গর্জে উঠেছে হোভারক্রাফটের ইঞ্জিন। ড্রাইভিং সিটে বসে মেঝের সঙ্গে অ্যাক্সেলারেটার টিপে ধরেছে নাজমুল। টেকোমিটারের কাঁটা ছুঁই-ছুঁই করছে ৬,০০০ আরপিএম।

এক সেকেণ্ড পর নাজমুলের পাশে, জমাট তুষারে থামতে শুরু করল দ্বিতীয় মেরিন হোভারক্রাফট, এখনও পিছলে চলেছে।

নাজমুলের রেডিয়োতে শোনা গেল হোসেন আরাফাত দবিরের কণ্ঠ: আর পনেরো মিনিট, বাছা। চলো মেইন বিল্ডিঙের কাছে, সবাইকে তুলে নিতে হবে।

.

বি-ডেকের ভিতর দিকের টানেলে হেঁটে চলেছে রানা, চট করে দেখে নিল হাতঘড়ি। আর মাত্র পনেরো মিনিট!

তিশা, শুনছ? হেলমেট মাইকে বলল রানা। মাইক্রোফোনের উপর হাত রেখে গলা ছাড়ল: এবার সবাই চলুন।

উইলকক্স আইস স্টেশনের বাসিন্দা বলতে তিন বিজ্ঞানী হ্যাভেনপোর্ট, টমসন ও হ্যারি। যে যার ঘর থেকে বেরিয়ে এসেছে তারা।

রানাকে এক ছুটে পাশ কাটাল হ্যাভেনপোর্ট ও হ্যারি, পরনে কালো, পুরু উইণ্ডব্রেকার। চলেছে সেন্ট্রাল শাফটের দিকে।

রানা হঠাৎ করেই শুনল তিশার কণ্ঠ: স্যর, তিশা। আপনি বিশ্বাস করবেন না নীচে কী ঘটেছে।

তুমিও বিশ্বাস করবে না উপরে কী ঘটছে, বলল রানা। আপাতত শুনবার সময় নেই, তিশা। সামনে বিরাট ঝামেলা। এই স্টেশনে আসছে এক প্লাটুন এসএএস কমাণ্ডে। চোদ্দ মিনিট পর পৌঁছবে।

হায় আল্লা! আপনি কী করবেন, স্যর?

এখান থেকে বেরিয়ে যাব। এ ছাড়া কোনও উপায়ও নেই। যেভাবে হোক যেতে হবে ম্যাকমার্ডোতে, ওখান থেকে সৈনিক নিয়ে ফিরব।

নীচে আমরা কী করব, স্যর?

ওখানেই থাকবে। পুলের ধারে। কেউ উঠে এলে গুলি করে ফেলে দেবে। চারপাশ দেখে নিল রানা। কোথাও নেই মেরি। পরে তোমার সঙ্গে কথা হবে, তিশা, বিমর্ষ শোনাল রানার কণ্ঠ।

সাবধান থাকবেন, স্যর।

তোমরাও সতর্ক থেকো। আউট। চরকির মত ঘুরে দাঁড়াল রানা। মেয়েটা গেল কোথায়!

কেউ জবাব দিল না। এইমাত্র যার যার ঘর থেকে ফিরেছে রাফায়লা ও টমসন, ব্যস্ত হয়ে পারকা পরছে। পকেটে গুজছে দরকারী কাগজ।

রাফায়লা, মেরি ভিসার কোথায়? জানতে চাইল রানা।

মনে হয় ঘরে ফিরেছে।

ওর ঘর কোনটা?

সুড়ঙ্গের আরেক দিকে, সামনের বামদিকের দরজা, বলল রাফায়লা।

তীরের মত ছুটতে শুরু করেছে রানা।

আর মাত্র বারো মিনিট!

বামদিকের দরজা পেয়েই ঝট করে খুলল ও।

শোবার ঘর। কেউ নেই।

দ্বিতীয় দরজা। ওটা তালা বদ্ধ। দরজার উপর তিনটে রিঙের মাঝে বায়োহাযার্ড সাইন। বায়োটক্সিন ল্যাব। এর ভিতর মেরি থাকবে না।

তৃতীয় দরজা। দড়াম করে কবাট খুলল রানা। ওখানেই থমকে গেল।

আগে এ ঘরে আসেনি। জায়গাটা ওয়ার্ক-ইন ফ্রিযার, খাবার রাখা হয় এসব ফ্রিযে। কিন্তু এখন ওই কাজে ব্যবহার করা হচ্ছে না। ফ্রিযার রুমের ভিতর অন্য কিছু।

মেঝেতে। তিনটে দেহ।

কেভিন হাক্সলে, জর্জ মারফি এবং হলিডে স্যাম্পসন। চিত হয়ে পড়ে আছে। মুখ রক্তাক্ত।

লড়াই শেষে দলের সবাইকে বলেছে রানা, কোনও ফ্রিযারে ওদের সহযোদ্ধাদের লাশ রাখতে হবে। পরে সুযোগ পেলে কবর দিতে হবে। এটাই সেই ফ্রিযার রুম।

কিন্তু ফ্রিযার রুমে চতুর্থ এক মৃতদেহ। হলিডের পাশে। বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে তার মুখ।

ভুরু কুঁচকে গেল রানার।

চতুর্থ মৃতদেহ?

ফ্রেঞ্চ কমাণ্ডো হতে পারে না। যেখানে মরেছে, এখনও সেখানেই পড়ে আছে তারা। তা হলে এ…

হঠাৎ মনে পড়ল রানার।

চার্লস মুন।

ডক্টর চার্লস মুন।

ওরা এই স্টেশনের এসে শুনেছে, কয়েক দিন আগে এই লোককে খুন করেছে বাঙালি বিজ্ঞানী রাশেদ হাবিব। অন্য বিজ্ঞানীরা এর লাশ রেখে গেছে এই ঘরে।

ঘড়ি দেখল রানা।

আর মাত্র এগারো মিনিট।

ওর মনে পড়ল, রাশেদ হাবিবের ঘরে জ্ঞান ফিরবার পর, লোকটা ওকে অদ্ভুত এক অনুরোধ করেছিল। বলেছিল, যদি সুযোগ হয়, মুনের লাশ দেখবেন। বিশেষ করে জিভ ও চোখ।

কেন দেখতে হবে মৃতের জিভ ও চোখ, তখন ভাবেনি রানা। কিন্তু জোর দিয়ে বলেছিল হাবিব, এ থেকে প্রমাণ হবে সে খুন করেনি।

আর মাত্র সাড়ে দশ মিনিট।

হাতে সময় নেই।

স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে।

কিন্তু রাশেদ হাবিব ওর প্রাণ বাঁচিয়েছে

দেরি না করে ফ্রিযার রুমে ঢুকে পড়ল রানা, এক হাঁটু গেড়ে বসল বস্তার পাশে। সরিয়ে দিল বস্তা।

ঠাণ্ডা অপলক চোখে রানার দিকে চেয়ে আছে চার্লস মুন। কচ্ছপের চোখের মত অস্বচ্ছ চাহনি, প্রাণ নেই তাতে। বিশ্রী চেহারার লোক ছিল সে। মোটা, মাথা ভরা টাক ফুলে ওঠা থলথলে মুখ। ত্বক হাড়ের মত সাদা।

সময় নষ্ট করল না রানা, চট করে পরীক্ষা করল চোখ।

টকটকে লাল, যেন চোখ থেকে ছিটকে বেরুচ্ছে রক্তিম আগুন। কোনও ড্রাগনের চোখ এমন হতে পারে।

লাশের মুখে মনোযোগ দিল রানা। চোয়াল খুলবার চেষ্টা করল, খুব শক্ত করে বন্ধ মুখ।

আরেকটু ঝুঁকে গেল রানা, দুহাতে খুলতে চাইল চোয়াল। চাপ দিতে খুব ধীরে খুলল মুখ।

এহহে, মুখ কুঁচকে ফেলল রানা। বমি পেয়ে গেছে।

চার্লস মুন দাঁত দিয়ে কেটে দুই টুকরো করে ফেলেছে জিভ।

মরবার আগে যে কারণেই হোক, ভয়ঙ্কর কামড় দিয়েছে জিভের উপর। চোয়াল খুলবার আগে দাঁতে দাঁত খিচে ছিল।

আর মাত্র দশ মিনিট!

যথেষ্ট হয়েছে, আর সময় নেই।

লাফ দিয়ে উঠে দাঁড়াল রানা, বেরুবে দরজা দিয়ে, কিন্তু তার আগে মৃত মেরিন জর্জ মারফির হেলমেট তুলে নিল মেঝে থেকে, বেরিয়ে এল টানেলে।

ওদিক থেকে ছুটে আসছে মেরি ভিসার।

পারকা আনতে দেরি হলো, দুঃখপ্রকাশ করল। অন্যটা ভিজে গেছে তো…

জলদি চলো, মেয়েটির হাত ধরল রানা, হালকা পায়ে ছুটতে শুরু করেছে।

সুড়ঙ্গে বাঁক নিতেই দূরে দেখা গেল সেন্ট্রাল শাফট। পিছন থেকে কে যেন চেঁচিয়ে উঠল: ওরে ভাই, আমাকে ফেলে যাবেন না!

ঘুরে চাইল রানা। রাশেদ হাবিব। খাটো–পাদুটো উড়িয়ে আনছে তাকে। পরনে নীল, ভারী পারকা। বগলের নীচে মোটা বই।

ওটা দিয়ে কী করবেন? জলদি!

এই বই না থাকলে মরব রে, ভাই, বামহাতে বগলের বই দেখাল সে। পাঁচ সেকেণ্ড পেরুবার আগেই রানাকে পাশ কাটাল সে, মেরির কথা ভুলে উড়ে চলেছে।

দেরি না করে তার পিছু নিল রানা ও মেরি।

বই দিয়ে কী করবেন? জানতে চাইল রানা।

এটাই আমার প্রমাণ, আমি আসলে নিরপরাধ!

উইলকক্স আইস স্টেশনের বাইরে দিগন্ত থেকে আরেক দিগন্তে কাত হয়ে শোঁ-শোঁ আওয়াজে ছুটছে ধবল তুষার।

মেইন বিল্ডিং থেকে বেরিয়ে সমতলে ঝড়ের ভিতর উঠে এল রানা। সঙ্গে পিচ্চি মেরি ভিসার ও বিজ্ঞানী রাশেদ হাবিব।

আর মাত্র আট মিনিট, তারপর হাজির হবে এসএএস ফোর্স।

মেইন বিল্ডিঙের সামনে মেরিনদের দুই হোভারক্রাফট। বিশাল দুই যানের পাশে কর্পোরাল নাজমুল ও সার্জেন্ট হোসেন আরাফাত দবির, প্রায় ধাক্কা দিয়ে সবাইকে তুলছে নাজমুলের হোভারক্রাফটে।

সহজ প্ল্যান করেছে রানা।

নাজমুলের হোভারক্রাফট হবে যাত্রীবাহী। ওটাতে উঠবে ছয়জন। অর্থাৎ, উইলকক্স আইস স্টেশনের প্রত্যেকে। রাফায়লা ম্যাকানটায়ার, হ্যাভেনপোর্ট, টমসন, হ্যারি, মেরি ভিসার এবং ড্রাইভার নাজমুল।

সার্জেন্ট দবির ও রানার সঙ্গে থাকবে শটগান, ওরা পাহারা দেবে যাত্রীবাহী হোভারক্রাফটকে। সোজা পুবে ছুটবে, দৌড়ে হারাতে চাইবে এসএএসের হোভারক্রাফটকে।

দ্বিতীয় মেরিন হোভারক্রাফট ড্রাইভ করবে দবির, এদিকে ফ্রেঞ্চ কমলা হোভারক্রাফট চালাবে রানা। ঠিক করেছে, ওর সঙ্গে নেবে বাঙালি বিজ্ঞানী রাশেদ হাবিবকে।

নাজমুলকে হোভারক্রাফটের স্লাইডিং দরজা বন্ধ করতে দেখল রানা। লাফ দিয়ে নিজের হোভারক্রাফটের স্কার্টে উঠল দবির, হারিয়ে গেল কেবিনের ভিতর। তিন সেকেণ্ড পর আবারও বেরুল কালো এক মস্ত স্যামসোনাইট ট্রাঙ্ক নিয়ে, তুষারের ভিতর দিয়ে টেনে আনছে রানার দিকে। ধপ করে পাশে ফেলল। . এই যে আপনার পোকা মারার ওষুধ, স্যর! বলেই ছুট দিয়েছে নিজ হোভারক্রাফটের উদ্দেশে।

এই যে, হাবিব! তাড়া দিল রানা, জলদি!

লোকটার হাতে ফ্রিযার রুম থেকে আনা হেলমেট ধরিয়ে দিল ও। নিজে ধরল স্যামসোনাইট ট্রাঙ্কের টানা হাতল, টেনে নিয়ে চলেছে ওটা হোভারক্রাফট লক্ষ্য করে।

তুষারের ভিতর মেইন এন্ট্রান্সের সামনে নিথর ফ্রেঞ্চ যান।

আর মাত্র সাত মিনিট, এরপর পৌঁছুবে এসএএস ফোর্স।

ট্রাঙ্ক রেখে লাফ দিয়ে কমলা হোভারক্রাফটের স্কার্টে উঠল রানা, টান দিয়ে খুলে ফেলল স্লাইডিং ডোের। তুলে ধরুন আমার দিকে!

প্রাণপণ চেষ্টায় স্যামসোনাইট উঁচু করেছে বিজ্ঞানী, তার হাত থেকে ভারী জিনিসটা নিল রানা, ছুঁড়ে ফেলল ভিতরে। দেরি না করে কেবিন পেরিয়ে ধপ করে বসল ড্রাইভিং সিটে। গাড়িতে উঠে স্লাইডিং ডোর বন্ধ করে দিয়েছে হাবিব।

রানা ইগনিশনে চাবির কান মুচড়ে দিতেই গর্জন ছাড়ল ইঞ্জিন। হোভারক্রাফটের পিছনে ঘুরতে শুরু করেছে সাত ফুটি বিশাল ফ্যান। গতি আরও বাড়ছে, কয়েক সেকেণ্ড পর হয়ে উঠল পুরনো কোনও বাইপ্লেনের প্রপেলারের মত। তিন সেকেণ্ড পর ওভারড্রাইভ করল, দেখা গেল না পাখা, রইল শুধু আবছা ঘুরন্ত কী যেন।

হোভারক্রাফটের কালো রাবারের স্কার্টের নীচে চালু হয়েছে চারটে টার্বোফ্যান। ধীরে তুষার থেকে উঠে এল মস্ত ওই হোভারক্রাফট, বেলুনের মত ফুলে উঠল স্কার্ট।

কমলা যন্ত্রদানব ঘুরিয়ে নিল রানা, চলে গেল মেরিনদের সাদা দুই হোভারক্রাফটের পাশে। ড্রাইভাররা একইদিকে তাক করেছে। সব কটার মুখ, সাগরকে পাশে রেখে ছুটবে ম্যাকমার্ডো স্টেশন লক্ষ্য করে।

রিইনফোর্সড উইণ্ডস্ক্রিনের ভিতর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিগন্তে চাইল রানা। ওদিকে জ্বলজ্বলে ভুতুড়ে কমলা আলো। তার ভিতর কালো সব ছায়া। কালো সব বাক্স, নীচের দিকে গোলাকৃতি কী যেন। নীচ থেকে উড়ছে ধুলোর মত কিছু।

ব্রিটিশ হোভারক্রাফট। উইলকক্স আইস স্টেশনের কাছে পৌঁছে গেছে।

এবার রওনা দাও, হেলমেট মাইকে বলল রানা।

একইসঙ্গে ছুটতে শুরু করল তিন হোভারক্রাফট। খুব দ্রুত গতিবেগ উঠল আশি মাইলে।

পিছনে পড়ছে বরফ-জমিন। তীব্র গতি তুলে চলেছে রানাদের হোভারক্রাফট। নাজমুলের দুপাশে রানা ও দবির। লক্ষ্য পুবের ম্যাকমার্ডো স্টেশন। পাশেই আকাশ-ছোঁয়া ক্লিফ, ওপাশে অনেক নীচে উথাল-পাতাল উপসাগর। দুপাশে বরফ ছাওয়া প্রান্তর। কিন্তু মাঝের এই এক মাইল, সাগর পেরুনো অসম্ভব। ওদিকের জমিতে যেতে হলে পেরুতে হবে কমপক্ষে আট মাইল। ক্লিফের গোড়ায় আছড়ে পড়ছে দক্ষিণ সাগরীয় দানবীয় ঢেউ।

প্রচণ্ড গতি তুলে ছুটছে তিন হোভারক্রাফট, চট করে পিছন দিক দেখে নিল রানা। পশ্চিম-দক্ষিণ থেকে উইলকক্স আইস স্টেশনের কাছে পৌঁছে গেছে ব্রিটিশ হোভারক্রাফট বহর।

এরা অস্ট্রেলিয়ানদের কোনও স্টেশনে নেমেছে, হেলমেট ইন্টারকমে বলল রানা। ধারণা করছে, কেইসি স্টেশন থেকেই এসেছে। ওটা সবচেয়ে কাছে, উইলকক্স স্টেশন থেকে সাত শ মাইল দূরে।

চুতিয়া অস্ট্রেলিয়ান, মুখ ফস্কে বলে ফেলল দবির। পরক্ষণে তার খুকখুক কাশির আওয়াজ পাওয়া গেল।

.

মাত্র পাঁচ মাইল দূরে নীরব এক আমেরিকান বেল টেক্সট্রন সিরিয়াল নং. ৭-এস হোভারক্রাফটের রিইনফোর্সড উইণ্ডশিল্ডের ওপাশ থেকে চেয়ে আছে এসএএস কমাণ্ডার, মেজর জেনারেল জুলিয়াস বি. গুণ্ডারসন।

দীর্ঘদেহী লোক সে, যেন লোহা পেটা শরীর, পুরো মাথা কামানো, থুতনিতে ছোরার মত দাড়ি। বয়স মাত্র ছাপান্ন। ঠাণ্ডা চোখে চেয়ে আছে সে দূরে, তা হলে ভাগছে, মাসুদ রানা, আনমনে বলল। বাহ্, নিজেকে চালাক ভাবছে?

পুবে চলেছে, স্যর, গুণ্ডারসনের পাশের রেডিয়ো কপোল থেকে বলল তরুণ এসএএস কর্পোরাল। উপকূল ঘেঁষে।

ওদের পিছনে আটটা ক্রাফট পাঠাও, নির্দেশ দিল গুণ্ডারসন। ওদের একজনও যেন বাঁচতে না পারে। অন্যরা প্ল্যান অনুযায়ী স্টেশনে ঢুকবে।

জী, স্যর।

<

Super User