ক্যাথি ব্যাণ্ডেজ বেঁধে দিতেই চোখ মেলল টেকন। ধড়মড় করে উঠে বসার চেষ্টা করল। চাইছে এদিক ওদিক। অপরিচিত পরিবেশ।

উঠতে হবে না। শুয়ে থাক, ক্যাথি বলল।

আমি এখানে কেন? বলল টেকন। চিনতে পেরেছে ক্যাথিকে।

পরে শুনো। এখন বিশ্রাম নাও, নরম গলায় বলল ক্যাথি।

এসময় ঘরে ঢুকলেন ক্যাথির মা। হাত ধরে টেনে কিছুটা দূরে নিয়ে গেলেন ওকে। কাজটা কি তুই ভাল করছিস? চাপা গলায় বললেন তিনি।

‘কোন কাজ, মা?’ না বোঝার ভান করল ক্যাথি।

‘এই যে রাস্তা থেকে ধরে নিয়ে এলি লোকটাকে। ওরা জানতে পারলে কি অবস্থাটা হবে ভেবে দেখেছিস?’

মা, লোকটা আহত।

জানি। কিন্তু আমাদের কি করার আছে বল, ওরা লোক ভাল নয়। তোর বাবাকে মেরেছে। আমাদের আটকে রেখেছে। হিগিন্স বলেছিল মাস খানেকের মধ্যেই ছেড়ে দেবে। এখন এ ঘটনা জানতে পারলে ছাড়বে মনে করিস? ছাড়বে না। তাই বলছি, লোকটাকে চলে যেতে বল।

মাথা নাড়ল ক্যাথি। বলল, না, মা। সেটা সম্ভব নয়। তাছাড়া আমরা ওদের পরিকল্পনার কথা জেনে ফেলেছি। এত সহজে ওরা ছাড়বে না আমাদের।

দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন ক্যাথির মা। মা বেরিয়ে গেলে ক্যাথি ফিরে এল। টেকনের বিছানার পাশে। বলল, তুমি শিগগিরই সেরে উঠবে। বিশ্রাম নাও, খাও-দাও। কথাটা বলেই সরে যাচ্ছিল সে, শক্ত একটা হাত চেপে ধরল তার কব্জি। দুজোড়া চোখ স্থির হল, টেকন বলল, আমি চাই না, আমার জন্যে তোমাদের কোনও বিপদ হোক ক্যাথি। নামটা উচ্চারণ করতে দ্বিধা করল টেকন।

‘ও নিয়ে ভেব না।’

কব্জি ধরেই রেখেছে টেকন। শেষ পর্যন্ত ঝুঁকে পড়ে ওর কপালে চুমু খেল ক্যাথি। সোজা হয়ে বলল, আমি নিচে যাচ্ছি, তোমার জন্যে সুপ বানিয়ে আনছি। খেয়েই ঘুমোতে চেষ্টা করবে। ক্যাথি চলে যাওয়ার পর ঘরটা ভালভাবে দেখে নিল টেকন। এই প্রথম। ওর রাইফেলটা দাঁড় করানো রয়েছে এক কোণে। রিভলভারটা অন্যান্য জিনিসগুলোর সাথে রয়েছে সেখানেই। নিশ্চিন্ত মনে চোখ বুজল টেকন।

শীতের বিকেল ফুরিয়ে এসেছে প্রায়। সুপের বাটি নিয়ে ফিরে এল ক্যাথি। বার্লির সুপ, গরুর মাংসের টুকরোও আছে।

কি অবস্থা? জিজ্ঞেস করল ক্যাথি।

ভাল।

বিছানার পাশে বসল ক্যাথি। বাটিতে চামচ ডুবিয়ে তুলে ধরল টেকনের মুখের কাছে। মুখ সরিয়ে নিল ও। কয়েকটা ব্যাপার জানতে চাই আমি, বলল টেকন।

প্রথমে জবাব দিল না ক্যাথি। তারপর মৃদুস্বরে বলল, কি ব্যাপার?

আমি এখানকার কিছুই বুঝতে পারছি না। এই শহর, স্যালুনের লোকজন, তুমি, সবাই কেমন যেন রহস্যময়।

এখানে রহস্যের কিছু নেই। হিগিন্স একটা বিশেষ কাজের জন্যে জড়ো করেছে এদের।

কাজটা কি?

জানি না।

ক্যাথি, প্লীজ। আমার জানা দরকার…

হঠাৎ রেগে উঠল ক্যাথি। গলা চড়িয়ে বলল, ফালতু কথা ছাড়। আমি কিছু জানি না। জানলেও বলব না। তাড়াতাড়ি সুস্থ হও। তারপর দুর হয়ে যাও এখান থেকে।

ক্যাথির রেগে ওঠার কারণ বুঝতে পারল না টেকন। এ প্রসঙ্গে আর কথা বাড়াল না সে। জেনে নেয়া যাবে পরে এক সময়। মৃদু হেসে বলল, তোমার কথা জানতে চাই। বলতে আপত্তি আছে?

‘আমার কি কথা?’ অবাক হয়ে বলল ক্যাথি, মুখে সামান্য হাসি।

এই কিভাবে এলে এখানে সেসব।

‘ওসব শুনে লাভ নেই,’ গম্ভীর মুখে বলল ক্যাথি। চাইল ওর দিকে। তারপর শান্ত কণ্ঠে বলল, বাবার সাথে পুব থেকে পশ্চিমে এসেছিলাম। পথে ওয়াগনের চাকা ভেঙে যাওয়াতে এ শহরে আসি। সন্ধে হয়ে এসেছিল তখন। কিন্তু ঢুকতে না ঢুকতেই ওরা চলে যেতে বলে আমাদের। বাবা হিগিন্সের হাতে-পায়ে ধরে রাতটা কাটানোর ব্যবস্থা করেন। সেদিন প্রচণ্ড ঠাণ্ডা ছিল। বাবা ওয়াগনের চাকাটা মেরামত করে রাতে স্যালুনে ঢুকেছিলেন গলা ভেজাতে। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনলাম। বাবার খোঁজ করতে গিয়ে দেখি মেঝেতে পরে রয়েছেন তিনি। মারা গেছেন। রজারের হাতে পিস্তল।

তোমার বাবা কি করেছিলেন? প্রশ্ন করল টেকন।

ওদের কথা শুনে ফেলেছিলেন বাবা।

আচ্ছা হিগিন্সটা কে? প্রথম থেকেই ওর নাম শুনছি।

ও হচ্ছে দলটার নেতা। টাকা-পয়সা সব ও-ই দিচ্ছে।

কিন্তু কেন? হাজার প্রশ্ন এসে ভিড় করল টেকনের মনে। এই শহরের আশেপাশে স্বর্ণখনি নেই। বড় কোনও র‍্যাঞ্চও নেই। ক্যালিফোর্নিয়া থেকে সোনার চালানও আসছে না। আছে কেবল ওই রেল রাস্তা। তা-ও কাজ শেষ হয়নি। তবে কিসের জন্যে এতসব?

কোন উত্তর দিল না ক্যাথি। সুপের বাটিটা টেকনের হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে।

<

Super User