টহলদল নিয়ে ওয়াইল্ডক্যাট পাহাড়ের দিকে চলেছে ইয়াসীন। ও পথে ফিরতে হবে মার্ল স্প্রিং ফাঁড়িতে।
গত দুইদিন ইন্ডিয়ানদের দেখা যায়নি। আড়াল থেকে মৃত্যু বর্ষণ করেনি কোন ঘাতক রাইফেল। সম্ভবত ইয়াসীনকে ঠেকাতে না পেরে ফিরে গেছে তারা। এমনিতেই যথেষ্ট ক্ষতি হয়েছে তাদের।
চলার গতি কমে গেছে সৈন্যদের। গত কয়েকদিনের পরিশ্রমে কমবেশি বিধ্বস্ত সবাই। তায় এগোতে হচ্ছে চড়াই বেয়ে! তবুও গম্বুজের মসৃণ মাথাটা নিকটবর্তী হচ্ছে ধীরে ধীরে। ওপাশে গোধূলির আরক্ত আকাশ। রাত নামছে।
পায়ে হেঁটে চলার সবচেয়ে বড় বাধা আলগা বালি। আর বিক্ষিপ্ত পাথরের টুকরো, ছড়ানো ছিটানো কাঁটাঝোঁপ এবং শেষ রাতের জোরালো হাওয়ায় তৈরি ছোটছোট বালিয়াড়ি। মার্ল স্প্রিং-এ পৌঁছা’তে পুরো রাতই লেগে যেতে পারে-হিসেব করে দেখল ইয়াসীন। আরও বেশি সময় লাগতে পারে যদি পথে আবার বাধা দেয় মোযেভরা।
আরও ঘণ্টাখানেক চলার পর দলটাকে থামাল ও। সবাই পানি খেল এক ঢোক। ওয়াইল্ডক্যাট কাছিয়ে এসেছে।
পাহাড়টাকে হাতের ডাইনে রেখে মার্ল স্প্রিং-এর দিকে মোড় নিল টহলদল। ওটার একদম কাছে যাবার দরকার নেই। ইন্ডিয়ানরা থাকতে পারে।
গম্বুজটা ভাবাচ্ছে ইয়াসীনকে। ভারতের কথা মনে পড়ে যায়। পাঞ্জাবের কিছু পাহাড় আছে ওরকম। জুলিয়ানের সেই ম্যাপে ওয়াইল্ডক্যাট চিহ্নিত করা আছে অথচ ওই প্রাকৃতিক গম্বুজটা দেখানো হয়নি। হয়তো ইচ্ছা করেই উহ্য রাখা হয়েছে ওটা। চারদিকের আরও কিছু জায়গা সযত্নে এড়িয়ে গেছে আঁকিয়ে। যাতে ম্যাপটা অন্য লোকের হাতে পড়লে সহজে কিছু বুঝতে না পারে। স্বচক্ষে গম্বুজটা দেখে না গেলে ইয়াসীনও ম্যাপটা ভালভাবে বুঝতে পারত না।
কিন্তু আরও কিছু তাৎপর্য থাকতে পারে পাহাড়ের মত ওই প্রাকৃতিক গম্বুজটার। এবং আচমকা ব্যাপারটা ধরতে পেরে বিস্ময়ে থমকে গেল সে। তা হলে…তা হলে-ওটার মাথায় বসেই আঁকা হয়েছিল ম্যাপটা!
এই মরুভূমি কখনও পছন্দ হয়নি আমার, পাশ থেকে মন্তব্য করল উইলী। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এই জায়গাটার জন্যেই বুঝি আমার জন্ম হয়েছিল!
লেফটেন্যান্ট সাইমন এগিয়ে এল। কাছাকাছি কোথাও পানি পাওয়া যাবে? জিজ্ঞাসা করল।
না, সার। মার্ল স্প্রিং–এর আগে আর পানি পড়বে না পথে। হাঁটার গতি সামান্য বাড়িয়ে দিল ইয়াসীন।
প্রতিঘণ্টায় দশমিনিট বিশ্রাম, এভাবে চলেছে টহলদলটা। শেষের দিকে বাড়িয়ে দিতে হলো বিশ্রামের মাত্রা। তাতেও কুলাচ্ছে না দেখে দুর্ভাবনায় পড়ে গেল ইয়াসীন। অবশেষে চরম ক্লান্তিতে-স্থানকাল ভুলে সবাই বসে পড়তে যাচ্ছিল বালিতে। এমন সময় ভোরের আলো ফুটল পুব আকাশে।
দূরে দেখা যাচ্ছে মার্ল প্রিং ফাড়ি। পিছনে নুয়ে আছে সেই পাহাড়টা। কিছুটা পশ্চিমে সারিসারি টিলা আর পাহাড়। সব কিছু আগের মতই আছে।
‘ওই টিলাগুলোর আড়ালে কি থাকতে পারে ওরা?’ লেফটেন্যান্ট জানতে চাইল।
চোখের কোণে জমে যাওয়া লবণ মুছল ও। যে-কোন জায়গায় থাকতে পারে ওরা। এমন কী,ওই ফাঁড়ির ভিতরেও। কিন্তু আমাদের এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, সার।
নির্বিঘ্নে ফাঁড়ির গেট পর্যন্ত পৌঁছা’ল ওরা। কেউ দরজা খুলে একটা রাইফেলের নল তাক করল ওদের দিকে। তারপর দেখা গেল রসের খোঁচা খোঁচা দাড়িতে ভরা মুখটা। ভিতরে ঢুকতে ঢুকতে চোয়ালে হাত বুলাল ইয়াসীন। শেভ করা দরকার!
দুঃসংবাদ দিয়ে শুরু করল রস। গত সন্ধ্যায় টমাসকে মেরে ফেলেছে ওরা। বড় ভাল লোক ছিল!
দীর্ঘশ্বাস ফেলল ইয়াসীন। কথাটা ওর কবরের উপর লিখে দিও। যে কোন মানুষের জন্যে ওটাই শ্রেষ্ঠ এপিটাফ।
বেলিন্দা ছুটে এল। বোবা দৃষ্টিতে দেখছে ওকে। তার কাঁধে হাত রাখল ইয়াসীন। ফিরে এসেছি, এটুকু বলেই ভাষা হারিয়ে ফেলল সে। অথচ আরও অনেক কিছু বলার ছিল।
সেই কথাই তো ছিল! হাসতে হাসতে বলল পাশে দাঁড়ানো ম্যাকহার্ডি। তারপর চুপ মেরে গেল।
হয়েছে কী তোমাদের? ম্যাকহার্ডিকে জিজ্ঞাসা করল ইয়াসীন। এমন আড়ষ্ট কেন সবাই?
বলব সব। আগে বিশ্রাম দরকার তোমাদের। লেফটেন্যান্ট সাইমনের দিকে এগিয়ে গেল সে।
ওর হাতে কফির মগ ধরিয়ে দিয়ে ঘটনাগুলো বলে গেল বেলিন্দা। খাবার ফুরিয়ে এসেছে। এখানে বোঝা হয়ে না থেকে আমাদের চলে যাওয়া উচিত, সব শেষে মন্তব্য করল।
ভাবছে ইয়াসীন। স্যামুয়েল আর গ্যারিক মারা গেছে। টমাসও নেই। চারটে ঘোড়া, গোলাবারুদ আর দুর্দিনের সামান্য মজুদের বেশির ভাগ খাবার নিয়ে পালিয়ে গেছে লুইস, ফাউলার আর পাওয়ার। মরতে মরতে বেঁচে ফিরেছে লেফটেন্যান্ট সাইমনের টহলদল। এদিকে মার্ল স্প্রিং-এ অবরুদ্ধ হয়ে অনাহারে মরতে বসেছে সবাই। অথচ এসবের কিছুই জানে না মেজর সাইক।
নাকি আঁচ করতে পেরেছে কিছু? ভেগাস ট্রেইল ধরে ইতিমধ্যে যদি কেউ ক্যাম্পকেডিতে গিয়ে থাকে, তবে কিছু একটা সন্দেহ জাগবে তার মনে। কারণ ভেগাস ট্রেইল ধরে যাবার কথা ছিল স্টেজ কোচের, অথচ যায়নি। ওদিকে লেফটেন্যান্ট সাইমনও ফোর্ট মোযেভের রাস্তায় টহল দিয়ে ফেরেনি ক্যাম্পে। এ সবকিছুই বিপদ সংকেত হিসাবে নেওয়া উচিত মেজরের।
দুপুরের পর ফাড়ির দক্ষিণের সেই মাঠটাতে ঘোড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল চারজন সৈন্যসহ মোকাটো। সন্ধ্যার আগে তাদের ফিরে আসতে দেখল ইয়াসীন। অথচ ফিরতে পারেনি টমাস। গতকাল সে-ও নাকি অমন ভাবে ঘোড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। মৃত্যু সাথে গিয়েছিল তার!
ফিরে আসার সময় মাঠের ওপাশে একটা পাহাড়ী হরিণ দেখতে পায় টমাস। মোকাটোর নিষেধ সত্ত্বেও মাঠটার ওপাশে এগিয়ে যায় সে। খাবার ফুরিয়ে গেছে ফাঁড়ির। বাকি যা ছিল তার অধিকাংশ চুরি করে নিয়ে গেছে ফাউলার। খাবারের চিন্তা করে হরিণটা মারতে গিয়েছিল টমাস।
মোযেভরাও মাঠের ওপাশ থেকে হরিণটাকে দেখে ফেলেছিল। দেখেছিল বোকা টমাসের এগিয়ে আসা। এক ঢিলে দুই পাখি মারতে অসুবিধা হয়নি তাদের। মৃতদেহটা কোনমতে ফাঁড়িতে ফিরিয়ে আনে মোকাটো।
ফ্লেমিংকে দেখতে উত্তর পাশের কেবিনে ঢুকল ইয়াসীন। জ্বরের ঘোরে প্রলাপ বকছে সে। আর ঘামছে দরদর করে। তাকে কয়েকবার ডাকল ও। কিন্তু সাড়া নেই। অবস্থা সুবিধার নয় বোঝা যাচ্ছে।
রসের সাথে আলাপ করছিলেন মিসেস মার্থা ম্যাকডোনাল্ড। আমাদের বোধহয় চলে যাওয়া উচিত, বললেন তিনি। রেশন নিঃশেষ হবার পথে। আমরা চলে গেলে মুখের সংখ্যা কমবে এখানে। সৈন্যদের কিছুটা সুবিধা হবে তাতে। আমাদের জন্যেই এতসব ঝামেলা পোহাতে হচ্ছে সবাইকে।
‘আমিও তাই ভাবছি,’ সায় দিল রস। সম্ভবত বাধা দেবার চেষ্টা করবে ইন্ডিয়ানরা। তবে একবার সিডার ক্যানিয়ন পার হতে পারলে আর আমাদের ধরতে পারবে না ওরা। ফোর্ট মোযেতে পৌঁছে অন্যপথে ভেগাস স্প্রিং-এ যাওয়া যাবে তখন।
তা হলে আজ রাতেই রওনা হওয়া যাক, মনের ইচ্ছা জানালেন মিসেস ম্যাকডোনাল্ড। ওদিকে আমাদের পথ চেয়ে বসে আছে জন।
সূর্য ডুবেছে বেশ কিছুক্ষণ হলো। সন্ধ্যার আঁধার গাঢ় হয়ে জমতে শুরু করেছে সর্বত্র। ফাঁড়ির বেড়ায় হেলান দিয়ে আকাশে তারা ফোঁটা দেখছিল সাইমন। ম্যাকহার্ডি এগিয়ে গেল তার কাছে।
আমাকে ডেকেছেন, সার। হ্যাঁ, সার্জেন্ট। খাবার ফুরিয়ে গেছে, তাই না?
এখনও সামান্য অবশিষ্ট আছে, সার। ‘একটা ঘোড়া জবাই করতে পারি আমরা।’
‘এখনি তার প্রয়োজন নেই। মরুভূমিতে এভাবে ঘোড়া হারাতে চায় না ম্যাকহার্ডি…সম্ভবত সাইমনও চায় না।
মোকাটোকে বোঝাতে চেষ্টা করছে বেলিন্দা। আমি এবং মার্থাখালা-দুজনেই রাইফেল চালাতে জানি। টমাসের মৃত্যুতে কিছুটা অসুবিধা হবে রসের, কিন্তু আমরা পুষিয়ে নেবার চেষ্টা করব। তা ছাড়া রাতের আঁধারে ওরা না-ও দেখতে পারে আমাদের।
তবু এভাবে যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ হবে আপনাদের জন্যে, বলল মোকাটো।
তা হলে কি এখানেই বোঝা হয়ে থাকতে বলেন?
সহসা উত্তর দিতে পারল না মোকাটো। যেতে চাচ্ছেন যান, অবশেষে বলল সে, তবে অফিসারকে অনুরোধ করুন যাতে ইয়াসীন বা ম্যাকহার্ডিকে গার্ড হিসেবে আপনাদের সাথে পাঠায়।
ঘুমানোর আয়োজন করছিল ইয়াসীন। শেষ রাতে পাহারায় থাকতে হবে তাকে। এমন সময় লেফটেন্যান্ট সাইমনের গলা শোনা গেল কেবিনের দরজায়। বেরিয়ে এল সে।
মিসেস মার্থা ম্যাকডোনাল্ড চলে যেতে চান। অনেক বোঝালাম আমি, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না। তুমি কিছু বলবে?
কিছুক্ষণ ভাবল ইয়াসীন। মিসেস ম্যাকডোনাল্ডকে ভালভাবে চিনি আমি, সার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন তিনি এবং অনড় থাকেন তাতে।
মোকাটোকে ওদের সাথে পাঠাতে চাই আমি। ইয়েস, সার।
একটু ইতস্তত করল সাইমন। তবে একজন যথেষ্ট নয় ইন্ডিয়ানদের বিরুদ্ধে। তুমিও যাও না কেন ওদের সাথে? ম্যাকহার্ডি আছে এখানে। আমরা
সবাই মিলে সামাল দিতে পারব এদিকটা। কিডকে নিয়ে যেও সাথে।
কিড, সার?
হ্যাঁ। বউয়ের উপর রাগ করে চলে এসেছে আর্মিতে। ফোর্ট মোযেভের ওদিকটায় ঘুরে এলে হয়তো মনটন হালকা হবে বেচারার।
কখন রওনা হতে হবে?
আজ রাতেই।
ক্যাম্পকেডির তপ্ত বিকেল। অফিসে বসে কাজ করছে মেজর সাইক। প্রচণ্ড গরমে মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে সব। শুকনো বাতাসে চোখ জ্বলছে। ঝা ঝা করছে কান। আবার কপালের ঘাম মুছল সে। এবং বিরক্ত হয়ে দেখল, হাতের ঘামে লেপ্টে গেছে সদ্য লেখা রিপোর্টটা।
ক্যাপ্টেন ম্যালেট এসে দাঁড়িয়েছে দরজায়। লেফটেন্যান্ট সাইমন এখনও ফেরেনি, সার। বলল সে।
ভেগাস স্প্রিং থেকে কোন মেইল এসেছে, ম্যালেট?
নো, সার।
ডেস্কের উপর কলম নামিয়ে রাখল সাইক। গরমে তেতে আছে মেজাজ। কিছু চিন্তা করতেও ভাল লাগছে না। কাউকে বকাঝকা করতে পারলে ভাল লাগত কিছুটা। কিন্তু ম্যালেটের মত অভিজ্ঞ অফিসারকে বিনা কারণে বকা চলে না।
তাকে বসতে বলল সাইক।
‘ফোর্ট মোয়েভের রাস্তায় টহল দিতে বেরিয়েছিল সাইমন। হতে পারে বিশ্রাম নেবার জন্য মার্ল স্প্রিং বা রকম্প্রিং-এ থেমেছে সে।’
হতে পারে, সার। আবার না-ও হতে পারে। হয়তো বিপদে পড়েছে-সাহায্য প্রয়োজন।
কিন্তু এই মরুভূমিতে কোথায় খুঁজে পাব ওদের!
‘ফোর্ট মোযেভের রাস্তায় গিয়েছিল সাইমন। ওদিকে-রকস্প্রিং বা ফোর্টপিউট পর্যন্ত দেখে আসতে পারি আমরা। তা ছাড়া মার্ল-স্প্রিং ফাড়িটাও পরিদর্শন করে আসা যাবে।’
ওকে ম্যালেট, প্রস্তুতি নাও। কাল ভোরে সূর্য ওঠার আগেই রওনা হব আমরা। ফোর্ট পাহউট বা পিউট যাই বলো না কেন শুধু সে পর্যন্ত নয়, প্রয়োজন হলে কলোরাডোর তীর পর্যন্ত যাব আমি। ইন্ডিয়ানদের গ্রামগুলো তছনছ করে দেব। ডেস্ক ছেড়ে উঠল সাইক।
তার আগে আর একটা কাজ করতে হবে, ম্যালেটকে বলল সাইক। সিপাহীদের পার্সোনাল ফাইলগুলো একটু দেখে দিতে হবে তোমাকে। আমি কোয়ার্টারে যাচ্ছি।
চলে গেল মেজর। নতুন সৈন্যদের ফাইল নিয়ে বসল ম্যালেট। ক্যাম্পকেডিতে বদলি সংক্রান্ত নির্দেশাবলী লিখতে হবে তাদের ফাইলে।
ডেস্কে একটা ফাইল আলাদা করে রাখা। সব সিপাহীর ফাইল দেখার পর সেটা টেনে নিল ম্যালেট। ফাইলটা ইয়াসীনের। এখানে আসা অবধি তার সম্পর্কে অনেক কথা শুনেছে সে। ফাইলটা কৌতূহলী করে তুলল তাকে। খুবই যোগ্য লোক ইয়াসীন, সন্দেহ নেই। সার্ভিস রেকর্ডটা দেখা দরকার।
ফাইলটা খুলেই কুঁচকে গেল, ম্যালেটের। একটা ছাড়পত্র। ইয়াসীনের চাকুরীর মেয়াদ শেষ হবার ছাড়পত্র! প্রায় একমাস আগে ইস্যু করা, অথচ এখনও ফাইলবন্দী হয়ে আছে। আর ওদিকে তাকে খাটিয়ে নিচ্ছে মেজর সাইক। এটা অনুচিত…ভাবছে ম্যালেট।
পরদিন ভোরে রওনা হলো সাইক। সাথে ক্যাপ্টেন ম্যালেট, দুই ট্রুপ সৈন্য এবং পর্যাপ্ত রেশন।মোযেভ নদীর পার ধরে কেভ ক্যানিয়ন পর্যন্ত যাবে ওরা। সেখান থেকে মার্ল স্প্রিং।
<