দুজন হাত ধরাধরি করে গিয়েছিলাম আমরা, আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলাম কবর দুটোর পাশে, আমার বন্ধুদেরকে ওরা শুয়ে দিচ্ছিল।

ওখান থেকে রাফেলাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি চলে গেলাম দুর্গে, ওখানে প্রেসিডেন্ট গডফ্রে পিডল আর ইন্সপেক্টর টমসনের সঙ্গে দুঘন্টা কাটালাম।

পরবর্তী তিন সপ্তাহ টার্টল-বে ছেড়ে বড় একটা বেরোইনি আমি বা রাফেলা।

মন্থর আর শান্ত লাগছে সময়টা। ক্ষতগুলো শুকাচ্ছে, কিন্তু বড় ধীরে ধীরে।

মনের চেয়ে শরীরের ক্ষতগুলো তাড়াতাড়ি শুকাল। এক দিন সকালে রাফেলার হাতের ড্রেসিং বদলাচ্ছি, ক্ষতের গোড়ার দিকে সাদা বীজ দেখতে পেলাম, বুঝলাম আবার নখ গজাতে শুরু করেছে। সরু লম্বা হাতগুলোকে সুন্দর করে তোলার জন্যে আবার। নখ হবে ওর-সেজেন্য স্বস্তি আর কৃতজ্ঞ বোধ করলাম আমি।

দিনগুলো সুখের নয়, স্মৃতিগুলো এখনও বড় বেশি তাজা। বিশাল পাহাড়ের মত নিঃশব্দে বুকে চেপে বসে আছে শোক। কথা বলি না, শুধু থেকে থেকে বুক ছোট করে দিয়ে বেরিয়ে যায় দীর্ঘশ্বাস। প্রকৃতি বড় নিষ্ঠুর। আমার প্রাণপ্রিয় বন্ধুরা নেই, কিন্তু আমি রয়েছি-সেজন্যে কেমন যেন স্বার্থপর মনে হয় নিজেকে, তাতে শতগুণ বেড়ে যায় যন্ত্রণা। মাঝে মাঝে চমকে উঠে ভাবি, ভারি পা ফেলে ওই তো আসছে রডরিক! তারপর মনে পড়ে যায়।

এসব ছাড়াও আরেক সমস্যা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে আমার আর রাফেলার মাঝখানে। আমাদের সম্পর্কের মধ্যে পরিষ্কার সঙ্কট রয়েছে একটা। ওর আচরণে তার আঁচ পাচ্ছি। সারাক্ষণ ম্লান মুখে কি যেন ভাবছে ও। সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু নিতে না পেরে সাংঘাতিক কষ্ট পাচ্ছে একা-একা। সেজন্যেই হঠাৎ অকারণে বদমেজাজী হয়ে উঠলেও ক্ষমা করে দিচ্ছি ওকে, কিছু মনে করছি না। একান্ত প্রয়োজন ছাড়া কথা বলছে না ও। প্রায়ই হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে বাড়ি থেকে, ঘন্টার পর ঘন্টা সৈকতে গিয়ে বসে থাকছে একা, মাথা নিচু করে কি সব চিন্তা করছে।

এই সঙ্কটের মুখোমুখি এক সময় আমাদেরকে হতেই হবে, তাই আর বেশি দেরি না করে এক সন্ধ্যায় কথা পাড়লাম আমি। সেন্ট মেরীতে ফেরার পর এই প্রথম উদ্ধার করা গুপ্তধনের কথা পাড়লাম ওর কাছে।

বাড়ির সামনের উঁচু উঠানের নিচে রয়েছে ওগুলো। বারান্দায় পাশাপাশি বসেছি আমরা, হাতে হুইস্কির গ্লাস, মাঝেমধ্যে চুমুক দিচ্ছি। কথাগুলো নিঃশব্দে শুনে যাচ্ছে রাফেলা।

আমি চাই আমার আগেই জুরিখে পৌঁছে যাও তুমি। এয়ারপোর্টের কাস্টমস থেকে কফিন বাক্সটা ছাড়িয়ে নিয়ে একটা গাড়ি ভাড়া করবে, গাড়ি নিয়ে সোজা চলে যাবে রেড অক্স হোটেলে। এই হোটেলটা বেছে নিয়েছি, কারণ, ওখানে একটা আণ্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজ আছে। তাছাড়া, হেড পোর্টারের সঙ্গে জানাশোনা আছে আমার। ওর নাম হ্যাক্স। প্ল্যানটা ওকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি আমি। কিভাবে কি করতে হবে সব বলে দেবে ও তোমাকে। সদ্য স্বামীহারা বিধবার অভিনয় করতে হবে তোমাকে এয়ারপোর্টে। পরে হোটেলের গ্যারেজের ভেতর তোমার গাড়ি থেকে ব্যাংকের গাড়িতে তুলে নেয়া হবে কফিন বাক্সটা। তার আগে অবশ্য আমার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে তুমি। ব্যাংকের হেড অফিসে বাঘের মাথাটা নিয়ে যাবার জন্যে ওরা একটা আর্মার্ড কার পাঠিয়ে দেবে।

আগেই সব ঠিকঠাক করে রেখেছ, তাই না?

হ্যাঁ, গ্লাসে আরেকটু হুইস্কি ঢেলে নিলাম আমি। আমার ব্যাংকের নাম ফ্যালে এট ফিলস। ম্যানেজার এম. জেংকিনসকে আমার নাম আর অ্যাকাউন্ট নাম্বার বললেই বিশেষ খাতির পাবে ওর কাছ থেকে তুমি। খরিদ্দারদেরকে ডেকে সোনার মাথাটা দেখাবার জন্যে ওর সঙ্গে আলোচনা করে ব্যাংকের ভেতর একটা প্রাইভেট কামরার ব্যবস্থা করে রাখবে তুমি… খুঁটিনাটি সব বুঝিয়ে দিচ্ছি রাফেলাকে, গভীর মনোযোগ দিয়ে শুনছে ও। সবশেষে ওর প্লেনের টিকেট আর ট্রাভেলার্স চেক বইটা বের করলাম আমি।

রিজার্ভেশনগুলোও সেরে ফেলেছ এর মধ্যে? বিস্ময়ে প্রায় চমকে উঠল রাফেলা। আমাকে ওপর নিচে মাথা নাড়তে দেখে আবার জানতে চাইল, কখন যাচ্ছি আমি?

কাল দুপুরের প্লেনে।

আর তুমি কখন যাচ্ছ?

কফিনের সঙ্গে একই প্লেনে-তিন দিন পর, শুক্রবারে। বি. ও. এ. সি-র একটা ত্রিশ মিনিটের ফ্লাইটে যাব। হাতের সব কাজ সেরে আমার জন্যে অপেক্ষা করার সময় পাবে তুমি।

রাতটা ঠাণ্ডা আর জ্যোছনায় ভরা। এমন রাতেই জেগে থাকতে হয়, প্রেমে পড়তে হয়, কিন্তু তবু লক্ষ করলাম রাফেলার মুখে বিষাদের ছায়া আরও গাঢ় হয়ে ফুটেছে, যেন বিদায়ের আশঙ্কায় মন খারাপ করে আছে ও।

ভোর অন্ধকার থাকতে ওকে নিয়ে সাঁতার কেটে বে-এর মুখে চলে এলাম, আমাদের পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হল ওখানে। প্রায় অর্ধেকটা সকাল ডলফিনদের পিঠে চড়ে কাটালাম আমরা। তারপর ধীরে ধীরে ফিরে এলাম সৈকতে। 

পুরানো পিকআপে তুলে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিলাম রাফেলাকে আমি। যাবার পথে প্রায় সারাক্ষণ চুপ করে আছে ও, কিন্তু হঠাৎ কি যেন বলার জন্যে অস্থির হয়ে উঠল।

কি বলতে চাইছে, ঠিকমত বোঝা যাচ্ছে না। বক্তব্যটা যেন ওর নিজের কাছেই পরিষ্কার নয়। প্রচুর ইতস্তত করে শেষ করল এই ভাবে …ধরো কখনও যদি আমাদের মধ্যে কিছু ঘটে, মানে…তুমি নিশ্চয়ই জান কোন জিনিসই চিরস্থায়ী নয়, তাই না…

থামলে কেন?

না, থাক-কিছু না আসলে। পরস্পরকে আমরা ক্ষমা করার চেষ্টা করব, যদি তেমন কিছু ঘটে-এই আর কি। এর বেশি কিছু বলল না ও।

এয়ারপোর্ট ক্যারিয়ারের কাছে দ্রুত ছোট্ট করে চুমো খেল আমাকে ও, আমার কাঁধে দুই হাত রেখে এক সেকেণ্ড প্রায় ঝুলে থাকল, তারপর হঠাৎ ব্যস্ততার সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়াল। অপেক্ষারত প্লেনের দিকে এগোচ্ছে ও। মই বেয়ে ওপরে ওঠার সময় পেছন ফিরে তাকাল না একবারও, হাতও নাড়ল না।

টার্টল বে-তে একা ফিরে এলাম আমি।

ও নেই, তাই গোটা বাড়ি খাঁ-খাঁ করছে। অদ্ভুত এক শূন্যতা বোধ ঘিরে রেখেছে আমাকে, অস্থিরভাবে এ-ঘর থেকে সে-ঘরে পায়চারি করছি। ভাবছি, এক এক করে সবাই চলে যাচ্ছে। আমাকে ছেড়ে-প্রথমে ল্যাম্পনি, তারপর রডরিক… তারপর?

গভীর রাত। মশারির ভেতর মস্ত বিছানায় শুয়ে আছি আমি। ভাবছি, আর কোন উপায় নেই বলেই এত বড় ঝুঁকি নিতে হচ্ছে আমাকে। মনে মনে গোটা ব্যাপারটা আরেকবার স্মরণ করলাম। সন্দেহ নেই, ঝুঁকিটা ভয়ঙ্কর। কিন্তু এ-ঝুঁকি নেয়া একান্ত প্রয়োজন। অন্তরের অন্তস্তল থেকে জানি, এখানে অর্থাৎ আমার জীবনে আবার ফিরিয়ে আনতে হবে রাফেলাকে। ওকে ছাড়া বেঁচে থাকব, কিন্তু সে বেঁচে থাকায় কোন স্বাদ পাব না। অনেকগুলো ব্যাপার আমার কাছ থেকে টেনে সরিয়ে নিয়ে যেতে চাইছে ওকে, কিন্তু আমিও নিজের সবটুকু শক্তি দিয়ে কাছে টানব ওকে-দুই শক্তির এই টাগ অফ ওঅরে জিততে আমাকে হবেই। অবশ্য সিদ্ধান্তটা ওকেই নেবার সুযোগ দেব আমি, কিন্তু সিদ্ধান্তটা যাতে আমার অনুকূল হয় তার জন্যে ওকে প্রভাবিত করার সম্ভাব্য সব কৌশল কাজে লাগাব।

সকালে রামাদীনস্ ট্রাভেল এজেন্সিতে এলাম আমি। তর্ক, টাকা এবং প্রতিজ্ঞা বিনিময়ের পর আমার পিকআপে কফিন বাক্সটা তুলে দিল ঢ্যাঙা রামাদীন। বাক্সটার দুদিকে তামার হাতল ঝকঝক করছে, ভেতরটা লাল ভেলভেট দিয়ে মোড়া। ক্যানভাস দিয়ে মুড়ে টার্টল বে-তে নিয়ে এলাম ওটাকে।

ধীরে-সুস্থে ভরাট করলাম বাক্সের ভেতরটা। তারপর স্ক্রু এঁটে বন্ধ করে দিলাম ঢাকনি। এখন এটার ওজন পাঁচশো পাউণ্ডের কম নয়।

সন্ধ্যার পর শহরে ফিরে এলাম আমি। কয়েকটা কাজ সারতে দেরি হল অনেক। লর্ড নেলসনে ঢুকলাম। প্রায় বন্ধ করার সময় হয়ে এসেছে ওদের। এক চুমুক হুইস্কি খাবার সময়ও পেলাম না, জিনিসপত্র গোছগাছ করে নেবার জন্যে গাড়ি চালিয়ে ফিরে এলাম টার্টল বে-তে।

পরদিন দুপুরে, রাফেলা বার্ডের সঙ্গে আয়োজিত সময়ের ঠিক চব্বিশ ঘন্টা আগে, মেইনল্যাণ্ডগামী একটা প্লেনে চড়ে বসলাম আমি। সন্ধ্যায় বি. ও. এ. সি-র নাইরোবি ফ্লাইট ধরলাম।

পুরো একদিন আগে পৌঁছেছি জুরিখে, তাই এয়ারপোর্টে কাউকে আশা করিনি আমি। কাস্টমস আর ইমিগ্রেশনের ঝামেলা দ্রুত শেষ করে বিশাল অ্যারাইভাল হলে বেরিয়ে এলাম। পরিকল্পনার এলোমেলো সুতোগুলো শক্ত করে বেঁধে নেবার আগে লাগেজ চেক করে নিলাম। তারপর খোঁজ নিয়ে জানলাম, পরদিন একটা বিশ মিনিটে ফিরতি ফ্লাইট পাব একটা। আমার পরিকল্পনার সঙ্গে খাপে খাপে মিলে গেল ব্যাপারটা। মাত্র একটা টিকেট বুক করলাম আমি।

অনুসন্ধান ডেস্কে সুইস এয়ারের ড্রেস পরা সুন্দরী মেয়েটা খুব ব্যস্ত, সুতরাং দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি। যখন দেখলাম ও একা, এগিয়ে গিয়ে দাঁড়ালাম ওর সামনে।

লম্বা সময় নিয়ে ব্যাখ্যা দিলাম ওকে। প্রথম দিকে আমার অনুরোধ জেদের সঙ্গে প্রত্যাখ্যান করল ও। কিন্তু নরম সুরে, চোখ টিপে, মেয়ে পটাবার হাসিটা মুখে লটকে নিয়ে আরও কিছুক্ষণ গল্প করার পর ওকেও বারবার খিলখিল করে হেসে উঠতে হল। এরপর একদম পানির মত সহজ হয়ে গেল ব্যাপারটা।

কালও তুমি এখানে ডিউটিতে থাকবে তো? ব্যগ্রভাবে জানতে চাইলাম আমি।

হ্যাঁ, মশিয়ে, থাকব-চিন্তা কোরো না তুমি।

ঘনিষ্ঠ বন্ধুর মত শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আমরা। একটা ট্যাক্সি নিয়ে অল্প দূরের জুরিখ হলিডে ইনে চলে এলাম রাত কাটাবার জন্যে। একটা ড্রিঙ্কের অর্ডার দিয়ে শাওয়ার সারলাম, তারপর আরাম করে বসলাম টেলিভিশনের সামনে।

পরদিন দুপুরের খানিক আগে এয়ারপোর্টে একটা কাফেতে বসে আছি আমি, মুখের সামনে দৈনিক পত্রিকা মেলে ধরে পড়ার ভান করছি। আসলে কাগজটার ওপর দিকে উঁকি মেরে তাকিয়ে আছি অ্যারাইভাল হলের দিকে। আমার ব্যাগ এবং টিকেট চেক করানো হয়ে গেছে এরই মধ্যে, বাকি শুধু কয়েক পা হেঁটে ডিপারচার লাউঞ্জ পেরিয়ে বিদায় নেয়া।

আজ সকালে কেনা ধূসর রঙের একটা স্যুট পরে আছি আমি, এতই ঢিলেঢালা যে আরেকজন লোককে এর ভেতর লুকিয়ে নিতে পারব অনায়াসে। মাসুদ রানা এ-ধরনের জোব্বা পরে প্রকাশ্যে বেরুতে পারে তা দেখেও কেউ বিশ্বাস করবে না। তবে, আমার আকৃতি বদলে নিয়েছি হোটেলের তোয়ালেগুলোকে প্যাড হিসেবে শরীরের বিশেষ বিশেষ জায়গায় জড়িয়ে বেঁধে নিয়ে। শুধু তাই নয়, চুল ছেঁটে অর্ধেক করে নিয়েছি আমি, আর সাদা ট্যালকম পাউডার ছড়িয়ে পনেরো বছর বাড়িয়ে নিয়েছি বয়সটা। সোনার ফ্রেমের চশমা পরে আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারিনি আমি।

একটা সাত মিনিটে টার্মিনাল ভবনের মেইন গেট দিয়ে ভেতরে ঢুকল রাফেলা বার্ড। উলের তৈরি সাদা কালো ডোরাকাটা স্যুট পরে আছে ও, লম্বা একটা কালো লেদার কোট চড়িয়েছে তার ওপর, এর সঙ্গে মিল রেখে মাথায় বসিয়েছে সরু কার্নিসের লেদার হ্যাট। এই পোশাকে একটু বেশি স্মার্ট আর খুব কাজের মেয়ে বলে মনে হচ্ছে ওকে। গাঢ় রঙের সানগ্লাস দিয়ে চোখ দুটো ঢেকে রেখেছে ও, কিন্তু মুখের চেহারায় অদ্ভুত অপরিচিত একটা কাঠিন্য দেখতে পাচ্ছি আমি। দৃঢ়, লম্বা পা ফেলে ট্যুরিস্টদের ভিড় ঠেলে এগোচ্ছে ও।

যা ভয় করেছিলাম তাই, আমার আশঙ্কাই সত্যি প্রমাণিত হচ্ছে, বুঝতে পেরে নিমেষে অসুস্থ বোধ করছি আমি, হাতে ধরা পত্রিকাটা কাঁপছে একটু একটু। ওর পাশে এবং এক হাত পেছনে থেকে ওকে অনুরসণ করছে ছোটখাট কিন্তু শক্তিশালী একজন বয়স্ক লোক, পরনে নিখুঁত পোশাক, মুখে গাম্ভীর্য এবং সঙ্গে পিস্তল-কোটের পকেটটা ফুলে রয়েছে দেখে বুঝতে পারছি এই লোকটার সঙ্গেই পরিচয় করিয়ে দিয়েছিল আমাকে রাফেলা বার্ড, ওর নাকি আঙ্কেল। আঙ্কেল বার্ডের মাথায় সুতির একটা ক্যাপ রয়েছে, হাতে রয়েছে একটা ভাঁজ করা ওভারকোট। পূর্ণ সজাগ লোকটা, শিকারির ধূর্ততা ফুটে রয়েছে চোখে-মুখে। তার একটু পেছনে রয়েছে আরও চারজন সশস্ত্র যুবক।

শয়তান পাজি মেয়ে! বিড়বিড় করে বললাম আমি। কিন্তু সেই সঙ্গে আবার একথাও ভাবছি, ব্যাপারটা এত বেশি তিক্ত লাগছে কেন! অনেক আগেই তো এসব জানা হয়ে গেছে আমার।

রাফেলা এবং তার পাঁচজন পুরুষ সঙ্গী হলের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে। ডিয়ার আঙ্কেল বার্ড দ্রুত আর বলিষ্ঠ ভঙ্গিতে নির্দেশ দিচ্ছে, দেখতে পাচ্ছি। নিরেট নির্ভেজাল পেশাদার লোক, আমার জন্যে হলটাকে যেভাবে চারদিক থেকে বন্ধ করে ফেলল তা দেখেই পরিষ্কার টের পাওয়া যাচ্ছে। বেরিয়ে যাবার প্রত্যেকটি দরজায় এবং অ্যারাইভাল গেটে লোক দাঁড় করাল সে।

শান্তভাবে দাঁড়িয়ে শুনছে রাফেলা বার্ড, মুখের চেহারায় কোন ভাবের ছাপ নেই, চোখ দুটো সানগ্লাসে আড়াল করা। আঙ্কেল বার্ড তাকে কিছু বলতেই ঝট করে মাথা ঝাঁকাল সে, সঙ্গী চারজন নিজেদের জায়গায় গিয়ে দাঁড়াবার পর ঘুরে অ্যারাইভাল গেটের দিকে মুখ করল ওরা দুজন। দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার জন্যে।

আর নয়, যথেষ্ট হয়েছে, এবার পালাও, রানা! ভেতর থেকে শুভবুদ্ধি ব্যাকুলভাবে সতর্ক করছে আমাকে। এই সর্বনেশে খেলায় মেতো না। এরা আরেক দল নেকড়ে। পালাও, রানা, পালাও!

ঠিক তখই পাবলিক অ্যাড্রেস সিস্টেম থেকে একটা ফ্লাইট ছাড়ার ঘোষণা দেয়া হল। এটা আমার ফেরার ফ্লাইট, যে ফ্লাইটের টিকেট কেটে রেখেছি। আর মাত্র কয়েক মিনিট বাকি আছে প্লেনটা টেকঅফ করতে। টিকেটধারীদেরকে ডিপারচার লাউঞ্জে যেতে বলা হচ্ছে।

টেবিল ছেড়ে উঠলাম আমি। সস্তাদরের ঢোলা স্যুটটা টেনেটুনে ঠিক করে বসিয়ে নিলাম গায়ে, তারপর বেরিয়ে এলাম কাফে থেকে। কোনদিকে না তাকিয়ে দ্রুত চলে এসেছি অনুসন্ধান ডেস্কের সামনে। সুইস এয়ারের ড্রেস পরা মেয়েটা দেখেও চিনতে পারল না আমাকে, পরমুহূর্তে চোখ দুটো বিস্ফারিত আর মুখটা ঝুলে পড়ল ওর।

সময় বুঝে সেই মোহন হাসিটা ছুঁড়ে দিলাম ওর দিকে। প্রচণ্ড কৌতুকে মুখে হাত চাপা দিয়ে হাসি সামলাচ্ছে ও। এর সবটুকু আমার বেশভূষার কৃতিত্ব।

সব শেষের বুদটা, ফিস ফিস করে বলল ও। ডিপারচার গেটের সবচেয়ে কাছের সারির শেষ বুদটা।

চোখ টিপে ধন্যবাদ জানালাম ওকে। ঘুরে দাঁড়িয়ে দ্রুত এগোচ্ছি। টেলিফোন বুদে ঢুকে রিসিভার তুলে কথা বলার ভান করছি, কিন্তু আঙুলের চাপ দিয়ে কানেকশন বিচ্ছিন্ন করে রেখেছি আমি। কাঁচের দরজা দিয়ে তাকিয়ে আছি বাইরের হলের দিকে।

সুইস এয়ারের ড্রেস পরা মেয়েটা কথা রেখেছে। লাউডস্পীকারে ওর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পাচ্ছি।

অ্যাটেনশন, প্লীজ। মিস রাফেলা বার্ড, আপনি দয়া করে অনুসন্ধান ডেস্কে রিপোর্ট করুন।

কাঁচের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি এগিয়ে গিয়ে ডেস্কের সামনে দাঁড়াল রাফেলা, কথা বলছে মেয়েটার সঙ্গে। হাত তুলে মেয়েটা আমার পাশের বুদটা দেখাল ওকে। ঘুরে দাঁড়াল রাফেলা। সোজা এগিয়ে আসছে আমার দিকে। বুদের সারিগুলো আঙ্কেল বার্ড এবং সঙ্গীদের কাছ থেকে আড়াল করে রেখেছে ওকে।

ওর লম্বা পায়ের চারদিকে ঢেউ খেলছে লেদার কোট, প্রতি পদক্ষেপের সঙ্গে দোল খাচ্ছে কাঁধের কাছে চকচকে কালো চুল। হাতের ক্ষত ঢেকে রাখার জন্যে কালো চামড়ার দস্তানা পরেছে ও। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার এই মুহূর্তে কিন্তু আশ্চর্য সুন্দর দেখাচ্ছে ওকে।

আমার পাশের বুদে ঢুকে ফোনের রিসিভারটা তুলল ও। দ্রুত আমার নিজের রিসিভারটা ক্রেডলে রেখে বুদ থেকে বেরিয়ে এলাম আমি। ওর বুদের দরজা খুলছি, চরম বিরক্তির সঙ্গে ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকাল ও।

ঠিক আছে, মহিলা-পুলিস-কেন তোমার মাথা ভাঙব না তার উপযুক্ত কারণ দর্শাও, বললাম ওকে।

বিস্ময়ে থ হয়ে গেছে রাফেলা। স্যাঁত করে একটা হাত উঠে গেল মুখের কাছে। তুমি! আঁতকে উঠল ও। পরস্পরের দিকে তাকিয়ে আছি আমরা।

আসল রাফেলা বার্ডের খবর বল আগে। কি হয়েছিল তার? জানতে চাইছি আমি। বিস্ময়ের ধাক্কাটা সামলে উঠতে সাহায্য করল ওকে আমার প্রশ্ন।

মারা গিয়েছিল। আমরা তার লাশ পাই-প্রায় চেনার উপায় ছিল না-শহরতলীর একটা জঙ্গলে।

সিডনি শেরিডান আমাকে বলেছিল সে তাকে খুন করেছে, বললাম আমি। কিন্তু কথাটা আমি বিশ্বাস করিনি। তারপর ঝুঁকি নিয়ে যখন ক্রাশবোটে গেলাম তোমাকে উদ্ধার করে আনার জন্যে, তখনও শেরিডান হেসেছিল। আমি তোমাকে রাফেলা বলে ডাকায় আমাকে সে বোকা বলে টিটকারি দেয়, ঠোঁট বাঁকা করে হাসছি আমি। মিথ্যে বলেনি সে-তাই না? বোকাই ছিলাম আমি।

চুপ করে আছে ও, আমার চোখে তাকাতে পারছে না। কথা বলে যাচ্ছি আমি, আমার অনুমানগুলো সত্য কিনা যাচাই করে নিচ্ছি।

তার মানে রাফেলা বার্ড মারা গেলে তোমার ডিপার্টমেন্ট খবরটা চেপে রাখার সিদ্ধান্ত নেয়, আর তোমাকে পাঠায় বার্ডদের বাড়িতে ওত পেতে বসে থাকার জন্যে। আশা করছিলে, খুনীরা নবাগতার পরিচয় জানার জন্যে ওখানে ফিরে আসবে আবার। অথবা অন্য কোন স্বার্থ-সন্ধানী দল ওখানে ঢুঁ মারতে এসে তোমাদেরকে পথ দেখাবে। তোমার ডিপার্টমেন্ট এ-কাজের জন্যে তোমাকেই বেছে নিল কেন? কারণ, তুমি একজন ট্রেনিংপ্রাপ্ত পুলিস ডাইভার। ঠিক কি না?

ঘাড় কাত করল রাফেলা। এখনও তাকাতে পারছে না আমার দিকে।

কিন্তু মস্ত একটা ভুল করে ফেলে ওরা। কংকোলজি সম্পর্কে তোমাকে কিছু জ্ঞান দান করা উচিত ছিল ওদের। তা যদি দিত, তাহলে তুমি সেই ফায়ার কোরালটা ধরতে যেতে না, আমিও বিরাট একটা ঝামেলা থেকে বাঁচতাম।

আমার অপ্রত্যাশিত উদয় হতভম্ব করে দিয়েছিল ওকে, কিন্তু এরই মধ্যে বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়েছে ও। এখন ওর সময় হয়েছে হুইসেল বাজিয়ে আঙ্কেল বার্ড আর সঙ্গীদের ডাকার, তাই যদি করতে চায় ও।

মুখটা অন্য দিকে একটু ঘুরিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে ও। তামাটে সোনালী মুখে রক্তের লালচে আভা ফুটে উঠেছে।

প্রথম রাতে তুমি টেলিফোন করেছিলে, ভেবেছিলে আমি ঘুমিয়ে পড়েছি। তুমি তোমার সুপিরিয়র অফিসারকে রিপোর্ট করছিলে যে এক বোকা পা দিয়েছে ফাঁদে। তোমাকে আমার সঙ্গে অভিনয় চালিয়ে যাবার নির্দেশ দেয়া হয়। আর, ওহ্ গড, কি খেলাই না খেললে তুমি আমার সঙ্গে!

অবশেষে আমার দিকে তাকাল ও। নীল চোখের পাতা ঝুলে পড়ছে, যেন আত্মরক্ষার ভঙ্গিতে বলতে চাইছে, আমাকে এভাবে দুষো না। জোড়া লাগানো ঠোঁটের পেছনে শব্দগুলো যেন ফুটছে, কিন্তু সেগুলো আটকে রেখেছে ও, বেরুতে দিচ্ছে না।

সেজন্যেই নিরোর দোকানে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকিয়েছিলে তুমি আমাকে, যাতে প্রতিবেশীরা কেউ তোমাকে দেখতে না পায়। সেজন্যেই শেরিডানের লোকেরা গ্যাসের আগুনে তোমার আঙুল পোড়াতে এসেছিল। তোমার পরিচয় জানতে চেয়েছিল ওরা, কেননা ওরা জানত তুমি রাফেলা বার্ড হতে পার না। ওরাই তো খুন করেছিল রাফেলা বার্ডকে।

এখন আমি চাইছি কথা বলুক ও। ওর মৌনতা প্রচণ্ড চাপ সৃষ্টি করছে আমার স্নায়ুতে।

আঙ্কেল বার্ডের পদটা কি? ইন্সপেক্টর?

চীফ ইন্সপেক্টর।

ওকে দেখেই সন্দেহ হয়েছিল আমার।

সবই যখন জানো, নতুন করে এসব কথা তুলছ কেন তুমি? জানতে চাইল ও।

প্রথম দিকে কিছুই জানতাম না, শুধু সন্দেহ হয়েছিল। কিন্তু যখন নিশ্চিতভাবে জানলাম তখন নিরেট বোকার মত তোমার প্রেমে অন্ধ হয়ে গেছি।

আত্মরক্ষার ভঙ্গিতে নিজেকে আলিঙ্গন করল রাফেলা, আমি যেন আঘাত করেছি ওকে। কিন্তু নির্মমভাবে বলে যাচ্ছি আমি।

ভেবেছিলাম আমরা দুজন একসঙ্গে এমন কিছু করেছি যার ফলে আমার সম্পর্কে কিছু ভাল অনুভূতি হবে তোমার মধ্যে। আমার সমস্ত জীবনের শিক্ষা আর অভিজ্ঞতা বলে কেউ যখন কাউকে ভালবাসে সেই ভালবাসার কথা ভুলে থাকা যায় না।

আমি একজন পুলিস, দুজনের ব্যবধানটা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে ও, আর তুমি একজন খুনী।

এমন একজনকেও আমি খুন করিনি যে প্রথমে আমাকে খুন করতে চায়নি, পাল্টা ওর চোখে আঙুল দিয়ে স্মরণ করিয়ে দিলাম ওকে, ঠিক যেভাবে হুমায়ুন দাদাকে খুন করেছ তুমি।

প্রচণ্ড আঘাতের মত লাগল কথাটা ওকে, প্রায় ভারসাম্য হারিয়ে ফেলার মত অবস্থা হয়েছে ওর। নিজের চারদিকে এমনভাবে তাকাচ্ছে যেন একটা ফাঁদে আটকা পড়ে গেছে।

তুমি একটা চোর, আবার হামলা করল ও।

একটু ইতস্তত করে মেনে নিলাম আমি, হ্যাঁ-কিন্তু চোর ছিলাম অনেকদিন আগে। তারপর থেকে সৎ থাকার জন্যে অমানুষিক পরিশ্রম করছি আমি। আমি একজন সৎ মানুষ, একথা এখন গর্ব করে বলতে পারি।

না, পার না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল রাফেলা। বাঘ-সিংহাসনের মাথা, গ্রেট মুঘল…এগুলো কোন্ অধিকারে তুমি নিজের কাছে রেখেছ?

না, মাদাম, মৃদু কণ্ঠে বললাম আমি। নিঃশব্দে হাসছি। তুমি ভুল করছ।

কি বলতে চাও? কফিনে করে কি এসেছে তাহলে?

টার্টল বে-র পাঁচশো পাউণ্ড নির্ভেজাল ভিজে বালি। ওগুলো দেখে তোমার মনে পড়বে কিভাবে ওখানে সময়টা কাটিয়েছিলাম আমরা।

সোনার মাথা-কোথায় সেটা?

সেটার ওপর আইনসম্মত অধিকার রয়েছে যার তাকেই দিয়ে এসেছি।

কে…কার কথা বলছ তুমি?

দ্বীপবাসীদের কথা বলছি-তাদের প্রতিনিধি প্রেসিডেন্ট গডফ্রে পিডলের কাছে রয়েছে এখন সব।

তুমি দিয়ে দিয়েছ? অবিশ্বাসে চোখ বড় বড় করে তাকাল রাফেলা। তারপর অন্য একটা ভাব এসে অবিশ্বাসটুকু মুছে ফেলতে শুরু করল ওর চোখ থেকে। কেন, রানা, কেন?

বললাম না, সৎ থাকার জন্যে অমানুষিক পরিশ্রম করছি আমি। আবার আমরা পরস্পরের দিকে তাকিয়ে আছি। তারপর হঠাৎ দেখলাম স্বচ্ছ পানির পাতলা, সূক্ষ্ম একটা স্তর জমছে ওর গাঢ় নীল চোখে।

আর তুমি এখানে এসেছ-আমি কি করব তা জানা সত্ত্বেও?

তোমাকে সত্যিই ভালবাসি, তাই আমি চেয়েছি পথ বেছে নেবার একটা সুযোগ যেন পাও তুমি, বললাম আমি। ওর চোখের নিচের পাতায় পানির ফোঁটাগুলো মুক্তোর মত ঝুলছে। ওকে বলছি, এখন এই বুথ থেকে বেরুব আমি। হল পেরিয়ে গেট দিয়ে বেরিয়ে যাব। কেউ যদি হুইসেল না বাজায়, পরবর্তী ফ্লাইট ধরে এখান থেকে চলে যাব। পরদিন প্রবাল প্রাচীর পেরিয়ে যাব সাঁতার কেটে, দেখব ডলফিনরা আসে কিনা। তোমার জন্যে অপেক্ষা করব আমি…বেশ অনেকদিন।

কিন্তু পুলিস তোমাকে ওখানেও শান্তিতে থাকতে দেবে না, রানা।

দেবে। যা কিছু ঘটেছে তার সব দায়িত্ব নিজের কাঁধে নিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট পিডল। তিনি কথা দিয়েছেন, আমাকে রক্ষার জন্যে যা যা করা এবং বলা দরকার সব তিনি করবেন এবং বলবেন। সেন্ট মেরিতে কেউ আমাকে ছুঁতে পারবে না।

আবার আমরা পরস্পরের দিকে তাকিয়ে আছি। তারপর নিঃশব্দে হাসলাম আমি। একটা কথা বলা হয়নি তোমাকে। সুখবর। তোমার জন্যে কিনা জানি না। কিন্তু আমার জন্যে বটে। প্রেসিডেন্ট আমার জন্যে একটা বোটের অর্ডার দিয়েছেন। হুবহু জলকুমারীর মত হবে সেটা। বো-এ সোনার হরফে লেখা থাকবে নামটা-জলকুমারী। এই দেখ অফিশিয়াল অর্ডার। পকেট থেকে প্রেসিডেন্টের সীলমোহর করা চিঠিটা বের করে দেখালাম ওকে। বললাম, আশা করছি মাস তিনেকের মধ্যেই পাব। ওটা দ্বীপবাসীদের ভালবাসা আর কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমার জন্যে উপহার।

নির্বিকার তাকিয়ে আছে রাফেলা। চোখ দুটো কি ঝিক্ করে উঠল? ঠিক বুঝতে পারলাম না।

ঘুরে দাঁড়িয়ে বুদের দরজা খুলে বেরিয়ে এলাম আমি। ধীর কিন্তু দৃঢ় পায়ে হাঁটছি ডিপারচার গেটের দিকে। এই সময় লাউডস্পীকারে আবার আমার ফ্লাইট ছাড়ার ঘোষণা শুরু হল। আমার সমস্ত জীবনের সবচেয়ে লম্বা পদচারণা এটা, প্রতি পদক্ষেপের সঙ্গে বুকের খাঁচায় বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড। কেউ আমাকে বাধা দিল না। আমিও পেছন ফিরে তাকাবার ঝুঁকি নিইনি।

প্লেনে বসে ভাবছি, কি আশ্চর্য, আরও কত কথা বলার ছিল রাফেলাকে, অথচ সব ভুলে গেলাম কিভাবে! ওর আসল নামটা পর্যন্ত জানা হয়নি আমার!

.

তারপর, রানা? তারপর কি হল? উত্তেজনায় কাঁপছে সোহানার কণ্ঠস্বর, ব্যগ্রভাবে জানতে চাইছে, চুপ করে গেলে কেন? বল! তারপর কি হল?

তারপর? তারপর…রাজপুত্র দেখল, সেই বিশাল গাছে হাজার হাজার চড়ুই পাখি বসে রয়েছে। একটা পাখিকে রাজপুত্র পশ্ন করল, পাখি, তুমি রাজকন্যেকে এই পথ দিয়ে যেতে দেখেছ? নিঃশব্দে হাসছে রানা, পাখিটা কোন জবাব না দিয়ে ফুড়ুৎ করে উড়ে গেল। রাজপুত্র তখন আরেকটা পাখিকে ওই একই প্রশ্ন করল। সেই পাখিটাও ফুড়ুৎ-চলল এইভাবে।

ঠাট্টা না, প্লীজ, রানা, তোমার পায়ে পড়ি, বল কি হল তারপর।

ফুড়ুৎ!

রানা! কেঁদে ফেলবে যেন সোহানা।

ফুড়ুৎ!

তুমি…তুমি এমন শয়তান লোক জানলে…

কি আশ্চর্য, সব পাখি উড়ে না গেলে আমার কিছু করার আছে, তুমিই বল? কিন্তু সোহানা নাকের জলে চোখের জলে ভাসতে যাচ্ছে দেখে দয়া হল ওর, বলল, আচ্ছা, বেশ, কি জানতে চাও বলো?

রাফেলা…সে…কি সেন্ট মেরিতে ফিরে এল?

সে যদি আসত তাহলে তুমি আজ এখানে আমার পাশে কেন?

এল না! কেমন যেন নিরাশ হল সোহানা। কিন্তু, কেন, রানা? সে-ও তো ভালবেসেছিল তোমাকে। তবে এল না কেন?

 আমি চোর, খুনী, এ কথাটা ভুলতে পারেনি ও। লণ্ডনে যে ডায়মণ্ড কেলেঙ্কারির সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেছিল পুলিস, খুনের আসামী হিসেবে পরোয়ানা বের করেছিল গ্রেফতারের আমার সেই অপরাধ কিছুতেই ক্ষমা করতে পারেনি ও। হাজার হোক পুলিস তো। নীতির বেড়া ভেঙে আমাকে মেনে নিতে পারেনি। একটু থেমে আবার বলল রানা, একটা কথা বললেই সব মেনে নিত ও, আমি জানতাম। কিন্তু সে কথা আমি বলিনি ওকে।

কি কথা, রানা?

আমি যে পি. সি. আই-এর একজন এজেন্ট, এই কথাটা। জানি, বললেই আমার সবকিছু পানির মত পরিষ্কার হয়ে যেত ওর কাছে। ও বুঝত, আমিও এক ধরনের পুলিসই, ব্যক্তিগত স্বার্থে বা লোভে পড়ে কিছুই করিনি আমি, করেছি দেশের স্বার্থে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্যে। কিন্তু হোক না প্রথম প্রেম, বিদেশিনীর কাছে অফিশিয়াল সিক্রেট ভাঙা সম্ভব ছিল না আমার পক্ষে। ব্যাপারটা বিয়ের পর্যায়ে গেলে ওপরঅলার অনুমতি নিয়ে হয়ত জানাতাম, কিন্তু তার আগে জানাবার কথা কল্পনাও করিনি। তুমি হয়ত জান, প্রচণ্ড নির্যাতনের মুখেও আজ পর্যন্ত কোথাও কারও কাছে আমি আমাদের কোন সিক্রেট আউট করিনি-এই জন্যেই আমি মাসুদ রানা।

শ্রদ্ধার দৃষ্টি ফুটে উঠল সোহানার চোখে। দেশের স্বার্থে কতবড় ত্যাগ স্বীকার করেছে রানা, ভাবতে গিয়ে বিস্ময়ে অভিভূৎ না হয়ে পারল না সে।

আচ্ছা, নতুন জলকুমারী পেয়েছিলে?

হ্যাঁ।

কোথায় এখন সেটা?

আছে। কোথায় জিজ্ঞেস কোরো না। অফিশিয়াল সিক্রেট।

আর বাঘ সিংহাসনের বাকি অংশ? পরে গানফায়ার রীফ থেকে সেগুলো উদ্ধার করেছিলে?

আমি নিজে যাইনি আর-নকশা এঁকে বুঝিয়ে দিয়েছিলাম, ওরাই ব্যবস্থা করেছিল তোলার।

আর, শেরিডানের ব্যাপারে লণ্ডনে যে-সব তথ্য প্রমাণ সংগ্রহ করেছিলে…।

ও, হ্যাঁ, মাথা ঝাঁকাল রানা, জুরিখ থেকে দ্বীপে ফিরে আসার সাতদিনের মধ্যেই ঢাকা থেকে টেলিগ্রাম এসে হাজির। ডেকে পাঠিয়েছেন মেজর জেনারেল।

ফিরে এলে?

রাফেলার জন্যে আরও তিন হপ্তা অপেক্ষা করে শেষে ফিরেই এলাম।

অনেকক্ষণ চুপ করে রইল রানা। তারপর মৃদু হাসল, আশ্চর্য হালকা লাগছে, সোহানা। এতদিনের চেপে রাখা কথাগুলো কাউকে বলতে পেরে ভারমুক্ত হয়ে গেল বুকটা। যাই হোক, কেমন লাগল বল তো গল্পটা?

দারুণ, অপূর্ব, তুলনাহীন, উচ্ছ্বসিত প্রশংসার বিস্ফোরণ বেরিয়ে এল সোহানার উজ্জ্বল মুখ থেকে। হাসল সে-ও, ভাগ্যিস তুমি লিখতে জানো না!

যেন একটা ধাক্কা খেয়ে চমকে উঠল রানা, আরেকটু হলে পড়ে যাচ্ছিল দাঁতের ফাঁক থেকে চুরুটটা। তারমানে? লিখতে জানি না?

গল্প লেখার কথা বলছি, গো। যদি পারতে, না খেয়ে মারা যেত বেচারা কাজী আনোয়ার হোসেন। তোমারটা ছেড়ে কেউ আর তার লেখা পড়তে যেত না।

তাই নাকি? এতই ভাল বলেছি? তাহলে তো তোমাকে আরও গল্প শোনাতে হয়!

আরও গল্প? সত্যিই? আরও আছে?

অ-নে-ক।

[সমাপ্ত]

<

Super User