আই লাভ ইউ, ম্যান – ২

০১.

পরের শনিবার।

ঢাকা।

মাসুদ রানার বাংলো।

অনেক কাজ ছিল-দ্রুত সব শেষ করে, কোনটা জাহেদ কোনটা গিলটি মিয়ার ঘাড়ে চাপিয়ে দিয়ে দুটোর মধ্যে ঘরে ফিরে এসেছে রানা। রাঙার মা ছুটিতে, তাই ড্রাইভারকে দিয়ে লাঞ্চ পাঠিয়ে দিয়েছে সোহানা। পুঁই শাক, ঢেড়শ ভাজি, পটলের দোলমা, মুগের ডালের চচ্চড়ি, রুইয়ের কোর্মা, নারকেল চিংড়ি, সর্ষে ইলিশ ইত্যাদি সহযোগে ভরপেট ভাত খেয়ে, একটা সিগারেট ধ্বংস করে পিচ্চি একটা ঘুম দেয়ার জন্যে উঠে পড়েছে বিছানায়। রাত জাগতে হবে। সোহানা আসবে আজ গল্প শুনতে।

এদিকে বিকেল চারটেতেই ঢাকার বুকে নেমে এসেছে সন্ধ্যার কালিমা। ঘন কালো বৈশাখী মেঘে ঢাকা পড়েছে গোটা আকাশ। কিছুক্ষণের মধ্যে বার কয়েক বাতাসের ঝাপটা দিয়েই শুরু হয়ে গেল ঝম ঝম মুষলধারে বৃষ্টি।

ঘুমাচ্ছে রানা। অসময়ের উসখুস ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। সেই স্বর্গে, সেই অপূর্ব সুন্দর সেন্ট মেরী দ্বীপে চলে গেছে ও। 

…স্বর্ণ হৃদয় দুজন মানুষ-রডরিক আর ল্যাম্পনি, প্রিয় বোট জলকুমারী, সাগর-তীরে পঁচিশ একর জমি নিয়ে শান্তির নীড়, বিগ গাল আইল্যাণ্ডের কাছে ডুবিয়ে রাখা সবুজ ক্যানভাস মোড়া রহস্য, এবং অপরিচিতা এক ভদ্রমহিলার আকস্মিক আবির্ভাব–স্বপ্নের মধ্যে এদের স্পষ্ট ছবি দেখতে পাচ্ছে ও। দেখতে পাচ্ছে সরল হাসিতে উদ্ভাসিত তরুণ নিরোর মুখটা, শুনতে পাচ্ছে চলমান পাহাড় বিশালদেহী হুমায়ুন দাদার অট্টনাদ। তারপর হঠাৎ মুখোমুখি হল সেই আশ্চর্য ধূর্ত সিডনি শেরিডানের। অমনি চট করে ভেঙে গেল ঘুমটা।

চোখ মেলার আগেই একটানা রিমঝিম বৃষ্টির মিষ্টি সুর কানে এল, ভেজা মাটির সোঁদা গন্ধ এল নাকে। অদ্ভুত এক পুলকে শিরশির করে উঠল শরীর-মন। ধীরে ধীরে চোখ মেলে তাকাল ও। জানালার শার্সি ভেদ করে দৃষ্টি চলে গেল বাইরে। স্নান আলোয় রূপালী বর্শার ঝাঁক মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলোকে। বাগানে আটকে গেল চোখ। উজ্জ্বল লালে ছেয়ে গেছে কৃষ্ণচূড়া, ডালগুলো দোল খাচ্ছে বাতাসে, থর থর কাঁপছে ফুলগুলো বৃষ্টির আঘাতে। তাকিয়ে থাকতে থাকতে জাগরণের মধ্যেই সদ্য দেখা স্বপ্নের চরিত্রগুলো ফিরে এল চোখের সামনে। গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল বুক চিরে। আশ্চর্য একটা অস্থিরতা অনুভব করছে ও। কেউ যেন ভারী একটা পাথর চাপিয়ে দিয়েছে ওর বুকের ওপর। সব কথা কাউকে বলে হালকা হতে হবে ওকে। অতি আপন, অতি প্রিয়, সহানুভূতিশীল শ্রোতা চাই একজন।

সোহানার কথাই মনে পড়ল। ওকে পেলে এখুনি শুরু করা যেত আবার।

ভাবতে না ভাবতেই সোহানা হাজির। আঁটসাঁট করে পরেছে লাল পেড়ে হলুদ সুতির শাড়ি, অনিন্দ্যসুন্দর মুখে অপূর্ব মিষ্টি হাসি, দুহাতে ধরে আছে বড়সড় একটা ট্রে। ট্রে-র ওপর রয়েছে একটা অ্যালুমিনিয়ামের গামলা-তাতে কাঁচা সরষের তেল, পেঁয়াজ, আদা আর বেশি করে কাঁচা মরিচ দিয়ে মাখানো গরম মুড়ি, দুগ্লাস পানি আর দুকাপ ধূমায়িত চা।

তুমি! বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল রানার চোখ। তোমার কথাই ভাবছিলাম। কখন এলে?

আকাশের অবস্থা দেখেই চলে এলাম। দেখি ঘুমাচ্ছ। বৃষ্টির ছিটে আসছিল, জানালাটা লাগিয়ে দিয়েই ভাবলাম তোমাকে ঘুম থেকে তুলতে হলে একটা কিছু ছুতো দরকার।

উঠে বসল রানা। ঝাল-মুড়ির দিকে চেয়েই জল এসে গেল জিভে। খুশি হয়ে বলল, দারুণ ছুতো তৈরি করেছ, মাইরি! হাত বাড়াল বিছানার ওপর নামিয়ে রাখা গামলার দিকে। উফ! থ্যাঙ্ক ইউ, সোহানা! মেজাজটা খুশি থাকতে থাকতেই চট করে বলে ফেল মতলব। গ্র্যান্ট হয়ে যেতে পারে।

সেই গল্পটা… হাসল সোহানা। বিছানায় উঠে বালিশে হেলান দিয়ে বসল আরাম করে। হাত চালাল গামলায়। নাও, শুরু করো।

জানালা দিয়ে বাইরে দৃষ্টি ফেলল রানা। তুমুল ঝড়বৃষ্টি চলছে বাইরে। হ্যাঁ, এখনই গল্পের সময়। মেঘের মত সে-ও ভারমুক্ত হতে চাইছে। চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, কোথায় যেন থেমেছিলাম, মনে আছে?

তোমরা লর্ড নেলসনের প্রাইভেট বারে বসে রয়েছ, বলল সোহানা। হোটেল হিলটনের সুইচবোর্ড অপারেটর মারিয়া এসে খবর দিল সকালের প্লেনে একজন অপরিচিতা ভদ্রমহিলা। এসেছেন, তোমার সাথে দেখা করতে চান।

হ্যাঁ, বলল রানা। মনে পড়েছে।

কাঁচা মরিচ চিবিয়ে ঝাল লেগে গেছে সোহানার–পানি খেয়ে, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিল সে। নড়েচড়ে বসল। তারপর রানার দিকে তাকাল।

শুরু করল রানা।

<

Super User