সোনালি হাতঘড়ি দেখল কর্নেল সাসকিন। ছটা সাত। এইমাত্র একটা খবর পেয়েছে সে-এক ধরনের দুঃসংবাদই বলা যায়-একটা টপোলেভ টিইউ-ওয়ানফোরফোর এয়ারলাইনার ফার্স্ট সেক্রেটারি, কে.জি.বি. চীফ, সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী, সোভিয়েত এয়ারফোর্স মার্শাল এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসারকে নিয়ে মস্কো থেকে রওনা হয়ে গেছে। আশা করা হচ্ছে ছটা তিরিশ মিনিটে বিলিয়ারস্ক এয়ারস্ট্রিপে ল্যান্ড করবে ওটা। খবরটা হতভম্ব করে দিয়েছে কর্নেলকে, রীতিমত ঘাবড়ে গেছে সে। কথা ছিল নটায় এসে পৌঁছুবেন ওঁরা, সময়টা হঠাৎ এভাবে এগিয়ে নিয়ে আসার কারণ বোধগম্য হলো না তার। কয়েকটা জরুরী কাজ বাকি রয়েছে এখনও, সেগুলো শেষ করার আগেই ওঁরা যদি এসে পড়েন, সব ওলটপালট হয়ে যাবে।
রাগে হাত-পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে হলো তার। মরুকগে।
কন্ট্রোল টাওয়ারকে সতর্ক করে দেয়া হয়েছে, এয়ারলাইনারের জন্যে অপেক্ষা করছে ওরা। রানওয়ের পাশে কয়েকটা টেবিল পাতা হয়েছে, কয়েকজন অফিসার সেখানে বসে একগাদা রিপোর্ট পরীক্ষা করছে। সর্বশেষ সার্চ সম্পন্ন হওয়ার পর। তৈরি করা হয়েছে রিপোর্টগুলো। কোন রিপোর্টেই সন্দেহজনক কিছু পাওয়া গেল না।
মুদি মোলায়েভ আর তার বউকে ধরে নিয়ে এসে বেঁধে রাখা হয়েছে বেসমেন্টের একটা সেলে। মারধর করে প্রায় শেষ করে ফেলা হয়েছে লোকটাকে, কিন্তু তবু একটা কথাও তার মুখ থেকে বের করা যায়নি এখনও। প্রথমে বউটার ওপর নির্যাতন চালানো হয়েছে স্বামীর চোখের সামনে। কোন লাভ হয়নি। আক্ষরিক অর্থেই মোলায়েভের গায়ের ছাল তুলে ফেলা হয়েছে। কয়েকজন অফিসারের শুধু শুধু সময় নষ্ট।
চেয়ার ছেড়ে উঠল সাসকিন। টেবিলের পাশে দাঁড়িয়ে ফোনের রিসিভার তুলল সে। দযেরঝিনস্কি স্ট্রীটের কমপিউটর রুমে পাওয়া গেল মেজর রোমানভকে।
রোমানভ উত্তেজিত। তার গলা কাপছে। কমরেড কর্নেল, তাকে আমরা পেয়েছি! কমরেড কর্নেল, আমার কথা শুনতে পাচ্ছেন?
জলদি, রোমানভ, চেঁচিয়ে উঠল সাসকিন। তাড়াতাড়ি, সংক্ষেপে বলো। কয়েকজন অফিসার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকাল।
সে একজন পাইলট…পিটি ডাভ, একজন ইসরায়েলি…
ইসরায়েলি? হাঁপাচ্ছে কর্নেল, চেহারায় অবিশ্বাস।
কিন্তু ট্রেনিং পেয়েছে সি.আই.এ. হেডকোয়ার্টারে। মিগ-২৫ চালাতে জানে…
কিন্তু একজন পাইলট কেন, রোমানভ? সে কি করবে…?
মিগ-৩১ সম্পর্কে কিছুই তার অজানা নেই, কমরেড কর্নেল। আমার মনে হয়…
বলছ, মিগ-৩১ হাইজ্যাক করে নিয়ে যেতে এসেছে?
না, তা সম্ভব না…
ধন্যবাদ, রোমানভ, অসংখ্য ধন্যবাদ… রিসিভারটা ছুঁড়ে ফেলে দিল সাসকিন। হুঙ্কার ছাড়ল, বাস্কি, কোথায় তুমি?
মেজর বাস্কি ছুটে এল।
গ্রেফতার করো ওদের, এখুনি! গর্জে উঠল কর্নেল। সারা শরীর কাঁপছে তার। কোইভিসতু, ইসরাফিলভ আর। করনিচয়।-হাতকড়া পরিয়ে বেসমেন্টে নিয়ে যাও। কুইক।
খারাপ খবর, কর্নেল? জানতে চাইল বাস্কি।
লোকটা পাইলট! ওরা একজন পাইলটকে পাঠিয়েছে। নিশ্চই। প্রজেক্ট এলাকার ভেতর ঢুকে পড়েছে সে। হ্যাঙ্গারে খোজো! তোমরা সবাই…না, অর্ধেক লোক গোটা বিল্ডিং সার্চ করো। যাও!
টয়লেটটা হ্যাঙ্গারের শেষ মাথায়। দরজা খুলে গেল, ভেতর থেকে। ইসরাফিলভকে বেরিয়ে আসতে দেখল কোইভিসতু। দূর থেকে। ছোট্ট দেখাল ইসরাফিলভকে-নিরীহ ভালমানুষ, কারও কোন ক্ষতি করতে জানে না। হ্যাঙ্গারের একদিক থেকে আরেক দিকে হেঁটে যাচ্ছে সে-অলসভঙ্গি, যেন কোন তাড়া নেই। ওর সাথে একজন গার্ডও ঢুকেছিল টয়লেটে, কিন্তু তাকে বেরুতে দেখা গেল না।
পিপি টু-র ছায়ায় পৌঁছুল ইসরাফিলভ। এখনও টয়লেট থেকে বেরুচ্ছে না গার্ড। মৃদু একটা হাসি ফুটল কোইভিসতুর ঠোঁটে। নিপাট ভদ্রলোক ইসরাফিলভ, মানুষ খুন করতে পারে, ভাবা যায় না।
ওভারঅলের ওপর সাদা কোট পরে আছে কোইভিসতু। ভাল করে গায়ে জড়িয়ে নিল সেটা। ঠাণ্ডা লাগছে না, কোমরে গোঁজা অটোমেটিকটা আড়াল করার দরকার ছিল। করনিচয়ের দিকে তাকাল না, শুধু ছোট্ট করে মাথা ঝাঁকাল সে। জানে, ইঙ্গিত পাবার অপেক্ষায় তাকিয়ে আছে করনিচয়।
ছটার খানিক পর এয়ারক্রাফটের সমস্ত কাজ শেষ হয়ে যায়। কোইভিসতু কাজে দেরি করছে সেটা বুঝতে পেরেছিল ফচ, কিন্তু তার ধারণা হয় ভয়ে হাত চলছে না বলে দেরি হচ্ছে। কাজ শেষ হতে ক্যান্টিনে চলে গেছে সে, বন্ধুদের সাথে আড্ডা মারবে। যাবার সময় তার ঠোঁটে বাঁকা হাসি লেগে ছিল। শুধু একজন, পিভৎ, কোইভিসতুর মতই সে-ও একজন ইলেকট্রনিক এক্সপার্ট, হ্যাঙ্গার থেকে বেরিয়ে যাবার সময় কোইভিসতুর সামনে দাঁড়িয়ে অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়েছিল।
পিভৎ-এর প্রতি কৃতজ্ঞ বোধ করল কোইভিসতু। কোটের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে খুদে ট্রান্সমিটারটা ছুঁলো সে। বোতামে চাপ দিয়ে ছেড়ে দিলেই পিটি ডাভের বাহুতে আটকানো ব্লিপার প্রতি সেকেন্ডে একবার পিপ পিপ শব্দ করবে। পিটি ছাড়া আর কেউ সে-শব্দ শুনতে পাবে না। শব্দ পেলেই পিটি বুঝবে, হ্যাঙ্গারে আসার সময় হয়েছে তার।
ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকাল কোইভিসতু। তার আর সবচেয়ে কাছের গার্ডের মাঝখানে পঁচিশ গজের মত ফারাক। ত্রিশ গজের মধ্যে ওরা চারজন দাঁড়িয়ে রয়েছে। সারারাত জাগার
পরও কারও চেহারায় ক্লান্তির ছাপ নেই।
হ্যাঙ্গারের শেষ মাথার দিকে তাকাল কোইভিসতু। লাল কি যেন একটা লাফিয়ে উঠল। আগুন? শিখা? পরমুহূর্তে সমস্ত সংশয় দূর হয়ে গেল। হঠাৎ লাফ দিয়ে উঠল বিশাল আগুন। ইসরাফিলভের ছোট্ট কাঠামোটা ঝুঁকে ছিল, হঠাৎ সেটা অদৃশ্য হয়ে গেল চোখের সামনে থেকে। আগুনে পড়ল নাকি?
দরজার দিকে ফিরছে কোইভিসতু, সেই সাথে কোমর থেকে বের করছে অটোমেটিকটা। প্রথমে একজন গার্ড চিৎকার করে উঠল। কয়েক সেকেন্ড আর কোন শব্দ নেই। তারপর একসাথে চিৎকার জুড়ে দিল সবাই।
পুলক অনুভব করল কোইভিসতু। লাগ ভেলকি!
সময় নিয়ে লক্ষ্য স্থির করল কোইভিসতু। সবচেয়ে কাছের লোকটার বুকে গুলি করল সে। লোকটা পড়ল কিনা দেখার ধৈর্য বা আগ্রহ নেই, হ্যাঙ্গারের পিছন দিকে ফিরল আবার। করনিচয় তাকে পাশ কাটিয়ে ছুটল। তার মাথার ওপর দিয়ে বাতাসে শিস কেটে বেরিয়ে গেল একটা বুলেট। একটা হেঁড়ে গলা থেকে নির্দেশ এল, গুলি কোরো না! প্লেনের ক্ষতি হবে! গুলি কোরো না!
এতক্ষণে তীক্ষ্ণ শব্দে বেজে উঠল অ্যালার্ম। কিন্তু গার্ডরা এখনও সবাই হতভম্ব, শুধু চেঁচাচ্ছে আর ছুটোছুটি করছে। বাইরে। থেকে নতুন একদল গার্ড ঢুকল হ্যাঙ্গারে, সরাসরি আগুন লক্ষ্য করে ছুটল তারা।
আগুনের সামনে এখন বেশ অনেক লোক। একজন লোককে দেখেই চিনতে পারল কোইভিসতু। ইসরাফিলভ। তার সাদা কোট লাল হয়ে গেছে। সারা শরীরে আগুন নিয়ে গার্ডদের ভিড়ের। মধ্যে ঢুকে পড়েছে সে, হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে।
অটোমেটিকটা পকেটে ভরে করনিচয়ের পিছু পিছু দৌড়ে আগুনের কাছাকাছি চলে এল কোইভিসতু। খুদে ট্রান্সমিটারের বোতাম আগেই টিপে দিয়েছে। জানে, রওনা হয়ে গেছে পিটি ডাভ, যেকোন মুহূর্তে হ্যাঙ্গারে পৌঁছে যাবে সে। একটা ধাক্কা খেলো কোইভিসতু, হোস পাইপ টেনে নিয়ে যাচ্ছে একজন গার্ড। দেখতে না পেয়ে সেই তার পায়ের ওপর পা ফেলেছিল। রিভলভারটা বের করে সরাসরি লোকটার মাথায় গুলি করল কোইভিসতু।
ভিড়। ছুটোছুটি। চেঁচামেচি। তার সাথে যোগ হয়েছে আগুনের শোঁ শোঁ একটানা আওয়াজ। তেলের একটা ড্রাম। বিস্ফোরিত হলো। চোখের পলকে পঞ্চাশ হাত পিছিয়ে এল সবাই।
কেউ তার ওপর ঝাঁপিয়ে পড়বে, অপেক্ষা করছে কোইভিসতু। কিন্তু তেমন কিছু ঘটল না। লোকটাকে গুলি করেছে। সে, কেউ দেখেনি।
সময় দেখল সে। সাড়ে ছটা। ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকাল। মিগ-৩১-কে ঘিরে ফেলা হয়েছে। অসংখ্য গার্ড, পরস্পরের হাত ধরে দাঁড়িয়ে আছে সবাই। হতাশায় কান্না পেল কোইভিসতুর। একটা পিঁপড়েকেও প্লেনের কাছে ঘেঁষতে দেবে না ওরা।
কিন্তু পিটি ডাভকে কি বাধা দেবে ওরা?
আগুন ধরাবার পিছনে কি মতলব কাজ করছে, ওরা টের পেয়ে গেছে। কোইভিসতু যা আশা করেছিল তা হবার নয়। তার ধারণা ছিল হ্যাঙ্গারে আগুন লাগলে গার্ডরা সবাই আগুন নেভাতে ছুটবে। কিন্তু না! শত গোলযোগের মধ্যেও কারও না কারও মাথা ঠিকই কাজ করে। সেই রকম কেউ একজন গার্ডদের নির্দেশ দিয়েছে, পিপি ওয়ান-কে ঘিরে ফেলো। রক্তমাংসের দেয়ালের সামনে মেজর বাস্কিকে দেখতে পেল কোইভিসতু। হাত নেড়ে গার্ডদের নির্দেশ দিচ্ছে। ভারী একটা যান্ত্রিক কণ্ঠস্বর গমগম করে উঠল লাউডস্পীকারে। আগুনের শিখা দ্বিতীয় মিগ-৩১-এর দিকে দ্রুত এগোচ্ছে, সচল লাভার মত। ধোঁয়ায় ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঙ্গারের পিছন দিকটা।
একই নির্দেশ বারবার আসছে লাউডস্পীকার থেকে। আগুনের কাছে শুধু ফায়ারব্রিগেডের লোকজন থাকবে, বাকি সবাই সরে আসুন। ভিড় কমান। গার্ডরা যে যার জায়গায় থাকুন।
হ্যাঙ্গারের ভেতর একটা ফায়ার টেন্ডার ঢুকল। সোজা পিছন দিকে ছুটল সেটা।
একদল ইউনিফর্ম পরা গার্ড ঢুকল হ্যাঙ্গারে। ওদের দেখেই কোইভিসতু বুঝল, তাকে নিয়ে যেতে এসেছে ওরা। তাকে আর তার সহকারী করনিচয়কে। ইসরাফিলভ ওদের নাগালের বাইরে চলে গেছে।
পিটিকে নিরাপদে হ্যাঙ্গারে ঢুকতে দেয়ার এই সুযোগ, ভাবল। কোইভিসতু। ধরা দেবে না সে। লড়বে। ওকে কোণঠাসা করার। জন্যে এগিয়ে আসবে ওরা। হ্যাঙ্গারের মুখ থেকে সরে আসতে হবে ওদেরকে।
আরও পিছিয়ে যেতে শুরু করল কোইভিসতু। করনিচয়কে কাছে ডেকে বলল, মরব। কিন্তু ধরা দেব না। তুমি?
নিঃশব্দে কোটের পকেট থেকে নিজের অটোমেটিকটা বের করল করনিচয়।
হ্যাঙ্গারের দিকে তাকাল ওরা। কোথায় পিটি? কোথায় সে? এখনও আসছে না কেন?
কোথায় রানা?
<