এভাবে হবে না, বলল তানিয়া। মুখোমুখি দাঁড়িয়েছে জর্জ আর সলটারের। আমার ওপর ছেড়ে দাও। আমি সত্যি কথাটা বার করে ফেলব। তারপর যোগ করল, অনেকদিন ধরেই আমার মনে হচ্ছে অসকারের র‍্যাঞ্চের লোকগুলো সুবিধের নয়।

কিভাবে বুঝলি? জানতে চাইল জর্জ। আর বুঝে থাকলে ওর সঙ্গে মেলামেশা করছিস কেন? ওকে মোটেও পছন্দ নয় আমার। ব্যাটা খালি টাকার গরম দেখায়।

ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, তীব্র কণ্ঠে প্রতিবাদ জানাল তানিয়া। যাই হোক না কেন অসকার দ্রলোক। সে জানে কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। তুমি নিশ্চয়ই চাও না আমি কোন কাউহ্যাণ্ডকে বিয়ে করি?

কথাগুলো বলার সময় চোখ দুটো বড় বড় হয়ে উঠল তানিয়ার। ওর প্রতিটি কথা যেন ছুরির মত বিধল সলটারের হৃদয়ে। জিভ দিয়ে শুকনো ঠোঁট চাটল সে। চোখ দুটো জ্বলে উঠল তার। তবে সে আগুন বড় স্লাম। ওর দিকে চকিত দৃষ্টি দিল জর্জ। তারপর ফাঁকা হেসে বলল, আমিও কাউহ্যাণ্ড ছিলাম। সেখান থেকেই আজকের অবস্থায় এসেছি। টাকা ছাড়া আর কি আছে অসকারের যা একজন কাউহ্যাণ্ডের নেই? ও তো মানুষই না। কুটোটা পর্যন্ত সরায় না সে। এতবড় একটা বিপদের মোকাবেলা করছি আমরা অথচ সেদিকে কোন খেয়ালই নেই তার। যা খুশি তাই করে বেড়াচ্ছে ওর ফোরম্যান ম্যাকগ্র।

তোমার কেন মনে হল বক্স ও-র লোকেরা ভাল নয়? সলটার প্রশ্ন করল তানিয়াকে। অসকার এ ব্যাপারে কিছু বলেছে কখনও?

না। ও এ ব্যাপারে কিছু জানে না। জানলে একটা ব্যবস্থা নিতই। তুমি ভাবছ ও এতে জড়িত, তাই না?

জবাব দিল না সলটার। তানিয়ার গলার স্বরে বুঝতে পারল যুক্তির পরিবর্তে আবেগ দিয়ে সবকিছু বিচার করছে সে।

রাসলিং-এর সঙ্গে অসকারের জড়ানর প্রয়োজন পড়ে না, চিন্তিত ভঙ্গিতে বলল জর্জ। ওর টাকার অভাব নেই। সলটারের দিকে ফিরল সে। বসন্ত আসার আগেই যা করার করতে হবে আমাদের। তুমি রেডি হও।

আমি রেডিই আছি, দৃঢ়তার সঙ্গে বলল সলটার। চেয়ার ঠেলে উঠে দাঁড়াল সে। জনা কয়েক লোক লাগবে আমার। আবার নতুন করে শুরু করব।

তোমাকে তো বলেইছি পুরো কাউন্টি চষে এসেছি আমরা। কোন লাভ হয়নি।

আমার লাভ হয়েছে, মৃদু হেসে বলল সলটার। রাসলাররা জানে তাদের সন্দেহ করছি না আমরা। ফলে সুবিধে হবে আমার। আমাকে অবিশ্বাস করবে না ওরা। বন্ধু ভাববে।

দেখ কি করতে পার, দরজার দিকে এগোতে এগোতে বলল জর্জ।

সে বেরিয়ে যেতেই তানিয়ার দিকে চাইল সলটার। ওর দিকে চেয়ে রয়েছে মেয়েটি। একটু আগে বলা ওর কথাগুলো মনে পড়তে ঠোঁট কামড়াল সলটার।

তানিয়া আজ সরাসরি বলে দিয়েছে যা বলার। বুঝিয়ে দিয়েছে সলটার ওর যোগ্য নয়। মেয়েটা বড় নিষ্ঠুর। কতখানি, সে নিজেও জানে না বোধহয়।

সলটার, সাবধানে থেক, বলল তানিয়া। এত তাড়াতাড়ি আবার ঘোড়ায় না চাপলেও পারতে। রাসলারদের কথা বলছি না আমি। ভয় সেই গানম্যানকে।

আমার জন্যে তোমার চিন্তা না করলেও চলবে, কর্কশ কণ্ঠে বলল সলটার।

তুমি আসলে অসকারকে সহ্য করতে পার না। কেন তা জানি না আমি। ও তো খারাপ লোক নয়।

আমি তো বলিনি খারাপ, বলল সলটার। তোমার বন্ধু-বান্ধবদের ব্যাপারে আমার নাক না গলানই ভাল। তুমি তো ছোট খুকী নও। আমার চেয়ে কম বোঝ না তুমি।

এত কড়াভাবে কথাগুলো বলতে চায়নি সলটার। কিন্তু তানিয়ার ব্যবহার উত্তেজিত করে রেখেছে তাকে। জর্জের সঙ্গে তানিয়ার কথোপকথন কিছুতেই ভুলতে পারছে না সে। সলটার পা বাড়াল দরজার দিকে।

বারান্দায় বেরিয়ে এসে দাঁড়াল সে। চাইল চারদিকে। জোহান রয়েছে করালে। স্যাডল পরাচ্ছে ঘোড়ায়। জর্জ ওয়াগনার উঠন পেরিয়ে করালের দিকে এগোল। দরজায় ঠেস দিয়ে দাঁড়াল সলটার। সে নিশ্চিত, বিপদে পড়েছে জোহান। খুব সম্ভব ওকে ব্ল্যাকমেইল করছে ম্যাকগ্র।

ছেলের পাশে পৌঁছে গেল জর্জ। কি যেন কথা হল বাপ-বেটার মধ্যে। শুনতে পেল না সলটার। তার পরপরই বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল সে। ছেলের গালে বিরাশি সিক্কা ওজনের প্রচণ্ড এক চড় বসিয়েছে বাপ। ছিটকে মাটিতে পড়ে গেছে ছেলে।

দ্রুত এগোতে গিয়ে কাঁধে ঝাঁকি খেল সলটার। বারান্দার পোস্ট-ধরে দাঁড়িয়ে পড়ল সে। মাটিতে বার কয়েক গড়াগড়ি খেল জোহান। তারপর ওঠার চেষ্টা করতেই সামনে এগোল জর্জ। একটানে ছেলেকে দাঁড় করিয়ে ফেলল। রাগী। কণ্ঠস্বর কানে ভেসে এল সলটারের। সিঁড়ি বেয়ে নেমে এল সে। এগোল করালের দিকে। এসময় ঝাড়া দিয়ে সরে গেল জোহান। লাফিয়ে ঘোড়ায় চাপল সে। বেরিয়ে গেল তীরবেগে। আরেকটু হলেই ধাক্কা খেত সলটার। জোহানের দুগাল বেয়ে অশ্রু গড়াচ্ছে।

বেড়ায় হেলান দিল সলটার। দেখল বসকে। রাগে লাল হয়ে রয়েছে জর্জের মুখ।

আবার গোলমাল বাধালে? ওকে শান্ত কণ্ঠে প্রশ্ন করল সলটার।

ঠিকই আছে। গাধাটাকে বললাম ম্যাকগ্রদের সঙ্গে মিশিস না। আর আমাকে বলে কিনা নিজের চরকায় তেল দিতে। কত বড় স্পর্ধা।

আমি হলেও তাই বলতাম, সহজ গলায় বলল সলটার। এভাবে বাগে আনতে পারবে না ওকে।

বড় দেরি করে ফেলেছি, রাগত স্বরে বলল জর্জ।

তা তো অবশ্যই। এখন মেজাজ দেখিয়ে লাভ কি বল। আমি বরং ওকে ধরে আনিগে।

না। যাবে না তুমি, অন্যরকম শোনাল জর্জের গলা। যথেষ্ট বড় হয়েছে ও। আমার কাছ থেকে সরে থাকতে চাইলে থাকুক। ওকে আনতে যাওয়ার কোন দরকার নেই। এর আগে প্রতিবারই ওকে ফিরিয়ে আনার জন্যে পাঠিয়েছি তোমাকে। তাতেই মাথায় উঠে গেছে ও। ওর যা মন তাই করুক গে।

জর্জ, পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর, নরম গলায় বলল সলটার। জোহানকে মুঠোয় পেয়েছে ম্যাকগ্র। এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। কিভাবে পেল সেটাই জানতে হবে আমাদের। এখন জোহানকে এভাবে ছেড়ে দেয়ার অর্থ হচ্ছে ওকে ম্যাকগ্রর দিকে আরও বেশি করে ঠেলে দেয়া। ম্যাকগ্র সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়বে না। পরে আপসোস করব আমরা সকলে। আমি দেখতে চাই ও কোথায় যায়, কি করে।

তুমি অসুস্থ, সলটার, প্রতিবাদ করল জর্জ। তোমার যেতে হবে না। যখন দেখবে তুমি যাওনি তখন ও নিজেই ফিরে আসবে।

তা হয় না, সলটার বলল। ঘুরল সে। বানের কাছে জোকে দেখতে পেল। ডাকল তাকে। জো, আমার শোবার ঘর থেকে গানবেল্টটা নিয়ে এস। রাইফেলও আনবে। আর কাউকে বল আমার ঘোড়ায় স্যাডল চাপিয়ে দেবে।

বাইরে যাবে? জোর কণ্ঠে উদ্বেগ।

হ্যাঁ।

তোমার যাওয়া ঠিক হবে না, সলটার, নিচু গলায় বলল জর্জ। আমার কথা শোন।

আমি তোমার ছেলে নই, জর্জ। ফোরম্যান, গম্ভীর স্বরে বলল সলটার। আমার কাজ আমাকে করতে দাও।

ছেলে বলেছে নিজের চরকায় তেল দিতে, আর এখন ফোরম্যান কথা শুনছে; তবে আমার আর এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? হতাশ ভঙ্গিতে কথাগুলো উচ্চারণ করল জর্জ। বারান্দার দিকে হাঁটা ধরল সে। সিঁড়ি বেয়ে উঠে ঘরে ঢুকে পড়ল। তার পিছনে প্রচণ্ড জোরে বন্ধ হল সদর দরজা।

এরপরও যাবে তুমি? জিজ্ঞেস করল জো। তার কালো চোখ জোড়া জ্বলজ্বল করছে।

হ্যাঁ, জো। তুমিও যাচ্ছ আমার সঙ্গে। এবার উৎসাহিত হল জো। আরও কয়েকজনকে নিয়ে নিই? শুধু মার্টিন, আর কাউকে নয়। ওকে তৈরি হতে বল। তুমি আমার ঘোড়ায় স্যাডল পরাও, আমি রাইফেল নিয়ে আসছি।

ইয়েস, স্যার। বাঙ্কহাউসের দিকে লম্বা পা বাড়াল জো। সেদিকে খানিক চেয়ে থেকে ঘুরে ঘরের দিকে এগোল সলটার। স্যাডলে চাপার মত সুস্থ এখনও হয়নি সে, কিন্তু কিছু করার নেই। এ রহস্যের কিনারা করতে চাইলে ঘরে বসে থাকলে চলবে না। কাজ করতে হবে এখন থেকেই।

সলটার বারান্দায় উঠতেই দেখা হয়ে গেল তানিয়ার সঙ্গে। দরজায় এসে দাঁড়িয়েছে সে। ওকে পাশ কাটিয়ে ঘরে ঢুকতে চাইল সলটার। কিন্ত দুপাশে হাত বাড়িয়ে ঢোকার পথ আটকে দিল তানিয়া।

সর, কর্কশভাবে নির্দেশ দিল সলটার। ভেতরে যেতে হবে। রাইফেল নেব।

কি শুরু করেছ তোমরা বল তো। তিনজন বয়স্ক লোক ছেলেমানুষের মত কাজ-কারবার করেই চলেছ। তুমি বাইরে যেতে চাইলে যাও, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে আমাকে পাবে না।

লম্বা শ্বাস টানল সলটার। এতখানি আশা করেনি সে। তানিয়া তখনও দরজায় দাঁড়িয়ে রয়েছে। ওর কাঁধে হাত রাখল সলটার। খানিকটা কুঁকড়ে গেল, তানিয়া। ওর চোখের দিকে চাইল সে। রাগ করেছে কিনা বোঝা গেল না। দীর্ঘশ্বাস ফেলল সলটার। মেয়েটি বড় সুন্দর। ওকে সামান্য ঠেলা দিল সে। পিছে হেলে গেল তানিয়া। তবে ভারসাম্য হারানর আগেই ওকে ধরে ফেলল সলটার। ওর ডান কাঁধ আঁকড়ে ধরল তানিয়া। দুজনের মুখের ব্যবধান এখন মাত্র ইঞ্চি কয়েক। জোরে জোরে নিশ্বাস ফেলছে তানিয়া। স্পষ্ট শুনতে পাচ্ছে সলটার। ওকে সরিয়ে দেবার চেষ্টা করল না মেয়েটি। অনেকটা আচ্ছন্নের মতই ঝুঁকল সলটার। চুমু খেল ওকে।

তানিয়া অবাক হলেও প্রতিবাদ করল না। সলটারের নিষ্ঠুর ঠোঁটজোড়া কেবলমাত্র একবার স্পর্শ করল তানিয়ার গাল। দ্রুত ঘুরে দাঁড়াল সলটার। নেমে গেল সিঁড়ি বেয়ে।

ঠোঁটজোড়া পুড়ে যাচ্ছে ওর, যেন আগুনের ছ্যাকা দিয়েছে কেউ। বুকে আবেগের বান।

তানিয়া সরে গেছে দরজা থেকে। খানিক বাদে নিজের ঘরে চলে এল সলটার। সরু কোমরে গানবেল্টটা পরে নিল। বাঁ হাত এখনও অকেজো প্রায়। ফলে ওটা ব্যবহৃত হল সামান্যই। সিক্সগানটার গুলি পরীক্ষা করে হোলস্টারে ভরল। এগোল কোণের দিকে। রাইফেলগুলো রয়েছে ওখানে। উইনচেস্টার আর কোল্ট দুটোর জন্যে বাড়তি কার্তুজ রয়েছে স্যাডলব্যাগে। বার্ন থেকে ব্যাগগুলো নিয়ে নিলেই হল। দ্রুত পায়ে সে বেরিয়ে এল ঘর ছেড়ে। নেমে এল নিচে। রান্নাঘরে। কাজে ব্যস্ত ছিল তানিয়া। পায়ের শব্দ শুনে ঘুরে তাকাল। কেমন যেন অপরাধবোধ হচ্ছে সলটারের। মনে হচ্ছে মস্ত অন্যায় করে ফেলেছে।

আমি দুঃখিত, তানিয়া, বলে বসল সে। হঠাৎ কি যে হয়ে গেল।

ওকে কথা শেষ করতে দিল না তানিয়া। একটা ব্যাগে করে তোমার খাবার দিয়ে দিচ্ছি। ওর দিক থেকে চোখ সরাল না সে। প্রচণ্ড অনুতাপ হচ্ছে সলটারের। কিন্তু কাউহ্যাণ্ডকে বিয়ে করার ব্যাপারে বলা তানিয়ার কথাগুলো মনে পড়তেই শক্ত হল। সে তো ভদ্রলোক নয়! কাজেই অভদ্রের মত কাজ তো সে করতেই পারে। একজন কাউহ্যাণ্ডের পক্ষে এটাই স্বাভাবিক। চোয়াল শক্ত হল ওর।

তানিয়া খাবারের ব্যাগ আনা অবধি অপেক্ষা করল সলটার। তারপর ব্যাগটা নিয়ে ধন্যবাদ জানিয়ে দরজার দিকে এগোল। দরজার কাছে পৌঁছতেই পিছু ডাকল তানিয়া। থমকে দাঁড়াল সলটার।

সাবধানে থেক, বলল সে। পারলে বাবা আর জোহানের বিবাদটা মিটিয়ে দাও।

সব সময় তো তাই-ই করি, নিজের কানেই কর্কশ ঠেকল সলটারের গলা। কালো হয়ে গেছে তানিয়ার মুখ। জঘন্য! ভাবল ও। সামান্য একজন কাউহ্যাণ্ড ছাড়া কিছুই নয় সে। উইলবার অসকারের মত ভদ্রতা বা মার্জিত ব্যবহার ওর কাছ থেকে আশা করা যায় না। সারাটা জীবন র্যাথেই কাটিয়েছে সে। লেখাপড়ার। সুযোগ পায়নি অসকারের মত। সে অদ্ৰতা করবে না তো করবেটা কে? ক্রুদ্ধ সলটার ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। বারান্দায় বেরিয়ে এসে দেখল ওর। ঘোড়া নিয়ে আসছে জো। ওদিকে করালে স্যাডল পরাতে ব্যস্ত মার্টিন।

তুমি তৈরি? প্রশ্ন করল জো, কষ্ট হবে কিন্তু, সলটার।

হোক, বলল সলটার। খাবার নিয়েছ তো?

হ্যাঁ, বলল জো। তুমি এক কাজ কর, সলটার। বাইরে বেরুনর আগে স্যাডলে চেপে একটু প্র্যাকটিস করে নাও।

মাথা ঝাঁকিয়ে সায় জানাল সলটার। উইনচেস্টারটা রাখল স্যাডলবুটে। রেকাবে বাঁ পা রাখল সে। স্যাডলহর্ন চেপে ধরে উঠে বসল স্যাডলে। দাঁত চেপে ব্যথাটা সহ্য করল ও। গত কদিন করালে আটকা ছিল ঘোড়াটা। ফলে মনের আনন্দে তিড়িং বিড়িং করে নাচতে লাগল ওটা। দ্রুত ঘোড়াটাকে নিয়ন্ত্রণে আনল সলটার। করালের দিকে ঘোড়া ছোটানর সময় কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার।

বাঙ্কহাউসের কাছে লাগাম টেনে ঘোড়া থামাল সে। ওকে লক্ষ্য করছে কয়েকজন কাউহ্যাণ্ড, বাঙ্কহাউসের দরজায় দাঁড়িয়ে।

কেমন বুঝছ, সলটার? প্রশ্ন করল বিলি।

পারব, জবাব দিল সে। তোমরা তৈরি থেক। সাহায্যের দরকার পড়লে জোকে পাঠাব।

আমরা এখনই তোমার সঙ্গে গেলে অসুবিধে আছে? বলল টমলিন।

সময় হোক, নিশ্চয়ই যাবে, সকলের উদ্দেশ্যে বলল সলটার। তোমরা ধৈর্য হারাচ্ছ কেন বুঝছি না আমি। রাসলারদের সঙ্গে হঠাৎ গোলাগুলি শুরু হলে আমরা অনেকেই মরব। তোমরা সবাই একসাথে মরতে চাও নাকি?

ওরা জবাব দিল না কেউ। ঘোড়ার মুখ ঘোরাল সলটার। মার্টিন আর জোকে ঘোড়ায় বসা অবস্থায় দেখতে পেল সে।

গেটের দিকে ঘোড়া ছোটাল সলটার। মরিয়া হয়ে চেপে ধরল লাগাম। তীরবেগে ছুটল ঘোড়া। মুখে বাতাসের ঝাঁপটা লাগছে সলটারের। কানে আসছে। খুরের শব্দ। রক্ত গরম হয়ে উঠল ওর। এ মুহূর্তে ব্যথাটা অনেক কম বোধ করছে সে। খোলা র‍্যাঞ্চ ধরে ছুটছে ঘোড়া। জোহানের পথ অনুসরণ করে। ওর পিছু নিল জো আর মাটিন।

খানিক বাদেই সলটারের মনে হল ভুল করেছে সে। র‍্যাঞ্চে বিশ্রাম নেয়াই উচিত ছিল তার। কিন্তু পরক্ষণেই ভেতর ভেতর প্রচণ্ড দৃঢ়তা অনুভব করল। জোহানের ট্রাক চলে গেছে শহরের দিকে। তারমানে বাফেলো ফ্ল্যাটে যাচ্ছে ওরা, ভাবল সলটার। গত শনিবার যেখানে শেষ করেছিল আজ আবার সেখান থেকে শুরু করতে হবে।

লাগাম টেনে ধরল সলটার। যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে সে। কাউবয় দুজন চলে এল তার কাছে। তাদের ধূলিমলিন চেহারায় উদ্বেগের ছাপ।

তুমি ফিরে যাও, সলটার, বলল জো। স্যাডলে সোজা হয়ে বসেছে সে। আমাদের ওপর ভরসা রাখতে পার। জোহানের সঙ্গে যথেষ্ট ভাল সম্পর্ক আমাদের। আমরাই ফিরিয়ে আনতে পারব তাকে।

আমাকে নিয়ে চিন্তা কোরো না। আমি পারব। যেতে আমাকে হবেই, দৃঢ় স্বরে বলল সলটার।

জানি তোমাকে বুঝিয়ে কাজ হবে না, ত্যাগ করল জো। আমরা সবাই। তোমার পাশে আছি, সলটার।

ধন্যবাদ, জো, সন্তুষ্ট হয়ে বলল সলটার। চল রওনা দিই। শহরে গিয়ে সন্ধে পর্যন্ত অপেক্ষা করব আমরা। তারপর ঢুকব স্যালুনে।

দ্রুতবেগে ছুটল তিন ঘঘাড়সওয়ার। পুরো যাত্রাটা সলটারের কাছে দুঃস্বপ্নের মত ঠেকল। শহরের কাছাকাছি পৌঁছে বাফেলো ফ্ল্যাট চোখে পড়তে আবার লাগাম টেনে ধরল সলটার।

সময় নষ্ট করে লাভ নেই, বলল সে। শেরিফের সঙ্গে দেখা করব আমি। জো, আমি চলে যাওয়ার পর পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখবে তুমি। জোহানকে দেখার চেষ্টা করবে। ও নিশ্চয়ই স্যালুনে কিংবা হেলগা ডিকসনের কেবিনে রয়েছে। খেয়াল রাখবে ও যেন তোমাকে দেখতে না পায়। ও কোথায় আছে, কি করছে জানতে হবে আমাদের।

ঠিক আছে, বস, বলল জো।

আমার কাজটা কি? জানতে চাইল মার্টিন। আমি বেকার বসে থাকব?

না, আমাকে অনুসরণ করবে তুমি। আমি বেঁচে থাকি এটা চায় না অনেকেই। সামনের দিকটা সামলাব আমি। কিন্তু পেছনটা তো আর দেখতে পাচ্ছি না সর্বক্ষণ। তুমি খেয়াল রাখবে। পারবে না?

অবশ্যই, হোলস্টারে হাত রেখে বলল মার্টিন। গুলি করছে কোন্ হারামজাদা? তোমার কোন ধারণা আছে?

মনে হয় আরেকবার দেখলে চিনে ফেলব, সলটার বলল ধীরে ধীরে। ওর মুখ দেখতে পাইনি আমি। কিন্তু শরীরের কাঠামোটা স্পষ্ট চোখের সামনে ভাসছে। কেবল আরেকবার দেখতে পেলেই হল।

দেখলে আমাদেরও জানাবে, চারদিকে দৃষ্টি বুলিয়ে বলল জো, উচিত শিক্ষা দিয়ে দেব।

শহরে পৌঁছে গেল ওরা। কাউবয় দুজনকে রেখে একাই চলল সলটার। আস্তাবল পেরনর সময় মনে পড়ে গেল হার্পারের কথা, এখান থেকেই দুর্ঘটনার দিন বেরিয়েছিল সে, হার্পার আর জোহান। মাত্র এক সপ্তাহ আগের কথা। অথচ মনে হচ্ছে যেন কত যুগ পেরিয়ে গেছে। শৈরিফের অফিসের সামনে ঘোড়া থামাল সে।

নতুন শেরিফ অফিসেই ছিল। তাকে ভালমতই চেনে সলটার। ম্যাকডারমট বুড়ো হলেও আইনের মারপ্যাঁচ ভাল বোঝে। এক সময় এলসওয়ার্থ আর ডজ সিটির টাউন মার্শাল ছিল সে। দায়িত্ব পালন করেছে যোগ্যতার সঙ্গেই। ওকে দেখে শেরিফ উঠে দাঁড়াল চেয়ার ছেড়ে। লম্বা লোকটা সামান্য ঝুঁকে পড়েছে বয়সের ভারে। চোখা মুখটাতে বুদ্ধিমত্তার ছাপ। সরু চোখ। কগোছা সাদা চুল, টাক ঢাকার জন্যে আঁচড়েছে সামনের দিকে।

সলটার, তোমাকে দেখে খুব ভাল লাগছে। কিন্তু জখম না সারতেই আবার বেরিয়ে পড়লে?

কেমন আছ, ম্যাক, বলল সলটার। ব্যথা নিয়েই শহরে আসতে হল। তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। গত শনিবারের ঘটনার স্টেটমেন্ট লাগবে।

হ্যাঁ। আসলে ধাক্কা সামলে ওঠার জন্যে সময় দিচ্ছিলাম তোমাকে, নতুন শেরিফ বলল, আমি অবশ্য কাজে নেমে পড়েছি। জান তো, রাদারফোর্ড আমার ডেপুটি। ঘটনাস্থলে রয়েছে এখন সে, ট্র্যাক খুঁজছে, অনুসরণ করছে। আমি বলেছি যতদিন লাগে লাগুক, খুনী কোথায় গেছে খুঁজে বার করা চাই।

ওটাই একমাত্র উপায়, সম্মতি জানাল সলটার। আমি ব্যাটাকে স্পষ্ট দেখতে পাইনি। ঘটনাটা খুব দ্রুত ঘটে গিয়েছিল। আমাদের জন্যে যেন ওঁৎ পেতেই ছিল ও। দুটো গুলি করে আমাকে আর শেরিফকে শুইয়ে দিয়েছিল।

ঠাণ্ডা মাথার খুনী! ম্যাকডারমট রাগতস্বরে বলল। তবে ধরা ওকে পড়তেই হবে।

আজ বক্স ডব্লিউতে একদফা গোলাগুলি হয়ে গেছে। আমাকে লক্ষ্য করে গুলি করেছে। ভাগ্য ভাল লাগেনি কারও। জানালার কাঁচ ভেঙেছে কেবল, আর কটা ফুটো হয়েছে দরজায়।

তোমার পিছে লেগেছে কেউ, জ্বলে উঠল শেরিফের চোখজোড়া। কে, সলটার?

জানলে তো ভালই হত, চেয়ারে বসে পড়ে বলল সলটার। মুশকিল হচ্ছে ওরা আচমকা হামলা করছে, আমার মুখোমুখি হতে চাইছে না। আমি তো তৈরিই আছি।

গত শনিবার কি হয়েছিল? ঠাণ্ডা গলায় প্রশ্ন করল শেরিফ। তবে সলটার বুঝল কি বলতে চায় সে। ম্যাকগ্রর সঙ্গে তোমার লাগালাগির ব্যাপারটা জানি আমি। ওকে সন্দেহ হয়?

প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করি কিভাবে বল?

তা তো অবশ্যই। প্রমাণ লাগবে। শুধু গত শনিবারের ঘটনাই না, তোমার বাবার হত্যাকাণ্ডের ব্যাপারটাও ভুলিনি আমি। আমার দায়িত্ব নেয়ার একটা কারণ সেটাও। রহস্যটা উদ্ঘাটন আমি করবই।

আমিও ভুলিনি, বলল সলটার। বাবার খুনীকে যে করে হোক খুঁজে বার করবই। অবশ্য যদি সে এর মধ্যে মারা গিয়ে না থাকে।

আমিও আছি তোমার সঙ্গে। যাই হোক, তুমি শহরে কি জন্যে এসেছ?

জর্জ ওয়াগনার আর তার ছেলের ঝগড়ার কথা সলটার খুলে বলল শেরিফকে। তবে শহরে জোহানের আনাগোনা আর ম্যাকগ্রর সঙ্গে বন্ধুত্বের কারণ। সম্বন্ধে ওর নিজের সন্দেহগুলো প্রকাশ করল না। পুরো সন্দেহটাই অনুমান নির্ভর। এ ব্যাপারে খামোকা শেরিফকে প্রভাবিত করা উচিত নয়।

জোহান জমে গেছে এখানে, ম্যাকডারমট স্বীকার করল। ওকে জড়িয়ে অনেক গুজব কানে এসেছে আমার। তার মধ্যে নিশ্চয় কিছু সত্যতা আছে। তোমার জায়গায় আমি হলে ওকে বাফেলো ফ্ল্যাট থেকে হিচড়ে নিয়ে গিয়ে বক্স ডব্লিউতে বেঁধে রেখে দিতাম।

প্রয়োজন পড়লে তাই করব, সলটার বলল। স্টেটমেন্টের ব্যাপারটা?

এখন না, জবাব দিল নতুন শেরিফ। আগে আরও চেকিং হোক; তারপর। ঠিক আছে। আমি চলি তবে, বিদায় নিয়ে রাস্তায় বেরিয়ে এল সলটার।

একপাশে দাঁড়িয়ে ইতিউতি চাইল। কাছেই কোথাও ঘাপটি মেরে রয়েছে হয়ত রজার হাপারের খুনী। ওর দিকে হয়ত রাইফেল তাক করে রেখেছে এ মুহূর্তে। কেবল ট্রিগার টেপার অপেক্ষা! ভাবনাটা মাথায় আসতেই হোলস্টারে হাত চলে গেল সলটারের।

<

Super User