নিরোর কামরায় ঠিক যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই পেলাম চিঠিটা। বাথরুমে যাবার আগে আরেকবার পড়লাম সেটা। কাগজটার মার্জিনে পেন্সিলের দাগটানা নোটটা বিমূঢ় করে তুলেছে আমাকে। B. Mus. E 6914 (8)-কি অর্থ এটার, দাড়ি কামাতে বসে ভাবছি।
বৃষ্টি থেমে গেছে, প্রায় পরিষ্কার হয়ে এসেছে আকাশ। নিচে। নেমে কিচেনে ঢুকে দেখি ব্রেকফাস্ট তৈরি করছে রাফেলা।
হাতের কি অবস্থা?
জ্বালা-পোড়া শুরু হয়েছে আবার, স্বীকার করল ও।
লণ্ডনে যাবার পথে একজন ডাক্তারকে দেখাতে হবে।
কে বলল তোমাকে লণ্ডন যাচ্ছি আমি? টোস্টে মাখন লাগাচ্ছে রাফেলা, খুব সাবধানে প্রশ্নটা করল ও।
কেউ বলেনি, দুটো কারণে বুঝতে পারছি যেতে হবে তোমাকে।
যেমন?
এখানে তোমার থাকা উচিত নয়, নেকড়ের দল আবার ফিরে আসবে, দ্রুত মুখ তুলে তাকাল আমার দিকে, কিন্তু কিছু বলল না। আরেকটা কারণ, আমাকে তুমি সাহায্য করবে বলে কথা দিয়েছ-এখন সূত্র অনুসরণ করতে হলে লণ্ডনে যেতে হয়।
কি সূত্র পেয়েছ তুমি?
ব্রেকফাস্টে বসে নিরোর ফাইল থেকে পাওয়া চিঠিটা দেখালাম ওকে।
যোগসূত্রটা কোথায় তা তো বুঝছি না, মোটেও উৎসাহ দেখাল না ও।
আমার কাছেও ঠিক পরিষ্কার নয় ব্যাপারটা, খোলাখুলি স্বীকার করলাম। চুরুট ধরিয়ে ধোঁয়া ছাড়লাম একমুখ, প্রতিক্রিয়া হল জাদুমন্ত্রের মত। কিন্তু ভোরের আলো শব্দ দুটো দেখামাত্র চমকে উঠেছি আমি… হঠাৎ চুপ করে গেলাম। মাই গড! রুদ্ধশ্বাসে প্রায় চেঁচিয়ে উঠলাম তারপর। ইউরেকা! পেয়েছি। ভোরের আলো!
মানে?
কিছু একটা বলল রাফেলা, কিন্তু কি বলল সেদিকে মনোযোগ নেই আমার এই মুহূর্তে। জলকুমারীর ব্রিজে ভেন্টিলেটারের নিচে দাঁড়িয়ে আড়ি পেতে শুনছিলাম নিরো আর ব্ল্যাঙ্কের কথাবার্তা।
ভোরের আলো পেতে হলে… নিরোর উত্তেজিত কণ্ঠস্বর, পরিষ্কার বাজছে এখনও কানে।
ব্যস্ততার সাথে ব্যাখ্যা করতে চেষ্টা করছি ব্যাপারটা, হঠাৎ হেসে উঠল রাফেলা। আমার উত্তেজনার ছোঁয়া ওকেও লেগেছে, কিন্তু তাড়াহুড়োর সাথে কি বলছি তার কিছুই বুঝতে পারছে না ও। এই, প্রতিবাদের সুরে বলল ও, ভেবেচিন্তে, ধীরেসুস্থে বুঝিয়ে বলো।
আবার শুরু করলাম নতুন করে, কিন্তু অর্ধেকটা ব্যাখ্যা করে চুপ করে গেলাম, নিঃশব্দে তাকিয়ে আছি ওর দিকে।
আবার কি হল? কিছুটা কৌতুক, কিছুটা হাল ছেড়ে দেয়ার ভঙ্গিতে জানতে চাইল ও। আমাকেও তুমি পাগল করে ছাড়বে দেখছি।
রুটি কাটার ছুরিটা ছোঁ মেরে তুলে নিলাম টেবিল থেকে। ঘন্টাটার কথা মনে আছে তোমার? যেটার কথা বলেছিলাম তোমাকে? গানফায়ার রীফ থেকে যেটা তুলেছিল নিরো?
হ্যাঁ, মনে আছে। ঢং ঢং করে বাজছে নাকি ওটা, শুনতে পাচ্ছ?
হাসছি না ওর রসিকতায়। বললাম, তোমাকে বলেছিলাম বেলটার গায়ে খোদাই করা কিছু অক্ষর আছে, তার বেশির ভাগই খেয়ে ফেলেছে বালি।
ভুরু কুঁচকে উঠল রাফেলার। এতক্ষণে গুরুত্ব দিচ্ছে আমার কথায়। হ্যাঁ। বলে যাও।
মাখনের বড় টুকরোর গায়ে ছুরি দিয়ে লিখলাম–VVN L–ঠিক ব্রোঞ্জের গায়ে যেভাবে খোদাই করা দেখেছি অক্ষর চারটে।
আধ-খাওয়া অক্ষরগুলো ঠিক এই রকম দেখতে, বললাম ওকে। তখন এর কোন অর্থ বুঝতে পারিনি। কিন্তু এখন… দ্রুত বাকি অক্ষরগুলো জায়গা মত বসিয়ে শব্দ দুটো পূরণ করলাম, ফলে শব্দ দুটো দাঁড়াল এই রকম-DAWN LIGHT. মানে, ভোরের আলো।
বিস্মিত দৃষ্টিতে শব্দ দুটোর দিকে তাকিয়ে আছে রাফেলা। তারপর মাথা ঝাঁকাল সে, মিলটা দেখতে পেয়েছে।
এই ভোরের আলো নামের জাহাজটা সম্পর্কে জানতে হবে আমাদেরকে।
কিভাবে তা জানা সম্ভব?
সহজেই। এরইমধ্যে জেনেছি আমরা ভোরের আলো একটা ভারতীয় মালবাহী জাহাজ-ঈস্ট ইণ্ডিয়াম্যান-নিশ্চয়ই এর রেকর্ড কোথাও না কোথাও পাওয়া যাবে। দ্য বোর্ড অভ ট্রেড, লয়েডস। রেজিস্টার-খোঁজ নিলেই জানা যাবে।
আমার হাত থেকে চিঠিটা নিয়ে আরেকবার পড়ল ও। সৌখিন কর্নেল গুডচাইল্ড সম্ভবতঃ নোংরা মোজা আর পুরানো শার্ট পাঠিয়েছিল জাহাজে করে। তাচ্ছিল্যের সাথে ঠোঁট বাঁকাল ও, চিঠিটা ফিরিয়ে দিল আমাকে।
সুখবর, বললাম ওকে। পায়ে দেয়ার জন্যে কিছু মোজা দরকার আমার।
.
ভাড়াটে কৃষক লোকটাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমার সাথে রওনা হয়ে গেল রাফেলা। হালকা একটা স্যুটকেসে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ক্রাইসলারে ওঠার সময় বলল, মজার ব্যাপার কি জানো, কেন যেন মনে হচ্ছে দীর্ঘ একটা যাত্রার সূচনা হল আজ আমার।
চোখ মটকে বললাম, তোমাকে নিয়ে আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে বটে।
দেখে তোমাকে যাই মনে হোক, হতাশ ভঙ্গিতে বলল ও, আসলে লোক তুমি ভাল নও।
পথে গাড়ি দাঁড় করালাম একটা ডাক্তারখানার সামনে। হাতের অবস্থা খারাপ হয়ে উঠেছে রাফেলার। সাদা মোটা পানি ভর্তি থলির মত ফোস্কা পড়েছে আঙুলের উল্টো পিঠে। থলিগুলো খালি করে আবার ব্যাণ্ডেজ বেঁধে দিল ডাক্তার।
জ্বালা-যন্ত্রণা বেড়ে গেল আরও, অভিযোগের সুরে একবার বলল রাফেলা। উত্তর দিকে ছুটছে আমাদের গাড়ি। বুঝতে পারছি, ব্যথায় কষ্ট পাচ্ছে ও। কিন্তু কোন শব্দ করছে না আর। ওর এই মৌনতাকে শ্রদ্ধা করতে শুরু করলাম আমি।
শহরে ঢুকে ছোট্ট একটা তর্কবিতর্কের পর ঠিক হল রাফেলা তার এক নিঃসঙ্গ কাকার বাড়িতে উঠবে। আমি উঠব কাছাকাছি একটা পাবে। একটা টেলিফোন বুদ থেকে ওর কাকাকে ফোন করল ও, গাড়িতে ফিরে এসে বলল, কাকা বাড়িতেই আছেন, আমি এসেছি শুনে খুব খুশি হয়েছেন।
নদীর কাছে নির্জন একটা রাস্তার ধারে ছোট্ট একটা একতলা বাড়ি। রাফেলার স্যুটকেসটা বয়ে নিয়ে যাচ্ছি আমি। কলিং বেলের বোতামে চাপ দিচ্ছে ও।
এক ভদ্রলোক দরজা খুলে দিলেন, তাঁকে দেখেই কেন যেন সতর্ক হবার প্রয়োজন বোধ করলাম আমি। ছোটখাট, হালকা গড়নের মানুষটা, বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই করছে, খয়েরি রঙের একটা কার্ডিগান পরে আছেন, পায়ে কার্পেট স্লিপার। কিন্তু ঘরোয়া পরিবেশ এবং পোশাকের সাথে সম্পূর্ণ বেমানান লাগছে তাঁর জং ধরা লোহার মত লালচে মাথার চুল এবং ছোট্ট গোঁফদুটোরই অস্বাভাবিক যত্ন নেয়া হয়েছে। গায়ের রঙ পরিষ্কার। কিন্তু চোখের স্থির শ্যেনদৃষ্টি এবং উঁচু কাঁধ সাবধান করে দিল আমাকে। প্রকট নয়, কিন্তু ভদ্রলোক যে আশ্চর্য সচেতন হয়ে আছেন তা ধরা পড়ল আমার চোখে।
আমার কাকা, রিচার্ড বার্ড, পরিচয় করিয়ে দেবার জন্যে একপাশে সরে দাঁড়াল রাফেলা, আঙ্কেল, ইনি মাসুদ রানা।
ঝট করে মাথা নাড়লেন ভদ্রলোক। হুঁ–এর কথাই বলছিলে তুমি? আঙ্কেল বার্ডের হাতটা শক্ত আর শুকনো, চোখের দৃষ্টি সুচের মত বিঁধছে আমার মুখে। এসো। দুজনেই ভেতরে এসো।
আপনাকে আর বিরক্ত করব না, স্যার…, সেনাবাহিনীতে ছিলাম, তাই কাকে স্যার সম্বোধন করতে হয় তা ভালই জানা আছে আমার। তাছাড়া, নিজের জন্যে একটা ঘাটি খুঁজে বের করতে হবে আমাকে।
রাফেলা এবং আঙ্কেল বাৰ্ড দৃষ্টি বিনিময় করল, এবং প্রায় ধরা যায় না এমনভাবে এদিক-ওদিক মাথা নেড়ে কোন ব্যাপারে যেন আঙ্কেলকে নিষেধ করল রাফেলা। ওদেরকে ছাড়িয়ে চলে গেছে আমার দৃষ্টি। ড্রয়িংরুমের আসবাবপত্রগুলো সস্তাদরের, মোটেও আরামদায়ক নয়, এবং সাজাবার ভঙ্গিতে পুরুষালী ছাপ স্পষ্ট। আঙ্কেল বার্ড সম্পর্কে আমার প্রথম ধারণাটাই দৃঢ় হল আরও। এর কাছ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে, পরিষ্কার জানিয়ে রাখলাম নিজেকে।
লাঞ্চের জন্যে এক ঘন্টা পর তুলে নেব তোমাকে, রাফেলা, বললাম আমি। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে ক্রাইসলারে এসে উঠলাম।
রাস্তার শেষ মাথায় উইণ্ডসোর আর্মস পাব, রাফেলার কথা মত আঙ্কেল বার্ডের নাম করতেই অত্যন্ত ব্যস্তভাবে ম্যানেজার পেছন দিকের একটা সুন্দর কামরা দিল আমাকে। কাপড়চোপড় ছেড়েই বিছানায় শুয়ে পড়লাম আমি, জানালা দিয়ে আকাশ আর টেলিভিশনের এরিয়াল দেখছি, বার্ড পরিবার এবং তাদের আত্মীয়ের কথা ভাবছি।
একটা ব্যাপারে কোন সন্দেহ নেই, এই দুই নাম্বার রাফেলাকে কোনভাবে গায়েব হয়ে যেতে দিচ্ছি না আমি। কিন্তু ওর অনেক ব্যাপার এখনও পরিষ্কার বুঝছি না-মনটা খুঁতখুঁত করছে। পবিত্র এবং সরল চেহারার ভেতর সম্ভবত জটিল একটা চরিত্র ও, থই পাচ্ছি না আমি। তবে, তল্লাশি চালিয়ে জানতে পারলে সেটা ইন্টারেস্টিং কিছু একটা হবে বলেই মনে হচ্ছে।
চিন্তাভাবনা ঝেড়ে ফেলে উঠে বসলাম। লয়েডস রেজিস্টার অভ শিপিং, ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ম এবং সবশেষে ইণ্ডিয়ান অফিস লাইব্রেরিতে তিনটে ফোন করলাম। তারপর হেঁটে ফিরে এলাম আঙ্কেল বার্ডের বাড়িতে। লণ্ডনে গাড়ি ব্যবহারে সুবিধের চেয়ে অসুবিধে বেশি।
পোশাক পাল্টে আমার জন্যে তৈরি হয়ে অপেক্ষা করছিল রাফেলা, কলিং বেল টিপতেই বেরিয়ে এল ও।
আঙ্কেলকে পছন্দ হয়নি তোমার। ঠিক ধরেছি কিনা? লাঞ্চ টেবিলের ওদিক থেকে চ্যালেঞ্জ করল আমাকে ও।
সম্পূর্ণ এড়িয়ে গেলাম চ্যালেঞ্জটা, বললাম, ফোন করে জেনেছি ওয়াটারলুর কাছে ইণ্ডিয়া অফিস লাইব্রেরিতে সন্ধান নিতে হবে আমাদেরকে। লাঞ্চ শেষ করে ওখানে যাব আমরা।
মেলামেশা করলে বুঝবে আঙ্কেল আসলে খুব ভাল লোক।
দেখ, প্রিয় বান্ধবী, উনি তোমার আঙ্কেল, তোমারই থাকুন–আমার ঘাড়ে চাপাবার চেষ্টা কোরো না।
কিন্তু কেন, রানা? ওকে ভয় পাচ্ছ কেন তুমি? কৌতূহল লাগছে আমার।
পেশাটা কি ওঁর? স্থল, নাকি নৌ-বাহিনীতে আছেন?
স্থির দৃষ্টিতে কয়েক সেকেণ্ড তাকিয়ে থাকল রাফেলা আমার মুখের দিকে। তারপর বলল, তুমি জানলে কিভাবে?
হাজার লোকের ভিড় থেকেও ওদেরকে চিনতে পারি আমি।
আর্মিতে ছিলেন, রিটায়ার করেছেন-কিন্তু তাতে কি?
কোনটা পছন্দ তোমার? আবার প্রসঙ্গটা এড়িয়ে যাবার চেষ্টা করছি আমি, মেনুটা বাড়িয়ে দিয়ে বললাম ওকে, তুমি রোস্টেড বীফ নিলে আমি ডাক নেব।
নিঃশব্দে কাঁধ ঝাঁকাল ও, প্রসঙ্গটা তুলল না আর।
ইণ্ডিয়া অফিস লাইব্রেরিতে পৌঁছে খাতায় সই করে ভিজিটরস কার্ড সংগ্রহ করলাম আমরা। তারপর ক্যাটালগরুম হয়ে মেরিন। সেকশনে ঢুকলাম। আমাদেরকে সাহায্য করতে এগিয়ে এল পকৃকেশী বৃদ্ধা লাইব্রেরিয়ান, তাকে আমি অনারেবল কোম্পানির জাহাজ ভোরের আলো খুঁজে বের করে দেবার অনুরোধ জানালাম। বৃদ্ধা আমাদেরকে হতচকিত করে দিয়ে মই বেয়ে উঠে গেল একেবারে সেই সিলিংয়ের কাছে। সার সার ইস্পাতের শেলফ, সেগুলো দেখতে দেখতে বাঁক নিয়ে চোখের আড়ালে হারিয়ে গেল সে। নেমে এল মোটাসোটা একটা ফাইল বগলদাবা। করে আধঘন্টা পর। কার্ড-বোর্ডের একটা ফোল্ডার দিল আমাকে, বলল, এখানে সই করতে হবে। মজার ব্যাপার কি জানো, এক বছরেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দুবার চাওয়া হল ফাইলটা।
সবচেয়ে নিচের সইটার দিকে একদৃষ্টিতে কয়েক সেকেও তাকিয়ে থাকলাম আমি। এখানে নিরো তার পুরো নাম লিখেছে জেমস নিরো বার্ড। ওর সইয়ের নিচে রয় পিয়ারসন লেখার সময় ভাবলাম নিরোকে নির্ভুলভাবে অনুসরণ করে যাচ্ছি আমরা।
নির্জন এক কোণে চলে এলাম আমরা। পাশাপাশি বসলাম টেবিলে। একটা চুরুট ধরিয়ে খুললাম ফাইলটা।
ব্ল্যাকওয়াল ফ্রিগেট নামে পরিচিত টাইপের একটা জাহাজ ছিল ভোরের আলো, উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ঈস্ট ইণ্ডিয়া কোম্পানির অর্ডার মোতাবেক সাণ্ডারল্যাণ্ড-এর ব্ল্যাকওয়াল ইয়ার্ডে তৈরি; বহন ক্ষমতা এক হাজার তিনশো ত্রিশ নেট রেজিস্টার টন। পানির ওপর দৈর্ঘ্য ছিল দুইশো ছাব্বিশ ফুট, বীম ছাব্বিশ ফুট। বীম এত সরু যার, তার গতি খুব দ্রুত হওয়ার কথা, কিন্তু বাতাসের ধাক্কা বা বড় ঢেউয়ের আঘাতে বেসামাল হওয়ার সম্ভাবনাও তেমনি বেশি।
আঠারোশো বত্রিশ সালে প্রথমবার পানিতে নামার পর থেকে বারবার বিপদের মধ্যে পড়তে হয় ভোরের আলোকে।
বিভিন্ন ধরনের কোর্ট অভ এনকয়েরীর রিপোর্ট রয়েছে ফাইলটায়। ভোরের আলোর প্রথম ক্যাপ্টেনের নাম হগ। হুগলী নদীতে ডায়মণ্ড হারবারের ব্যাঙ্কে আছাড় খাওয়ায় সে ভোরের আলোকে। কোর্ট অভ এনকয়েরী তাকে বরখাস্ত করে, কারণ দুর্ঘটনার সময় মদ খেয়ে মাতাল সে।
এরপর আঠারোশো চল্লিশ সালে আবার দুর্ঘটনা ঘটে। সাউথ আটলান্টিক পাড়ি দেবার সময় ডগ ওয়াচে ছিল একজন সিনিয়র মেট, তার গাফিলতির জন্যেই ভোরের আলোতে চড়াও হবার সুযোগ পায় উন্মত্ত সাগর। এই হামলায় জাহাজের সমস্ত মাস্তুল ভেঙে পড়ে। অসহায়ভাবে ঘুরপাক খাচ্ছিল, এই সময় তাকে আবিষ্কার করে একটা ডাচ জাহাজ। টেনে নিয়ে আসা হয় টেবল বে-তে। স্যালভেজ কোর্ট বারো হাজার পাউণ্ড পুরস্কার দানের কথা ঘোষণা করে।
আঠারোশো ছেচল্লিশ সালে আরেক দুর্বিপাকের শিকার হয়। ভোরের আলো। ঝঞঝা বিক্ষুব্ধ নিউগিনি উপকূলে নোঙর ফেলেছিল সে, তার অর্ধেক ক্রু ছিল তীরে, সেখানে তারা একদল নরখাঁদক আদিম উপজাতিদের কবলে পড়ে। তেষট্টিজন ক্রুর সবাই তাদের ভোজ্যবস্তুতে পরিণত হয়।
তারপর আঠারোশো সাতান্ন সালের তেইশে সেপ্টেম্বরে বোম্বে থেকে সেন্ট মেরী, দ্য কেপ অভ গুড হোপ, সেন্ট হেলেনা এবং দ্য পুল অভ লণ্ডনের উদ্দেশে রওনা হয় সে।
তারিখের নিচে আঙুল রাখলাম আমি। এই ভয়েজের কথাই তার চিঠিতে উল্লেখ করেছে কর্নেল গুডচাইল্ড।
নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে সমর্থন করল আমাকে রাফেলা।
কিন্তু সেন্ট মেরীতে পৌঁছায়নি ভোরের আলো-মাঝপথে কোথাও অদৃশ্য হয়ে যায় সে। তিনমাস পর ধরে নেয়া হয় সাগরে হারিয়ে গেছে চিরতরে।
জাহাজটা ছোট হলে কি হবে, প্রচুর কার্গো বহন করছিল সে। মেনিফেস্টে তার একটা হিসেবও রয়েছে।
তিনশো চৌষট্টি কেস চা
চারশো
চুরানব্বই হাফ-কেস চাà
মোট বাহাত্তর টন
মেসার্স দানবার অ্যাও গ্রীনের কার্গো।
———————–
একশো এক কেস চাà মোট পঁয়ষট্টি টন।
——————–
ছয়শো আঠারো কেস চাà মেসার্স সিম্পসন, এলি অ্যাও
লিভিংস্টনের কার্গো।
——————-
পাঁচশো সাতাত্তর বেল সিল্কà মোট বিরাশি টন
মেসার্স
এলডার অ্যাণ্ড কোম্পানির কার্গো।
——————
পাঁচ কেস পণ্যà মোট চার টন
কর্নেল স্যার রজার গুডচাইল্ডের
কার্গো।
——————
ষোলো কেস পণ্যà মোট ছয় টন।
মেজর জন কটনের কার্গো।
———————
দশ কেস পণ্যà মোট
দুই টন
লর্ড এলটনের কার্গো।
—————-
ছাব্বিশ বাক্স বিভিন্ন মশলাà মোট দুই টন।
মেসার্স
পলসন অ্যান্ড কোম্পানির কার্গো।
নিঃশব্দে মেনিফেস্টের চার নাম্বার আইটেমের ওপর আঙুল রাখলাম আমি, আবার মাথা ঝাঁকিয়ে সায় দিল রাফেলা।
ভোরের আলো অদৃশ্য হয়ে যাবার চারমাস পর অপ্রত্যাশিতভাবে নতুন একটা মোড় নিল ঘটনা। আঠারোশো আটান্ন সালের এপ্রিল মাসে ঈস্ট ইণ্ডিয়াম্যান ওয়ালমার ক্যাসেল ভোরের আলোর বেঁচে যাওয়া কয়েকজন ক্রু এবং যাত্রীকে নিয়ে ইংল্যাণ্ডে পৌঁছুল।
সংখ্যায় ছয়জন ছিল ওরা। ফার্স্ট মেট এনডু বারলো, একজন স্টোরম্যানের মেট, এবং তিনজন পদস্থ নাবিক। এক মেজরের মেয়ে, একুশ বছরের যুবতী মিস শার্লোট কটন প্যাসেঞ্জার হিসেবে দেশে ফিরছিল, বেঁচে যাওয়া দলের সাথে এ-ও ছিল।
কোর্ট অভ এনকয়েরির সামনে আত্মপক্ষ সমর্থন করে সাক্ষ্য দেয় ফার্স্ট মেট বারলো। নীরস ব্যাখ্যা, একঘেয়ে প্রশ্ন এবং সতর্ক উত্তরের ভেতর নিহিত রয়েছে সাগরের উত্তেজনাপূর্ণ এক আশ্চর্য রোমান্টিক গল্প, বাঁচার আকুতি এবং জাহাজ ডুবির মহাকাব্য।
বোম্বে ত্যাগ করার চোদ্দ দিন পর দক্ষিণ-পুব দিক থেকে ধাবিত প্রলয়ঙ্করী একটা ঝড়ের মুখে পড়ে ভোরের আলো। উন্মত্ত ঝড়টা ভোরের আলোকে দাঁতে কামড়ে নিয়ে একনাগাড়ে সাতদিন ছুটে চলে। প্রায় সমস্ত মাস্তুল ভেঙে যায় তার। এবং অবশেষে যখন সামনে তীরভূমির দেখা পাওয়া যায় তখন জাহাজটাকে রক্ষা করার শেষ আশাটুকুও দপ করে নিভে যায়। তীব্র ঝড় এবং তুখোড় স্রোত তাকে ঠেলে নিয়ে চলে একটা মাথা উঁচু রীফ-এর দিকে, যেখানে পাহাড় সমান উঁচু সফেন ঢেউ বজ্রপাতের বিকট শব্দে আছাড় খেয়ে বিধ্বস্ত হচ্ছে।
রীফের সাথে ধাক্কা খেয়ে কিভাবে যেন আটকে যায় ভোরের আলো। ফার্স্ট মেট বারলো তার বারোজন ক্রুর সাহায্যে একটা বোট নামাতে সমর্থ হয়। মিস শার্লোটসহ চারজন প্যাসেঞ্জার এবং বারোজন ক্রুকে নিয়ে বোটে নামে বারলো। নাবিক হিসেবে তার আশ্চর্য দক্ষতা এবং ভাগ্যের বিস্ময়কর আনুকূল্যের সাহায্যে ফার্স্ট মেট উন্মত্ত সাগর এবং মৃত্যু ফাঁদ-বহুল রীফ-এর মাঝখান দিয়ে একটা পথ করে নিতে সমর্থ হয়, বোট নিয়ে পৌঁছুতে পারে। ইনশোর চ্যানেলের অপেক্ষাকৃত শান্ত পানিতে।
অবশেষে তারা একটা দ্বীপে গিয়ে ওঠে। এখানে তারা চারদিন সংগ্রাম করে সাইক্লোনটার সাথে।
সেই দ্বীপে তিনটে পাহাড় চূড়া দেখতে পায় বারলো। তার অসম সাহসের তুলনা পাওয়া ভার। ঝড় উপেক্ষা করে সর্বদক্ষিণ প্রান্তের চূড়ার মাথায় একা ওঠে সে। দ্বীপ, চূড়া এবং চূড়া থেকে রীফ-এর যে বর্ণনা পরে দিয়েছে বারলো তার সাথে হুবহু মিলে যায় ওল্ড মেন এবং গানফায়ার রীফ-এর চেহারা। এই বর্ণনা। থেকেই নিরো বুঝতে পারে ঠিক কি খুঁজছে সে-তিন চূড়া বিশিষ্ট একটা দ্বীপ, এবং প্রবাল প্রাচীরের একটা রীফ।
রীফ-এর চোয়ালে আটকে থাকা ভোরের আলোর বিয়ারিং নেয় চূড়া থেকে বারলো। প্রতিটি ঢেউ তাকে প্রচণ্ড আঘাতে চুরমার করে দিতে চেষ্টা করছিল। দ্বিতীয় দিনে জাহাজের খোল। ভেঙে পড়তে শুরু করে। বারলোর চোখের সামনে ভোরের আলোর সামনের অর্ধেকটা ঢেউয়ের ধাক্কায় ভেঙে যায় এবং স্রোতের টানে রীফ পেরিয়ে প্রবালের মাঝখানে প্রকাণ্ড একটা মুখ খোলা অন্ধকার গহ্বরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। স্টার্ন ধসে পড়ে, সাগর তাকে আছাড় মেরে দিয়াশলাই খোলার মত টুকরো টুকরো করে ফেলে।
অবশেষে সাগর শান্ত হয়, বাতাস থমকে দাঁড়ায় এবং মেঘের ঘোমটা থেকে বেরিয়ে আসে ঝকঝকে নীল আকাশ। বারলো হতাশ হয়ে আবিষ্কার করে জাহাজের একশো উনপঞ্চাশ জন আদম সন্তানের মধ্যে তার সতেরো জনের ছোট্ট দলটা ছাড়া আর একজনও বেঁচে নেই, বাকি সবাইকে গ্রাস করেছে সাগর।
পশ্চিম দিকে নিচু তীরভূমি দেখতে পায় বারলো। অনুমানে ধরে নেয় আফ্রিকান মেইনল্যাণ্ড ওটা। আরেকবার সে তার দল নিয়ে বোটে চড়ে, এবং ইনশোর চ্যানেল পাড়ি দেয়। তার অনুমান সত্য হয়-আফ্রিকা মহাদেশেরই তীরচিহ্ন ছিল ওটা। কিন্তু বরাবরের মত আফ্রিকার উপকূল পরম শত্রুর মত নিষ্ঠুর প্রতিশোধ নেবার জন্যে অপেক্ষা করছিল।
সাগরে পথ হারানো সতেরো জন অভাগা বাঁচার তাগিদে ভয়ঙ্কর এক অভিযানে রওনা দেয়। তিনমাস পর চারজন নাবিক, বারলো এবং মিস শার্লোট কটন জাঞ্জিবার পোর্টে পৌঁছায়। জ্বর, হিংস্র জানোয়ার, লোভী মানুষ এবং দুর্ঘটনা এক এক করে কেড়ে নেয় দলের লোকদের। শেষ পর্যন্ত যারা বেঁচে গেল তাদেরকে মানুষ বলে চেনার উপায় ছিল না। কঙ্কালের গায়ে ঝুলছিল হলুদ চামড়া।
কোর্ট অভ এনকয়েরী উচ্ছ্বসিত প্রশংসা করে ফার্স্ট মেট এনড্র বারলোর। এবং ঈস্ট ইণ্ডিয়া কোম্পানি তার অসম সাহসিকতার পুরস্কার স্বরূপ নগদ পাঁচশো পাউণ্ড দিয়ে তাকে সম্মানিত করে।
পড়া শেষ করে মুখ তুলে তাকালাম রাফেলার দিকে। আমাকে লক্ষ করছিল ও। একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, দুঃখজনক, তাই না?
হ্যাঁ, একমত হলাম ওর সাথে। তারপর বললাম, বারলোর বর্ণনার সাথে সব মিলে যাচ্ছে, তাই না? তার মানে, রাফেলা, সব কার্গো আজও পড়ে আছে গানফায়ার রীফ-এর তলায়।
হুঁ, একটু অন্যমনস্ক দেখাচ্ছে ওকে।
এরপর আমরা তিনতলায় প্রিন্ট অ্যাও ড্রয়িংরুমে উঠে এলাম। একজন অ্যাসিস্ট্যান্টকে বলতেই সে আমাদেরকে ভোরের আলোর নকশাটা খুঁজে বের করে দিল। এর একটা কপি দরকার আমার।
আগামীকাল বিকেলে পাব? অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলাম আমি।
দিতে চেষ্টা করব, কথা দিল লোকটা।
রাফেলাকে নিয়ে বেরিয়ে এলাম আমি। মনটা হালকা লাগছে। সূত্র ধরে অনেকদূর এগিয়ে এসেছি আমরা।
<