ক্যাফে থেকে বেরিয়ে লোকটাকে দেখতে পেল রোজালিনা বার্থেজ। গতকালও দেখেছে। উল্টোদিকে নরম্যানদের বাড়ির দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছে। তোবড়ানো হ্যাট নিচু করা। নোংরা কাপড়ে ভবঘুরে মনে হয় তাকে। রোজালিনা জানে আসলে ক্যাফের ওপর নজর রাখছে সে। ওরা ভাবছে হয়তো এখানে আসবে জেমস অ্যালেন। সত্যি যদি আসত।

এখনও যখন হাল ছাড়েনি ওরা, তারমানে বেঁচে আছে সে। যুক্তি তাই বলে, কিন্তু ভরসা পাচ্ছে না রোজালিনা। ওর অস্থিরতা আর আশঙ্কা কেবল বেড়েই চলেছে। নিজের কামরায় দম বন্ধ হয়ে আসছিল, তাই বেরিয়ে চলে এসেছে। প্রাইসদের বাসায় যাওয়ার ইচ্ছে ওর, নিকোলাস হয়তো কিছু জানতে পারে। দুদিন আগে সাপ্লাইয়ের কাঠ, ডেলিভারি দেয়ার সময় সে-ই খবরটা জানিয়েছে।

পোর্চ ছেড়ে নেমে এসে ফুটপাথ ধরে এগোল রোজালিনা। শনিবার বলে আজ শহরে লোকজন বেশি। আশপাশের বাথানের পাঞ্চার ছাড়াও কয়েকজন ভবঘুরেকে চোখে পড়ছে। অনেকে দাঁড়িয়ে নড করছে ওকে, মিষ্টি হাসি উপহার দিচ্ছে। সেদিকে মনোযোগ দেয়ার মানসিকতা ওর অন্তত এখন নেই।

রাস্তা পেরিয়ে ওপাশে চলে গেল রোজালিনা। ব্যাংকের পাশের গলি ধরে ঢুকে পড়ল। অজান্তেই মেলবি পর্বতমালার দিকে চলে গেল ওর দৃষ্টি। হয়তো ওখানেই আছে লোকটা। অপরিচিত এলাকা, এতগুলো লোকের বিরুদ্ধে কতক্ষণ টিকতে পারবে অ্যালেন?

নিকোলাস প্রাইসকে দেখা গেল আঙিনায়, ওয়াগন থেকে কাঠ নামাচ্ছে। ঘেমে সারা। চোখ তুলে দেখল ওকে, নড করল।

কোন খবর পেয়েছ? অধীর কণ্ঠে জানতে চাইল রোজালিনা।

মাথা নাড়ল সে। গতকাল আরও চারজন যোগ দিয়েছে। সকালে কয়েকটা গুলির শব্দ শুনেছি।

হতাশা গ্রাস করল মেয়েটিকে, প্রাণপণ চেষ্টায় নিজেকে স্বাভাবিক রাখছে। ওরা ফিরেছে?

না। মনে হচ্ছে এখনও টিকে আছে জেমস, কাজ থামিয়ে কাছে এসে দাঁড়াল প্রাইস, অভয় দেয়ার ভঙ্গিতে হাসল। আমার ধারণা শেষপর্যন্ত ও বেরিয়ে আসবেই। যতটুকু বুঝেছি শক্ত লোক ও।

তুমি বলেছ ওর সাথে খাবার নেই।

মাথা ঝাঁকাল কাঠ ব্যবসায়ী। কয়েকদিন না খেয়েও বাঁচে মানুষ, কেবল কোন বুলেট তাকে স্পর্শ না করলেই হলো।

ও এলে আমাকে খবর দেবে, প্লীজ! প্রায় অনুনয়ের সুরে বলল রোজালিনা।

ভেতরে গিয়ে বসো। লরা কফি তৈরি করছে।

মাথা নাড়ল রোজালিনা। আজ ভিড় হবে। মা-কে সাহায্য করতে হবে। ঘুরে দাঁড়িয়ে ফিরতি পথে এগোতে লোকটাকে দেখতে পেল, পথের ওপাশে কটনউডের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দশাসই শরীর। লোকটাকে চেনে রোজালিনারেব হর্নার, হেনরী ক্রুশারের রাইডার। গরু কেনার পর টাকসনে ড্রাইডের নেতৃত্ব দেয় এ লোক। শীতল চোখজোড়া স্থির হলো ওর ওপর। সন্দেহ ছাপিয়েও লৌকটার দৃষ্টিতে লালসা ফুটে উঠল। অস্বস্তি অনুভব করল রোজালিনা, দ্রুত পা চালাল।

রেব হর্নারের দৃষ্টির আড়ালে এসে নিশ্চিন্ত হলো ও, অজান্তে শিউরে উঠল শরীর। পুরুষদের এই একটা ব্যাপার ওকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়, তিক্ত মনে ভাবল ও, ইচ্ছে করে চোখগুলোকে উপড়ে ফেলে। কিন্তু অসহায় সে, আজীবন এ নীরব অত্যাচার সইতে হবে। তবে নির্ভর করা যায় এমন কেউ পাশে থাকলে এ অনুভূতি হয়তো আর হবে না।

রোজালিনা বিস্ময়ের সাথে আবিষ্কার করল বৈরী এ দেশটাতে একজন পুরুষের কাছে কোন মেয়ের প্রথম চাওয়া এটাই—নির্ভরতা, যা এমনকি দৈনন্দিন কোন চাহিদা বা ভালবাসার চেয়েও মুখ্য জিনিস। এ কারণেই হেনরী শারকে ওর পছন্দ হয় না, কিংবা লপারকেও, তার চোখেও লোভী দৃষ্টি দেখেছে। অথচ অ্যালেন…ওঁর মধ্যে কোন ভণিতা নেই, মহিলাদের সম্মান করে সে, এবং ওর ওপর নির্ভর করা যায়, যেটা করা যায় না, ক্রুশার বা লপারের ওপর। তাদের সুদর্শন চেহারার চুয়ে বরং অ্যালেনের কঠিন মুখই একটা মেয়ের কাছে ভাল লাগবে। কারণ মেয়েটিকে নিশ্চিন্ত হতে হবে—বিপদে পুরুষটি পাশে এসে দাঁড়াবে, তাকে রক্ষা করতে পারবে। এই বিশ্বাসটুকু একটা মেয়ের প্রথম পাওনা।

এডি কারসনের সাথে সংঘর্ষ হতে সংবিৎ ফিরল ওর। বাড়ি থেকে ছুটে আসছিল ছেলেটা, হাতে কাঠের তৈরি পিস্তল। ছেলেটার সাথে পিস্তলটাও ভূপতিত হলো। দ্রুত নিজেকে সামলে নিল রোজালিনা, এগিয়ে গিয়ে এডির হাত ধরে মাটি থেকে তুলল ওকে।

দুঃখিত, মিস! অস্বস্তি ছেলেটির চোখে, পেছনে ছুটে আসা মার্কের দিকে তাকাল। বোধহয় খেলছিল ওরা, ধারণা করল রোজালিনা।

ঠিক আছে, এড। আমিও তোমাকে খেয়াল করিনি।

শাস্তি দেবে না তো? ভয়ে ভয়ে জানতে চাইল সে।

না, সোনা। ঝুঁকে ছেলেটাকে চুমো খেল রোজালিনা। বাড়ির ভেতরে চলে যাও। আঙিনায় খেলবে। ঠিক আছে?

ইয়েস, ম্যাম। মাথা ঝাঁকাল ছেলেটা, এগোল সেদিকে।

মূল রাস্তায় এসে আবারও ভাবনায় পড়ে গেল ও। জেমস অ্যালেনের চিন্তা মাথা থেকে যাচ্ছে না। ব্যাংকারকে এমন কিছু করেনি সে, রোজালিনা অন্তত তাই মনে করে। অথচ জেমসকে খুন করার জন্যে নিজের রাইডারদের লেলিয়ে দিয়েছে লোকটা। ব্যাংকারের প্রতি ঘৃণা অনুভব করছে ও।

ভয় লাগছে ওর, অ্যালেনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আশপাশে এমন কোন জায়গা নেই যেখানে যেতে পারে সে। লিয়ন সিটিতে তাকে আসতেই হবে, এবং খুব সহজেই এদের সামনে পড়বে। অজান্তে শিউরে উঠল ও, বুঝতে পারল এখানে এলেও ছাড় পাবে না জেমস অ্যালেন, এসব লোকের মোকাবিলা করতে হবে তাকে। নিজের বিদ্বেষ চেপে রাখার কোন চেষ্টা করছে না ক্রুশার, যদিও শহরের কেউই আসল ব্যাপার জানে না। সামনে রাউন্ড-আপ, তাছাড়া আজ শনিবার। সাধারণ লোকজনের মধ্যে ঘুরে বেড়ানো আরও দুজন ক্রুকে চোখে পড়ল ওর। ছড়িয়ে ছিটিয়ে আছে ওরা, এবং সতর্ক। অ্যালেন এলেই হামলে পড়বে।

ওর উদ্বেগ বেড়ে চলেছে। এস্ত পায়ে ফিরতি পথ ধরে এগোল। খেয়াল করল ক্যাফের সামনের লোকটা আগের মতই বসে আছে। ভেতরে ঢুকে দেখল ওর মা বক্স-বি বাথানের মালিক আর তার বউকে খাবার পরিবেশন করছে। একবার চোখ তুলে দেখল ওকে, কিছু বলল না।

বিশাল ভুড়িসর্বস্ব শরীর দুলিয়ে বউয়ের কি একটা কথায় হাসছিল জেথ্রো বারোজ, ওকে দেখে নড করল। মাথা ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে এগোল রোজালিনা। চুলোয় স্টু চাপাল, পাশেরটায় কফির পানি ফুটছে। তাক থেকে কফি-পট নামিয়ে ঢাকনা খুলে কেতলিতে কফির গুড়ো–ঢালল ও। মগে চিনি ঢালছে এসময় এঁটো থালা-বাসন নিয়ে ঢুকল মারিয়া বার্থেজ।

কোথায় গিয়েছিলে? নিচু স্বরে জানতে চাইল সে, রূঢ় ভাবটুকু গোপন থাকল না।

নিকের বাসায়।

কেন?

একটু ভাবল রোজালিনা, তারপর স্থির করল সত্যি কথাটাই বলবে। কেতলি থেকে গরম কফি ঢালল মগে। খুব অস্থির লাগছিল। নিক কিছু জানে কি-না জানতে গিয়েছিলাম।

মারিয়া বার্থেজের সাথে চোখাচোখি হলো ওর, ভৎসনা তার চোখে। এমন করবে না আর। এমনিতেই আমাদের ওপর খেপে আছে ওরা। নতুন কোন অজুহাত আমি ওদের দিতে চাই না। তাছাড়া ক্রুশারের নোংরা লেকগুলো ঘোরাঘুরি করছে সারা শহরে।

দেখেছ তুমি?

মাথা ঝাঁকাল সে। আপেল পাইয়ের কড়াই বসাও।

ঘণ্টাখানেক ধরে এটা-ওটা সারল রোজালিনা। খদ্দের কমে এসেছে। সেলুনের হৈ-হল্লা আর বাজনার শব্দ আবছাভাবে কানে আসছে।

কিছু এঁটো থালা-বাসন নিয়ে কলের কাছে গেল ও, ঘোয়া শুরু করতে পাশে বড় একটা নিঃশ্বাস ফেলার শব্দে চমকে উঠল। ঝটিতি পেছনের দরজার দিকে তাকাল। দরজার পাল্লা ধরে কোনরকমে দাঁড়িয়ে আছে জেমস অ্যালেন।

বিস্ময় আর সুখানুভূতি বাকরুদ্ধ করে ফেলল ওকে, দ্রুত সক্রিয় হতে পারল। থালা-বাসন রেখে গামলার পানিতে হাত ধুয়ে নিল, পরনের অ্যাপ্রনে হাত মুছে এগোল দরজার দিকে।

দরজার ওপর বসে পড়েছে অ্যালেন। ঝড় বয়ে গেছে যেন—বিধ্বস্ত দেখাচ্ছে। মলিন কাপড় আর ক্লান্তি অসহায় করে তুলেছে তাকে। মৃদু নড করল, স্নান শোনাল কণ্ঠ। দুই দিন ধরে পেটে পড়েনি কিছু। যা-ই আছে আমাকে খেতে দাও, ম্যাম।

মাথা ঝকাল রোজালিনা, খাবারের পাত্রগুলোর দিকে এগোল। পরিবেশনের সময় খেয়াল করল কলের কাছে গিয়ে হাত-মুখ ধুয়ে নিয়েছে জেমস। তার চলাফেরায় স্বতঃস্ফুর্ত, আত্মবিশ্বাসী ভাবটা নেই। বোঝা যাচ্ছে মনের জোরই তাকে কোনরকমে চলতে সাহায্য করছে। টেবিলে গিয়ে বসো, মি. অ্যালেন। তোমার খাবার নিয়ে আসছি।

মাথা নাড়ল জেমস। না, ম্যাম। তোমাদের অসুবিধা না হলে এখানেই খাব। দেয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল সে, রোজালিনার বাড়িয়ে দেয়া থালা নিয়ে খেতে শুরু করল। সময় নিয়ে খাওয়া সারল।

এই ফাঁকে দুটো টেবিলে স্টু আর পাই পরিবেশন করে এসেছে রোজালিনা। দরজার পর্দা ভাল করে টেনে দিয়েছে যাতে ক্যাফের মূল অংশ থেকে এখানটা কারও চোখে না পড়ে।

কফির স্বাদটা অপূর্ব লাগল জেমসের কাছে, মনে হলো জীবনে এরচেয়ে ভাল কফির স্বাদ বোধহয় পায়নি। ক্রমশ চাঙা হয়ে উঠছে শরীর, অনুভব করে খুশি হলো ও।

মারিয়া বার্থেজকে দেখা গেল দরজায়। ওকে দেখে থমকে দাঁড়াল মহিলা, অনিশ্চিত দৃষ্টিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ। রোজালিনাকে কিছু একটা বলতে চেয়েছিল, বলা হলো না। তারপর দীর্ঘ সময় শেষে কাঁধ ঝাঁকাল, ফিরল মেয়ের দিকে।

রোজালিনা তাকিয়ে আছে তারই দিকে, ওর চোখে ভয় আর আশঙ্কা।

জেমসও খানিকটা দ্বিধান্বিত, ওর মনে হলো মহিলা হয়তো এখুনি ওকে বেরিয়ে যেতে বলবে কিংবা চিৎকার করে ওর উপস্থিতির কথা জানিয়ে দেবে। এখানে এসে ভুল করেছে ও, উপলব্ধি করল হঠাৎ করেই, হয়তো বিপদে ফেলতে যাচ্ছে পরিবারটিকে। স্যাভেজ আর নেবর এমনিতেই ওদের ওপর খেপা, এখন নতুন একটা ছুতো পেয়ে যাবে। এছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল কি? নিজেকেই প্রশ্ন করল ও—ছিল, প্রাইসের মিলে যেতে পারত কিংবা অন্য কোন ক্যাফেতে। কিন্তু দুদিনের ক্ষুধা আর ক্লান্তি ওকে এতটাই নিরুদ্যম ও বিভ্রান্ত করে তুলেছিল যে এখানকার কথা ছাড়া অন্য কিছু মাথায় আসেনি।

জেমস অবাক হয়ে লক্ষ্য করল দৃঢ়চেতা এ মহিলার দৃষ্টি স্বাভাবিক হয়ে এসেছে, ওর উপস্থিতি পছন্দ না করলেও আপাতত মেনে নিয়েছে। কিন্তু রোজালিনাকে স্টু-র ফরমাশ দেয়ার সময় নিরুত্তাপ, তিক্ত শোনাল কণ্ঠ।

মিসেস বার্থেজ ক্যাফের ভেতরে চলে যেতে হাঁপ ছাড়ল রোজালিনা। এবার ভেতরে গিয়ে বসো। রান্নাঘরের মেঝেতে কাউকে পরিবেশন করা খুব অস্বস্তিকর ব্যাপার। ভেবো না কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছি।

কি যেন ভাবল জেমস, তারপর মাথা নাড়ল। তোমাদের অসুবিধে না হলে এখানে আরেকটু থাকব আমি। যত দেরিতে ওরা আমার খোঁজ পায় তত দ্রুত নিজেকে সামলে নিতে পারব।

বাইরে একটা লোক আছে। দুদিন ধরে দেখছি। নিকের বাড়ির কাছেও একজন আছে, রেব হর্নার। কুশারের কেনা গরু টাকসনে ড্রাইভে নিয়ে যায়। সারা শহরে আরও কজন আছে কে জানে।

কিছু বলল না জেমস, রোজালিনার গভীর কালো চোখে তাকিয়ে আছে। নীরবে কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বুঝতে পারছি না কেন তোমার পেছনে এতগুলো লোক লেলিয়ে দিয়েছে ক্রুশার। ওরকম মারামারি তো সেলুনে হরহামেশা ঘটে।

হয়তো ওকে খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি আমি।

রাগ দেখা গেল রোজালিনার মুখে। লোকটাকে আমার ঘৃণা হচ্ছে। কাপুরুষ!

একটু গরম পানি দেবে, ম্যাম? হাতগুলো খুব জ্বালা করছে। গরম পানিতে ভিজিয়ে রাখলে বোধহয় আরামবোধ হবে।

মাথা ঝাঁকিয়ে চুলোর কাছে সরে গেল মেয়েটা, কেতলিতে পানি চড়িয়ে দিল। তোমার ঘোড় কোথায়? মনে হচ্ছে হেঁটে এসেছ? জেমসের কোমরের নিচে ভেজা প্যান্টের দিকে তাকাল, কয়েক জায়গায় কাদা আর শুকনো বালি লেগে আছে।

পাহাড়ে ছেড়ে এসেছি।

ওখান থেকে এতদূর হেঁটে এসেছ! তা-ও এ অবস্থায়?

বিপদে পড়লে মানুষ অনেক কিছু করে, ম্যাম।

কেতলি নামিয়ে একটা পাত্রে পানি ঢালল রোজালিনা, আঙুল চুবিয়ে তাপমাত্রা অনুভব করল। তারপর ওটা এনে জেমসের সামনে রাখল। মনে হচ্ছে এতেই চলবে।

পানিতে হাত ডুবিয়ে দিল জেমস। জ্বালা করে উঠল ক্ষতগুলো। মায়ের ডাকে সামনের রূমে চলে গেল রোজালিনা। টুকরো কিছু কথা ভেসে এল ওদিক থেকে, বুঝতে পারল না ও। অবশ্য শোনার ইচ্ছেও নেই ওর। উষ্ণ তরলের স্পর্শে আরাম পাচ্ছে।

মারিয়া বার্থেজ ঢুকল এবার। অসন্তোষ নেই তার মুখে, তবে নির্লিপ্ত দেখাচ্ছে। সামনে টেবিলে গিয়ে বসো, অ্যালেন। ক্যাফে বন্ধ করে দিয়েছি। আর কোন খদ্দের আসবে না,আজ।

অস্বস্তি বোধ করল জেমস। আমার জন্যে তোমাদের ব্যবসার ক্ষতি হলো, ম্যাম।…ওখানে যেতে হবে না। এরইমধ্যে অনেকটা সুস্থ লাগছে। দিব্যি চলে যেতে পারব।

মহিলার চোখ জ্বলে উঠল। দেখা যাচ্ছে একটা কথা তোমাকে দুবার না বললে চলে না! রূঢ়, কঠিন, নিরুত্তাপ কণ্ঠ। তুমি একটা ঝামেলা এ কথা সত্যি, কিন্তু আমি এড়াতেও পারছি না। আমরা তোমাকে এ অবস্থায় চলে যেতে দিতে পারি না।

উঠে দাঁড়াল জেমস, কলতলায় গামলা খালি করে সেটা একপাশে সরিয়ে রাখল। তারপর পকেটে হাত দিল টাকা বের করতে। ও কিছু বুঝে ওঠার আগেই চড়টা গালে এসে পড়ল।

কি পেয়েছ তুমি, অ্যালেন? এবার আরও চড়ল মারিয়া বার্থেজের গলা। দুজন মহিলাকে অপমান করতে খুব ভাল্লাগছে? তোমার এসব ভালমানুষি আর ভদ্রতা অন্য কারও জন্যে রেখে দাও, আমার সাথে ওসব চোটপাট দেখাবে না!

জীবনে এতটা বিস্মিত হয়নি জেমস। অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে থাকল। বুঝতে পারছে না সমস্যাটা কোথায় হয়েছে। পাশ ফিরতে দরজায় রোজালিনার উদ্বিগ্ন মুখ চোখে পড়ল। একরাশ অস্বস্তি ঘিরে ধরল ওকে, মেক্সিকান এ মহিলাকে বুঝতে পারছে না বলে নিজের ওপরই রাগ লাগছে।

যাও, ভেতরে গিয়ে বসো! নির্দেশের মত শোনাল মিসেস বার্থেজের গলা। চুলোয় কফির পানি চড়িয়ে ঘুরে তাকাল জেমসের দিকে। এবার কোমল হয়ে এল তার কণ্ঠ। দুঃখিত, অ্যালেন। তোমার গোয়ার্তুমিও আমার মেজাজ খারাপ হওয়ার জন্যে দায়ী।

রোজালিনার পিছু নিয়ে ভেতরে এসে বসল জেমস। খেয়াল করল ক্যাফের সামনের দরজা বন্ধ। জানালার পর্দাগুলো নামানো। মাত্র দুটো লণ্ঠন ম্লান আলো বিতরণ করছে সারা ঘরে।

উল্টোদিকে বসল মেয়েটা, টেবিলের দিকে তাকিয়ে আছে। আনমনে হাতের নখ খুঁটছে। একটা অনুরোধ করব? মুখ তুলে তাকাল রোজালিনা, দৃষ্টিতে প্রত্যাশা।

মাথা ঝাঁকাল জেমস।

দয়া করে অযথা মা-র সাথে তর্ক কোরো না।

জেমস উত্তরে কিছু বলার আগেই ধূমায়িত কফি নিয়ে ওদের সাথে যোগ দিল মারিয়া বার্থেজ। গম্ভীর দেখাচ্ছে তাকে, নীরবে একটা মগ এগিয়ে দিল ওর দিকে। মেয়ের পাশে বসে পড়ল এরপর। শোনো, অ্যালেন, মনগড়া কিছু বলে আমাকে বুঝ দিতে পারবে না। সুতরাং সে-চেষ্টাও কোরো না। আমি স্পষ্ট জানতে চাই তুমি কে, কেন এখানে এসেছ। তোমার আসার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো মোটেও স্বাভাবিক কিছু নয়।

জানাটা জরুরী কি?

হ্যাঁ, জরুরী, একবার মেয়ের দিকে তাকাল মহিলা। যেভাবে হোক তোমার সাথে জড়িয়ে পড়েছি আমরা, আমার ধারণা প্রাইসদের চেয়েও বেশি। লুকোচুরির কোন ব্যাপার আমার মধ্যে নেই, জিনিসটা পছন্দও করি না। আমি চাই না মিথ্যে পরিচয় দিয়ে আমাদের সাথে পরিচিত হোক কেউ। সত্যিটা জানার অধিকার, আমাদের আছে, তাই না?

অস্বস্তিভরে সায় জানাল জেমস। তোমাদের না জানাই ভাল, ম্যাম। এমনিতেই আমাকে সাহায্য করে বিপদে আছ। বিপদটা আমি আর বাড়াতে চাই না।

কি মনে করো আমাদের? এখানকার টিনস্টারগুলোর পরোয়া করি না আমি। এরচেয়ে কঠিন মানুষ জীবনে ঢের দেখেছি। ওরা সাহস দেখাতে পারে কেবল অবলা আর নিরীহদের সাথে।

মনঃসংযোগ হারাল জেমস, মোনা আর ফ্রেডকে মনে পড়ছে। ক্লান্তি লাগছে ওর। এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার, এর সাথে অন্য কাউকে জড়ানোর মানে হয় না। কারও সহানুভূতি ওর দরকার নেই। তবে এটা ঠিক, এ দুজন মহিলার প্রতি অসীম কৃতজ্ঞতা ওর-ঋণের বোঝাটা পাহাড়সমান।

থাক, বলতে হবে না, জেমসের সিদ্ধান্তহীনতায় স্নান হাসল রোজালিনা। আমাদের জানা বা না-জানায় এমন কিছু যাবে-আসবে না।

চেয়ারে হেলান দিয়ে বসল মারিয়া বার্থেজ, জেদ ফুটে উঠেছে চেহারায়। বোঝা যাচ্ছে জেমসের কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় আছে এখনও। ওপরে যা, রোজ, মেয়ের দিকে না ফিরেই বলল। গেস্টরুমটা ঠিক করে দে। আমরা কথা বলে আসছি।

আমি এখুনি চলে যাব।

কোথায়? সারা শহরে ক্রুশারের লোকজন, ফাঁকি দিতে পারবে না ওদের।

কোন একটা জায়গা মিলবেই।

আহত দৃষ্টিতে জেমসকে দেখছে রোজালিনা। অসহায় দেখাচ্ছে তাকে, চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল। মাথা নিচু করে টেবিলের দিকে তাকিয়ে, সংশয় আর সিদ্ধান্তহীনতার ঝড় চলছে লোকটির মনে, আঁচ করল রোজালিনা। থাক, মা। ও যখন বলতে চাইছে না তখন জোর করা কি ঠিক হবে? বোঝাই যাচ্ছে আমাদের অনুরোেধ ওর অহঙ্কারকে টলাতে পারবে না।

ঝট করে উঠে দাঁড়াল জেমস। দুঃখিত, ম্যাম, মহিলাদের দিকে সরাসরি তাকাল না ও। হয়তো পরে কোন একসময় বলব তোমাদের। ঘুরে দাঁড়িয়ে কিচেনের দিকে এগোল। হাঁটতে কিছুটা দুর্বল বোধ করছে কিন্তু দৃঢ় পা ফেলে চলে এল রান্নাঘরে।

মি. অ্যালেন? পেছনে চাপা স্বরে ওকে ডাকল রোজালিনা।

ঘুরে তাকাল জেমস, দেখল মেয়েটাকে। উদ্বিগ্ন মুখ, কালো গভীর চোখে অস্থিরতা।

সামনে এসে দাঁড়াল রোজালিনা, মুখ তুলে তাকাল। সাবধানে থেকো। আর…কোন অসুবিধে হলে এখানে চলে এসো।

সেটা কি ঠিক হবে?

কেন, সমস্যা কোথায়?

বোকা মেয়ে, ভাবল জেমস। ক্ষীণ হাসল ও, মাথা ঝাঁকিয়ে সায় জানাল কিন্তু রোজালিনার প্রশ্নটা এড়িয়ে গেল। বেরিয়ে এল বাইরে। পেছনে মেয়েটার পায়ের শব্দ শোনা গেল, দরজা পর্যন্ত এসে থামল, তারপর কিছুক্ষণ বাদে দরজা আটকে দিল।

দাঁড়িয়ে থেকে অন্ধকারে চোখ সইয়ে নিল জেমস অ্যালেন। তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করল পুরো জায়গাটা, চিন্তিত হওয়ার মত কিছু নেই। সমস্যা হবে পরে, জানে ও, যখন ক্রুশারের কোন লোক ওকে দেখতে পাবে। ভীমরুলের চাকে ঢিল পড়ার মত অবস্থা হবে, হন্যে হয়ে ওকে খুঁজে বেড়াবে লোকগুলো।

উত্তরে এগোল ও, অন্ধকারে চোখ সয়ে আসায় অসুবিধে হচ্ছে না। চাদের ম্লান আলো ছাড়াও আশপাশের বাড়িগুলো থেকে কিছু আলো এসে পড়েছে রাস্তায়। এ পথে কয়েকবার যাওয়া-আসা করায় চেনা হয়ে গেছে। রবার্ট হার্ডিংয়ের সেলুমের কাছে এসে একবার ভাবল ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সাথে সাথেই চিন্তাটা বাতিল করে দিল। স্বয়ং ক্রুশার এখানে থাকতে পারে, আরও দুএকজনকে তো পাওয়া যাবেই। লপার, নেবর বা স্যাভেজও থাকতে পারে। সব কজনকে একসাথে মোকাবিলা করার সামর্থ্য ওর নেই, আগে বরং চুনোপুঁটিদের শিকার করা যাক। ওদের শক্তি কমুক, তারপর দেখা যাবে কি করে আসল তিনটাকে বাগে পাওয়া যায়।

কেভিন লপারের স্টোরের পাশের গলি ধরে মূল রাস্তায় চলে এল জেমস। কিছু বাড়িতে আলো জ্বলছে এখনও, সেলুনগুলো জমজমাট। নাপিতের দোকানের অন্ধকার কোণে দাঁড়িয়ে রাস্তার আনাচে-কানাচে, বাড়ির কোণগুলো নিরীখ করল। রোজালিনাদের ক্যাফের সামনের ফুটপাথে একটা লোক দাঁড়িয়ে আছে, আস্তাবলের কাছে আরও দুজন। ঠায় দশ মিনিট অপেক্ষা করল ও, আর কাউকে খুঁজে পেল না। থাকলেও ওর অজান্তে রয়ে গেছে।

রাতটা কোথায় কাটাবে এ নিয়ে ভাবছে। নিকোলাস প্রাইসের ডেরায় কাটিয়ে দিতে পারে, যদিও তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ কারণ কুশারের লোকেরা সবার আগে ওখানেই খুঁজবে। তাছাড়া রোজালিনার কথা অনুযায়ী ওখানে অন্তত একজনের থাকার কথা। লোকটাকে কাবু করা হয়তো কঠিন হবে না। ওর সুবিধে লোকগুলো এখনও জানে না শহরে চলে এসেছে জেমস।

কিছুটা অধৈর্য লাগছে। দুই দিনের ক্ষুৎপিপাসা আর পরিশ্রম কাহিল করে ফেলেছে ওর শরীর। শয়তানগুলোকে চেপে ধরার ইচ্ছে হচ্ছে। কিন্তু জানে সেটা কঠিন হবে, অন্তত এখন। আগে কুশারের দলটাকে সামলাতে হবে, তারপর লপার আর ওর সঙ্গীদের সামনে যাওয়া যাবে।

রোজালিনা বার্থেজের কমনীয় মুখটা ভেসে উঠল ওর মানসপটে। উদ্বেগ আর অস্থিরতায় ভরা চোখজোড়া টানছে ওকে। অবাক হয়ে লক্ষ্য করল ক্যাফেতে ফিরে যেতে ইচ্ছে করছে। নিঃসন্দেহে সারা লিয়ন সিটিতে ওটাই ওর জন্যে সবচেয়ে নিরাপদ জায়গা।

কারসনদের বাড়ির সামনে আসতে ভুলটা বুঝতে পারল জেমস। বিশগজ দূরে অন্ধকার কুঁড়ে বেরিয়ে এসেছে ওরা। তিনজন। ঘোড়ায় চেপে আছে। মাঝখানের লোকটা বিশালদেহী, অস্পষ্ট আলো আর নিচু করে রাখা হ্যাট আড়াল করে রেখেছে মুখ। ধীরে এগিয়ে আসছে, পাশের বাড়ির জানালা পথে আসা চৌকো আলো পড়ল লোকটির ওপর, এক ঝলকের জন্যে রিক স্যাভেজের দৃঢ় পেশীবহুল মুখটা দেখল ও।

বিচিত্র একটা শব্দে উল্লাস প্রকাশ করল মার্শাল। থেমে গেল তার ঘোড়া, মাথা নাড়ল অস্থির ভঙ্গিতে।

দো-আঁশলাটা কোথায়? ভাবছে জেমস, একসাথে থাকার কথা ওদের। সহসা ক্ষীণ আওয়াজ পেল পেছনে, বুটের আঘাতে একটা নুড়িপাথর গড়ানোর হালকা শব্দ। ঠায় দাঁড়িয়ে পড়ল ও, সীমাহীন সতর্কতা গ্রাস করল ওকে। শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ল শিরদাঁড়া বেয়ে। মনে মনে নিজের চোদ্দগোষ্ঠি উদ্ধার করছে, ক্ষণিকের অসতর্কতার সুযোগ নিয়েছে ওরা। বোকার মত ফাদে পা দিয়েছে সে। দুদিক থেকে সহজেই ওকে কচুকাটা করে ফেলতে পারবে ওরা।

<

Super User