দুপুরের খানিক পর গ্র্যাণ্ড হারবার ত্যাগ করলাম, দক্ষিণ এবং পুব দিকে যাচ্ছি। মাছ ধরব না, একথা জানিয়ে আমার ক্রুদেরকে একটা দিন ডাঙায় কাটাতে বলেছি।

ককপিট ডেকে পা ফাঁক করে দাঁড়ানো হলুদ বিকিনি পরা। রাফেলা বার্ডকে ভুরু কুঁচকে দেখেছে রডরিক, মুখের মাংস ভাঁজ খেয়ে বুলডগের মত চেহারা হয়েছে, কিন্তু কোন মন্তব্য না করেই। নেমে গেছে সে। কিন্তু কোটরের ভেতর চোখের মণি দুটোকে চরকির মত পাক খাইয়ে খ্যাক খ্যাক করে হেসেছে ল্যাম্পনি, তারপর সবজান্তার ঢংয়ে মাথা নেড়ে বলেছে, আনন্দ বিহারে যাওয়া হচ্ছে বুঝি? ভাল, ভাল।

খুব নোংরা মন তোমার, চাপা স্বরে বললাম ওকে।

শুনেই আহ্লাদে আটখানা হয়ে হাসল সে, যেন প্রচণ্ড প্রশংসা করেছি ওর। জেটি ধরে যখন চলে যাচ্ছে, তখনও শোনা গেছে ওর সেই হাসি।

রীফের ছড়া এবং দ্বীপমালিকার ভেতর দিয়ে এগোচ্ছে জলকুমারী। তিনটের পর লিটল গাল আইল্যাণ্ড এবং বিগ গাল আইল্যাণ্ডের মাঝখানে গভীর পানি-পথে পৌঁছুলাম। প্যাসেজটা ধরে ঘুরে চলে এলাম আমরা বিগ গালের পুব তীর আর মোজাম্বিকের নীল স্রোতের মাঝখানে অগভীর খোলা পানিতে।

প্রচুর জোরাল বাতাসে ঠাণ্ডা হয়ে আছে দিনটা, সাগরের গা থেকে ছোঁ মেরে ছাল তুলে নিয়ে সাদা ফেনায় ভরিয়ে তুলছে চারদিক।

ধীর গতিতে সাবধানে এগোচ্ছি, বিগ গালের দিকে চোখ রেখে সেদিকে সোজা করে রেখেছি বোট। নির্দিষ্ট চিহ্ন মিলে যাবার পরও আর একটু এগিয়ে গেলাম জলকুমারীকে নিয়ে, কেননা বাতাসের ধাক্কায় একটু পিছিয়ে আসবে সে। এরপর ইঞ্জিন বন্ধ করে দ্রুত ফোরডেকে চলে এলাম নোঙর ফেলার জন্যে।

ঘুরে গিয়ে লক্ষ্মী মেয়ের মত স্থির হল জলকুমারী।

এই জায়গায়? বিড়ালের জ্বলজ্বলে চোখে এতক্ষণ আমার প্রতিটি কাজ নিঃশব্দে লক্ষ্য করেছে রাফেলা।

হ্যাঁ, এই সেই জায়গা, বললাম ওকে, তারপর অন্ধ প্রেমের নমুনা হিসেবে বিয়ারিঙ মার্কগুলো দেখিয়ে দিলাম। বললাম, ওটা বিগ গাল আইল্যাণ্ড। দুটো পাম গাছ দেখতে পাচ্ছ? একটা ঝুঁকে পড়েছে, আর দ্বিতীয়টা ডান দিকে, সোজা দাঁড়িয়ে আছে দিগন্তরেখার ওপর, দেখতে পাচ্ছ?

নিঃশব্দে মাথা ঝাঁকাল ও।

ওই দুটোর মাঝখানের সরলরেখায় রয়েছি এখন আমরা।

এবারও কোন কথা বলল না রাফেলা। চোখে অদ্ভুত একটা অন্যমনস্ক কিন্তু স্থির দৃষ্টি, যেন গভীর মনোযোগের সঙ্গে গেঁথে নিচ্ছে তথ্যগুলো।

এখন কি করব আমরা? হঠাৎ জানতে চাইল ও।

ঠিক এইখানে ডাইভ দিয়েছিল নিরো, ব্যাখ্যা করছি আমি। পানি থেকে বোটে উঠে এল সাংঘাতিক উত্তেজিত হয়ে। ব্ল্যাঙ্ক আর প্যানথারের সাথে চুপিচুপি কথা বলল, সঙ্গে সঙ্গে ওরাও উত্তেজিত হয়ে উঠল। একটা ক্যানভাস আর দড়ি নিয়ে আবার পানিতে নামল নিরো। এবার অনেকক্ষণ পানির নিচে থাকল ও। তারপর যখন উঠে এল, শুরু হল ব্যাপারটা-আমাকে লক্ষ্য করে। গুলি ছুঁড়ল প্যানথার।

বুঝেছি, ব্যস্তভাবে বলল রাফেলা, ছোট ভাইয়ের মৃত্যুর বিবরণ এতটুকু বিচলিত করছে না ওকে। তাড়াতাড়ি ফিরে যাই চল। এখানে কেউ দেখে ফেলবে আমাদেরকে।

চলে যাব? অবাক হলাম আমি। কি বলছ তুমি? কথা ছিল পানিতে নেমে দেখব… 

নিজের ভুলটা বুঝতে পারল রাফেলা। তাড়াতাড়ি বলল, তার আগে ব্যাপারটা সুচারুভাবে গুছিয়ে নেয়া দরকার, রানা। তৈরি হয়ে আবার ফিরে আসব আমরা। জিনিসটা তোলার আর পরিবহনের ভাল বন্দোবস্ত করে শুধু শুধু পানিতে নেমে লাভ নেই। চল।

কিন্তু, নিঃশব্দে হাসছি আমি, এক নজর না দেখে চলে যাবার জন্যে তো এতদূর আসিনি!

শোনো, রানা-কাজটা উচিত হচ্ছে না তোমার, পেছন থেকে বলল রাফেলা। কিন্তু ইতিমধ্যে ইঞ্জিনরুমের হ্যাচ খুলতে শুরু করে দিয়েছি আমি।

বলছি তো আরেকবার আসা যাবে, বুঝতে পারছি অতি কষ্টে রাগ চেপে রেখে শান্তভাবে বোঝাতে চেষ্টা করছে ও আমাকে। সবুরে মেওয়া ফলে, জানো না? সবই তো তোমার আর আমারপ্লীজ, একটু ধৈর্য ধর…, চেষ্টার কোন ত্রুটি রাখছে না ও।

কথাগুলো কান পেতে শুনছি, কিন্তু মানছি না। মই বেয়ে র‍্যাকের কাছে নেমে গেলাম, একজোড়া এয়ার-বটল তুলে নিলাম সেখান থেকে। ব্রিদিং ভালভ ফিট করে নিয়ে রাবারের মাউথপীসে মুখ ঠেকিয়ে বাতাস টেনে পরীক্ষা করলাম সিলটা। হ্যাচের ওপর দিকে দ্রুত একবার চোখ বুলিয়ে দেখে নিলাম নিচের দিকে তাকিয়ে নেই ও, তারপর হ্যাচের গায়ের গোপন কুঠরীর দরজা খুলে লুকানো বোতামটা টিপে দিলাম। বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি ছাড়া আর কারও পক্ষে এখন আর জলকুমারীর ইঞ্জিন স্টার্ট করা সম্ভব নয়।

ডাইভিং বোর্ডটা ঠেলে স্টার্নের কাছে বোটের বাইরে বের করে দিলাম, পানির ওপর ঝুলে থাকল সেটা। তারপর ককপিটে দাঁড়িয়ে পোশাক পরে নিলাম। ওয়েট স্যুট আর হুড, ওয়েট বেল্ট আর নাইফ, ফেস প্লেট আর ফিন। পিঠে এয়ার বটল জোড়া বেঁধে নিয়ে এক কয়েল হালকা নাইলন রোপ বেল্টের হুকে লটকে নিলাম।

তুমি ফিরে না আসলে কি হবে? গম্ভীরভাবে জানতে চাইল রাফেলা। মানে, আমার কি হবে?

সম্ভবত মৃত্যু হবে, বলে ডাইভিং বোর্ডের ওপর দিয়ে দ্রুত পা ফেলে এগিয়ে গেলাম, লাফ দিয়ে পড়লাম পানিতে।

স্বচ্ছ কাচের মত পানি, কোথাও বাধা না পেয়ে একেবারে নিচে পর্যন্ত পৌঁছেচে আলো। পঞ্চাশ ফুট নিচে তলাটা পরিষ্কার দেখতে পাচ্ছি।

অপূর্ব সুন্দর একটা প্রবালের জগৎ এটা। চোখ জুড়ানো নানান বিচিত্র রঙের ওপর স্পটলাইটের মত আলো পড়ে ঝলমল করছে চারদিক। ভাস্কর্য শিল্পীর বিচিত্র শিল্পকর্মের আশ্চর্য আকার। এবং আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে প্রবাল খণ্ডগুলো, সেগুলোর ওপর কুয়াশা রঙের গাঢ় শ্যাওলা জমেছে, গায়ে ঝলমলে নকশা আর অলঙ্কার নিয়ে ঝক ঝক ট্রপিক্যাল মাছ চঞ্চলভাবে ঘুরে বেড়াচ্ছে। গভীর খাঁদ এবং অনেক উঁচু আর একেবারে খাড়া প্রবালের স্তম্ভ দেখতে পাচ্ছি, মাঝখানে রয়েছে সাপের মত লম্বা ঘাসে ঢাকা মাঠ, চোখ ধাধানো সাদা প্রবাল বালির বিস্তৃতি।

রক্ত ঝরে গিয়ে শরীর দুর্বল এবং দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ারিঙ চিহ্নগুলো নিখুঁতভাবেই নিতে পেরেছিলাম আমি, আজ তার প্রমাণ পেলাম সবুজ ক্যানভাসে মোড়া প্যাকেটটার একেবারে গা ঘেঁষে নোঙরটা ফেলতে পেরেছি দেখে। উন্মুক্ত প্রবাল বালির ছোট্ট একটা বিস্তৃতির মাঝখানে পড়ে রয়েছে সেটা, সবুজ আর বেঢপ, ভয়ালদর্শন একটা সামুদ্রিক জন্তু যেন, অক্টোপাসের শুড়ের মত পানিতে ভাসছে খোলা দড়িগুলো।

হাঁটু গেড়ে ওটার পাশে বসলাম আমি। সোনালি আর কালো জেব্রার টানা দাগ গায়ে নিয়ে খুদে মাছের ঝাঁক মৌমাছির মত চারদিক থেকে ঘিরে ফেলল আমাকে, কাজে হাত লাগাবার আগে। বুদ বুদ ছুঁড়ে ভাগিয়ে দিলাম ওদেরকে।

বেল্ট থেকে নাইলনের রশিটা নামালাম। একটা প্রান্ত দিয়ে প্যাকেটটাকে শক্ত করে বেঁধে রশি ছাড়তে ছাড়তে উঠতে শুরু করলাম ওপর দিকে। জলকুমারীর পেছন দিকে ত্রিশ ফুট দূরে। পানির ওপর মাথা তুললাম আমি, সাঁতরে মইয়ের কাছে পৌঁছুলাম, তারপর উঠে পড়লাম ককপিটে। রশির দ্বিতীয় প্রান্তটা বাঁধলাম ফাইটিং চেয়ারের একটা পায়ার সাথে।

কি পেয়েছ তুমি? ব্যাকুল স্বরে জানতে চাইল রাফেলা।

এখনও জানি না, বললাম ওকে। পানির নিচে প্যাকেটটা খুলে ভেতরে কি আছে দেখার প্রচণ্ড একটা কৌতূহল হয়েছিল আমার, কিন্তু অতি কষ্টে সেটাকে দমন করেছি। ক্যানভাস খোলার পর রাফেলার প্রতিক্রিয়াটা পরখ করতে চাই আমি।

ডাইভিং গিয়ার খুলে নির্মল পানি দিয়ে সেগুলো ধুচ্ছি আমি। ধোয়ামোছার পর যথাস্থানে সাজিয়ে রেখে দিলাম। এভাবে সময় কাটাবার একটাই কারণ, আমি চাইছি উদ্বেগ আর উত্তেজনা আর একটু ক্ষতবিক্ষত করুক রাফেলাকে।

দুত্তোরি ছাই! কি পেয়েছ তুমি? আগে ওটা তুলতে কি হয়েছে? অবশেষে রাগে ফেটে পড়ল ও।

মনে পড়ল পাহাড়ের মত ভারী লেগেছিল প্যাকেটটা, একটু নাড়তেই হিমশিম খেতে হয়েছিল আমাকে-তবে তখন শরীরে শক্তি বলতে প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। এখন আমি গানেল আলিঙ্গন করে রশি টেনে তোলার সময় জিনিসটার ওজন অনুভব করছি-ভারী বটে কিন্তু টেনে তুলতে পারছি। উঠে আসা ভিজে রশি কব্জি খেলিয়ে কাঁধে ফেলে নিয়ে সাজিয়ে রাখছি কয়েল করে।

বোটের পাশে পানির ওপর উঠে এল সবুজ ক্যানভাস, ঝুঁকে পড়ে রশির গিঁটটা শক্ত করে ধরলাম, তারপর এক টানে বোটের ওপর তুলে এনে ছেড়ে দিলাম ককপিটের ডেকে। কাঠের ওপর ভারী ধাতব বস্তু পতনের ঘটাং আওয়াজ হল।

খোলো এবার, অস্থির কণ্ঠে হুকুম করল রাফেলা।

আজ্ঞে, মাদামোয়াজেল, এক্ষুনি খুলছি, নিঃশব্দে হেসে বেল্টের খোপ থেকে আমার বেইট-নাইফটা টেনে নিলাম। ক্ষুরের মত ধারালো এটার ফলা, একটা করে পোচ দিয়ে প্রতিটি রশি কেটে দিলাম।

ব্যগ্রভাবে সামনের দিকে ঝুঁকে পড়েছে রাফেলা। আমি যে ওর মুখের দিকে তাকিয়ে আছি সেদিকে পর্যন্ত খেয়াল নেই ওর। সবুজ ক্যানভাসটা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছি, কিন্তু চোখ ফেরাচ্ছি না ওর মুখের ওপর থেকে। স্বভাবতই আমার চেয়ে আগে দেখতে পেল জিনিসটা ও। সেটাকে চিনতে পেরেই লোভে চকচক করে উঠল চোখ দুটো, অদ্ভুত এক তৃপ্তিতে দ্রুত ঢোক গিলল পর পর। দুবার-পরিষ্কার বুঝলাম, জিনিসটা যাই হোক, এটা দেখতে পাবার আশাতেই উন্মুখ হয়ে ছিল ও। কিন্তু দুসেকেণ্ড পরই চোখ আর মুখে দ্রুত একটা হতাশার ভাব ফুটিয়ে তুলল।

অত্যন্ত নৈপুণ্যের সাথে বদলে ফেলেছে রাফেলা তার মুখের ভাব, মনে মনে স্বীকার করলাম, দুর্লভ অভিনয় ক্ষমতার অধিকারিণী সে। তীক্ষ্ণদৃষ্টিতে তাকিয়ে না থাকলে আবেগের এই এক পলকের খেলা থেকে বঞ্চিত হতাম আমি।

চোখ নামিয়ে জিনিসটার দিকে তাকালাম। পরমুহূর্তে বিস্ময়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, সেই সাথে হতাশায় ছেয়ে গেল মন। যা আশা করেছিলাম তার ধারে কাছের কিছুই নয় জিনিসটা। স্তম্ভিত হয়ে ভাবছি, কি আশ্চর্য, এই নিরীহ দর্শন ঘন্টার জন্যে এতগুলো লোক খুন হয়েছে! প্লেনের কোন পার্টস নয়, জিনিসটা একটা জাহাজের ঘন্টা। ব্রোঞ্জের তৈরি, গায়ে গভীরভাবে খোদাই করা কারুকাজ, কিন্তু শরীরের অর্ধেকটার ছাল কিসে যেন কুরে খেয়ে ফেলেছে। ওপরের অর্ধেকটা যাকে তাই আছে, তবে সবুজ মরচের মোটা স্তর জমেছে গায়ে। চেইনের গিঁটগুলোয় এবং মাথার ওপরের মুকুটে খোদাই করা অলংকৃত নকশা মরচের নিচে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে-লতাপাতা এবং ফুলের আকৃতি নিয়ে আঁকাবাঁকা খোদাই করা লিপিমালা, সেগুলো অনিয়মিত রেখা ধরে কুরে নেয়া হয়েছে, নিচে দেখা যাচ্ছে উজ্জ্বল ধাতু। ওপরের দিকটা গম্বুজের মত, তার ওপর মুকুটটা। নিচের দিকটা ছড়ানো, চওড়া। একশো পাউণ্ডের কম হবে না বেলটার ওজন।

গড়িয়ে উল্টো করে দিলাম ওটাকে। প্রকাণ্ড জিভটায় শক্ত মরচে ধরেছে, এবং নানা জাতের শেলফিশ নোংরা করে গেছে গম্বুজের ভেতর দিকটা। বাইরের দিকের ক্ষয় এবং কুরে খাওয়ার ভঙ্গি দেখে অস্বস্তি বোধ করছি, এই সময় হঠাৎ রহস্যটা বুঝতে পারলাম। দীর্ঘদিন পানিতে ডোবা ধাতব বস্তু এর আগেও দেখেছি আমি। পানির নিচে বালির তলায় বেল-এর অর্ধেকটা গেঁথে ছিল, তাই অক্ষত আছে ব্রোঞ্জ, শুধু মরচে ধরেছে গায়ে। বাকি অর্ধেকটা ছিল বালির ওপর-গানফায়ার ব্রেক-এর তীব্র স্রোতের তোড় এবং সূক্ষ্ম প্রবাল কণার অবিরাম বিদ্যুৎগতি আক্রমণে ব্রোঞ্জের এক ইঞ্চির সিকি ভাগ ছাল ক্ষয়ে গেছে। যাই হোক, বালির নিচে ঢুকে যাওয়া অংশটা অক্ষত আছে, কয়েকটা অক্ষর পড়াও যাচ্ছে পরিষ্কার। মন দিয়ে লক্ষ করছি সেগুলো।

গগূী

প্রথম অক্ষর দুটো গ, নাকি ভাঙা একটা ঘ-ঠিক বোঝা যাচ্ছে। এর পাশেই রয়েছে নিখুঁত একটা ূ তারপর একটু ফাঁক রেখে গোটা ী অক্ষরটা দেখতে পাচ্ছি। পরবর্তী সমস্ত অক্ষর ক্ষয়ে গেছে, চেনার কোন উপায় নেই।

ব্যারেলের উল্টোদিকের ধাতব শরীরে খোদাই করা প্রতীক চিহ্নটা অত্যন্ত জটিল একটা ডিজাইন, কালের আঁচড়ে তাও ঝাপসা হয়ে গেছে। পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দুটো হিংস্র পশু-সম্ভবত সিংহ-সামনের দুটো পা ব্যবহার করছে। হাতের মত, তা দিয়ে ধরে রয়েছে একটা শিল্ড এবং একটা মেইল্ড হেড।

আবছাভাবে মনে হচ্ছে এর আগে কোথায় যেন দেখেছি এই প্রতীক চিহ্নটা, কিন্তু স্মরণ করতে পারছি না।

ইতিমধ্যে সিধে হয়ে দাঁড়িয়েছে রাফেলা। আমিও দাঁড়িয়ে তার চোখের দিকে তাকালাম। মজার ব্যাপার, তাই না? নিঃশব্দে হাসছি। একটা জেট প্লেনের নাকে ঝুলছে মস্ত একটা ব্রোঞ্জের ঘন্টা-দৃশ্যটা কল্পনা করতে পার?

এর আমি কিছুই বুঝছি না, বলল ও।

আমিও কি ছাই কিছু বুঝতে পারছি? সেলুনে ঢুকে একটা চুরুট নিয়ে ফিরে এলাম আবার, সেটা ধরিয়ে বসলাম ফাইটিং চেয়ারে।

তবু-এর বিষয়ে তোমার ধারণাটা কি জানতে চাই আমি।

কিসের ধারণা, রানা? কিছুই বুঝছি না আমি। বিশ্বাস করো।

এসো, অনুমান করা যাক, প্রস্তাব দিলাম ওকে। আমিই শুরু করছি প্রথমে।

মুখ ফিরিয়ে নিল রাফেলা, রেইলের সামনে গিয়ে দাঁড়াল। চমৎকার নির্লিপ্ত ভাব ফুটিয়ে তুলেছে চেহারায়।

তুমি ভুল করেছ। পাইলট ব্রাসি কোন ফাইটার প্লেন চালাচ্ছিল না, হেসে উঠলাম আমি, চালাচ্ছিল একটা ডানাওয়ালা পেঁপে। মন্তব্য করো?

আমার দিকে ঘুরে দাঁড়াল রাফেলা। রানা, আমি সুস্থ বোধ করছি না। হঠাৎ মাথাব্যথা শুরু হয়েছে, বমি বমি ভাব…

কি করব তাহলে এখন আমরা?

চল, ফিরে যাই।

আরেকটা ডাইভ দেব কিনা ভাবছি-ঘুরেফিরে দেখি আরও কিছু পাওয়া যায় কিনা।

না, দ্রুত বলল ও। প্লীজ, এখন নয়। বিশ্বাস করো, একটুও উৎসাহ লাগছে না। চল, ফেরা যাক। দরকার হলে ফিরে আসতে পারব আবার।

ঠিক আছে! রাজি হলাম ওর কথায়। আরেকবার ডাইভ দিয়ে লাভ নেই কোন–কিন্তু তা শুধু আমি জানি। চল, ফিরে যাই। তারপর বাড়িতে বসে এ ব্যাপারে আলোচনা করা যাবে।

চেয়ার ছেড়ে বেলটাকে আবার ক্যানভাস দিয়ে মুড়তে শুরু করলাম।

এ কি! কি করছ আবার? উদ্বিগ্নস্বরে জানতে চাইল ও।

আর যাই করি, সেন্ট মেরীর বাজারে এটাকে নিয়ে গিয়ে লোক হাসাতে রাজি নই আমি। তুমিই তো বললে ইচ্ছে হলেই ফিরে আসতে পারব এখানে আবার। তাই সাগরের কাছেই জমা রেখে যাচ্ছি এটাকে।

তা ঠিক, একমত হল রাফেলা আমার সাথে। ঠিক বলেছ তুমি।

ঘন্টাটা পানিতে ফেলে দিয়ে নোঙর তুলতে গেলাম আমি।

গ্র্যাণ্ড হারবারে ফেরার সময় ব্রিজে রাফেলার উপস্থিতি অস্বস্তিকর লাগছে আমার। একাকী গভীরভাবে চিন্তা করতে চাইছি আমি। কিভাবে ওকে নিচে পাঠানো যায় তাই ভাবছি।

একটু পর বললাম, কফি হলে মন্দ হত না। পারবে? অনিচ্ছাসত্ত্বেও রাজি হল ও। এবং বিদায় নিল। কিন্তু দুমিনিট পরই আবার ফিরে এল ব্রিজে। বলল, স্টোভ জ্বলছে না।

আগে মেইন গ্যাস সিলিণ্ডার খুলতে হবে তোমাকে, ট্যাপগুলো কোথায় বলে দিলাম ওকে। কাজ শেষ করে ওগুলো বন্ধ করতে ভুলো না যেন আবার, তা নাহলে গোটা বোট একটা গ্যাস বোমা হয়ে যাবে।

ওর তৈরি কফি বিস্বাদ লাগল মুখে।

গ্র্যাণ্ড হারবারে ফিরতে সন্ধ্যা উতরে গেল। জেটি থেকে অনেকটা দূরে নোঙর ফেললাম জলকুমারীর। ডিঙি নৌকায় চড়ে ফিরে এলাম জেটিতে। রাফেলাকে পিকআপে তুলে নিয়ে পৌঁছে দিলাম হিলটনের গেট পর্যন্ত। ভেবেছিলাম গলা ভেজাবার জন্যে নিজের কামরায় নিয়ে যাবে আমাকে, কিন্তু ওর তরফ থেকে কোন অনুরোধ এল না। তবে আমার ঠোঁট ভিজিয়ে দিল চুমু খেয়ে। ডারলিং, আজ রাতটা একা থাকতে দাও আমাকে। ভীষণ ক্লান্ত বোধ করছি। এখন গিয়ে বিছানায় উঠব। ব্যাপারটা নিয়ে ভাবতে দাও আমাকে, তারপর যখন সুস্থ বোধ করব দুজন মিলে গুছিয়ে প্ল্যান-প্রোগাম করা যাবে।

এখান থেকে তুলে নেব তোমাকে–কখন, বলো?

না, বলল ও। বোটে দেখা করব তোমার সাথে আমি। সকালে। আটটার সময়। আমার জন্যে অপেক্ষা করবে তুমি। বোটে। একা। শুধু তুমি আর আমি, আর কেউ নয়-কেমন? 

আটটার সময় জেটিতে নিয়ে আসব জলকুমারীকে, জানালাম ওকে।

ফেরার পথে গলা ভেজাবার তাগিদ অনুভব করলাম। লর্ড নেলসনের সামনে পিকআপ থামিয়ে ঢুকে পড়লাম ভেতরে।

সমবয়েসী একদল ছেলেমেয়েকে নিয়ে ল্যাম্পনি আর জুডিথ মহা শোরগোল জুড়ে দিয়েছে একটা বুথে। শালা বস্! এদিকে পায়ের ধুলো ফেলতে মর্জি হোক! চেঁচিয়ে উঠল ল্যাম্পনি। আর জুডিথ তার চুলের বেণী দুলিয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল দুহাত দিয়ে। মিস্টার রানা, আজ আমরা আপনাকে খুব খাতির করব! কেন, তা একটু পরই জানতে পারবেন।

বুথের ভেতর টেনে নিয়ে গিয়ে ল্যাম্পনির পাশে বসিয়ে দিতে যাচ্ছিল সে আমাকে, কিন্তু বাদ সাধল ল্যাম্পনি। শালা বসকে মেয়েদের মাঝখানে বসাও।

দুই দ্বীপবাসিনী মেয়ের মাঝখানে বসলাম আমি। সবার জন্যে এক পাইন্ট করে পানীয় আনালাম। কি ব্যাপার, জুডিথ?

আমার প্রশ্নের উত্তরে জুডিথ নয়, সামনের দিকে ঝুঁকে পড়ল ল্যাম্পনি। হেই স্কিপার, পিকআপটা আজ রাতে তোমার লাগছে নাকি?

লাগছে, বললাম আমি। ও-ই তো আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। কি বলতে যাচ্ছে ল্যাম্পনি, পরিষ্কার অনুমান করতে পারছি। ও সব-সময় এমন ভাব দেখায় যেন গাড়িটায় ওর ভাগ আছে।

সাউথ পয়েন্টে আজ রাতে বিরাট উৎসব আছে, বস, হঠাৎ বসের আগে শালাটাকে সম্পূর্ণ পরিত্যাগ করেছে ল্যাম্পনি, অত্যন্ত সম্মানের সাথে স্কিপার, বস্, স্যার ইত্যাদি সম্বোধন উচ্চারণ করছে সে। টার্টেল বে-র কাছে তোমাকে যদি পৌঁছে দিই, অনায়াসে রাতের জন্যে ট্রাকটা ব্যবহার করতে পারি আমরা, স্যার। প্রতিজ্ঞা করছি কাল সকালে বাড়ি থেকে তুলে নেব তোমাকে, বস।

গ্লাসে শেষ চুমুক দিলাম আমি। ওরা সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে আমার দিকে।

বিরাট একটা পার্টি, মিস্টার রানা, বলল জুডিথ। যেতে না পারলে আফসোস থেকে যাবে, আবেদনের প্রলম্বিত স্বরে বলল সে, প্লী-ই-জ!

সকাল সাতটায় তুলে নেবে আমাকে, শুনতে পাচ্ছ, ল্যাম্পনি?

একসাথে হেসে উঠল ওরা সবাই। তারপর আমাকে এক পাইন্ট খাওয়াবার জন্যে চাঁদা তুলতে শুরু করল।

.

ভাল ঘুম হল না রাতে। কয়েকবার জেগে উঠলাম, ঘুমের মধ্যে অস্বস্তিকর একটা অস্থিরতা অনুভব করলাম এবং স্বপ্ন দেখলাম বার দুয়েক। আমি যেন পানিতে ডুব দিয়ে তুলে নিয়ে এসেছি সবুজ ক্যানভাসে মোড়া প্যাকেটটা, সেটা খুলতেই বেরিয়ে এল রাফেলা, সে আমাকে একটা জেট ফাইটার এয়ারক্রাফট দিল, কিন্তু হাতে নিতেই প্লেনটা একটা সবুজ পেঁপে হয়ে গেল। পেঁপের গায়ে তামাটে আঁচড়ের দাগ, ভাল করে লক্ষ করতেই অক্ষরগুলো চিনতে পারলাম আমিঃ

গগূী

মাঝরাতের পর তুমুল বৃষ্টি এল, সেই সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করল। বিদ্যুতের আলোয় বৃষ্টির পর্দার ওপারে পাম গাছের মাথা আর সৈকত দেখতে পাচ্ছি পরিষ্কার। ভোরে যখন সৈকতে এলাম তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বড় বড় ফোঁটাগুলো উদোম শরীরে লেগে ছিটকে ছড়িয়ে পড়ছে চারদিকে। ম্লান আলোয় কালো দেখাচ্ছে সাগরটাকে, তাকিয়ে দেখি সেই দূর দিগন্তরেখা পর্যন্ত ঝরছে বৃষ্টির ধারা। সাগরকে আলিঙ্গন করে অনেক দূর। পর্যন্ত গেলাম আমি–একা। রীফ ছাড়িয়ে আরও বহু দূর পর্যন্ত সাঁতার কাটলাম, তারপর ফিরে এলাম ধীরে ধীরে। অন্যান্যদিন এই পরিশ্রমের ফলে শরীর তাজা হয়ে ওঠে, আশ্চর্য একটা স্ফুর্তি আর উদ্যম অনুভব করি-আজ তা হল না। নীল হয়ে গেছে শরীর, ঠাণ্ডায় কাঁপছি। অস্বস্তি এবং অনিশ্চয়তার একটা ভারী চাপ দমিয়ে রেখেছে আমাকে।

ব্রেকফাস্ট শেষ করেছি, এই সময় কাদা ছড়াতে ছড়াতে এসে পৌঁছুল পিক-আপটা। এখনও জ্বলছে হেডলাইট দুটো। হেই, শালা বস, তুমি রেডি? গাড়ির ভেতর থেকে হাঁক ছাড়ল। ল্যাম্পনি।

তালপাতার টোপা মাথায় দিয়ে বৃষ্টিতে নামলাম, গাড়িতে উঠে। সেটাকে ঝুলিয়ে দিলাম বাগানের গেটের গায়ে। ভুর ভুর করে মদের গন্ধ বেরুচ্ছে ল্যাম্পনির মুখ থেকে, অকারণে হাসছে সে, চোখ দুটো এখনও একটু ঝাপসা।

আমি চালাব, ওকে বললাম।

দ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে যাবার পথে গতরাতের পার্টি সম্পর্কে বিশদ বিবরণ দিতে শুরু করল ল্যাম্পনি। ও যা বলল তার পঞ্চাশ ভাগও যদি সত্যি হয় তাহলে। ধরে নেয়া যেতে পারে নয় মাস পর সেন্ট মেরী দ্বীপে মহামারির আকারে সদ্যোজাত শিশুর প্রকোপ দেখা দেবে।

অন্যমনস্কভাবে শুনছি ওর কথা। অদ্ভুত সেই অস্বস্তি আর খুঁতখুঁতে ভাবটা শহরে ঢুকে আরও যেন বেড়ে গেছে আমার মধ্যে।

হেই, বস্, ছেলেমেয়েরা পিকআপ ধার দেয়ার জন্যে ধন্যবাদ দিতে বলেছে তোমাকে…

ঠিক আছে, ল্যাম্পনি।

জুডিথকে আমি জলকুমারীতে পাঠিয়ে দিয়েছি, বস্। সব গোছগাছ করে রাখবে ও। তোমার জন্যে কফিও তৈরি করে রাখবে।

তার কি দরকার ছিল?

ও নিজেই আগ্রহ দেখাল। গাড়িটা পেয়ে খুব খুশি হয়েছিল কিনা। বলল, তোমার বসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার।

ও খুব ভাল মেয়ে, অন্তর থেকে বললাম আমি।

ভালবাসি, খুব ভালবাসি ওকে, বলেই গান ধরল ল্যাম্পনি, আই লাভ দ্যাট গার্ল… 

পাহাড় সারি পেরিয়ে উপত্যকায় নামার সময় হঠাৎ প্রচণ্ড একটা কৌতূহলে আক্রান্ত হলাম আমি। সোজা ফ্রবিশার স্ট্রীটে নেমে বন্দরের দিকে যাবার কথা, কিন্তু তা না গিয়ে বা দিকে বাঁক নিয়ে পাক খেয়ে উঠে যাওয়া রাস্তাটা ধরলাম। দুর্গ আর হাসপাতাল ছাড়িয়ে পাহাড় ঘেরা চৌরাস্তায় পৌঁছুলাম, ওখান থেকে হিলটনের দিকে। গেটের সামনে গাড়ি থামিয়ে রিসেপশনে ঢুকলাম। এত সকালে কেউ নেই কোথাও, কাউন্টারের সামনে দাঁড়িয়ে উঁকি মেরে তাকালাম টেলিফোনরুমে। সুইচবোর্ডের সামনে বসে আছে মারিয়া।

আমাকে দেখে হাসল ও। এয়ারফোন দুটো কান থেকে নামিয়ে দ্রুত চলে এল কাউন্টারের সামনে। হ্যালো, মিস্টার রানা।

হ্যালো মারিয়া, মিস রাফেলা তার কামরায় আছেন কিনা জানো?

মুখের ভাব বদলে গেল মারিয়ার। উনি তো এক ঘন্টা আগে চলে গেছেন, মিস্টার রানা।

চলে গেছেন? মারিয়ার মুখের ওপর স্থির হয়ে গেল আমার দৃষ্টি।

হ্যাঁ। হোটেলের বাস ওকে পৌঁছে দিয়ে এসেছে। এয়ারপোর্টে। সাড়ে সাতটার প্লেন ধরার কথা ওর। সস্তা দামের জাপানী রিস্টওয়াচটা চোখের সামনে তুলল মারিয়া। দশ মিনিট আগে টেক-অফ করেছে প্লেন।

হতভম্ব হয়ে গেছি। এভাবে চলে যাবে রাফেলা তা আমি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারিনি। অনেকক্ষণ পর্যন্ত এর কোন অর্থই বুঝলাম না, তারপর হঠাৎ করেই ছ্যাঁৎ করে উঠল আমার বুক। ভয়ে কুঁকড়ে উঠল কলজেটা।

ওহ, মাই গড! নিজের অজান্তেই শিউরে উঠলাম আমি। জুডিথ! মারিয়ার হতভম্ব চেহারার সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে পাগলের মত ছুটে বেরিয়ে এলাম হোটেলের বাইরে।

আমাকে দেখেই গান থেমে গেল ল্যাম্পনির কণ্ঠে। শিরদাঁড়া খাড়া হয়ে গেল তার। গাড়ির খোলা দরজার দিকে লাফ দিলাম আমি, ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিলাম ইঞ্জিনে। পা দিয়ে পেডাল চেপে রেখে বন বন করে হুইল ঘুরিয়ে বাক নিলাম।

কি ব্যাপার, বস? তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছে আমাকে ল্যাম্পনি।

জুডিথ? জানতে চাইলাম গম্ভীরভাবে। কখন ওকে বোটে পাঠিয়েছ–কতক্ষণ আগে?

ওকে বোটে যাবার কথা বলে তোমাকে তুলে আনতে গিয়েছিলাম। কেন, বস্?

তুমি চলে আসার পরপরই কি রওনা হবার কথা ওর?

না। গোসল করে তারপর রওনা হবার কথা। কিছুই চেপে রাখছে না ল্যাম্পনি। রাতে একসাথে শুয়েছে ওরা, অন্য সময় হলে এ-খবরটা আমার কাছে গোপন রাখার চেষ্টা করত। পরিস্থিতিটা গুরুত্বপূর্ণ, এটুকু বুঝতে পারছে ও। ফার্ম থেকে রওনা দিয়ে উপত্যকা পেরোবার জন্যে হাঁটতে হবে। ঝর্নার ধারে একটা গৃহস্থ পরিবারে লজিং থাকে ল্যাম্পনি। ঝর্না থেকে বন্দর। হাঁটা পথে তিন মাইল।

খোদা, সময় থাকতে যেন পৌঁছুতে পারি! ফিসফিস করে বললাম। রাস্তা ধরে ঝড়ের বেগে উঠে যাচ্ছে পিকআপ। চৌরাস্তার কাছে বাঁক নেবার সময় এক দিকে সাংঘাতিক কাত হয়ে পড়ল গাড়ি, মুহূর্তের জন্যে মনে হল উল্টে যাচ্ছি আমরা।

হয়েছেটা কি, বস্? আরেকবার জানতে চাইল ল্যাম্পনি।

বাঁক নেয়া শেষ করে সিধে করলাম গাড়ি। শহরের মাথার ওপর থেকে গোল চক্কর খাওয়া রাস্তা ধরে সগর্জনে ধেয়ে নামার সময় ওকে বললাম, জুডিথ বোটে উঠলে সর্বনাশ হয়ে যাবে। যেভাবে হোক বাধা দিতে হবে ওকে।

আর কোন প্রশ্ন তুলে আমার মনোযোগ নষ্ট করল না ল্যাম্পনি। দীর্ঘদিন আমার সাথে থেকে কখন চুপ করে থাকতে হয় এবং কখন আমার নির্দেশ বিনা প্রতিবাদে মেনে নিতে হয় সে-বুদ্ধি অর্জন করেছে ও।

দুর্গ ছাড়িয়ে এসে গ্র্যাণ্ড হারবারের একটা অংশ দেখতে পাচ্ছি আমরা। দূর ব্যবধানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দ্বীপের অন্যান্য বোটের মাঝখানে এখনও নোঙর ফেলা অবস্থায় ভাসছে জলকুমারী। এবং জেটির মাথা থেকে ডিঙি নৌকো নিয়ে অর্ধেক দূরত্ব পেরিয়ে গেছে ইতিমধ্যে জুডিথ। এতদূর থেকেও নৌকোর গলুইয়ে বসা নারী মূর্তিটাকে পরিষ্কার চিনতে পারছি আমি। দৃঢ় এবং ছন্দবদ্ধভাবে বৈঠা চালাচ্ছে জুডিথ। দ্বীপের মেয়ে সে, একজন পুরুষ মানুষের মতই বৈঠা বায়।

ফেরানো যাবে না ওকে, বলল ল্যাম্পনি। আমরা জেটিতে পৌঁছুবার আগেই বোটে উঠে যাবে ও।

ফ্রবিশার স্ট্রীটের মাথায় পৌঁছে হর্নের বোতামে বাঁ হাতের তালু চেপে ধরলাম। কিন্তু যতই হর্ন বাজাই, রাস্তা পরিষ্কার করা অসম্ভব। আজ শনিবার, অর্থাৎ হাটবার। গ্রামবাসীরা গরুর গাড়ি আর ঠেলাগাড়ি নিয়ে নেমে এসেছে রাস্তায়। ভাগ্যকে ধিক্কার দিতে দিতে জটলার মধ্যে দিয়ে ধীর গতিতে এগোচ্ছি। জেটি পর্যন্ত আধমাইল পেরোতে মূল্যবান তিনটে মিনিট খোয়ালাম আমরা।

জলকুমারীর গায়ে নৌকো বেঁধেছে জুডিথ। মই বেয়ে উঠে যাচ্ছে সে। পরনে ওর এমারেল্ড গ্রীন রঙের শার্ট আর আঁটো। ডেনিম প্যান্ট। সদ্য স্নান করেছে ও, ভিজে কালো চুলগুলো ছড়িয়ে আছে পিঠে। অকস্মাৎ ব্রেক কষে পাইন অ্যাপল শেডের পাশে দাঁড় করালাম গাড়ি। তারপর আমি আর ল্যাম্পনি প্রাণপণে ছুটতে শুরু করলাম জেটির দিকে।

জুডিথ! চেঁচিয়ে ডাকলাম ওকে, নিজের গলার স্বরে আতঙ্কের রেশ অনুভব করে গায়ের রোম খাড়া হয়ে উঠল আমার। কিন্তু চিৎকারটা বন্দরের ওপার পর্যন্ত গিয়ে পৌঁছুল না।

পেছন দিকে না তাকিয়ে জলকুমারীর সেলুনে ঢুকে অদৃশ্য হয়ে গেল জুডিথ। উন্মাদের মত চিৎকার করছি আমরা, প্রাণপণে দৌড়ে পৌঁছে গেছি জেটির শেষ মাথায়। বাতাস ঝাপটা মারছে আমাদের মুখে, চিৎকারের আওয়াজ উল্টোমুখো বাতাসে বাধা পেয়ে পাঁচশো গজ দূরের জলকুমারী পর্যন্ত পৌচাচ্ছে না।

ওখানে একটা নৌকো! আমার কাঁধ খামচে ধরে টান মারল ল্যাম্পনি।

পাথরের বাঁধের গায়ে একটা রিঙের সাথে চেইন দিয়ে বাঁধা ডিঙি নৌকোটার দিকে ছুটলাম আমরা। আট ফুট উঁচু থেকে লাফ দিয়ে পড়লাম গলুইয়ের ওপর দুটো ভারী বস্তার মত। চেইনটার দিকে ডাইভ দিলাম আমি। কাঠের উঁচু-নিচু পাটাতনের সাথে ঘষা খেয়ে বুকের ছাল উঠে গেল খানিকটা। সিকি ইঞ্চি মোটা স্টীলের চেইন, রিঙের সাথে ভারী একটা তালা দিয়ে আটকানো।

চেইনটা দুই প্যাচ জড়িয়ে নিলাম কব্জিতে, বাধের গায়ে পা। রাখলাম একটা তারপর সবটুকু শক্তি দিয়ে হ্যাঁচকা টান মারলাম। তালাটা ভেঙে যেতেই পেছন দিকে ডিঙির তলায় পড়ে গেলাম।

রো-লকে ইতিমধ্যে বৈঠা ঢুকিয়ে দিয়েছে ল্যাম্পনি।

বাও! গলার রগগুলো চামড়ার ওপর ফুলে উঠল আমার, বজ্রকণ্ঠে চিৎকার করে বললাম ওকে, যত জোরে পার বৈঠা বাও, ল্যাম্পনি! জলকুমারীর দিকে তাকালাম, কালো মেঘের নিচে ভীতিকর দুঃস্বপ্নের মত লাগছে ওটাকে।

বো-তে দাঁড়িয়ে হাত দুটোকে চোঙের মত করে মুখের সামনে তুলে ধরেছি আমি, নাম ধরে ডাকছি জুডিথকে, চেষ্টা করছি বাতাসের বাধা ভেদ করে চিৎকারটাকে জলকুমারী পর্যন্ত পৌঁছে দিতে।

একাগ্রচিত্তে পাগলের মত বৈঠা চালাচ্ছে ল্যাম্পনি। ঝপাৎ করে পড়ছে বৈঠা পানিতে, পানি কাটার সময় গলুইয়ের ওপর প্রায় শুয়ে পড়ছে সে, পরমুহূর্তে ছেড়ে দেয়া স্প্রিঙের মত উঠে বসে ঝুঁকে পড়ছে সামনের দিকে। হাপরের মত শব্দ করে নিঃশ্বাস বেরিয়ে আসছে তার নাক দিয়ে প্রতিবার বৈঠা ফেলার সময়।

অর্ধেক দূরত্ব পেরিয়েছি, এইসময় ঘিরে ফেলল আমাদেরকে আরেক দফা তুমুল বৃষ্টি। মুখে আঘাত করছে বড় বড় ফোঁটা, চোখ কুঁচকে তাকিয়ে আছি জলকুমারীর দিকে।

ধূসর বৃষ্টির ঝালর প্রায় ঢেকে রেখেছে সামনেটা, সাগরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে জলকুমারীর দেহরেখা। তবে দ্রুত কমে আসছে দূরত্ব। আশা করতে শুরু করেছি গ্যালিতে ঢুকে গ্যাসের চুলোয় আগুন ধরাবার আগে নিশ্চয়ই জুডিথ ঝাড়া-মোছা আর গোছগাছের কাজ সারবে। ভাবছি, আমার আশঙ্কা যেন মিথ্যে হয়। রাফেলা আমার জন্যে একটা বিদায় উপহার রেখে গেছে, আমার এই ধারণা যেন ভুল হয়।

তবু গত সন্ধ্যায় রাফেলাকে বলা আমার কথাগুলো স্পষ্ট বাজছে কানে। আগে মেইন গ্যাস সিলিণ্ডারটা খুলতে হবে তোমাকে। কাজ শেষ করে ওগুলো বন্ধ করতে ভুলো না যেন আবার, তা নাহলে গোটা বোট একটা গ্যাস বোমা হয়ে যাবে।

জলকুমারীর আরও কাছে চলে এসেছি, কিন্তু এখনও ঝাপসা দেখাচ্ছে তাকে, বৃষ্টির ফোঁটাগুলোর শেষ মাথায় ঝুলছে যেন, পাক খেয়ে নেমে আসা কুয়াশার ভেতর কি এক অচেনা অপার্থিব সাদা বস্তু।

জুডিথ! এখন আমার চিৎকার শুনতে পাবার কথা জুডিথের, এতটা কাছে চলে এসেছি আমরা। পঞ্চাশ পাউণ্ডের দুটো গ্যাস। সিলিণ্ডার রয়েছে বোটে, বড়সড় একটা ইট-সিমেন্টের তৈরি বাড়ি ধূলিসাৎ করার জন্যে যথেষ্ট। বাতাসের চেয়ে বেশি ভারী গ্যাস, একবার যদি বেরিয়ে আসতে পারে, নিচে নেমে স্থির হয়ে চুপচাপ জমে থাকবে। গ্যাস আর বাতাসে ভরাট হয়ে সাংঘাতিক বিস্ফোরকে পরিণত হবে বোটের পুরো খোলটা। দরকার শুধু আগুনের একটা কণা।

জুডি…

অকস্মাৎ জলকুমারী এবং তার সাথে আমার মাথার ভেতরটা বিস্ফোরিত হল।

এটা একটা আগ্নেয় বিস্ফোরণ, বোট থেকে লাফ দিয়ে উঠল। গাঢ় নীল আগুনের লকলকে প্রকাণ্ড জিভ। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় নিশ্চিহ্ন হয়ে গেল খোলটা, বিকট কড়াক শব্দে দুফাঁক হয়ে গেল সুপারস্ট্রাকচার, খোলের ওপর মস্ত এক ঢাকনির মত। খুলে যাচ্ছে সেটা।

মরণ-আঘাতে ঝাঁকি খেয়ে পিছিয়ে যাচ্ছে জলকুমারী। ঝড়ো বাতাসের মত ধাক্কা মারল আমাদের চোখেমুখে আগুনের আঁচ। বজ্রাঘাতে লোহা আর পাথর পোড়ার কটু গন্ধে ভারী হয়ে উঠেছে। বাতাস।

আমার চোখের সামনে দেখতে পাচ্ছি অসহায়ভাবে অসহ্য যন্ত্রণায় ভুগে মারা যাচ্ছে জলকুমারী। ছিন্নভিন্ন, প্রাণহীন খোলটা ধসে পড়েছে, ঠাণ্ডা পানি কলকল করে ঢুকে যাচ্ছে তার ভেতরে। ভারী ইঞ্জিন দুটো দ্রুত তাকে নামিয়ে নিয়ে গেল পানির নিচে। এইমাত্র ছিল, কিন্তু এখন আর নেই সে, এ্যাণ্ড হারবারের ধূসর পানি গ্রাস করেছে তাকে।

বেসামালভাবে দুলছে ডিঙি নৌকোটা, আমি আর ল্যাম্পনি আতঙ্কে পাথর হয়ে হামাগুড়ি দিয়ে পড়ে আছি পাটাতনের ওপর, বিস্ফারিত চোখে বিধ্বস্ত বোটের ভেঁড়াভাঙা টুকরো আলোড়িত পানিতে ভাসতে দেখছি-প্রিয় একটা বোট এবং অপরূপ এক যুবতীর এইটুকুই যা অবশিষ্ট। বিশাল এবং প্রচণ্ড ভারী একটা রিক্ততা চেপে বসেছে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে-ক্ষোভে, দুঃখে, রাগে, ঘৃণায় দুনিয়া কাঁপিয়ে চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছা করল আমার, কিন্তু শরীরের প্রতিটি পেশী পঙ্গু হয়ে গেছে, চিৎকার করা তো দূরের কথা একচুল নড়তে পারলাম না আমি।

তীব্র একটা ঝাঁকি খেল ল্যাম্পনি, যেন এতক্ষণে বিস্ফোরণের ধাক্কাটা লাগল তাকে। লাফ দিয়ে সটান দাঁড়িয়ে পড়ল সে, আহত পশুর মত কাতর ধ্বনি বেরিয়ে এল তার মুখ থেকে। উদভ্রান্তের মত ছুটে পানিতে পড়তে যাচ্ছে সে, দেখেই বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। ওকে ধরে ফেললাম, নিজের বুকের সাথে পিষে ধরে রাখলাম।

ছাড়ো আমাকে, পাগলের মত আমার কপালে মাথা ঠুকছে ল্যাম্পনি। ধাক্কা লেগে মাথার ভেতর মগজ পর্যন্ত নড়ে উঠল আমার। আমি ওর কাছে যাব…আমাকে ওর কাছে যেতে দাও!

না, টালমাটাল নৌকোর ওপর ধস্তাধস্তি করছি আমরা। কোন লাভ নেই, ল্যাম্পনি। 

চল্লিশ ফুট পানির নিচে জলকুমারীর বিধ্বস্ত খোল পড়ে আছে। এখন, সেখানে যদি পৌঁছুতেও পারে ল্যাম্পনি, যা দেখতে পাবে তাতে পাগল না হয়ে উপায় থাকবে না ওর। বিস্ফোরণের ঠিক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ছিল জুডিথ, আগ্নেয় বিস্ফোরণের পুরো ধাক্কা এবং ভয়ঙ্কর উত্তাপের শিকার হয়েছে সে।

ছাড়ো আমাকে, ওর কাছে যাব আমি! একটা হাত ছাড়িয়ে নিয়ে আমার মুখ লক্ষ্য করে ঘুসি চালাল ল্যাম্পনি। আঘাতটা আসছে দেখতে পেয়ে দ্রুত একপাশে সরিয়ে নেবার চেষ্টা করলাম মাথাটা। নাকের পাশে লেগে পিছলে গেল ঘুসিটা। বুঝতে পারছি, এখুনি ওকে শান্ত করতে না পারলে বিপদ হবে। ল্যাম্পনিকে মরতে বা পাগল হতে দিতে পারি না আমি। 

যে-কোন মুহূর্তে উল্টে যাবে নৌকোটা। আমার চেয়ে চল্লিশ পাউণ্ড হালকা হলে কি হবে, বুনো ষাঁড়ের মত শক্তি এসে গেছে ওর শরীরে, পারছি না আমি ওর সাথে। জুডিথের নাম ধরে ডাকছে এখন ও।

জুডিথ! আসছি, অপেক্ষা করো…জুডিথ। ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিয়ে চিৎকার করছে ল্যাম্পনি। ওর কাঁধ খামচে ধরা ডান হাতটা তুলে নিলাম, অপর হাত দিয়ে বুকে ধাক্কা মেরে সামনে থেকে ওকে সরিয়ে দিলাম একটু, তারপর ওর বাঁ কানের নিচে মারলাম ঘুসিটা। মুহূর্তে স্থির হয়ে গেল সে, জ্ঞান হারিয়ে ফেলেছে। ধরে ফেললাম ওকে। ধীরে ধীরে নামালাম শরীরটা পাটাতনের ওপর। তারপর সুষ্ঠু ভঙ্গিতে শুইয়ে দিলাম। পেছন দিকে একবারও না তাকিয়ে বৈঠা চালিয়ে ফিরে এলাম জেটিতে। সম্পূর্ণ অথর্ব আর নিঃস্ব লাগছে নিজেকে আমার।

ল্যাম্পনিকে কাঁধে ফেলে নিয়ে জেটির শেষ মাথায় পৌঁছুলাম। ওর কোন ওজনই অনুভব করছি না আমি। ওকে গাড়িতে তুলে নিয়ে পৌঁছুলাম হাসপাতালে। ডিউটিতে পেলাম ডাক্তার ডানিয়েলকে, কিন্তু সে আমার সাথে তর্ক জুড়ে দিল।

এই শেষবার বলছি, তাকে জানালাম আমি, এমন একটা ওষুধ দাও ল্যাম্পনিকে যাতে চব্বিশ ঘন্টার আগে ঘুম না ভাঙে ওর। কেন, সে-কথা জানতে চেয়ো না।

দেখ, মিস্টার রানা… আবার শুরু করল সে, …আমি একজন সরকারী ডাক্তার, নিয়ম মেনে চলতে হয় আমাকে…

এক পা এগোলাম ডানিয়েলের দিকে। বেশ, এসো, তোমাকেই তাহলে ঘুম পাড়িয়ে দিই…

আত্মরক্ষার ভঙ্গিতে সামনে দুহাত তুলে পিছিয়ে গেল সে, কাঁপা গলায় ডিউটি সিস্টারকে ডেকে ইঞ্জেকশন আনতে পাঠিয়ে দিল।

<

Super User