এক হ্যাঙ্গারে কি হচ্ছে ও জানে না।
দোতলায়, পাইলটদের রেস্ট রুমে আধঘণ্টা হলো পায়চারি করছে মাসুদ রানা। কারও সাহায্য ছাড়া লে. কর্নেল বেনিনের প্রেশার স্যুটটা পরতে গলদঘর্ম হতে হয়েছে ওকে। লেসগুলো ঠিকমত বাঁধতে হিমশিম খেয়ে গিয়েছিল ও। জি-ফোর্সের সর্বনাশা বিপদ থেকে এই লেসিং-ই রক্ষা করবে ওকে। প্লেনে মেকানিক্যাল কোন ত্রুটি থাকলে ও বাচবে না, সেই রকম লেসিঙেও যদি কোন ত্রুটি থাকে অসহায়ভাবে ঢলে পড়তে হবে মৃত্যুর কোলে। প্রেশার স্যুট পরার সময় মিনিট পনেরোর জন্যে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল ও। ব্লিপারটা বগলের নিচে থেকে বের করে শোল্ডার-পকেটে রেখেছে। কান দুটো খাড়া ওর, সময় ঘনিয়ে এসেছে, যে-কোন মুহূর্তে শুনতে পাবে পিপ পিপ।
কোইভিসতু কি বলেছিল মনে আছে। পিপ পিপ আওয়াজ হলে মনে করবে হ্যাঙ্গারে তোমার ডাক পড়েছে। পায়চারি না থামিয়েই পরে থাকা হেলমেটে একবার হাত বুলাল ও, হাতের বাড়ি দিয়ে ভাইজরটা নামিয়ে মুখ ঢাকল। অস্থিরতা দূর করার জন্যে ঘরের ভেতর হাঁটাহাঁটি করছে ও। ফ্লাইটের আগে লে. কর্নেল বেনিনও নাকি এই রকম পায়চারি করে।
শেষ মুহূর্তে কেউ এসে পড়তে পারে।
পোড়া একটা গন্ধ ঢুকল নাকে। হ্যাঙ্গারে আগুন ধরিয়ে দিয়েছে কোইভিসতু আর তার সহকারীরা।
এইবার! যে-কোন মুহূর্তে পিপ পিপ শোনা যাবে।
হঠাৎ ছ্যাঁৎ করে উঠল বুক। করিডরে অনেকগুলো বুট জুতোর। আওয়াজ। হেঁটে নয়, দৌড়ে আসছে কয়েকজন গার্ড। গার্ড? নাকি মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার?
এই বিল্ডিঙে একজন মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ঢুকেছে, কিন্তু বেরিয়ে যায়নি। অন্তত পাঁচজন লোক এখানে ঢুকতে দেখেছে ওকে। তিনজন গার্ড, বিলিয়ারস্কের সিকিউরিটি চীফ কর্নেল সাসকিন আর চীফ সিকিউরিটি অফিসার মেজর রাভিক। হঠাৎ ওদের টনক নড়েছে? নাকি কোইভিসতু আর তার সহকারীদের গ্রেফতার করে তথ্য আদায় করেছে ওরা?
কারা আসছে? কেন?
পায়চারি থামাল না, হাত দুটো প্রেশার স্যুটের দুই পকেটে। একটা হাত শক্ত করে ধরে আছে অটোমেটিকটা। দরকার হলে পকেট থেকে ওটা বের না করেই ট্রিগার টানতে পারবে। মনে মনে প্রার্থনা করল ও, তার যেন দরকার না হয়। অটোমেটিকে সাইলেন্সার নেই।
ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল ইউনিফর্ম পরা লোক। ঘরের মাঝখানে রানা, গ্রীবা উঁচু করে থমকে দাঁড়াল ও। দুজনের। হাতে অটোমেটিক কারবাইন, একজনের হাতে রিভলভার। দুজন। সাধারণ সৈনিক, একজন ক্যাপ্টেন।
নিঃশব্দে রানার মুখের দিকে তাকিয়ে থাকল ওরা। দৌড়ে আসায় বা উত্তেজনায় হাঁপাচ্ছে।
কি চাই? ভাইজরের ভেতর থেকে রানার কণ্ঠস্বর ফাসফেঁসে শোনাল।
একজন ক্যাপ্টেনকে খুঁজছি আমরা, রুদ্ধশ্বাসে বলল রিভলভারধারী। এই বিল্ডিঙে ঢুকেছে, কিন্তু বেরিয়ে যায়নি।
আপনি তাকে দেখেছেন, কর্নেল?
পিপ পিপ-প্রতি সেকেন্ডে এক জোড়া শব্দ-পিপ পিপ! হ্যাঙ্গারে যাবার ডাক এসে গেছে। মনে মনে অস্থিরতা অনুভব করল রানা। পোড়া গন্ধটা বাড়ছে।
কমরেড, ফ্লাইটের আগে আমি ঠিক স্বাভাবিক মানুষ থাকি, বলল রানা। তাছাড়া, কে এল কে গেল সেটা দেখা আমার কাজ নয়। এই বিল্ডিং রাক্ষুসে মাছ নয় যে তোমার মত একজন চুনোপুঁটি ক্যাপ্টেনকে গিলে ফেলবে। দেখে হয়তো কোথাও বসে ঘুমাচ্ছে!
ক্যাপ্টেনের চেহারা লাল হয়ে উঠল। কিন্তু অপমানটা বিনা প্রতিবাদে হজম করল সে। ফ্লাইটের আগে লে. কর্নেল বেনিনের মানসিক অবস্থা কি হয়, জানা আছে তার। বলল, লোকটা আসলে, কমরেড, ভুয়া পরিচয় দিয়ে প্রজেক্ট এলাকার ভেতর ঢুকে পড়েছে। মিলিটারি ইন্টেলিজেন্সে দিমিত্রি অদরিক নামে কেউ নেই, অথচ গেটের গার্ডকে সে ওই নামের একটা কার্ড দেখিয়ে ভেতরে ঢুকেছে…
কতক্ষণ আগে?
তা প্রায় ঘণ্টা তিনেক তো হবেই।
রাগে ফেটে পড়ল রানা। এই তোমাদের কাজের নমুনা? তিন ঘণ্টা পেরিয়ে গেছে…এতক্ষণ কি তোমরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে?
জ্বী…না, মানে মেজর রাভিক তাকে দেখেছিলেন, কিন্তু চিনতে পারেননি। হঠাৎ এই একটু আগে তাঁর মনে হয়েছে, লোকটার চেহারা আগে কখনও দেখেননি তিনি। ফাইল চেক করতে গিয়ে আসল ব্যাপারটা ফাস হয়ে গেছে—ওই নামের কোন। লোক…
বুঝলাম, কর্কশ সুরে বলল রানা। লোকটা তাহলে কে? কি। তার উদ্দেশ্য?
সে একজন বিদেশী এজেন্ট, কমরেড, ঢোক গিলে বলল ক্যাপ্টেন। সম্ভবত ইসরায়েলি। উদ্দেশ্য খুব খারাপ-মিগ-৩১। স্যাবোটাজ করার জন্যেই…
অথচ এখনও তোমরা আমার সাথে গল্প করছ? প্রায় মারমুখো হয়ে তেড়ে এল রানা। ভাগো, যাও এখান থেকে, অকর্মার দল! বেরোও!
পিছিয়ে গেল তিনজনই, পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল। এই সময় করিডরে আরও বুটের আওয়াজ হলো। পাঁচ-সাত জন। গার্ডকে দেখা গেল দরজার সামনে। ভেতরে না ঢুকে উঁকি দিয়ে। প্রেশার স্যুট পরা পাইলটকে দেখল তারা, তারপর আবার করিডর ধরে ছুটল।
আমরা এই রেস্ট-রুম সার্চ করতে এসেছি, কমরেড কর্নেল, আমতা আমতা করে বলল ক্যাপ্টেন। বলা তো যায় না…
বিপদ টের পেল রানা। হ্যাঙ্গারে যাবার ডাক আসছে, কিন্তু। এরা এখানে উপস্থিত থাকতে ঘর থেকে বেরুতে পারবে না ও। ফ্লাইটের অফিশিয়াল সময় এখনও হয়নি। মিথ্যে কোন অজুহাত। দেখিয়ে যদি নিচে নামতে চায় ও, ওরা সন্দেহ করবে। আবার, ওরা যদি ঘর সার্চ করে, লকারগুলো নিশ্চই খুলে দেখবে।
লে. কর্নেল বেনিন রয়েছে একটা লকারে।
রেস্ট-রুম সার্চ করবে? দাঁড়িয়ে পড়ল রানা। কেন? বললাম না, আমি কাউকে দেখিনি এখানে?
পিপ পিপ-চলে এসো রানা।
কমরেড কর্নেল, লোকটা আপনার আগে এই বিল্ডিঙে ঢুকেছে, বলল ক্যাপ্টেন। তাকে সমর্থন করে মাথা ঝাঁকাল গার্ড দুজন। আমরা লকারগুলো খুলে দেখব, হয়তো একটার ভেতর লুকিয়ে আছে।
করিডরে আবার বুটের আওয়াজ। আমি একা, ভাবল রানা, ওরা তিনজন-গুলির আওয়াজ হলে করিডর থেকে ওরা সবাই।
রাইফেল উঁচিয়ে ভেতরে ঢুকবে।
পিপ-পিপ দেরি হয়ে যাচ্ছে, রানা।
লকারে ভেতর থেকে তালা দেয়ার কোন ব্যবস্থা নেই, বলল রানা। হাতল ধরে টেনে দেখো, কোটা খোলা।
চাবি নিয়ে এসেছি, কমরেড, বলল ক্যাপ্টেন, ভাইজারে ঢাকা রানার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে সে। সবগুলো লকার খুলে দেখব আমরা। থামল সে, যেন রানা কোন প্রশ্ন করবে তার জন্যে অপেক্ষা করছে। কিন্তু রানা চুপ করে আছে দেখে আবার বলল, ভুয়া ক্যাপ্টেনের সহযোগী কেউ থাকতে পারে-হয়তো আমাদেরই কোন লোক সে। অদরিক লকারে ঢোকার পর সহযোগী হয়তো বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে-পরে সময় মত তালা খুলে তাকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে।
পিপ পিপ-চলে এসো, চলে এসো!
তীরে এসে তরী ডুববে? বিপদ কাটাবার কোন উপায় দেখছে রানা। জোরে জোরে নাক টানল ও। কিসের যেন গন্ধ পাচ্ছি, ক্যাপ্টেন?
হ্যাঙ্গারে ওরা আগুন লাগিয়ে দিয়েছে, কমরেড, বলল ক্যাপ্টেন।
ওরা?
তিন বেঈমান।
এক পা সামনে এগোল রানা। মিগ-৩১?
আগুন নেভাবার চেষ্টা চলছে…পিপি টু-কে হয়তো শেষ পর্যন্ত রক্ষা করা যাবে না।
আমাকে তাহলে যেতে হয়, অস্থির দেখাল রানাকে। দরজার দিকে এগোল ও।
ঠিক পথ রোধ করল না, তবে ট্রাফিক পুলিসের মত একটা হাত তুলে ক্যাপ্টেন বাধা দিল রানাকে। ব্যস্ত হবেন না, কমরেড। পিপি ওয়ানের কাছ থেকে আগুন অনেক দূরে। কোন। আশঙ্কা দেখা দিলে ওটাকে নিরাপদ জায়গায় সরাবার অনেক লোক আছে ওখানে। তাছাড়া, আমরা সার্চ করার সময় এখানে। আপনার থাকা দরকার।
কোথায় আমার থাকা দরকার সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না, বলে দরজার দিকে আবার এগোল রানা।
এছাড়া আর কোন উপায় খোলা নেই। ওরা এখন ওকে বাধা। দিতে পারে, দিলে পাল্টা আঘাত হানতে হবে। ক্যাপ্টেনকে পাশ কাটাবার সময় মৃদু একটু ধাক্কা দিতে হলো, কারণ রানার পথ থেকে এক চুল সরল না সে। লোকগুলোকে ছাড়িয়ে এল রানা, শরীরের সমস্ত পেশী টান টান হয়ে আছে। দুসেকেন্ডের মধ্যে কামরা থেকে বেরিয়ে যাবে ও, কিংবা বাধা পাবে।
দোরগোড়ায় পৌঁছে গেল রানা।
ক্যাপ্টেন আর গার্ড দুজন ঘুরে গেছে, রানার মাথার পিছনে তাকিয়ে আছে তারা। ক্যাপ্টেন ইতস্তত করছে, হাতের রিভলভার। রানার পিঠ লক্ষ্য করে ধরা।
বেরিয়ে যাবে রানা, এই সময় বাধা। একজন গার্ড ছুটে এল, কামরায় ঢুকতে গিয়ে ধাক্কা খেলো রানার সাথে। লোকটা হাঁপাচ্ছে। কর্নেল বেনিন, হ্যাঙ্গারে আপনাকে দরকার! আগুন। নেভানো যাচ্ছে না!
কে পাঠিয়েছে তোমাকে? জেরা করার সুরে জানতে চাইল ক্যাপ্টেন।
মেজর বাস্কি।
ঘাড় ফিরিয়ে ক্যাপ্টেনের দিকে তাকাল রানা। তোমার নামে আমি অভিযোগ করব, ক্যাপ্টেন। তুমি আমার সাথে বেয়াদপি করেছ। গার্ডকে পাশ কাটিয়ে করিডরে বেরিয়ে এল রানা, ছুটল সিঁড়ির দিকে। নতুন গার্ড পিছু নিল।
যেন কোন নিঃশব্দ ইঙ্গিত পেয়ে দুই ইহুদির কাছ থেকে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল সব লোকজন। নিঃসঙ্গ, আলাদা হয়ে পড়ল ওরা। না থাকল লুকাবার জায়গা, না কোন আড়াল। আধখানা চাঁদের আকৃতি নিয়ে সৈনিকদের একটা দল ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। হ্যাঙ্গারের ভেতর ধোঁয়া, চোখ ডলছে সবাই, খক খক করে কাশছে। সরাসরি আগুন থেকে সিলিঙের দিকে কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া, তারপর নামতে শুরু করে খোলা দরজার দিকে ভেসে যাচ্ছে। আগুন এখনও নেভেনি, আরও দুটো তেলের ড্রাম বিস্ফোরিত হওয়ায় তার বিস্তৃতি প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে পিপি টু-কে রক্ষা করার জন্যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার ব্রিগেডের লোকজন। লাউড হেইলারের আড়ালে ঢাকা পড়েছে মেজর রাভিকের মুখ, তার কর্কশ, যান্ত্রিক কণ্ঠস্বর বাকি সব আওয়াজকে ছাপিয়ে উঠছে।
হাতের অস্ত্র ফেলে দিন। এখুনি! তা না হলে গুলি করার নির্দেশ দেব আমি। ফেলে দিন, হাতের অস্ত্র ফেলে দিন…।
কি-ই বা আর করার আছে, ভাবল করনিচয়। পাশে দাঁড়ানো কোইভিসতুর দিকে তাকাল সে। হ্যাঙ্গারের খোলা দরজার দিকে উদ্বেগ আর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে কোইভিসতু। তার সমগ্র অস্তিত্ব থেকে বিস্ফোরিত হচ্ছে একটা প্রশ্ন, কোথায় পিটি? কোথায়? কোথায়?
প্রথমটার সাথে আরও একটা ফায়ার টেন্ডার যোগ দিয়েছে। দমকল কর্মীরা এয়ারক্রাফট আর হ্যাঙ্গারের মেঝে ঢেকে দিচ্ছে ফোম দিয়ে। এরই মধ্যে ইসরাফিলভের গায়ের আগুন নিভিয়ে ফেলেছে তারা। কিন্তু পুড়তে আর কিছু বাকি নেই তার। মাংস পোড়ার উৎকট গন্ধে বমি আসে।
দুই ইহুদির চারপাশে এখন অনেক লোক, এখনও তারা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। কারও পরনে সাদা কোট, কেউ ওভারঅল। পরে আছে। এরা সবাই টেকনিশিয়ান আর বিজ্ঞানী। বাকি সবাই কে.জি.বি. আর মিলিটারি ইন্টেলিজেন্স গার্ড। তারা পিছু হটছে না, এগিয়ে আসছে। কোইভিসতু আর করনিচয়ের পিছনে দমকল। কর্মীরা ব্যস্ত, সামনে অর্ধবৃত্ত আকৃতি নিয়ে সৈনিকের দল।
কোইভিসতু অনুভব করল, আগুনের আঁচ কমে যাচ্ছে। ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল দ্বিতীয় মিগের তলায় এখন আর আগুন নেই, ফোম ছিটিয়ে নিভিয়ে ফেলা হয়েছে। প্রথম মিগ-কে ঘিরে থাকা সৈনিকের দলটা সংখ্যায় এখন কমে গেছে, কর্নেল। সাসকিনের নির্দেশে হ্যাঙ্গার থেকে বেরিয়ে গেছে কিছু লোক। এর মানে কি? পিটি ডাভের অনুপ্রবেশ টের পেয়ে গেছে ওরা? খোঁজা হচ্ছে ওকে?
কোথায় সে? দশ মিনিট হয়ে গেল খুদে ট্রান্সমিটারের বোতাম টিপে দিয়েছে ও, বোতাম টেপার তিন মিনিটের মধ্যে হ্যাঙ্গারে চলে আসার কথা তার। আর কয়েক সেকেন্ডের মধ্যে সে। যদি না আসে, তারপর এলেও এয়ারকিঙের ককপিটে উঠতে। পারবে বলে মনে হয় না। তাকে আর করনিচয়কে খুন করার পর সৈনিকের দলটা ফিরে যাবে পিপি ওয়ানকে পাহারা দেয়ার জন্যে।
নিভু নিভু আগুনের আলোয় লালচে আভা বিকিরণ করছে প্লেনের রূপালি গা। কোইভিসতুর আশা পূরণ হয়নি, দ্বিতীয় মিগের ফুয়েল ট্যাংকে আগুন লাগেনি। পিটি ডাভের দুর্ভাগ্য, দ্বিতীয় মিগ উড়তে পারবে।
হাতের অস্ত্র ফেলে দিন। তা না হলে আমি গুলি করার নির্দেশ দেব।
করনিচয়ের হাতে গর্জে উঠল অটোমেটিক। অর্ধ-বৃত্তের মাঝখানে একটা ফাঁক দেখা গেল, বুকে গুলি খেয়ে পড়ে গেল একজন সৈনিক। পরমুহূর্তে কান ফাটানো বিস্ফোরণ। একসাথে গর্জে উঠল কয়েকটা রাইফেল। কোইভিসতুর পাশ থেকে কেউ যেন ছো দিয়ে সরিয়ে নিয়ে গেল করনিচয়কে। অটোমেটিক ধরা হাতটা সামনে লম্বা করে দিল কোইভিসতু। চোখ বুজল। তারপর ট্রিগার টানতে লাগল।
একটা ধাক্কা। পরমুহূর্তে মেঝের ওপর, করনিচয়ের পাশে পড়ল কোইভিসতু। হাঁটুর ওপর থেকে গলা পর্যন্ত তার ঝাঝরা হয়ে গেছে। মাথাটা পড়েছে করনিচয়ের বুকের ওপর, ফলে হ্যাঙ্গারের খোলা দরজাটা পরিষ্কার দেখতে পেল সে। চারদিকে নেচে উঠল সৈনিকরা, তুমুল হর্ষধ্বনি শোনা গেল।
চোখ বুজে আসছে। সৈনিকদের উল্লাস তার কানে পৌঁছুচ্ছে। আধবোজা চোখে হ্যাঙ্গারের দরজার দিকে তাকিয়ে আছে কোইভিসতু। মারা যাচ্ছে সে। কিন্তু শেষ মুহূর্তেও আশা, দরজায় দেখতে পাবে পিটি ডাভকে।
বিশাল দরজায় একটা ছায়া দেখা গেল। প্রেশার স্যুট পরা একটা ছায়া। তৃপ্তির ক্ষীণ হাসি ঠোঁটে নিয়ে মারা গেল কোইভিসতু।
দরজায় দাঁড়িয়ে পড়ল গার্ড, রানাকে বলল, ভেতরে ঢুকে দেখুন, মেজর বাস্কিকে পেয়ে যাবেন। আমাকে আপনার কাছে পাঠিয়ে উনি ওদিকেই গেছেন।
তবু দাঁড়িয়ে থাকল রানা। হ্যাঙ্গারের শেষ প্রান্তে এখনও আগুন জ্বলছে। ফায়ার টেন্ডার দুটো দেখতে পেল ও, দেখতে। পেল ফোমে ঢাকা দ্বিতীয় মিগটাকে। ওটাকে এখন টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আসছে ফায়ারব্রিগেডের লোকেরা। আগুন। এখনও জ্বলছে বটে, কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে এসেছে। কোইভিসতু আর করনিচয়কে কোথাও দেখা গেল না, তবে পঁচিশ-ত্রিশ জন সৈনিককে গায়ে গা ঠেকিয়ে নির্দিষ্ট একটা জায়গার দিকে রাইফেল উঁচিয়ে এগোতে দেখল ও।
সময় নেই, একটু পরই প্রথম মিগের ওপর সবার মনোযোগ ফিরে আসবে। হয়তো এরই মধ্যে অনেক বেশি দেরি করে ফেলেছে ও। আগুন নিভে আসছে, নিরাপত্তার প্রয়োজনে প্রথম মিগকে হ্যাঙ্গার থেকে বের করার অজুহাত এখন অচল।
হ্যাঙ্গারের দেয়াল ঘেঁষে আচমকা বিশাল একটা আগুন লাফ দিয়ে উঠল। সেই সাথে একটা বিস্ফোরণের আওয়াজ। অ্যাসবেসটস-এর স্যুট পরা একজন দমকল কর্মী ছিটকে সরে এল আগুনটার কাছ থেকে। একটা তেলের ড্রাম বিস্ফোরিত হয়েছে। পিপি টু নিরাপদ দূরত্বে সরে এসেছে, কিন্তু ছোট ট্রাক্টরটা আবার চালু হলো, আরও দূরে সরিয়ে নিয়ে আসছে ওটাকে। রানা। দেখল, এই ওর সুযোগ।
দরজার কাছ থেকে মিগ-৩১ ত্রিশ গজ দূরে। এগোল রানা।
সাতজন সৈনিক পাহারা দিচ্ছে এয়ারকিং-কে। শিথিল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওরা, দরজার দিকে পিছন ফিরে নতুন করে। মাথাচাড়া দেয়া আগুনের শিখা দেখছে। পাইলটের মই এখনও জায়গামত রয়েছে, ওটায় দাঁড়িয়েই ফচের কাজ তদারক করে গেছে কোইভিসতু। ত্রিজ গজ পেরিয়ে এল রানা। মইয়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন সৈনিক, কনুই দিয়ে তার। পাঁজরে গুঁতো মারল রানা। ডিউটির সময় সিধে হয়ে দাঁড়াতে হয়, সোলজার, মৃদু তিরস্কারের সুরে বলল ও।
সিধে হলো সৈনিক, লে. কর্নেল বেনিন মনে করে ঠকাস করে স্যালুট ঠুকল। দেখাদেখি বাকি ছয়জনও। মই বেয়ে উঠতে শুরু করল রানা। পিছন ফিরে নিচে তাকাল না ও, তাকালে দেখতে পেত স্যালুট করলেও, চোখে সংশয় আর দ্বিধা নিয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছে সাতজন।
ককপিটে মাথা গলিয়ে দিয়ে ভেতরে ঢুকতে যাবে রানা, নিচ থেকে একজন সৈনিক সাহস করে জিজ্ঞেস করল, কর্নেল বেনিন?
ককপিট থেকে মাথা বের করল রানা, ঘাড় ফিরিয়ে নিচে তাকাল। তরুণ একজন সৈনিক, ঘামে ভিজে আছে মুখ, চোখ দুটো টকটকে লাল। ইউনিফর্ম দেখে রানা বুঝল, কে.জি.বি-র একজন জুনিয়র অফিসার। অটোমেটিক ধরা হাতটা শরীরের পাশে ঝুলছে। মই বেয়ে দুধাপ ওপরে উঠে এসেছে সে।
বলো?
কি করছেন আপনি, কর্নেল?
ওরা সাতজনই মুখ তুলে তাকিয়ে আছে ওর দিকে।
তোমার মুণ্ডু করছি। ভাইজারের ভেতর থেকে ফাসফেঁসে শোনাল রানার গলা। ওটার মত এটারও ক্ষতি হোক তাই চাও নাকি? দেখতে পাচ্ছ না কি করছি?
ধমকে তেমন কাজ হলো না। রানার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল তরুণ জুনিয়র অফিসার, জ্বী?
গর্দভ! দেখতে পাচ্ছ না, ককপিটে উঠছি? এটাকে আমি হ্যাঙ্গারের বাইরে নিয়ে যাব। আবার ককপিটের ভেতর মাথা গলিয়ে দিল রানা। ভেতরে ঢুকে বসে পড়ল পাইলটের সীটে। হাত দিয়ে প্যারাস্যুটের স্ট্র্যাপ খুঁজছে, এই ফাঁকে একটু ঝুঁকে নিচে তাকাল ও। মই থেকে নেমে বেশ কয়েক পা পিছিয়ে গেছে তরুণ সৈনিক, বাকি ছয়জনও রয়েছে তার সাথে। মুখ তুলে ককপিটের দিকে তাকিয়ে আছে সাতজন। পাইলটকে পরিষ্কার দেখতে পাচ্ছে। ওরা। হেলমেটের টিন্টেড ফেস-মাস্ক, তার সাথে রয়েছে অক্সিজেন-মাস্ক, পাইলটের সীটে বসা লোকটা কর্নেল বেনিন। কিনা বলা অসম্ভব। এই পরিস্থিতিতে কি করণীয়, ওরা ঠাহর। করতে পারছে না। তরুণ সৈনিক দ্রুত নিজের চারদিকে তাকাল একবার। সিনিয়র কোন অফিসারকে দরকার এখন। কিন্তু তেমন কাউকে দেখল না। চাপা স্বরে কি যেন বলল সে। দুজন এদিক ওদিক মাথা নাড়ল, একজন ওপর-নিচে। বাকি চারজন স্থির দাঁড়িয়ে থাকল। দ্বিতীয় মিগ-কে টেনে হ্যাঙ্গারের দরজার দিকে। অনেকটা সরিয়ে নিয়ে আসা হয়েছে, এটা তো ওরা নিজের চোখেই দেখতে পাচ্ছে। আগুন যদিও প্রায় নিভে এসেছিল, কিন্তু আরও একটা তেলের ড্রাম বিস্ফোরিত হওয়ায় আবার নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জুনিয়র অফিসার ভাবছে, মেজর বাস্কি আর মেজর রাভিক তাকে কড়া নির্দেশ দিয়ে বলে গেছেন, কর্নেল সাসকিনের সরাসরি অর্ডার ছাড়া প্লেনের কাছে কাউকে যেন ঘেঁষতে দেয়া না হয়। কিন্তু সে নির্দেশ কি পাইলটের। জন্যেও প্রযোজ্য?
ওদের দিকে একটা চোখ রেখে যত দ্রুত সম্ভব প্রি-স্টার্ট চেক। শুরু করল রানা। রেডিও আর কমুনিকেশন ইকুইপমেন্টের প্লাগ লাগাল। না তাকিয়েই খুঁজে পেল সকেটগুলো, যেন এই প্লেন আগেও অনেকবার চালিয়েছে ও। কোইভিসতুর পাঠানো বর্ণনা, ফটোগ্রাফ আর কমপিউটর প্রজেকশনের সাহায্যে এয়ারকিঙের যে। ডামিটা ল্যাংলি, ভার্জিনিয়াতে তৈরি করা হয়েছিল, রানাকে ট্রেনিং দেয়ার কাজে সেটাকে ব্যবহার করা হয়েছে। ডামি আর ট্রেনিং এর উপকার এখন টের পাওয়া গেল। এরপর হেলমেট আর উইপনস সিস্টেমের মধ্যে সংযোগ দিল ও। ছোট্ট একটা জ্যাক প্লগ, রেডিওতে যেমন থাকে। জ্যাক প্লাগটা ইজেকটর সীটের পাশে ঢুকিয়ে দিল শুধু। উইপনস সিস্টেমের অনুপম একটা আবিষ্কার এটা, কোন কারণে পাইলটকে যদি ইজেক্ট করতে হয়, সিস্টেমের মেকানিজম তারপরও ব্যবহার করতে পারবে ও। শুধু তাই নয়, উইপনস সিস্টেমে, প্লেনের কোন অংশ বা অস্ত্র-শস্ত্র শত্রুর হাতে যাতে না পড়ে তার ব্যবস্থাও করতে পারবে।
গজগুলোর রিডিং নেয়ার আগে দ্রুত একবার প্লেনের বাইরে তাকাল রানা। আড়ষ্ট ভঙ্গিতে এখনও নিজের জায়গায় দাঁড়িয়ে আছে জুনিয়র অফিসার। দুজন সৈনিক কি যেন বোঝাবার চেষ্টা করছে তাকে। চেহারায় দ্বিধা আর উদ্বেগের ভাব নিয়ে তাদের কথা শুনছে সে। অক্সিজেন সাপ্লাই ইউনিটে প্লাগ লাগাল রানা, কানেকশনের আরেকটা তার জুড়ে দিল ইমার্জেন্সী অক্সিজেনের সাথে। এরপর অ্যান্টিজি ডিভাইস-এর সুইচ অন করল-একটা লিড প্রেশার স্যুটের গায়ে বসানো সকেটে ঢুকে গেল, ঠিক রানার বা হাঁটুর নিচেই। পাইলটের রক্তে দ্রুত বেড়ে ওঠা জি-ফোর্সের হুমকি প্রতিহত করার জন্যে স্যুটের ভেতর বাতাস সরবরাহ করবে এটা। অকস্মাৎ বাঁক নেয়ার সময়, ডাইভ দেয়ার সময় বা গতি দ্রুত হওয়ার সময় পাইলটের রক্তে জি-ফোর্স তৈরি হয়। অত্যন্ত সাবধানে সিস্টেমটা পরীক্ষা করল রানা। প্রেশার স্যুটের ভিতর বাতাস অনুভব করল ও। শরীরের প্রতিক্রিয়া বোঝার জন্যে গজের ওপর চোখ রাখল। চমৎকার কাজ করছে।
প্রি-ফ্লাইট রুটিন-এ অ থেকে ত পর্যন্ত পরীক্ষা করে নিচ্ছে। রানা, অথচ জানে অপব্যয় করার মত হাতে একটা সেকেন্ডও নেই। দ্রুত চোখ বুলিয়ে নিল বাকি গজগুলো; ফ্ল্যাপ, ব্রেক, ফুয়েল। ফুয়েল ট্যাংক পুরোমাত্রায় ভর্তি, তার দরকারও আছে, কারণ রিফুয়েলিং পয়েন্ট কি ধরনের বা ঠিক কি পজিশনে আছে ওর কোন ধারণা নেই।
আরেকটা কাজ বাকি আছে। স্যুটের শোল্ডার-পকেট থেকে ব্লিপার অর্থাৎ রিসিভারটা বের করল। লন্ডন থেকে মস্কোয় আসার সময় ছোট্ট একটা ট্রানজিসটর রেডিও সাথে করে নিয়ে এসেছিল ও, তার ভেতরই ছিল এই রিসিভার। খুদে একটা কালো জিনিস, চ্যাপ্টা সার্কিট-বোর্ডের মত দেখতে, আসলে এটা রেডিওর পিছনের ঢাকনি। সি.আই.এ-র তরফ থেকে পিটি ডাভকে যে নির্দেশ দেয়া হয়েছিল, সেটা পালন করল রানাইট্রুমেন্ট প্যানেলের এক কোণে টেপ দিয়ে রিসিভারটা আটকে দিল। মনে মনে প্রার্থনা করল ও, গত তিন দিনে কম ঝকি খায়নি জিনিসটা, দরকারের সময় যেন ঠিকমত কাজ করে।
রানা এখন তৈরি। রুটিন চেক শেষ করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়েছে ও। ছোট ট্রাক্টরটা এখনও টেনে আনছে দ্বিতীয় মিগ-কে। ককপিটের দরজা দিয়ে নিচে তাকিয়ে দেখল সাতজনের মধ্যে ছয়জনই নিরাপদ দূরত্বে সরে গেছে, কিন্তু তরুণ জুনিয়র চেহারায় রাজ্যের দ্বিধা আর উদ্বেগ নিয়ে সেই একই। জায়গায় দাঁড়িয়ে আছে। দরজা দিয়ে বাইরে ঝুঁকল রানা, হাত নেড়ে সরে যেতে বলল তাকে। ওখানে দাঁড়িয়ে থাকলে মারা পড়বে, বলে নিজের গলার একদিক থেকে আরেক দিকে একটা আঙুল বুলাল রানা, তারপর ইঙ্গিতে প্লেনের উইং আর ইঞ্জিনইনটেক দেখাল। নিজের পিছনে তাকাল জুনিয়র, বুঝল, কিন্তু নড়ল না। তিন সেকেন্ড পর আরক্ষার তাগিদ অনুভব করল সে। মইটা তুলে নিয়ে পিছিয়ে গেল এবার।
ভাইজারের ভেতর হাসল রানা। সীটের ওপর নড়েচড়ে বসার সময় উইন্ডস্ক্রীন দিয়ে হ্যাঙ্গারের দরজার দিকে চোখ বুলাল একবার। ওই দরজা দিয়ে খুব বেশি হলে এক মিনিট আগে ঢুকেছে ও। কর্নেল সাসকিনকে দেখল ও, কাগজের মত সাদা, নিষ্প্রভ মুখের চেহারা। একটা হাত লম্বা করে দিয়েছে সে, সরাসরি প্লেনের ককপিটের দিকে তাক করা। তার পিছনে ভিড় করে রয়েছে আরও কয়েকজন লোক। তাদের মধ্যে মাত্র একজনকে চিনতে পারল রানা। কমিনিট আগে পাইলটদের রেস্ট-রুমে এই লোকের সাথেই কথা বলে এসেছে ও। ক্যাপ্টেন।
লে. কর্নেল বেনিনের অচেতন দেহ আবিষ্কার করে ফেলেছে। ওরা। জানে, ককপিটে বসা লোকটা নকল, বিদেশী এজেন্ট।
সাসকিনকে দেখেই বিদ্যুৎ খেলে গেল রানার শরীরে, নিজের অজান্তেই হুড কন্ট্রোলে হাত চলে গেল। একটা ক্লিক শব্দ করে নেমে এল হুড, ইলেকট্রনিক্যাল লক হয়ে গেল। তারপরও ম্যানুয়্যাল লক করল ও, সাবধানের মার নেই। মেশিনের সাথে এক হয়ে গেল রানা। প্লেনেরই একটা অংশ এখন ও।
কোন উত্তেজনা নয়, নয় কোন ভীতি, শুধু দায়িত্ববোধ ছাড়া এই মুহূর্তে কিছুই অনুভব করছে না রানা। মিগ-৩১-এর ককপিটে উঠতে পেরেছে, রুটিন চেক শেষ করেছে, তবু কোন উল্লাস বোধ করল না। মস্কোয় ঢোকার পর থেকে এখন পর্যন্ত যা ঘটেছে আর আগামী কয়েক ঘণ্টায় যা ঘটবে দুটোর সাথে তুলনা করতে হলে বলতে হয়, এবার সত্যিকার বিপদে পড়তে যাচ্ছে রানা। লুকোচুরি খেলা শেষ। এবার ঠেকাতে হবে আক্রমণ।
গোটা সোভিয়েত প্রতিরক্ষা ব্যবস্থা তৎপর হয়ে উঠবে ওর বিরুদ্ধে।
ককপিট এয়ার-প্রেশার চেক করল রানা। সামনে ঝুঁকে ইগনিশন সুইচগুলো গ্যাং-লোড করল, স্টার্টার-মটরের বোতাম টিপল, হাইপ্রেশার কক ঘোরাল, সবশেষে এক ঝটকায় চাপ দিল
স্টার্টার বাটনে।
ককপিট থেকে ফিউজিলাজের মাঝখানে কোথাও একজোড়া বিস্ফোরণের আওয়াজ হলো। কাজ শুরু করল কান্ট্রিজ। কালচে ধোঁয়ার এক জোড়া কুণ্ডলী পাক খেয়ে বেরিয়ে এল ইঞ্জিন থেকে। টারবাইন ঘোরার আওয়াজ দ্রুত থেকে দ্রুততর হলো। জাইরো ইন্সট্রুমেন্ট চেক করল রানা। ফ্ল্যাশিং লাইট চোখে পড়ল, অর্থাৎ ফুয়েল-বুস্টার পাম্পের কথা ভুলে গেছে ও। বোতাম টিপতেই। প্যানেল থেকে অদৃশ্য হলো আলোটা। সন্তর্পণে থ্রটল খুলল ও, চোখ রয়েছে আর-পি-এম গজের ওপর-টোয়েন্টি সেভেন পয়েন্ট পর্যন্ত উঠে এল কাঁটা। সাইড-উইন্ডো দিয়ে বাইরে তাকাল ও। কর্নেল সাসকিন আর তার দুই সঙ্গী যেন স্টার্টার-কান্ট্রিজের বিস্ফোরণে প্রাণ ফিরে পেয়েছে, লম্বা লম্বা পা ফেলে প্লেনের দিকে ছুটে আসছে তারা। কিন্তু রানার দ্রুত গতি অ্যাকশন আর মেশিনের সাড়া দেয়ার তুলনায় মনে হলো ওরা যেন পানির তলায়। নড়াচড়া করছে—এতই মন্থর গতিতে, যে এখন আর রানাকে বাধা দেয়া সম্ভব নয়। একটা রিভলভার বা পিস্তল দেখল রানা, সরাসরি ককপিটের দিকে তাক করা।
ককপিটের ওপর দিয়ে হিসস করে বেরিয়ে গেল বুলেট।
জে-পি-টি-(জেট-পাইপ টেমপারেচার) গজের ওপর একটা চোখ রেখে, আবার একটু একটু করে থ্রটল খুলতে শুরু করল। রানা, যতক্ষণ না আর-পি-এম গজের কাঁটা ফিফটি ফাইভ পার্সেন্টে পৌঁছুল।
এবার ব্রেক রিলিজ করে দিল রানা।
এতক্ষণ মিগ-৩১-কে আটকে রেখেছিল ব্রেকগুলো, ছাড়া। পেয়ে ঠিক গড়াতে শুরু না করে অনেকটা যেন পিছলে সামনের। দিকে ছুটল। সামনে হ্যাঙ্গারের বিশাল দরজা, বাইরের আকাশে দিনের প্রথম আলো ফুটব ফুটব করছে। অনেক লোক, গুনে শেষ করা যায় না, প্রাণপণে দরজার দিকে ছুটছে-উদ্দেশ্য বুঝতে অসুবিধে হয় না, দরজা বন্ধ করে দিয়ে ঠেকাতে চায় রানাকে। কিন্তু রানার চোখে ওরাও যেন পানির তলায় নড়াচড়া করছে-অনেক দেরি করে ফেলেছে ওরা, এয়ারকিঙের সাথে পাল্লা দিতে গিয়ে দ্রুত পিছিয়ে পড়ছে।
আবার একবার গজগুলো আর বুস্টার পাম্প চেক করল রানা। হ্যাঙ্গারের দরজা দিয়ে বেরিয়ে এল মিগ-৩১। মিররে চোখ রেখে ও দেখল, হ্যাঙ্গারের ভেতর থেকে পিল পিল করে বেরিয়ে আসছে ইউনিফর্ম পরা সৈনিকরা। দুএকজনকে সটান পড়ে যেতেও দেখল ও, বোধহয় প্রিয় বস্তু হারাবার শোকে জ্ঞান হারিয়ে ফেলেছে। কেউ কেউ হঠাৎ দাড়িয়ে পড়ে হাতের তালু দিয়ে কপাল চাপড়াল। দীর্ঘদেহী একজনের ওপর চোখ পড়ল রানার। মাথার চুল ছিড়ছে। ঠিক চেনা গেল না, মনে হলো কর্নেল সাসকিনের সাথে লোকটার চেহারার মিল আছে।
ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে ছুটে চলেছে মিগ-৩১।
রাডার আর ডিফারেনশিয়াল ব্রেকিং ব্যবহার করে বাঁক নিল রানা, মিগ-৩১ উঠে এল রানওয়েতে। প্লেনটাকে সিধে করার সময় আরও একবার সব কিছু চেক করে দেখে নিল ও। খুব জোরে, বড় করে একটা শ্বাস টানল, তারপর পুরোপুরি খুলে দিল থ্রটল। প্রচণ্ড একটা ঝাঁকি খেলো রানা, সেই সাথে এই প্রথম অদ্ভুত এক উল্লাসে রোমাঞ্চিত হয়ে উঠল সারা শরীর। বেপরোয়া গতিতে ছুটে চলল মিগ-৩১।
একশো পঁয়ষট্টি নট, এলিভেটর-কন্ট্রোল চালু করে দিল রানা। এয়ারকিং রানওয়ে ত্যাগ করল। রানওয়ের সাথে সম্পর্ক বিছিন্ন হতে প্লেনের গতি আরও একটু বাড়ল। আন্ডার-ক্যারিজ তুলে নিল রানা।
এই পাওয়ার কন্ট্রোল সিস্টেমের সাথে ওর পরিচয় নেই, অনভ্যস্ত হাতে প্লেনটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মাত্রা ঠিক রাখতে পারল না, ফলে ঘন ঘন একবার এদিক একবার ওদিক কাত হয়ে পড়ল ডানাগুলো। প্রায় খাড়াভাবে ওপরে আকাশের দিকে উঠে যাচ্ছে প্লেন।
উদীয়মান সূর্যের আলোয় ঝিক্ করে উঠল কি যেন, নাকের একটু ডান দিক ঘেঁষে। স্টিক টানল রানা, ডান দিকে ঠেলে দিল। প্লেন বাঁক নিতে শুরু করতেই অ্যান্টি-জি প্রেশার অনুভব করল ও, ওভার-কন্ট্রোলের ফলে আধপাক ঘুরে গেল এয়ারকিং, একটা ডানা মাটির দিকে তাক করা। দ্রুত হাত চালিয়ে ডানাদুটোকে সোজা করল ও। বাঁ দিকে, নিচে আর পিছনে তাকাল। একটা টুপোলেভ টি-ইউ-ওয়ান-ফোর বিলিয়ারস্ক এয়ারস্ট্রিপে ল্যান্ড। করার জন্যে ছুটে আসছে। ও জানে ও সোভিয়েত কমুনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি, কে.জি.বি. চীফ, এয়ার মার্শাল, প্রতিরক্ষা মন্ত্রীসহ হোমড়াচোমড়া প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন। ওই প্লেনে। অলটিমিটারের দিকে তাকাল রানা। এরই মধ্যে আট হাজার ফিট ওপরে উঠে এসেছে ও।
আন্ডারক্যারিজ রানওয়ে ত্যাগ করার পর আঠারো সেকেন্ড পেরিয়েছে। যে-কোন সোভিয়েত সীমান্ত থেকে এক হাজার মাইল দূরে রয়েছে ও। রানা জানে, এই হাজার মাইল পাড়ি দিতে ওর জীবনের সবচেয়ে বিপদ সংকুল সময়ের ভেতর দিয়ে যেতে হবে ওকে।
ঠিক ভয় পেল না, তবে বুকটা একবার কেঁপে উঠল। মনে। পড়ল দেশের কথা, মনে পড়ল বন্ধু-বান্ধবদের কথা। একটা চেহারা ভেসে উঠল চোখের সামনে। অত্যন্ত শক্তিশালী ওয়্যারলেস সেট সামনে নিয়ে ধ্যান-মগ্ন ঋষির মত বসে রয়েছেন। মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রাহাত খান, কাচাপাকা ভুরু। জোড়া কুঁচকে আছে। রানা কোথায়, কি করছে জানার জন্যে আকুল হয়ে আছে তার মন।
আরেকজনের চেহারা দেখতে পেল রানা। নুমার ডিরেক্টর, মার্কিন প্রেসিডেন্টের বন্ধু, অ্যাডমিরাল জর্জ হ্যামিলটন। রানাকে তিনি কথা দিয়ে রেখেছেন, যেভাবেই হোক সি.আই.এ. হেডকোয়ার্টারে সশরীরে উপস্থিত থাকবেন তিনি। পিটি ডাভ ওরফে রানা সম্পর্কে সি.আই.এ. যা জানতে পারবে, তিনি সে সব শোনার সাথে সাথে মিনি ট্রান্সমিটারের সাহায্যে জানিয়ে দেবেন বন্ধু মেজর জেনারেল রাহাত খানকে।
আর কিছু না হোক, আপনমনে হাসল রানা, ও মারা গেলে প্রায় সাথে সাথেই খবরটা পেয়ে যাবে বুড়ো। দুঃখ এই যে ওর মৃত্যু সংবাদ পেয়ে বুড়ো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে কিনা সেটা দেখার কোন সুযোগ হবে না।
সমস্ত চিন্তা আর কল্পনা মন থেকে ঝেড়ে ফেলল রানা। ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসছে একটা অ প্রত্যয় বোধ। পেরেছে ও। মিগ-৩১ চুরি করতে পেরেছে।
এখন বাড়ি ফেরার পালা।
<