তার নাম বার্ন স্যাণ্ডারসন। বয়েসে তরুণ। চমৎকার একটা ঘোড়ায় চেপে এল আমাদের বাড়িতে। ভদ্র, নরম ব্যবহার। আম্মাকে দেখেই হ্যাট খুলে সম্মান জানাল। ঘোড়া থেকে নামল আমাদের ঘরের সামনে। জানাল, সল্ট লিকে নতুন এসেছে। গরু নিয়ে এসেছে স্যান অ্যানটোনিও থেকে। ডেভিলস রিভারে আছে এখন ওগুলো, চরছে। সহকারী হিসেবে কাউকে নেয়ার সামর্থ্য নেই, তাই সাহায্য করার জন্যে দুটো কুকুর নিয়েছিল সঙ্গে। কিছু দিন হলো, দুটোর মধ্যে সব চেয়ে ভাল কুকুরটা হারিয়ে গেছে। সেটাকে খুঁজতে এসেছিল সল্ট লিকে। আমাদের এখানে যে একটা অচেনা কুকুর এসেছে বাড সারসি তাকে বলে দিয়েছে একথা।
বড় কুকুর? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল আম্মা, কিন্তু তাতে মেশানো উদ্বেগ আমার কানকে ফাঁকি দিতে পারল না। হলদে রঙের?
হ্যাঁ, ম্যাম। হাসল লোকটা, এত্ত বড় চোর আপনি আর কোথাও পাবেন না। ওর জ্বালায় ডিম রাখতে পারবেন না, মাংস রাখতে পারবেন না, সব চুরি করে খেয়ে ফেলবে। তবে গরু সামলানোর জন্যে এত ভাল কুকুর আমি আর দেখিনি।
আমার দিকে ফিরল আম্মা, ট্র্যাভিস, ইয়েলারকে ডাকো।
পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। এতটাই আতঙ্কিত হয়ে পড়েছি, ভাবনাও যেন স্থবির হয়ে গেছে।
কি হলো? তাগাদা দিল আম্মা। দেখোগে, ক্রীকের ওদিকে বোধহয় আরলিসের সঙ্গে খেলছে…
আম্মা! ইয়েলারকে ছাড়া আমরা…
ট্রাভিস!
শপাং করে উঠল যেন আম্মার তীক্ষ্ণ কণ্ঠ। ক্রীকে রওনা হলাম। বাড সারসির ওপর রাগে গা জ্বালা করতে লাগল। কথাটা না বললে কি হত না!
ক্রীকের কাছে গিয়ে আরলিসকে বললাম আম্মা ডাকছে।
আমার কণ্ঠস্বরেই বোধহয় খারাপ কিছু আঁচ করে ফেলল সে। মুখ ভেংচাল না, জিভ দেখাল না, চুপচাপ উঠে এল পানি থেকে। আমার পিছে পিছে বাড়ি রওনা হলো। মহা লজ্জায় ফেলে দিল আম্মা আর লোকটাকে। কারণ তার গায়ে একটা সুতোও নেই। যে ভাবে পানিতে নেমেছিল সে ভাবেই চলে এসেছে। কাপড়গুলো সব হাতে।
ওল্ড ইয়েলারকে আমরা কতটা চাই, বোধহয় সেটা আঁচ করে ফেলেছে বার্ন, কিংবা আমি চলে গেলে আম্মা তাকে কিছু বলেছে। তাই কুকুরটার কথা কিছু বলতে অস্বস্তি বোধ করছে। আম্মাকে বলল, মিসেস কোটেস, বুঝতে পারছি এখানে আপনাদের খুব অসুবিধে। কিন্তু আমারও ওকে খুব দরকার। ঠিক আছে, কুকুরটাকে ছাড়াই আপাতত চালিয়ে নেব আমি। আপনার স্বামী ফিরে না আসা পর্যন্ত থাক আপনাদের কাছে।
মাথা নেড়ে আম্মা বলল, না না, লাগবে না। আপনার দরকার না থাকলে এক কথা ছিল। নিয়ে যান। ছেলেদের আমি বুঝিয়ে বলব।
ইয়েলারের গলায় দড়ি বেঁধে দড়ির আরেক মাথা হাতে নিয়ে ঘোড়ায় চাপল বার্ন। কি ঘটছে এতক্ষণে বুঝতে পারল আরলিস। চোখ উল্টে পড়ে যাওয়ার অবস্থা হলো তার। চিৎকার করে কেঁদে উঠে গালাগাল শুরু করল। ছুটে গিয়ে কয়েকটা পাথর তুলে নিয়ে ছুঁড়তে শুরু করল বার্নকে সই করে। একটা লাগল লোকটার ঘোড়ার পেটে। আরলিসের ছোঁড়া পাথরের জোর জানা আছে আমার। ব্যথায় চেঁচিয়ে উঠল ঘোড়াটা। মাথা ঝাঁকাতে লাগল। এটা মহা উত্তেজনার ব্যাপার ইয়েলারের জন্যে। পরম আনন্দে ঘেউ ঘেউ করে দড়ি বাঁধা অবস্থায়ই ঘোড়াটার পেছনে লাগল সে।
পাথর ছুঁড়তে নিষেধ করতে করতে আরলিসের দিকে দৌড় দিল আম্মা। চিৎকার, চেঁচামেচি শোরগোল পড়ে গেল বাড়িতে।
ভীত ঘোড়াটাকে শান্ত করে ইয়েলারকে ধমক দিল বার্ন। চুপ না করলে পিটিয়ে মাথা ভাঙার হুমকি দিল। তারপর ঘোড়ার মুখ ঘুরিয়ে ফিরে আসতে শুরু করল আমাদের দিকে। মুখে বিমল হাসি।
আরলিসের এক হাত আমি ধরে রেখেছি, আরেক হাত আম্মা, সেটা দেখে হাসি আরও বাড়ল বার্নের। ছাড়া পাওয়ার জন্যে লাফালাফি করছে আরলিস। হাত ছাড়াতে পারলেই আবার পাথর ছুঁড়বে। পারছে না বলে একেক লাফে শূন্যে উঠে পড়ছে, চিৎকার করছে গলা ফাটিয়ে।
ছেড়ে দাও ওকে, আমার দিকে তাকিয়ে হেসে বলল বার্ন। পাথর আর মারবে না।
ঘোড়া থেকে নামল সে। আরলিসের কাছে এসে তাকে কাছে টেনে নিয়ে আদর করতে লাগল। বলল, ওই বুড়ো চোরটাকে তুমি সত্যিই ভালবাস, না?
আরলিসের চোখে চোখে তাকিয়ে আছে সে। আরলিসও একই ভঙ্গিতে তাকিয়ে আছে। জবাব দিল না।
কি হলো? ভালবাস?
মাথা ঝাঁকাল আরলিস। চোখ ফেরাল আরেক দিকে।
বেশ, একটা চুক্তি হোক। তোমার আর আমার। কুকুরটা তোমাকে দিয়ে দেব, তবে আমাকেও তোমার কিছু দিতে হবে।
আরলিস পুরোপুরি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করল বার্ন। তারপর বলল, থাকি গরুর সঙ্গে। রান্না করার কেউ নেই। নিজেকেই বেঁধে খেতে হয়। খিদেয় পেট জ্বলতে জ্বলতে যখন আর থাকতে পারি না, তখন গিয়ে কিছু সেদ্ধ করে গিলে নিই। সুতরাং বুঝতেই পারছ সত্যিকার ভাল রান্না খাওয়ার আমার কতটা লোভ। মাকে গিয়ে রাজি করাও, আমাকে রান্না করে খাওয়াক। লেজ কাটা, কান কাটা একটা চোরের জন্যে আর কাঁদতে হবে না তোমাকে।
আর দাঁড়াতে পারলাম না। ছুটে সরে গেলাম সেখান থেকে। নইলে আমি যে কেঁদে ফেলেছি, ঠিক ধরা পড়ে যেতাম বার্ন স্যাণ্ডারসের কাছে।
আম্মার হাতে অনেক রান্না খেয়েছি, কিন্তু সেদিনকার রান্নার তুলনা হয় না। মাংসের রোস্ট, ক্যাটফিশ ভাজা, কাঠবেরালির স্যুপ, ব্ল্যাকআইড পা, কর্নব্রেড, ফ্লাওয়ার গ্রেভি, হগ-পাম জেলি, মাখন, বুনো মধু আর দুধ। কত খাব। কোনটা ফেলে কোনটা খাব। গলা পর্যন্ত গিললাম। তবু মনে হলো না বার্ন স্যাণ্ডারসনের ধারেকাছে যেতে পেরেছি। হালকা-পাতলা মানুষ সে, আব্বার মত বিশালদেহী নয়, তবু যে অত খাবার কোথায় জায়গা করল সে-ই জানে। কাঠবেরালির স্যুপ শেষ চামচটুকুও গিলে নিয়ে মাথা নাড়তে নাড়তে চেয়ারে হেলান দিল। আমার মনে হতে লাগল আগামী দশ দিন আর ওর কিছু খাওয়া লাগবে না।
খাওয়ার পর আম্মার রান্নার অনেক প্রশংসা করল সে। ধন্যবাদ দিল। আরও কিছুক্ষণ কথা বলল। ভুট্টার শুকনো ডাটা দিয়ে আরলিসকে খেলনা ঘোড়া বানিয়ে দিল। তারপর আম্মাকে আরেকবার ধন্যবাদ দিয়ে যাওয়ার জন্যে তৈরি হলো। আমাকে বলল তাকে ঝর্নাটা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। মনে পড়ে গেল আমার আব্বা যাওয়ার দিন এভাবেই ডেকে নিয়ে গিয়েছিল আমাকে। তার মানে বার্ন স্যাণ্ডারসনেরও কিছু বলার ইচ্ছে। শুধু আমাকে।
ঝর্নার কাছে এসে ঘোড়ার মুখের লাগাম খুলে নিয়ে ওটাকে পানি খাওয়াতে নিয়ে গেল সে। তারপর ফিরল আমার দিকে।
শোনো, একটা কথা। ভয় পাবেন, সেজন্যে তোমার আম্মাকে বলিনি। জলাতঙ্ক দেখা দিয়েছে। মহামারী হয়ে যেতে পারে। সাবধান থেকো।
হিম হয়ে আসতে লাগল আমার হাত-পা। জলাতঙ্ক কি জিনিস দেখিনি আমি কখনও। কিন্তু বাড সারসির মুখে শোনা তার চাচার কথা ভুলিনি। অন্যকে আক্রমণ করার ভয়ে নিজেই নিজেকে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। তাতেই বুঝে গেছি কি ভয়াবহ অসুখ। হাঁ করে তাকিয়ে রইলাম বার্নের দিকে।
সে বলল, দুটো নেকড়ে, একটা শেয়াল আর একটা স্কাংককে গুলি করে মেরেছি আমি। জলাতঙ্ক হয়েছিল ওগুলোর। সল্ট লিকে এক মহিলা বাড়ির সবগুলো বেড়ালকে মেরে ফেলেছেন। অসুখে ধরেছিল কিনা বুঝতে পারেননি, তবু কোন ঝুঁকি নিতে চাননি।
কিন্তু আমি কি করে বুঝব কোনটাকে মারব, আর কোনটাকে মারব না?
শুরুতে বোঝা কঠিন। অসুখ বেড়ে গেলে মুখ দিয়ে ফেনা ঝরবে, হাঁটার সময় টলে পড়ে যেতে চাইবে। তখন বোঝা যায়। তবে তার আগেই শেষ করে দেয়া উচিত। যদি দেখো, বাড়ির বেড়ালটা তোমাকে দেখে অকারণেই রেগে উঠে কামড়াতে আসছে, দেবে গুলি করে। কুকুরের বেলায়ও একই কথা। শেয়াল, বনবেড়াল, নেকড়ে, স্কাংক, সব একই আচরণ করবে। মোট কথা, এখন থেকে কোন জানোয়ারকে অস্বাভাবিক আচরণ করতে দেখলেই গুলি করবে। যদি কামড়ে কিংবা আঁচড়ে দেয়, আর রেহাই নেই, বাঁচবে না।
বুকের মধ্যে কাঁপুনি শুরু হলো আমার। গলা শুকিয়ে কাঠ। মাটির দিকে তাকিয়ে আছি। আনমনে লাথি মেরে সরিয়ে দিলাম একটা পাথর।
ভয় পেয়েছ? তোমার বাবা তোমার ওপর বাড়ির দায়িত্ব দিয়ে গেছে একথা জেনেই বললাম। যা-ই ঘটুক, আমার ধারণা তুমি সামলাতে পারবে। খুব সাবধান থাকবে। কড়া নজর রাখবে। কিছুতেই যাতে পরিবারের কাউকে জলাতঙ্কে না ধরতে পারে। আমার বিশ্বাস তুমি পারবে ঠেকাতে পারবে না?
ঢোক গিলে কোনমতে বললাম, পারব।
টানটান ভাবটা চলে গেল তার চেহারা থেকে। ঝুঁকে আমার কাঁধে হাত রাখল, যাওয়ার দিন আব্বা যে ভাবে রেখেছিল।
গুড। একজন পুরুষের ওভাবেই কথা বলা উচিত।
জোরে একবার আমার কাঁধে চাপ দিল বার্ন। ঘোড়ায় চেপে রওনা হয়ে গেল। হারিয়ে গেল গাছপালার আড়ালে। জলাতঙ্ক এতটাই ভয় পাইয়ে দিয়েছে আমাকে, ওল্ড ইয়েলারের জন্যে তাকে ধন্যবাদ দেয়ার কথাটাও মনে পড়ল না।
<