প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে লরিয়া ফ্ল্যাগানের দিনগুলো। ব্রুকসের অক্লান্ত সেবা করছে। রাত-দিন সারাক্ষণই পাশে থাকছে, জোর করেও ওকে সরাতে পারেনি ফ্ল্যাগান। তৃতীয়দিন সকালে বিছানা ছাড়তে চাইল ব্রুকস, একরকম তেড়ে উঠল লরিয়া। আরও অন্তত দুদিন বিশ্রাম নেবে, দৃঢ় স্বরে ঘোষণা দিল। ডক্ হেনরীও তাই বলেছে।

আমাকে অলস বানিয়ে ছাড়বে তোমরা, মিস্ ফ্ল্যাগান! বিরক্ত মনে হলো ব্রুকসকে। ওদিকে অনেক কাজ পড়ে আছে।

পিস্তলবাজি? সেটা কদিন পরে হলেও চলবে। দারুণ একটা বাথান আর এতগুলো টাকা দিয়ে যাচ্ছ আমাকে, হয়তো শিগগির পটলও তুলবে। আমি কৃতার্থ হয়ে গেছি! তোমার যত্ন নিয়ে ঋণের বোঝা কিছুটা হালকা করতে দাও। লরিয়ার কণ্ঠে তীব্র শ্লেষ, দৃষ্টিতে উপহাস ঝরে পড়ছে।

চমকে উঠল ব্রুকস, লরিয়ার কটুক্তি গায়ে মাখল না। তুমি জানো?

আমাকে বলেছে কারভার। সবাই জানত মারা গেছ তুমি, পারকারের লোকেরা তাই বলছিল, বিশেষ করে কার্লি ব্রনসন। আহ্, আরেকটু হলে বেসিনের সবচেয়ে ধনী মহিলা হয়ে গিয়েছিলাম আমি!

ভুলটা কোথায় হয়েছে বুঝতে পারছে না ব্রুকস, বোকা বোকা দেখাচ্ছে ওকে।

স্যামুয়েল ব্রুকস, তুমি আমাকে অপমান করেছ!রাগ লরিয়ার চোখে-মুখে, অধৈর্য দেখাচ্ছে। আমি কি তোমার স্ত্রী না মেয়েমানুষ? বেসিনের সবলোক যখন জানবে কি ভাববে ওরা? তোমার খেয়ালের কাছে আমার আত্মসম্মানের কোন মূল্য নেই? যে কাজটা করেছ তা করার অধিকার কি তোমার আছে?

মেয়েটার আচরণের কোন অর্থ খুঁজে পাচ্ছে না ব্রুকস। অচেনা মনে হচ্ছে, হঠাৎ করে পাল্টে গেছে যেন। ক্ষমা চাইছি, ম্যাম, ভয়ে ভয়ে বলল ও। এখানে আমার পরিচিত কেবল তোমরাই, তাছাড়া আমি চাইনি বাথানটা অন্য কারও হাতে পড়ক। তোমার বাবা…

তাহলে আমার বাবাকে দিয়ে গেলে না কেন? স্যামুয়েল ব্রুকস, তুমি একটা মিথ্যুক! ম্যাট লোগান যেদিন তোমার হাতে মারা পড়ল সেদিন উইলটা করেছ তুমি। অথচ বাবা তোমাকে জমি কেনার কথা বলেছে আরও পরে। তুমি ঠিকই বুঝেছিলে বাবা এমনিই বলেছিল কথাটা। তোমার হেঁয়ালিভরা উত্তর আর চাহনি ভুলে যাইনি আমি।

ব্রুকস নীরব, সিলিংয়ের দিকে তাকিয়ে।

তোমার সাথে আমার বোঝাপড়া এখনও শেষ হয়নি। তুমি ওয়েসলি হারডিন?

মেয়েটির দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করতে পারল না ব্রুকস। ওকে আজ সম্পূর্ণ অন্যরকম লাগছে, ভাবল-অচেনা, উতলা ও আগ্রাসী।

বলছ না কেন?

হ্যাঁ। কিন্তু জানলে কিভাবে?

গ্যারেটরা বলছে ওদের ছোট ভাইকে খুন করেছ তুমি, সত্যি?

ওরাও এসেছে তাহলে!

হ্যাঁ। তোমার সৌভাগ্য ওরা মরগান পিসে যায়নি, বরং শহরে তোমার অপেক্ষায় আছে।

তোমার সাথে ওদের দেখা হয়েছে?

সেদিনের ঘটনাগুলো খুলে বলল লরিয়া। আমার উত্তর কিন্তু পাইনি।

বব গ্যারেট আমার হাতে মারা গেছে ফেয়ার ডুয়েলে, কিন্তু ওদের কাছে আমি ববের খুনীই। মনে আছে, তোমাকে একদিন বলেছিলাম, কিভাবে মারা গেল তারচেয়ে প্রিয়জন হারানোর ব্যাপারটাই একজন লোকের কাছে আসল? একটা ডুয়েলের আলাদা কোন অর্থ নেই তার কাছে। মিস্ ফ্ল্যাগান, তিক্ত শোনাচ্ছে ব্রুকসের কণ্ঠ, হতাশাভরা। এই জীবনে আমাকে বহুবার মৃত লোকের স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছে। এটা বড় কষ্টকর কাজ, তবু তা করা ছাড়া উপায় থাকে না, নইলে আমাকেই মরতে হবে। নিজের জীবনের ওপর ঘৃণা হচ্ছে আমার! সান্তনা একটাই—আমার মৃত্যুর পর প্রতিশোধ নেয়ার জন্যে বেরিয়ে পড়বে না কেউ, না আমার পক্ষে না অন্য কারও পক্ষে। সব শোধ-বোধের পালা তখন শেষ হয়ে যাবে।

পিস্তল ছেড়ে তুমি সে-চেষ্টাই করেছ, তাই না? এখন বুঝতে পারছি কেন কারও সাথে মিশতে চাওনি তুমি। নতুন একটা নাম নিয়ে, নিরীহ একটা পরিচয় নিয়ে বেসিনে থাকতে চেয়েছ। ব্রুকসের হাত চেপে ধরল লরিয়া, কণ্ঠে সহানুভূতির ছোঁয়া। এবার ওর মধ্যে পরিচিত আদলটা খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু পারকাররা তোমাকে বাধ্য করেছে আবার অস্ত্র তুলে নিতে… দরজায় নক্ হওয়ার শব্দে থেমে গেল।

দুজন লোক তোমার সাথে দেখা করতে এসেছে, ম্যাম, মেক্সিক্যান পরিচারিকা লুইসা জানাল। অফিসে অপেক্ষা করছে।

ব্রুকসের উদ্দেশে ক্ষীণ হাসল লরিয়া, বেরিয়ে গেল। অফিস কামরায় আসতে বিস্মিত হলো প্রথমে, তারপর ভয় পেল। . দাড়িয়ে ওকে বাউ করল দুই যমজ। আমরা ওর সাথে দেখা করতে এসেছি, ম্যাম, ঘোষণা দিল প্যাট গ্যারেট।

কিছু বলতে পারল না লরিয়া, ভয়ে-আশঙ্কায় দিশেহারা বোধ করছে। জানে কেন এসেছে ওরা। না, ও অসুস্থ…অসহায় একটা লোক তোমরা ওকে খুন করবে!

শুধু কয়েকটা প্রশ্নের উত্তর, ম্যাম। আপাতত ওর কাছে আমাদের চাওয়া এরচেয়ে বেশি কিছু নয়।

ও এখানে আছে তোমরা জানলে কিভাবে?

এটা এমন কোন কঠিন কাজ হলো? ডাক্তার কয়েকবার এসেছে এখানে, ব্রুকসের জন্যে একসেট কাপড় কিনেছে ফ্ল্যাগান…সবচেয়ে বড় কথা বেসিনে কেবল তোমরাই ওর বন্ধু। সন্দেহ করার জন্যে এগুলোই কি যথেষ্ট নয়? জুলিয়াস পারকারও জেনে ফেলেছে। মাতাল ডাক্তারকে চেপে ধরেছিল জেফরি করবেট, দুটো চড়ের বদলে সব উগরে দিয়েছে সে। দুশ্চিন্তা করার মত ব্যাপার একটাই, আসার সময় করবেটকে দলবলসহ তৈরি হতে দেখলাম। নিশ্চিত ধরে নাও এখানেই আসছে ও।

কিন্তু আমার কাছ থেকে কোন সুবিধা পাবে না, দৃঢ় স্বরে ঘোষণা করল লরিয়া। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, আগাম একটা খবরও দিয়েছ। তবু ওর কাছে নিয়ে যাচ্ছি না তোমাদের!

সেটা অন্যায় হবে, ম্যাম, সিগার ধরাল ব্র্যাডগ্যারেট। চার বছর ধরে ওকে খুঁজছি। ভাবো একবার-এখানে পড়ে আছে ও, আর ওদিকে সারা দেশ চষে বেড়িয়েছি আমরা। কেবল ওর মুখ থেকে একটা কথা শোনার জন্যে।

আমি ওকে জিজ্ঞেস করেছি, ও বলেছে ওটা ফেয়ার ফাইট ছিল।

আমরা ওর মুখ থেকে শুনব।

কিন্তু তাতে কিছু আসবে-যাবে? বব গ্যারেট ওর হাতে মারা গেছে এটাই সবচেয়ে বড় কথা, আর তোমরা তাই শুনতে চাও।

একটু বসবে, ম্যাম? ব্যাপারটা তাহলে ব্যাখ্যা করি, বোঝা যাচ্ছে আমরা তোমাকে বোঝাতে পারিনি, অনুরোধ করল প্যার্ট গ্যারেট। থেমে অপেক্ষা করল, লরিয়া বসে পড়ার পর খেই ধরল। ঘটনাটা ঘটেছিল মন্টানার এক সেলুনে। পোকার, খেলছিল ওরা-ড্যান মরগান ওরফে হারডিন, বব আর ওখানকার স্থানীয় দুজন যার একজন হচ্ছে মন্টানা কিড। বিলি দ্য কিডের মত দেখতে বলে ওকে ওই নামে ডাকে সবাই। হারডিনই জিতছিল, সম্ভবত চুরি না করে, যদিও সেলুনের বারটেন্ডার বলেছে চুরি করছিল ও। ভাইটা আমাদের বরাবরই ছিল একটু বেয়াড়া স্বভাবের, তারওপর ওখানকার কেউ চিনতে পারেনি হারডিনকে, ববও চেনেনি। হেরে গিয়ে হারডিনকে চ্যালেঞ্জ করল ও। হারডিন হাসল কেবল, প্রমাণ করার অনুরোধ জানাল। কিছুই করতে পারল না বব। খেলায় ইস্তফা দিয়ে চলে যাচ্ছিল সে, দশ-পা এগিয়ে ঘুরেই গুলি করল। বব মারা গেল।

প্রশ্নটা এখানেই। বারকিপসহ আরও কয়েকজন বলছে বব পিস্তলে হাত দেয়নি। ওরা মিথ্যে বলবে কেন? ওখানকার শেরিফ বলছে ভিন্ন কথা, সে কিছু দেখেনি কিন্তু হারডিনের পক্ষে সাফাই গেয়েছে। আরও জানিয়েছে কয়েকদিন ধরে সেলুনটাতে নিয়মিত আড্ডা দিচ্ছিল বব, কিডের সাথে পোকার খেলছিল। এবং একদিন আগে ওখানে এসে কিডকে পিটিয়েছিল হারডিন। কিডের সাথে আবার বারকিপারের খুব খাতির, হতে পারে লোকটাকে ম্যানেজ করে ওকে ফাঁসানোর চেষ্টা করেছে সে। আরেকটা ব্যাপার, হারডিন তো এমনিতে ফাস্ট… বব পিস্তল বের করার আগেই হয়তো গুলি খেয়েছে, কেউ কিছু বুঝতেই পারেনি। এমন ডুয়েলগুলো চোখের পলকে ঘটে যায়।

তোমরা বারকিপ বা মন্টানাকে চেপে ধরোনি কেন?

কিডকে আমরা পাইনি, তাছাড়া কোন্ উসিলায় ওকে চার্জ করব? বাফেলোতেও ওর দেখা পাইনি, মরগান পিকসে ব্যস্ত সময় কাটিয়েছে সে। আর বারকিপ লোকটা নিজের সিদ্ধান্তে অটল ছিল, কসম খেয়ে বলেছে। তাছাড়া…সরাসরি ওর কাছে জানতে চাওয়াই তো সবদিক থেকে ভাল, একমাত্র ও-ই নিশ্চিত বলতে পারবে ঠিক কি ঘটেছিল সেদিন, তাই না? শুনতে হয়তো বেখাপ্পা লাগবে, কিন্তু এটা ঠিক কিডের চেয়ে বরং ওর মুখের একটা কথার ওপর আমাদের আস্থা বেশি। কারণ নিজের নাম বা ওরকম ছোটখাট ব্যাপারে মিথ্যে বললেও সত্য স্বীকার করার সাহস ওর আছে। থেমে লরিয়ার দিকে তাকাল ব্র্যাড, ওর চোখে-মুখে দ্বিধা দেখে স্মিত হাসল। আমাদের খুনী মনে হয়, ম্যাম? ওকে খুন করার উদ্দেশে এসে থাকলে তোমার কাছে অনুমতি নিতাম না, জোর করে ঢুকে পড়তাম। হয়ঙ্গে আমরা শক্ত মানুষ, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা মোলোআনা। ও যদি ববের সাথে চালাকি না করে থাকে তো আমাদেরও কোন অভিযোগ নেই। সত্যিটা জানার পরপরই চলে যাব। কিন্তু উল্টোটা যদি হয়, তো স্বয়ং শয়তানও আমাদের হাত থেকে ওকে বাঁচাতে পারবে না।

চুপ করে থাকল লরিয়া, সিদ্ধান্ত নিতে পারছে না।

হোলস্টার থেকে পিস্তল বের করে টেবিলে রাখল ব্র্যাড। আমরা নিরস্ত্র অবস্থায় ওর সাথে কথা বলব, ম্যাম।.ও যদি খুনী হয়ে থাকে, ওকে মোকাবিলা করব অন্য কোথাও যেখানে সমান সুযোগ পাবে সে এবং আগে আমি লড়ব, আমি

পারলে প্যাট চেষ্টা করবে। থেমে সহোদরের দিকে ফিরল, প্যাট ওর পিস্তল রাখল টেবিলে। চারটে বছর অনেক মানসিক যন্ত্রণা সইতে হয়েছে আমাদের। ওকে খুজে খুজে ক্লান্ত ও অধীর হয়ে পড়েছি। সবকিছুর শেষ ভালভাবে হোক এটা আমাদের চেয়ে বেশি আর কেউ চাইবে না। খুশি হব যদি জানতে পারি এতদিন কেবল একটা মিথ্যের পেছনে ছুটছিলাম।

অসহায় দৃষ্টিতে টেক্সানদের দেখুল লরিয়া, তারপর মাথা ঝাঁকাল। আমার বিশ্বাসটা ভেঙে দিয়ো না, প্লীজ! দুজনকে অনুসরণ করতে বলে এগোল। করিডর ধরে চলে এল উদ্দিষ্ট কামরার সামনে। ভেজানো দরজা ঠেলে ঢুকে পড়ল ও। মি. ব্রুকস…

গ্যারেটরা, তাই না? আগেই বলে উঠল ব্রুকস, দেয়ালে বালিশ ঠেকিয়ে আধশোয়া হয়ে বসেছে। গম্ভীর কিন্তু নিরুদ্বিগ্ন দেখাচ্ছে। দুভাই কামরায় ঢুকতে নিষ্কম্প দৃষ্টিতে দেখল ওদের।

পেছনে দরজা ভিড়িয়ে দিয়ে পাশাপাশি দাঁড়াল ওরা। অবশেষে তোমার দেখা পেলাম! প্যাট গ্যারেটের কণ্ঠস্বর একটু বেশি দৃঢ় শোনাল। বহুদিন ধরে তোমাকে খুঁজছি আমরা, হারডিন।

আমি জানতাম না। তবে কিছু উড়ো কথা শুনেছি যে তোমরা হারডিনকে খুঁজছ।

প্রথমে আমরা ড্যান মরগানের পেছনে ছুটেছি, তাকে কি আর পাওয়া যায়? তা বুঝে আসল লোকটির পরিচয় বের করতে অনেক সময় পার হয়ে গিয়েছিল। আর এদিকে এখানে বসে আছ তুমি। মৃদু স্বরে অভিযোগ করল প্যাট। হাজারটা পরিচয় ওর, চলাফেরা করে ছায়ার মত, ভাবছে টেক্সান। এ কারণেই এত যন্ত্রণা সইতে হয়েছে। তিনটে বছর এখানে ঘুণাক্ষরেও ওকে সন্দেহ করেনি কেউ। শেষপর্যন্ত হারডিন লোকটা গায়েব হয়ে যেত যদি না বেসিনে এ ঝামেলা হত। জুলিয়াস পারকার ওকে স্বরূপে আবির্ভূত হতে বাধ্য করেছে।

লরিয়া ফ্লাগানের দিকে তাকাল প্যাট-ভয়ে তটস্থ হয়ে আছে মেয়েটি, রক্তশূন্য ফ্যাকাসে মুখ। আমরা জানতে চাই ববের সাথে তুমি কোন চালাকি করেছ কি-না। মৃদু কণ্ঠে মূল প্রসঙ্গ উপস্থাপন করল ও।

তোমরা অন্য কিছু শুনেছ নাকি?

হারডিন, আমরা তোমার কথাটাই শুনতে চাইছি! অধৈর্য দেখাল ব্র্যাডকে।

আমার কথা বিশ্বাস করবে?

আমরা জানি তুমি মিথ্যে বলবে না। বললেও তা ধরতে পারব।

হ্যাঁ, ও আমার গুলিতে মারা গেছে। দেয়ালের আয়নায় ওকে পিস্তল বের করতে দেখে ঘুরেই গুলি করেছিলাম।

গ্যারেটদের মুখগুলো যেন পাথরে খোদাই করা, স্থির দৃষ্টিতে দেখছে কসকে।

একসময় পায়ের ভর বদল করল প্যাট। এটাই স্বাভাবিক, আনমনে মাথা ঝাঁকাল। রব গ্যারেটকে মোকাবিলা করতে চালাকির দরকার হবে না হারডিনের। তবু সন্দেহটা ছিল এ জন্যে যে তুমি ওখানে নাম ভাড়িয়ে ছিলে এবং তোমার অ্যাকশন এত দ্রুত ছিল যে বব কিছু বুঝে ওঠার আগেই বোধহয় গুলি খেয়েছে।

ওর হাতে গুলি করতে পারতে! চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল ব্র্যাড গ্যারেট। জানতে তোমার চেয়ে কখনোই ফাস্ট হবে না ও, আদপে তো তাই ঘটেছে। খুব বেশি হলে পিস্তলটা হয়তো হোলস্টার থেকে বের করতে পেরেছিল। হতাশায় স্নান দেখাচ্ছে ভয়ঙ্কর লোকটাকে, ভাইয়ের মৃত্যুর শোক যেন তাকে এইমাত্র স্পর্শ করেছে।

বাজে বকছ!…তোমাদের মধ্যে কে কোন জন? তুমি ব্র্যাড? টেক্সান মাথা ঝাঁকাতে খেই ধরল ব্রুকস। তোমার দিকে কেউ পিস্তল ধরলে তুমি কি তার হাতে গুলি করবে? বুকে বা মাথায় গুলি খেয়েও আমি অনেককে দেখেছি প্রতিপক্ষকে ঘায়েল করতে, আর হাতের কথা কি বলব। একটা ডুয়েলে দুই প্রতিদ্বন্দীর সম্ভাবনা সব সময়ই সমান। কেউ যখন ডুয়েলের জন্যে রীচ করে তখন সাফল্যের আশা করে সে, সেজন্যে নিশ্চিত হয়েই গুলি ছোঁড়ে। সে এ-ও জানে এটাই তার জীবনের শেষ মুহূর্ত হতে পারে, একটা গুলিই সব চুকিয়ে দিতে পারে। ব্রনসনের সঙ্গীদের তোমরা কি ছোট করে দেখেছ, নাকি আগে লোকগুলোকে দুএকটা, গুলি ফোটাবার সুযোগ দিয়ে তারপর নিজেরা গুলি করতে? ব্রুকস খেয়াল করল পাশে এসে বসেছে লরিয়া, কোমল পেলব হাতের মুঠোয় তুলে নিয়েছে ওর একটা হাত। খানিক আগের উৎকণ্ঠার ছাপ এখনও মুখে রয়ে গেছে।

ব্র্যাড, ও ঠিকই বলেছে, সমর্থন করল প্যাট। কেবল বোকারাই নিশ্চিত না হয়ে গুলি ছোড়ে। ধন্যবাদ, হারডিন…না, ব্রুকস, যেমন আছ তেমনি থাকো তুমি। তোমাকেও ধন্যবাদ, ম্যাম। তোমাদের সাথে পরিচিত হয়ে ভাল লাগল। তবে সবচেয়ে আনন্দের ব্যাপার বোধহয় এটাই যে এ লোকটির বিরুদ্ধে অস্ত্র ধরতে হলো না। এগিয়ে এল সে, বিছানার কাছে এসে হাত বাড়িয়ে দিল। একে একে হাত মেলাল দুভাই। তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে, ব্রুকস! দারুণ এক বাথান আর অমূল্য একটা রত্ন পেয়েছ। আমারও ইচ্ছে করছে চলার পথে সব ছেড়ে দিয়ে নাম ভাঙিয়ে কোথাও থেমে যাব কি-না।

রত্ন? ব্রুকসের জিজ্ঞাসা।

লরিয়া ফ্ল্যাগানের দিকে তাকাল প্যাট, হাসল। রত্নটা তোমাকে আগলে আছে, বুঝতে পারছ না?

ব্রুকসের হাত ছেড়ে উঠে দাঁড়াল লরিয়া, সাঁমলে নিয়েছে। তোমরা কিন্তু না খেয়ে যেতে পারবে না। অফিসে গিয়ে বোসো, কফি নিয়ে আসছি আমি। বলে দ্রুত বেরিয়ে গেল মেয়েটা।

ওর গমনপথের দিকে তাকিয়ে থাকল ব্রুকস।

বোঝা যাচ্ছে এ ব্যাপারে কিছুই জানো না তুমি, ব্রুকসকে সিগার অফার করল প্যাট। মেয়েটা তোমাকে পছন্দ করে।

সিগারে দ্রুত কয়েকবার টান দিল ব্রুকস, পুলক অনুভব করছে। লরিয়ার অস্বাভাবিক আচরণের অর্থ খুঁজে পাচ্ছে এখন। ঘুরিয়ে ফিরিয়ে মেয়েটা জানতে চেয়েছিল ব্রুকস ওকে পছন্দ করে কি-না। শুধু কেউ নেই বলেই কি সম্পত্তির উত্তরাধিকারী করা না অন্য কারণে, মেয়েটা নিশ্চিত হতে চেয়েছিল।

প্যাট, দেখো!

চমকে তাকাল প্যাট গ্যারেট, সহোদরের গলায় বিপদ সঙ্কেত ঠিকই টের পেয়েছে। ব্র্যাডের দৃষ্টি অনুসরণ করে জানালা পথে তাকাল। ব্রুকসও দেখতে পাচ্ছে। র‍্যাঞ্চ হাউসের দিকে আসছে রাইডারদের বড়সড় একটা দল। পারকারের ডালকুত্তা বাহিনী। হলফ করে বলতে পারি ওরা তোমার জন্যেই আসছে, ব্রুকস।

ঝামেলা, প্যাট! কৌতুকে নেচে উঠল ব্র্যাডের চোখ। লাঞ্চটা খাওয়া হলো দেখছি। ওরা বিপদে পড়তে যাচ্ছে। আমাদের সমাদর করবে কি, মনে হচ্ছে। সেটা করবেটকেই করতে হবে!

বিকারহীন দেখাল ব্রুকসকে। পিস্তলগুলো দেবে? চেয়ারের ব্যাক-রেস্টের সাথে হোলস্টারসহ ঝোলানো কোল্টগুলোর দিকে ইঙ্গিত করে অনুরোধ করল।

পিস্তলগুলো এগিয়ে দিল প্যাট। না হে ওঠার দরকার নেই, মেয়েটা তাহলে খেপে যাবে। আমার মনে হয় ব্যাপারটা সামাল দিতে পারবে জেমস ফ্লাগান। আর যাই হোক পাইকারি হারে খুন করতে এখানে আসেনি ওরা। ব্রুকসের উদ্দেশে উইশ করল সে, ভাইয়ের দিকে ফিরল। চলো, ব্র্যাড, কফির স্বাদ নেয়া যাক। শেষে আবার ওটাই না হারিয়ে বসি!

যমজরা বেরোনোর আগেই ট্রে হাতে ঢুকল লরিয়া। চেয়ারের ওপর নামিয়ে রাখল সেটা, উদ্বিগ্ন দেখাচ্ছে ওকে। দয়া করে তোমরা নিজেরাই নিয়ে নাও। বাবাকে সাহায্য করতে হবে। ভাগ্যিস, এরকম কিছু হতে পারে ভেবে দুজন। কাউহ্যান্ডকে কাজে পাঠাইনি! ঘুরে চলে যেতে উদ্যত হয়েও ব্রুকসের দিকে ফিরল, তুমি কিন্তু উঠবে না, খবরদার!

টেনেসীর মেয়েদের একটা সংস্করণ, তাই না ব্র্যাড? লরিয়া বেরিয়ে যেতে কফির মগ তুলে নিল প্যাট, ব্রুকসকে এগিয়ে দিল একটা। সেবায় অন্তপ্রাণ আবার প্রয়োজনে পাশে এসে সাহায্য করবে, যা করবে মন উজাড় করে দেবে। এমন মেয়েই আমার পছন্দ।

ভুলেও ওর দিকে মনোযাগ দিয়ো না, প্যাট! ব্রুকস তাহলে খুন করবে তোমাকে।

ও ব্যাটা একটা আস্ত গাধা! সোৎসাহে কৌতুকে যোগ দিল অপর যমজ, নিচু কণ্ঠে বললেও তা শুনে হেসে ফেলল ব্রুকস। আজকের আগে ও জানতই না মেয়েটা ওকে পছন্দ করে।

হতে পারে। কিন্তু রত্নটা হারানোর কোন ইচ্ছে ওর আছে বলে মনে হয় না।

লাঞ্চ খেয়ে যাবে, না কেটে পড়বে?

আমি থাকছি, প্যাট। মেয়েটা আরেকদিন নিমন্ত্রণ জানাবে এ আশা আমার নেই। তাছাড়া পকেট তো গড়ের মাঠ হতে বাকি। লাঞ্চের পয়সাও যদি বেঁচে যায় তো ক্ষতি কি?

 

সর্বাগ্রে জেফরি করবে, তার পেছনে সাতজন।

এদের একজনকেও চেনে না জেমস ফ্ল্যাগান। কিন্তু জানে সুযোগ পেলে রক্তগঙ্গা বইয়ে দিতে ছাড়বে না ওরা।

জেমস ফ্ল্যাগান আজীবনই ছিল নিরীহ, নির্বিরোধী একজন মানুষ। এ বেসিনে বড় হয়েছে সে, কেউ বলতে পারবে না কারও সাথে তার কখনও কোন গাৈলমাল বেধেছে, এমনকি দুরন্ত কৈশোরের সময়েও। কেউ তাকে ঘাঁটায়নি, সে-ও কারও জন্যে ঝামেলা বয়ে আনেনি। জীবনের শেষ প্রান্তে এসে কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে এখন। তিক্ত মনে ফেলে আসা যৌবনের কথা ভাবল সার্কেলএফ মালিক। অবশ্য টগবগে তারুণ্যও এদেরকে রুখতে পারত না। এরা একেকজন ঠাণ্ডা মাথার খুনী। ওদের মুখোমুখি হতে যা লাগবে-সাহস, সেটা তার যথেষ্টই আছে। পিছিয়ে যাওয়ার উপায় বা ইচ্ছে কোনটাই নেই। স্যামুয়েল ব্রুকস তার কেউ নয়, তাকে রক্ষা করার দায়িত্ব তার নয়। কিন্তু এরচেয়েও বড় প্রশ্ন সেখানে আছে। লরিয়া ওকে পছন্দ করে, ব্রুকস-ও। লরিয়াকে সবকিছুর উত্তরাধিকার দেয়ার কারণ ঠিক সেটাই।

মেয়ের সুখের জন্যে সবকিছু করতে প্রস্তুত জেমস ফ্ল্যাগান।

ধীরে পোর্চের সামনে এসে থামল ঘোড়াগুলো, থামার পরও কয়েকটা অস্থিরভাবে পা ঠুকতে থাকল। খুরের আঘাতে বাতাসে ছড়িয়ে পড়া ধুলো থিতিয়ে আসতে সময় লাগল, এই ফাঁকে যতটা সম্ভব লোকগুলোকে দেখে নিল ফ্ল্যাগান। বেশিরভাগই নিচু করে হ্যাট চাপিয়েছে, তার ওপর বাতাসে উড়ন্ত ধুলো অস্বচ্ছ আস্তর তৈরি করেছে ওদের চারপাশে। তবু যতটুকু দেখতে পেল, তাতেই বুকটা কেঁপে উঠল তার। এরা সবাই কঠিন মানুষ। এতগুলো বেপরোয়া লোকের সামনে দাঁড়াতে হলে বুকভর্তি সাহস লাগবে। সেটা কি তার আছে? নিজেই সন্দিহান হয়ে উঠল বাগান মালিক।

দশাসই শরীর নিয়ে হেঁচড়ে স্যাডল থেকে নামল জেফরি করবেট, পোর্চে উঠতে যাবে এসময় হাত তুলে ওকে থামাল সার্কেল-এফ মালিক। আজকের দিনটি ভিন্ন, জেফরি, শান্ত কিন্তু দ্বিধাহীন কণ্ঠে বলল। একগাদা খুনে-বদমাশ সঙ্গে নিয়ে এসেছ। অতীতে যা কখনও হয়নি, একসাথে কফি খেতে আজ আমার ভাল লাগবে না।

থমকে গেল বার-পি ফোরম্যান। তোমার এরকম আচরণ পছন্দ করবে না মি, পারকার।

তাতে আমার কিছু আসে-যায় না। একসাথে অনেক সময় কাটিয়েছি বটে, কিন্তু তোমার বস কখনোই আমার বন্ধু ছিল না। সুতরাং বুঝতেই পারছ আজকের আচরণ তাকে নাখোশ করলেও কিছু করার নেই। বরং এই লোকগুলোকে পাঠিয়েছে বলে বিরক্ত হয়েছি আমি। যাকগে, তোমার উদ্দেশ্য সাফ সাফ জানিয়ে জলদি বিদায় হও।

স্যামুয়েল ব্রুকস আছে এখানে। মিথ্যে বলে লাভ হবে না, আমরা নিশ্চিত জানি।

তো, তাতে তোমার কি?

ওকে আমাদের হাতে তুলে দাও।

তুমি কি মার্শাল হবস, না ব্রুকস কোন আসামী?

আমাদের অন্তত একজন লোককে খুন করেছে ও।

দারুণ! একডজন ডালকুত্তাকে মেরে ভাল কাজ করেছে ও, এতে দোষের কিছু দেখছি না আমি। আগ বাড়িয়ে লাগতে গিয়ে নিজেদের নাক কেটেছ

তোমরা।

মি. পারকারকে খেপিয়ে ভোলা কি ঠিক হবে, ফ্ল্যাগান? ভুল করছ তুমি, এর মাসুল দেয়ার সামর্থ্য তোমার নেই।

ভয় দেখাচ্ছ, করবেট?

লোকটাকে আমাদের হাতে তুলে দাও। অবশ্য বের করে দিলেও চলে। ওকে থাকতে দেবে না, এটাই হচ্ছে সাফ কথা।

আমি কি তোমার চাকুরি করি, না তোমার বসের? নিজের বাথানে যা ইচ্ছে করব, তোমাদের কিছু জিজ্ঞেস করতে যাব না।…আর কিছু বলবে?

রাগে লাল হয়ে গেছে করবেটের মুখ। ভেবে পাচ্ছে না এত সাহস কোথেকে পেল জেমস ফ্ল্যাগান। অথচ ও ভেবেছে কত সহজে সারা যাবে কাজটা, বিশাল দলটা দেখলে বাপ বাপ করে কূল পাবে না। অথচ ভয় তো পাচ্ছেই না উল্টো ওকে প্রায় শাসাচ্ছে সার্কেল-এফ মালিক।

এত প্যাচালের কি দরকার! পেছন থেকে বলল একজন, বিরক্ত। ভেতরে ঢুকে যাও, জেফরি। কুত্তাটাকে বের করে আনো!

লোকটার দিকে তাকাল জেমস ফ্ল্যাগান। জেফরি করবেটের চেয়ে শক্তপাল্লা। দয়া-মায়ার ছিটেফোঁটাও নেই চেহারায়, হাসতে হাসতে খুন করতে পারবে এ লোক। তুমিই এসো, আহ্বান করল বাথান মালিক। মনে হচ্ছে করবেটের সাহসের কমতি আছে। তুমি একবার চেষ্টা করে দেখবে নাকি? নিজেই জানে না ওর ভেতর এত সাহস এল কোত্থেকে। অন্য সময় হলে ভুলেও এসব লোকের ছায়া মাড়াত না।

দুপা আগে বাড়ল লোকটার সোরেল। কি করবে, বুড়ো? ইচ্ছে করলেই তোমাকে শুইয়ে দিতে পারি। হিংস্র কয়োটের মত হাসল সে, কণ্ঠে তাচ্ছিল্য, অবজ্ঞাভরে দেখছে ফ্ল্যাগানকে।

গাধাটাকে কোথায় পেলে, জেফরি? বিন্দুমাত্র ঘিলু নেই ওর মাথায়। ওর ধারণা তোমাদের সাথে এমনিতেই খোশ-গল্প করছি আমি। তাই তো বলি এত লোকজন নিয়েও কেন ব্রুকসকে কোণঠাসা করতে পারোনি। তোমার দলের সবাই কি ওর মত?

বড়জোর দুজন লোক আছে তোমার। আর তুমি তো একটা সহজ টার্গেট, রাইফেল তোলার আগেই মারা পড়বে।

চেষ্টা করে দেখো, নিষ্কম্প গলায় চ্যালেঞ্জ করল বাথান মালিক। তবে মনে রেখো তোমার দিকেই ছোঁড়া হবে প্রথম গুলিটা।

ঘোড়া থেকে নামল সে, এগোতে শুরু করেছে। মাত্র তিনজন-বার্ন আর কোণের কামরায় একজন করে এবং তুমি। প্রথম দফায় শেষ হয়ে যাবে সবাই, কোন সুযোগই পাবে না। আটজনকে সামলানোর মুরোদ তোমাদের নেই, বুড়ো।

থামো, ব্রনসন! চাবুকের মত হিসহিস করে উঠল প্যাট গ্যারেটের কণ্ঠস্বর। আরেক পা এগোলে এখানে ঢোকার খায়েশ তোমার চিরদিনের জন্যে মিটে যাবে! ফ্ল্যাগানের পেছনে একটা কামরার সামনে এসে দাড়িয়েছে, পা জোড়া ফাঁক হয়ে আছে। দুই হাতের তালু আলতোভাবে লেপ্টে আছে হোলস্টারের গায়ে। সতর্ক এবং তৈরি।

থমকে দাঁড়িয়েছে কার্লি, অপ্রতিভ দেখাচ্ছে মুখ। নিশ্চয়ই ওই বজ্জাতটাও আছে?

হাউডি, কার্লি! অফিস রুমের দরজায় দেখা গেল ব্র্যাড গ্যারেটকে, ঠোঁটে জ্বলন্ত সিগার। বারবার শুধু তোমার সাথেই দেখা হচ্ছে। কিন্তু তোমার ইঁদুরমুখো চেহারা মোটেই ভাল লাগছে না!

সলতেয় আগুন ধরল যেন, রাগে ফেটে পড়ল ব্রনসন। পা দিয়ে আঘাত করল মাটিতে। দেখে নেব তোমাদের, গ্যারেট! খোদার কসম, কাজটা শেষ করে নিই, তারপর…।

এখুনি নয় কেন, কার্লি? উস্কে দিতে চাইল ব্র্যাড। খেয়াল করেছে চাপা উত্তেজনা লোকগুলোর মধ্যে, রাইফেল বা পিস্তলের কাছে সবার হাত। যে কোন সময়ে নরক ভেঙে পড়বে, কেবল কেউ শুরু করলেই হলো। চোখ ফিরিয়ে এনে তাকাল ব্রনসনের দিকে। দ্বিধা দেখা যাচ্ছে লোকটার চোখে, সিদ্ধান্ত নিতে পারছে না। হোলস্টারের ওপর আলতোভাবে ছুঁয়ে আছে ওর হাত। সহসাই মুখের পেশীতে দৃঢ়তা দেখা গেল, টান টান হয়ে গেল শরীর। মরিয়া একটা ভাব ফুটে উঠেছে দৃষ্টিতে।

শাট আপ, কার্লি! পেছন থেকে শীতল একটা কণ্ঠ নিরস্ত করল তাকে। ওর সাথে পাত্তাই পাবে না। বোকার হদ্দ, পিছিয়ে এসো! তুমিও, করবেট, বোঝা গেছে তোমার দৌড়। পুরুষ মানুষের মত লড়ার মুরোদ তোমাদের কারও নেই।

হাউডি, স্টিরাপ! প্যাট গ্যারেটের উৎফুল্ল স্বর। তুমিও এসে জুটেছ দেখছি।

নির্বিকার দেখাল গানম্যানকে। শীতল সাবধানী দৃষ্টিতে মাপছে দুই ভাইকে।

প্যাট গ্যারেটের দিকে ফিরল বার-পি ফোরম্যান। মি. পারকারকে জানাব যে তোমাদের কারণেই আজ খালি হাতে ফিরতে হলো। অযথা বাগড়া দিলে, এর ফল মোটেও ভাল হবে না।

আমরা পারকারের চাকুরি করি না, করবেট, এক কথায় চুকিয়ে দিল ব্র্যাড।

ভেবো না এটাই শেষ, তড়পে উঠল কার্লি ব্রনসন। পরেরবার ঠিকই পেড়ে ফেলব!

ব্রুকসের দলে যোগ দিলে নাকি? জানতে চাইল স্টিরাপ। হিসাব কষছে সে, সাবধানী লোক, সাফল্য ও পরিণতির কথা আগে ভাবছে।

না হে, তবে যোগ দিলে মন্দ হত না। খেলাটা আমার ভালই লাগছে, বিশেষ করে কার্লির তড়পানি, হাসল সে, ফোরম্যানের দিকে তাকাল। শোনো, জেফরি, এরা আমাদের লাঞ্চের নিমন্ত্রণ করেছে। এতক্ষণে টেবিলে বসে যেতাম, তোমরা এসে দেরি করিয়ে দিয়েছ। ওদিকে পেটের ভেতর ছুঁচো নাচতে শুরু করেছে। তোমরা কেটে পড়লে এবার শান্তিতে খেতে পারি।

আমাদের চলে যেতে বলছ?

কি আর করবে! ফ্ল্যাগান তো অতিথি হিসেবে তোমাদের পছন্দ করতে পারছে না।

চলে এসো, জেফরি। ওদের পরেও পাওয়া যাবে। উল্টোদিকে ফিরল টম স্টিরাপ, দাঁড়িয়ে অপেক্ষা করল বার-পি ফোরম্যানের জন্যে, করবেট তাকে পেরিয়ে যেতে মুখ খুলল। এখন থেকে তোমার কথায় আর চলছি না। তুমি শুধু ঝামেলাই করতে জানো, কাজের বেলায় কেবল ফাঁকি। তোমার বুদ্ধিতে এখানে আসা মোটেও ঠিক হয়নি। স্যামুয়েল ব্রুকসকে ওর জমিতে বা বাফেলোতে পেয়ে যাব আমরা।

ধুলো উড়িয়ে ফিরে গেল বার-পি রাইডাররা।

মাঝখানের একটা কামরা থেকে রাইফেল হাতে বেরিয়ে এল ফ্ল্যাগান-কন্যা। জানালার পাশে দাঁড়িয়ে ছিল এতক্ষণ। মি. গ্যারেট, কি বলে যে তোমাদের…

হয়েছে, আর বলতে হবে না, হাত তুলে ওকে থামিয়ে দিল ব্র্যাড। প্যাট আবার বেশি প্রশংসা সইতে পারে না। আমরা খাবার ঘরে গিয়ে বসি, ম্যাম? দারুণ খিদে পেয়েছে।

হেসে উঠল লরিয়া, মাথা ঝাঁকাল।

ভরপেট খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল প্যাট গ্যারেট। মন্টানা ওদের মধ্যে ছিল, খেয়াল করেছ?

কফির মগ টেনে নিয়ে চুমুক দিল ব্র্যাড। ও আমাদের সামনে আসবে না, এটাই স্বাভাবিক। বুঝে নিয়েছে ব্রুকসের সাথে আমাদের ফয়সালা শেষ, তারমানে ওর মিথ্যেও ধরা পড়ে গেছে। লসনের চেলা কোলম্যান, টম লোগান, রে ডবসন…ওরা কেউই ছিল না। হয়তো কোন সেলুনে বসে তাস পেটাচ্ছে।

ব্রুকসের কপালে সত্যি খারাবি আছে। বারবার মরগান পিকসে গা ঢাকা দিতে পারবে না। তাছাড়া এখন থেকে পারকারের লোকেরা আরও সতর্ক থাকবে। ওকে কোন সুযোগই দেবে না।

কোথায় যাবে ভেবেছ কিছু?

না…পকেটের অবস্থা তো খারাপ। শুধু শুধু এতদূর এলাম। একটা লাভ অবশ্য হয়েছে, এরকম ছোটাছুটি আর করতে হবে না। এক কাজ করা যাক, অর্থপূর্ণ দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাল প্যাট। এ উসিলায় ব্রুকসের কাছ থেকে কিছু খসানো যেতে পারে, সেইসাথে খেলাটায় যোগ দিতে পারব। মন্টানার পাওনাও শোধ দেয়া যাবে। ওর জন্যেই এত হয়রানি গেছে আমাদের।

তোমার এই ব্যাপারটা আমার দারুণ লাগে, প্যাট! মোক্ষম সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারো তুমি। চলো, ব্রুকসের কাছে যাই, দেখি ও কি বলে। মনে হচ্ছে রাজি হবে না।

স্যামুয়েল ব্রুকস সিগারেট ফুঁকছিল। বিছানার কাছে চেয়ারে বসে আছে লরিয়া।

বিরক্ত করার জন্যে দুঃখিত, বলল প্যাট, যদিও দুঃখের ছিটেফোঁটাও নেই তার মুখে।

কিছু লাগবে? জানতে চাইল লরিয়া।

প্রয়োজনটা ওর কাছে, আঙুল তুলে ব্রুকসকে দেখাল ব্র্যাড। এই যে ব্রুকস, আরাম পেয়ে বিছানাটা দেখছি ছাড়ছই না। ওদিকে তোমার বাথানের অবস্থা তো যায় যায়! দুজন কাজের লোক হলে কেমন হয়? বান্দারা হাজির। আমাদের সান্তা ফে পর্যন্ত যাওয়ার খরচ দিলেই চলবে।

কিছুক্ষণ চুপ করে থাকল ব্রুকস, দেখল টেক্কানদের। তারপর মাথা নাড়ল। তোমরা অযথাই জড়াতে চাইছ। লড়াইটা আমার একার।

বলেছিলাম না, ও রাজি হবে না, মৃদু ভৎসনার সাথে ব্রুকসকে দেখল ব্র্যাড। এই ব্যাটা আসলেই অহঙ্কারী। দূর থেকে আজীবন যা শুনে এসেছি, তা-ই দেখলাম। রাজি করাতে হবে ওর রত্নটাকে।

তোমরা সত্যি থাকতে চাও? আনন্দিত দেখাচ্ছে মেয়েটাকে। এতগুলো লোকের বিরুদ্ধে লড়তে হবে

ও একা যদি ভয় না পায় তো আমরা পাব কেন?

আরও কিছুক্ষণ তর্ক করল ওরা।

জীবনেও শুনিনি জোর করে এমন ঝুঁকিপূর্ণ কাজ নিয়েছে কেউ, শেষে হতাশ কণ্ঠে বিরক্তি প্রকাশ করল ব্রুকস। কেবল তোমাদের পক্ষেই সম্ভব।

আমরাও কখনও শুনিনি একজন লোক একা বিশ-পঁচিশজনের বিরুদ্ধে লড়তে চাইছে, তাও আবার বিছানায় শুয়ে, সকৌতুকে বলল ব্র্যাড। টেক্সাসে জন্মেছি বলে গর্ব করি আমরা, ম্যাম। টেক্সান হিসেবে আমাদের কেউই স্বীকার করবে না, যদি শোনে এরপরও বেয়াড়া লোকটাকে সাহায্য করিনি। কি বলল, প্যাট, ঠিক বলিনি?

সায় জানাল সে।

একশো ডলারের একটা নোট এগিয়ে দিল ব্রুকস। বোধহয় কিছুই বাকি রাখেনি ওরা, স্বগতোক্তির মত বলল, রসদ নিয়ে যেতে হবে। বাফেলোতে লকহার্টের স্টোরে চলে যাও, যা যা প্রয়োজন নিয়ে এসো। ওকে বোলো আমার নামে খাতায় লিখে রাখতে।

নড় করে বেরিয়ে গেল যমজরা।

অদ্ভুত মানুষ! ওদের গমনপথের দিকে তাকিয়ে থাকল ব্রুকস। ফুর্তিবাজ, বেপরোয়া-…ভেবে দেখো, মাত্র একটা কথা শোনার জন্যে ঘুরে বেড়িয়েছে এতদিন। সত্যটা গ্রহণ করেছে কত সহজে। ওরাই পশ্চিমের খাটি মানুষ। স্বজন হারানোর কষ্ট আছে বুকে, আবার আইনের প্রতি শ্রদ্ধা বা প্রতিশোধ নেয়ার। দৃঢ়তাও আছে। ওদের মুখোমুখি দাঁড়াতে সত্যি ভয় পাব আমি, বিশ্বাস করো, এমন বেপরোয়া লোক আর দেখিনি। হিকক, বিলি দ্য কিড পর্যন্ত এই দুই ভাইকে সমঝে চলে।

আমি একটা ফ্যান্টাসি ভেবেছিলাম, সেটাই সত্যি হলো। সন্তুষ্টি লরিয়ার কণ্ঠে।

কি?

তোমাদের তিনজনকে একপক্ষে কল্পনা করেছিলাম, ব্যাখ্যা করল মেয়েটা। সেদিন সত্যি আমার মাথার ঠিক ছিল না।

ইচ্ছে করলে পারকারের টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারত ওরা, সেটাই বরং সহজ ছিল। অথচ কঠিন কাজটা বেছে নিয়েছে এবং প্রায় জোর করে।

তুমিও কম অদ্ভুত নও, হালকা সুরে মন্তব্য করল লরিয়া। নিজেও কি জানো এরপর কি করবে? উফ, আরেকটু হলে আমার মাথা প্রায় খারাপ করে দিয়েছিলে! স্যামুয়েল ব্রুকস, আমি তোমাকে এখনও ক্ষমা করিনি।

আবার আর্জি জানাব?

না। প্রথমবার বাফেলোয় গিয়ে উইলটা বাতিল করবে, তাহলেই চলবে।

মৃদু হাসল ব্রুকস। কিছু বলতে চেয়েছিল কিন্তু বাধা দিল লরিয়া।

আর একটা কথাও নয়। ঘুমোও এবার।

প্রশান্তিতে চোখ বুজল ব্রুকস। লরিয়ার ধারণা ভুল, না ভেবে কিছু করা ওর ধাতের বাইরে। মেয়েটা জানতে পারলে অবাক হবে যে ওর জন্যেই এখানে বসতি করতে চেয়েছে ব্রুকস। ওর মানসপটে ভেসে উঠল একটা ছবি…লরিয়া ফ্লাগানকে দেখার প্রথম মুহুর্তটি-তিন বছরেরও আগে বাফেলো টাউনের গির্জা থেকে বেরোতে দেখেছিল ওকে। ব্রুকস তখুনি সিদ্ধান্ত নিয়েছিল এখানেই বসতি গড়বে, অনিন্দ্যসুন্দর এ মেয়েটিকে জয় করবে। ওই একটি মুহূর্তই ওর জীবনটাকে পাল্টে দিয়েছিল, ভবঘুরে জীবনকে বিদায় জানিয়ে দিয়েছিল সেদিন।

সময় লেগেছে, কিন্তু সফল হয়েছে সে।

<

Super User