ম্যাথিউ ফ্যেনুয়্যা ও স্যাঁ ডেনি পেয়েযিকে ই-ডেকে যেখানে রাখা হয়েছিল, সেখানেই খুঁটির সঙ্গে আটকে রাখা হয়েছে পল সিংগার বা ভাইপারকে। চাইলেও হ্যাণ্ডকাফ খুলতে পারবে না। সব বডি আর্মার সরিয়ে নেয়া হয়েছে। চুপ করে দাঁড়িয়ে আছে। এখনও পরনে ক্যামোফ্লেজ পোশাক, অর্থাৎ কমব্যাট ফেটিগ।

লোকটার সামনে দাঁড়িয়েছে মাসুদ রানা, হোসেন আরাফাত দবির ও নাজমুল, ওদের সবার চোখ থেকে তীব্র ঘৃণা ঝরছে। পুল ডেকে বয়ে আনা হয়েছে নিশাত সুলতানাকে, বসে আছে একটা চেয়ারে রাণী ক্লিয়োপেট্রার মত।

রানার পিছনে দাঁড়িয়েছে বিজ্ঞানী রাশেদ হাবিব, শুকনো মুখ

পরিবেশে টানটান উত্তেজনা। কেউ কথা বলছে না।

হাতঘড়ি দেখল রানা। বিকেল তিনটা বেয়াল্লিশ মিনিট। সোলার ফ্লেয়ারের বিষয়ে রাফায়লা ম্যাকানটায়ার কী বলেছিল, মনে আছে রানার। উইলকক্স আইস স্টেশনের উপরের আকাশ পরিষ্কার হবে তিনটা একান্ন মিনিটে।

আর মাত্র নয় মিনিট।

তার আগেই যা করবার করতে হবে। তিশা এবং অন্যরা এখনও পাতাল-গুহার ভিতর। আগে তাদের সঙ্গে কথা বলবে, তারপর যোগাযোগ করবে ম্যাকমার্ডো স্টেশনে? হাতঘড়ির পাশের একটি নব টিপে দিল রানা। বদলে গেল ডিসপ্লে। স্টপওয়াচ স্ক্রিন। টিকটিক করে বাড়ছে সময়।

১:৫২:৫৮
        ১:৫২:৫৯
        ১:৫৩:০০

হাতে সময় নেই। তিনটে একান্ন মিনিটে ম্যাকমার্ডোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবার পর, হাতে সময় থাকবে এক ঘণ্টারও কম। এর ভিতর ফ্রেঞ্চ রণতরীকে ঠেকাতে না পারলে উইলকক্স আইস স্টেশনের উপর এসে পড়বে মিসাইল।

ঠিক আছে, চারপাশে জড় হওয়া প্রত্যেকের উদ্দেশে বলল রানা, দবির ও নাজমুণ, যা বলার তাড়াতাড়ি।

ওদের কাহিনি সংক্ষেপে বলল ওরা। দুজন ছিল বাইরে, স্টেশনের অ্যান্টেনা ঠিক করছিল।

তারপর, স্যর, আপনি বললেন আমাদের একজন যেন মিস্টার হাবিবের ঘর দেখে আসি, বলল দবির। কাজটা, নিল ভাইপার। দেরি না করে চলে গেল। এরপর পনেরো মিনিট পর ফিরে এল। বলল, সব ঠিক। এখনও ঘরের ভিতর আছেন রাশেদ হাবিব। খামোকা চিন্তা করেছেন স্যর।

আস্তে করে মাথা দোলাল রানা। ওই সময়ের আগেই গুলি করা হয়েছে ওকে।

এর একটু পর, আমি উঠে পড়লাম, আপাকে দেখে আসব, বলল দবির। কিন্তু বাধা দিল ভাইপার, জানাল সে-ই দেখে আসবে। তখন কোনও সন্দেহ করিনি। ভাবলাম, লোকটার একটা নরম সুন্দর মন আছে।

আবারও মাথা দোলাল রানা। ওই সময়ে হামলা হয় নিশাতের উপর। দুপা সামনে বাড়ল রানা, বিশ্বাসঘাতকের মুখোমুখি দাঁড়িয়েছে। গানারি সার্জেন্ট, তোমার কিছু বলার আছে?

চুপ করে থাকল পল সিংগার।

গানারি সার্জেন্ট, তোমার কোর্ট-মার্শাল হবে, বলল রানা।

বিন্দুমাত্র চিন্তা নেই লোকটার, টিটকারির ভঙ্গিতে হাসছে।

তীব্র ঘৃণা বোধ করছে রানা। এই লোক তরুণ এক সৈনিককে খুন করেছে। ওকে গুলি করেছে। তারপর খুন করতে গেছে আহত নিশাত সুলতানাকে।

পরে ই-ডেকে ঝাপসা কাঁচ কোত্থেকে এল, খুঁজে বের করেছে রানা। এ-ও বোঝা গেছে, কীভাবে স্টেশনে গ্যাসের বলয়ের ভিতর গুলি করেছে ভাইপার।

কাজটা খুবই সোজা ছিল।

স্টেশনের ভিতর স্নাইপার রাইফেল ব্যবহার করেনি ভাইপার। বাইরে থেকে গুলি করেছে। গম্বুজের সাদা ঝাপসা কাঁচে ছোট গর্ত তৈরি করে শাফটের অনেক উপর থেকে গুলি করেছে। ওই ছোট্ট গোল কাঁচ ই-ডেকের মেঝেতে দেখেছে রানা।

ঠাণ্ডা চোখে পল সিংগারের চোখে চাইল রানা।

আমাকে বলেছে ও আইসিজি, বলল নিশাত।

একটু অবাক হয়ে চাইল দবির-নাজমুল, বুঝতে পারছে না।

পরে তোমাদেরকে বলব, বলল নিশাত।

গানারি সার্জেন্ট? গুড়গুড় করে উঠল রানার কণ্ঠ।

কোনও কথা বলছে না লোকটা।

তোমার কিছুই বলার নেই?বলল রানা।

কিন্তু স্যর, আমাকে যখন শেষ করতে এল, অনেক কথা বলছিল, বলল নিশাত। আমার মনে হয়, ওর দুটো বলই কেটে নেয়া উচিত, পরে তিমি মাছকে খেতে দেয়া যেতে পারে।

সিংগারের দিকে চেয়ে আছে রানা। খুশি খুশি একটা ভাব ভাইপারের মুখে।

প্রচণ্ড রাগে মেজাজ বিগড়ে গেল রানার। যদি পারত, দুই হাতে ছিড়ে ফেলত লোকটাকে।

সামরিক নেতার উচিত নয় রেগে ওঠা মাথার ভিতর জুলিয়াস বি, গুণ্ডারসনের কণ্ঠ শুনল রানা। মনে মনে বলল: কখনও আপনার দলের ভিতর বিশ্বাসঘাতক ঢুকেছে?

নিজেকে জিজ্ঞেস করল, এই পরিস্থিতিতে বিখ্যাত এসএএস কমাণ্ডার কী করতেন?

আপনাদের কারও কোনও মতামত–দবির? জানতে চাইল রানা।

আস্তে করে মাথা নাড়ল সার্জেন্ট। দুঃখিত চেহারা। ভাবতে পারেনি এতক্ষণ ভয়ঙ্কর এক সাপের সঙ্গে ওঠবস করেছে। আস্তে করে বলল, ভাবতে পারিনি তুমি মীর জাফর। ঘুরে চাইল রানার দিকে। স্যর, একে খুন করা আমাদের কাজ না, বাধ্য না হলে। আমেরিকান অফিসার এলে তার হাতে তুলে দেয়া যেতে পারে।

ভাইপারের দিকে চেয়ে আছে রানা। পাল্টা জ্বলন্ত চোখে চেয়ে আছে লোকটা।

দীর্ঘ একটা মুহূর্ত পেরিয়ে গেল, তারপর রানা বলল, ভাইপার, সংক্ষেপে বলো ইন্টালিজেন্স কনভার্জেন্স গ্রুপ কী।

সুন্দর ক্ষত, নরম স্বরে বলল লোকটা, চেয়ে আছে রানার ঘাড়ের দিকে। ওখানে সেলাই ও ব্যাণ্ডেজ। আপনার তো মরবার কথা ছিল।

সময় হলে মরব, বলল রানা। আইসিজি সম্পর্কে বলো।

সরু ঠোঁট টিপে হাসল লোকটা। দুলছে হাসতে গিয়ে। কয়েক মুহূর্ত পর বলল, আপনি মারা পড়বেন, মেজর। অন্যদের দিকে চাইল সে। তোমরাও কেউ বাঁচবে না।

কেন? তুমি মেরে ফেলবে আমাদেরকে? বলল রানা।

আপনি তো আইসিজির বিষয়ে জানতে চান, বলল ভাইপার। আমি তো আইসিজি সম্পর্কে সবই বলেছি।

আইসিজি আমাদেরকে মেরে ফেলবে?

বাঁচবেন না, বলল সিংগার। আপনাদের কারও বাঁচবার উপায় নেই। এখানে যা দেখে ফেলেছেন, তার ফলে কুকুরের মত গুলি করে মারা হবে। আমেরিকান সরকার যখন স্পেসশিপ হাতে পাবে, চাইবে না কয়েকটা ফালতু লোক ওটা নিয়ে কথা বলুক। সবাই মরবেন। আমার কথা ফলবে, আপনারা আসলে সবাই জিন্দা লাশ।

কথাগুলোর রণন মিলিয়ে গেল। থমথম করছে ই-ডেক।

রানা ওর দল নিয়ে উইলকক্স আইস স্টেশনে এসেছিল বাঙালি ও আমেরিকান বিজ্ঞানীদেরকে সরিয়ে নেবে ম্যাকমার্ডো স্টেশনে, বদলে জড়িয়ে গেছে ফ্রেঞ্চ কমাণ্ডোদের বিরুদ্ধে লড়াইয়ে। আর এখন টের পাচ্ছে, আমেরিকান সরকার ওদেরকে দাবার খুঁটির মত ব্যবহার করছে। প্রয়োজন শেষে মেরে ফেলা হবে ওদেরকে।

নিজেকে নিয়ে তোমার খুব গর্ব হচ্ছে, তা-ই না? ভাইপারের চোখে চেয়ে আছে রানা।

আমি দেশের কাজ করেছি, আমার দেশ উপকৃত হলেই হবে, বলল সিংগার।

লোকটাকে পিটিয়ে মারবে ঠিক করেছে রানা, হয়তো তাই করত, কিন্তু অনেকটা উপর থেকে এল এক নারী কণ্ঠ: মেজর!

মুখ তুলে চাইল রানা।

এ-ডেকের রেলিং থেকে ঝুঁকে আছে রাফায়লা ম্যাকানটায়ার। আবারও বলল, সময় হয়ে গেছে, মেজর!

একে পাহারা দিতে হবে না, বলল রানা, রওনা হয়ে গেল রাং-ল্যাডারের দিকে।

তিন মিনিট পর এ-ডেকে রেডিয়ো রুমে ঢুকল রানা। ওর সঙ্গে এসেছে দবির ও বিজ্ঞানী হাবিব। ই-ডেকে রয়ে গেছে নাজমুল, মেথডন দেবে নিশাত সুলতানাকে।

রেডিয়ো কন্সেলের সামনে বসে পড়েছে রাফায়লা। রাশেদ হাবিবকে দেখে মস্ত ঢোক গিলল।

কী খবর, ডারলিং রাফায়লা? খুশি-খুশি স্বরে বলল হাবিব।

এই তো, খুব সাবধানী সুরে বলল মেয়েটা। রানার দিকে চাইল। এখন যে-কোনও সময়ে ফ্লেয়ার সরে যাবে। কয়েকটা বাটন টিপল সে। ছাতের কাছে ঝুলন্ত দুটো স্পিকারে শুরু হয়েছে স্ট্যাটিক।

সসসসসস।

এটা ফ্লেয়ারের আওয়াজ, বলল রাফায়লা। কিন্তু কয়েক সেকেণ্ড অপেক্ষা করলে…

হঠাৎ থেমে গেল সব আওয়াজ, নেমে এসেছে নীরবতা।

আকাশ পেয়ে গেছি, বলল রাফায়লা। এই সুযোগ। মেজর, যোগাযোগ করুন।

কগোলের সামনে বসে পড়ল রানা, তুলে নিল মাইক্রোফোন। টক বাটন টিপে যোগাযোগ করতে চাইতেই খুব তীক্ষ্ণ শিসের আওয়াজ শুরু হলো। যেন সিগনালকে বাধা দিচ্ছে কিছু। মাইক্রোফোন নামিয়ে রাখল রানা। চাইল রাফায়লার দিকে। এবার কী? কোনও বাটন টিপতে হবে?

কয়েকটা সুইচ টিপল মেয়েটি। না, আপনাকে কিছু করতে হবে না।

সোলার ফ্লেয়ার? ঠিক সময় বের করতে পারেননি?

তা নয়, আপত্তি নিয়ে বলল রাফায়লা।

কিছুই ঘটছে না। শুধু কানে কনকনে আওয়াজ।

মেয়েটা যা-ই করুক, রেডিয়ো ঠিক হচ্ছে না। উঁচু পর্দার আওয়াজ থামছে না। কিছুক্ষণ পর রাফায়লা বলল, কী যেন হয়েছে। এটা ফ্লেয়ারের কারণে হচ্ছে না। অন্য কিছু। মনে হচ্ছে ইলেকট্রনিক। কেউ গলা টিপে ধরছে জ্যামার দিয়ে…

কথাটা শুনে চমকে গেছে রানা।

জ্যামিং করছে?

ম্যাকমার্ডো আর আমাদের মাঝে কেউ তা-ই করছে। সিগনাল পাঠাতে দিচ্ছে না।

স্যর… কোথেকে যেন ভেসে এল একটি কণ্ঠ।

ঘুরে চাইল রানা। দরজার কাছে নাজমুল।

কী?

স্যর, এটা দেখুন, বামহাত বাড়িয়ে দিয়েছে তরুণ।

হোভারক্রাফটের পোর্টেবল ভিউনি, কিছুক্ষণ আগে ওটা দেখেছে রানা। ছোট টিভি পর্দার মত। তথ্য পাঠিয়ে চলেছে হোভারক্রাফটের রেঞ্জফাইণ্ডার।

রেডিয়ো রুমের শেষপ্রান্তে রানার সামনে পৌঁছে গেল নাজমুল। মনিটর নিয়ে চোখ বোলাল রানা, পরক্ষণে চমকে গেল। সর্বনাশ!

স্ক্রিনে বেশ কয়েকটা লাল বিন্দু। বিশটার কম হবে না।

বিশটা শত্রুযান এলে…

সব আসছে উইলকক্স আইস স্টেশনের দিকে!

থমকে গেছে রানা, আর ঠিক তখনই শুনল ওই কণ্ঠ। শুকনো কাঠের মত শুকিয়ে গেল ওর গলা। গমগম করছে রেডিয়ো রুম। ওই কথা যেন আসছে স্বয়ং স্রষ্টার তরফ থেকে।

উইলকক্স আইস স্টেশন, শোনো… নাটকীয় চর্চিত কণ্ঠ: উইলকক্স আইস স্টেশনের তোমরা ভালভাবে মন দিয়ে শোনো: এরই ভিতর জেনেছ, তোমাদেরকে ম্যাকমার্ডো স্টেশনে সিগনাল পাঠাতে দেয়া হচ্ছে না। কাজেই সে চেষ্টা করে লাভ নেই। এখন ভাল করবে যার যার অস্ত্র নামিয়ে রাখলে। কারণ আমরা যখন আসব, কারও সঙ্গে অস্ত্র থাকলে, বাধ্য হয়ে তাকে বা তাদেরকে মেরে ফেলব। লেডিজ অ্যাণ্ড জেন্টলমেন, তোমাদেরকে মেরে ফেলতে আমার ভীষণ কষ্ট হবে।

বিস্ফারিত হয়েছে রানার দুই চোখ। ওই কণ্ঠ ওর খুব চেনা। আর ওই ইংরেজি উচ্চারণ!

এই কিছুদিন আগেও ট্রেইনিং নিয়েছে ওই মস্ত গুরুর কাছ থেকে!

        ওই কণ্ঠ এসএএসের কমাণ্ডার, মেজর জেনারেল জুলিয়াস বি. গুণ্ডারসনের!

<

Super User