বলছে সবাইকে মেরে ফেলবে, বিড়বিড় করে বলল কর্পোরাল নাজমুল।
স্যর, ওরা কখন পৌঁছবে? জানতে চাইল সার্জেন্ট হোসেন আরাফাত দবির।
জবাব দিল না রানা। ওর সন্দেহ নেই, ওই কণ্ঠ এসএএসের কমাণ্ডার, মেজর জেনারেল জুলিয়াস বি. গুণ্ডারসনের! পোর্টেবল ভিউস্ক্রিনে আঠার মত সেঁটে আছে ওর চোখ। স্ক্রিনের নীচের দিকে চাইল। ছোট বক্সের ভিতর সরু রেখা দিয়ে তৈরি হোভারক্রাফট, একটু একটু নড়ছে। নীচে লেখা: বেল টেক্সট্রন সিরিয়াল নং-এন৭-এস–ল্যাণ্ডিং ক্রাফট এয়ার কুশণ্ড (ইউকে)।
এসএএস…অবিশ্বাস নিয়ে বলল নাজমুল। ওরা কেন?
আমরা এখনও মরিনি, গম্ভীর স্বরে বলল হোসেন আরাফাত দবির।
কিন্তু প্রায় মরেই গেছি, মনে মনে বলল রানা। দবিরের দিকে চাইল। ওরা চৌত্রিশ মাইল দূরে। আশি মাইল বেগে আসছে।
সাহায্য করতে যে আসছে না, তা বুঝতে পারছি, বলল দবির।
রানা হিসাব কষতে শুরু করেছে: চৌত্রিশ মাইল দূরে, আশি মাইল বেগে…
তার মানে ছাব্বিশ মিনিট, চট করে বলে দিল রাফায়লা।
শালার কপাল, বিড়বিড় করল দবির।
নীরব হয়ে গেছে ঘর। কেউ কিছু বলছে না।
কানের কাছে নাজমুলের দম ফেলবার আওয়াজ পাচ্ছে রানা। সবাই চেয়ে আছে ওর দিকে।
বড় করে শ্বাস নিল রানা, শান্ত করতে চাইছে মনকে। নতুন করে হিসাব কষতে শুরু করেছে। এসএএস–ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস, দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক স্পেশাল ফোর্স! ওই দলের লোক আসছে উইলকক্স আইস স্টেশন লক্ষ্য করে।
নেতৃত্বে মেজর জেনারেল জুলিয়াস বি. গুণ্ডারসন, উনিই নিজে ওকে শিখিয়েছেন কেমন হওয়া উচিত কভার্ট ইনকারশনারি ওয়ারফেয়ার। বছরের পর বছর এসএএসের চিফ, আজ পর্যন্ত কখনও কোনও মিশনে ব্যর্থ হননি।
তার চেয়ে ঢের খারাপ কথা: উনি জ্যাম করে দিয়েছেন ওর রেডিয়ো, চাইলেও ম্যাকমার্জোয় খবর পাঠাতে পারবে না। তার মানেই, ফ্রেঞ্চ রণতরীকে ঠেকাবার কেউ নেই। স্টেশনের উপর নামবে নিউক্লিয়ার টিপড মিসাইল!
স্টপওয়াচ দেখল রানা।
২:০২:৩৫
২:০২:৩৬
২:০২:৩৭
এক ঘণ্টাও নেই, তার আগেই মিসাইল লঞ্চ করবে ফ্রেঞ্চরা।
বড় জলদি সব ঘটছে। আবারও রেঞ্জফাইণ্ডার ভিউস্ক্রিন দেখল রানা। ওদের দিকে ভোমরার মত আসছে ব্রিটিশ হোভারক্রাফট।
কমপক্ষে বিশটা!
প্রতিটার ভিতর দুই থেকে তিনজন।
তার মানেই, কম করে হলেও পঞ্চাশজন কমাণ্ডো!
ওর দলে কজন?
রানার মনে হলো: শুধুমাত্র লেংটি পরে বিশাল জনসভায় বক্তৃতা দিতে উঠেছে ও! শুধু তা-ই নয়, ও আসলে জনম বোবা!
আবার হিসাব কষতে শুরু করেছে রানা: স্টেশনের ভিতর ওর দলে তিনজন, পাতাল-গুহায় আরও তিনজন। গুদাম-ঘরে আহত নিশাত সুলতানা। আর ই-ডেকে খুঁটিত আটকে রেখেছে বিশ্বাসঘাতক পল সিংগারকে।
ভীষণ শুকিয়ে গেল রানার গলা।
এখন আত্মহত্যা করবার জন্য লড়বে, না পালাতে শুরু করবে?
একবার ম্যাকমার্ডো পৌঁছুতে পারলে…
ওদের হাতে অন্য কোনও উপায় আছে?
না, নেই।
চুপ করে আছে সবাই।
ঠিক আছে, আমরা খুব শীঘি রওনা হব, বলল রানা।
ই-ডেকের বরফ-ঠাণ্ডা প্ল্যাটফর্মে রানা নামতেই ধপ আওয়াজ হলো। ডেক পেরিয়ে দক্ষিণ টানেলের দিকে চলেছে।
হঠাৎ কী হলো? একপাশ থেকে জানতে চাইল পল সিংগার। কোনও সমস্যা?
হ্যাণ্ডকাফ পরা সৈনিকের সামনে থামল রানা। খুঁটির নীচে পা ছড়িয়ে বসেছে দুই ফ্রেঞ্চ বিজ্ঞানী। ক্লান্ত চোখে রানাকে দেখছে।
আগেই নিজের লোক মেরে সাফ করতে গিয়ে মস্ত ভুল করেছ, ভাইপারকে বলল রানা। আগে নিশ্চিত হওয়া উচিত ছিল স্টেশন দখলে রাখতে পারবে। ব্রিটিশদের বিশটা হোভারক্রাফট আসছে, পৌঁছবে তেইশ মিনিট পর।
কোনও বিকার দেখা গেল না লোকটার চোখে।
ওরা যখন আসবে, সম্বর্ধনার জন্য তুমি থাকছু, হাঁটতে শুরু করেছে রানা।
আমাকে ফেলে য়াবেন? অবিশ্বাস নিয়ে বলল সিংগার।
হ্যাঁ।
কেন? আমার সাহায্য আপনার দরকার।
চট করে ঘড়ি দেখে নিল রানা। বাইশ মিনিট পর হাজির হবে এসএএস প্লাটুন।
দক্ষিণ টানেলের মুখে পৌঁছে বলল রানা, জুলিয়াস বি. গুণ্ডারসনকে অভ্যর্থনা দিয়ো। হনহন করে হেঁটে চলেছে, টানেল ধরে সামনে বেড়ে পৌঁছে গেল নিশাতের গুদাম-ঘরের দরজায়।
চেয়ারে পিঠ ঠেকিয়ে বসেছে নিশাত সুলতানা। মুখ তুলে রানাকে দেখল, কোনও সমস্যা, স্যর?
আপনাকে সরিয়ে নিতে হবে।
কী হয়েছে?
আমেরিকার সেরা মিত্র চোখ উল্টে নিয়েছে। স্টেশন দখল করতে আসছে এসএএস।
কতজন, স্যর?
বিশটা হোভারক্রাফট।
কপাল! বিড়বিড় করল নিশাত।
আপা, নড়তে পারবেন? নিশাতের পাশে পৌঁছে গেছে রানা, গুছিয়ে তুলছে ফ্লুইড ব্যাগ ও ইন্ট্রাভেনাস ড্রিপ।
কখন আসবে, স্যর?
চট করে ঘড়ি দেখে নিল রানা। আর বিশ মিনিট পর।
বিশ মিনিট, ভোতা শোনাল নিশাতের কণ্ঠ।
ওর পিছন থেকে দুই ফ্লুইড লাইন তুলে নিল রানা।
স্যর, একমিনিট।
কাজ থামিয়ে ওর দিকে চাইল রানা।
বাদ দিন, নরম স্বরে বলল নিশাত।
বুঝলাম না।
স্টেশন ছেড়ে বেরিয়ে যান, বলল নিশাত। দেরি করবেন। আমরা দলে বিশজন থাকলেও এসএএস কমাণ্ডোদের প্লাটুন ঠেকাতে পারতাম না।
আপা…
ওরা রেগুলার ট্রপ নয়, প্রশিক্ষিত খুনি। খুন করাই কাজ। শত্রু এলাকায় কাউকে দেখামাত্র হত্যা করে, কাউকে বন্দি করে না। কোনও প্রশ্নও করে না। চুপ হয়ে গেল নিশাত। কয়েক সেকেণ্ড পর বলল, আপনি এসব জানেন, স্যর। স্টেশন থেকে বেরিয়ে যান।
যাব।
আমার মত লেংড়ি আপনার গতি কমিয়ে দেবে। ওদের ব্লকেড পেরুতে হলে দ্রুত চলতে পারে এমন লোক লাগবে।
আপনাকে ফেলে যাব না, আপা।
যেভাবে হোক আপনাকে ম্যাকমাৰ্ডোয় পৌঁছুতে হবে, নইলে আমেরিকান ফোর্স পাশে পাবেন না।
পেয়েই বা কী হবে?
তারপর ফিরবেন, উদোম ন্যাঙটো করে ছাড়বেন ব্রিটিশের বাচ্চাগুলোকে।
নিশাতের চোখে চাইল রানা।
পাল্টা নিস্পলক চেয়ে আছে নিশাত। যান, স্যর, নরম স্বরে বলল, ফাঁদ থেকে বেরিয়ে যান। আমি ঠিকই থাকব।
চুপ করে দাঁড়িয়ে আছে রানা।
বড় আপার কথা শুনতে হয়! গম্ভীর স্বরে বলল নিশাত।
দেরি করা ঠিক হচ্ছে না, রানা। আমি লুকিয়ে থাকব।
আস্তে করে মাথা উঁচু-নিচু করল রানা। আমি আবারও ফিরব, আপা। আমার জন্য অপেক্ষা করবেন।
নিশ্চয়ই, ভাই।
ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল রানা।
<