কথার হেরফের হলো না, পরদিন সকালে কাঁটায় কাঁটায় আটটায় এসে পৌঁছুল ওরা।

ইতিমধ্যে দুটো ইঞ্জিনই চালু করে দিয়েছি জলকুমারীর। জেটির মাথার কাছে ট্যাক্সি থেকে নেমে হেঁটে এগিয়ে আসছে ওরা, ফ্লাইং ব্রিজে দাঁড়িয়ে দেখছি ওদেরকে। সমস্ত মনোযোগ আমার দলের তৃতীয় লোকটার উপর। প্রথম দর্শনেই বুঝলাম, এর জগতই আলাদা, ঘুঘু জোড়ার সাথে একেবারেই বেমানান। ছেলেটা রোগা, লম্বা, মুখে প্রফুল্ল হাসি। সাদা চামড়া রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, দাঁতগুলো ঝকঝক করছে। সাদা শার্ট আর সাদা প্যান্ট পরেছে সে। সাঁতারুর চওড়া কাঁধ, দেখেই চেনা যাচ্ছে। হাত এবং পা জোড়া শক্তিশালী। ডাইভিং সরঞ্জাম কে ব্যবহার করবে বুঝতে অসুবিধে হচ্ছে না।

ছেলেটার বয়স আঠারো উনিশের বেশি নয়। এক দিকের কাঁধে মস্ত একটা সবুজ ক্যানভাসের ব্যাগ ঝুলছে। বোঝা যাচ্ছে খুব ভারী ওটা, কিন্তু অনায়াসে বয়ে আনছে সে। আর কি এক খুশিতে হরদম কথা বলে যাচ্ছে। তার সঙ্গীদের কদাচ ঠোঁট নড়া দেখে বুঝতে পারছি হু-হাঁ করে সংক্ষেপে উত্তর দিচ্ছে ওরা। ছেলেটাকে দুপাশ থেকে একজোড়া সেন্ট্রির মত পাহারা দিয়ে নিয়ে আসছে যেন।

কাছাকাছি এসে মুখ তুলে তাকাল ছেলেটা, ওর চোখেমুখে তারুণ্যের প্রাণ চাঞ্চল্য ছাড়াও রোমাঞ্চের তৃষ্ণা এবং সরলতার ছাপ দেখতে পেলাম। হাই, আমার উদ্দেশ্যে নিঃশব্দে হাসছে সে।

গ্রিটিংস, উত্তর দিয়ে হাসলাম আমিও। কিন্তু মনে মনে ভাবছি হিংস্র নেকড়ের পালে এই হরিণের বাচ্চা এল কিভাবে?

আমার নির্দেশনায় নোঙর টেনে তুলল ওরা। কাজটা করতে গিয়ে ওরা প্রমাণ করল এই ধরনের বোটের সাথে ছেলেটা ছাড়া বাকি দুজন পরিচিত নয়।

বন্দর ত্যাগ করার পর ছেলেটাকে নিয়ে ফ্লাইং ব্রিজে উঠে এল ব্ল্যাঙ্ক। এর নাম নিরো, বলল সে।

সাগ্রহে বাড়িয়ে দেয়া নিরোর হাতটা ধরলাম আমি। শুকনো এবং শক্ত লাগল ওর হাত। এটা একটা ডারলিং বোট, স্কিপার, বলল সে, খুশিতে চিকচিক করছে চোখ দুটো। কত লম্বা, চুয়াল্লিশ, নাকি পঁয়তাল্লিশ ফুট?

পঁয়তাল্লিশ, ওর প্রতি আরও একটু খুশি হয়ে বললাম আমি।

নিরো তোমাকে অর্ডার করবে, ব্ল্যাঙ্ক জানাল আমাকে, তুমি। ওর অর্ডার মেনে চলবে।

চমৎকার, বললাম তাকে, তারপর নিরোর দিকে তাকালাম।

লাল হয়ে উঠল নিরোর চেহারা। না, অর্ডার নয়, মি. রানা–কোথায় যাব আমরা আমি শুধু তাই জানাব আপনাকে।

বেশ। ঠিক সেখানেই নিয়ে যাব তোমাদেরকে আমি।

দ্বীপটা ছাড়িয়ে পশ্চিম দিকে বাঁক নেবেন আপনি।

আমি কিছু বলার আগেই ব্ল্যাঙ্ক জানাল, উপকূল বরাবর আফ্রিকান মেইন ল্যাণ্ড ঘেঁষে যেতে চাই আমরা।

চান ভাল কথা, ব্ল্যাঙ্কের দিকে ফিরে বললাম, কিন্তু ওদিকে ওরা অনাহূত আগন্তুক দেখলে খেপে ওঠে, এ-কথা কেউ বলেনি আপনাকে?

তীরের কাছ থেকে যথেষ্ট দূরে থাকব আমরা।

এক মুহূর্ত ইতস্তত করলাম আমি। ভাবলাম, জেটিতে ফিরে। গিয়ে এদেরকে নামিয়ে দেব নাকি? কোথায় যেতে চান, নদীমুখের উত্তরে না দক্ষিণে?

উত্তরে, বলল নিরো।

উত্তরে হলে ভাল, ওদিকে কোস্টাল অ্যাকটিভিটি কম। একটা মাত্র ক্রাশ বোট আছে জিনবালায়, কিন্তু সেটার ইঞ্জিন হপ্তায় বড় জোর দুএকদিন ভাল থাকে এবং তীর বরাবর স্থায়ীভাবে তৈরি বিষাক্ত পাম-রস খেয়ে ক্রুরা প্রায় সবাই উন্মাদ হয়ে থাকে। ক্রু এবং ইঞ্জিন দুটোই যখন সুস্থ থাকে, ওদের গতি ওঠে বড় জোর ফিফটিন নট, আর আমার জলকুমারী আমি চাইলেই বাইশ নট স্পীডে ছুটতে পারে।

কিন্তু নদীর দক্ষিণ এলাকায় হেলিকপ্টার নিয়ে পাহারা দেয় কোস্টাল গার্ডরা, এবং নিজেদের সমুদ্রসীমার ব্যাপারে সাংঘাতিক স্পর্শকাতর ওরা।

আমার জন্যে আরেকটা সুবিধে হল, জলকুমারীকে নিয়ে আমি উপকূল বরাবর পানিতে ডুবে এবং জেগে থাকা পাথরের গোলকধাধার মাঝখান দিয়ে অন্ধকার ঝড়ো রাতেও অনায়াসে যেতে পারব। কিন্তু অভিজ্ঞতা থেকে জানি, ক্রাশ বোটের কমাণ্ডার এ ধরনের বীরত্ব দেখানর মধ্যে নেই। রোদ ঝলমলে প্রশান্ত দিনেও জিনবালা বে-তে পড়ে থাকতেই পছন্দ করে সে।

ঠিক আছে, ব্ল্যাঙ্ককে জানালাম আমি, কিন্তু আপনি যা চাইছেন তার জন্যে দৈনিক আড়াইশো ডলার বেশি দিতে হবেডেঞ্জার মানি।

সে ভয় আমিও করেছি-দেয়া যাবে, কি আর করা, নির্বিকার চিত্তে বলল ব্ল্যাঙ্ক। বুঝলাম পানির মত টাকা খরচ করতে আপত্তি নেই এই লোকের।

জলকুমারীকে ঘুরিয়ে অয়স্টার পয়েন্টে আলোর কাছাকাছি নিয়ে এলাম। রোদ ঝলমলে স্নিগ্ধ আজকের সকালটা, পরিষ্কার আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেঘ দেখে বোঝা যাচ্ছে ঝাঁক বাধা দ্বীপগুলোর অবস্থান, চোখ ধাঁধানো কোমল সাদা পাহাড় সারি সারি মাথা তুলে আছে। সমুদ্রের উপর দিয়ে বয়ে আসা ট্রেড উইণ্ডের স্বাভাবিক গতি আফ্রিকা মহাদেশে ধাক্কা খেয়ে ব্যাহত হচ্ছে। ইনশোর চ্যানেলে এখানে আমরা ফিরে আসা সেই বাতাসের ধাক্কা খাচ্ছি। এলোমেলো ভাবে দমকা বাতাস ছোবল মারছে ম্লান সবুজ পানিতে, উপরটা ছিন্নভিন্ন করে দিয়ে সাদা ফেনায় ভরিয়ে তুলছে যতদূর দৃষ্টি যায়। খুব খুশি জলকুমারী, লাফ মারার এবং পানির উপর তলা পর্যন্ত তুলে বাতাস কেটে ছোটার একটা অজুহাত পেয়ে গেছে সে।

নির্দিষ্ট কিছু খুঁজছেন আপনারা, নাকি এমনি খুঁজছেন? কথার পিঠে কথা বলার সুরে সহজভাবে জানতে চাইলাম। উৎসাহের সাথে আমার দিকে ঘাড় ফিরিয়ে তাকাল নিরো, বুঝলাম সবকথা বলতে চাইছে সে।

উত্তেজিতভাবে মুখ খুলতে যাচ্ছে সে, এই সময় দ্রুত কথা বলে তাকে থামিয়ে দিল ব্ল্যাঙ্ক। এমনি খুঁজছি, ধমকের সুর। বেজে উঠল তার কণ্ঠস্বরে, সাথে সাথে খোলা মুখ বন্ধ হয়ে গেল নিরোর।

এদিকের পানি আমার চেনা। প্রতিটি দ্বীপ, প্রতিটি রীফ চিনি। আমি হয়ত আপনাদের প্রচুর সময় বাঁচিয়ে দিতে পারি-তার। সাথে বেশ কিছু টাকাও।

তুমি খুব ভাল ছেলে, সম্ভবত ঠিক উল্টোটা বোঝাতে চাইল ব্ল্যাঙ্ক, অন্তত তার কর্কশ, রূঢ় কণ্ঠস্বর শুনে তাই মনে হল। ধন্যবাদ। আমরা নিজেরাই ম্যানেজ করতে পারব।

তাহলে তো কথাই নেই, শ্রাগ করলাম আমি।

নিরোর উদ্দেশ্যে দ্রুত মাথা ঝাঁকাল ব্ল্যাঙ্ক, তারপর আধপাক ঘুরে হেঁটে গেল ককপিটের শেষ প্রান্তে। নিরো তাকে অনুসরণ। করল। স্টার্ন রেইলের পাশে দাঁড়িয়ে নিরোকে উদ্দেশ্য করে নিচু। শান্ত গলায়, কিন্তু জরুরী ভঙ্গিতে ঝাড়া দুই মিনিট কথা বলল সে। নিরোর চেহারা থেকে উজ্জ্বলতা খসে পড়তে দেখলাম আমি। আবার যখন ফ্লাইং ব্রিজে ফিরে এল সে, তার চেহারায় রাগের ভাব দেখে একটু অবাকই লাগল আমার। বুঝলাম, ছেলেটা একেবারে পুতুল নয়।

পরিষ্কার বোঝা গেল, মাথা, অর্থাৎ ব্ল্যাঙ্কের নির্দেশেই কেবিন থেকে বেরিয়ে এসে ব্রিজের দিকে মুখ করে ফাইটিং চেয়ারে বসল পেশী অর্থাৎ প্যানথার। চেয়ারে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করা একটা পা হাতলে তুলে দিয়ে বসে আছে সে, অথচ ভঙ্গিতে ফুটে রয়েছে বিশ্রামরত নেকড়ের আক্রমণাত্মক ভাব। ওর চোখে চোখ রেখে হাসলাম আমি, কিন্তু এক চুল নড়তে দেখলাম না ওর চোখের পাতা। মুখেও কোন রেখা ফুটল না। অকস্মাৎ কেন যেন মনে হল, মৃত্যুর সমস্ত লক্ষণ প্রকট হয়ে উঠেছে ওর মধ্যে।

দ্বীপপুঞ্জের ভিতর দিয়ে স্বচ্ছ হালকা সবুজ পানি কেটে এগোচ্ছে জলকুমারী, পানির নিচে কিম্ভুতকিমাকার দৈত্য-দানবের মত ডুব দিয়ে ঘাপটি মেরে রয়েছে পাথরের পাঁচিল। প্রবাল দ্বীপগুলো সাদা বালিতে ঢাকা, রোদ লেগে তুষারের মত চিক চিক করছে। তার মাঝখানে গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে গাছপালা, সবাইকে ছাড়িয়ে গেছে পামগুলো, বাতাসের ঝাঁপটা খেয়ে মাথা দোলাচ্ছে।

দিনভর ব্যস্তভাবে একনাগাড়ে এগিয়ে চলল জলকুমারী, এর মধ্যে অভিযানের উদ্দেশ্য সম্পর্কে আভাস পাবার চেষ্টা করেছি আমি। ব্ল্যাঙ্কের কথা শোনার পর থেকে নিরো এখনও গম্ভীর এবং চুপচাপ। তার ব্যাগ থেকে বেরিয়েছে একটা বড়সড় স্কেল অ্যাডমিরাল্টি চার্ট। সেটায় আমাদের পজিশন কোথায় তাকে দেখালাম, সে আমাকে কয়েকবার কোর্স বদল করতে বলল।

চার্টে বিশেষ কোন চিহ্ন না থাকলেও সেটার উপর বারকয়েক নজর ফেলার সুযোগ পেয়ে বুঝে নিলাম রোভুমা রিভারের অসংখ্য মুখের পনেরো থেকে ত্রিশ মাইল উত্তরে এবং তীর থেকে ষোলো মাইল পর্যন্ত দূরের এলাকা সম্পর্কে আমরা আগ্রহী। এই এলাকায় কয়েক একর থেকে শুরু করে কয়েক মাইল লম্বা আনুমানিক তিনশো দ্বীপ আছে। বিশাল খড়ের গাদা থেকে ওরা একটা জং ধরা ছোট্ট পিন খুঁজে পাবার চেষ্টা করছে বলে মনে হল আমার।

ব্রিজে দাড়িয়ে প্রিয়তমা জলকুমারীর হৃৎকম্পন উপভোগ। করছি আর সামুদ্রিক জীব ও পাখিদের রকমসকম লক্ষ করছি, বেশ ভালই কাটছে সময়টা। ফাইটিং চেয়ারে বসা প্যানথারের মাথার পাতলা চুলের ভিতর টাকটা লালচে গোলাপী নিওন বাতির মত জ্বলজ্বল করছে। এই এলাকার সূর্য সম্পর্কে ওকে সাবধান। করে দেবার কথা মনে হল, কিন্তু চেপে গেলাম ব্যাপারটা। পরদিন সারা গায়ে ঘামাচি ফুটল ওর, সারাটা দিন কষ্ট পেল চুলকানিতে। মুখটা সমুদ্রগামী জাহাজের পোর্ট লাইটের মত জ্বলছে।

দ্বিতীয় দিনের দুপুর নাগাদ একঘেয়েমিতে পেল আমাকে। সঙ্গী হিসেবে নিরো একেবারেই অপরিণত, তাছাড়া আগের সেই। সহজ স্বচ্ছন্দ ভাব এখনও সে পুরোপুরি ফিরে পায়নি। গোপনীয়তা রক্ষার ব্যাপারে এত বেশি সচেতন সে যে কফি খাওয়ার প্রস্তাব গ্রহণ করবে কি করবে না সিদ্ধান্ত নিতে ত্রিশ থেকে ষাট সেকেণ্ড সময় নিচ্ছে।

ডিনারের জন্যে মাছ দরকার আমার, তাই একটু সতর্ক হয়ে লক্ষ রাখছি সমুদ্রের দিকে, এমন সময় সামনে একদল কিংফিশ। দেখলাম, সার্ডিনের বিশাল একটা ঝাঁকের উপর ঝাঁপিয়ে পড়ছে।

তাড়াতাড়ি হুইলটা নিরোকে দিয়ে বললাম, সোজা করে ধরে রাখো শুধু।

ককপিটে নেমে এলাম আমি। তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছে আমাকে প্যানথার। কেবিনে উঁকি দিয়ে দেখি আমার ক্যাবিনেট খুলে নিজের খুশি মত জিন আর টনিক বের করে এন্তার খেয়ে চলেছে ব্ল্যাঙ্ক। এই দুই দিন কেবিন থেকে তার না বেরুবার কারণ বোঝা গেল। দিনে সাড়ে সাতশো ডলার দিচ্ছে, সুতরাং কিছু বলতে গেলাম না ওকে। লকার খুলে একজোড়া ফিদার জিগ বেছে নিলাম। ঝাঁকের পাশ দিয়ে যাবার সময় গেঁথে ফেললাম একটা কিংফিশ। তড়পাচ্ছে, গায়ের সোনা রঙ ঝিলিক দিচ্ছে রোদ লেগে। লাইন গুটিয়ে নিলাম আমি। তারপর আমার ভারী বেইট নাইফের ফলা দিয়ে মাছটার লেজের নিচে থেকে কানকোর নিচে পর্যন্ত চিরে ফেললাম, নাড়িভুঁড়ি ছুঁড়ে ফেলে দিলাম পানিতে।

মাথার উপর একজোড়া সী-গাল ঘুর ঘুর করছিল, সাথে সাথে তারা তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে পানির দিকে ডাইভ দিল আবর্জনা তোলার জন্যে। তাদের চেঁচামেচিতে আকৃষ্ট হয়ে আরও কয়েক জোড়া উড়ে এসে নরক গুলজার করে তুলল আমাদের পিছন দিকে।

ওদের চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, তবু পিছনের মৃদু ধাতব শব্দটা ঠিকই শুনতে পেলাম আমি। অত্যন্ত পরিচিত বলেই সম্ভবত শব্দটা ফাঁকি দিতে পারেনি আমাকে। অটোমেটিক পিস্তলের স্লাইড টেনে ছাড়া হল লোড এবং কক করার জন্যে। সচেতনভাবে নয়, সম্পূর্ণ ঝোঁক আর সহজাত প্রবৃত্তির বশে বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। এক পলকে বড় বেইট-নাইফটা আধপাক ঘুরে গেল আমার ডান হাতে। সেটাকে ছুঁড়ে মারার জন্যে ধরেই শরীরের একটা মাত্র ঝাঁকিতে ঘুরে দাঁড়িয়ে ঝপ করে নামলাম ডেকের উপর। পায়ের পাতা আর বাঁ হাতের তালু দিয়ে ব্রেক ফল করছি, ইতিমধ্যে পিছিয়ে গিয়ে ছুরিটা উঠে গেছে। আমার ডান কাঁধের উপর-টার্গেট বরাবর তাক স্থির হতেই ছুঁড়তে যাচ্ছি সেটা।

ডান হাতে বড় একটা অটোমেটিক রয়েছে প্যানথারের। ন্যাভাল পয়েন্ট ফরটি-ফাইভ, পুরানো পিস্তল, কিন্তু খুন করার জন্যে তুলনা হয় না-বুকে লাগলে ফুটোটা এত বড় হবে যে অনায়াসে একটা ফুটবল ঢুকে যেতে পারবে।

বেইট নাইফের লম্বা ফলা দিয়ে চেয়ারের পিঠের সাথে গেঁথে যাচ্ছিল প্যানথার, কিন্তু দুটো কারণে নতুন জীবন লাভ করল সে। এক, পয়েন্ট ফরটিফাইভটা আমার দিকে ধরা নয়। দুই, তার গোলাপী মুখে সকৌতুক বিস্ময়ের ভাব।

প্রচণ্ড ইচ্ছাশক্তি খাটিয়ে নিজেকে দমন করলাম। ধাতব শব্দ শোনার পর মাত্র দুই সেকেণ্ড হয়েছে, আর এক সেকেণ্ডের দশভাগের এক ভাগ যদি দেরি হয়ে যেত, ছুরিটা ছুটে যেত আমার হাত থেকে।

পরস্পরের দিকে তাকিয়ে আছি। এখন ও বুঝতে পারছে। মৃত্যুর কত কাছে চলে এসেছিল। রোদ পোড়া ঠোঁটে নিঃশব্দ হাসিটা মলিন, জোর পাচ্ছে না। সিধে হয়ে দাঁড়ালাম আমি, টোপ কাটার বোর্ডে গেঁথে রাখলাম বেইট নাইফটা।

নিজের ওপর যদি দরদ থাকে, শান্ত গলায় বললাম ওকে, ওটা আর নাড়াচাড়া কোরো না আমার পিছনে।

নিজেকে সামলে নিয়েছে প্যানথার, আত্মবিশ্বাসে জ্বলজ্বল করছে চোখ দুটো। হা হা করে হাসল সে। রিভলভিং ফাইটিং চেয়ারটা ঘুরিয়ে স্টার্নের দিকে লক্ষ্য স্থির করল, এবং ফায়ার করল পর পর দুবার। ইঞ্জিনের আওয়াজকে মুহূর্তের জন্যে স্তব্ধ। করে দিল বিস্ফোরণের শব্দ, আমার নাক ছুঁয়ে বাতাসে উড়ে গেল করডাইটের গন্ধ। ডানা মেলা দুটো সী-গাল ছিন্নভিন্ন হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল শূন্যে, পালকগুলো পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে চিকন সুতোর মত উড়তে লাগল বাতাসে। আতঙ্কে আর্তনাদ ছেড়ে যে যেদিকে পারল দ্রুত উড়ে চলে গেল ঝাঁকের অন্যান্য সী-গাল। বুঝলাম এক্সপ্লোসিভ বুলেট ব্যবহার করেছে প্যানথার।

চেয়ার ঘুরিয়ে আবার আমার মুখোমুখি হল সে, ঠোঁটের কাছে পিস্তল তুলে ফুঁ দিল মাজলে। তারপর বলল, দেখো ছোকরা, তোমাকে আমার চিনতে পারা উচিত, কিন্তু চিনতে পারছি না কেন, বল তো? দেয়ালে মাথা ঠোকো, বলে আমি ব্রিজ ল্যাডারের দিকে ঘুরে দাঁড়ালাম।

থামো! পিছন থেকে হিস হিস করে উঠল প্যানথার। 

দাঁড়ানো উচিত আমার, বুঝতে পারলাম। ইতিমধ্যে ওর পিস্তল ছোড়ার নৈপুণ্য এবং গোলমাল পাকানর ব্যগ্রতা লক্ষ করেছি। কিন্তু তবু আমি ওর হুকুমে এখন আর দাঁড়াতে পারি না। সুবোধ বালকের খোলস একবার ঝেড়ে ফেলার পর সেই খোলসে আবার গা ঢাকা দেয়া চলে না। প্যানথারকে এখন বুঝতে দেয়া উচিত যে তাকে আমি গ্রাহ্য করি না। তা নাহলে মাথায় চড়তে চেষ্টা করবে ও।

থামো!

লাফ দিয়ে পানিতে পড়ো!

একহাতে জিনের গ্লাস নিয়ে এতক্ষণ কেবিনের দরজায় নিঃশব্দে দাঁড়িয়ে ছিল ব্ল্যাঙ্ক। পাশ দিয়ে যাচ্ছি, ফিসফিস করে কথা বলে উঠল সে।

এখন বুঝতে পারছি, তুমি কে! চেনা চেনা লাগছিল, অথচ চিনতে পারছিলাম না বলে বড়ই বেচায়েন ছিলাম আমরা।

দাঁড়িয়ে পড়লাম। ব্ল্যাঙ্কের চোখে চোখ রেখে তাকিয়ে আছি নিঃশব্দে। আমাকে ছাড়িয়ে চলে গেল তার দৃষ্টি। প্যানথারকে বলল, চিনতে পারছ এখন, প্যানথার? মাথা নাড়ল প্যানথার–চিনতে পারছে না। ব্ল্যাঙ্ক আবার বলল, এর ছবি দেখেছ তুমি। কোথায় দেখেছ একটু ভেবে দেখ। তখন এর দাড়ি ছিল না।

প্যানথার নিশ্চুপ। এখনও সে চিনতে পারছে না। ভুরু কুঁচকে ভাবছে।

ডায়মণ্ড কেলেঙ্কারি! আবার বলল ব্ল্যাঙ্ক। ছ্যাঁৎ করে উঠল আমার বুক। মেজর জেনারেল রাহাত খানের একটা নির্দেশের কথা মনে পড়ে গেল। যে-কোন মূল্যে আমার আসল পরিচয় গোপন রাখতে হবে। এটা জানাজানি হয়ে গেলে আমার প্রাণের এক পয়সা মূল্য থাকবে না আর।

জেসাস! চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল প্যানথার, এইবার চিনেছি! বিস্ময় এবং হিংস্র উল্লাস প্রকাশ পেল তার কণ্ঠে। গুরুদয়াল সিং!

মই বেয়ে উঠে এলাম ব্রিজে।

দুঃখিত, নিরোর কাছ থেকে হুইল নেবার সময় আমাকে। বলল সে, ওর কাছে পিস্তল আছে একথা আপনাকে আমার বলা উচিত ছিল।

দ্রুত চিন্তা করছি আমি। কার কাছে আমার ফটো দেখেছে এরা? সিডনি শেরিডান? তার সাথে কিসের সম্পর্ক এদের? খবর পেলেই শেরিডান আমার ব্যবস্থা করার জন্যে লণ্ডন থেকে হাত বাড়াবে। বুঝতে পারছি এখনই বাধা দিতে হবে আমাকে। তা দিতে হলে ব্ল্যাঙ্ক আর প্যানথারের বেঁচে থাকা চলে না। ঘাড় ফিরিয়ে ককপিটের দিকে তাকিয়ে দেখি নেই ওরা। প্যানথারকে নিয়ে নিচে নেমে গেছে ব্ল্যাঙ্ক।

এক আঘাতে একই সাথে দুজনকে খতম করা তেমন কঠিন নয়, অ্যাকসিডেন্ট বলে চালিয়ে দেয়াও সম্ভব। বয়স অল্প ছিল বলেই এই ধরনের এসপার-ওসপার সিদ্ধান্ত নেবার কথা ভাবছিলাম আমি…কিন্তু ওদিকে সিদ্ধান্তটা কার্যকরী করার জন্যে নিজের পুরোপুরি সমর্থনও পাচ্ছিলাম না।

নিরোর দিকে তাকালাম। নিঃশব্দে হাসছে সে। প্রশংসার সুরে বলল, চোখের পলকে যা দেখালেন! আর একটু হলে মাইক কাপড় ভিজিয়ে ফেলেছিল।

এই বাচ্চাটাকেও? নিজেকে প্রশ্ন করলাম। ওদের দুজনকে যদি যেতে হয়, একেও যেতে হবে, তা নাহলে ব্যবস্থাটা কাচাই থেকে যাবে। হঠাৎ সাংঘাতিক ঘৃণা হল নিজের ওপর। এসব কি ভাবছি আমি? আমি খুনী নই, অথচ ঠাণ্ডা মাথায় খুন করার কথা ভাবছি কেন?

আপনি অসুস্থ, স্কিপার? দ্রুত জানতে চাইল নিরো। আমার মুখের রঙ বদল দৃষ্টি এড়ায়নি ওর।

আরে না, বললাম ওকে। আপত্তি না থাকলে আমাদের জন্যে দুই ক্যান ঠাণ্ডা বিয়ার নিয়ে আসতে পার তুমি।

নিরোকে নিচে পাঠিয়ে দিয়ে ধীর-স্থির ভাবে সিদ্ধান্ত নিলাম। ওদের সাথে রফা করব আমি। গোপন একটা উদ্দেশ্য আছে। ওদের, শেষ পর্যন্ত আমার কাছে সেটা গোপন রাখতে পারবে না ওরা। ওদেরকে বলব, আমার ব্যাপারে যদি মুখ বুজে থাকে, আমিও ওদের ব্যাপারে মুখ বুজে থাকব। নিচে ওরাও সম্ভবত এই সিদ্ধান্তেই উপনীত হচ্ছে।

হুইলে তালা লাগিয়ে পা টিপে টিপে ব্রিজের শেষ প্রান্তের দিকে এগোচ্ছি, নিচের কেবিন থেকে যাতে ওরা আমার পায়ের শব্দ শুনতে না পায়। সেলুন টেবিলের উপর ভেন্টিলেটারটাকে ভয়েস টিউবের বিকল্প বলা চলে, অনেক আগেই আবিষ্কার করেছি যে নিচের কথাবার্তা বাতাসে চড়ে ঝাঝরি দিয়ে চমৎকার গলে আসে। তবে পরিষ্কার শুনতে পাওয়াটা নির্ভর করে বাতাসের বেগ, কেবিনে বক্তাদের অবস্থান, আর তাদের কণ্ঠস্বরের তারতম্যের ওপর।

বাতাসের গর্জন যখন চাপা পড়ে যাচ্ছে না তখন নিরোর গলা পরিষ্কার শুনতে পাচ্ছি, সম্ভবত ভেন্টিলেটারের ঠিক নিচেই দাঁড়িয়ে আছে সে এবং কথা বলছে ওদের দুজনের চেয়ে জোরে।

স্কিপারকে এখুনি জিজ্ঞেস করছেন না কেন? বাতাসের তীব্র শিসে চাপা পড়ে গেল উত্তরটা। আবার যখন শিস থামল, নিরোর গলাই ভেসে এল ভেন্টিলেটার দিয়ে।

আজ রাতেই যদি কাজটা করতে চাই আমরা, কোথায় আপনি… পরের কথাগুলো উড়িয়ে নিয়ে গেল বাতাস। ভোরের আলো পেতে হলে আমাদেরকে… গোটা আলোচনাটা সময় এবং স্থান সম্পর্কে বলে মনে হচ্ছে। ভোরে হারবার ত্যাগ করে কি সুবিধে পেতে চাইছে ওরা ভাবছি, এই সময় আবার শুনতে পেলাম নিরোর গলা, প্রতিবাদের সুরে সে বলছে, কেন? আমি তো বুঝতে পারছি না অসুবিধেটা কোথায়… ঠিক এই সময় কড়া সুরে কথা বলে উঠল ব্ল্যাঙ্ক, নিশ্চয়ই এগিয়ে এসে নিরোর সামনে দাঁড়িয়েছে সে, এবং সম্ভবত হুমকির ভাব ফুটিয়ে তুলেছে চেহারায়।

দেখো, এদিকের এসব ব্যাপারে খবরদার মাথা গলাবে না তুমি। তোমার কাজ জিনিসটাকে খুঁজে বের করা, সে-ব্যাপারে ঘোড়ার ডিম কিছুই করতে পারনি তুমি এখন পর্যন্ত…

দূরে সরে যাচ্ছে ওদের গলার আওয়াজ, পরিষ্কার আর কিছুই শুনতে পাচ্ছি না। একটু পরই দরজা বন্ধ বা খোলার শব্দ পেলাম। দ্রুত ফিরে এসে দাঁড়ালাম হুইলের কাছে। এমনি সময়ে ডেকের কিনারায় মাথা দেখা গেল নিরোর, মই বেয়ে উঠে আসছে সে।

ওর বাড়ানো হাত থেকে বিয়ারের ক্যানটা নিলাম। আগের চেয়ে সহজ লাগছে ওকে। হাসির মধ্যে বন্ধুত্ব এবং বিশ্বাসের ভাব রয়েছে। মি. ব্ল্যাঙ্ক বলছেন আজ আর বেশিদূর গিয়ে লাভ নেই। এবার আমরা ফিরে যাব।

স্রোতের উপর দিয়ে জলকুমারীকে ঘুরিয়ে নিয়ে পশ্চিম দিক থেকে এগোচ্ছি দ্বীপের দিকে। টার্টল বে-র মুখ পেরিয়ে এসে পাম গাছের ভিতর দেখতে পেলাম আমার শান্তির নীড়টাকে। হঠাৎ একটা ক্ষোভে ভরে উঠল আমার বুক।

নিজের সম্পর্কে সব সময় উঁচু ধারণা পোষণ করেছি আমি। নিজেকে চিনি, নিজের যোগ্যতার পুঙ্খানুপুঙ্খ খবর রাখি বলেই সম্ভব হয়েছে এটা। শারীরিক যোগ্যতা এবং চিন্তার স্বচ্ছতা অর্জনের জন্যে জ্ঞান হবার পর থেকে কঠোর পরিশ্রম করেছি। আমার আত্মবিশ্বাস কারও চেয়ে কম নয়, তার কারণ নিজেকে মনের মত করে গড়ে তোলার কাজে কখনও ফাঁকি দিইনি আমি। সুন্দরভাবে বেঁচে থাকার জন্যে ভদ্র হওয়া একটা অলঙঘনীয় শর্ত, সে চেষ্টাই করছি। বসুন্ধরা শক্তের ভক্ত, নিজেকে আমি সেভাবেই গড়ে তুলেছি। উচ্চাশা ছাড়া মানুষের উত্তরণ ঘটে না, তাই আমিও উচ্চাকাঙক্ষী। কিন্তু তিন বছর আগে প্রমাণিত হয়ে গেছে এসব মিথ্যে এবং পণ্ডশ্রম মাত্র। দেশের প্রতি বুকভরা ভালবাসা ছিল, সেজন্যেই সেনাবাহিনীতে গিয়েছিলাম। দেশের আরও বেশি সেবা করার সুযোগ পাব বুঝতে পেরে কাউন্টার ইন্টেলিজেন্সের আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি হল? কোন অন্যায় করিনি আমি, অথচ মাথা পেতে নিতে হয়েছে দ্বীপান্তরের শাস্তি। তবু যদি জানতাম দেশের মস্ত ক্ষতি করছে যে লোকটা, সেই সিডনি শেরিডান উপযুক্ত শাস্তি পেয়েছে, এতটা দুঃখ হত না। অপরাধী বেঁচে গেল, শাস্তি পেতে হল আমাকে-এটা কেমন বিচার?

বুঝতে পারি, শেষ হয়ে গেছি আমি। আমার ক্যারিয়ার খতম, উচ্চাশা খতম, দেশ সেবার কোন সুযোগ আর কখনও পাব না। তিনটি অমূল্য বছর নষ্ট হয়েছে, আরও কত বছর নির্বাসনে কাটাতে হবে জানি না। যখন দেশে ফিরব, যদি কখনও ফেরার সুযোগ হয়, কি হয়ে ফিরব তখন আমি? কে আমায় বুঝবে? গিয়ে দেখব বদলে গেছে সব কিছু, জুনিয়ররা অনেক ধাপ টপকে উঠে গেছে ওপরে, আরও ভাল ট্রেনিং পেয়েছে তারা-তাদের তুলনায় অনেক পিছিয়ে পড়েছি আমি। সন্দেহ নেই, এই রকম দাঁড়াবে পরিস্থিতি। সেক্ষেত্রে নতুন করে শুরু করতে হবে আমাকে। কিন্তু তা কি সম্ভব?

না। সম্ভব নয় জানি বলেই দেশে ফেরার কথা আর ভাবি না। বেশ তো আছি এই ছায়া সুনিবিড় শান্তির নীড় সেন্ট মেরী দ্বীপে, কি দরকার বিড়ম্বনা বাড়িয়ে? ছোট্ট একটা ভুল করেছিলাম, ব্যস, নির্মম রায় দিয়ে পাঠিয়ে দেয়া হল আমাকে-ভুল সংশোধনের একটা সুযোগও দেয়া হল না। একটা মাস সময়ও যদি পেতাম, আমি জানি, সিডনি শেরিডানের বিরুদ্ধে প্রয়োজনীয় সব তথ্যপ্রমাণ জোগাড় করতে পারতাম আমি। কিন্তু সে সুযোগ আমাকে দেয়া হয়নি।

চুপচাপ হজম করেছি অবিচারটা, এছাড়া কিছু করার ছিল না আমার। তারপর একটু একটু করে মন বসিয়েছি স্বদেশ থেকে হাজার মাইল দূরের এই বিদেশী দ্বীপে-বেশ আনন্দেই তো আছি। কিন্তু ভাগ্যাকাশে আজ আবার দেখা দিয়েছে অশুভ কালো মেঘ।

আবার ভাবলাম, অশুভ বটে, কিন্তু কেন যেন মনে হচ্ছে এই কালো মেঘের ওপারেই লুকিয়ে আছে ঝলমলে সুদিন, এই কালো মেঘই বুঝি নিয়ে এসেছে অভিশাপ-মুক্তির একটা সুবর্ণ সুযোগ। যদিও আমার এই মনে হওয়ার পেছনে কোনই যুক্তি-প্রমাণ নেই।

কারা এরা? কে পাঠিয়েছে এদেরকে? কি খুঁজছে? কোথায় দেখেছে আমার ফটো? এক এক করে অসংখ্য প্রশ্ন ভিড় করে আসছে মনে। একটার উত্তরও জানা নেই আমার। আমার প্রতি নিরোর ক্ষীণ একটু দুর্বলতা লক্ষ করেছি, সেটাকে কাজে লাগানো যায় না? এই ভেবে ফিরলাম ওর দিকে।

চ্যানেলের ওপর দিয়ে গ্র্যাণ্ড হারবারের দিকে এগোচ্ছে জলকুমারী। গুরুত্বহীন হালকা বিষয়ে কথা বলছি আমরা। অনুমান করতে পারছি আমি, নেকড়েজোড়া তাদের উদ্দেশ্য সবটা। প্রকাশ করেনি নিরোর কাছে। ছেলেটা সরল, বুঝতেই পারছে না কি ভয়ঙ্কর প্ল্যান এঁটেছে ওরা। তাই এখনও স্বাভাবিক আচরণ করতে পারছে ও। চতুরতা ওর ধাতে নেই, তার প্রমাণও দেখতে পাচ্ছি চোখের সামনে। নিরোর পুরো নাম সামরিক গুপ্ত-তথ্যের মত গোপন করে গেছে আমার কাছে ব্ল্যাঙ্ক, নিশ্চয়ই নিরোকেও সতর্ক করে দিয়েছে সে, কিন্তু নিরো সতর্ক হতে পারেনি। তার গলায় একটা সিলভারের চেন রয়েছে, তাতে একটা পিতলের চাকতি ঝুলছে, চাকতিতে খোদাই করা রয়েছে ডাক্তারের উদ্দেশ্যে একটা সতর্কবাণী জে. এ. নিরোকে পেনিসিলিন দেয়া যাবে না। চাকতিটা লুকিয়ে রাখার কথা মনেই পড়েনি নিরোর।

হালকাভাবে প্রশ্ন করে এক-আধ টুকরো তথ্য জেনে নিচ্ছি। ভবিষ্যতে এগুলো কাজে লাগতেও পারে। আমার অভিজ্ঞতায় বলে, অজ্ঞানতাই তোমার সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে। নিজেকে আরও যাতে মেলে ধরার ইচ্ছা জাগে ওর তাই এমন সব বিষয়ে কথা বলতে শুরু করলাম যা শুনে বিস্মিত এবং কৌতূহলী হয়ে ওঠে ও।

চ্যানেলের ওদিকে ওই রীফটা দেখতে পাচ্ছ, যেখানে উথলে পড়ছে স্রোতটা? ওটা ডেভিল ফিশ রীফ-বিশ ফ্যাদম খাড়া নেমে গেছে সাগরের নিচে। বিশাল সব বুল গ্রুপারদের আস্তানা ওটা। ওখানে ওদের একটাকে মেরেছিলাম গত বছর, ওজন ছিল দুশো কিলোর বেশি।

দুশো কিলো! সবিস্ময়ে বলল নিরো। মাই গড, তার মানে প্রায় সাড়ে চারশো পাউণ্ড!

হ্যাঁ। তার মুখের ভিতর তোমার মাথা এবং কাঁধ দুটো অনায়াসে ঢুকে যাবে।

এর একটু পরই মুখ খুলল নিরো। ইতিহাস এবং দর্শন নিয়ে পড়াশোনা করছিল সে কেমব্রিজে, কিন্তু সাগরের পিছনে বড় বেশি লেগে থাকার দরুন লেখাপড়াটা ছাড়তে হয়েছে। এখন সে ছোটখাট একটা ডাইভিং ইকুইপমেন্ট সাপ্লাই কোম্পানি এবং আণ্ডার ওয়াটার স্যালভেজ আউটফিটের মালিক। এ থেকে খেয়ে পরে বেঁচে থাকার মত রোজগারও করছে সে, আবার হপ্তায় প্রায় প্রতিদিনই ডাইভ দেয়ার সুযোগও পাচ্ছে। ব্যক্তিবিশেষের অর্ডার নেয় সে। সরকার এবং নেভীর কিছু কাজ করার জন্যেও চুক্তি করেছে।

দুবার রাফেলা নামটা উচ্চারণ করল ও। হালকাভাবে জানতে চাইলাম, কে? গার্লফ্রেণ্ড, নাকি ওয়াইফ?

বোন, স্নেহময়ী বড় বোন–ও-ই তো ব্যবসার মাথা, খাতাপত্র সব ঠিকঠাক রাখে। আরও কিছু কথা বলল ও। ওর বোন নাকি একজন কংকোলজিস্ট, সী-শেল থেকে বছরে দুহাজার পাউণ্ড রোজগার করে। কিন্তু নেকড়েদের সান্নিধ্যে এল কিভাবে বা নিজের স্পার্টর্স শপ ছেড়ে দুনিয়ার অর্ধেকটা ঘুরে এখানে কেন এসেছে সে-সম্পর্কে কিছু বলল না।অ্যাডমিরালটি জেটিতে নামিয়ে দিলাম ওদেরকে। তারপর সন্ধ্যার আগে রি-ফুয়েলিংয়ের জন্যে জলকুমারীকে নিয়ে চলে গেলাম শেল বেসিনে।

<

Super User