উপরতালার মানুষ মেজর আব্রাহাম সাইক।

প্রবল আত্মবিশ্বাসী। সবসময়ই বুদ্ধিমানের মত ঠিক কাজটি করে। আর, অন্যরা সবাই যে ভুল করে তাতে তার কোনও সন্দেহ নেই। মায়ের দুধের সাথে এধরনের কিছু সংস্কার গিলে বড় হয়েছে সে।

নিজের সম্পর্কে খুব উঁচু ধারণা সাইকের। উচ্চবিত্ত পিতার একমাত্র পুত্র হয়ে জন্মেছে সে উঁচু বংশে। লেখাপড়া শিখেছে উপর তালার স্কুলে। রোববারের প্রার্থনায় গেছে শহরের সবচেয়ে উঁচু গির্জাটায়।

দেখতে শুনতেও উঁচু লম্বা। উন্নত কপাল, গ্রীবা। চিতানো বুক। নাক উঁচু এবং নজরটাও উপরের দিকে। তাই সমপর্যায় বা তার চেয়ে উঁচুতালার লোকজনই সে শুধু দেখতে পায়। তাদের সাথে মিলেমিশে ভাল হয়ে থাকে।

অধস্তনদের মানুষ হিসাবে গণ্য করতে কষ্ট হয় তার। হবারই কথা। অত উঁচু হতে-নীচের মানুষগুলোকে খুব ছোট দেখায়। এটা পৃথিবীর নিয়ম। আর এই নিয়ম নির্ভুল ভাবে মেনে চলে মেজর আব্রাহাম সাইক।

শুধু একটা দুঃখ মেজরের। সেনাবাহিনীতে খুব উঁচু র‍্যাংক পেল না! ভাল অফিসার সে। বরাবরই ভাল। স্কুলের নিয়মিত ছাত্র হিসাবে রেজাল্ট ভাল করত। তবু প্রথম পাঁচজনের মধ্যে থাকা হয়নি। কলেজে খুব খেটেও ফার্স্টক্লাশ জোটেনি সামান্যের জন্য। ভাল সন্দেহ নেই। তবে সেরা নয়।

সেনাবাহিনীতে ঢুকে খুব দ্রুত উঠে এসেছিল মেজর র‍্যাংক পর্যন্ত। তারপর আর ওঠা সম্ভব হয়নি।

বড় যুদ্ধের সময় একটা অশ্বারোহী দলের অধিনায়ক ছিল সে। লড়াইয়ে-আলোচিত হবার মত সাফল্যও দেখিয়েছিল। অবশ্য সহযোদ্ধারা ভিন্নমত পোষণ করে ব্যাপারটায়। আক্রমণে ইতস্তত করছিল নাকি সাইক। এমন সময় তার ঘোড়াটা ভয়ে দিশেহারা হয়ে ছুট লাগায় সামনে। সোজা ঢুকে পড়ে শত্রু বেষ্টনীতে। বাধ্য হয়ে অন্যরাও তার সাথে এগিয়ে গিয়ে আক্রমণ করে। তুলনামূলক ভাবে দুর্বল ছিল শত্রুপক্ষ। তাই লড়াইটায় জিতই হয়।

সাইক অবশ্য অন্য কথা বলে। এবং তার কথাই ঠিক মনে করে। শত্রুর প্রতিরক্ষায় ত্রুটি ধরতে পেরেছিল সে। তাই ঝটিকা আক্রমণ চালিয়ে গুঁড়িয়ে দিতে পেরেছিল তাদের।

খুব তাড়াহুড়োয় শেষ হয়ে গেল যুদ্ধটা। নইলে জেনারেল পর্যন্ত উঠতে পারত সাইক। কর্নেল তো বটেই। শান্তি নষ্ট করে দিয়েছে তার সাধ!

বাধ্য হয়ে সে বদলি হয়েছিল ইন্ডিয়ান ফাইটিং আর্মিতে। এখানে যদি কোনও চমক লাগানো সাফল্য দেখানো যায়-ওঠা যায় আরও উঁচুতে! আশায় আশায় সেনাবাহিনীতে রয়েছে গেছে সাইক।

তারা বাবা কিন্তু বলেছিল ফিরে যেতে। তাদের শহরের সবচেয়ে বড় ব্যাংকটার মালিক তার বাবা। বলেছিল, ফিরে গিয়ে সংসারী হতে। কথাটা পছন্দ হয়নি তার। ঠিক মনে হয়নি হয়তো!

সংসারী হতে আপত্তি থাকত না। যদি সেরকম একটা মেয়ে পাওয়া যেত। আশেপাশে কাউকে পছন্দ হয় না তার। উপর দিকেও নেই তেমন কেউ। শুধু একজন ছাড়া। বেশ উঁচু বংশের মেয়ে। নাম বেলিন্দা ব্রাউন।

নামজাদা রাষ্ট্রদূতের একমাত্র মেয়ে। জাঁদরেল জেনারেলের আদরের ভাগ্নী। প্রথম দর্শনেই পছন্দ হয়েছিল মেয়েটিকে। অনেক তেলটেল দিয়ে, তার সেনানিবাসে দাওয়াত করে এনেছিল বাপবেটিকে। কিন্তু সব নষ্ট করে দিল সেই ইন্ডিয়ান হারামজাদাটা।

ইয়াসীনের সাথে বেলিন্দাকে কথা কইতে দেখে এমন রাগ হয়েছিল তার! কী কথা তার সাথে? তার মত একজন কালার্ড নেটিভের সাথে!

‘লোকটা ভবঘুরে ধরনের, মিস ব্রাউসন বিধাতার অপসৃষ্টি একজন নগণ্য ইন্ডিয়ান!’ পরে বোঝাতে চেয়েছিল সে বেলিন্দাকে।

তার কথায় আমলই দিল না বেলিন্দা। বাবা ছিলেন ভারতে। ছোটবেলায় আমিও গিয়েছিলাম। চমৎকার একটা দেশ। খুব প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি আছে ওদের। একটা গৌরবময় অতীত আছে। জাতি হিসাবে খুব বিনয়ী আর অতিথিপরায়ণ ওরা। তা ছাড়া চীনে-একজন মেজর ছিল ইয়াসীন!

অগত্যা প্রসঙ্গ পাল্টাতে বাধ্য হয়েছিল সাইক। এমনিতেই কম বোঝে মেয়েরা। তার উপর মাথায় যার ভারতীয় ভূত চেপেছে-সে কী করে বুঝবে তার উচ্চমর্গের যুক্তি!

মোযেভের পথে যেতে যেতে, ঘুরে ফিরে ইয়াসীনকেই ভাবছে মেজর সাইক সাথে চলেছে অশ্বারোহী সৈন্যের তিনটি প্লাটুন। পকেটে নানান জিনিসপত্রের সাথে ইয়াসীনের ছাড়পত্র। চাকুরির মেয়াদ শেষ হয়ে গেছে লোকটার। ক্যাম্পকেডিতে পৌঁছে ছাড়পত্রটা দিতে হবে তাকে। একদম নাগালের বাইরে চলে যাবে ইয়াসীন। অথচ তার জন্যেই ওর নাগালের বাইরে চলে গিয়েছিল বেলিন্দা!

এভাবে চুপচাপ ইয়াসীনকে ছেড়ে দিতে মন টানছে না সাইকের। উদ্ধত ভারতীয়টাকে আরও কিছু শাস্তি দেওয়া উচিত। কিছুতেই তার কাছে মাথা নোয়ায়নি সে। অতীতে, কঠিন সব ডিউটি অবলীলায় পালন করেছে। কোথাও সামান্য খুঁত ধরা যায়নি। দু’দুবার কর্পোরাল পদ থেকে সাধারণ সিপাহীর কাতারে নামিয়ে দিয়েছিল তাকে সাইক। সামান্য ছুতোয়। চীনে নাকি মেজর ছিল। লোকটা। কথাটা বিশ্বাস করতে বাধে সাইকের। অবিশ্বাস করতেও!

তবে বেলিন্দা ব্রাউনকে পাবার পথে সে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ইয়াসীনের দেখা পেয়েই সাইকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল মেয়েটা।

কিন্তু তাকে আরও কিছু শাস্তি দেবার উপায় খুঁজে পাচ্ছে না সাইক। একটা কাজ অবশ্য করা যায়। ছাড়পত্রটা আটকে রাখা যায় বেশ কিছুদিন। তবে নিছক অন্যায় হবে তা।

অস্বস্তিকর চিন্তাটা এড়িয়ে গেল মেজর সাইক। বর্তমানে আরও গুরুত্বপূর্ণ সব ভাবনা আছে তার। যেমন মোযেভ মরুভূমিতে এই বদলি। ব্যাপারটা ঠিক করেনি উপরওয়ালা। যুদ্ধ করতে পাঠানো হচ্ছে না তাকে। একদল সৈন্য অবশ্য দেওয়া হয়েছে সাথে। তবে সে শুধু পাহারা দিতে। মার্ল স্প্রিং, বিটার স্প্রিং, রক স্প্রিং এবং ফোর্ট পিউটে সেনাচৌকি বসাতে হবে। এলাকাটাকে রাখতে হবে কড়া পাহারায়। যাতে ওয়্যাগন চলাচলের সরকারী রুটগুলো শত্রুমুক্ত থাকে। তার বেশি কিছু করতে নিষেধ করে দেওয়া হয়েছে হেডকোয়ার্টার হতে। নিছক প্রয়োজন না হলে মোযেভদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া সম্পূর্ণ নিষেধ।

এর আগে কখনও মরুভূমি দেখেনি সাইক। মরুভূমির সেনানিবাস এবং যুদ্ধ সম্পর্কে কোনও ধারণা নেই তার। ক্যালিফোর্নিয়া পর্যন্ত এসেছে সে জাহাজে চেপে রওনা হবার আগে অন্য মরুভূমিতে অভিজ্ঞ একাধিক অফিসারের সাথে কথা বলেছে। তারও আগে নিউমেক্সিকো আর টেক্সাসে অ্যাপাচি ইন্ডিয়ানদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের কাহিনি শুনেছে। সে তুলনায়-মোযেভ ইন্ডিয়ানদের সাদামাটা মনে করে সাইক। জমবে না ওদের সাথে-কথাটা ভাবতেই কেমন হতাশ বোধ করে সে।

ক্যাম্পকেডি মোযেভ নদীর তীরে অবস্থিত। কল্পনায় ক্যাম্পটাকে দেখতে চেষ্টা করে সাইক। অবিরল জলের কলতানে মুগ্ধ, কোনও শ্যামল সেনানিবাস। গরম অসহ্য বোধ হলে হয়তো উপভোগ করা যাবে নৌবিহারের অবকাশ।

অথচ-মরুভূমির সাথে প্রথম সাক্ষাতেই গলা শুকিয়ে গেল সাইকের। একটা উঁচু গিরিপথ পেরিয়ে জীবনে এই তার প্রথম মরুভূমি দর্শন। অবিরল জল আর শ্যামল ছায়া উধাও হয়ে গেল মন থেকে।

দলের সেকেন্ড ইন কমান্ড, ক্যাপ্টেন ম্যালেটের দুঃখ হলো শোকাহত মেজরকে দেখে। সান্তনায় কেঁপে গেল তার কণ্ঠ। মরুভূমিটা সমুদ্রের মতই সীমাহীন। প্রায় চোদ্দ হাজার বর্গমাইল জুড়ে ছড়িয়ে আছে।

‘বলো কী! তবে তো গোটা ম্যাসাচুসেট রাজ্যই লুকিয়ে রাখা যাবে এর ভেতর!’

‘ইয়েস, সার। সাথে কানেকটিকাট রাজ্যেরও কিছুটা রাখা যেতে পারে। এবং সর্বত্রই সীমাহীন জলকষ্ট!’

তার সারা জীবনে, কল্পনা আর বাস্তবে এতটা পার্থক্য এই প্রথম। মাত্র তিন প্লাটুন সৈন্য নিয়ে এই নরকে টহল দিয়ে বেড়াতে হবে। কাজটা প্রায় অসম্ভব মনে হলো সাইকের।

‘এর আগে মরুভুমির অভিজ্ঞতা আছে তোমার, ম্যালেট?’

‘সৈনিক হিসাবে নেই। তবে ওয়্যাগন কাফেলায় একাধিকবার পাড়ি দিয়েছি মরুভূমি। পানিটাই প্রধান সমস্যা। তৃষ্ণায় বেরিয়ে যেতে চায় জীবন’।

‘ইন্ডিয়ানরা বাঁচে কীভাবে?’

‘সহ্য করে। তৃষ্ণার সাথে যুদ্ধ করে। তা ছাড়া ছড়িয়ে ছিটিয়ে বাস করে তারা মরুভূমিতে। জলকেন্দ্রিক জীবন যাত্রা। পানির উৎস, ছোটবড় প্রতিটা ওয়াটার হোল এবং স্প্রিং তাদের নখদর্পণে’।

সন্ধ্যার আগেই বাহিনী নিয়ে গন্তব্যে পৌঁছল সাইক। ক্যাম্পের করুণ দৃশ্যে আঁধার হয়ে গেল তার চেহারা। কোনও ব্যাকরণেই সেনানিবাস বলা যাবে না কেডিকে। কাঁচা ইটে গাঁথা কতগুলো হাড়পাঁজর বের করা ইমারত। তার কোলে দুতিনটে শুকনো পাতায় ছাওয়া কুঁড়েঘর। বৃক্ষ উপস্থিত, তবে দুর্ভিক্ষের করুণ চেহারা তার। নদী নেই কোথাও। কিন্তু একটা নালা আছে অদূরে। জলের ক্ষীণ ধারাটি স্তব্ধ হয়ে অপেক্ষায় আছে অন্তিম মুহূর্তের। ওটারই নাম মোযেভ নদী!

অপেক্ষায় ছিল রিচার্ড। ‘স্বাগতম, সার’। আমন্ত্রণ জানাল সে। ‘পথশ্রমে ক্লান্ত আপনি। গরম পানি আছে। স্নান সারতে পারেন, যদি ইচ্ছে হয়’।

‘সৈন্যদের ফলইন করানো হয়নি কেন? জানে না তারা, নতুন কমান্ডিং অফিসার আসছে?’

‘আটজন মাত্র সৈন্য। তিনজন পাহারায় আছে, সার। অন্য তিনজনের একটি দল এইমাত্র টহল থেকে ফিরল।’

ব্যাপারটা সাইকের বিচারে অসন্তোষজনক। কিন্তু উদ্যম অবশিষ্ট নেই তার। রিচার্ডের কোয়ার্টারে একমাত্র খটখটে চেয়ারটায় ধপ করে বসে পড়ল সে।

সযত্নে রক্ষিত হুইস্কির বোতলটি বের করে আনল রিচার্ড। গেলাসে ঠাট কোয়াতেই আরাম অনুভব করে সাইক। মোযেভ ইন্ডিয়ানদের সম্পর্কে রিচার্ডের বিচিত্র অভিজ্ঞতায় মনোযোগী হয়।

‘দুজন মানুষকে ভীষণ প্রয়োজনীয় মনে হবে এখানে আপনার,’ বলে যেতে থাকে রিচার্ড। ‘দুজনই ইন্ডিয়ান। তবে সম্পূর্ণ আলাদা জাতের। মোকাটো রেড ইন্ডিয়ান। এই মরুভূমির সবচেয়ে অভিজ্ঞ সৈনিক। মরুভূমিতে ট্র্যাকিং-এর এক বিরল প্রতিভা। সামান্য সূত্র ধরে কারও পায়ের চিহ্ন নির্ভুলভাবে অনুসরণ করে পৌঁছতে পারে সে গন্তব্যে। অপরজন গ্রীন ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয়। সার্জেন্ট ইয়াসীন বেগ।’

‘সার্জেন্ট!’

‘ইয়েস সার। লেফটেন্যান্ট জুলিয়ানের মৃত্যুর পর আমি পদোন্নতি দিই তাকে। অত্যন্ত যোগ্য লোক। যে-কোনও সাদা মানুষের চেয়ে অনেক ভাল চেনে এই মরুভূমি। টহলে বেরিয়ে জুলিয়ান নিহত হলে নেতৃত্বের ভার পড়েছিল তার ওপর। নিশ্চিত মৃত্যুর সাথে লড়ে ফেরত আনতে পেরেছে দলের অবশিষ্টদের। আমার দৃঢ় বিশ্বাস অন্য কারও পক্ষে অসম্ভব ছিল কাজটা’।

‘ইয়াসীনকে চিনি আমি।’

তাকে হারাতে চলেছেন আপনি, মেজর। মেয়াদ শেষ হয়ে গেছে ইয়াসীনের। ছাড়পত্র পৌঁছলেই বিদায় নেবে।

         ‘জুলিয়ানের ব্যাপারে,’ প্রসঙ্গ এড়াল সাইক, কৌতূহলী হয়ে উঠছি আমি। তার মৃত্যুর রিপোর্ট পাঠিয়েছ তুমি হেডকোয়ার্টারে। অথচ সেখানে কেউ চেনে না তাকে!

অপ্রিয় প্রসঙ্গ। বিরক্ত এবং শঙ্কায় ঘেমে গেল রিচার্ড। যথাসাধ্য বর্ণনা দিল সে জুলিয়ানের। তার জাল পরিচয়পত্র সম্পর্কে ইয়াসীনের সন্দেহটিও বাদ দিল না।

সবশেষে উঠল সোনার কথা।

‘সোনা? এই মরুভূমিতে আবার সোনা!’ রিচার্ডের কথায় অবাক হলো সাইক।

‘পাওয়া যায়। মাঝে মাঝে প্রাপ্তি সংবাদ আসে তার। আর আসে সোনার নদীর খবর। এই মরুভূমির নীচ দিয়ে বইছে’।

‘নীচ দিয়ে?’

         ‘জ্বী, সার। নদী টেকে না মরুভূমিতে। অত্যধিক তাপে শুকিয়ে হাওয়া হয়ে যায়, কিংবা তলিয়ে যায় নীচে। সোনার নদীটা নাকি তলিয়ে গেছে মরুভূমির নীচে। তারপর হারিয়ে গেছে বিশাল এক পাতাল গুহায়।’

‘বাজেকথা। সম্ভাবনাটা বাতিল ঘোষণা করল সাইক। তবু তার মন থেকে গেল না নদীটা। যদি থাকে! যদি পাওয়া যায়! তবে ঠিক কাজটিই করবে সে। মরুভূমি দেখাশোনা করার ভার দেওয়া হয়েছে তাকে। নদীটাও সে-ই দেখে শুনে রাখবে। একদম নিজের মত করে…। স্বপ্নের পাতাল গুহায় সহসা হারিয়ে ফেলল সাইক নদীটা। যত্তসব বাজে কথা!

স্নান সেরে আবার বোতল আর রিচার্ডের পাশে ফিরে এল সে। চুরুট ধরাল ধীরে সুস্থে। তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে-প্রয়োজনীয় প্রসঙ্গ তুলল। ‘প্রায়ই মোযেভদের দেখা পাও?’

‘ওরা দেখা না দিলে দেখা পাওয়া যায় না। আর বিনা প্রয়োজনে দেখাও দেয় না ওরা। বড় অদ্ভুত এই মোযেভ গোত্রের ইন্ডিয়ানরা,’ থামল রিচার্ড। সহজে বোঝা যায় না ওদের। সমতলের গোত্রগুলোর চেয়ে আলাদা। অ্যাপাচিদের মত ওরাও হউমা বংশের। কিন্তু অ্যাপাচিদের চেয়ে সম্পূর্ণ আলাদা।

গেলাসে চুমুক দিল রিচার্ড। হুইস্কিটা বড় চমৎকার। চমৎকার দেখতে ওরা। হ্যান্ডসাম এবং শক্তিশালী। অপূর্ব দেহসৌষ্ঠব ওদের মেয়েদের। সবাই সাহসী। এবং হিসেবী যোদ্ধা।

‘কিছু ঐতিহ্যপূর্ণ সংস্কার আছে ওদের। প্রাচীন নীল বা ইনকা সভ্যতার সাথে অনেক ব্যাপারে রয়েছে অদ্ভুত মিল। নদীপথে নৌকা বা ক্যানো ব্যবহার করে না ওরা। অতীতের মিশরীয়দের মত ভেলায় ভেসে চলে’।

‘ওদের জীবনযাত্রা কৌতূহলী করে তুলবে আপনাকে, মেজর’।

‘কতগুলো বর্বর ইন্ডিয়ানের অনুন্নত জীবনযাত্রা আমাকে কৌতূহলী করার ক্ষমতা রাখে না, ক্যাপ্টেন’। তাচ্ছিল্যের সুরে বলল সাইক। ‘আমি কৌতূহলী হতে আসিনি এখানে, ডিউটি পালন করতে এসেছি। আর আমার ডিউটি মরুভূমিতে সরকারী কাফেলা চলাচল নির্বিঘ্ন রাখা। যদি তাতে বাধা সৃষ্টি করে মোযেভরা-বালিতে পুঁতে ফেলব আমি ওদের সব ঐতিহ্য আর সংস্কার।’

দৃষ্টিতে অবিশ্বাস নিয়ে তার দিকে তাকাল রিচার্ড ‘আপনার সে সাফল্য দেখার জন্যে রয়ে যেতে পারলাম না এই যা দুঃখ আমার কত সৈন্য সাথে এনেছেন মেজর?’

‘ছেষট্টি’।

‘মন্দ নয়। দেখুন, মেজর-মোযেভদের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। তার মধ্যে হাজার দেড়েক বা দুয়েক-নিপুণ যোদ্ধা। সম্পূর্ণ নিজস্ব নিয়মের লড়ে তারা। গেরিলা যুদ্ধের কৌশলও জানে। ওদের কাছ হতে এ মুলুকটা ছিনিয়ে নেয়া বড় কঠিন কাজ’।

‘তবে অস্ত্রগুলো মধ্যযুগীয়। তীর ধনুক, থ্রোইং নাইফের মত লম্বা ছোরা, বর্শা ও ছোট হাতলওয়ালা কুড়াল। রাইফেল বা বুলেট নেই খুব বেশি। ওগুলো ব্যবহারের আগ্রহটাও কম। কারণ নিজেদের অস্ত্রেই অভ্যস্ত ওরা। এবং অধিকাংশ ক্ষেত্রে অব্যর্থ’।

‘ঘোড়ায় চড়ে সাধারণত যুদ্ধ করে না ওরা। কিন্তু কিছুদিন আগে ইয়াসীনদের টহল দলটাকে যারা আক্রমণ করেছিল, তারা সবাই ছিল ঘোড়সওয়ার। ওই বিশেষ ক্ষেত্রে ওরা ঘোড়া ব্যবহার করেছিল সম্ভবত দুটো উদ্দেশে। প্রথমত, পায়ে হাঁটা সৈনিকদের টিটকারি দিয়ে মনোবল ভেঙে দেওয়া, দ্বিতীয়ত, গেরিলা পদ্ধতিতে তড়িৎ আক্রমণ করে বিজয় ছিনিয়ে নেওয়া’।

‘তবু পারেনি তারা?’

‘একমাত্র ইয়াসীনের কারণে। অন্তত মোকাটো ও হেনরি তাই বলে। ইয়াসীন প্রলোভন দেখিয়ে কাছে টেনে আনে ওদের, এবং পিস্তলের যাদু দেখিয়ে দেয় স্রেফ। অমনটি নাকি এর আগে কেউ দেখেনি কখনও। পিস্তলটার কথা জানত না মোযেভরা। প্রচুর লোকসান হয় ওদের, আর লোকসান দিতে একদম অপছন্দ করে ওরা।’

‘ইন্টারেস্টিং!’ কৌতূহলী হয়ে উঠল সাইক! ‘কী মনে হয় রিচার্ড, আমার সাথে পারবে ওরা?’

‘বলা কঠিন সার। এমনিতে খুব হিসেবি যোদ্ধা ওরা। পারার সম্ভাবনা না থাকলে সামনাসামনি লাগতেই আসবে না। কিন্তু যদি সম্ভাবনা দেখে তবে লড়বে। তার জন্যে পর্যাপ্ত যোদ্ধাও নামাবে রণাঙ্গনে। একবার মারিকোপাস ও পিমা ইন্ডিয়ানদের বিরুদ্ধে লড়াইয়ে, পাক্কা একহাজার সৈন্য নামিয়েছিল ওরা, অ্যাপাচিদের সাথে জোটবেঁধে’।

গেলাসটা খালি করল রিচার্ড। ‘ওদের তীর বা থ্রোইং নাইফগুলো লংরেঞ্জের দ্ধে রাইফেলের সামনে টিকতে পারবে না। তবে হাতাহাতি লড়াইয়ে সত্যিই তুখোর ওরা’।

‘নদীর পাড় ধরে বসবাস ওদের?’

‘অনেকটা তাই। নীডলস থেকে শুরু করে ষাট সত্তর মাইল উত্তর পর্যন্ত ছড়ীয়ে ছিটীয়ে আছে। শিকারী নয় গোত্রটা। এই বন্ধ্যা মরুতে ভাল শিকার জোটে না, তাই। চাষবাসই প্রধান সম্বল। প্রাচীন মিশরীয়দের মত। কলোরাডো নদীর বন্যার বয়ে আসা পলিতে-গম, কদু, তরমুজ, বাদাম ইত্যাদির আবাদ করে। মেসকাইট সিম ওদের অন্যতম খাদ্য।’

‘চাষীদের মত পায়ে হেঁটে চলাফেরা করে?’

‘সাধারণত।’ সামান্য জড়ানো জিভে বলল রিচার্ড। ‘তবে হাঁটে না। দৌড়ায়। দৌড়াতে পারে। সারাদিন, দিনের পর দিন। সাইমুম ঝড়ের মত ধেয়ে আসে ওরা। সবকিছু লণ্ডভণ্ড করে নিমেষে উধাও হয়’।

গেলাসে চুমুক দিল সাইক। রিচার্ডের কথাগুলো ঝাঁপসা হয়ে আসছে। সহসা মনের অতল হতে উঠে এল একটা নদী। সোনার নদী! এই মরুভূমিতে-আছে নাকি ওরকম একটা নদী? সোনা পাওয়া যাবে তাতে? অত সোনা!

এত সোনা দিয়ে কী করবে সাইক?

<

Super User