনে হয়নি…

ডাক্তার হিসেবে নয়! কঠিন সুরে বললেন ক্যাপটেন। আমি জানি, আপনি অন্যভাবে সাহায্য করতে পারেন।

আপনি জানেন…?

অদ্ভুত নয়, ব্যাপারটা, মি. রানা, যখন যা কিছু ঘটছে সব সময় তার মাঝখানে দেখা যাচ্ছে আপনাকে?

মানে? ব্যাখ্যা করবেন, প্লীজ?

কেডিপাস মারা গেছেন, এ-কথা কে প্রথম জানল? আপনি। মি. ওয়েন আর মি. গ্যাবন যখন অসুস্থ হলেন, কে তখন প্রথম ব্রিজে গেলেন? আপনি। ক্রু কোয়ার্টারে, স্টুয়ার্ডদের কেবিনেও আপনাকে প্রথম দেখা গেল। এরপর, আমার ধারণা, মি. গোলডার কেবিনেও যেতেন, আপনি, গিয়ে দেখতেন তিনি মারা গেছেন, কিন্তু আপনার আগে সেখানে হাজির হন মি. বিশপ-ফলে মি. গোলডা বেঁচে যান। আরও একটু বলি, এই অসুস্থ লোকগুলোর চিকিৎসা একজন ডাক্তারই করতে পারেন, কিন্তু তা তিনি না পারায়, স্বভাবতই মনে প্রশ্ন জাগে লোকগুলোকে অসুস্থ করে তোলার মেডিকেল নলেজ গোটা জাহাজে একজনেরই আছে-তিনি। কে? আপনি!

নিজের দৃষ্টিভঙ্গি অনুসারে যা বুঝছেন তাই বলছেন ক্যাপটেন, তাঁর কথায় যথেষ্ট যুক্তিও আছে। ভদ্রলোককে ছোট করে দেখায় নিজেকে তিরস্কারই করল রানা।

গত পরশু রাতে গ্যালিতে অনেকক্ষণ ছিলেন আপনি, আমি যখন ঘুমিয়ে। কেন? ওই জায়গা থেকেই তো বিষটা এসেছে। আমাকে বলেছে মরিসন। বলেছে, আপনি শুধু শুধু নাক গলাচ্ছিলেন, এমনকি কিছুক্ষণের জন্যে তাকে সরিয়েও দেন। যা খুঁজছিলেন তা আপনি পাননি। তবে পরে আবার ফিরে আসেন, তাই না? খাবারের অবশিষ্ট কোথায় আছে, খুঁজছিলেন, তাই না? ওগুলো নেই দেখে বিস্মিত হবার ভান করেন। কোর্টে দাঁড়িয়ে এ-সবের ব্যাখ্যা দিতে হবে যখন, তখন বুঝবেন…

আপনি, মি. ডানহিল, প্রলাপ বকছেন…।

সেই রাতে প্রায় সারারাতই কেবিনের বাইরে ছিলেন আপনি, তাই না, মি. রানা? জ্বী, আমি খোঁজ নিয়ে জেনেছি। সেলুনে ছিলেন, মি. বিশপ আমাকে জানিয়েছেন। ব্রিজে ছিলেন, মি. গ্যাবন জানিয়েছেন। ছিলেন লাউঞ্জে, মি. মুর জানিয়েছেন। আর ছিলেন…, নাটকীয় ভঙ্গিতে থামলেন তিনি, হাঁপাচ্ছেন, তারপর শেষ করলেন, …মি. আর্চারের কেবিনে, তাঁর কেবিন-মেট আমাকে জানিয়েছেন। আমি ভুলছি না, আপনিই আমাকে একটা গুরুত্বহীন চুক্তিপত্র গুছিয়ে দিয়ে হ্যামারফেস্টে ফিরে যেতে বাধা দেন।

হুইল-হাউজের দরজাটা খুলল রানা, ইঙ্গিতে চৌকাঠ টপকাতে বলল। ক্যাপটেনকে। এই মাত্র কোর্ট-এর কথা বলেছেন আপনি। আমার বিরুদ্ধে আপনার অভিযোগগুলো সবাইকে সাক্ষী রেখে বলুন, তারপর দেখা যাবে কোর্টে দাঁড়িয়ে কাকে বিপদে পড়তে হয়।

থতমত খেয়ে গেলেন ক্যাপটেন ডানহিল।

দরজাটা বন্ধ করল রানা, চিন্তা করছে কিভাবে শুরু করবে।

কিন্তু শুরু করার সময় ওকে দেয়া হলো না। নক হলো দরজায়, পরমুহূর্তে খুলে গেল সেটা। ব্যাকুল চেহারা, ভেতরে ঢুকল গ্যাবন। আপনাকে, স্যার, এখুনি একবার সেলুনে যেতে হবে, বলল সে। আপনাকেও, মি. রানা। ওখানে সাংঘাতিক একটা মারপিট হয়ে গেছে।

গ্রেট গড অলমাইটি! আঁতকে উঠে দ্রুত চার্টরূম থেকে নিষ্ক্রান্ত হলেন ক্যাপটেন, তাঁর পিছু নিয়ে রানাও।

<

Super User