আকাশ থেকে প্রকাণ্ড একটা মাছের পিঠের মত দেখাচ্ছে সেন্ট মেরী দ্বীপটাকে। গ্র্যাণ্ড হারবারটা যেন শরীরের তুলনায় বড় একটা মুখ, আর চোয়ালের মধ্যে বসানো রয়েছে ছোট্ট শহরটা। গাঢ় সবুজ খেত-খামারের মাঝখানে টিন আর টালির ছাদগুলো আয়নার মত ঝিক ঝিক করে উঠছে। দ্বীপটাকে ঘিরে দুবার চক্কর মারল আমাদের ফকার ফ্রেণ্ডশিপ।

জানালার কাঁচে মুখ চেপে ধরে নিচের দিকে তাকিয়ে আছে রাফেলা। উৎসাহ আর উত্তেজনায় উচ্ছ্বসিত হয়ে উঠেছে ও। আনারসের খেতের কাছে নেমে এল প্লেন, কাজ ছেড়ে মুখ তুলে তাকাচ্ছে দ্বীপবাসিনী মেয়েরা। রানওয়েতে নেমে খুদে এয়ারপোর্ট ভবনের সামনে থামলাম আমরা, গায়ে মস্ত একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে, তাতে লেখা-সেন্ট মেরী দ্বীপ, ভারত মহাসাগরের মুক্তো। এবং সাইনবোর্ডের ঠিক নিচেই আরও দুটো মহামূল্যবান মুক্তো দাঁড়িয়ে রয়েছে-রডরিক আর ল্যাম্পনি।

রডরিককে টেলিগ্রাম করে জানিয়েছিলাম, আমরা আসছি। আমাদেরকে অভ্যর্থনা জানাবার জন্যে ল্যাম্পনিকে সাথে করে নিয়ে এসেছে ও। দৌড় প্রতিযোগিতায় রডরিককে হারিয়ে দিয়ে ব্যারিয়ারের দিকে ছুটে এল ল্যাম্পনি। ও আমাকে, নাকি আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম-ব্যাপারটা সম্ভবত পরিষ্কার হল না রাফেলার কাছে। ব্যাগগুলো ছিনিয়ে নিল ল্যাম্পনি আমার হাত থেকে। ওর সাথে পরিচয় করিয়ে দিলাম আমি রাফেলা বার্ডের। রাফেলার দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকল ল্যাম্পনি। তার মুগ্ধ, বিস্মিত দৃষ্টির সামনে পড়ে বেশ একটু বিব্রত এবং অপ্রতিভ হয়ে উঠতে দেখছি রাফেলাকে। হঠাৎ সাংঘাতিক ব্যস্ত হয়ে উঠল ল্যাম্পনি। অত্যন্ত তাচ্ছিল্য এবং অবজ্ঞার সঙ্গে আমার হাতে ধরিয়ে দিল সে আমার ব্যাগগুলো। তারপর প্রচণ্ড আগ্রহ আর উদ্দীপনার সঙ্গে রাফেলার হাত থেকে তার ব্যাগগুলো কেড়ে নিল। রাফেলার কাছ থেকে কয়েক পা পিছিয়ে পড়ল সে, পরম। ভক্ত এবং অতি বিশ্বস্ত ক্রীতদাসের মত অনুসরণ করছে ওকে। ঘাড় ফিরিয়ে যদি একবার তার দিকে তাকাচ্ছে রাফেলা, সেই উজ্জ্বল চকমকে হাসিটা ঝিক করে উঠছে তার মুখে। প্রথম দর্শনেই রাফেলার ভক্ত বনে গেছে সে।

কিন্তু সবটুকু গাম্ভীর্য আর বিশালত্ব নিয়ে এগিয়ে এল আমাদের দিকে রডরিক। ত্রিকালদর্শী প্রাচীন ঋষির মত ভাবলেশহীন, কিন্তু চোহরায় স্থির হয়ে আছে নির্মল পাহাড়ের গা ছমছমে কাঠিন্য। তারপর প্রায় আঁতকে উঠে লক্ষ করলাম ধীরে ধীরে ভাবের বিকাশ ঘটছে তার প্রকাণ্ড মুখে। রাফেলার মনের অবস্থা কি দাঁড়াচ্ছে ভেবে বাস্তবিক শঙ্কা বোধ করছি আমি। রডরিকের আকার এবং আয়তনই যে-কোন শহরের মেয়ের জন্যে একটা বিকট দুঃস্বপ্নের মত। তারপর সে যদি সাবধানে নিজের ভাবগুলো লুকিয়ে রাখার চেষ্টা না করে, যে-কোন মেয়ে আতঙ্কে চিৎকার করে উঠলে তাকে দোষ দেয়া যায় না। কাঁধ দুটো উঁচু হয়ে উঠল রডরিকের। কপাল এবং মুখের মাংস ভাঁজ খেয়ে উল্টে গেল। মস্ত থাবা দিয়ে আমার হাতটা ধরল সে, এবং দয়া করে খুব কম চাপ দেয়ায় আমি শুধু অসহ্য ব্যথায় দাঁতে দাঁত চাপলাম, জ্ঞান হারালাম না।

এরপর রাফেলার দিকে তাকাল রডরিক। পরিষ্কার আঁতকে ওঠার শব্দ বেরিয়ে এল রাফেলার গলা থেকে। পরমুহূর্তে যা ঘটল তা যেমন অপ্রত্যাশিত তেমনি অভূতপূর্ব-এর আগে এ-দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি আমার। রডরিক তার নোংরা, তোবড়ান সী-ক্যাপটা তুলে ফেলল মাথা থেকে। খয়েরি রঙের মসৃণ গম্বুজটা দেখা যাচ্ছে। তারপর এতবড় করে হাসল, নিচের সারির শেষ প্রান্তের কৃত্রিম দাঁতটার বেগুনি মাড়িটা পর্যন্ত দেখতে পাচ্ছি। প্লেনের হোল্ড থেকে রাফেলার আর আমার আরও লাগেজ এসে পৌঁছুল। ল্যাম্পনিকে ঠেলে একপাশে সরিয়ে দিল রডরিক, তারপর দুহাতে রাফেলার দুটো ব্যাগ তুলে নিয়ে পথ দেখিয়ে তাকে নিয়ে চলল পিকআপের দিকে। আমার দিকে ফিরেও তাকাল না ল্যাম্পনি, তার সমস্ত মনোযোগ রাফেলাকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার মধ্যে নিবদ্ধ। এদিকে আমার নিজের একগাদা লাগেজের ওজনে নুয়ে পড়েছি আমি, টলতে টলতে কোন রকমে এগিয়ে এসে গাড়ির পেছন দিকে একটু জায়গা করে নিলাম। সান্ত্বনা পাচ্ছি এই ভেবে যে এই প্রথমবার আমার পছন্দ পছন্দ হয়েছে ওদের।

রডরিকের বাড়ির কিচেনে বসেছি আমরা। ব্যানানা কেক আর কফি দিয়ে আমাদেরকে খাতির করল বেগম রডরিক। এর মধ্যে রডরিকের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হলাম আমি। প্রথম দশমিনিট প্রচণ্ড দর কষাকষির মধ্যে কাটল, কিন্তু অবশেষে নতুন মোটর সহ ওর হোয়েল বোটটা অনির্দিষ্ট কালের জন্যে মাসিক ভাড়ার ভিত্তিতে আমাকে দিতে রাজি হল ও। রাজি হল ওর দাবির চেয়ে তিন গুণ বেশি ভাড়া নিতে। এরই সাথে ঠিক হল, আগের পারিশ্রমিকেই আমার ক্রু হিসেবে কাজ করবে ও এবং ল্যাম্পনি, এবং আমার অভিযান যদি সফল হয়, চার্টারের শেষে, মোটাতাজা একটা বিল ফিশ বোনাসও পাওনা হবে ওদের। আমার অভিযানের উদ্দেশ্য বা খুঁটিনাটি বিষয় সম্পর্কে কিছুই জানতে চাইল না ওরা। আমি শুধু ওদেরকে জানালাম দ্বীপমালিকার বাইরের দিকে কোন এক জায়গায় ক্যাম্প ফেলব আমরা, এবং আমি আর রাফেলা কাজ করব পানির নিচে।

প্রস্তুতির কাজে ওদেরকে লাগিয়ে দিয়ে রাফেলাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। পাম গাছের ভেতর দিয়ে টার্টল বে-র। দিকে যাবার পথে মা এডির দোকানে একবার থামলাম, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গাড়িতে তুলে নেবার জন্যে।

এটা একটা রূপকথার রাজ্য, চওড়া বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে বলল রাফেলা। যেদিকে তাকাচ্ছে, দৃষ্টি আটকে যাচ্ছে। পামগাছের ভেতর দিয়ে ধূসর সাগর সৈকত দেখতে পাচ্ছে ও।

ঠিক ওর পেছনে গিয়ে দাঁড়ালাম আমি। দুহাতে জড়িয়ে ধরে নিজের দিকে টানলাম। আমার গায়ে হেলান দিল ও, আমার কব্জি দুটো ধরে চাপ দিচ্ছে।

বিশ্বাস করো, এতটা সুন্দর, তা কিন্তু ভাবতে পারিনি, আবার বলল ও।

দ্রুত একটা পরিবর্তন ঘটছে ওর মধ্যে, পরিষ্কার অনুভব করতে পারছি আমি। শীতকালীন লতা যেন ও, দীর্ঘদিন সূর্যের পরশ থেকে বঞ্চিত। কিন্তু তবু আমি অনুভব করেছি নিজের ভেতর কি যেন একটা অত্যন্ত সতর্কতার সাথে চেপে রেখেছে ও, অত গভীরে আমি নামতে পারছি না-ফলে একটা অস্বস্তিবোধ খোঁচা মারছে আমাকে সর্বক্ষণ। রাফেলা সাধারণ কোন মেয়ে নয়, তাই সহজে তাকে বোঝাও যাচ্ছে না। কিন্তু এটুকু পরিষ্কার বুঝি, চেপে রাখা বিষয়টা ওকেও অশান্তির মধ্যে ফেলে রেখেছে। আমি ওকে লক্ষ করছি না ভেবে কয়েকবারই গভীর মনোযোগ আর তীক্ষ্ণ পর্যবেক্ষকের দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে ও, কিন্তু ব্যাপারটা প্রতিবার ধরে ফেলেছি আমি। তারপর সরাসরি চোখাচোখি হতেই সতর্ক হয়ে উঠেছে ও, চোখ ফিরিয়ে নিয়েছে অপ্রতিভভাবে। কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যেই আমার প্রতি একটু যেন বিরূপ ভাবের প্রতিচ্ছায়া ওর চোখে দেখতে ভুল করিনি আমি। আমার মনে হয়েছে, যে-কোন কারণেই হোক, সম্ভবত ঘৃণা করে ও আমাকে।

এসব ঘটেছে দ্বীপে আসার আগেই। কিন্তু এখন আমি ওর পরিবর্তনটা স্পষ্ট ধরতে পারছি। দীর্ঘদিন পর সূর্যের উষ্ণ পরশ পেয়ে লকলকিয়ে উঠছে শীতকালীন লতা।

পা ছুঁড়ে জুতো জোড়া খুলে ফেলল ও, আমার বাহুর ঘেরের মধ্যে শরীরটা ঘুরিয়ে নিল, তারপর পায়ের পাতার ওপর দাঁড়িয়ে উঁচু হল। আমাকে চুমো খাবার জন্যে।

ধন্যবাদ, রানা। এখানে আমাকে নিয়ে আসার জন্যে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতার সুর বাজল আমার কানে।

আমার অনুপস্থিতিতে রোজ একবার করে এসে ঘরদোর পরিষ্কার করে রেখে গেছে বেগম রডরিক। রেফ্রিজারেটরটা চালু অবস্থায় পেলাম, ফুলদানিতে তাজা ফুল গন্ধ ছড়াচ্ছে। হাত ধরাধরি করে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি আমরা। কিছু ফার্নিচার সত্যি মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করল রাফেলার, কিন্তু বাকি সব বাতিলযোগ্য ঘোষণা করে জানাল নতুন ফার্নিচারের অর্ডার দেবার  সময় তার সঙ্গে আমি না গেলেও চলবে। ফুলদানির ফুলগুলোর প্রশংসা করল ও, কিন্তু সেগুলো নতুন করে সাজাতে দশটা মিনিট ব্যয় করল। এক ঘন্টার মধ্যেই গোটা বাড়ির চেহারায় নতুন এবং নিজস্ব রুচির ছাপ রাখতে সমর্থ হল ও।

বড় বেডরুমে ঢুকে পোশাক পাল্টে সুইমস্যুট পরলাম আমরা। রাফেলা আমার প্রেমে আক্রান্ত হবার কয়েক ঘন্টার মধ্যেই আবিষ্কার করেছি নিজের শরীরটাকে যথাসম্ভব ঢেকে রাখার ব্যাপারে সাংঘাতিক সতর্ক ও, দিগম্বর সেজে সাগরে যাওয়ার আমার প্রস্তাবের কপালে ওর মুখভেঙচানি ছাড়া কিছুই জুটল না। সুন্দরী এবং ভালবাসি এমন একটা মেয়ের সান্নিধ্য পেতে হলে কিছু ত্যাগ তো স্বীকার করতেই হবে, তাই নিয়ম এবং অভ্যাস ভেঙে সুইমস্যুটটা পরতেই হল আমাকে। রাফেলা বিকিনি পরল। এই প্রথম ওকে সবচেয়ে খোলা অবস্থায় দেখার সুযোগ পাচ্ছি আমি। মুগ্ধ হয়ে আবিষ্কার করলাম একা ওর গায়ের রঙটাই যেকোন চক্ষুষ্মান পুরুষকে পাগল করে দেবার জন্যে যথেষ্ট। তরল। সোনার সঙ্গে মধু মেশালে এ রঙ আসে কিছুটা। বেশ লম্বা রাফেলা, কাঁধ দুটো একটু বেশি চওড়া, কিন্তু নিতম্বটা যেন একেবারে নিখুঁত মাপ নিয়ে গড়া। কোমরটা সরু, সমতল তলপেট, নাভিটা গভীর।

ওটার দিকে তাকিয়ে আছি, কিন্তু ব্যাপারটা পছন্দ করল না। ও। দাদী আম্মা গো!-ছোকরার চোখ দুটো কত বড় দেখ না! অভিযোগের সুরে বলল ও, তারপর তোয়ালেটা সারঙের মত কোমরে পেঁচিয়ে নিয়ে ঢেকে ফেলল নাভিটা। তবে খালি পায়ে বালির ওপর দিয়ে যখন হাঁটতে শুরু করল তখন ওর মধ্যে কোন রকম জড়তা বা সঙ্কোচ দেখছি না। ঘাড় ফিরিয়ে ওর বুক এবং নিতম্বের দোল দোল দুলুনি দেখছি লক্ষ করেও মুখ ভেংচাল না।

পানির নাগাল থেকে অনেক দূরে তোয়ালে খুলে রেখে শক্ত আর ভিজে বালির ওপর দিয়ে ছুটে যাচ্ছি আমরা স্বচ্ছ, উষ্ণ পানির দিকে। ধীর এবং সাবলীল ভঙ্গিতে দ্রুত সাঁতার কাটার অদ্ভুত গুণ রয়েছে ওর মধ্যে, বারবার আমাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ও, প্রতিবার প্রচুর খেটে ধরার চেষ্টা করছি ওকে।

রীফ ছাড়িয়ে এসে পানির ওপর একই জায়গায় ভেসে রয়েছি আমরা। অনেকদিন অভ্যাস করি না কিনা, হাঁপাতে হাঁপাতে বলল ও।

খানিক বিশ্রাম নেবার পর উন্মুক্ত সাগরের দিকে তাকিয়েছি, সেই মুহূর্তে পানির গা ছুঁড়ে কালো ফিন-এর একটা রেখা জেগে উঠল। পনেরো বিশ হাত ব্যবধান রেখে একটা করে ফিন, সংখ্যায় পনেরো বিশটা, একই সরলরেখায় থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছে আমাদের দিকে। পুলকের ঢেউ জাগল আমার শরীরে। আনন্দ চেপে রাখতে পারলাম না।

তুমি ওদের সম্মানিত অতিথি, রাফেলাকে বললাম, এটা একটা বিশেষ অভ্যর্থনা।

উত্তেজিত একদল কুকুর ছানার মত আমাদেরকে ঘিরে চক্কর মারছে ডলফিনগুলো, কাছে এসে ডিগবাজি খেয়ে পালাচ্ছে, রাফেলাকে সতর্কভাবে লক্ষ করার ফাঁকে তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করছে নিজেদের মধ্যে। এর আগের অভিজ্ঞতা থেকে জানি আমি, বেশির ভাগ ক্ষেত্রে আগন্তুক দেখামাত্র গোমড়া মুখ নিয়ে দ্রুত ফিরে যায় ওরা। প্রথমবারের সাক্ষাতে গা ছোঁয়ার কোন সুযোগ কখনও কাউকে ওরা দিয়েছে বলেও জানা নেই আমার। অনেক দিনের পরিচয় এবং ঘনিষ্ঠতার পরও তত কাছে আসে না ওরা, অনেক অনুরোধ এবং প্রেম নিবেদন করলে তবে হয়ত মন গলে ওদের। যাই হোক, রাফেলার বেলায় দেখছি প্রথম দর্শনেই প্রেমরডরিক আর ল্যাম্পনির মতই ওর পরম ভক্ত হয়ে উঠেছে ওরা।

পনেরো মিনিটও কাটল না, ওকে নিয়ে টানাটানি পড়ে গেল ডলফিনদের মধ্যে। একটার পিঠ থেকে খসে পড়া মাত্র বিদ্যুৎগতিতে এগিয়ে এসে নাক দিয়ে তুলে নিচ্ছে ওকে আরেকটা। ওর দৃষ্টি আকর্ষণের জন্যে প্রচণ্ড প্রতিযোগিতা শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে।

একটা ডলফিন রাফেলাকে নিয়ে বহুদূরে চলে যাচ্ছে, এদিকে অন্যান্যরা নাক দিয়ে গুতো মারছে আমাকে, চাইছে আমিও ওদের পিঠে চেপে রাফেলাকে অনুসরণ করি। কিন্তু একবার সম্মতি দিলে সহজে এই খেলা থেকে সরিয়ে আনা যাবে না ওদেরকে, তাই ব্যাপারটা এড়িয়ে গেলাম আমি। নিরাশ হয়ে আমাকে ছেড়ে দল বেঁধে চলে গেল ওরা। বিশ মিনিট পর দিগন্তরেখার কাছে দেখতে। পেলাম আবার ওদেরকে, রাফেলাকে পেছনে নিয়ে তীরবেগে। এগিয়ে আসছে গোটা দলটা সরল একটা লাইন বেঁধে।

আরও কাছে আসতে ভুলটা ভাঙল আমার। ভেবেছিলাম ভয়ে বুঝি আধমরা হয়ে গেছে রাফেলা। কিন্তু তা নয়। আনন্দে এবং উত্তেজনায় চিকচিক করছে ওর চোখ, মুক্তোর মত দাঁত দেখা যাচ্ছে, পানির ঝাপটা লাগলেই মাথা ঝাঁকাচ্ছে দ্রুত এবং ঘনঘন হাসছে।

কাছে এসে পড়ল ওরা। কিন্তু তখুনি আমার হাতে ফিরিয়ে দিল না ওরা রাফেলাকে। রাফেলার ওপর ওদেরও যেন সম্পূর্ণ অধিকার আছে, নিজেদের খুশি মত যতক্ষণ পারে ওকে নিয়ে খেলা করতে চায়।

এর কিছুক্ষণ পর ওরা বোধহয় বুঝতে পারল আমরা ক্লান্ত হয়ে উঠেছি। সানন্দে ফিরে আসতে দিল আমাদেরকে তীরের দিকে। কিন্তু একটা প্রকাণ্ডদেহী বুল ডলফিন রাফেলার পিছু ছাড়ল না। অনুসরণ করে অগভীর পানিতে চলে এল সে। কোমর পানিতে দাঁড়িয়ে আছে রাফেলা, বুল ডলফিন উল্টে গিয়ে চিৎ হয়ে আছে। রাফেলা কর্কশ একমুঠো সাদা বালি ঘষছে তার তলপেটে, আর নির্বোধ নিঃশব্দ ডলফিন-হাসিটা স্থির হয়ে আছে তার মুখে।

সন্ধ্যার পর, যখন আমরা বারান্দায় বসে হুইস্কির গ্লাসে চুমুক। দিচ্ছি, তখনও শুনতে পাচ্ছি বুল ডলফিন লেজ দিয়ে বাড়ি মারছে পানিতে, শিস দিচ্ছে-বেড়াতে নিয়ে যাবার জন্যে সেই থেকে ডাকছে ও রাফেলাকে।

.

পরদিন সকালে কাজে হাত দিলাম আমরা।

জলকুমারী থেকে উদ্ধার করা সাজ-সরঞ্জামগুলো পরীক্ষা শেষ করে একমুঠো টাকা নিয়ে কমপ্রেশারের জন্যে একটা ইঞ্জিন কিনতে চলে গেল রডরিক। মোটর নিয়ে ফিরল ও, জানাল, কিছু মেরামত দরকার হবে ওটার। প্রায় সারাদিনের কাজ পেয়ে গেলাম আমি। ক্যাম্পিং সরঞ্জাম আর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পাঠিয়ে দিলাম রাফেলাকে মা এডির দোকানে। রডরিকের সাথে আলোচনা করে তিন দিন পর রওনা হবার প্ল্যান করেছি আমরা। হাতে এত বেশি কাজ, তিনটে দিন কিভাবে কেটে গেল টেরই পেলাম না আমরা কেউ।

তখনও ভোরের আলো ফোটেনি, বোটে যে যার জায়গায় উঠে বসলাম আমরা। স্টার্নের দিকে মোটরের কাছে রডরিক আর ল্যাম্পনি, আর দাঁড়ে বসা জোড়া পাখির মত মালপত্রের বোঝার ওপর আমি ও রাফেলা।

কালো ঘোমটা খুলে গরম লাল লোহার মত বেরিয়ে এল ভোর। লক্ষণ দেখে বোঝা গেল দিনটা হবে আগুন ঝরা। দক্ষিণ মুখো এমন একটা কোর্স ধরেছে রডরিক যেদিকে ছোট একটা বোট নিয়ে দক্ষ এবং অসমসাহসী একজন স্কিপারই শুধু যেতে পারে। খুদে, ছড়ানো ছিটানো দ্বীপমালিকা আর প্রবাল প্রাচীরের গা ঘেঁষে ছুটছি আমরা, কখনও আমাদের কীল আর ছড়ানো প্রবাল কণার মাঝখানে মাত্র আঠারো ইঞ্চি পানি দেখতে পাচ্ছি।

আশ্চর্য উৎসাহ আর উদ্দীপনা দেখা যাচ্ছে আমাদের সবার মধ্যে। অগাধ ধন-সম্পদ উদ্ধার করার আশায় উত্তেজিত হয়ে আছি, ব্যাপারটা ঠিক তাও নয়। এখনও আমার একমাত্র চিন্তা জলকুমারীর মত একটা বোট পেলে আর কিছু চাওয়ার নেই আমার। সব সম্পদের সেরা সম্পদ, দুর্লভ একটা রত্ন বলতে এখনও আমি জলকুমারীর মত একটা বোটকেই বুঝি। সাগর থেকে যদি কিছু তুলে এনে ওরকম একটা বোট ফিরে পেতে পারি, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া।

সাগর থেকে উঠে এল উত্তপ্ত সূর্য। কঠিন, নীল, বিশাল আকাশ জ্বলছে মাথার ওপর। বো-তে দাঁড়িয়ে জ্যাকেট আর জিনস খুলছে রাফেলা, নিচে পরে আছে বিকিনিটা। পোশাকগুলো খুলে ভাঁজ করে রেখে দিল ব্যাগে। সান লোশনের একটা টিউব বের করে সোনালি মখমলের মত চামড়ায় সেটা মাখাচ্ছে।

ব্যাপারটা লক্ষ্য করে আতঙ্কে নীল হয়ে গেল রডরিক আর ল্যাম্পনি। সাধারণ ভদ্রতা জলাঞ্জলি দিয়ে ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে ওরা। আলোচ্য বিষয়ে দুজনেই যে ঐকমত্য পোষণ করে তা ওদেরকে প্রচণ্ডভাবে মাথা নাড়তে দেখেই বুঝতে পারলাম। একটু পরই একটা ক্যানভাসের টুকরো দিয়ে ল্যাম্পনিকে পাঠাল রডরিক। রাফেলার গায়ে যাতে রোদ না লাগে তার জন্যে ক্যানভাস টাঙিয়ে ছায়ার ব্যবস্থা করতে চায় সে। কাজটা ল্যাম্পনি শুরু করতেই বাধা দিল রাফেলা, সাথে সাথে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে গেল।

হাত ছুঁড়ে প্রতিবাদ করল ল্যাম্পনি। রোদ লাগলে আপনার সোনার চামড়া জ্বলে যাবে, মিস রাফেলা!

কিন্তু সুবিধে করতে পারল না ওরা, ব্যর্থ হয়ে ফিরে যেতে হল ল্যাম্পনিকে। রাফেলা হেসে উড়িয়ে দিল ওর কথা।

প্রচণ্ড শোকে মিয়মান দুই এতিমের মত বসে থাকল ওরা। প্রকাণ্ড মুখের মাংস ভাঁজ খেয়ে উল্টে গিয়ে বুলডগের মত চেহারা হয়েছে রডরিকের, আর নার্ভাস ভঙ্গিতে দ্রুত হাত কচলাচ্ছে। ল্যাম্পনি, দুশ্চিন্তায় আরও কালো হয়ে গেছে তার মুখ।

শেষ পর্যন্ত ব্যাপারটা সহ্য করতে না পেরে আবার ওরা গোপন পরামর্শ শুরু করল, এবং আবার প্রতিনিধি করে পাঠানো হল ল্যাম্পনিকে। এবার সমর্থন আদায় করার জন্যে আমার কাছে।

মিস রাফেলাকে এ-কাজে বাধা দাও তুমি, মিস্টার রানা, রাফেলা দ্বীপে আসার পর থেকে আমাকে সম্বোধন করার রীতি বদলে নিয়েছে ল্যাম্পনি। এভাবে গায়ে রোদ লাগালে কালো হয়ে যাবেন উনি।

ঠিক তাই হতে চাইছে ও, ল্যাম্পনি, বললাম ওকে। তবে দুপুরের কড়া রোদের ব্যাপারে সাবধান করে দিলাম রাফেলাকে আমি। দুপুর বেলা যখন খাবার সময় হল তখন একটা বালুকাবেলায় নামলাম আমরা, তার আগে বাধ্য মেয়ের মত নিজেকে ঢেকে নিল রাফেলা।

বিকেলের দিকে ওল্ড মেন-এর চূড়া তিনটে দেখতে পেলাম আমরা, সবিস্ময়ে বলল রাফেলা, কি আশ্চর্য! ফার্স্ট মেট বারলোর বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে, রানা!

সাগরের দিক থেকে এগোচ্ছি আমরা দ্বীপটার দিকে, দ্বীপ আর রীফ-এর মাঝখানে শান্ত পানির সরু বিস্তৃতি ধরে। জিনবালা ক্রাশবোটকে ফাঁকি দেবার জন্যে যে প্রবেশ মুখের ভেতর দিয়ে জলকুমারীকে নিয়ে চ্যানেলে ঢুকেছিলাম সেটার পাশ দিয়ে যাবার সময় রডরিক আর আমি নিঃশব্দে হাসলাম।

সেদিকটা দেখিয়ে বললাম রাফেলাকে, মেইন ক্যাম্প দ্বীপে ফেলব বলে ঠিক করেছি, আর জাহাজডুবির জায়গায় ফেরার জন্যে ওই গ্যাপটা ব্যবহার করব।

সরু চ্যানেলটার দিকে গম্ভীরভাবে কয়েক সেকেণ্ড তাকিয়ে থাকল রাফেলা, তারপর বলল, বেশ একটু ঝুঁকি নেয়া হয়ে যাবে।

কিন্তু ঘুর পথে যেতে হলে রোজ প্রায় বিশ মাইল পাড়ি দিতে হবে। তাছাড়া, দেখে যতটা ভয় লাগছে আসলে তত বিপজ্জনক নয় ওটা। একবার আমি আমার পঞ্চাশ ফুটি বোটকে ওটার ভেতর দিয়ে ফুল স্পীডে নিয়ে গেছি।

তুমি পাগল নাকি? নাক থেকে চশমাটা মাথায় তুলে আমার দিকে তাকাল রাফেলা।

তা তুমিই ভাল বলতে পারবে, নিঃশব্দে হাসলাম আমি।

তা যা বলেছ, নিঃশব্দ হাসিটা ফিরিয়ে দিল ও। তোমার সম্পর্কে একজন বিশেষজ্ঞ হয়ে উঠছি আমি।

ওর নাক, কপাল আর গালের দুদিক ঝলমল করছে। রোদ লেগে চামড়া পুড়ে বা ঝলসে না গিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

ভরা জোয়ারের সময় দক্ষিণ প্রান্ত ঘুরে সুরক্ষিত একটা ছোট্ট বে-তে পৌঁছুলাম আমরা। বালুকাবেলার যেখানটায় বোট থামাল রডরিক সেখান থেকে প্রথম সারির নারকেলগাছগুলো মাত্র বিশ ফুট দূরে।

কার্গো নামিয়ে নারকেলগাছের ভেতর দিয়ে বেশ খানিকটা উঁচুতে উঠে পানির সম্ভাব্য ছোঁয়ার বাইরে রাখলাম সেগুলো, তারপর গুঁড়ো লবণ বাতাসে উড়ে এসে পড়ার ভয়ে ক্যানভাস দিয়ে ঢেকে দিলাম সব। ইতিমধ্যে উত্তাপ কমে গেছে রোদের। নারকেলগাছের লম্বা ছায়া মাড়িয়ে দ্বীপের ভেতর দিকে চলেছি আমরা, সাথে পাঁচ গ্যালন বিশুদ্ধ পানির কনটেইনার আর যে-যার ব্যক্তিগত জিনিস ছাড়া কিছুই নিইনি। সর্বদক্ষিণ প্রান্তের চূড়াটার পেছনে, খাড়া ঢালের গায়ে যুগ যুগ ধরে গভীর গুহা তৈরি করেছে। জেলে সম্প্রদায়। মালপত্র রাখার জন্যে বড় একটা গুহা বেছে নিলাম আমি। অপেক্ষাকৃত ছোট একটা নির্বাচন করল রাফেলা, সেটায় ও আর আমি থাকব। ঢালের কিনারা ঘেঁষে প্রায় একশো গজ এগিয়ে গিয়ে আরেকটা গুহা দখল করল নিজেদের জন্যে রডরিক আর ল্যাম্পনি, মাঝখানে আমাদেরকে আড়াল করে রেখেছে ঘন ঝোপ-ঝাড়ের একটা পাঁচিল।

নারকেলের পাতা দিয়ে একটা ঝাটা তৈরি করল রাফেলা। নতুন ঘরটা পরিষ্কার করে পাশাপাশি রাখল স্লিপিং ব্যাগ দুটো। মুচকি হেসে ঝাঁকি জালটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়লাম আমি, ফিরে যাচ্ছি ছোট বে-র দিকে।

সন্ধ্যার পর এক ডজন মুলিট নিয়ে ফিরে এলাম। ইতিমধ্যে ল্যাম্পনি আগুন জ্বেলে তাতে কেটলি বসিয়ে দিয়েছে। নিঃশব্দে খেয়ে উঠলাম আমরা।

নিজেদের গুহায় পাশাপাশি শুয়ে আমি আর রাফেলা, কান পেতে শুনছি নারকেলগাছের ভেতর কাঁকড়াদের হাঁটাচলার শব্দ।

পরিবেশটা, জানো, আশ্চর্য আদিম লাগছে আমার কাছে, ফিসফিস করে একসময় বলল রাফেলা। আমরা যেন পৃথিবীর প্রথম পুরুষ আর নারী।

কথাটা স্বীকার করে নিতেই আমার আরও কাছে চলে এল ও।

<

Super User