ব্রেকফাস্ট নিয়ে বসেছে রডরিক, এই সময় ওর বাড়িতে পৌঁছুলাম আমি। সব কথা ব্যাখ্যা করতে মাত্র এক মিনিট লাগল। পিকআপে চড়ে দুর্গে এলাম আমরা, এবং পরিস্থিতি বুঝে দ্রুত সাড়া দিল ইন্সপেক্টর টমসন। আমার বিবৃতি ফাইল করল সে, অন্যান্য পুলিসী কাজগুলো সেরে নিল। নিজে দাঁড়িয়ে থেকেট্রোকে তুলে দিল পুলিস বিভাগের ডাইভিং ইকুইপমেন্ট। আবার যখন বন্দরে ফিরে এলাম, দেখলাম, ইতিমধ্যে শহর উজাড় করে সব লোকজন জেটির কাছে চলে এসেছে, শোকাভিভূত নিশ্চল একটা ভিড় দাঁড়িয়ে আছে জেটির দুপাশে। কেউ কেউ দৃশ্যটা চাক্ষুষ করেছে, কিন্তু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে সবাই।
নৌকোয় ডাইভিং সরঞ্জামগুলো তুলছি আমরা। সহানুভূতিসূচক মন্তব্য করছে অনেকে। গোখলে রামাদীনকে খবর দাও কেউ, ওদেরকে বললাম আমি। একটা ব্যাগ আর একটা বাস্কেট নিয়ে এখানে আসতে বলো তাকে।
আমি থামতেই অসংখ্য প্রশ্ন উঠল ভিড়ের মধ্যে থেকে।
হেই, মিস্টার রানা, বোটে কেউ ছিল নাকি?
রামাদীনকে শুধু খবরটা পৌঁছে দাও, বললাম ওদেরকে।
নৌকো নিয়ে অকুস্থলে পৌঁছুলাম আমরা। ইন্সপেক্টর টমসন নৌকোটাকে আমাদের ওপর স্থির করে রাখল, বন্দরের পানির নিচে নামলাম রডরিক আর আমি।
পঁয়তাল্লিশ ফুট লম্বা হয়ে শুয়ে আছে জলকুমারী, ডোবার সময় উল্টে গেছে সে। ওর ভেতরে ঢোকার ব্যাপারে কোন সমস্যায় পড়তে হল না আমাদেরকে, তার কারণ কীল-এর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দুফাঁক হয়ে খুলে গেছে খোলটা। আবার তাকে পানির ওপর ভাসাবার সমস্ত সম্ভাবনা তিরোহিত হয়ে গেছে।
খোলের গর্ত-মুখে অপেক্ষা করছে রডরিক, আমি ভেতরে ঢুকলাম। গ্যালিতে যাও বা কিছু অবশিষ্ট আছে, সব ঢাকা পড়ে গেছে ঝাঁক ঝাঁক বুভুক্ষু মাছের ভিড়ে। গোগ্রাসে খাচ্ছে ওরা। এবং কি খাচ্ছে দেখতে পেয়ে স্কুবা মাউথপীসের ভেতর দম আটকে এল আমার, কোনমতে বমি ভাবটাকে দমন করতে পারলাম।
মাংসের কণার সাথে সবুজ কাপড় না থাকলে বুঝতেই পারতাম না মাছগুলো জুডিথের দেহাবশেষ খাচ্ছে। বিচ্ছিন্ন বড় তিনটে টুকরোয় বের করে আনলাম আমরা জুডিথকে, রামাদীনের ক্যানভাস ব্যাগে ভরা হল সেগুলো।
সাথে সাথে আবার ডাইভ দিলাম আমি, উন্মুক্ত খোলের ভেতর দিয়ে পথ করে নিয়ে গ্যালির নিচের কমপার্টমেন্টে পৌঁছুলাম। নিজেদের বিছানায় এখনও বোল্টের সাথে আটকানো রয়েছে লম্বা গ্যাস সিলিণ্ডার দুটো। দুটো ট্যাপই খোলা, শুধু তাই নয়, স্বচ্ছন্দে গ্যাস যাতে বেরিয়ে আসতে পারে তার জন্যে কে যেন হোস-এর সংযোগ খুলে দিয়েছে।
অনুভব করছি, প্রচণ্ড রাগে পা থেকে মাথা পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে আমার। সব হারাবার ফলে যে নিঃস্ব বোধ আর শোকানুভূতি আমার সমস্ত অস্তিত্ব জুড়ে চেপে বসেছিল, নিমেষের মধ্যে সেই চাপ থেকে মুক্তি পেলাম আমি, তার জায়গায় অনুভব করছি শুধু অদ্ভুত একটা আক্রোশ। জলকুমারী নেই–সে ছিল আমার অর্ধেক জীবন।
ট্যাপগুলো বন্ধ করলাম আমি। গ্যাস হোস-এর বিচ্ছিন্ন সংযোগ আবার জোড়া লাগালাম। সরাসরি আমার সাথে শত্রুতা করা হয়েছে–আমি ব্যক্তিগতভাবে এর প্রতিশোধ নেব।
জেটি ধরে পিকআপের দিকে হাঁটার সময় স্বস্তির সাথে ভাবছি, তবু জলকুমারীর বীমা করা আছে বলে রক্ষে। আরেকটা বোট কিনতে পারব আমি। জলকুমারীর মত অত সুন্দর বা অত প্রিয় হয়ত হবে না সেটা, তবু একটা বোট তো বটে!
পিকআপের কাছে দ্বীপবাসীরা এখনও ভিড় করে দাঁড়িয়ে আছে। নৌকোটা কার? জানতে চাইলাম আমি। পাথরের বাঁধের সঙ্গে একটাই নৌকো ছিল, ওটাই ব্যবহার করেছি এতক্ষণ আমরা।
ভিড় ঠেলে এগিয়ে এল প্রৌঢ় জেলে নরডিক। ঘামে ভেজা চকচকে কালো মুখে উদ্বেগের ছায়া দেখতে পাচ্ছি।
নরডিক, জানতে চাইলাম, গত রাতে কাউকে তুমি জলকুমারীতে নিয়ে গিয়েছিলে?
না, স্যার, মিস্টার রানা।
মনে করে দেখ। কাউকে নিয়ে যাওনি?
শুধু আপনার মেহমানকে নিয়ে গিয়েছিলাম, মিস্টার রানা। জলকুমারীর কেবিনে রিস্টওয়াচটা ফেলে রেখে এসেছিলেন ভদ্রমহিলা।
ভদ্রমহিলা?
হ্যাঁ। হলুদ চুল আছে তার, আপনার মেহমান…
কখন, নরডিক?
রাত নটার দিকে–আমি কি কোন অন্যায় করেছি, মিস্টার রানা?
না, নরডিক। ঠিক আছে। ভুলে যাও ব্যাপারটা।
পরদিন দুপুরের আগে কবর দিলাম আমরা জুডিথকে। একটু চেষ্টা করতেই ওর মা-বাবার পাশের প্লটটা ওর জন্যে ব্যবস্থা করা গেল। এতে খুশি হল ল্যাম্পনি। বলল, পাহাড়ের ওপর জুডিথ একা থাকলে খারাপ লাগত তার। ওষুধের প্রভাব থেকে এখনও পুরোপুরি মুক্ত নয় ল্যাম্পনি, কবরের পাশে শান্তভাবে আধবোজা চোখে দাঁড়িয়ে থাকল ও।
পরদিন সকালে আমরা তিনজন উদ্ধার কাজে হাত লাগালাম। দশটা দিন হাড় ভাঙা খাটনি দিলাম, জলকুমারীর অবশিষ্ট মূল্যবান যা কিছু ছিল সব তুললাম এক এক করে। বিগ গেম ফিশিং রীল, এফ-এন কারবাইন, জোড়া ব্রোঞ্জ প্রপেলার থেকে শুরু করে। ছোরা, কোচ, দড়ি, এমন কি নাট-বল্টু পর্যন্ত কিছুই বাদ দিলাম না। কিন্তু খোল আর সুপারস্ট্রাকচার এমনভাবে বিধ্বস্ত হয়েছে। যে ওখান থেকে কিছুই আমরা তুলতে পারলাম না। এই দশ দিনের শেষ দিকে প্রিয় জলকুমারী শুধু একটা স্মৃতিতে পরিণত হল। অনেক মেয়ের সান্নিধ্য পেয়েছি আমি, আজ যখন কোন একটা গানের সুর কানে বাজে বা নির্দিষ্ট কোন একটা সুগন্ধ নাকে পাই তখন শুধু মধুময় স্মৃতি হয়ে কয়েক সেকেণ্ডের জন্যে ফিরে আসে তারা আমার মনে। তাদেরই মত ইতিমধ্যে পিছু হটে অতীতের কোলে আশ্রয় নিয়েছে আমার জলকুমারী।
.
দশদিন পর ঢ্যাঙা রামাদীনের সাথে দেখা করতে গেলাম আমি।
অফিসে ঢোকার মুহূর্তেই বুঝতে পারলাম, কোথাও একটা। সাঙ্ঘাতিক কিছু ঘটেছে। ঘামে পিচ্ছিল আর চকচকে হয়ে আছে। তামাটে মুখটা, স্টীল রিমের পেছনে কোটরে ঢোকা চোখ দুটো অস্থিরভাবে ঘুরছে, হাত দুটো দ্রুত কচলাচ্ছে, আমাকে দেখেই আঁতকে উঠল সে, কেঁপে উঠল তার হাড়সর্বস্ব দুই কাঁধ। ও জানে জলকুমারীর বীমা সংক্রান্ত ব্যাপারে কথা বলতে এসেছি আমি।
হাত কচলান থামিয়ে ডেস্কটা পরিষ্কার করতে শুরু করল সে, তার মানে গোছানো ডেস্কটা অগোছাল করে তুলছে। কিন্তু কাজটা অসমাপ্ত রেখে টাইয়ের নটটা ঠিক করতে শুরু করল, সেটাও শেষ। না করে সটান দাঁড়িয়ে পড়ল সে। এমন নার্ভাস হতে কাউকে কখনও দেখিনি আমি। ভগবানের দোহাই, মিস্টার রানা, স্যার-উত্তেজিত হবেন না! দ্রুত কণ্ঠে উপদেশ দিল আমাকে সে। ওর জানা নেই, এ কথা কেউ বললেই ভীষণ উত্তেজিত হয়ে উঠি আমি।
ব্যাপার কি, রামাদীন? কেউ আমাকে রাগিয়ে তুললে তার প্রাপ্য সম্মানের চেয়ে বেশি সম্মান দেখাতে অভ্যস্ত নই আমি। সম্মানসূচক মিস্টার সম্বােধনটা অপব্যয় করলাম না তাই। তাড়াতাড়ি বল! কুইক! দুম করে একটা ঘুসি বসিয়ে দিলাম ডেস্কের ওপর।
আবার আঁতকে উঠে এক পা পিছিয়ে গেল ঢ্যাঙা রামাদীন। স্টীল রিমের চশমাটা নেমে এল নাকের ডগায়। মিস্টার রানা, স্যার, প্লীজ…
এই হাতুড়ে, তাড়াতাড়ি বল্ কি হয়েছে…।
মিস্টার রানা, স্যার, জলকুমারীর প্রিমিয়াম সম্পর্কে একটা ভুল…
বন করে ঘুরে গেল মাথাটা। স্তব্ধ হয়ে তাকিয়ে আছি।
আপনি স্যার, কখনও তো কোন ক্লেইম করেননি… মানে,…তাই আমি ভেবেছিলাম প্রিমিয়ামের টাকাটা অপচয় করার কি দরকার…
বাকশক্তি ফিরে পেলাম আমি। প্রিমিয়ামের সব টাকা মেরে দিয়েছ তুমি, জমা দাওনি? অস্ফুটে বললাম। তারমানে…তার মানে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে না…।
আপনি স্যার, বুদ্ধিমান লোক, ঠিক ধরেছেন ব্যাপারটা, মাথা ঝাঁকাল ঢ্যাঙা রামদীন। আমি জানতাম, বুঝবেন আপনি।
সোজা এগোলাম সময় বাঁচাবার জন্যে, সামনে ডেস্ক রয়েছে। তা আমার নজরেই পড়ল না। বাধা পেয়ে সংবিৎ ফিরল, ডেস্কের ওপর উঠে পড়েছি এখন, লম্বা করে বাড়িয়ে দিয়েছি প্রতিশোধের হাতটাকে। ক্যাঙ্গারুর মত লাফ দিয়ে পিছু হটল ঢ্যাঙা রামাদীন, নাকি সুরে কাতর ধ্বনি ছাড়ল একটা, তারপর ঘুরে দাঁড়িয়ে ভীত সন্ত্রস্ত ইঁদুরের মত ছুটে বেরিয়ে গেল পেছনের দরজা দিয়ে। ওপাশে গিয়েই দরজাটা বন্ধ করে দিল সে, কী-হোলে আগে। থেকে ঢুকিয়ে রাখা চাবিটা ঘুরিয়ে বন্ধ করে দিল তালাটা।
ডেস্ক থেকে লাফ দিয়ে মেঝেতে, মেঝে থেকে আরেক লাফে। দরজার গায়ে গিয়ে পড়লাম। তালা ভেঙে উন্মুক্ত হয়ে গেল কবাট। দুটো প্রচণ্ড ধাক্কায়, দুপাশের দেয়ালে বাড়ি খেয়ে আবার সে-দুটো ফিরে আসার আগেই প্যাসেজের অর্ধেক দূরত্ব পেরিয়ে এলাম আমি। শেষ মাথায় ছোট্ট একটা কংক্রিটের উঠন। উঠনের একধারে বাইরের গলিতে বেরিয়ে যাবার বড় একটা দরজা। দরজার দুপাশে শুটকি মাছের বড় বড় কাঠের বাক্স একটার ওপর একটা থাক দিয়ে রাখা। দরজা খুলে বেরিয়ে যাবার আগেই ওর কাছে আমি পৌঁছে যাব বুঝতে পেরে সেই বাক্সগুলো আঁকড়ে ধরে ওপর দিকে দ্রুত উঠে যাচ্ছে ঢ্যাঙা রামাদীন, আহত পশুর মত গোঙাচ্ছে সে।
নিচে দাঁড়িয়ে ওর দুটো পা ধরে ফেললাম আমি। হ্যাঁচকা টান মেরে নামিয়ে আনলাম কংক্রিটের মেঝেতে। পায়ে জোর পাচ্ছে
রামাদীন, হাঁটু ভেঙে পড়ে যেতে চাইছে। আমার দিকে ওকে ঘুরিয়ে নেবার সময় দেখলাম ওর দুই পায়ের মাঝখানে মেঝেতে হলদেটে পানির একটা ছোট পুকুর তৈরি হচ্ছে, ওর দুই উরুর সংযোগস্থলটা এই পুকুরের উৎস, সাদা প্যান্ট বেয়ে নামছে দুর্গন্ধময় তরল পদার্থ। সম্ভবত এটা ওর একটা কৌশল, যাতে ঘৃণায় ওর কাছ থেকে দূরে সরে যাই আমি। কিন্তু ওকে ছেড়ে দেবার কথা একবারও মনে হচ্ছে না আমার।
এক হাত দিয়ে শক্ত করে ধরলাম ওর সরু গলাটা। শূন্যে তুলে ফেললাম ওকে। আরেক হাত দিয়ে বুকে চাপ দিয়ে। রেখেছি, যাতে পিঠটা পেছনের কাঠের বাক্সগুলোর সাথে সেঁটে থাকে।
চশমাটা পড়ে গেছে ওর নাক থেকে। ফুঁপিয়ে কাঁদছে ও। বন্ধ চোখ থেকে অঝোর ধারায় পানি বেরিয়ে আসছে।
বুঝতে পারছ আমি তোমাকে খুন করতে যাচ্ছি? অস্ফুটে বললাম ওকে।
দুর্বোধ্য আওয়াজ করে গুঙিয়ে উঠল রামাদীন। মেঝে থেকে ছয় ইঞ্চি ওপরে নাচছে ওর দুই পা।
ডান হাতটা মুক্ত করলাম আমি, শরীরের সবটুকু শক্তি একত্রিত করে ঘুসি পাকালাম একটা। বুঝতে পারছি, এই ঘুসির জোর স্তম্ভিত করে দিতে যাচ্ছে স্বয়ং আমাকেই। রামাদীনের ধড় থেকে নিশ্চয়ই এটা আলাদা করে দিতে পারবে মুণ্ডুটাকে। তা আমি করতে পারি না–কিন্তু কোথাও না কোথাও একটা আঘাত আমাকে করতেই হবে। নিজেকে দমন করতে পারছি না। ওর ডান কানের পাশে বাক্সটায় মারলাম ঘুসিটা। শক্ত কাঠের গায়ে গর্ত করে বাক্সের ভেতর প্রায় কনুই পর্যন্ত ঢুকে গেল হাতটা। পপ সঙ্গীতের আসরে ভাবাবেগের উন্মাদনায় মেয়েরা যেমন তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠে তেমনি একটা আওয়াজ বেরিয়ে এল রামাদীনের গলার ভেতর থেকে। ছেড়ে দিলাম ওকে আমি, হলদেটে প্রস্রাবের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেল সে।
আতঙ্কে তোতলাচ্ছে, গোঙাচ্ছে, কাদছে-এই অবস্থায় ওকে ফেলে রেখে দরজা খুলে গলিতে, সেখান থেকে মেইন রোডে বেরিয়ে এলাম। সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছি আমি। কাপড়চোপড় পরে আছি, কিছু টাকাও আছে আমার কাছে, কিন্তু উলঙ্গ, রিক্ত আর নিঃস্ব লাগছে নিজেকে আমার। নরকের একটা কীট ল্যাং মেরে ফেলে দিয়েছে আমাকে, মিস্টার রানা থেকে এক ধাক্কায় নেমে এসেছি রানাতে।
বাস্তবকে মেনে নিতে কষ্ট হল। কিন্তু সময় নষ্ট করলাম না। লর্ড নেলসনে পৌঁছুবার আগেই রোজগারের অসংখ্য উপায় আবিষ্কার করে ফেললাম আমি। করতে চাইলে কাজের কোন অভাব হয় না মানুষের। পকেট কাটা, মাটি কাটা, ফল-পাকড় মাথায় নিয়ে ফেরি করা, শামুক কুড়ানো, মোট বওয়া, পাথর ভাঙা, দড়ি পাকানো–এই রকম হাজার হাজার কাজ গিজ গিজ করছে মাথার ভেতর।
মাত্র বিকেল হয়েছে, লর্ড নেলসনের পাবলিক বারে তাই রডরিক আর ল্যাম্পনি ছাড়া কেউ এসে পৌঁছায়নি এখনও। চুপচাপ শুনল ওরা, কোন মন্তব্য করল না। বলার আছেই বা কি!
প্রথম দফার মদটা নিঃশব্দে শেষ করলাম আমরা। তারপর। আমি জিজ্ঞেস করলাম রডরিককে, কি করবে তুমি এখন?
কাঁধ ঝাঁকাল রডরিক।
পুরানো হোয়েলবোটটা এখনও তো আছে আমার…
অ্যাডমিরালটি ডিজাইনের হোয়েলবোটটা বিশ ফুট লম্বা, ডেকটা খোলা, কিন্তু সাগরকে বশে রাখতে তার কোন অসুবিধে। হয় না।
…আবার আমি সেই ক্রাইফিশ ধরে রুটি-রুজির ব্যবস্থা করে নিতে পারব। একটা দীর্ঘশ্বাস চেপে কথা শেষ করল রডরিক। জলকুমারীকে নিয়ে দ্বীপে আমি আসার আগে এই কাজই করত সে।
নতুন ইঞ্জিন দরকার হবে তোমার, বললাম ওকে। পুরানো সী-গাল দুটো প্রায় অচল হয়ে গেছে। দ্বিতীয় দফা মদ এল, এই। ফাঁকে আমার পুঁজির হিসেব করছি মনে মনে-দুত্তোরি ছাই, ভাবলাম আমি, দুহাজার ডলারে কি আর উন্নতি অবনতি ঘটবে। আমার এই অবস্থায়। দুটো নতুন বিশ ঘোড়ার ইঞ্জিন কিনে দেব তোমাকে আমি, রডরিক, বললাম ওকে।
তা তোমাকে কিনতে দিচ্ছি না, প্রচণ্ড জোরে মাথা দোলাল রডরিক। মিসাস বেশ কিছু টাকা জমিয়েছে, এখন চাইলে দেবে।
কিছুক্ষণ তর্ক হল আমাদের মধ্যে। জমা টাকায় হাত দিতে নিষেধ করলাম ওকে। বিপদ-আপদের কথা কিছু বলা যায় না, তখন পাবে কোথায়? কিন্তু জেদ ধরে বসে থাকল রডরিক, আমার কাছ থেকে দান নিতে রাজি নয় সে।
তুমি কি করবে বলে ভাবছ, ল্যাম্পনি? জানতে চাইলাম আমি।
মনে হচ্ছে তিন বছরের চুক্তিতে রায়ানো দ্বীপেই কাজ করতে যেতে হবে আমাকে, ম্লান মুখে বলল ল্যাম্পনি।
না, মুখ ভেঙচে ধারণাটাকে বাতিল করে দিল রডরিক। হোয়েলবোটের জন্যে ক্রু দরকার হবে আমার।
ওদের দুজনেরই তাহলে একরকম ব্যবস্থা হল। স্বস্তি বোধ করলাম আমি। ওদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেটা আমি কখনও এড়িয়ে যাবার কথা ভাবতেও পারি না। বিশেষভাবে খুশি হলাম এই কথা ভেবে যে ল্যাম্পনির ওপর নজর রাখার জন্যে রডরিক রইল। জুডিথের মৃত্যুটাকে খুব খারাপ ভাবে নিয়েছে ছেলেটা। গুম মেরে গেছে ও, গুটিয়ে নিয়েছে নিজেকে। আগের সেই আনন্দোচ্ছল ছটফটে রোমিও মরে গেছে। উদ্ধারের কাজে কাঠোরভাবে খাটিয়েছি ওকে, আঘাতটা সামলে ওঠার ব্যাপারে সাহায্যে লেগেছে সেটা।
তবু হরদম মদ খেতে শুরু করেছে ও। এভাবে চলতে দিলে মারা যাবে ও কিছুদিনের মধ্যেই। যাক, রডরিক অন্তত ওকে বাধা দেবার জন্যে থাকছে।
কিন্তু পরিবেশটা আরও যেন ভারী হয়ে উঠল। ছোট্ট আলোচনাটার পর এখন আর তিনজনের কারও মনে কোন সন্দেহ নেই যে আমরা একটা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি, এবং আগামীকাল থেকেই কখনও আর একসাথে হাঁটব না আমরা।
চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে রডরিকের, কিন্তু দুর্বলতাটা প্রকাশ করে পরিবেশটাকে আরও আড়ষ্ট করতে চাইছে। না সে। দুহাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত চোখ ঘষছে। কি যে ছাই পড়ল চোখে!
সন্ধ্যার আগ পর্যন্ত গুমোট ভাবটা রয়েই গেল। তারপর নেশায় ধরল আমাদেরকে। শুরু হল গান। ল্যাম্পনি মাতলামো করার মধ্যে অংশগ্রহণ করল না। নেশায় বুদ হয়ে চুপচাপ বসে। ঢুলছে সে। অবশ্য মাঝেমধ্যে হয় আমি নয়ত রডরিক তার মাথাটা টেবিল থেকে তুলে দিচ্ছি, এবং একবার তুলে দিলে আবার দশ-পনেরো মিনিটের জন্যে নিশ্চিন্ত, সিধে হয়ে বসে নিয়মিত দোল খেতে শুরু করছে সে।
রাত নটার পর এক কাণ্ডই ঘটে গেল।
বন্দরে আজ সন্ধ্যায় একটা সাউথ আফ্রিকান ট্রলার এসেছে, খুচরো মেরামতের কাজ সারবে আর বিশুদ্ধ পানি নেবে। অবশেষে ল্যাম্পনি যখন চেতনা হারাল, নিজেদের মধ্যে একটা আপোস করে নিয়ে আমি আর রডরিক কেউ কারও আগে পরে নয়, একযোগে গান ধরলাম-কিন্তু একটু পরই ট্রলারের ছয়জন ক্রু এসে ঢুকল বারে, এবং আমরা নাকি গাধার মত চেঁচাচ্ছি বলে বিদ্রুপ করল।
এ ধরনের অপমান মুখ বুজে সহ্য করার সাধ্য আমার বা রডরিকের নেই। তাই আমরা সবাই ব্যাপারটার একটা ফয়সালা করার জন্যে লর্ড নেলসনের পেছন দিকের উঠনে চলে এলাম। ঠিক হল, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ব্যাপারটা মীমাংসা করা হবে।
উঠনে পৌঁছুবার দশ সেকেও পরই ভঙ্গ হল শান্তি। এর জন্যে একা কারও ওপর দোষ চাপিয়ে লাভ নেই, আমি এবং রডরিক দুজনেই দায়ী, আমাদের দুজনের হাতই কিছু একটা করার জন্যে নিশপিশ করছিল। শেষ পর্যন্ত ব্যাপারটার মীমাংসা হল অত্যন্ত স্বাভাবিক পদ্ধতিতে। দাঙ্গাদমনকারী স্কোয়াড নিয়ে ইন্সপেক্টর টমসন হুইসেল বাজাতে বাজাতে হাজির। সে আমাদের সবাইকে তো গ্রেফতার করলই, কাছেপিঠে যাকে দেখতে পেল তারই কোমরে দড়ি পরাল।
আমার নিজের রক্তমাংস…, পুলিস হেডকোয়ার্টারের সেলের ভেতর আমার কাঁধ জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছে রডরিক, আর বিলাপ করছে, …আমার নিজের রক্তমাংস আমারই সাথে বেঈমানী করল! নিজের আপন মামাকে তুই কয়েদ করলি! মাসুদ, দুনিয়ার চালচলন বদলে গেছে, বুঝলে? আপনজন আর আপন নেই। আমার নিজের বোনের ছেলে, সে আজ আমার কোমরে দড়ি দিল, কয়েদে আটক করল…।
বন্দীত্বের অভিশাপ খানিকটা সহনীয় করার জেন্য যথেষ্ট সহৃদয়তার পরিচয় দিল ইন্সপেক্টর টমসন। আমরা বিদ্রোহ করব হুমকি দিতেই লর্ড নেলসনে একজন লোককে পাঠাল সে। এবং একটু পরই আমি আর রডরিক পাশের সেলের বন্দী ট্রলারম্যানদের সাথে গভীর বন্ধুত্ব পাতিয়ে ফেললাম। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মদের বোতলটা এক সেল থেকে আরেক সেলে দ্রুত এবং ঘন ঘন আসা যাওয়া করতে শুরু করল।
পরদিন সকালে আমাদেরকে সম্ভবতঃ উৎকট আপদ জ্ঞান করেই মুক্তি দিয়ে বাঁচল ইন্সপেক্টর টমসন। আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ লিপিবদ্ধ করতেও অস্বীকৃতি জানাল সে।
সরাসরি টার্টল বে থেকে ফিরে এসে বাড়িটাকে শেষবারের মত গুছাতে শুরু করলাম আমি। তৈজসপত্র ধুয়ে-মুছে তুলে রাখলাম সব। আলমিরা আর ওয়ারড্রোবে কয়েকটা করে ন্যাপথালিন গুলি রাখলাম যাতে পোকা মাকড় আস্তানা গাড়তে না পারে। দরজায় অবশ্য তালা মারলাম না। সেন্ট মেরীতে চৌর্যবৃত্তি নামে কোন পেশার অস্তিত্ব নেই।
শেষবারের মত সাঁতার কেটে রীফ ছাড়িয়ে চলে এলাম আমি। আধঘন্টা ধরে প্রত্যাশায় উন্মুখ হয়ে অপেক্ষা করলাম আমার সুহৃদদের জন্যে। কিন্তু আজও এল না ওরা। আবার কবে ফিরি কি না ফিরি, অথচ দেখা হল না-মনটা স্বভাবতই খারাপ হয়ে গেল। সাঁতার কেটে ফিরে এলাম বাড়িতে। শাওয়ার নিয়ে পোশাক পরলাম, তারপর ক্যানভাস আর লেদার ব্যাগ নিয়ে। বেরিয়ে এসে উঠে বসলাম পিকআপে। পাম গাছের ভেতর দিয়ে চলে আসছি, পেছন ফিরে পঁচিশ একর শান্তির নীড়ের দিকে একবারও তাকালাম না। তবে নিজের কাছে প্রতিজ্ঞা করলাম, এই পথে আবার একদিন ফিরে আসব আমি।
হোটেল হিলটনের গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে চুরুট ধরালাম একটা। শিফটিং ডিউটি শেষ করে দুপুরবেলা বেরিয়ে এল মারিয়া। ফুটপাত ধরে হাঁটছে ও, মিনি স্কার্ট পরে রয়েছে, চমৎকার হাঁটার ছন্দে দুলছে ওর সুগঠিত নিতম্ব। শিস দিতেই ঘাড় ফিরিয়ে তাকাল ও, এবং আমাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে উঠল। দৌড়ে এসে গাড়িতে আমার পাশের সিটে বসল। পরমুহূর্তে ম্লান হয়ে গেল ওর মুখের চেহারা।
মিস্টার রানা, তোমার বোটের জন্যে সত্যি আমি খুব দুঃখ। পেয়েছি…
কিছুক্ষণ গল্পগুজব করার পর আমি জানতে চাইলাম, আচ্ছা, মারিয়া, তুমি বলতে পারবে হোটেলে থাকার সময় মিস রাফেলা কোথাও কোন টেলিফোন বা টেলিগ্রাম করেছিল কিনা?
মনে করতে পারছি না, মিস্টার রানা, তবে আপনি বললে চেক করে দেখতে পারি আমি।
এখনই?
অবশ্যই।
আরেকটা কথা। মিকি মিস রাফেলার কোন ফটো তুলেছিল কিনা জানতে চাই আমি। হিলটনের স্টাফ-ফটোগ্রাফার মিকি, তার অ্যালবামে রাফেলার ফটো থাকার কথা।
প্রায় এক ঘন্টা দেরি করল মারিয়া, কিন্তু ফিরল বিজয়িনীর হাসি নিয়ে। হোটেল ত্যাগ করার আগের রাতে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন তিনি, টেলিগ্রামের একটা কপি দিল আমাকে মারিয়া। এটা রেখে দিতে পারেন আপনি।
মেসেজটা পড়ছি আমি।
ঠিকানা দেয়া রয়েছে–সিডনি ফ্ল্যাট, ফাইভ কার্জন স্ট্রীট, নাইনটি সেভেন লণ্ডন ডব্লিউ. আই.
মেসেজে বলা হয়েছে
কন্ট্রাক্ট সাইনড রিটার্নিং হিথরো বি-ও-এ-সি ফ্লাইট থ্রীহানড্রেড-সিক্সটিন।
স্যাটারডে।
কোন সই নেই।
সবগুলো ফাইল আর অ্যালবাম ঘাটতে হয়েছে মিকিকে–তবে একটা ফটো পেয়েছে ও। মারিয়ার হাত থেকে সিক্স-বাই-ফোর গ্লসি প্রিন্টটা নিলাম আমি। সানগ্লাস আর বিকিনি পরা অবস্থায় তোলা ফটোটা, সান কাউচে ডুবে আছে রাফেলা–তবে চিনতে অসুবিধে হচ্ছে না তাকে।
ধন্যবাদ, মারিয়া, পিন দিয়ে ওর ব্রেসিয়ারে একটা পাঁচ পাউণ্ডের নোেট গেঁথে দিয়ে বললাম আমি।
ধনী লাগছে নিজেকে, মুক্তোর মত সাদা দাঁত বের করে হাসছে মারিয়া। পাঁচ পাউণ্ডের বিনিময়ে যা খুশি তাই দাবি করতে পারেন আপনি, মিস্টার রানা।
প্লেন ধরতে হবে আমাকে, মারিয়া, বললাম ওকে। ওর নাকে নাক ঘষলাম, তারপর গাড়ি থেকে যখন নেমে যাচ্ছে, ওর নিতম্বে চাপড় মারলাম একটা।
এয়ারপোর্টে আসার আগেই পৌঁছে গেছে রডরিক আর ল্যাম্পনি। আমার পিকআপের দায়িত্ব এখন থেকে রডরিক নেবে। আমাদের সবার মন খারাপ, আড়ষ্ট ভঙ্গিতে এবং নিঃশব্দে করমর্দন করলাম ডিপারচার গেটের কাছে। বলার আর কার কি আছেই বা। গতরাতেই সব কথা বলা হয়ে গেছে আমাদের।
মেইনল্যাণ্ডের উদ্দেশে আকাশে উঠল প্লেন। পেরিমিটার বেড়ার কাছে ওরা দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি, ওপর থেকে দেখতে পাচ্ছি আমি।
লণ্ডনগামী বি. ও. এ. সি ফ্লাইট ধরার জন্যে নাইরোবিতে তিন ঘন্টার জন্যে থাকতে হল। একটা বারে বসে সময়টা কাটিয়ে দিলাম। রডরিক, ল্যাম্পনি-এদের কথা ভুলতে পারছি না। কিন্তু নিজেকে হতাশায় ডুবে যেতেও দিলাম না। ইংল্যাণ্ড আমার জন্যে নরকতুল্য, অথচ সেখানেই যাচ্ছি আমি। প্রতিশোধ আমাকে নিতেই হবে, তা নাহলে নিজের কাছে ছোট হয়ে যাব।
রাফেলা, অপেক্ষা করো। আসছি আমি। তোমার সাথে আমার কথা আছে।
.
কে যেন বলেছিলেন, যখন তোমার আর্থিক দুর্গতির সীমা নেই তখনই একটা নতুন গাড়ি কেনো, কেনো একশো গিনির স্যুট, চেহারায় সাহস আর সাফল্যের ভাব ফুটিয়ে তোল–দেখবে, লোকজন তোমাকে যথেষ্ট খাতির করছে, তোমাকে সাহায্য করতে চাইছে।
হিথরো এয়ারপোর্টে দাড়ি কামিয়ে পোশাক পাল্টালাম, তারপর হিলম্যান না নিয়ে রেন্ট-এ-কার কোম্পানির কাছ থেকে। একটা ক্রাইসলার ভাড়া করলাম। বুটে ব্যাগগুলো ফেলে দামি গাড়িটা হাঁকিয়ে সবচেয়ে কাছের একটা পাবে পৌঁছুলাম।
চিকেন স্যাণ্ডউইচ আর এগ পাই নিয়ে গলাধঃকরণ করলাম এক পাইন্ট কারেজ দিয়ে। এই ফাঁকে রোড ম্যাপটার সাথে এক দফা পরিচয় ঝালিয়ে নেয়া গেল। অনেক দিন পর আবার এসেছি লণ্ডনে, এককালে সব রাস্তাঘাট নখদর্পণে ছিল, দেখলাম ভুলে গেছি অনেক কিছুই।
ব্রাইটনে পৌঁছুতে বিশেষ বেগ পেতে হল না। লণ্ডনের রোদ ম্লান সোনালি রঙ বিকিরণ করছে, সেন্ট মেরীর রোদের মত উত্তাপ। বা উজ্জ্বলতা এর নেই, কিন্তু উপভোগ্য। গ্র্যাণ্ড হোটেলের। উল্টোদিকে পার্কিং লটে ক্রাইসলার রেখে গলি উপগলির গোলকধাঁধায় প্রবেশ করলাম। বসন্তের শেষভাগেও এলাকাটায় ট্যুরিস্টদের ভিড় দেখতে পাচ্ছি।
নিরোর আণ্ডারওয়াটার স্লেজের গায়ে কতদিন আগে দেখেছি ঠিকানাটা, কিন্তু স্পষ্ট মনে আছে আজও। ফাইভ প্যাভিলিয়ন আর্কেড, ব্রাইটন, সাসেক্স। খুঁজে বের করতে এক ঘন্টার ওপর লেগে গেল।
নিরোস আণ্ডারওয়াটার ওয়ার্ল্ড গলির গায়ে দশ ফুট জায়গা দখল করে রেখেছে। দরজাটা বন্ধ। পাশে একটা মাত্র জানালা, তাও কাঠের খড়খড়ি দিয়ে ঢাকা। খড়খড়ির ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না। দরজায় ঘুসি মেরেও কোন লাভ হল না। বোঝা যাচ্ছে, কেউ নেই। ফিরে আসতে যাচ্ছি কি মনে করে আরেকবার খড়খড়ির ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। ভাগ্যগুণে জানালার ঠিক নিচেই মেঝেতে একটা কার্ডবোর্ড পড়ে রয়েছে দেখতে পেলাম। জানালার গায়ে আটকানো ছিল এক সময়, সম্ভবত বাতাসে পড়ে গেছে। তবে লেখার দিকটা ওপর দিকে রয়েছে, তাই গোটা গোটা অক্ষরে হাতে লেখা মেসেজটা স্বল্প আলোয় পড়তে অসুবিধে হল না।
সী-ভিউ, ডোনার্স লেন, ফালমার, সাসেক্স-এ খোঁজ করুন।
গাড়িতে ফিরে এসে গ্লাভ কমপার্টমেন্ট থেকে রোড ম্যাপটা আবার বের করলাম আমি।
.
সন্ধ্যা হয়ে আসছে। এর মধ্যে বৃষ্টি নামল। গলির ভেতর দুবার পথ হারিয়ে ফেললাম আমি। অবশেষে লতাঝোপ দিয়ে ঘেরা একটা গেটের সামনে দাঁড় করালাম গাড়ি। গেটের গায়ে ছোট্ট একটা সাইনবোর্ড। তাতে লেখা সী-ভিউ।
গেট পেরিয়ে বাগানের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে এগোচ্ছি। লাল ইটের দোতলা একটা বাড়ি সামনে। নিচের তলার একটা কামরায় আলো জ্বলছে।
গাড়ি বারান্দায় গাড়ি রেখে নামলাম আমি। সামনের দরজাটাকে উপেক্ষা করে উঠনে নামলাম। শার্টের কলার সিধে করে ঘাড়টা ঢেকে ছুটলাম কিচেনের দরজা লক্ষ্য করে। কিন্তু দরজা পর্যন্ত পৌঁছুবার আগেই ভিজে গেলাম আমি। দরজায় ধাক্কা দিতেই ভেতরে নড়াচড়ার শব্দ পেলাম। হুড়কো সরাবার আওয়াজ হল। দরজার ওপরের অংশটা উন্মুক্ত হয়ে গেল চোখের সামনে। একটা মেয়ে-তাকিয়ে রয়েছে আমার দিকে।
দেখে তেমন কিছু মনে হল না মেয়েটাকে আমার। সৌখিন ফিশারম্যানের ঢোলা জার্সি পরে আছে ও। বেশ লম্বা, এবং কাঁধ দুটো সাঁতারুর। চেহারাটা শুধু সাদামাঠা নয়, বড় বেশি সাধারণ।
কপাল চওড়া ওর, রঙটা নিশ্চ্রভ। নাকটা বড়, কিন্তু ছুঁচালো। বা হাড়সর্বস্ব নয়। নাকের নিচে ঠোঁট দুটো মিষ্টি। মেকআপের কোন চিহ্ন নেই সেখানে। ঠোঁটের রঙ হালকা গোলাপী, ক্ষীণ একটু বেগুনি রঙের ভাবও যেন আছে।
কপাল এবং গাল থেকে খুঁটিয়ে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে চুলগুলোকে পেছন দিকে, লাল সিল্কের একটা ফিতেতে গিঁট বেঁধে আটকানো হয়েছে সেগুলো ঘাড়ের পেছনে। চুলগুলোর রঙ কালো, ল্যাম্পের আলোয় চকচক করছে। ম্লান গায়ের রঙের সাথে মিশে আছে তাজা এবং সজীব একটা লাবণ্যের প্রলেপ, কাছ থেকে বেশ কিছুক্ষণ দেখলে তবেই অদ্ভুত একটা আলোময় উজ্জ্বলতা ধরা পড়বে চোখে। হঠাৎ সেই গভীর আলোটা দেখতে পেলাম আমি, মনে হল ওর চামড়ার নিচে পর্যন্ত দেখতে পাচ্ছি, পরিষ্কার রক্তের উষ্ণ প্রবাহ উঠে আসছে গলা এবং গালের দুদিকে। ফিতের গিঁটকে ফাঁকি দিয়ে কালো সিল্কের সুতোর মত কয়েক গাছি চুল কপালে এসে পড়েছে, আলতোভাবে সেগুলো আঙুল দিয়ে ছুঁলো ও। ভঙ্গিটার মধ্যে অদ্ভুত একটা মাধুর্য ফুটে উঠল। দুধ-সাদা জমিনের ওপর কালো রঙের চোখের মণি দুটো শান্ত–সেদিকে তাকিয়ে ওর নার্ভাসনেস টের পাবার কোন উপায় নেই।
তারপর ল্যাম্পের আলো লেগে ঝিক করে উঠল চোখের মণি দুটো, সবিস্ময়ে আবিষ্কার করলাম ও-দুটো কালো নয়, দুপুরের কড়ারোদ সরাসরি মোজাম্বিক স্রোতে পড়লে তার রঙ যেমন গাঢ় নীল হয়ে ওঠে, চোখের মণি দুটো ঠিক সেই রকম। চোখের ওপর কালো ধনুকের মত বাঁকা এবং স্পষ্ট ভুরু।
আচমকা উপলব্ধি করলাম অসাধারণ সুন্দরী একটা মেয়ে নয়, পূর্ণ যুবতী এক নারীর সামনে দাঁড়িয়ে রয়েছি আমি। হঠাৎ যেন নতুন চেতনা ফিরে পেয়েছি, বুঝতে পারছি, ওকে অতি সাধারণ মনে করে কি সাংঘাতিক ঠকাই না ঠকতে যাচ্ছিলাম আমি। অদ্ভুত একটা সমর্থ আর পরিণত ভাব রয়েছে ওর মধ্যে, ঠায় নিশ্চল দাঁড়িয়ে থাকার মধ্যে গভীর প্রশান্তি সুপ্ত হয়ে রয়েছে-অনুভব করতে পেরে কেমন যেন আড়ষ্ট হয়ে উঠলাম আমি।
দেখামাত্র সবটুকু চিনতে পারি এমন মেয়েদের সান্নিধ্য পেতে অভ্যস্ত আমি। যারা অসাধারণ ব্যক্তিত্ব এবং সূক্ষ্ম সৌন্দর্যের অধিকারিণী তাদের কাছে ঘেঁষার সৌভাগ্য এর আগে কখনও হয়নি আমার। পরিবশেটা আমার অভিজ্ঞতার বাইরে বুঝতে পেরে নিজের সম্পর্কে একটা অনিশ্চয়তায় আক্রান্ত হলাম আমি।
পরস্পরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি আমরা। কেউ কথা বলছি না, বা নড়ছি না।
তুমি মাসুদ রানা, অবশেষে নিস্তব্ধতা ভাঙল ও। ওর কণ্ঠস্বর মৃদু, কোমল, সুরেলা। বিদূষী নারীর পরিশীলিত কণ্ঠস্বর।
চোখে বিস্ময় ফুটে উঠল আমার। আমাকে তুমি চিনলে কিভাবে? জানতে চাইলাম আমি।
ভেতরে এসো, চেইন খুলে দরজার নিচের অংশটা উন্মুক্ত করল ও।
মনে একরাশ প্রশ্ন, কিন্তু নিঃশব্দে পালন করলাম ওর নির্দেশ।
কিচেনের ভেতরটা গরম, ভাল খাবারের সুগন্ধে ভারী হয়ে আছে বাতাস।
<