সেদিন সন্ধ্যায় কয়লার গনগনে আগুনে ধরে গ্রিল করে নিলাম কিংফিশটাকে। আলুর চপগুলোকে ঠাণ্ডা বিয়ারে ধুয়ে নিয়ে বসলাম বারান্দায়। পামগাছের ফাঁক দিয়ে সৈকতে দেখা যাচ্ছে সাদা ফেনারাশি। সাগর যেন উন্মাতাল হয়ে উঠেছে আজ, বড় বেশি তোলপাড় লক্ষ করছি। নাকি মনের অস্থিরতার জন্যে এমন লাগছে? পামগাছের ফাঁকে হেডলাইট দুটোকে দেখে একটুও অবাক হলাম না। জানতাম ওরা আসবে। গেটটা তাই খুলেই রেখেছি।

ভিতরে ঢুকে ট্যাক্সিটা আমার পিকআপের পাশে থামল। ড্রাইভারকে গাড়িতে রেখে নামল ওরা দুজন। নিরোকে হিলটনে রেখে এসেছে ওরা।

পিছনে প্যানথারকে নিয়ে বারান্দায় উঠে এল ব্ল্যাঙ্ক।

ড্রিঙ্ক? সাইড টেবিলের বোতল আর বরফের দিকে ইঙ্গিত করলাম আমি। নিজেদের জন্যে দুটো গ্লাসে জিন ঢালল প্যানথার। আমার সামনের চেয়ারটায় বসল ব্ল্যাঙ্ক।

গেট খোলা, টেবিলে তিনটে গ্লাস, বারান্দায় অতিরিক্ত একটা চেয়ার, বলল ব্ল্যাঙ্ক, তুমি জানতে আমরা আসব?

নিঃশব্দে হাসলাম শুধু।

আমার মাছ খাওয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করল ব্ল্যাঙ্ক, তারপর বলল, কয়েকটা ফোন করে জানলাম বছর তিনেক আগে আগস্ট মাসে লণ্ডন থেকে গায়েব হয়ে গেছে গুরুদয়াল সিং, সেই থেকে তার আর কোন খবর পাওয়া যায়নি। আরও কয়েক জায়গায় খবর নিয়ে জানা গেল সেই বছরেরই সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া থেকে মাসুদ রানা নামে এক লোক জলকুমারী নামে একটা বোট নিয়ে এই দিকে এসেছে। বিশ্বস্তসূত্রে প্রকাশ গুরুদয়াল সিং এবং মাসুদ রানা নাকি একই ব্যক্তি। হাঁটুর উপর একটা দাগ এবং ডান বাহুর উপর একটা বুলেটের আঁচড় নাকি তাই প্রমাণ করে। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে, মাসুদ রানা?

কিছু বলার নেই। সরু, কালো একটা চুরুট ধরিয়ে ব্ল্যাঙ্কের মুখের দিকে একরাশ ধোঁয়া ছাড়লাম আমি।

ঝট করে আমাদের দুজনের দিকে পিছন ফিরে দাঁড়াল প্যানথার। তার রাগের কারণ বোঝা গেল এক মুহূর্ত পর। ওস্তাদের যত নরম কায়দা! চাপা স্বরে ক্ষোভ প্রকাশ করছে সে। এত করে বললাম প্রথমে ওর কটা দাঁত ভাঙার সুযোগ দাও আমাকে, তা না…

তুমি ব্যবসা বোঝ না, মৃদু কণ্ঠে বলল ব্ল্যাঙ্ক। তারপর চারদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে আমার দিকে তাকাল। বলল, বেশ গুছিয়ে নিয়েছ দেখছি। আরামেই আছ তাহলে? কিন্তু দুই লাখ পঁচিশ হাজার পাউণ্ড স্টার্লিংয়ের দাও মেরে কি এর চেয়ে আরামে থাকতে পারতে না? ভয় পেয়ে একেবারে এতদূরে, এই নির্জন, গেঁয়ো জায়গায় পালিয়ে এসেছ!

সিডনি শেরিডানকে সত্যি ভয় পাই, মৃদু কণ্ঠে বললাম আমি।

কিন্তু টোপটা নিল না ব্ল্যাঙ্ক। এই নামের কাউকে চেনে সে ভাবই দেখাল না। আবার জিজ্ঞেস করল, সুখ এবং শান্তির সংজ্ঞা এক-একজনের কাছে এক-এক রকম-তুমি বোধহয় এখানে খুব। সুখেই আছ, কি বল?

হ্যাঁ-তবে খেটে খেতে হয়।

কিন্তু জেলখানায় ইট ভাঙা বা মাটি কাটার চেয়ে আরামে আছ, অস্বীকার করতে পার?

তা ঠিক।

আমাদের নিরো খোকা কাল তোমাকে কয়েকটা প্রশ্ন করবে। সে যা জানতে চাইবে, চেপে না রেখে সব তাকে জানাবে তুমি, রানা। তোমার কাছ থেকে পূর্ণ সহযোগিতা চাই আমি। কাজ শেষ করে যখন চলে যাব, আমাদের সাথে দেখা হয়েছিল একথা সম্পূর্ণ ভুলে যাবে তুমি। আমরাও কাউকে বলব না কোথায় আছে। গুরুদয়াল সিং ওরফে মাসুদ রানা। রাজি?

সম্পূর্ণ, বললাম আমি। কিন্তু বুঝলাম, ওদের কাজ শেষ। হবার আগেই আমি কিছু করে বসতে পারি ভেবে দুশ্চিন্তায় পড়ে গেছে ওরা, সেজন্যেই আমাকে অভয় দিতে এসেছে। আপোস রফার প্রস্তাবটা ভুয়া, ওরা ফিরে যাবার আগে স্থায়ীভাবে আমার মুখ বন্ধ করার ব্যবস্থা করবে, তা সে যেভাবেই হোক।

ভাবলাম কাল সকালে ওরা খুব ভোরে রওনা হতে চাইবে,। কিন্তু সে-সম্পর্কে কোন কথা না বলেই বিদায় নিল। ঘুম আসবে বুঝতে পেরে সৈকতে নেমে এসে হাঁটতে শুরু করলাম আমি। বে-র বাকটা নিয়ে মাটন পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। ঝড়ে ধরাশায়ী একটা গাছের চওড়া কাণ্ড কবে জানি গড়িয়ে নেমে এসেছে সৈকতে, রাতে কখনও এদিকে এলে ওটার উপর বসি আমি। আজ চিৎ হয়ে শুয়ে পড়লাম।

চারদিকে কোথাও কেউ নেই, সামনে উত্তাল সাগর, তার। উন্মত্ত বিলাপ আর বাতাসের আহাজারী। নিজেকে নিঃসঙ্গ আর। ক্ষুদ্রাতিক্ষুদ্র মনে হল আমার। কে আমি? কোথা থেকে এলাম, আর কোথায় যাব? নিখিল বিশ্ব…কোথায় এর শেষ? প্রশ্নের শেষ নেই, কিন্তু কে দেবে উত্তর?

এক সময় ক্লান্তিতে চোখ বুজলাম আমি, তারপর আবার যখন চোখ মেলে তাকালাম, তখন মধ্যরাত পেরিয়ে গেছে, পাম গাছের মাথার ওপর চাঁদ উঠেছে-গ্রাম, শিশুকাল, শিশির ভেজা মাঠ, নকশী কাঁথা, পদ্মপাপড়ির মত মায়ের খোলা চোখ আর শোলক বলা কাজলা দিদির কথা মনে পড়ে গেল। ব্যথায় টনটন করে উঠল বুকটা। উঠে দাঁড়ালাম আমি। চাঁদের আলোয় তাকিয়ে দেখি উথালপাথাল সাগর আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে, বলছে, চলে এসো, চলে এসো-আমিই তোমার আদি মাতা।

.

পরদিন ভোরে সূর্য ওঠার আগেই জেটিতে পৌঁছুলাম। গিয়ে দেখি ডিঙি নৌকাটা নেই সেখানে। ফেরীর ফোরম্যান হ্যামবোন আমাকে তার ডিঙিতে তুলে নিল। নোঙর ফেলা জলকুমারী অনেক দূরে কুয়াশায় ঢাকা। কাছাকাছি পৌঁছে দেখলাম ককপিটে ঘোরাফেরা করছে পরিচিত একটা অস্পষ্ট মূর্তি।

হেই রডরিক, লাফ দিয়ে ডেকে নেমে বললাম, বেগম বুঝি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাকে?

আমার দিকে ফিরেও তাকাল না রডরিক। দিনের আলো এখনও ভালভাবে ফোটেনি, অথচ গোটা ডেক ঝকঝক করছে। ধাতুর তৈরি প্রতিটি জিনিস মেজেঘষে আয়নার মত করে তোলা হয়েছে। জলকুমারীকে আমার মতই প্রাণ দিয়ে ভালবাসে রডরিক, মাঝেমাঝে সন্দেহ হয়, আমার চেয়ে বুঝি একটু বেশিই ভালবাসে।

এটা কি একটা বারোয়ারী পেচ্ছাবখানা, মাসুদ? সাবানপানি দিয়ে ডেকটা দ্বিতীয়বার ধুচ্ছে রডরিক। কেমন লোক তোমার এই পার্টি, বোটের মর্যাদা বোঝে না! আরে, কোথায় পা ফেলছ?

এগোতে গিয়েও থমকে দাঁড়ালাম আমি।

পা মুছে তারপর যেখানে খুশি যাও, সতর্ক করে দিল আমাকে। তারপর বলল, তোমার জন্যে কফি তৈরি করে। রেখেছি, সেলুনে চলে যাও।

তাড়াতাড়ি পালিয়ে এলাম সেলুনে। বুঝলাম ঘন্টা দুই আগে পৌঁছেচে রডরিক, সেই থেকে জলকুমারীকে দম ফেলার ফুরসত দেয়নি।

খানিক পর সেলুনে এল ও। প্রকাণ্ড মুখটা থমথম করছে। বুঝলাম কি যেন বলতে চায় আমাকে। জিজ্ঞেস করলাম, ল্যাম্পনি কোথায়?

রায়ানো বেওয়াদের মনোরঞ্জন করছে, কর্কশ গলায় বলল ও।

সমর্থ সব পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই সেন্ট মেরীতে, তাই তাদের বেশির ভাগই রায়ানো দ্বীপে মার্কিন এয়ারফোর্স বেস-এ তিন বছরের চুক্তিতে কাজ করতে যায়। যুবতী স্ত্রীদের রেখে যায় সেন্ট মেরীতে, রডরিকের ভাষায় এই সকল মেয়েরা রায়ানো বেওয়া।

ল্যাম্পনিকে দুঘা লাগানো দরকার তোমার, মাসুদ, চিন্তিতভাবে বলল রডরিক। এভাবে চললে আমি বাজি রেখে বলতে পারি ওর মগজ পচে যাবে। সেই সোমবার থেকে আজ পর্যন্ত রাতদিন চব্বিশ ঘন্টা এতেই মেতে আছে ও।

ল্যাম্পনির ভাল-মন্দের ব্যাপারে সব সময়ই উদ্বিগ্ন থাকে রডরিক, কিন্তু এই মুহূর্তে ওর কণ্ঠস্বরে ক্ষীণ একটু ঈর্ষার সুরও লক্ষ করলাম।

আমি চুপ করে আছি দেখে প্রসঙ্গ বদল করল ও। জানতে চাইল। তোমার পার্টির লোকেরা কেমন?

প্রচুর টাকা দিচ্ছে।

কফির কাপ থেকে মুখ তুলে এই প্রথম আমার দিকে তাকাল রডরিক। বলল, তোমরা মাছ ধরছ না, মাসুদ। কুলি পীক থেকে লক্ষ্য করেছি আমি। চ্যানেলের ধারে-কাছেও যাও না। ইনশোরে কি যেন করছ তোমরা।

ঠিক ধরেছ, রডরিক, এরবেশি কিছু বললাম না আমি, কোন প্রশ্নও করল না ও।

শুধু বলল, এই, মাসুদ। ওদের ওপর নজর রেখো। মেজাজ গরম করবে না, আর ভুলেও অসতর্ক হবে না। মানুষ ভাল না ওরা। ছোকরাটার কথা জানি না, কিন্তু বাকি দুজন অসুবিধে।

মনে রাখব তোমার কথা।

গত বছর হোটেলে যে নতুন মেয়েটা এসেছে, মারিয়া, তাকে তো তুমি চেন।

ভুরু কুঁচকে উঠল আমার। শুধু সুন্দরী নয়, অত্যন্ত সাদাসিধে আর সরল মেয়ে মারিয়া। দ্বীপের সবাই ওকে পছন্দ করে। কি হয়েছে তার?

গত রাতের খবর এটা, বলল রডরিক। লালমুখোটা মারিয়াকে নিজের কামরায় নিয়ে গিয়েছিল।

অতিরিক্ত দুপয়সা কামাবার জন্যে হোটেলের কাজ সেরে বাছাই করা কিছু বোর্ডারের মনোরঞ্জন করতে যায় বটে মারিয়া। বললাম, তাতে কি হয়েছে?

লোকটা প্রচণ্ড মারধোর করেছে মারিয়াকে, কফি শেষ করে পিরিচে ঠক করে কাপটা নামিয়ে রাখল রডরিক। তারপর এত বেশি টাকা দিয়েছে যে মারিয়া আর পুলিসের কাছে যায়নি।

নিঃশব্দে শুনলাম কথাটা, কিন্তু প্যানথারের উপর রাগের মাত্রা আরও কয়েক ডিগ্রী বাড়ল আমার। মারিয়ার মত মেয়ের গায়ে হাত তোলা শুধু কাপুরষতা নয়, চরম নীচতার পরিচয়।

লোক ভাল নয় ওরা, মাসুদ। এটা তোমার জানা উচিত বলে মনে করি।

ধন্যবাদ, রডরিক।

পরমুহূর্তে দপ করে জ্বলে উঠল রডরিক। সাবধান-ফের যদি ওরা জলকুমারীকে নোংরা করে, তোমাকে ধরব আমি। সেলুন আর ডেক হেগে-মুতে বিচ্ছিরি করে রেখেছিল–চোখ বুঁজে ছিলে নাকি?

জলকুমারীকে অ্যাডমিরালটি জেটিতে নিয়ে আসতে আমাকে। সাহায্য করল ও, তারপর গজ গজ করতে করতে নেমে গেল। জানি, সারাটা দিন স্ত্রীর কাছে আমার নামে অসংখ্য অভিযোগ করবে ও আজ। জলকুমারীর দুর্দশা দেখলে মেজাজ ঠিক থাকে না ওর।

রোদ উঠতে একা পৌঁছুল নিরো। হাই, স্কিপার, ডেকে লাফিয়ে পড়ে একগাল হাসল সে।

সেলুনে নিয়ে গিয়ে কফি খেতে দিলাম ওকে। আমার কাছ থেকে কি নাকি জানার আছে তোমার, সত্যি?

দেখুন, মি. রানা, তার বক্তব্য আমাকে বিশ্বাস করাবার। জন্যে ব্যস্ততার সাথে বলল নিরো, আরও আগে আপনার সাহায্য চাওয়ার জন্যে আমি দায়ী নই। আমি ওদেরকে প্রথম থেকেই বলেছি, স্কিপার ভাল মানুষ, তার সাহায্য নিতে পারি আমরা। কিন্তু ওরা রাজি হয়নি। যাই হোক, আজ হঠাৎ ওরা আমার কথা মেনে নিয়েছে।

যাই হোক, অন্যমনস্কভাবে বললাম আমি। ভাবছি অন্য কথা। নিরোকে একা আসতে দিল কেন ব্ল্যাঙ্ক? এর একমাত্র সম্ভাব্য উত্তর হতে পারে, নিরো মূল্যবান কিছু তথ্য নিজের কাছে রেখে দিয়েছে, যা সে এখুনি ওদের সাথে ভাগাভাগি করতে চায় না। এই রহস্যময় তথ্যগুলোই নিরোর ইনশিওরেন্স। তাই আমার সাথে আলোচনার সময় সাথে আর কাউকে নিতে চায়নি সে। তারাও জোর খাটাতে পারেনি।

স্কিপার, আমার মনোযোগ আকর্ষণ করল নিরো, আমরা একটা দ্বীপ খুঁজছি, নির্দিষ্ট একটা দ্বীপ-কেন, তা আমি আপনাকে বলতে পারব না। দুঃখিত।

কিছু এসে যায় না, ওকে জানালাম। কিন্তু মনে মনে বললাম, ওদের কাছ থেকে কি আশা কর তুমি, নিরো? সেই নির্দিষ্ট দ্বীপে ওদেরকে একবার নিয়ে গেলেই তোমার প্রাণের শত্রু হয়ে উঠবে ওরা, এ কথা কি একবারও ভাবছ না? সুদর্শন চেহারার দিকে আরেকবার তাকালাম আমি। হঠাৎ অনভ্যস্ত স্নেহে ছেয়ে গেল আমার বুক। সম্ভবত ওর সরলতাই এর কারণ। দেখলাম রোমাঞ্চের উত্তেজনায় ছেলেটা একেবারে অন্ধ হয়ে গেছে, ক্লান্ত বুড়ো দুনিয়াটা যে আসলে জায়গা হিসেবে খুব ভাল নয় সে সম্পর্কে ওর কোন ধারণাই নেই।

কিছু যদি মনে কর, একটা কথা জিজ্ঞেস করব?

একশোবার, স্কিপার-কি আবার মনে করব! উৎসাহ দিয়ে বলল নিরো।

কতটুকু চেন তুমি ওদেরকে, নিরো? বিস্ময় ফুটে উঠল নিরোর চোখে, পরমুহূর্তে গম্ভীর হল সে। ভালই চিনি, সাবধানে উত্তর দিল সে। কেন?

একমাসও হয়নি ওদের সাথে পরিচয় হয়েছে তোমার, অন্ধকারে ঢিল ছুঁড়লাম, নিরোর চেহারা দেখে বুঝলাম ঠিক জায়গাতেই গিয়ে লেগেছে সেটা। কিন্তু জ্ঞান হবার পর থেকে এ ধরনের লোকদেরকে চিনি আমি।

কিন্তু আপনার এসব কথার অর্থ আমি বুঝতে পারছি না, মি. রানা। ওকে ছেলেমানুষ ধরে নিয়েছি, এটা বুঝতে পেরে বিরূপ হয়ে উঠেছে আমার ওপর।

শোনো, নিরো। যে উদ্দেশ্যেই এসে থাক, ভুলে যাও সব। তোমার ভালর জন্যেই বলছি। ঘরের ছেলে ঘরে ফিরে যাও তুমি। এর মধ্যে তোমার কোন স্বার্থ রক্ষা হবে না।

অসম্ভব, বলল নিরো। আপনি এসব বুঝবেন না।

বুঝি, নিরো। সত্যিই বুঝি। এই একই পথের এ মাথা থেকে সে-মাথা পর্যন্ত আসা যাওয়া করেছি আমি কয়েকবার, এর। ভালমন্দ সব জানি। এরপর কাতর কণ্ঠে বললাম, তোমার কোন ক্ষতি হোক, তা চাই না, নিরো। আমি হয়ত নিজেকে নিয়েই এত ব্যস্ত থাকব যে তোমার দিকে খেয়াল দিতে পারব না…

নিজেকে রক্ষা করতে জানি আমি। দয়া করে আমার জন্যে দুশ্চিন্তা করবেন না। মুখটা লাল হয়ে উঠেছে ওর।

পরস্পরের দিকে তাকিয়ে থাকলাম আমরা। বুঝতে পারছি, ভাবাবেগ এবং সময় দুটোই অযথা ব্যয় করছি আমি। ওর বয়সে আমার সাথে কেউ যদি এভাবে কথা বলত তাকে আমিও অথর্ব ভাবতাম।

ঠিক আছে, নিরো, মৃদু কণ্ঠে বললাম ওকে, এ প্রসঙ্গে আর কিছু বলছি না তোমাকে। কিন্তু একথা ঠিক তোমার কিছু হলে। খারাপ লাগবে আমার।

ভাববেন না, কিছুই হবে না আমার। ধীরে ধীরে সহজ হয়ে এল নিরো। সরল, সুন্দর হাসিতে ভরে উঠল আবার তার মুখ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দ্বীপটার কথা কি বলবে বল।

কেবিনের চারদিকে তাকাল নিরো, তারপর প্রস্তাব করল, চলুন, ব্রিজে যাই।

খোলা জায়গায় এসে চার্ট টেবিলের উপরের শেলফ থেকে একটা প্যাড আর এক টুকরো পেন্সিল টেনে নিল ও। আমার ধারণা, আফ্রিকার তীর ভূমির ছয় থেকে দশ মাইল দূরে, এবং রোভুমা নদীর মুখ থেকে দশ থেকে ত্রিশ মাইল উত্তরে পাওয়া যাবে দ্বীপটাকে।

এ তো বিশাল একটা এলাকা, নিরো, বললাম ওকে। শুধু এটুকু জানলে ওটাকে খোঁজার কোন মানে হয় না-পাওয়া প্রায় অসম্ভব। আর কি জানো বল।

আমার চোখে চোখ রেখে কয়েক সেকেণ্ড ইতস্তত করল ও।

তারপর মাথা নিচু করে কি যেন ভাবল। অবশেষে মনস্থির করে পেন্সিল দিয়ে প্যাডে একটা নিচু দিগন্তরেখা আঁকল। সী লেভেল…, বলল ও, তারপর দিগন্তরেখাটার গা থেকে একটা রেখা তুলে পাশাপাশি উঁচু-নিচু ভঙ্গিতে টেনে নিয়ে চলল, এবং হঠাৎ রেখাটা উঠতে শুরু করল উপরদিকে খাড়াভাবে। রেখাটা আবার নেমেও এল প্রায় খাড়াভাবে। এইভাবে তিনবার। স্পষ্ট তিনটে পর্বতচূড়া এঁকেছে নিরো, বুঝতে অসুবিধে হল না। বলল, কাঠামোটা সাগর থেকে এই রকম দেখতে হবে। পাহাড় তিনটে ভলক্যানিক ব্যাসাল্ট, ঘাস বা গাছপালা নেই বললেই চলে, শুধুমাত্র পাথর।

দি ওল্ড মেন…, দেড় জোড়া বুড়োকে দেখেই চিনেছি আমি। কিন্তু হিসেবে ভুল আছে তোমার, নিরো। তীর থেকে কমপক্ষে বিশ মাইল দূরে ওগুলো।

কিন্তু মেইন ল্যাণ্ড থেকে দৃষ্টিসীমার মধ্যে তো? দ্রুত জানতে চাইল ও। দৃষ্টিসীমার মধ্যে হতে হবে…

তা হবে। পাহাড়ের মাথা থেকে অনেকদূর দেখতে পাওয়া যায়।

আমার চোখে চোখ রেখে প্যাড থেকে স্কেচ আঁকা কাগজটা ছিড়ে নিল নিরো। সেটাকে টুকরো টুকরো করল যত্নের সাথে, তারপর ফেলে দিল হারবারে। নদী থেকে কতটা উত্তরে?

ষাট থেকে সত্তর মাইলের মধ্যে।

চিন্তিত দেখলাম নিরোকে। একটু পর মাথা ঝাঁকাল সে, বলল, হ্যাঁ, তাই হবে-তাই হওয়া উচিত, অনিশ্চিত ভঙ্গিতে হাসল একটু। মিলে যাচ্ছে। কিন্তু নির্ভর করছে কতক্ষণ লাগবে আমাদের… একটু থেমে প্রশ্নটা সরাসরি করল আমাকে, ..ওখানে আমাদেরকে নিয়ে যেতে পারবেন, স্কিপার?

পারব। কিন্তু অনেক দূরের পথ। বোটে রাত কাটাবার জন্যে তৈরি হয়ে এলে সবচেয়ে ভাল হয়।

ওদেরকে ডেকে নিয়ে আসছি, ব্যস্ত এবং উত্তেজিতভাবে নেমে গেল নিরো। কিন্তু জেটিতে পৌঁছে ঘুরে দাঁড়িয়ে ব্রিজের দিকে তাকাল আবার সে। বলল, দ্বীপটা সম্পর্কে…কি রকম দেখতে বা কি নাম ইত্যাদি বিষয়ে ওদের সাথে আলোচনা করবেন না-ও. কে?

ঠিক আছে, নিরো, আশ্বাস দিয়ে বললাম। যাও তুমি।

অ্যাডমিরালটি চার্ট দেখার জন্যে নিচে নেমে এলাম আমি। ব্যাসাল্ট পাথরের শৈলশিরার মধ্যে দ্য ওল্ড মেন পর্বতশৃঙ্গগুলো সবচেয়ে উঁচু। আফ্রিকার মেইনল্যাণ্ডের সাথে সমান্তরালভাবে দীর্ঘ দুশো মাইল বিস্তার এই রীফের। পানির নিচে অদৃশ্য হয়ে গেছে। রীফটা, কিন্তু খানিক পর পর আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ছড়ানো ছিটানো প্রবাল দ্বীপ, বালি-দ্বীপ এবং মগ্নচড়ার বিশৃক্সখলতার মধ্যে এর উপস্থিতি প্রকট। দি ওল্ড মেন বসবাসের অনুপযোগী। পানি নেই ওখানে। ওগুলোকে ঘিরে রীফের ভিতর। দিয়ে কয়েকটা গভীর চ্যানেল রয়েছে। যে এলাকা জুড়ে নিয়মিত আসা যাওয়া আমার, তার চেয়ে অনেক উত্তরে জায়গাটা, তবে গত বছর একদল বায়োলজিস্টকে নিয়ে ওখানে যেতে হয়েছিল আমাকে।

ওল্ড মেনের উল্টো দিকের একটা দ্বীপে তিন দিনের জন্যে। তবু গেড়েছিলাম আমরা। ঘেরা খাড়িতে সব আবহাওয়ার উপযোগী একটা অ্যাঙ্কোরেজ আছে ওখানে। পামগাছের মাঝখানে জেলেরা একটা কুয়া তৈরি করে রেখেছে, লবণাক্ত হলেও তার পানি খাওয়া যায়। অ্যাঙ্কোরেজে দাঁড়িয়ে চ্যানেলের ওপারে দ্য ওল্ড মেন-এর কাঠামো ঠিক নিরো যেভাবে এঁকেছে সেই রকম দেখতে লাগে। সেজন্যেই দেখা মাত্র চিনতে পেরেছি আমি।

আধঘন্টা যেতে না যেতেই গোটা দল এসে হাজির। ট্যাক্সির। মাথায় রশি দিয়ে বাঁধা এবং সবুজ ক্যানভাস দিয়ে মোড়া। মোটাসোটা কিছু, হয়ত কোন ইকুইপমেন্ট নিয়ে এসেছে। এটাকে বয়ে আনার জন্যে দ্বীপের দুজন বেকার যুবককেও ধরে আনতে ভুল করেনি। যার যার ব্যাগ কাঁধে ঝুলিয়ে এদেরকে অনুসরণ করছে ওরা তিনজন।

ধরাধরি করে ফোরডেকে নিয়ে এসে নামিয়ে রাখল ওরা ক্যানভাস মোড়া জিনিসটা। কিছুই জানতে চাইলাম না আমি। প্যানথারের কপালে এবং নাকের পাশে আঁচড়ের কয়েকটা দাগ লক্ষ করলাম। সাদা ক্রীম লেপে সেগুলোকে চাপা দেবার ব্যর্থ চেষ্টা করেছে ও। হোটেল হিলটনের মারিয়াকে মারধোর করেছে ও, কথাটা ভুলিনি। মারিয়া আর কিছু না পারুক, নখ দিয়ে ওর মুখ আঁচড়ে দিয়েছে বুঝতে পেরে একটু খুশি লাগল। চোখাচোখি হতে হাসলাম আমি। তোমাকে আবার মারল কে হে?

আমার দিক থেকে চোখ না সরিয়ে ধীরে ধীরে বসল প্যানথার ফাইটিং চেয়ারে। জবাব দিল না দেখে আবার বললাম, যা সুন্দর লাগছে তোমাকে, ইচ্ছা করলেই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে পার।

শেষ চুমুক দিয়ে খালি বিয়ারের ক্যানটা শূন্যে ছুঁড়ে দিল সে, একটানে পিস্তল বের করে টার্গেট প্র্যাকটিস করল। ফুটো ক্যানটা ছিটকে চলে গেল জলকুমারীর বাইরে, তারপর পানিতে পড়ল। আমার দিকে ফিরে নিঃশব্দে অর্থপূর্ণ হাসি হাসল সে। কথা বলল না।

সারাটা পথ একের পর এক বিয়ার খেল সে, এবং প্রতিটি ক্যানে গুলি লাগাল অব্যর্থভাবে।

দুপুরে নিরোকে হুইল দিয়ে ডেকের নিচে নামলাম। কেবিনেট খুলে জিনের বোতল নিয়ে বসে আছে দেখলাম ব্ল্যাঙ্ক।

আর কতদূর? জানতে চাইল সে। হরদম মদ খাচ্ছে বলে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে বসেও ঘামছে। এর জন্যে ভুগতে হবে তাকে।

আর দেড়-দুই ঘন্টা।

সুযোগ বুঝে নর্দার্ণ টাইড চ্যানেলের ভিতর দিয়ে যাবার প্রসঙ্গ তুলে আরও তিনশো ডলার খসালাম ওর পকেট থেকে।

ঝাঁ-ঝাঁ রোদে সামনেটা ঝাঁপসা। দি ওল্ড মেন-এর মাথা। তিনটে কালো ভূতের মুণ্ডুর মত বিচ্ছিন্ন দেখাচ্ছে, চ্যানেলের ওপর ঝুলছে যেন। চোখে বিনকিউলার তুলে চূড়া তিনটে পরীক্ষা করছে নিরো, অনেকক্ষণ ধরে দেখার পর বিনকিউলার নামাল সে, আমার দিকে ফিরে সানন্দে হাসল। ছুটে ককপিটে নেমে যাবার। আগে বলল, মিলে গেছে, স্কিপার!

ফোরডেকের উপর দিয়ে দ্রুত এগোল ওরা, ক্যানভাসে ঢাকা কার্গোটাকে পাশ কাটিয়ে রেলিংয়ের সামনে দাঁড়াল পাশাপাশি, কাঁধে কাঁধ ঠেকিয়ে। দ্বীপটার দিকে সম্মোহিতের মত তাকিয়ে। আছে।

উজান স্রোতের অনুকূলে চ্যানেল পেরোচ্ছে জলকুমারী, ঠিক করেছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওল্ড মেনের পুবপ্রান্তে। পৌঁছুবার চেষ্টা করব এবং সবচেয়ে কাছের চূড়াটার নিচের সৈকতে বোট ভিড়াব। এই উপকূল ভরাজোয়ারের সময় সতেরো ফুট তলিয়ে যায়, তাই অগভীর পানিতে যেতে নেই। বোকামি করে কেউ যদি যায়, ভাটার সময় বোটের নিচ থেকে পানি সরে যাবার পর আবিষ্কার করবে শুকনো জায়গায় উঠে বসে আছে তার বোট।

আমার হ্যাণ্ড-বিয়ারিং কম্পাসটা চেয়ে নিয়ে নিরো সেটা প্যাকেটে ভরল তার চার্ট, পানি ভর্তি থারমস আর এক বোতল সল্ট ট্যাবলেটের সাথে। সন্তর্পণে বীচের দিকে এগোচ্ছি জলকুমারীকে নিয়ে, ওদিকে নিরো আর ব্ল্যাঙ্ক জুতো ও ট্রাউজার। খুলে তৈরি হচ্ছে। সাদা বালিতে বোটের কীল ধাক্কা খেতেই চিৎকার করে বললাম, ও. কে.-নেমে পড়ো এবার।

রেলিং টপকাল নিরো। মই বেয়ে নেমে যাচ্ছে সে। তাকে। অনুসরণ করছে ব্ল্যাঙ্ক। ওদের বগল পর্যন্ত ডুবে গেল পানিতে। মাথার উপর হ্যাভারস্যাকটা তুলে নিয়ে বীচের দিকে এগোচ্ছে নিরো।

দুঘন্টা! হাঁক ছেড়ে জানিয়ে দিলাম ওদেরকে। তার বেশি দেরি করলে তীরেই ঘুম দিয়ো। ভাটার সময় তোমাদেরকে তুলতে আসব না আমি।

হাত নেড়ে হাসল নিরো। জলকুমারীকে সাবধানে পিছিয়ে আনার সময় দেখলাম পায়ে ট্রাউজার গলিয়ে নিয়ে পামগাছের ভিতর দিয়ে হাঁটছে ওরা। একটু পরই দৃষ্টিসীমার বাইরে চলে গেল।

স্ফটিকের মত স্বচ্ছ পানিতে দশ মিনিট ঘোরাঘুরি করে যা খুঁজছিলাম পেয়ে গেলাম। পানির তলায় গাঢ় ছায়া মত দেখে জলকুমারীকে দাঁড় করালাম, নিচে নামিয়ে দিলাম একটা হালকা নোঙর।

ভুরু কুঁচকে সারাক্ষণ লক্ষ করছে আমাকে প্যানথার। একটা ফেস প্লেট আর একজোড়া দস্তানা পরে নিলাম। সাথে নিলাম ছোট একটা নেট আর ভারী একটা টায়ার লিভার। রেলিং টপকে মই বেয়ে নেমে গেলাম নিচে। উপর দিকে তাকিয়ে দেখি যা ভেবেছি তাই। রেলিংয়ের উপর ঝুঁকে পড়ে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে প্যানথার আমার দিকে। এ তোমার কম্ম নয়, বললাম ওকে। পানির চল্লিশ ফুট নিচে একেবারে তলায় দৃষ্টি চলে গেল আমার।

পানিতে ডুব দিয়ে এক দমে জাল ভর্তি ডাবল-শেল সান ক্ল্যাম তুলে আনতে পেরে নিজের ওপর খুশি হয়ে উঠলাম আমি। ফোরডেকে বসে খোলস ছাড়ালাম ওগুলোর, রডরিকের ভয়ে খালি শেলগুলো পানিতে ফেলে দিয়ে ধুয়ে ফেললাম ডেকটা। তারপর কিচেনে গিয়ে মিষ্টি শাসগুলো একটা স্টু-পটে ওয়াইন, রসুন, লবণ, কাঁচা মরিচ এবং সামান্য শুকনো মরিচ বাটার সাথে রেখে দিলাম। গ্যাসের চুলোটা জ্বালাই ছিল, আগুন কমিয়ে পটটা বসিয়ে দিলাম তাতে, এবং ঢাকনি চাপা দিয়ে বেরিয়ে এলাম ডেকে। রেলিংয়ের কাছ থেকে ফিরে এসে আবার নিজের মসনদে বসেছে প্যানথার। সিগারেট ধরিয়েছে একটা, কিন্তু মুখ দেখে। বোঝা যাচ্ছে মেজাজ ভাল নেই।

বল, মহারথী, কি অসুবিধে হচ্ছে তোমার? যেচে পড়ে জিজ্ঞেস করলাম ওকে। খুব বুঝি নিরস লাগছে? লাথি মারার জন্যে ছোট একটা মেয়ে পেলে খুশি হও?

চোখ কুঁচকে তাকাল ও আমার দিকে, ভাবছে খবরটা পেলাম কিভাবে। মুখটা বেশি ফাঁক হয়ে গেছে তোমার, রানা। মনে হচ্ছে সেলাই দরকার।

এ-ধরনের মিঠেকড়া বুলি বিনিময় চলল আমাদের মধ্যে,। তাতে চমৎকারভাবে কেটে গেল সময়টা। একসময় দূর সৈকতে। দুটো মূর্তিকে দেখা গেল-চিৎকার করে এবং হাত নেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। নোঙর তুলে আবার সন্তর্পণে এগিয়ে নিয়ে চললাম জলকুমারীকে।

বোটে উঠেই প্যানথারকে নিয়ে ফোরডেকে গোপন শলাপরামর্শে বসল ওরা। তিনজনই মহা উত্তেজিত, কিন্তু নিরো একেবারে টগবগ করে ফুটছে। কথা বলছে চাপা স্বরে, কিন্তু সবেগে হাত ছুঁড়ে আর মাথা ঝাঁকিয়ে চ্যানেলের দিকটা বারবার দেখাচ্ছে সে। এই প্রথম কোন বিষয়ে ওদেরকে আমি একমত হতে দেখলাম।

ওদের বৈঠক যখন শেষ হল, আর মাত্র এক ঘন্টা বাকি সূর্য ডুবতে। আলোচনার ফলাফল আমাকে ওরা জানাল না, আমিও কোনরকম কৌতূহল দেখালাম না। কিন্তু দাবির সুরে ব্ল্যাঙ্ক জানাল। আরও কিছুক্ষণ এই এলাকায় ঘোরাঘুরি করতে হবে। সরাসরি প্রত্যাখ্যান করলাম তাকে। বললাম, রাজি নই আমি। অন্ধকারে। ভাটার মধ্যে আটকা পড়ার কোন ইচ্ছে আমার নেই।

ব্ল্যাঙ্কের তাকিয়ে থাকাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চ্যানেল পেরিয়ে খাড়ির নিরাপদ অ্যাঙ্কোরেজে নিয়ে এলাম জলকুমারীকে। লাল টকটকে দিগন্তরেখার নিচে সূর্য ডোবার ঠিক আগেভাগে ভারী দুটো নোঙর ফেলে বোটটাকে শান্ত করলাম, নিজেকে বিশ্রাম দেবার জন্যে দিনের শেষ এবং সন্ধ্যার প্রথম স্কচ নিয়ে বসলাম ব্রিজে। নিচের সেলুনে আবার শুরু হয়েছে ওদের আলোচনা। উৎসাহ নেই, তাই আড়ি পেতে শোনার জন্যে ভেন্টিলেটারের কাছে গেলাম না। খাড়ি পেরিয়ে মশাদের প্রথম দলটা পৌঁছে যখন কানের কাছে সুর ভাঁজতে শুরু করল, চেয়ার ছেড়ে উঠে পড়লাম আমি, নিচে নেমে কেবিনে পা দিতেই আচমকা সবাই মৌত অবলম্বন করল।

জুস, পাইন অ্যাপলের সালাড, বেক করা বীফ-এর সাথে স্টুপ্যানের ক্ল্যাম মিশিয়ে পরিবেশন করলাম। চুপচাপ চার বোবায় খাওয়া শেষ করলাম। সবশেষে শুধু নিরো একটা কথা বলল। তার মৃদু কণ্ঠ ব্রাশ ফায়ারের মত বাজল কানে, নিস্তব্ধতা এমনই জমাট বেঁধে গিয়েছিল কেবিনের ভিতর। স্কিপার, আমার বোনের চেয়ে কেউ ভাল রাঁধতে পারে এ আমি বিশ্বাস করতাম না-আজ এক ধাপ নেমে গেল সে।

বঙ্গ ললনাদের স্বভাবসুলভ ভঙ্গিতে আরেকটা দেব কিনা জিজ্ঞেস করলাম না, তবে নিঃশব্দে হাসলাম। ওর দিকে তাকিয়ে বললাম, তোমার বোনের রান্না তো তাহলে এক দিন খেয়ে দেখতে হয়।

এবার ব্রাশ ফায়ার নয়, কেবিনে বোমা ফাটতে শুরু করল। হা হা করে হাসছে প্যানথার। তার এই হাসির কারণটা বুঝতে অসুবিধে হয়নি আমার।

মাঝরাতে ঘুম থেকে উঠলাম আমি। জলকুমারীর নোঙর চেক করার জন্যে বেরিয়ে এলাম ডেকে। সব ঠিকঠাক আছে দেখে নিয়ে ফিরতে যাব, এই সময় বাধা দিল আমাকে অকাতরে নেমে আসা ধবধবে চাঁদের আলো।

আমার চারদিকে অদ্ভুত এক মহিমায় উদ্ভাসিত রাতকে দেখতে পাচ্ছি। জলকুমারীর গায়ে স্রোতের পরশ লেগে মৃদু কল কল শব্দ উঠছে, আর অনেক দূর থেকে ভেসে আসছে আউটার রীফের গায়ে বিধ্বস্ত স্রোতের গুরুগম্ভীর বিস্ফোরণের আওয়াজ। খোলা সাগর থেকে বিশাল বিস্তার এবং আকাশচুম্বী আকার নিয়ে উন্মত্ত গতিতে ধেয়ে এসে বজ্রনির্ঘোষে আছাড় খাচ্ছে ঢেউ গানফায়ার রীফের কঠিন প্রবাল প্রাচীরের গায়ে। যে-ই রেখে থাকুক নামটা, অক্ষরে অক্ষরে মিলে গেছে। তলপেট কাঁপানো বুমবুম আওয়াজটা অবিরাম কামানের তোপ দাগার মতই। শোনাচ্ছে।

চাঁদের আলো ঝলমলে রূপালী করে তুলেছে চ্যানেলটাকে, আর ওল্ড মেন-এর বিশাল গম্বুজগুলোকে হাতির দাঁতের মত ধবধবে সাদা দেখাচ্ছে। ওগুলোর নিচে, খাড়ি থেকে মোচড় আর পাক খেয়ে ওপরে উঠে যাচ্ছে অশান্ত আত্মার মত রাতের। কুয়াশা।

অকস্মাৎ ক্ষীণ একটা শব্দ শুনে বিদ্যুৎবেগে আধ পাক ঘুরে দাঁড়ালাম। দুই হাত পিছনে দাঁড়িয়ে আছে প্যানথার, শিকারী চিতাবাঘের মত নিঃশব্দে আমাকে অনুসরণ করে এসেছে ও। শুধু। একজোড়া জকি শর্টস পরে আছে। চাঁদের আলোয় শরীরটাকে পেশীবহুল এবং চকচকে দেখাচ্ছে। লম্বা হাতে ধরা পয়েন্ট ফরটি-ফাইভ অটোমেটিকটা ওর ডান উরুর পাশে। পরস্পরের দিকে কয়েক সেকেণ্ড তাকিয়ে থাকলাম। ধীরে ধীরে ঢিল পড়ল আমার পেশীতে।

পিছন থেকে খুব একটা সুবিধে করতে পারবে না তুমি, বললাম ওকে।

এখনও সময় আসেনি। যখন আসবে, সামনেই দেখতে। পাবে আমাকে, চাপা স্বরে, যেন গোপন পরামর্শ করছে আমার। সাথে, বলল ও। অটোমেটিকটা বুকের সামনে তুলল। তখন তোমার আর আমার মাঝখানে থাকবে এই মহাজন। তারপর নিঃশব্দে হাসল ও। চাঁদের আলো লেগে ঝিক করে উঠল দাঁতগুলো।

<

Super User