একটা পাবে ঢুকে বসলাম আমরা। সবে বিকেল, কিন্তু এরই মধ্যে তৃষ্ণার্তদের ভিড় জমে উঠেছে। দুটো ভারমুথের অর্ডার দিলাম আমি, এবং যে-যার গ্লাস তুলে ধরে পরস্পরকে স্যালুট করলাম।
বুঝলে, রানা, একশো একটা প্ল্যান ছিল নিরোর মাথায়। সাগরতলে পড়ে থাকা গুপ্তধন খোঁজ করার পেছনে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল-কথাটা মোটেও অতিরঞ্জিত নয়। বহু কষ্টে ওর বলা গল্পগুলো অবিশ্বাস করার একটা অভ্যাস গড়ে নিই আমি। কিন্তু এই ব্যাপারটা… ওয়াইনের গ্লাসে চুমুক দিল রাফেলা।
কতটুকু কি জানি আমরা, এসো, বিবেচনা করে দেখা যাক, প্রস্তাব দিলাম ওকে।
কিছুই জানো না তুমি-আমার সম্পর্কে, হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে রাফেলা।
তাড়াহুড়ো পছন্দ করি না আমি, বললাম। ধীরে ধীরে, কিন্তু তোমার সবটা একদিন ঠিকই জেনে নেব আমি, তুমি দেখে নিয়ো।
সেদিন রাগ কোরো না যেন আমার ওপর, হাসিটা একটু যেন ম্লান হল রাফেলার।
কাজের কথায় এসো, বললাম। আমরা জানি, কর্নেল গুডচাইল্ড তার লাগেজ নিরাপদ গুদামে রাখতে বলেছিল। জানি, এই লাগেজ সে ভোরের আলো জাহাজে করে পাঠিয়েছিল ইংল্যাণ্ডের উদ্দেশে, এবং পাঠাবার আগে একজন ক্যাপ্টেন বন্ধুর হাতে চিঠি দিয়ে এজেন্টকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল। ঠিক?
ঠিক।
ভোরের আলো গানফায়ার রীফ-এর কাছে ডুবে যায়। ধরে নেয়া যেতে পারে সেই সাথে তার সব কার্গোও ওখানে ডুবে যায়। ডুবে যাওয়ার নির্দিষ্ট জায়গাটাও আমরা চিনি। ভোরের আলোর নাম খোদাই করা বেলটা এ ব্যাপারে সমস্ত সন্দেহের অবসান ঘটাচ্ছে। ঠিক?
পুরোপুরি ঠিক।
আমরা শুধু জানি না ওই পাঁচটা কেসে কি আছে।
নোংরা মোজা।
মনে রেখো, ওগুলোর ওজন চার টন। এমন কি চার টন নোংরা মোজার দামও খুব কম নয়। যাই হোক, কি আছে ওগুলোয় তা আমরা জানি না। কিন্তু কোন সন্দেহ নেই, নিরো জানত। নেকড়ের দলকে পুঁজি খাটাবার জন্যে শুধু গল্প শুনিয়ে রাজি করানো সম্ভব ছিল না, ওদেরকে কিছু বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয়েছিল এবং নিরো তা দেখিয়েওছিল, তা নাহলে গোটা ব্যাপারটা অমন সিরিয়াসলি নিত না নেকড়ের দল।
এবং এমনই সিরিয়াসলি নিল যে ওরা নিরোকে পর্যন্ত… গলা বুজে এল রাফেলার। নিরোর করুণ মৃত্যু কল্পনা করে শিউরে উঠল ও।
চোখ সরিয়ে নিলাম ওর দিক থেকে। পরিবেশটা হালকা করার স্বার্থে পকেট থেকে চিঠিটা বের করে টেবিলে রাখলাম। সযত্নে ভাঁজ খুলে। আবার যখন তাকালাম ওর দিকে, নিজেকে সামলে নিতে পেরেছে দেখে শ্রদ্ধা হল ওর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতার ওপর।
মার্জিনের নোটটা আবার আমার দৃষ্টি কেড়ে নিল। B. Mus. E 6914 (8),মৃদু শব্দে পড়লাম আমি। কিছু বুঝতে পারছ?
ব্যাচেলর অভ মিউজিক।
এত থাকতে… হেসে উঠলাম আমি।
এর চেয়ে ভাল একটা অর্থ বের করো তো দেখি, চ্যালেঞ্জ করল ও আমাকে।
চিঠিটা ভাঁজ করে রেখে দিলাম যথাস্থানে, তারপর আরেক প্রস্থ অর্ডার দিলাম ভারমুথের। এটার কথা আপাতত বাদ দাও, ওকে বললাম। আরেকটা সূত্র আছে আমার কাছে, এসো, সেটা নিয়ে একটু মাথা ঘামানো যাক। শুধু মাথা ঘামানোয় কাজ হবে। না, এবার একটু নড়েচড়ে দেখতেও হবে।
ভুরু কুঁচকে চুপচাপ বসে থেকে উৎসাহিত করল আমাকে ও।
তোমার ছদ্ম পরিচয়ধারিণী আরেক রাফেলা বার্ডের কথা বলেছি তোমাকে, তাই না? নিঃশব্দে মাথা ঝাঁকাল ও। দ্বীপ ত্যাগ করার আগের রাতে একটা টেলিগ্রাম পাঠায় সে লণ্ডনে। মানিব্যাগ থেকে টেলিগ্রামের ডুপ্লিকেট কপিটা বের করে দিলাম ওকে। ও পড়ছে, আবার আমি শুরু করলাম, সব ঠিকঠাক মত ঘটছে, এই সার বার্তাটা জানানো হয়েছে সাতানব্বই নাম্বার কার্জন স্ট্রীটের পাঁচ নাম্বার সিডনি ফ্ল্যাটের মালিককে, তাই না? সিডনি ফ্ল্যাটের এই মালিক লোকটাই হতে পারে পালের গোদা। আমি ঠিক করেছি, এই সিডনিকে একটু দেখে নেব। গ্লাসের ভারমুথটুকু এক চুমুকে নিঃশেষ করলাম, তারপর ওকে বললাম, এখন তোমাকে আমি তোমার আঙ্কেলের কাছে জমা রেখে আসব। কাল আবার বুঝে নেব তার কাছ থেকে।
মাসুদ রানা, দৃঢ় স্বরে, কিন্তু সহাস্যে বলল রাফেলা, আমাকে পুতুল মনে করে থাকলে মারাত্মক ভুল করবে তুমি। জড়িয়ে যখন গেছি, তোমার সাথে নরক পর্যন্ত যাব আমি, যদি দরকার হয়।
এমন অলক্ষুণে কথা ফের যদি মুখে আনো তার পরিণতি ভাল হবে না, স্পষ্ট জানিয়ে দিলাম ওকে। আমার সাথে স্বর্গে যাওয়ার দরকার হবে তোমার, নরকে নয়।
তাও বোধহয় যাব, যদি দরকার হয়।
এভাবে কথা বোলো না, আবেদনের সুরে বললাম ওকে, মারাত্মক আশাবাদী হয়ে উঠতে লোভ জাগে।
বার্কলে স্ট্রীটে ট্যাক্সি থেকে নামলাম আমরা। ওখান থেকে পায়ে হেঁটে চলে এলাম কার্জন স্ট্রীটে।
আমাকে জড়িয়ে ধর, কুইক! ফিসফিস করে বললাম ওকে, উত্তেজিতভাবে ঘাড়ের ওপর দিয়ে দ্রুত একবার পেছন দিকে তাকালাম।
দ্রুত নির্দেশ পালন করল রাফেলা। পরস্পরকে জড়িয়ে ধরে পঞ্চাশ গজ এগোবার পর নিচু গলায় জানতে চাইল ও, কেন?
কারণ, তোমার স্পর্শ ভাল্লাগে, সহাস্যে বললাম আমি।
ওরে পাজী! নিজেকে আমার বাহু থেকে ছাড়িয়ে নিতে একটু চেষ্টা করল ও, কিন্তু আমি আরও চেপে ধরতেই ঢিল করে দিল হাত দুটো।
ধীর পায়ে শেফার্ড মার্কেটের দিকে এগোচ্ছি আমরা, মাঝেমধ্যে উইণ্ডো-শপের সামনে দাঁড়াচ্ছি-ঠিক যেন একজোড়া ট্যুরিস্ট।
সাতানব্বই নাম্বার কার্জন স্ট্রীট ছয়তলা উঁচু অত্যাধুনিক একটা ফ্ল্যাট-বাড়ি, ব্রোঞ্জ আর কাচ দিয়ে তৈরি রাস্তার ধারের দরজার ওপারে সাদা মার্বেল পাথরের উঠন এবং সেন্ট্রি বক্সে একজন উর্দিপরা দারোয়ানকে দেখতে পেলাম আমরা। দরজার সামনে দাঁড়ালাম না, পাশ ঘেঁষে এগিয়ে গেলাম হোয়াইট এলিফ্যান্ট ক্লাব পর্যন্ত, তারপর রাস্তা পেরিয়ে উল্টোদিকের। পেভমেন্ট ধরে ফিরে আসতে শুরু করলাম আবার।
যাব আমি? জানতে চাইল রাফেলা। দারোয়ানকে জিজ্ঞেস। করব পাঁচ নাম্বার ফ্লাটে মি. সিডনি থাকেন কিনা?
চমৎকার, বললাম। দারোয়ান হ্যাঁ বললে তখন কি করবে তুমি? বলবে মাসুদ রানা শুভেচ্ছা পাঠিয়েছে?
ভারি বুদ্ধিমান মনে করো নিজেকে তুমি, কথাটা বলে আরেকবার নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করল রাফেলা, কিন্তু এবার আগের চেয়েও হালকাভাবে।
সাতানব্বয়ের ঠিক উল্টোদিকে ওটা কি দেখতে পাচ্ছ? জিজ্ঞেস করলাম ওকে।
একটা রেস্তোরা।
চল, ওখানে ঢুকে জানালার সামনে একটা টেবিলে বসা যাক। কফিও খাব, নজরও রাখব। ভাগ্যে কিছু একটা ছিঁড়তেও পারে।
জানালার ধারে বসে গল্প জুড়ে দিলাম আমি। ইচ্ছে করেই খুব বড় একটা গল্প ধরেছি, যাতে সময়টা কাটে। আবিষ্কার করলাম আমার কথার মধ্যে প্রচুর হাস্যরস থাকে, অন্তত রাফেলাকে বারবার খিলখিল করে হেসে উঠতে দেখে তাই মনে হল আমার। যাই হোক, ওর হাসিটা যে-কোন শ্রুতিমধুর যন্ত্রসঙ্গীতের সমতুল্য, শোনার লোভটা ছাড়তে রাজি নই বলে গল্পটা মাঝপথে থামিয়ে দিলাম না। এভাবে একঘন্টার ওপর কেটে গেল। এবং আমি যখন গল্পের মাঝখানে পৌঁছেচি, এই সময় উল্টোদিকের ফ্ল্যাট-বাড়ির সামনে প্রকাণ্ড রূপালী মাছের মত এসে থামল একটা রোলস রয়েস। ডাভ-গ্রে রঙের উর্দিপরা শোফার। নামল সেটা থেকে, দরজা পেরিয়ে মার্বেল পাথরের উঠনে ঢুকল। কথা বলছে দারোয়ানের সঙ্গে।
গল্প থেমে গেছে আমার।
দশ মিনিট পর রাস্তার ওপারে অকস্মাৎ দারুণ তৎপরতা শুরু হয়ে গেল। ঘন ঘন নামছে আর উঠছে এলিভেটর, প্রতিবার নামিয়ে দিয়ে যাচ্ছে কুমীরের চামড়া দিয়ে তৈরি লাগেজ, সেগুলো শোফার এবং দারোয়ান ধরাধরি করে তুলছে রোলসে। এর কোন বিরাম নেই। এক সময় মন্তব্য করল রাফেলা, কেউ বোধহয় লম্বা ছুটিতে যাচ্ছে। সকরুণ একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও।
চোখের সামনে দেখতে পাচ্ছি গ্রীষ্মমণ্ডলীয় একটা দ্বীপ, দ্বীপটাকে ঘিরে নীল সাগর, চিকচিক করছে সাদা বালি, পাম গাছের মাঝখানে লাল টালির একটা শান্তির নীড়, হু হু বাতাস…
থামো, মরে যাব! করুণ মিনতির সুরে বলল রাফেলা। গরমের দিনে লণ্ডনে বসে এসব কল্পনা করলেও পাগল হয়ে যাব আমি।
এই সময় আমার চোখে পড়ল এলিভেটরটা আবার নেমে এসেছে, খুলে যাচ্ছে কাঁচের দরজাটা। একপাশে সরে দাঁড়াল দারোয়ান। এলিভেটর থেকে বেরিয়ে এল একজন লোক এবং একটা মেয়ে।
আজানুলম্বিত লালচে একটা মিঙ্ক পরে আছে মেয়েটা, তার সোনালি চুল মস্ত একটা চূড়ার মত স্তুপ হয়ে আছে মাথার ওপর। ওকে চিনতে পেরেই রাগের প্রচণ্ড একটা চাবুকে শরীরটা ঝুঁকি খেল আমার।
এক নাম্বার রাফেলা বার্ড ও। যার কল্যাণে জুডিথ এবং জলকুমারী নিশ্চিহ্ন হয়ে গেছে গ্র্যাণ্ড হারবারের তলায়।
ওর সাথের লোকটা মাঝারি আকারের, মাথায় নরম ব্রাউন রঙের চুল, কানের দুপাশ দিয়ে লম্বা হয়ে নেমে এসে পাক খেয়ে ছোট ছোট গোল চাকার মত আকৃতি পেয়েছে। পরনে অত্যন্ত দামি স্যুট। ভারী চোয়াল লোকটার, লম্বা এবং মাংসল নাক, চোখ দুটো শান দেয়া ছুরির ফলার মত, মুখের সর্বত্র অদ্ভুত এক ক্ষুধার্ত ভাব। মুখের এই ভাবটা দেখামাত্র চিনলাম ওকে, তলপেট শিরশির করে উঠল আমার। পরমুহূর্তে আক্রোশে কেঁপে উঠলাম আমি। আমার সমস্ত দুর্দশার জন্যে দায়ী এই লোক।
শেরিডান! অনুভব করলাম আমার কণ্ঠস্বর কাঁপছে। সিডনি শেরিডান! তুমিই তাহলে! বুঝতে অসুবিধে হচ্ছে না, লোভনীয় প্রস্তাব নিয়ে ছটফট করছিল নিরো, এবং ব্যাপারটা আর কারও চোখে না পড়লেও সিডনি শেরিডানের চোখে ঠিকই পড়ে যায়। লাভের ব্যাপার হাজার মাইল দূর থেকেও দেখতে পায় শেরিডান।
পেভমেন্ট পেরিয়ে রোলসের দিকে এগিয়ে আসছে সে। পেছনের দরজা খুলে স্বর্ণকেশীর পাশে বসল।
এখানে অপেক্ষা করো, হঠাৎ খেয়াল হতেই দ্রুত উঠে দাঁড়ালাম। দেখলাম এরই মধ্যে পার্ক লেনের দিকে ছুটতে শুরু করেছে রোলস।
দৌড়ে পেভমেন্টে বেরিয়ে এসে একটা ট্যাক্সির জন্যে এদিকওদিক তাকাচ্ছি। নেই। দেরি না করে ছুটলাম রোলসের পিছু পিছু। মরিয়া হয়ে আশা করছি মাথার ওপরের আলো জ্বালা একটা কালো ট্যাক্সি এক্ষুনি দেখতে পাব আমি। কিন্তু আশাটা পূরণ হল না। সামনে দেখতে পাচ্ছি এখনও রোলসটাকে, বাঁক নিয়ে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে অডলি স্ট্রীটে।
ব্যর্থ হয়ে ফিরে এলাম রেস্তোরার সামনে, ইতিমধ্যে পেভমেন্টে বেরিয়ে এসেছে রাফেলাও। ওর কথাই ঠিক, সিডনি। শেরিডান এবং তার স্বর্ণকেশী বান্ধবী লম্বা ছুটি কাটাতে চলে গেল। মনে মনে ঠিক করলাম আবার যখন লণ্ডনে এসেছি, ওর বিরুদ্ধে যে সমস্ত তথ্য-প্রমাণ সময়ের অভাবে তখন জোগাড় করতে পারিনি এই সুযোগে সেগুলো জোগাড় করে নিতে হবে। আমাকে। পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের ভুল ভাঙাবার, নিজেকে নিষ্কলুষ প্রমাণ করার এটাই আমার শেষ সুযোগ। আমার। ভবিষ্যৎ জীবনের উত্থান-পতন সম্পূর্ণ নির্ভর করছে এই সুযোগের সঠিক সদ্ব্যবহার করার ওপর।
এসবের মানে কি? একটু জেদের সুরে ব্যাখ্যা দাবি করল রাফেলা।
ওর হাত ধরে হাঁটতে শুরু করলাম আমি। বার্কলে স্ট্রীটের দিকে এগোচ্ছি আমরা। ব্যাপারটা ভেঙে বললাম ওকে।
যে লোকটাকে দেখলে, সে-ই সম্ভবত নির্দেশ দিয়েছিল নিরোকে খুন করার। আমার বুকের অর্ধেক উড়িয়ে দেবার পেছনে এ-ই দায়ী। তোমার সুন্দর আঙুলগুলোও এই লোকের নির্দেশেই সেদ্ধ করা হয়েছে। সংক্ষেপে এই লোকই পালের গোদা।
ওকে তুমি চেনো?
সিডনি শেরিডানের গল্প তোমাকে আগেই শুনিয়েছি। এরই মধ্যে তা ভুলে গেছ? এরই ডায়মণ্ড কেড়ে নিয়েছিলাম আমি।
না, ভুলিনি। এ-ই সেই লোক?
হ্যাঁ।
আর মেয়েটা? এই বুঝি সেন্ট মেরীতে গিয়ে তোমার জলকুমারী আর তোমার ক্রুর ভাবী স্ত্রী জুডিথকে খুন করেছে?
সেই প্রচণ্ড রাগটা আবার ফিরে এল আমার মধ্যে। ব্যথায় কাতরে উঠল রাফেলা। রানা, ছাড়ো…লাগছে হাতে!
দুঃখিত, হাতটা চোখের সামনে তুলে দেখল রাফেলা, বলল, ইস, দাগ বসে গেছে।
আশা করি এ-থেকেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ।
তু-তুমি পুলিসের কাছে যাচ্ছ না কেন?
সিডনি শেরিডান এবং ওই মেয়েটা আমার ব্যক্তিগত ক্ষতি করেছে–ওদের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করতে চাই। তাছাড়া পুলিসের কিছু করার নেই এ ব্যাপারে। কোন প্রমাণ নেই আমার কাছে ওদের বিরুদ্ধে। বরং পুলিসের কাছে কিছু তথ্য-প্রমাণ রয়েছে আমার বিরুদ্ধে।
কি করতে চাও এখন তুমি?
একটু চিন্তা করতে চাই।
সন্ধ্যা হয়ে আসছে। উইণ্ডসোর আর্মস পর্যন্ত নিঃশব্দে হেঁটে এলাম আমরা। প্রাইভেট বারটা ওক কাঠ দিয়ে ঘেরা। এক কোণে একটা টেবিল পেলাম আমরা।
কি চিন্তা করলে?
ছুটি কাটাতে কোথায় গেল ওরা তা আমি অনুমান করতে পারছি, বললাম।
বিগ গাল আইল্যাণ্ড? জানতে চাইল রাফেলা। আমাকে মাথা ঝাঁকাতে দেখে আবার বলল, একটা বোট এবং ডাইভার দরকার হবে ওদের।
দুশ্চিন্তা কোরো না, সিডনি ওসব জোগাড় করে নেবে।
এখন বল, আমরা কি করব?
আমরা? জানতে চাইলাম।
কথার কথা বলছি, দ্রুত নিজেকে সংশোধন করে নিল রাফেলা, তুমি কি করবে?
দুটো পথ খোলা দেখতে পাচ্ছি সামনে, বললাম। এক, সব ভুলে যেতে পারি। দুই, গানফায়ার রীফে ফিরে গিয়ে জানার চেষ্টা করতে পারি কর্নেল গুডচাইল্ডের পাঁচটা বাক্সে কি আছে।
সাজ সরঞ্জাম দরকার হবে তোমার।
সেগুলো হয়ত সিডনির মত দামি আর অত আধুনিক হবে না, কিন্তু জোগাড় করতে পারব।
পকেটের কি অবস্থা তোমার, নাকি অযাচিত হয়ে গেল প্রশ্নটা?
উত্তর ওই একই, জোগাড় করতে পারব।
নীল সাগর আর সাদা বালি, কল্পনা করতে গিয়ে চোখ দুটো ঢুলু ঢুলু হয়ে উঠল রাফেলার।
আর উথালপাথাল ঢেউয়ের মাথায় চড়ে…
থামো, রানা! ককিয়ে উঠল রাফেলা।
মোটাতাজা ক্রাইফিশ গনগনে কয়লার আগুনে ঝলসানো হচ্ছে, চাঁদ উঠেছে আকাশে, উন্মুক্ত প্রকৃতির কোলে তোমার পাশে হেঁড়ে গলায় গান গাইছি আমি, বললাম।
পাষাণ!
এখান থেকে যদি না নড়ো, জানতেই পারবে না ওগুলো সত্যি নোংরা মোজা কিনা। ওর একটা হাত ধরলাম আমি।
চিঠি লিখে জানিয়ো আমাকে।
না, তা জানাব না।
তাহলে মনে হচ্ছে তোমার সাথে যেতেই হবে আমাকে।
লক্ষ্মী মেয়ে, ওর হাতে চাপ দিলাম।
কিন্তু, রানা, যাবার খরচ আমারটা আমিই বহন করব, তোমার কেপ্ট হয়ে যেতে রাজি নই।
বুঝলাম, আমার আর্থিক দীনতার কথা অনুমান করতে পেরেছে ও। তুমি যাতে রাজি নও আমিও তাতে রাজি হতে পারি না, খুশি হয়ে বললাম আমি, এবং আমার মানিব্যাগের স্বস্তির নিঃশ্বাসটা প্রায় স্পষ্ট শুনতে পেলাম বলে মনে হল। গানফায়ার রীফ অভিযানের ব্যয়ভার বহন করতে হলে প্রায় নিঃস্ব হয়ে যাবো আমি।
সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে, সুতরাং কথা বলার অনেক বিষয় মাথা চাড়া দিয়ে উঠল আমাদের মাঝখানে। বার যখন প্রায় খালি হয়ে এসেছে, হঠাৎ আমার হুঁশ ফিরল। রিস্টওয়াচ দেখলাম। রাত দশটা।
রাতের বেলা রাস্তাঘাট নিরাপদ নয়, রাফেলাকে ভয় দেখালাম আমি। ঝুঁকি নেয়া উচিত হবে বলে মনে করি না। ওপরে দারুণ আরামদায়ক একটা কামরা রয়েছে আমার, জানালা দিয়ে এমন সুন্দর দৃশ্য…
ওঠো, রানা, ঝট করে চেয়ার ছাড়ল রাফেলা। ভাল চাও তো আমাকে পৌঁছে দাও বাড়িতে, তা নাহলে আমার আঙ্কেলকে লাগাব তোমার পেছনে। জীবন হেল করে ছেড়ে দেবে।
আঁতকে ওঠার ভান করে ওর পিছু পিছু বেরিয়ে এলাম। বাইরে। অর্ধেক দূরত্ব পেরোবার আগেই ঠিক হল কাল লাঞ্চের সময় আবার আমরা দেখা করব। প্লেনের টিকেট কাটব, এবং ব্যক্তিগত অন্যান্য কিছু কাজ সারব সকালের দিকে আমি, আর। রাফেলা ওর পাসপোর্ট রিনিউ করবে, তারপর ভোরের আলোর ফটোস্ট্যাট ড্রয়িংটা সংগ্রহ করবে।
বাড়ির সামনে পরস্পরের মুখোমুখি হলাম। আমরা হঠাৎ দুজনেই বিষন্ন হয়ে উঠেছি। কথা না বলে পরস্পরের দিকে এতক্ষণ তাকিয়ে থাকলাম যে একসময় হেসে ফেললাম আমি। হেসে ফেলল রাফেলাও।
গুডনাইট, রানা, পরিণত যুবতীর সুনিপুণ ভঙ্গিতে অদ্ভুত একটু হাসল রাফেলা, মুখটা বাড়িয়ে দিল এক ইঞ্চির দশ ভাগের এক ভাগ। বুঝলাম, অত্যন্ত সূক্ষ্মভাবে চুমো খাবার অনুমতি দিচ্ছে ও আমাকে।
আশ্চর্য নরম আর উষ্ণ ওর ঠোঁট। এবং জানি না কতক্ষণ অধরসুধা পান করলাম আমি।
ছ-ছাড়! ফিসফিস করে বলল ও। নিজেকে ছাড়িয়ে নিল।
ঠিক জান, সিদ্ধান্ত পাল্টাচ্ছ না? বিশ্বাস কর, কামরাটা খুবই সুন্দর, ঠাণ্ডা এবং গরম পানি, মেঝেতে কার্পেট, টিভি…
হাসির দমকে শরীরটা ঝাঁকি খাচ্ছে রাফেলার, মৃদু ধাক্কা দিয়ে পিছু হটিয়ে দিল আমাকে ও। গুডনাইট, ডিয়ার রানা, আবার বলল, এবং আমাকে একা ফেলে রেখে বাড়ির ভেতর চলে গেল।
ফেরার সময় ক্লান্ত লাগছে। ভাবছি সারারাত আজ ঘুম এলে হয়। একবার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, রাফেলার দেখা পাওয়াতেই যেন ধন্য হয়ে গেছে আমার জীবন; আরেকবার নিজেকে অভাগা মনে হচ্ছে, চাইলেই আমি ওকে পেতে পারি না।
রাস্তাটা জনশূন্য, ফাঁকা। তবে পেভমেন্টের ধারে সার সার দাঁড়িয়ে আছে পার্ক করা গাড়ি, যতদূর দেখা যায়।
ক্লান্ত কিন্তু বিছানায় গিয়ে ওঠার ব্যস্ততা অনুভব করছি না, বরং মনে হচ্ছে এই পথ দিয়ে খানিক আগে গেছে রাফেলা, তাই যতক্ষণ পারা যায় এই পথ দিয়ে হাঁটি, বাতাস থেকে ওর গায়ের গন্ধ নিই। এ এক আশ্চর্য মেয়ে, এবং যতই ভাবছি ওর কথা ততই ভাবতে ভাল লাগছে, ততই মন এবং শরীরের দিক থেকে সুস্থ হয়ে উঠছি আমি।
রাফেলা বার্ড সম্পর্কে চিন্তাভাবনা করার অনেক কিছু রয়ে গেছে। ওর অনেক ব্যাপার বুঝিনি এখনও, ব্যাখ্যা পাইনি। তবে তবু কেন যেন মনে হচ্ছে এই প্রথম সম্ভবত একটা কিছু ঘটতে যাচ্ছে যা এক রাত, এক হপ্তা অথবা এক মাসের চেয়ে অনেক, অনেক বেশিদিন টেকসই হবে।
হঠাৎ আমার পাশ থেকে একজন বলল, রানা! পুরুষের গলা। অপরিচিত। নিজের অজান্তেই সেদিকে ফিরলাম আমি। এবং সাথে সাথে বুঝলাম, ভুল হয়ে গেল।
পার্ক করা একটা গাড়ির ব্যাক সিটে বসে আছে লোকটা। কালো রঙের রোভার গাড়িটা। জানালাটা খোলা, ভেতরে মুখটা পরিষ্কার নয়, ভৌতিক, অস্পষ্ট।
মরিয়া হয়ে হাত দুটো ট্রাউজারের পকেট থেকে বের করছি আমি, সেই সাথে যেদিক থেকে আক্রমণটা আসবে বলে জানি সেদিকে ঘুরে যাচ্ছি। ঘোরার মধ্যেই একপাশে সরিয়ে নিলাম মাথাটা এবং মোচড় খেয়ে একটু কাত করে ফেললাম শরীর। কানের পাশ দিয়ে কি যেন নামল বাতাস কেটে, প্রচণ্ড একটা বাড়ি খেয়ে অসাড় হয়ে গেল কাঁধটা।
বিদ্যুৎগতিতে আধপাক ঘোরা শেষ করেই দুই কনুই চালালাম আমি, নরম কিছুর সাথে হল সংঘর্ষটা, সাথে সাথে ব্যথায় কাতরে উঠল কেউ।
হাত দুটো মুক্ত হতেই সিধে হলাম। দ্রুত সরে যাচ্ছি। এড়িয়ে যাবার ভঙ্গিতে দিক বদলাচ্ছি। জানি, বালি ভর্তি ভারী বস্তাটা আবার ব্যবহার করবে ওরা।
ঘন কালো দানবের ছায়া কয়েকটা, এর বেশি কিছু দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কালো পোশাক পরে আছে। পথ আগলাবার জন্যে আমার সাথে ছুটোছুটি করছে ওরা অন্ধকারে, বিরাট একটা দল বলে মনে হচ্ছে-অথচ সংখ্যায় ওরা মাত্র চারজন। আর গাড়ির ভেতর রয়েছে আরেকজন।
ওরা সবাই বিশালদেহী। বস্তাটা নিয়ে ছুটে এল আবার একটা ছায়ামূর্তি। ভঙ্গি করলাম একপাশে সরে যাবার, কিন্তু স্যাঁত করে এগিয়ে গেলাম তার দিকেই। হাতের তালু দিয়ে প্রচণ্ড একটা থাবড়া বসিয়ে দিলাম তার নাকের ওপর। মাথাটা পেছন দিকে ছিটকে গেল, অনুমান করলাম ভেঙে গেছে হাড়টা। কংক্রিটের পেভমেন্টে দড়াম করে পড়ল সে।
একটা ভাঁজ করা হাঁটু আমার তলপেটে এসে লাগল, কিন্তু একই সময়ে উরুটা ধরে ফেলেছি আমি দুই হাত দিয়ে-মোচড় দিতেই ডিগবাজি খেয়ে পড়ে গেল লোকটা সঙ্গে সঙ্গেই। একটা হাত আমার গলা পেঁচিয়ে ধরল পেছন থেকে। কনুই চালাতে যাব এই সময় ডাইভ দিয়ে পড়ল একজন। হাঁটুর নিচে ধাক্কা খেলাম আমি, ভারসাম্য হারিয়ে পিঠে ঝুলে থাকা লোকটাকে নিয়ে পড়ে গেলাম পেভমেন্টের ওপর।
আমার চেয়ে আগে উঠে দাঁড়াল ওরা। বসতে যাচ্ছি, ঘাড়ে পড়ল দুই হাতের এক মন চাপ।
স্থির করে রাখো ওকে, দ্রুত চাপা কণ্ঠে বলল কেউ। মাত্র একটা ঘা বসাতে দাও আমাকে।
দুজন চেপে ধরেছে আমাকে। পিছলে বেরিয়ে যাচ্ছি, এই সময় বালির বস্তা নিয়ে এক পা এগোল লোকটা, পরমুহূর্তে মাথার পাশে বাড়িটা খেলাম।
জ্ঞান হারাইনি। কিন্তু সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেছি। সদ্যোজাত শিশুর মত দুর্বল।
হয়েছে। গাড়ির পেছনে তোলো এবার।
চ্যাঙদোলা করে তুলল আমাকে ওরা। রোভারের ব্যাকসিটে বসিয়ে দিল, দুপাশে উঠে বসল দুজন লোক। সামনের সিটে ড্রাইভারের দুপাশে উঠে পড়েছে ইতিমধ্যে বাকি দুজন। খটাং করে দরজা বন্ধ হবার ঝুঁকিতে ঘাড়ের ওপর নড়বড়ে মাথাটা দুলে উঠল আমার। ইঞ্জিন স্টার্ট নিল, তারপরই ছুটতে শুরু করল গাড়ি। মাথাটা কাঁপছে থরথর করে।
কতক্ষণে জানি না, কাঁপুনিটা থেমে গেল মাথার, আঘাতের ধাক্কা সামলে এখন চিন্তাও করতে পারছি, কিন্তু মাথার একটা পাশ, অনুভব করছি, অসাড় হয়ে আছে।
এখনও ওরা হাঁপাচ্ছে। ড্রাইভারের পাশের লোকটা খুব হালকা হাতে নিজের ঘাড় আর চোয়াল ডলছে। আমার বাঁ দিকে বসা লোকটার মুখ থেকে রসুনের তীব্র গন্ধ বেরুচ্ছে। আমার ওপর ঝুঁকে পড়ে ফুঁ দিচ্ছে সে-আসলে আমাকে সার্চ করছে আর হাঁপাচ্ছে।
ইঁদুর মরে পচে আছে মুখের ভেতর, অ্যাদ্দিনেও ওটা ফেলনি কেন? মাথার ব্যথা ভুলতে চাই, তাই কিছু একটা বললাম আর কি।
শুনতে না পাবার ভান করে সার্চ করে যাচ্ছে লোকটা। অবশেষে নিশ্চিন্ত হয়ে নিজের জায়গায় গুছিয়ে বসল সে।
পাঁচ মিনিট নিঃশব্দে কেটে গেল। নদীর কিনারা ঘেঁষে হ্যামারস্মিথের দিকে ছুটছে গাড়ি।
ওদের ব্যথা এবং হাঁপানি একটু কমতে নিস্তব্ধতা ভাঙল ড্রাইভার।
শোনো, মি. শেরিডান কথা বলতে চান তোমার সাথে, কিন্তু বলেছেন সেটা খুব একটা জরুরী কিছু নয়। একটু কৌতূহল আছে তাঁর, এই পর্যন্ত। বলে দিয়েছেন, গোলমাল করলে নদীতে ফেলে দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলবে।
এমন সহজ সরল লোক হয় না, স্বীকার করি, বললাম আমি।
শাট আপ! বলল ড্রাইভার। বুঝতেই পারছ, ব্যাপারটা নির্ভর করছে তোমার ওপর। লক্ষ্মী হয়ে থাকো, কিছুটা হলেও বাড়বে তোমার আয়ু-তাই বা খারাপ কি! শুনেছি, রানা, তুমি নাকি সাংঘাতিক শার্প একজন অপারেটর। দ্বীপে লোরনা তোমাকে ছুঁতে পারেনি জানার পর আমরা ধরেই নিয়েছিলাম তুমি উদয় হবে। কিন্তু স্বপ্নেও কখনও ভাবিনি চকচকে একটা পেনির মত কার্জন স্ট্রিটের এদিক থেকে ওদিক পর্যন্ত গড়াগড়ি খাবে। মি. শেরিডান তো ব্যাপারটা বিশ্বাসই করতে চাননি। তিনি বললেন, এ লোক মাসুদ রানা হতে পারে না-যদি হয়, মনে করতে হবে, লোকটা বোকা জাতের নরম মেয়েমানুষ হয়ে গেছে। ইস্, মহাপরাক্রমশালীদের পতন কি মর্মান্তিক!
কি করুণ! বলল রসুনের দুর্গন্ধ।
শাট আপ! বলল ড্রাইভার। তারপর আবার শুরু করল, মি. শেরিডান দুঃখ পেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে দুঃখে কাতর হয়ে কেঁদেকেটে বুক ভাসাচ্ছেন-বুঝতেই পারছ।
অনায়াসে।
শাট আপ!
রাত দুটোর সময় ব্রিস্টলে ঢুকল গাড়ি। শহরের মাঝখানটাকে পাশ কাটিয়ে এ-ফোর ধরে অ্যাভনমাউথের দিকে যাচ্ছি আমরা।
ইয়ট বেসিনে অন্যান্য বোটের সাথে বড় একটা মোটর ইয়ট দেখতে পেলাম, জেটিতে নোঙর ফেলা, গ্যাঙপ্ল্যাঙ্ক নামানো। স্টার্ন এবং বো-তে নাম আঁকা রয়েছে-বুমেরাং। সমুদ্রগামী ইয়ট এটা, ইস্পাতের তৈরি খোল, সাদা এবং নীল রঙের। দেখেই বুঝলাম, অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী ইয়ট, সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর যেকোন জায়গায় যেতে পারবে। ধনী লোকের শখের জিনিস। তার প্রায় সব পোর্টহোলেই আলো জ্বলছে। লোকজন দেখা যাচ্ছে ব্রিজে। রওনা দেবার জন্যে তৈরি হয়ে আছে বলে মনে হচ্ছে।
ছোট্ট জায়গাটা পেরিয়ে গ্যাঙপ্ল্যাঙ্কের দিকে নিয়ে যাবার সময় ঘিরে রাখল আমাকে ওরা। ডেকে যখন উঠছি, বাঁক নিয়ে চলে গেল রোভারটা।
সেলুনটা দেয়াল থেকে আরেক দেয়াল পর্যন্ত সবুজ কার্পেট মোড়া, একই রঙের জানালার পর্দাগুলো ভেলভেটের। ফার্নিচারগুলো গাঢ় রঙের টিক আর পালিশ করা চামড়া দিয়ে তৈরি। মূল্যবান তৈলচিত্রের সমাবেশও কারও দৃষ্টি এড়াবার নয়।
আন্দাজ করলাম পাঁচ লক্ষ পাউণ্ডের কম হবে না এটার দাম। সম্ভবত চার্টার করা। হয়ত ছয় মাসের জন্যে ভাড়া নিয়ে সিডনি শেরিডান নিজের ক্রু নিয়োগ করেছে। সমুদ্রবিহারের প্রতি তার লোভ আছে বলে কখনও শুনিনি।
কার্পেটের মাঝখানে দলটার সাথে দাঁড়িয়ে আছি, গ্যাঙপ্ল্যাঙ্ক তুলে ফেলার শব্দটা নির্ভুল চিনতে পারলাম আমি, তারপরই নোঙর ওঠাবার আওয়াজ পেলাম। ইঞ্জিনগুলো মৃদু গুঞ্জন তুলল। সেলুনের পোর্টহোলের দিকে তাকাতেই দেখলাম বন্দরের আলো পিছিয়ে যাচ্ছে। মুখ থেকে ধীরে ধীরে সরে সেভার্ন নদীর খরস্রোতে বেরিয়ে এল বুমেরাং।
অবশেষে হাজির হতে মর্জি হল সিডনি শেরিডানের। নীল সিল্কের একটা গাউন পরে আছে সে, ঘুম থেকে উঠে এসেছে, তাই ফোলা ফোলা লাগছে মুখটা, কিন্তু লালচে চুলের ছোট ছোট তাকগুলো চিরুনির সাহায্যে নিখুঁত করা হয়েছে। তার হাসিটা সাদা এবং ক্ষুধার্ত।
গুরু দয়াল, বলল সে, ওরফে মাসুদ রানা, জানতাম আমি, আবার একদিন দেখা হবে আমাদের।
হ্যালো, সিডনি। ভারতের সাথে তোমার বন্ধুত্ব এখন কোন পর্যায়ে, জানতে ইচ্ছা করে।
ঠিক এই জিনিসটার প্রশংসা করি আমি। ভাগ্য বিরূপ জানা সত্ত্বেও যে লোক রসিকতা করতে পারে তার সান্নিধ্য সত্যি রোমাঞ্চকর। সেলুনে ঢুকল স্বর্ণকেশী মেয়েটা, তার দিকে তাকাল সিডনি। এসো লোরনা।
এক নাম্বার রাফেলা ওরফে লোরনা আজও উগ্র প্রসাধন ব্যবহার করেছে। চোখ-ধাঁধানো রঙের মত জ্বলছে তার মুখ। মাথার ওপর টোপরের মতো দাঁড়িয়ে আছে সাজানো চুলের স্তূপ। স্বচ্ছ সাদা একটা হাউজ গাউন পরে আছে সে, গলার কাছে লেস দিয়ে আটকানো।
লোরনা-লোরনা পেজ, বলল শেরিডান। আমার বিশ্বাস, এর সাথে পরিচয় আছে তোমার।
একটা অনুরোধ, সিডনি, জরুরী ভঙ্গিতে বললাম আমি।
ভুরু কুঁচকে উঠছে শেরিডানের।
এরপর যখন আমার সেবা যত্ন নিতে কাউকে পাঠাবে, ওকে বললাম, ভাল জাতের কোন মেয়েকে পাঠিয়ো। বুনো বিড়ালটা খামচে-কামড়ে আর রাখেনি কিছু আমার।
ঠোঁট বেঁকে যাচ্ছে দেখে বুঝলাম রাগে পুড়ে যাচ্ছে শেরিডান। কিন্তু হাসছে লোরনা। দারুণ আগ্রহের সঙ্গে জানতে চাইল, তোমার বোটের খবর কি, রানা? খুব ভালবাসতে তুমি জলকুমারীকে।
এখন আরও ভালবাসি, শেরিডানের দিকে তাকালাম আমি। কি করতে চাও, সিডনি? একটা সমঝোতায় আসতে পারি আমরা?
চেহারায় দুঃখ আর বিষণ্ণতা ফুটিয়ে তুলল শেরিডান, এদিকওদিক মাথা দোলাল। পারি না রানা। পারলে খুশি হতাম, সত্যি খুশি হতাম-কিন্তু একমাত্র তুমিই আমার ভেতর-বাইরের অনেক খবর জানো-আরেকটু জানলেই বিপদে ফেলতে পারবে আমাকে। তুমিই বলো, সে ঝুঁকি আমার নেয়া উচিত? হাতে পেয়ে প্রাণের দুশমনকে কেউ ছেড়ে দেয়?
যদি কথা দিই…
প্রশ্নই ওঠে না, রানা, যেন আদর করে সান্ত্বনা দিচ্ছে সিডনি শেরিডান আমাকে। হ্যাঁ, বিবেচনা করতাম তোমার আর্জি, যদি বিনিময় করার মত কিছু থাকত তোমার হাতে। তাছাড়া, সাংঘাতিক সেন্টিমেন্টাল তুমি। শুধু ভাবাবেগের বশে চুক্তি ভাঙবে তুমি, জানা আছে আমার। তোমাকে বিশ্বাস করা যায় না। নিরো, জলকুমারী, দ্বীপবাসিনী সেই মেয়েটার কথা মুহূর্তের জন্যেও ভুলতে রাজি হবে না তুমি। ভুলবে না নিরোর বোনটার কথা, যাকে খুন না করে উপায় ছিল না আমাদের…
রাফেলাকে খুন করার জন্যে যাদেরকে পাঠিয়েছিল সিডনি, তারা মারধোর খেয়ে পালিয়ে গেছে, নিজেদের ব্যর্থতার রিপোর্ট পর্যন্ত এখনও দেয়নি তাকে, এটা বুঝতে পেরে একটু আনন্দ পেলাম আমি।
চেষ্টা করলাম কণ্ঠস্বরটাকে বিশ্বাসযোগ্য করে তোলার, শোনো, সিডনি, বর্তমানে আমি একটি মাত্র আদর্শে বিশ্বাসী।
কি সেটা?
বেঁচে থাকার আদর্শ। যদি দরকার হয়, অতীতের সব কথা ভুলে যেতে রাজি আমি। বিশ্বাস কর, না হয় মাফও চাইব।
হেসে উঠল সিডনি শেরিডান। বলল, বৃথা চেষ্টা করছ, রানা। তোমাকে যদি ভালভাবে না চিনতাম, বিশ্বাস করতাম তোমার কথা। দুঃখিত। তোমার সাথে কোন আপোস নয়।
তাহলে এত ঝামেলা করে আমাকে এখানে আনলে কেন?
এর আগে দুবার আদেশ পাঠিয়েছি কাজটা শেষ করার জন্যে, রানা। দুবারই ব্যর্থ হয়েছে ওরা। এইবার পুরোপুরি নিশ্চিন্ত হতে চেয়েছি আমি। কেপ টাউনের পথে গভীর পানি পাড়ি দিতে হবে আমাদেরকে, ওখানে কোথাও নামিয়ে দেব তোমাকে। ভেব না, কয়েক মন লোহা থাকবে তোমার সাথে যাতে ভেসে উঠতে না পার।
কেপ টাউন? জানতে চাইলাম। তারমানে ভোরের আলোর পেছনে নিজেই লেগেছ? অবাক কাণ্ড, তাই না? কি এমন থাকতে পারে পুরানো একটা বিধ্বস্ত জাহাজে?
না জানার ভান কোরো না, রানা। না জানলে এত ভোগাতে না তুমি আমাকে। হাসল শেরিডান। নিজের অজ্ঞতা প্রকাশ না করাই ভাল, ভাবলাম আমি।
সে-জায়গায় আবার ফিরে যেতে পারবে বলে মনে কর তুমি? স্বর্ণকেশীকে প্রশ্ন করলাম। সাগর তো ছোটখাট কিছু নয়, তাছাড়া একই রকম দেখতে অসংখ্য দ্বীপ আছে ওদিকে। ঠিক কোনটা, চিনবে কিভাবে? তার চেয়ে আমাকে যদি গাইড হিসেবে নাও…।
দুঃখিত, রানা, বলল শেরিডান। বার-এর সামনে গিয়ে দাঁড়াল সে, কেতাদুরস্ত ভদ্রতার খাতিরে ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকিয়ে জানতে চাইল, ড্রিঙ্ক?
স্কচ, বললাম ওকে।
আধগ্লাস স্কচ হুইস্কি নিয়ে এসে দিল আমাকে শেরিডান। তোমার কাছে লুকাব না ব্যাপারটা-আসলে, কি জানো, বিশ্বস্ত বন্ধুর মত আন্তরিকতার সাথে বলল সে, এত ঝামেলা শুধু লোরনার সম্মানে নিতে হয়েছে আমাকে। মেয়েটাকে তুমি সাংঘাতিক চটিয়ে দিয়েছ, রানা। তুমি কল্পনাও করতে পারবে না কতটা রেগে আছে ও তোমার ওপর। কেন, তা জানি না। কিন্তু আমরা, তুমি আর আমি, যখন বিদায় নেব তখন সেখানে উপস্থিত থাকতে চেয়েছে লোরনা। এসব দুর্লভ ঘটনা চাক্ষুষ করতে সাংঘাতিক ভালবাসে ও। তাই না, ডারলিং? আবার আমার দিকে তাকিয়ে হাসল শেরিডান। পুরুষ মানুষের অসহায় মৃত্যু ওকে নাকি প্রচণ্ড উত্তেজিত করে তোলে। সেকসুয়ালি।
দুই চুমুকে গ্লাসটা নিঃশেষ করে সিডনির মুখের ওপর হাসলাম। হ্যাঁ, তুমিও জানো, আমিও জানি, ওকে উত্তেজিত করতে না পারলে বিছানায় একটা লাশ ও।
ঘুসিটা নিচের ঠোঁট থেঁতলে দিল আমার। তালা বন্ধ করে রাখো একে, মৃদু গলায় বলল শেরিডান।
টেনে হিঁচড়ে সেলুন থেকে বের করে ডেক ধরে বো-এর দিকে নিয়ে যাচ্ছে আমাকে ওরা। তিক্ত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এখন লোরনাকে, আপাতত এইটুকু ভেবেই খুশি আমি।
আশ্চর্য কালো আর চওড়া দেখাচ্ছে নদীটাকে।
<