কিছু কিছু ব্যাপার আছে ইচ্ছে করলেও এড়াতে পারে না ড্যানি লসন। অবচেতন মন প্রায়ই ইচ্ছের বিরুদ্ধে তাড়া করে ওকে। জেরেমি টাউনের ব্যাপারেও তাই হচ্ছে এখন। জানে ওখানে কোন কাজ নেই, তবু চলে এসেছে। খারাপ কিছু ঘটতে যাচ্ছে জেনেও হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না—ওর দোষটা এখানেই—অন্তত যেখানে কিছুটা হলেও সাহায্য করতে পারে সে।

জারকান মাউন্টেন্‌সের গভীর এক উপত্যকায় রাত কাটিয়েছে ও। সকালে নাস্তা শেষে দ্বিধান্বিত মনে জেরেমি টাউনের পথ ধরেছে। তবে, তার আগে, উঁচু এক পাহাড়ের চূড়া থেকে পুরো এলাকা জরিপ করেছে।

দুই লাখ ডলারের সোনা, টোপটা যে কারও জন্যে এড়ানো কঠিন। নেইল ডেভিসের জন্যেও। সাধারণত বড়সড় কোন দান ছাড়ে না কুখ্যাত এই আউট-ল। লসন নিশ্চিত জানে সে-ও এসে উপস্থিত হয়েছে। তন্নতন্ন করে খুঁজেও তার ক্যাম্পের কোন নিশানা খুঁজে পেল না ও। কিন্তু হলফ করে বলতে পারবে আশপাশেই আছে সে। চোখ রাখছে শহরের ওপর। সাপ্লাইটা রওনা দিলে পিছু নেবে, তারপর মওকামত হামলা করবে।

চড়াই বেয়ে ওপরে উঠে আসতে ঢালের নিচে উপত্যকায় তিনজন লোককে দেখতে পেল লসন। খানিকটা অবাক হলো জেসি ওয়েনের সাথে হ্যান্স কোবার্নের ভাড়া করা ক্রুদের দেখে। ঘোড়ার রাশ টেনে অ্যাসপেন ঝোপের আড়ালে সরে এল ও। স্যাডলে বসে থেকে চোখ রাখল লোকগুলোর ওপর, একটা মরা গাছের গুড়িতে বসে আছে জেসি ওয়েন, হাতে সিগার। কি যেন বলছে সে, মনোযোগ দিয়ে শুনছে অন্য দুজন। এতদূর থেকে কেবল ঠোঁট নড়াই দেখতে পাচ্ছে লসন।

কি যেন একটা জিজ্ঞেস করতে মাথা ঝাঁকাল ক্রুরা, তারপর যার যার ঘোড়ার দিকে এগোল। ওরা চলে যেতে সময় নিয়ে সিগার শেষ করল জেসি ওয়েন, বুটের তলায় পিষল গোড়াটা। তারপর উপত্যকার মুখে রাখা সোরেলের দিকে এগোল। স্যাডলে চড়ে আশপাশে তাকাল সন্দিহান দৃষ্টিতে, কিছুক্ষণের মধ্যে ট্রেইল ধরে হারিয়ে গেল সিডার সারির আড়ালে।

খানিক অপেক্ষা করে নিচে নেমে এল লসন। স্যাডলে বসেই খুঁটিয়ে দেখল জায়গাটা। কোন চিহ্ন নেই, কেবল বুটের চাপে চটকে যাওয়া ঘাস দেখা যাচ্ছে। মাটিতে দাগ আঁকেনি কেউ। সিগারেটের গোড়া পড়ে রয়েছে গুটিকয়েক। ব্যস, এই হচ্ছে জেসি ওয়েনের সঙ্গে দুই স্টেজ গার্ডের গোপন সাক্ষাতের আলামত। এতে কিছুই বোঝার উপায় নেই।

শহরের দিকে এগোল ও, ঘোড়াটাকে হটিয়ে নিয়ে এগোচ্ছে। তাড়া নেই ওর, তাছাড়া কয়েকটা চড়াই-উত্রাই পেরোলেই শহরে পৌঁছে যাবে। ছুটতে গেলে হয়তো ওর উপস্থিতি টের পেয়ে যাবে জেসি ওয়েন, গোপন এ সাক্ষাতের কথা যে আর কেউ জানে না সে-সম্পর্কে নিশ্চিত থাকুক লোকটা।

জেরেমি টাউনের শেষ মাথায় যেখানে ঢালের শুরু, সেখান দিয়ে প্রবেশ করল ড্যানি লসন। ঢালের ওপর থেকে দেখে নিয়েছে শহরটা। শান্তই আছে, দিনের বেলায় যেমন থাকে। রাস্তায় লোকজন কম। সবে সকাল হয়েছে, বেশিরভাগ লোকই রাত জাগার পর ঘুমাচ্ছে এখন। গলি ধরে মূল রাস্তায় চলে এল ও। জেসি ওয়েন বা হ্যান্স কোবানের দুই কুকে কোথাও দেখা যাচ্ছে না। সিড় হ্যামারটনের জেনারেল স্টোরের সামনে চোখ পড়তে থমকে গেল লসন। খানিকটা অবাকও হলো।

এ মুহূর্তে দারুণ বিব্রত দেখাচ্ছে জুলিয়া লারকিনকে। ওয়্যাগনের আসনে বসে ছিল মেয়েটি, একটা হাত ধরে টেনে ওকে ওয়্যাগন থেকে নামানোর চেষ্টা করছে এক লোক। ফুট-বোর্ডে ভর দিয়ে তা ঠেকানোর চেষ্টায় অস্থির মেয়েটা। আতঙ্ক ওর চোখে-মুখে। ওয়্যাগনের পাশে বিল লারকিনকে দেখতে পেল লসন, মুখ থুবড়ে পড়ে আছে ধূলিময় রাস্তায়। কাছাকাছি দাঁড়িয়ে আছে আরও দুজন। হাসছে ওরা, সঙ্গীর সঙ্গে মেয়েটির জবরদস্তি চুটিয়ে উপভোগ করছে।

ঘোড়াটাকে নিয়ে ফুটপাতে উঠে এল লসন, দেয়ালের দিকে সরে গেল। পেছন থেকে কাউকে গুলি করার সুযোগ দিতে চায় না, যদিও ওর উপস্থিতি এখনও টের পায়নি কেউ। চকিত দৃষ্টিতে আশপাশে তাকাল ও, কামারের দোকানের পোর্চে দাঁড়িয়ে আছে এক যুবক আর মাঝবয়সী এক লোক। নিস্পৃহ দৃষ্টিতে ঘটনাটা দেখছে লোকটি, কিন্তু তরুণের মুখে রাগ ফুটে উঠেছে। পা বাড়াতে যেতে পাশ থেকে হাত বাড়িয়ে তাকে নিরস্ত করল লোকটি। নিজেকে সামলে নাও, বাছা। ওদের সাথে পারবে না তুমি।

তরুণ নিরস্ত হওয়ায় বোঝা গেল লোকটির কথায় যথেষ্ট গুরুত্ব দেয় সে। অসহায় দৃষ্টি ফুটে উঠল চোখে। অজান্তে পিস্তলের কাছাকাছি চলে গেছে হাত।

যথেষ্ট হয়েছে, ছেড়ে দাও ওকে, নিরুত্তাপ স্বরে নিজের উপস্থিতি ঘোষণা করল ড্যানি লসন।

ঝট করে ঘুরল লোকটি, জুলিয়ার হাত ধরে ছিল যে। খানিকটা বিস্ময় ওর চোখে, কিন্তু নিমেষেই রাগ ফুটে উঠল সেখানে। সাহস তো কম নয়, আমাকে বাধা দিতে এসেছ! তোমার ঘাড়ে কটা মাথা আছে, স্ট্রেঞ্জার?

লোকটাকে স্রেফ উপেক্ষা করল লসন, জুলিয়া লারকিনের উদ্দেশে ক্ষীণ নড করল। উত্তরে হাসার চেষ্টা করল জুলিয়া, কিন্তু প্রায় বিদঘুটে দেখাল হাসিটা।

হারামজাদার সাহস দেখো, কেমন চালবাজি করছে! তড়পে উঠল লোকটি।

এবার যেন ওদের উপস্থিতি সম্পর্কে সচেতন হলে লসন, লোকটার দিকে ফিরল। খুঁটিয়ে দেখল তাকে : তাগড়া শরীর, চৌকো আকৃতির মুখ, চোখে শীতল দৃষ্টি। উরুর হোলস্টারে পিস্তলের চকচকে বাট উঁকি দিচ্ছে। জুলিয়ার হাত ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়াল সে, পা ফাঁক হয়ে আছে।

কাজটা তুমি ভাল করোনি, নিকোলাস গ্রীন। অন্য কোন শহর হলে এতক্ষণে তোমাকে একটা কটনউডের কাছে নিয়ে যেত লোকজন। জেরেমি টাউনে…

আমার যা ইচ্ছে করব, তাতে তোমার কি? রুক্ষ, শীতল স্বরে, ওকে বাধা দিল নিকোলাস গ্রীন। কাউকে পরোয়া করি না আমি! অবজ্ঞা ফুটে উঠল দৃষ্টিতে, আড়চোখে সঙ্গীদের একবার দেখে নিল সে।

ওখান থেকে সরে এসো, শান্ত স্বরে নির্দেশ দিল লসন।

নিকুচি করি তোমার! এমন ভাব করছ যেন… শেষ করল না সে, রাগে কুৎসিত হয়ে গেছে মুখ; চোখে বেপরোয়া দৃষ্টি। টান টান হয়ে আছে শরীর। পিস্তল ছুঁইছুঁই করছে ডান হাত।…

সাবধান, নিক! সতর্ক কণ্ঠে বলল ওর এক সঙ্গী।ও ড্যানি লসন।

নিমেষে শিথিল হয়ে গেল গ্রীনের শরীর। যুগপৎ বিস্ময় আর ভয় ফুটে উঠল চাহনিতে, চেহারা দেখে মনে হলো তপ্ত লোহার ছ্যাকা খেয়েছে যেন। ধীরে ধীরে হোলস্টারের ওপর থেকে হাত সরিয়ে নিল সে।

ভাগো সবাই! বেঁচে থাকতে চাইলে এমন কাজ আর কোরো না।

ক্ষীণ হাসি ফুটে উঠল গ্রীনের মুখে, কিছুটা হলেও সামলে নিয়েছে নিজেকে। হয়তো, লসন। তবে আজকের ব্যাপারটা সহজে ভুলছি না। মওকামত যদি একবার পাই, ঠিকই গেঁথে ফেলব তোমাকে! বলে আর দাঁড়াল না সে, সঙ্গীদের ইশারা করে কাছের সেলুনে গিয়ে ঢুকল।

স্বস্তির নিঃশ্বাস ছাড়ল জুলিয়া লারকিন, ছুটে নামল ওয়াগন থেকে। দৌড়ে গিয়ে চাচার পাশে বসে পড়ল।

কামারের দোকানের পোর্চে দাঁড়ানো দুজনের দিকে তাকাল লসন। বয়স্ক লোকটির ওপর স্থির হলো ওর দৃষ্টি। দয়া করে সাহায্য করবে ওদের?

মাথা ঝাঁকাল সে। আমার নাম কার্টিস, টিম কাটিস।

এক বালতি পানি নিয়ে এসো, লারকিনকে দেখিয়ে বলল লসন, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো।

কামারের দোকানে ঢুকে গেল লোকটা, ফিরে এল একটু পর। গামলা উপুড় করে পানি ঢালল বিল লারকিনের মুখে। খানিক পর জ্ঞান ফিরে পেয়ে উঠে বসল মাইনার। প্রবল ভাবে মাথা নাড়ল বার কয়েক, শূন্য দৃষ্টি চোখে। তারপর ঘটনা মনে পড়ে যেতে চমকে তাকাল পাশে বসা জুলিয়া আর কাটিসের দিকে। আড়ষ্ট দেহে উঠে দাঁড়াল সে, রাস্তার এপাশে চোখ পড়তে গ্রুলার স্যাডলে একই ভঙ্গিতে বসে থাকা ড্যানি লসনকে দেখতে পেল। বুঝতে পারল ঠিক কি ঘটেছে।

তারপর, ড্যানি লসন, আবার দেখা হয়ে গেল আমাদের, না? ক্লিষ্ট হেসে বলল লারকিন, চাহনিতে নীরব কৃতজ্ঞতা ঝরে পড়ছে। দেখা যাচ্ছে সময়মত উপস্থিত হয়ে যাওয়ার অভ্যাসটা যায়নি তোমার!

নড করল লসন, কিছু বলল না। নিকোলাস গ্রীন যে সেলুনে ঢুকেছে সেটার দিকে তাকাল। বলা যায় না রাইফেল হাতে জানালায় গিয়ে দাড়াতে পারে সে, সুযোগসন্ধানী এসব লোককে ভাল করে চেনা আছে ওর। সামনাসামনি লড়ার সাহস না থাকলেও মওকা পেলে পিঠে গুলি করতে এতটুকু বাধবে না গ্রীনের।

ওয়্যাগনে চড়ল লারকিনরা। স্যামুয়েল কার্টিসকে ধন্যবাদ জানিয়ে ওয়্যাগন ঘুরিয়ে দক্ষিণে এগোল। ঘোড়া দাবড়ে পাশে চলে এল লসন। কি এমন জরুরী কাজ পড়ল যে ওকে নিয়ে আসতে হলো তোমার? বিল লারকিনের উদ্দেশে জানতে চাইল ও।

প্রশ্নটার উত্তর তখনই দিল না সে। তোমাদের পরিচয় হয়নি বোধহয়। ও জুলিয়া, আমার ভাতিজি। আর এ হচ্ছে ভবঘুরে ড্যানি লসন। মানুষের উপকার করে বেড়ায়! হালকা চালে বলল বিল লারকিন, কণ্ঠে তামাশার সুর থাকলেও স্পষ্ট বোঝা গেল দুজনের সম্পর্কটা অনেক গভীর এবং আন্তরিক। সিগার ধরিয়ে এবার লসনের প্রশ্নের উত্তর দিল সে। হ্যাঁ, আসতে হলো ওর কারণেই। আমি একা মানুষ, কোন রকমে চলে যাচ্ছিল। কিন্তু জুলি আসার পর বলল ঘরটাকে গোছাবে, কিছু জিনিস কেনার জন্যেই শহরে আসা। আমার সঙ্গে আসার জন্যে জেদ ধরল জুলিয়া। পিট আসতে চেয়েছিল, কিন্তু ও তো এখানে একেবারে নতুন। তাই আমিই এলাম। কিন্তু আমিও কিছু করতে পারলাম না। আরেকটু হলে সর্বনাশ ঘটতে যাচ্ছিল। ভেবে দেখো, কি রকম বেপরোয়া হয়ে গেছে ওরা। একটা মেয়ের সঙ্গে জোর করতেও বাধছে না!

তোমাকে ওরা অজ্ঞান করল কিভাবে?

ভাবতেই পারিনি এতটা সাহস করবে ওরা। কেনাকাটা শেষে স্টোর থেকে বেরিয়ে এসে ওয়্যাগনে উঠতে যাব এসময় সামনে পথরোধ করল একজন, পেছন থেকে এল অন্যরা। কিছু বোঝার আগেই একটা ডিম তৈরি করে দিল মাথায়। হেসে ডিমটার ওপর আলতো হাত বুলাল সে। শালারা, মেরেছেও বেশ জোরে!

আমি দুঃখিত, ম্লান স্বরে এই প্রথম মুখ খুলল জুলিয়া। বুঝতেই পারিনি এমন কিছু হতে পারে।

গলাটা ঝংকার তুলল লসনের কানে, ওর কাছে মনে হলো প্রিয় একটা বাদ্য শুনেছে। আরেকবার শোনার ইচ্ছে হলো, কিন্তু চুপ মেরে গেছে মেয়েটা।

তোমার কোন দোষ নেই, বাছা, প্রবোধ দিল বিল লারকিন। তুমি তো নতুন। এখানে বহু বছর ধরে আছি আমি, অথচ পাত্তাই পেলাম না। আসলে কখন কি ঘটবে সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়, অন্তত জেরেমি টাউনের মত শহরে।

শহর থেকে বেরিয়ে এল ওরা। নদী আর ক্লেইমের দিকে চলে যাওয়া ট্রেইল ধরে এগোল ওয়্যাগন।

কোবার্নের অফিসে যাব আমি, ঘোড়ার গতি কমিয়ে বলল লসন।

পরেও যেতে পারবে, বিরক্ত দেখাল বিল লারকিনকে। আগে আমার ওখানে চলল। কিছুক্ষণ গল্প করি, এতদিন পর দেখা হলো!

কাজ শেষ করে আসব হয়তো।

হয়তো কি, অবশ্যই আসবে।

জুলিয়ার উদ্দেশে নড করে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল লসন। ট্রেইল থেকে সরে এসে হ্যান্স কোবার্নের অফিসের দিকে এগোল। পোর্চে দুই গ্রুকে দেখতে পেল ও, মাত্র বেরিয়ে এসেছে। রেইলে বাঁধা ঘোড়ায় চড়ল লোকগুলো, লসনকে দেখে কৌতূহলী দৃষ্টিতে অকাল একজন।

ওকে দেখা ছাড়াও যথেষ্ট কাজ আছে আমাদের, টেড, তাড়া দিল অন্যজন। নাও, চলো এবার!

নির্বিকার মুখে স্যাডল ছাড়ল লসন, প্রায় উপেক্ষা করল দুই কুকে। রেইলের সঙ্গে লাগাম বেঁধে ভেতরে ঢুকে পড়ল। না তাকিয়েও বুঝতে পারছে টেড নামের লোকটার দৃষ্টি আটকে আছে ওর পিঠে। ফাঁকা অফিস রূমে একটা চেয়ারে বসে সিগারেট রোল করল ও।

একটু পর হ্যান্স কোবার্নকে দেখা গেল ওপাশের দরজায়। ওকে দেখে খুশি হয়ে উঠল সে। আরে, ড্যান যে! সকালে উঠেই তোমার মুখ দেখছি। অথচ ঘুণাক্ষরেও ভাবিনি আবার দেখা হবে! চেয়ারে বিশাল শরীর ছেড়ে দিয়ে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাল সোনা ব্যবসায়ী। হয়তো আমি যা চাই…সাপ্লাই পৌঁছে দেয়ার দায়িত্ব নেবে তুমি।

একটা দুঃসংবাদ আছে তোমার জন্যে।

কিছু না বলে তাকিয়ে থাকল হ্যান্স কোবার্ন, গম্ভীর হয়ে গেছে মুখ।

জেসি ওয়েনের সঙ্গে আলাপ করতে দেখলাম তোমার ক্রুদের।

নিচু স্বরে শিস বাজাল কোবার্ন, তারপর স্মিত হাসল। জেরেমি টাউনে আসার পথে একসঙ্গে রাইড করেছে ওরা, ওয়্যাগন যাত্রীদের পরস্পরের মধ্যে আলাপ হবে এটাই স্বাভাবিক। কিন্তু ড্যানি লসনকে চেনে বলেই জানে তথ্যটার যথেষ্ট গুরুত্ব আছে। প্রকাশ করা দূরে থাক, না জেনে কাউকে সন্দেহ করার লোক নয় লসন। তারমানে, সত্যিই ডাল মে কুচ কালা হ্যায়…ওর আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে। তবে খুশি হওয়ার মত একটা ব্যাপারও আছে। ড্যানি লসন যখন নিজ থেকে খবরটা দিতে এসেছে, এর মানে একটাই ওকে সাহায্য করতে চাইছে সে।

তারমানে…আমার আন্দাজ যদি মিথ্যে না হয়, খানিকটা প্রসন্ন সুরে বলল কোবার্ন। সাপ্লাইয়ের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছ তুমি।

সোনা ব্যবসায়ীর আগ্রহ দেখেও না দেখার ভান করল লসন। মনে হচ্ছে খবরটা শুনে অবাক হওনি, অথচ তোমার ঘাবড়ে যাওয়ার কথা।

উঁহু, দুজনের কাউকে গোনার মধ্যে ধরছি না আমি। ইচ্ছে করলেই পাওনা চুকিয়ে ছাঁটাই করে দিতে পারি। আমার মাথায় এখন অন্য চিন্তা-কিভাবে কাজটা তোমাকে গছানো যায়!

মুখে কিছু বলল না লসন, এমনকি ক্ষীণ নডও করল না। ওয়্যাগন চালাবে কে? রোল করা সিগারেট ধরিয়ে নিরুত্তাপ স্বরে জানতে চাইল।

টিম কার্টিস। সাথে এক তরুণ আছে।

ওদের বোধহয় বিশ্বাস করা যায়। আমার কাছে খারাপ মনে হয়নি।

ছেলেটা অবশ্য ছটফট করে খুব। তবে অভিজ্ঞ বা নিজের চেয়ে সেয়ানা লোককে সমীহ করে। টড মার্টিন কফি দিয়ে যেতে নীরব হয়ে গেল সোনা ব্যবসায়ী। আরেকটা প্রস্তাব দিতে চাই তোমাকে, কফির মগ তুলে চুমুক দিল কোবার্ন, মগের কিনারার ওপর দিয়ে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকল লসনের দিকে। এখানে তোমাকে দরকার আমাদের, ড্যান।

তৎক্ষণাৎ মাথা নাড়ল লসন। কফির মগ তুলে চুমুক দিল।

হতাশ হলো না কোরান। আনমনে শ্রাগ করল, কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছে। অন্তত সাপ্লাইয়ের ব্যাপারে তো রাজি করানো গেছে বেয়াড়া লোকটাকে! যাকগে, তোমার ওপর জোর করব না। সোনা পৌঁছে দিতে রাজি হয়েছ, এতেই খুশি আমি। এক কাজ করা যাক…আগাম একটা ঘোষণা দিয়ে দেব নাকি? তুমি গার্ডের দায়িত্বে আছ জানলে অনেকেই স্টেজ লুঠ করার সাহস করবে না।

চুপ করে থাকল লসন, মুখ দেখে মনে হচ্ছে আপত্তি নেই। কিন্তু সে জানে নেইল ডেভিস তাতে পিছিয়ে যাবে না, ঠিকই সুযোগের অপেক্ষায় থাকবে লোকটা। বুঝে-শুনে আক্রমণ করবে, বিন্দুমাত্র ঝুঁকি নেবে না। পরিস্থিতি নিজের অনুকূলে না হলে হামলাই করবে না, কারণ বরাবর নিজের নিরাপত্তার কথা আগে ভাবে সে। ওয়্যাগন গার্ডের দায়িত্বে কে থাকল বা না-থাকল তাতে ওর পরিকল্পনায় রদবদল হবে না; স্রেফ সুযোগ খুঁজবে সে এবং পেলে নির্দ্বিধায় সেটা লুফে নেবে। ড্যানি লসন কেন, হিকক বা শ্যাননও যদি গার্ডের দায়িত্বে থাকে, পিছিয়ে যাবে না দুর্ধর্ষ এই আউট-ল।

জেসি ওয়েন আরেকজন। ওর দুই চ্যালা থাকবে সাপ্লাইয়ের সঙ্গে। বাড়তি এই সুবিধের কারণে, এবং দুই কু সময়মত তৎপর হতে পারলে অনায়াসে স্টেজ লুঠ করতে পারবে সে।  তোমার ক্রুদের ছাঁটাই করার দরকার নেই, ভুলেও কিছু বোলো না। ওরা জানুক ওদের সম্পর্কে কিছুই জানি না আমরা।

বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেল না?

কিছুটা আছে, তবে সুবিধাও আছে। ওদের ওপর চোখ রাখব আমি। লম্বা পথ পাড়ি দিতে হবে, চার-পাঁচ দিনের যাত্রায় যে কোন জায়গায় আক্রান্ত হতে পারি আমরা। ওদের কাজ-কারবার দেখে আভাস পাব ঠিক কোথায় হামলা করতে পারে জেসি ওয়েন।

যুক্তিটা অস্বীকার করা যাচ্ছে না। ঠিক আছে, এ ব্যাপারে তুমিই সবচেয়ে অভিজ্ঞ লোক, হেসে সিগার ধরাল সোনা ব্যবসায়ী। তারপর হালকা সুরে যোগ করল, মাথা গেলে তোমার যাবে, আমার তো নয়! আমার গেলে যাবে কেবল সোনা।

পুরানো চুক্তিতে কাজ করব না আমি, জানাল লসন। সোনার দামের পাঁচ পার্সেন্ট বখরা আমার।

তুমি দেখছি এ শহরের ব্যবসায়ীদের মত হয়ে গেছ, ড্যান! কৃত্রিম অভিযোগের সুরে বলল কোবার্ন। সুযোগ পেয়ে বেশ খসিয়ে নিচ্ছ আমাদের কাছ থেকে।

এর কমে আর কেউ তোমাকে নিশ্চয়তা দিতে পারবে না।

জানি, বাছা, হাত বাড়িয়ে দিল হ্যান্স কোবার্ন। তাহলে ওই কথাই থাকল। কাল সকালে এখান থেকে রওনা দেবে স্টেজ। সাথে আমার কুরাও থাকছে।

মাথা ঝাঁকিয়ে উঠে দাড়াল লসন, সিগারেটের শেষাংশ গুজে রাখল ছাইদানিতে। মাথায় হ্যাট চাপিয়ে দরজার দিকে এগোল। মেরীকে আমার শুভেচ্ছা জানিয়ো।

বেরিয়ে এসে ঘোড়ায় চড়ল ও, তারপর শহর ছেড়ে পাহাড়ের দিকে এগোল। নদীর আনাচে-কানাচে কোন জায়গাই বাদ দেয়নি সোনা সন্ধানী লোকগুলো, যত্রতত্র ক্লেইম করেছে।

সূর্য এখন ঠিক মাথার ওপর। রোদে পিঠ তাতাচ্ছে। শহরের প্রবেশ মুখে জেরেমি টাউন সাইনবোর্ডটা দেখে ক্ষীণ হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল ওর ঠোঁট থেকে। ক্ষণিকের জন্যে থেমেছিল ও, তারপর আলতো স্পর দাবাল, হালকা চালে এগোল এলাটা।

শহরটা এখন শান্ত। পাহাড়ের ওপর থেকে প্রায় পুরো শহরই চোখে পড়ছে, তড়িঘড়ি করে তৈরি দালান, লগ আর কাঠের তৈরি কাঠামো, ক্যান্টিনা, তাবু…সবকিছুতে অযত্নের ছাপ। তবে সময়ে সবই বদলে যাবে, যদি সময় পায় জেরেমিটাউন-যদি টিকে থাকে।

সব শহরই কিছু কিছু সুবিধা উপহার দেয়। এখানকার সুবিধা হচ্ছে সোনা। কিন্তু সোনাতে বিন্দুমাত্র আগ্রহ নেই লসনের। পাহাড়ের ওপাশে সত্যিকার এক সোনার সন্ধান জানা আছে ওর-নয়ন জুড়ানো তৃণভূমি, নির্মল ঝর্না আর আলোছায়ায় ঘেরা নির্জন এক উপত্যকায় স্বপ্নের মত সুন্দর একটা বাথান। সেটা ছেড়ে কেন হলুদ ধাতুর পেছনে ছুটবে, যেখানে লোভ আর ঈর্ষার আগুনে পোড়ার সম্ভাবনা যোলো আনা?

 

পত্রিকা অফিসের পোর্চে দাঁড়িয়ে আছে জেফরি হ্যালার্ড। পাশের জেনারেল স্টোরের ফুটপাতে বসে সিগারেট রোল করছে টিম কার্টিস। সময় নিয়ে কাজটা সারল সে, তারপর দক্ষ হাতে নখে কাঠি ঘষে আগুন জ্বালাল। কাটিসের কথায় মনোযোগ সরে গেল হ্যালার্ডের, অপেক্ষাকৃত কমবয়েসী তরুণকে বলছে সে: আজও পাহাড়ের ওদিকে দেখেছি ওকে। ভাবগতিক সুবিধের ঠেকছে না, বব। আসলে শহরের ওপর নজর রাখছে ডেভিসের দলবল। ও যদি সোনা লুঠ করার চেষ্টা না করে তাহলেই বরং অবাক হব আমি।

লোকটাকে চিনতে পারল হ্যালার্ড। ভবঘুরে টাইপের, তবে স্টেজকোচ ড্রাইভার হিসেবে দক্ষ।

উল্টোদিকে তাকাতে আইক জেসাপকে রাস্তায় দেখতে পেল। তার পাশেই ধূসর রঙের সুট পরা এক লোক, হাত কোমরে রেখে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে ল-অফিসের দিকে। আইক, তাসগুলো এখনও তোমার কথামত চলছে তো? হালকা সুরে জানতে চাইল সে।

অবশ্যই, ওয়েন, তাস সবসময় আমার ইচ্ছেমত চলে। ওটাই আমার পেশা কিনা।

কিছুক্ষণ নীরব থাকল দুজনেই, তারপর একটা সিগার ধরাল জুয়াড়ী। মিনিট কয়েক আগে একটা নোটিশ পেয়েছি।

নোটিশ!

মার্শালের অফিস থেকে এসেছে নোটিশটা। বলা হয়েছে—সব ধরনের জুয়ায় লাভের দশ-শতাংশ মার্শাল বা ডেপুটিদের কাছে জমা দিতে হবে।

এ ধরনের নোটিশের কথা এই প্রথম শুনলাম।

আমিও। তবে শহরের সুযোগ-সুবিধার বিনিময়ে সব বাসিন্দাদেরই কিছু না কিছু দেয়া উচিত। আমারও আপত্তি নেই। কিন্তু হুকুম করে টাকা আদায়ের ব্যাপারটা পছন্দ হচ্ছে না।

সামান্য মাথা ঝাঁকাল ওয়েন নামের লোকটা। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলছে, তাচ্ছিল্য আর বিদ্রুপ প্রকাশ পাচ্ছে। তুমি বরং ব্যাপারটা নিয়ে কথা বলো মার্শালের সঙ্গে।

উঁহু, তা করতে যাচ্ছি না আমি। টাকা আদায় করার জন্যে নিজেই আসবে সে। আমার কাছ থেকে যদি দশ পার্সেন্ট আদায় করতে পারে, তাহলে মনে করব সত্যিই সেটা ওর প্রাপ্য! বলে আর দাঁড়াল না আইক জেসাপ, উল্টো ঘুরে ঢুকে পড়ল নিজের সেলুনে।

অজানা এক অস্বস্তি বোধ করছে জেফরি হ্যালার্ড। বুঝতে পারছে না গ্যারি লোফার্ট আদৌ কতটা কাজ দেখাতে পারবে, মার্শাল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেপরোয়া লোকগুলোকে খুঁচিয়ে ত্যক্ত করছে না তো?

চিন্তিত মনে হ্যান্স কোবানের অফিসে ঢুকল ও।

নিজের টেবিলে বসে আছে সোনা ব্যবসায়ী। চোখে-মুখে উৎফুল্ল ভাব। খবর আছে একটা, জেফ! হ্যালার্ডকে দেখেই চেঁচিয়ে উঠল। সাপ্লাইয়ের দায়িত্ব নিয়েছে লসন!

ফাটা বেলুনের মত চুপসে গেল হ্যালার্ড, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল কোবার্নের দিকে। একটা চেয়ারে বসে নিজেকে সামলে নিল সে, গম্ভীর হয়ে গেছে মুখ।

পাঁচ পার্সেন্ট মজুরি দাবি করেছে ও।

এত টাকা! এক হাজার খরচ করলে ওর মত ডজনখানেক লোক পাওয়া যাবে।

তা পাওয়া যাবে, স্বীকার করল কোবার্ন। কিন্তু তাদের কেউই ড্যানি লসন হবে না। ওর মত নির্ভরযোগ্য বা বিশ্বস্তও হবে না।

যাকগে, ওটা তোমার ব্যাপার, ত্যাগ করল স্কুল মাস্টার। তোমার যাকে ইচ্ছে নেবে, আমার তাতে কিছু আসে-যায় না।

শহরের অবস্থা কি?

ভাল…বেশ ভাল। গ্যারি লোফার্টকে মার্শাল হিসেবে নিয়োগ দিয়েছি আমরা। সঙ্গে দুই সহকারী আছে ওর।

স্মিত হাসল কোবার্ন। লোফার্ট কয়েক ধাপ এগিয়েছে বটে, তবে এবার ভুল শহর বেছে নিয়েছে। বেশিক্ষণ টিকতে পারবে না ও। লোক হিসেবেও তেমন সুবিধের নয়…।

ওকে চেনো তুমি?

নিশ্চয়ই। ও আসলে চোর। জেরেমি টাউনের মত নতুন শহর খুঁজে বেড়ায়। মার্শালের ব্যাজ পেলেই জুয়াড়ীদের ওপর জমা-খরচ শুরু করে। তাদের বাগে আনতে পারলে তারপর ধরে ব্যবসায়ীদের। কেউ ওর সঙ্গে সহযোগিতা না করলে কোন না কোন দুর্ঘটনায় প্রাণ হারায় লোকটা।

শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল হ্যালার্ড, বুঝতে পারছে ঠিকমত জেনে-শুনে লোক নিয়োগ না করে দারুণ বোকামি করেছে। গ্যারি লোফার্ট যদি থমসন আর কিনকেডকে হটিয়ে দেয়, নির্ঘাত শহরের নিরীহ লোকজনের ওপর চড়াও হয়ে বসবে। সে আরেক বিপদ!

রাগ হলেও নিজেকে সামলে নিল হ্যালার্ড। ওদের ক্লেইমে থমসনের আগমনের ঘটনা জানাল।

নীরবে পুরোটা: শুনল সোনা ব্যবসায়ী। হারপার হয়তো ঠিকই বলেছে, আবার আসবে থমসন। তবে ওর চেয়েও বেশি ঝামেলাবাজ লোক আছে এখানে। রক্স, কিনকেড…কজনের নাম জানি আমরা! থেমে কি যেন ভাবল সে। জেফ, তুমি অস্বীকার করলেও এটা সত্যি যে গ্যারি লোফার্টের চেয়ে অনেক বেশি কঠিন লোকের দরকার এখানে। লোফার্টের মত লোককে আমলই দেবে না কিনকেড। ধরো, শ্যাননকে আনালে তুমি, সে-ও যে গুরুত্ব পাবে তা নয়। এখানে জুড়ে বসেছে ওরা, বিশাল লাভের সম্ভাবনা সামনে। স্বয়ং শয়তান এলেও তাকে লড়াই করতে হবে। ওদের হারাতে পারলেই কেবল শান্তি আসবে জেরেমি টাউনে।

সকালে কি ঘটেছে, জানো? বিল লারকিন আর ওর ভাতিজিকে পেয়ে বসেছিল রক্সের তিনজন লোক। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় লসন। ওর সঙ্গে লাগার সাহস করেনি লোকগুলো। এমন লোকই দরকার আমাদের, যাকে ভয় পাবে ওরা, সমঝে চলবে।

উঠে দাঁড়াল জেফরি হ্যালার্ড। পিস্তল নাচিয়ে বেড়াবে সবার সামনে? যাতে নিরীহ মানুষ ওর ছায়াও না মাড়ায়, তাই না? কিনকেড বা রক্সের সাথে তাহলে ওর পার্থক্য কোথায়? আইনের লোকের চেহারা যদি এরকম ভয়ঙ্কর হয়, তাহলে শহরটা চলবে কি করে? বাচ্চা বা মহিলারা সেখানে যাবে কখনও?

হাত উঁচিয়ে হার মানল সোনা ব্যবসায়ী। আমার কথা ফিরিয়ে নিচ্ছি, জেফ। স্পষ্ট বুঝতে পারছি এক লাইনে চিন্তা করছি না আমরা।

শান্তিপূর্ণ একটা শহর গড়তে হলে সবার সহযোগিতা দরকার, ওদের বলব আমি। আমার কথা শুনবে নিশ্চয়ই, যুক্তি দিয়ে বোঝাব সবাইকে।

দয়া করে ও-কাজটি করতে যেয়ো না। তোমাকে নিয়ে মজা করবে ওরা। শোনো, জেফ, ওদের কাছে বাইবেলের বাণী যা, তোমার কথাও তা।

বিব্রত দেখাল হ্যালার্ডকে। আমি কি তাই বলতে যাব?

অস্থির হয়ে আছ তুমি, জেফ। ঠাণ্ডা মাথায় ভেবে দেখো, এমন একটা শহরের কথা বলতে পারবে যেখানে ভাল কথা শুনিয়ে খারাপ লোককে সৎ পথে আনা গেছে? ওটা কেবল গির্জায় সম্ভব, এবং তাতে মন্দ লোকগুলোর নিজেদের উপলব্ধিও দরকার। ওদের গির্জায় পাঠাবে কে? পাঠাতে পারলে না হয় ভাল কিছু কথা শোনানো যাবে। মিথ্যে আশা করে অযথা নিজের হতাশা বাড়াচ্ছ। গ্যারি লোফার্টকে চেষ্টা করতে দাও, দেখা যাক কি করতে পারে ও।

থ মেরে কিছুক্ষণ বসে থাকল জেফরি হ্যালার্ড। তারপর উঠে দাঁড়াল তোমার পরামর্শের জন্যে ধন্যবাদ, হ্যান্স। একটা কথা, ড্যানি লসনকে মার্শাল হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাব ছাড়া অন্য যে কোন বিষয়ে নিশ্চিন্তে পরামর্শ দিতে পারো আমাকে। ওর ব্যাপারে আমার ধারণা খুব পরিষ্কার। রক্সের লোকগুলো ওকে ভয় পেয়েছ কেন, জানো? কারণ সে একজন খুনী। ওদের চেয়ে কড়া মাল। নিজের বিপদ ঠিকই টের পেয়েছে ওরা, জানত টিকতে পারবে না লসনের সঙ্গে। এমন লোক যদি এখানকার আইন হয় তাহলে নিরীহ লোকেরা কখনও সুবিচার পাবে?

 

কার্ট রক্স হিসেবী মানুষ। কোন কাজ করার আগে বরাবর সম্ভাবনা আর পরিণতির কথা আগে ভাবে সে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। ভাল করেই জানে জেরেমি টাউনে বিপুল সম্ভাবনা আছে ওর। প্রচুর সোনা আছে এখানে, অন্যরা তুলবে…ও শুধু সেগুলো হাতিয়ে নেবে। ব্যস, কাজ বলতে এটুকুই। অবশ্য সেটাও সহজ হবে না, কিনকেড আর থমসন আছে। শেষপর্যন্ত হয়তো দেখা যাবে নিজেদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে।

মেজাজ তিরিক্ষি হয়ে আছে রক্সের। সকালে ঘুম থেকে উঠেই খবরটা পেয়েছে। নিকোলাস গ্রীনকে একচোট নিয়েছে তারপর। গাধা! মেয়েদের সাথে খারাপ আচরণ করা আর আগুন নিয়ে খেলা পশ্চিমে একই জিনিস। তা-ও যে সে মেয়ে নয়, পুব থেকে আসা সম্রান্ত একজন মহিলা। বাজারের মেয়ে হলেও একটা কথা ছিল। কার্ট রক্স নিজেও পিচ্ছিল পথের মানুষ, কিন্তু সারা জীবনে অন্তত এই একটা ব্যাপার সবসময় এড়িয়ে গেছে, দ্র ঘরের কোন মহিলার সাথে জোর করা দূরে থাক, কখনও দুর্ব্যবহারও করেনি। পশ্চিমের মানুষ এ ব্যাপারে বড় আপসহীন। একজন মহিলা বিপদে পড়লে পাশে এসে দাঁড়াতে দ্বিধা করে না। রক্স নিজে ওখানে থাকলে লসনের মতই শায়েস্তা করত গ্রীনকে, পিটিয়ে তক্তা বানাত হারামজাদাকে।

কিছু কিছু জিনিস আছে ওদের জন্যে সত্যিই স্পর্শকাতর, মেয়েমানুষ তার একটি। এখানে মাইনাররা পরস্পরকে সাহায্য করে খুব কম, লোভ আর ঈর্ষাই তার কারণ। বারো কিসিমের এসব লোকই একাট্টা হয়ে যাবে যদি তাদের মেয়েছেলেদের অপমান করে শহরের কেউ। সে মাইনার হলেও ছাড় পাবে না। এটাই পশ্চিমের রীতি। গরুচোর বা ঘোড়াচোর ধরতে পারলে যেমন তৎক্ষণাৎ কোন গাছে লটকে দেয়, তেমনি কোন মহিলার অসম্মান করবে যে লোক ধরা পড়লে একই পরিণতি জুটবে তার কপালে।

নির্বিঘ্নে এখানে কাজটা শেষ করতে চায় কার্ট রক্স। চায় না হন্যে হয়ে ওর পেছনে ছুটুক খেপা লোকজন। এ জন্যেই আজকের ঘটনা পছন্দ হয়নি ওর। কিন্তু একটা ব্যাপার কাঁটার মত বিধে আছে মনে, ড্যানি লসন এখানে এসেছে কেন? মাইনাররা ভাড়া করে আনেনি তো? নাহ, তেমন হলে ঠিকই খবর পেত। ড্যানি লসনের উপস্থিতি একটা হুমকির মত। কঠিন মানুষ সে, এরকম কয়েকটা শহর ঠাণ্ডা করেছে এর আগে।

সকালে ঘটে যাওয়া ঘটনার পর টনক নড়েছে রক্সের। কিনকেডের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেজন্যেই। আলাদা আলাদা ভাবে মোকাবিলা করার চেয়ে দল বেঁধে ড্যানি লসনকে শিকার করা সহজ হবে। হয়তো জেরেমি টাউনের ব্যাপারে আগ্রহ দেখাবে না দুর্ধর্ষ লোকটা, কিন্তু নিশ্চিত হওয়ার উপায় নেই। তাছাড়া, সাপ্লাইটা সম্পর্কেও আলোচনা করা দরকার। এত বড় একটা চালান চোখের সামনে দিয়ে চলে যাবে, অথচ ওরা কিছু করবে না তা কি করে হয়?

জ্যাক চেম্বারল্যান্ডের সেলুনে ঢোকার মুখে সদ্য বেরিয়ে আসা লোকটিকে দেখে থমকে দাঁড়াল কার্ট রক্স। ড্যানি লসনকে চেনে সে। টিম কাটিস আর বব নামের ছোকরার সঙ্গে বেরিয়ে আসছে।

থমকে দাঁড়াল লসন, নিচু স্বরে কি যেন বলল দুই সঙ্গীকে। দ্রুত সরে পড়ল ওরা। একা হয়ে গেল সে। একপাশে সরে গিয়ে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়াল লর্সন, রাস্তার দুধারে সতর্ক দৃষ্টি চালাল। তারপর সরাসরি দশ হাত দূরে দাড়ানো কাট রক্সের দিকে তাকাল। পরস্পরের ওজন জানে ওরা, কিন্তু এখানে পরিবেশ ও পরিস্থিতি দুটোই ভিন্ন।

ক্ষীণ হেসে মাথা ঝাঁকাল লসন। অনেকদিন পর, তাই না, রক্স?

পকেট হাতড়ে একটা সিগার বের করল রক্স। উত্তরে ছোট্ট করে নড করল। ভাবিনি তোমাকে এখানে দেখতে পাব।

কেন, এখানে কি আসতে মানা আছে?

তা নয়, হেসে বলল রক্স, সময় নিয়ে সিগার ধরাল। এখানকার ব্যাপারটা আলাদা, অ্যাবিলিনের মত নয়। জেরেমি টাউনে কিন্তু সুবিধে করতে পারবে না।

তাই? স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল লসন, মাপছে দুর্বত্তকে।

হ্যাঁ। কিনকেড, ওয়েন, থমসন…প্রচুর বেপরোয়া লোক। কজনের সাথে কুলাবে?

অ্যাবিলিনেও তাই বলেছ, রক্স। শেষে যখন মুখোমুখি হলাম আমরা, পিস্তল বের করতে রাজি হলে না তুমি।

আমার হিসাবটা একটু অন্যরকম, সবার চেয়ে আলাদা, হেসে ব্যাখ্যা দিল রক্স। জেদের বশে লড়ি না আমি, শুধু লাভ আছে যেখানে সেখানেই পাওয়া যায় আমাকে। তোমার সঙ্গে ডুয়েল লড়লে হয় তুমি, নইলে আমি মারা পড়তাম। তাতে কি লাভ হত আমার? ড্যানি লসন আমার হাতে মারা পড়বে এই স্বপ্ন আমি দেখি না।

বুঝতে পেরেছি, কোন ঝুঁকি নিতে নারাজ তুমি। যার সাথে ডুয়েলে জেতার সম্ভাবনা বেশি, কেবল তার সামনেই দাঁড়াও, তাই না?

বিন্দুমাত্র অপ্রতিভ হলো না কার্ট রক্স। ঠিক তাই, হেসে একমত হলো সে। কারণ চেষ্টা করলে বহু দিন বেঁচে থাকা যায়। ঘাড়ের ওপর আঙুল উঁচিয়ে শহরের পেছনে বুটহিলটা দেখাল। ওখানে শুয়ে থাকার চেয়ে আরও কিছু দিন বেঁচে থাকাই আমার কাছে বেশি আনন্দের। একটাই তো জীবন, সুতরাং এত ঝুঁকি নিয়ে লাভটা কি?

অদ্ভুত মানুষ তুমি, রক্স। চেলা-চামুণ্ডাকে দিয়ে আমার পায়ে কামড় বসাবে, কিন্তু সাহস করে নিজে কখনও সামনে আসবে না, এই তো?

ঠিক; খাঁটি কথা বলেছ। আমার মনের কথা।

হয়তো তোমার ইচ্ছে পূরণ হবে না, এখানেই সামনাসামনি দাঁড়াব আমরা।

আমার সন্দেহ আছে, লসন।

মৃদু নড করে এগোল ড্যানি লসন।

রাস্তার ওপাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল টিম কার্টিস আর রবার্ট অ্যালেন, বেকুব বনে গেছে কার্ট রক্সের সঙ্গে লসনকে এভাবে কথা বলতে দেখে। নার্ভ আছে বটে মানুষটার, নীরব বিস্ময়ের সঙ্গে ভাবল অ্যালেন, পাত্তাই দেয়নি রক্সকে, অথচ সেলুনের ভেতর ওর সাঙ্গপাঙ্গরা ছিল। যেন পুরানো দুই বন্ধুর দেখা হয়েছে বহু দিন পর, অকপটে রক্সের নীচতা তুলে ধরেছে! আপাত দৃষ্টিতে স্বাভাবিক কথাবার্তা হলেও যে কোন একজনের ধৈর্যচ্যুতি হওয়ার সম্ভাবনা ছিল, তাহলেই নরক নেমে আসত এখানে, জানে অ্যালেন।

ও যদি ড্র করত? দ্রুত পা ফেলে লসনকে ধরে ফেলল অ্যালেন। তুমি কি জানতে সেলুনে ওর দোস্তরা ছিল?

মাথা ঝাঁকাল লসন। সেই সাহস নেই ওর। জয় সম্পর্কে নিশ্চিত না হয়ে ড্র করবে না রক্স…আর যদি না কোণঠাসা করা যায় ওকে। ও ঠিকই জানত শোডাউন হলে প্রথম গুলিটা ওকে করব আমি।

পেছন থেকে তিনজনের দলটাকে দেখল রক্স, একসঙ্গে পান করার অর্থ কি? দুয়ে দুয়ে চার মেলাল সে, তারমানে সাপ্লাইয়ের দায়িত্ব নিয়েছে ড্যানি লসন। চিন্তার কথা, স্টেজ লুঠ করা সহজ হবে না যেখানে লসন থাকছে।

সেলুনে গিয়ে কিনকেড়ের অপেক্ষায় থাকল রক্স। দুপক্ষে একটা রফা হওয়ার কথা। বিগ থমসনও বাদ যায়নি, যদিও কিনকেড বা রক্স কেউই আমল দেয় না তাকে। শুধু উটকো ঝামেলা এড়ানোর জন্যেই তাকে দলে রাখা।

কোণের একটা টেবিলে বসেছে ও, অনুচরদের বিদায় করে দিয়েছে। ক্ষীণ আপত্তি করছিল গ্রীন, কিন্তু ওর কড়া চাহনি দেখে নিজেকে গুটিয়ে নিয়েছে। ডিক টেবর হুইস্কি দিয়ে যেতে চুমুক দিল রক্স, কাচের জানালা গলে তাকাল রাস্তার দিকে। ওপাশে নাপিতের দোকানের সামনে অপেক্ষা করছে গ্রীন, সাথে আরও চারজন।

দুজনে প্রায় একইসঙ্গে প্রবেশ করল ওরা। কিনকেড পেছন দরজা দিয়ে, আর থমসন সামনের দরজা দিয়ে। বুটের শব্দে ঘর কাঁপিয়ে এগিয়ে এল বিগ থমসন, নিতান্ত অবহেলার সাথে বাম হাতে একটা চেয়ার টেনে টেবিল থেকে কিছুটা দূরে সরে বসল। ভঙ্গিটা এমন যাতে প্রয়োজনে মুহূর্তের মধ্যে লাফ দিতে পারে বা অনায়াসে পিস্তল বের করতে পারে। আমুদে দৃষ্টিতে রক্সের দিকে তাকাল সে। বোঝা গেল নিজেকে গুরুত্বপূর্ণ ভাবছে। কাট রক্স যখন ডেকে পাঠিয়েছে সেটা সম্ভব, ভাবল কিনকেড। রক্সের উল্টোদিকে বসার আগে পেছন ফিরে নিজের লোকদের সরে যেতে ইঙ্গিত করল কলোরাডোর আউট-ল।

ওদের বেরিয়ে যেতে বলো, কিনকেড, পরামর্শ দিল রক্স। থমসন, তোমার লোকদেরও বলো।

কেন? সন্দিহান চোখে তাকাল থমসন, দৃষ্টিতে চ্যালেঞ্জ।

যত কম লোক আমাদের আলোচনা সম্পর্কে জানবে ততই ভাল নয় কি? নিজের দলের ওপর আস্থা থাকতে পারে তোমাদের, কিন্তু আমার নেই। আমার ছেলেদের ওপর তোমাদের আস্থা আছে কি?

নেই, এমনকি তোমার ওপরও নেই, স্বীকার করল কিনকেড।

এখান থেকে যাওয়ার পর নিজের লোকদের যা ইচ্ছে বলতে পারো, তবে আমি তোমাদের জায়গায় হলে প্রয়োজনের চেয়ে বেশি কিছু বলতাম না।

যুক্তি আছে তোমার কথায়, নিস্পৃহ স্বরে বলল থমসন। ধরো কাউকে হাতের মুঠোয় পেয়ে গেল মার্শাল বা মাইনারদের কেউ। নিজের পিঠ বাঁচানোর জন্যে নির্ঘাত সবকিছু বলে দেবে সে।

সেই সম্ভাবনা কম হলেও সাবধান থাকা ভাল।

হাত নেড়ে নিজের লোকদের বেরিয়ে যেতে বলল কিনকেড। একটু পর থমসনের সঙ্গীরাও বেরিয়ে গেল।

ঘণ্টাখানেক পর সন্তুষ্ট হয়ে বেরিয়ে এল ওরা। শহরের পরিস্থিতি, ড্যানি লসন আর সোনার চালান সম্পর্কে বিস্তর আলোচনা করেছে। সিদ্ধান্ত নিয়েছে লসন ঝামেলা করলে তাকেও ছেড়ে দেবে না। তিন দলের মধ্যে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখে সহাবস্থান করবে শহরে, নিজেদের মধ্যে সংঘাত এড়িয়ে চলবে। কিন্তু সোনার চালানের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিতে বা সহযোগিতা করতে অনিচ্ছুক; যার যার নিজস্ব চেষ্টায় উদ্দেশ্য সফল করতে হবে।

তবে সবার আগে, জমকাল অভ্যর্থনা দেবে জেরেমি টাউনের নতুন মার্শালকে।

 

বিকেলে আবারও শহরে এল জেফরি হ্যালার্ড। কিন্তু খবর শুনে মোটেই সন্তুষ্ট হতে পারল না। ডিক ফেল্টনের অফিসে ঢুকে দেখল পত্রিকার পরের সংখ্যার কাজ করছে সে। ঘেমে সারা সাংবাদিক, টেবিলে বসে কফি গিলছে; চোখে-মুখে এক ধরনের প্রশান্তি, টানা খাটুনির পর কাজ শেষ করতে পারলে যে ধরনের প্রশান্তি অনুভব করে মানুষ।

খবর শুনেছ? টেবিলের ওপর রিপোর্টের খসড়া দেখিয়ে হালকা সুরে বলল সাংবাদিক। এ শহর এখন নরক। শহরের শেষ মাথায় সেলুন খুলেছিল হ্যাংক মিচেল। দুপুরে ওকে খুন করেছে গ্যারি লোফার্ট। সেলুন থেকে মার্শালের পিছু পিছু বেরিয়ে এসেছিল মিচেল, কিন্তু লোফার্টের দুই স্যাঙাৎ তৈরি ছিল রাইফেল নিয়ে। কোন সুযোগই পায়নি মিচেল।

তারপর? ঢোক গিলে তথ্যগুলো হজম করার চেষ্টা করল হ্যালার্ড।

মিচেলকে মেরে ওরা ভাবল পুরো শহর ওদের আয়ত্তে চলে এসেছে। লাভের বখরা আদায় করতে আইক জেসাপের কাছে গিয়েছিল ডেপুটিরা। স্রেফ না বলে দিয়েছে জেসাপ, মুখের ওপর হেসেছে ওদের প্রস্তাব শুনে। খেপে গিয়ে পিস্তল বের করেছে দুই ডেপুটি। কিন্তু ওরা তো জেসাপের চেয়ে দ্রুত পিস্তল বের করতে পারে না! দুজনেই মারা গেছে।

আর লোফার্ট?

কিনকেড আর রক্স ওকে ধরল বটে, কিন্তু পেটানোর কাজটা একাই করেছে থমসন। অমন পিটুনি কখনও দেখিনি আমি, জেফ, দেখতেও চাই না। শেষে মার্শালের ব্যাজটা পাছায় গেঁথে দিয়ে ঘোড়ার ওপর শুইয়ে লোফার্টকে শহর থেকে তাড়িয়েছে ওরা।

থমথমে দেখাচ্ছে হ্যালার্ডের মুখ। লজ্জায় আর রাগে মরে যেতে ইচ্ছে করছে। ওর সিদ্ধান্ত আবারও ভুল প্রমাণিত হয়েছে। কি করা যায় এখন?

মিনিট ত্রিশের মধ্যে জেফরি হ্যালার্ডের কেবিনে জরুরী মীটিং-এ বসল ওরা। মাইনার আর শহরের লোকজন, সব মিলিয়ে দশজন। একেকজন একেক পরামর্শ দিচ্ছে, কেউ কারও মতামতে গুরুত্ব দিচ্ছে না।

লসনকে দরকার, দৃঢ় কণ্ঠে বলল বিল লারকিন। এ মুহূর্তে কেবল ওর ওপরই আস্থা রাখা যায়।

লসন কেন? ও ছাড়া কি আর কেউ নেই?

না। ওর মত পিস্তলবাজ থাকতে পারে, কিন্তু ওর মত বিশ্বাসী এবং সাহসী পিস্তলবাজ আর নেই।

কিন্তু কেউ পিস্তলের মুখে শহর শান্ত রাখুক তা আমার পছন্দ নয়।

পছন্দ না হতে পারে, কিন্তু এছাড়া উপায়ও নেই, সোজাসাপ্টা বলল এক ব্যবসায়ী। চোর-ডাকাত, খুনী, বদমাশ জোচ্চোরে ভরে গেছে এই শহর। ভাল কথা বললে স্রেফ হাসবে ওরা। তুমি আছ পাহাড়ের মাথায়। ওসব গণ্ডগোলের কিছুই এখানে আসে না। কিন্তু আমাদের থাকতে হবে শহরের মাঝখানে, ওসবের মধ্যে। নিরাপত্তা চাই আমরা, শান্তিতে ব্যবসা করতে চাই।

তার কথার সত্যতা প্রমাণ করতেই যেন শহরের কোথাও গর্জে উঠল কয়েকটা পিস্তল।

কিছুক্ষণ চুপ করে থাকল জেফরি হ্যালার্ড, থমথমে দেখাচ্ছে মুখটা। ঠিক আছে, পারলে ড্যানি লসনকে নিয়ে এসো তোমরা, আমার আপত্তি নেই, তিক্ত স্বরে ঘোষণা দিল সে।

কিন্তু প্রস্তাব নিয়ে যাবে কে? ঠিক হলো ফেল্টন যাবে হ্যালার্ডের সঙ্গে।

অথচ সারা শহর খুজেও কোথাও পাওয়া গেল না ড্যানি লসনকে। স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছে যেন সে!

<

Super User