ই-ডেকের গুদাম-ঘরে ঠাণ্ডা বরফ-দেয়ালে মাথা রেখে বসে আছে নিশাত সুলতানা, বুজে রেখেছে চোখ দুটো। আধ ঘণ্টা হলো কেউ ওকে দেখতে আসেনি। ওর মন বলছে: একটু পর চলে আসবে হোসেন আরাফাত দবির। কনকনে ব্যথা শুরু হয়েছে ছেড়া হাঁটুতে, আরেক ডোজ মেথাডন দেয়া দরকার।
বড় করে শ্বাস ফেলল নিশাত, ব্যথা থেকে সরিয়ে রাখতে চাইছে মনকে। কিন্তু কিছুক্ষণ পর কেমন যেন করে উঠল মন। এই ঘরে অন্য কেউ আছে।
আস্তে করে চোখ মেলল নিশাত। দরজার সামনে এসে দাঁড়িয়েছে কে যেন।
একটা লোক। মেরিনদের পোশাক পরা।
চুপ করে দাঁড়িয়ে আছে। যেন পাথরের মূর্তি। ছায়ার কারণে মুখ দেখা গেল না। একটা কথাও বলছে না।
দবির? আস্তে করে সোজা হয়ে বসল নিশাত। দেখতে চাইছে কে এসেছে।
এক মুহূর্ত পর চমকে গেল। দবির না।
যে এসেছে সে দবিরের চেয়ে লম্বা, আরও পোক্ত শরীর।
লোকটা একটা কথাও বলছে না। চুপ করে দাঁড়িয়ে আছে। অন্ধকার থেকে চেয়ে আছে নিশাতের দিকে। কয়েক সেকেণ্ড পর নিশাত বুঝল, এই লোক কে হতে পারে।
ভাইপার, বলল। কী হয়েছে? কথা বলছেন না কেন?
দরজা থেকে সরল না পল সিংগার। নিষ্কল্প চোখে দেখছে নিশাতকে। কয়েক মুহূর্ত পর বলে উঠল, কিন্তু ঠোঁট নাড়া দেখা গেল না। নিচু কণ্ঠ, কর্কশ, আমি দবিরের বদলে এসেছি। আপনার ব্যবস্থা করছি।
ভাল হলো, বলল নিশাত, আরও সোজা হয়ে বসল। সত্যি আরেক ডোজ মেথাডন খুব দরকার।
দরজা থেকে নড়ল না ভাইপার।
ভুরু কুঁচকে গেল নিশাতের। কী হলো? জানতে চাইল। দেরি করছেন কেন? আপনাকে সাদর আমন্ত্রণ জানাতে হবে?
না, ঠাণ্ডা স্বরে বলল লোকটা। গুদাম-ঘরে এসে ঢুকল।
বিস্ফারিত হয়ে গেল নিশাতের দুই চোখ। করিডোরের আলো এসে পড়েছে লোকটার উপর। হাতে একটা ছোরা!
বরফ-দেয়ালে ঢুকে যেতে চাইল নিশাত। ভাইপারের হাতের ছোরা মেরিনদের বাউয়ি নাইফ। কী করতে চান, ভাইপার?
আমি দুঃখিত, ম্যাডাম, শীতল কণ্ঠে বলল লোকটা। আপনি ভাল সৈনিক, কিন্তু ভুল যুদ্ধে এসেছেন।
তার মানে কী?
কাছে চলে এসেছে ভাইপার। তার ছোরার উপর আঠার মত আটকে গেছে নিশাতের চোখ।
ন্যাশনাল সিকিউরিটি, ম্যাডাম, বলল সিংগার। জাতীয় স্বার্থে…
ন্যাশনাল সিকিউরিটি? ঢোক গিলল নিশাত। এসব আবার কী বলছেন?
সরু ঠোঁটে দেখা দিল হাসি, পৈশাচিকভাবে হাসছে সিংগার। আরে ম্যাডাম, বুঝলেন না? এসব তো আপনাদের আর্মতেও থাকার কথা। অনেক কাহিনি তো শুনবার কথা। আপনি বুঝতে পারছেন না আমি কে?
একটা পিশাচ, একটা রক্তপিশাচ, বলল নিশাত। এক চোখ রেখেছে নিজের হেলমেটের উপর। ওটা আছে ওর এবং ভাইপারের মাঝে। উল্টো হয়ে পড়ে আছে। মাইক্রোফোন তাক করা উপরের দিকে।
আস্তে করে বেল্টের দিকে ডানহাত নামিয়ে দিল নিশাত।
যা করতেই হবে, তাতে আমরা দেরি করি না, বলল ভাইপার।
আপনি কী করতে চান? বেল্টের বাটন টিপে চালু করে দিল নিশাত হেলমেট মাইক।
বি-ডেকে রাশেদ হাবিবের ঘরে বডি আর্মার পরে নিয়েছে রানা, দ্রুত হাতে তুলে নিচ্ছে অস্ত্র। পিস্তল চলে গেছে কোমরের হোলস্টারে, গোড়ালির খাপের ভিতর ছোরা, কাঁধের হোলস্টারে এমপি-৫। এবার পিঠে ঝুলিয়ে নিল ম্যাগহুক। মাথার উপর চাপিয়ে নিল হেলমেট। আর তখনই শুনতে পেল:
..জাতীয় স্বার্থে।
ভাইপার, নামিয়ে রাখুন ওই…
হঠাৎ স্ট্যাটিকের আওয়াজ শুরু হলো, আর শোনা গেল না কিছুই।
কিন্তু যা বুঝবার বুঝে গেছে রানা।
নিশাত সুলতানা আছে গুদাম-ঘরে, আর ওখানে গিয়ে ঢুকেছে পল সিংগার, ওরফে ভাইপার! ঝট করে রাশেদ হাবিবের দিকে চাইল রানা। জাদুকর হ্যারি হুডিনি, দেখিয়ে দিন কীভাবে বেরুতে হবে। পাঁচ সেকেণ্ড পাবেন, তারপর গুলি করব ঠ্যাঙে!
ওরে বাপরে! দরজার দিকে ছুট দিয়েছে বিজ্ঞানী। এত তাড়া কীসের?
পাশে ছুটতে শুরু করেছে রানাও। আমার এক অফিসারকে খুন করতে চাইছে এক আমেরিকান সৈনিক।
.
গুদাম-ঘরে নিশাতের ভাঙা হেলমেটের উপর পা রেখেছে ভাইপার। চুরমার করে দিয়েছে মাইক। ম্যাডাম, কী হয় মরলে? নরম স্বরে বলল। আমি আপনাকে বুদ্ধিমতি মনে করেছিলাম। ওই সিগনাল তো আমিও শুনতে পেয়েছি।
আপনি কেভিন হাক্সলেকে খুন করেছেন? জানতে চাইল নিশাত।
নিশ্চয়ই!
চট করে পাল্টে গেল নিশাতের সম্বোধন: তুমি কি জানো তোমার বাবার পশ্চাদ্দেশ দিয়ে বেরিয়েছ?
নিশাতের সামনে পাহাড়ের মত দাঁড়িয়ে পড়েছে সিংগার। দেয়ালে একটু সরে গেল নিশাত।
এবার মরতে হয়, ম্যাডাম, হাসি-হাসি সুরে বলল ভাইপার।
ঘোঁৎ করে উঠল নিশাত। ভাইপার, একটা কথা জানতে খুব ইচ্ছে আমার তোমার বাবার কতটা কষ্ট হয়েছিল?
কাঠ-কাঠ হাসি দিল পল সিংগার। আপনার মনে রাখতে হবে আমি অন্য জাতের। আমি আইসিজি।
.
পুরু কাঠের দরজার সামনে থেমে গেছে বিজ্ঞানী রাশেদ হাবিব, এইমাত্র রানা খেয়াল করেছে দশটি সমান্তরাল তক্তা দিয়ে তৈরি ওই দরজা।
একটা তক্তার উপর হাত রেখেছে হাবিব। বাইরের দিকে বিম, আর তাই ওদিক থেকে কেউ দেখেনি ভিতরে দরজার তক্তা কেটেছি।
সরু হয়ে গেল রানার চোখ। পরক্ষণে বুঝতে পারল। ভারী দরজার পুরু তক্তা সমান্তরাল করে কেটেছে হাবিব। বাইরের দিকে খাড়া বিম ঠিকই আছে, কিন্তু সেটাও খানিকটা কেটে ফেলা হয়েছে। ওদিক থেকে কেউ দেখলে বুঝবে না ফোপড়া করেছে দরজা।
ব্যাটার বুদ্ধি আছে, স্বীকার করে নিল রানা।
করাতের কাজ চালাতে হয়েছে স্টেক নাইফ দিয়ে, বলল হাবিব। আসলে তিনটে ছুরির বারোটা বাজিয়েছি। কঠিন তক্তা, সহজে নষ্ট হয় ছুরির ধার। ডানপাশের টেবিল থেকে একটা স্টেক ছুরি তুলে, নিল সে, খাড়া বিমের সরু ফাটলে চাড় দিল। ক্রোবারের কাজ করছে জিনিসটা। এক মুহূর্ত পর টাস্ করে খুলে এল সমান্তরাল একটা তক্তা।
ওটা আস্তে করে মেঝেতে নামিয়ে রাখল হাবিব। দরজার বুকে চৌকো একটা বাইরের বাকা টানেল দেখল রানা।
দ্রুত কাজ করছে রাশেদ হাবিব, দুই হাতে সরিয়ে নিল দ্বিতীয় তক্তা। আরও বড় হলো গর্ত। দরজার বুকে মাঝারি একটা ফোকড় তৈরি হয়েছে। পাশের খাড়া বিম সরাতে শুরু করেছে রানা, তিন সেকেণ্ড পর বেশ বড় হলো গর্ত। রাশেদ হাবিবের মত চিকন লোক বেরিয়ে যেতে পারবে।
এবার তিন পা পিছিয়ে যান, বলল রানা। নিজেও কয়েক পা পিছিয়েছে। এক পলক হাবিবকে দেখে নিয়েই দৌড় শুরু করল, ঝাপিয়ে পড়ল দরজার উপর।
জোর মড়াৎ আওয়াজ তুলে ভেঙে পড়ল কয়েকটা তক্তা। সব চারদিকে ছিটকে দিয়ে সুড়ঙ্গের মেঝেতে পড়েছে রানা। পরক্ষণে লাফ দিয়ে উঠেই ঝেড়ে দৌড় দিল। কেউ দেখলে ভাৰবে, বেচারা আমাশা রোগীর লোটা-কম্বল নিয়ে ভাগছে ছিচকে চোর!
পিছন থেকে চেঁচাল হাবিব, ভাই রে, আমার জন্য একটু অপেক্ষা করেন। আমি কী করে একা থাকব?
টানেলে বাঁক নিল রানা। কোনও ভয় নেই!
উড়ে চলেছে রানা, ওর পিছু নিল হাবিব, বিড়বিড় করে বলল, ওভাবে ঝাঁপ দিলে আমার সব কটা হাড় মুড়মুড় করে ভাঙত!
পাখির মত উড়ে চলেছে সে, বাঁক নিয়েই দূরে রানাকে দেখতে পেল।
চিতার মত ছুটছে রানা, ধুপধুপ করে লাফিয়ে চলেছে হৃৎপিণ্ড। মাথার ভিতর দপদপে ব্যথা। বামে মোড় নিল সেন্ট্রাল শাফটের দিকে। একহাজার একটা চিন্তা মনের ভিতর। যে-লোক ওকে গুলি করেছে, তার শোল্ডারপ্লেটে ভাইপারের টাটু।
ওই লোক গানারি সার্জেন্ট পল সিংগার, ওরফে ভাইপার! খুবই সম্মানিত সৈনিক, বহু বছর কাজ করেছে মেরিন কর্পসে। এ ধরনের জঘন্য কাজ কেন করছে সে? নিজ দলের আহত যোদ্ধাকে মেরে ফেলছে!
নিশাত সুলতানা এখন ই-ডেকের গুদাম-ঘরে। মেরে ফেলা হচ্ছে তাকে।
ভাইপার এরই ভিতর কেভিন হাক্সলেকে খুন করেছে। আহত তরুণ ছিল সবার ভিতর সবচেয়ে দুর্বল। আর এখন নিশাত সুলতানাকে খুন করতে গেছে ঠাণ্ডা মাথার খুনিটা। এক পা নেই নিশাতের, তার উপর মেথডন দেয়া হয়েছে, ঝিমিয়ে পড়ে থাকবার কথা। সহজেই ওকে মেরে ফেলবে সিংগার।
প্রায় উড়তে উড়তে বি-ডেকের ক্যাটওয়াকে বেরিয়ে এল রানা। ছুটতে শুরু করেছে কাছের রাং-ল্যাডারের উদ্দেশে। পাঁচ সেকেণ্ড পর পিছলে নেমে যেতে লাগল সি-ডেকে। তার দশ সেকেণ্ড পর রাং-ল্যাডার বেয়ে নেমে গেল ডি-ডেকে। পরের লেভেলে নামতে শুরু করেছে।
কয়েক মুহূর্ত পর পৌঁছে গেল ই-ডেকে। পুলের পাশ কেটে ছুটছে, চোখের কোণে দেখল ছোট সব ঢেউ এসে লাগছে ডেকের পাশে। পরক্ষণে ঢুকে পড়ল দক্ষিণ টানেলে। একটু দূরে নিশাতের গুদাম-ঘরের দরজা।
দৌড়ের গতি কমাল রানা, প্রায় নিঃশব্দে চলেছে। কাঁধের পিছন থেকে তুলে নিয়েছে ম্যাগহুক। স্টেশনের গ্যাসীয় পরিবেশে ব্যবহার করতে পারবে না পিস্তল। অস্ত্রের মত করে সামনে বাড়িয়ে ধরল ম্যাকহুক।
পৌঁছে গেল খোলা দরজার সামনে। ঘরের ভিতর দুই পা ঢুকে থমকে দাঁড়িয়ে গেল। কোমর থেকে বাগিয়ে ধরেছে ম্যাকহুক, কিন্তু ভিতরের দৃশ্য দেখে ওখানেই থমকে গেছে। অবাক হয়ে চেয়ে রইল। বিড়বিড় করে বলল, কী করে সম্ভব!
গুদামের মেঝেতে নিশাত সুলতানা ও পল সিংগার।
টানটান হয়ে বসা নিশাত সুলতানা। পিঠ ঠেকিয়ে দিয়েছে একদিকের দেয়ালে। ওর ভাল পা কাজে ব্যস্ত। পায়ের পাতা দিয়ে টিপে ধরে আছে ভাইপারের গলা। লোকটা গেঁথে আছে কাঠের শেলফের ভিতর। তাক থেকে মেঝেতে গড়িয়ে পড়েছে কয়েকটা স্কুবা ট্যাঙ্ক। নিশাতের বিশাল পায়ের পাতা চেপে ধরেছে ভাইপারের গলা, কাঠের শেলফে মাথা গুঁজে দিতে হয়েছে লোকটাকে। নিজের হোলস্টার থেকে কোল্ট অটোমেটিক পিস্তল বের করেছে নিশাত, দুই হাতে ধরেছে। অস্ত্রের নল তাক করেছে সিংগারের কপাল লক্ষ্য করে।
স্টেশনের বাতাসে গ্যাস ভাসছে বলে গুলি হলে বিস্ফোরণ হবে, কিন্তু মনে হলো এসব নিয়ে ভাবছে না নিশাত। বাম ভুরুতে দুটো কাটা চিহ্ন, নষ্ট কলের পানির মত গাল বেয়ে ফোঁটা ফোঁটা পড়ছে রক্ত। ওদিকে খেয়াল নেই নিশাতের, কঠোর চোখে চেয়ে আছে পল সিংগারের চোখে। মনে হলো চিবিয়ে খেয়ে ফেলবে লোকটাকে।
বাতিল কাগজের মত তাকের ভিতর খুঁজে আছে ভাইপার, বারকয়েক সরে যাওয়ার চেষ্টা করে থেমে গেছে। নিশাতের শারীরিক শক্তি সম্পর্কে কিছুই জানে না সে। যতবার সরতে চেয়েছে, তার কণ্ঠার উপর বেকায়দা চাপ দিয়েছে বারো নম্বরি বুট। পা দিয়ে গলা টিপে মেরে ফেলছে নিশাত লোকটাকে।
ঘরের ভিতর যেন ঝড় বয়ে গেছে। মেঝের উপর পড়ে আছে দুটো শেলফ। স্কুবা ট্যাঙ্কগুলোর মাঝে ভাইপারের বাউয়ি ছোরা দেখল রানা। রক্ত মেখে আছে ফলায়।
খুব ধীরে রানার দিকে চাইল নিশাত। দরজার কাছে থমকে গেছে রানা।
একটু আগের লড়াইয়ের ফলে ঘনঘন শ্বাস ফেলছে নিশাত, বড় করে একবার দম নিয়ে বলল, কী ব্যাপার, স্যর? আপনি কি চুপ করে দাঁড়িয়েই থাকবেন?
<