দিশেহারা চেহারায় ঘাড় ফিরিয়ে ক্লিফের দিকে তাকাল ল্যুক। নিজের চোখে আপন দুভাইকে প্রাণ হারাতে দেখে বিমূঢ় হয়ে গেছে।
কই, এগোও! জলদি! ধমকে উঠল ক্লিফ।
হতচকিত রেগান খোঁচা দিল ঘোড়র পেটে। মন্থর গতিতে জেলহাউসের দিকে এগোল দুই অশ্বারোহী।
একচুলও নড়ে নি ক্লিফের শটগান, যেমন ছিল, ল্যুকের পিঠ বরাবর তাক করা এখনও। এদিকে হুলস্থুল পড়ে গেছে রাস্তায়, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে লোকজন, চিৎকার করছে পাল্লা দিয়ে।
কে গুলি ছুঁড়ল?-আবার ভাবল ক্লিফ-বাবা কী? তাই হবে। এরকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার দুঃসাহস বাবা ছাড়া কারও হবে না, বেপরোয়া কাজ একমাত্র জ্যাকব ফ্যারেলের পক্ষেই সম্ভব।
জনি রেগান মারা গেছে কতক্ষণ? মনে হচ্ছে, একটি ঘন্টা কেটে গেছে, কিন্তু ক্লিফ জানে, আসলে এক মিনিটও পেরোয় নি।
আরও আধ ব্লক পথ বাকি, বারবার ডানে বামে তাকাচ্ছে রেগান, প্রতিটি দালানের ছাদ আর দোতালার জানালা জরিপ করছে ওর চোখ; ছাইয়ের মতো শাদা হয়ে গেছে চেহারা।
ক্লিফ পরিষ্কার বুঝতে পারছে, ল্যুকের অন্য তিনভাই এখন পথ রোধ করে দাঁড়ালে জেলহাউসে আর পৌঁছুতে হবে না, একা চারশত্রুর মোকাবিলা করা অসম্ভব।
বাবা সাহায্য করতে এগিয়ে আসবে, সেই আশায় বসে থেকে লাভ নেই। সে কোথায় আছে কে জানে, পাহাড়চূড়ায় দুবৃত্তদের নাগালে পেতে নিশ্চয়ই অনেকটা এগিয়ে যেতে হয়েছে ওকে।
বাট স্যালুন অতিক্রম করল ল্যুক, পেছনে রইল ক্লিফ। হঠাৎ দরজা খোলার শব্দে ঘাড় ফিরিয়ে তাকাল ও। রাস্তায় বেরিয়ে এল ম্যাট, পেছনে জেস আর লিন্স। থামল না ক্লিফ, তাহলে শটগানের আওতার বাইরে চলে যাবে ল্যুক। পেছন থেকে কর্কশ কণ্ঠে খেঁকিয়ে উঠল ম্যাট। আর এক পা-ও এগোবে না বলছি, ডেপুটি!
দাঁড়াও, ল্যুক, বলল ক্লিফ।
দাঁড়িয়ে পড়ল ল্যুকের ঘোড়া। সামনে তাকিয়ে অনড় বসে রইল ক্লিফ, শটগানের ট্রিগারে চেপে বসল তর্জনী। বেকায়দায় পড়ে গেছে ও, এই মুহূর্তে ম্যাট ওর মাথা নিশানা করেছে কিনা কে জানে!
পিস্তল ফেলে দাও, ম্যাট, কণ্ঠ স্বাভাবিক রেখে বলল ক্লিফ, জেস, লিন্স, তোমরাও। আমার শটগান ল্যকের হৃৎপিণ্ডের দিকে চেয়ে আছে, আঙুল ট্রিগারের ওপর, মাথায় গুলি করলেও ল্যুককে বাঁচাতে পারবে না, ঝুঁকি নিতে চাও?
ঝুঁকি? জেলে গেলে এমনিতেও মরতে হবে ওকে!
ঘাড় ফিরিয়ে তাকানোর ইচ্ছেটা অনেক কষ্টে দমন করল ক্লিফ।
আচমকা গুলির শব্দ ভেসে এল পেছন থেকে। সঙ্গে সঙ্গে ঘোড়ার পেটে গুতে লাগাল ব্যুক, ঝটিতি সরে গেল এক পাশে।
শব্দ শুনেই কুঁকড়ে গিয়েছিল ক্লিফ, গুলি লাগে নি, এখনও অক্ষত আছে বুঝতে পেরে বিমূঢ় হয়ে গেল, কিন্তু দ্রুত সামলে নিয়ে গুলি করল ও।
স্পিনটার লাগল ল্যুক আর তার ঘোড়ার গায়ে, কেঁপে উঠল লোকটা, ঝুঁকে পড়ল সামনের দিকে। প্রাণপণে ছুটতে শুরু করল আহত-ঘোড়াটা।
ফাঁকা গুলি করেছে ম্যাট, বুঝল ফ্যারেল। ঘটনার দ্রুত নিষ্পত্তি চাইছে প্রতিপক্ষ। চট করে ঘোড়ার আড়াল নিয়ে স্যাডল থেকে নেমে পড়ল ও। পরক্ষণে, প্রায় একই সঙ্গে গর্জে উঠল দুটো বন্দুক, ওর ঘোড়ার গায়ে লাগল, একটা বুলেট। সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়েই দৌড় দিল ক্লিফ। বেশি দূর এগোতে পারল না জানোয়ারটা, পা ভাজ হয়ে গেল ওটার, লুটিয়ে পড়ল মাটিতে। পাই করে ঘুরল ফ্যারেল, শটগানের অন্য হ্যামার পেছনে নিয়ে এল।
আবার গুলির শব্দ হলো। লিন্স গুলি করেছে। তারপরই গুলি ছুঁড়ল ম্যাট আর জেস। হঠাৎ কুড়োলের কোপ পড়ল যেন ক্লিফের উরুতে, হাঁটু ভাজ হয়ে গেল। ট্রিগার টিপল ও, প্রচণ্ড গর্জনে চাপা পড়ে গেল চারপাশের কোলাহল।
মাত্র বিশফুট দূরে স্যালুনের দরজার কাছে ছিল লিন্স, সোজা তার বুকে গিয়ে লাগল বাকশট, ঝাঁঝরা হয়ে গেল লোকটা; নিমেষে টকটকে লাল বর্ণ ধারণ করল পরনের শার্ট, বিকৃত হয়ে গেল চেহারা। গুলির ধাক্কায় এক কদম পিছিয়ে গেল লিন্স, আছড়ে পড়ল স্যালুনের জানালার ওপর, ঝনঝন শব্দে কাঁচ ভাঙল, মাটিতে লুটিয়ে পড়ল একটা নিপ্রাণ দেহ। গুলিশূন্য এখুন ক্লিফের শটগান, শত্রুর মুখোমুখি অসহায়।
ওর শটগানে গুলি নেই প্রতিপক্ষ লক্ষ্য করেছে কিনা কে জানে! মনে মনে গুলি খাওয়ার জন্যে তৈরি হয়ে গেল ও। কিন্তু ওকে অবাক করে দিয়ে হঠাৎ দৌড়তে শুরু করল ম্যাট আর জেস।
স্যাঁৎ করে স্যালুনে ঢুকে পড়ল জেস। দরজা থেকে খানিকটা দূরে ছিল ম্যাট, রাস্তা ধরেই দৌড় দিল সে, স্যালুন আর একটা দালানের মাঝের এক চিলতে ফাঁকা জায়গায় ঢুকে পড়ল।
পরিষ্কার কিছু ভাবতে পারছে না ক্লিফ, সহজাত প্রবৃত্তির বশে কাজ করে যাচ্ছে। শটগানটা আবার লোড করে স্যালুনের দিকে দৌড়ে গেল, ও। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকল, চৌকাঠে হোঁচট খেয়ে পড়তে গিয়েও সামলে নিল। উরুর ক্ষত থেকে রক্ত বেরিয়ে প্যান্ট ভিজে গেছে, টের পাচ্ছে, ভেজা প্যান্ট লেপ্টে গেছে চামড়ার সঙ্গে।
বারের কাছে পৌঁছে গেছে জেস, শটগান তাক করল ক্লিফ; কিন্তু গুলি করার আগেই ঝুপ করে বসে পড়ল লোকটা। স্যালুনের সবাই পাগলের মতো ছুটল দরজার দিকে। বারের শেষ প্রান্তের দিকে এগিয়ে গেল ক্লিফ। পা দুটো আর চলছে না। ও বারের কিনারে পৌঁছুতেই ঝট করে উঠে দাঁড়াল জেস, ট্রিগার টিপল পিস্তলের।
এবার আর ভুল হলো না ক্লিফের, ডান হ্যামার পিছিয়ে আনল, টিপ দিল ট্রিগারে। ফলাফল ভয়াবহ, বারের পেছনে লাগানো আয়না, তাকে সাজানো বোতল, উধাও হলো এক লহমায়, যেন ঝড় বয়ে গেছে। আক্ষরিক অর্থে দুটুকরো হয়ে গেল জেস। ভয়ঙ্কর একটা গর্ত সৃষ্টি হয়েছে তার পেটে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। নিঃসাড় জেসের দেই, কাঁচের ভাঙা টুকরো ঝরে পড়ছে। তার ওপর।
ঘুরে দাঁড়াল ক্লিফ, পা টেনে দরজার দিকে এগোল, বেরিয়ে এল রাস্তায়। ক্রোধে জ্বলছে দুচোখ। মাথার টুপিটা কখন পড়ে গেছে জানে না। ম্যাটের খোঁজে ডানে বামে তাকাল ও।
স্যালুনের পাশের গলিটার দিকে ইঙ্গিত করল এক লোক। চট করে সেদিকে ছুটে গেল ক্লিফ। আহত পায়ে আর কতক্ষণ সোজা থাকতে পারবে? মাথাটা এখনও ঠিকমতো কাজ করছে না। তবে এটুকু বুঝতে পারছে, অজ্ঞান হবার আগেই শেষ করতে হবে ম্যাটকে।
খাঁ খাঁ করছে গলিপথ। খুঁড়িয়ে এগিয়ে চলল ফ্যারেল, অন্য দিকে খোলা জায়গায় বেরিয়ে এল। আচমকা হোঁচট খেলো আবর্জনার স্তূপে, হুমড়ি খেয়ে পড়ল।
একই সময়ে ডান দিক থেকে ভেসে এল বন্দুকের কানফাটা গর্জন। ক্লিফের পেছনে, স্যালুনের দেয়ালে খাবলা বসাল বুলেট। আবার গুলির শব্দ হলো। গড়ান দিয়ে সরে যেতে শুরু করল ক্লিফ। আর একটা গুলি অবশিষ্ট আছে, ভাবল। কোমরে ঝোলানো গুলি ভরা পিস্তলের কথা মনে পড়ল হঠাৎ, উত্তেজনায় ভুলে গিয়েছিল, হাত বাড়াল ও-নেই, স্যালুনের সামনে ঘোড়া থেকে নামার সময় পড়ে গেছে হয়তো।
গড়ান দেয়ার সময় ম্যাটকে দেখেছে ও, একটা ভাঙা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে আছে, মাথা আর বুকের উর্ধ্বাংশ নজরে আসছে কেবল। ক্লিফের দিকে তাকিয়ে রয়েছে, তার হাতের পিস্তল। শোয়া অবস্থাতেই শটগান তুলে ধরল ক্লিফ, ওর দৃষ্টি ম্যাটের পিস্তলের মাযুল দেখছে, পেছনে ম্যাটের হিংস্র চেহারা।
এখুনি গুলি করবে ম্যাট…মনে মনে মৃত্যুর জন্যে প্রস্তুত হলো ক্লিফ।
আচমকা কেঁপে উঠল ম্যাট, পাঁই করে ঘুরল, এক পাক, নেমে গেল পিস্তলের নলটা, খেঁকিয়ে উঠল। পরক্ষণে কানের পর্দায় আঘাত করল অদৃশ্য সেই রাইফেলের প্রচণ্ড গর্জন।
ম্যাটকে দেখা যাচ্ছে না আর, শুধু দেয়ালটা দেখা যাচ্ছে। গুলির শব্দ অনুসরণ করে তাকাল ক্লিফ। কাছের একটা দালানের ছাদে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে জ্যাকব ফ্যারেল।
চট করে উঠে দাঁড়াল ও, দেয়ালের দিকে এগিয়ে গেল। উঁকি দিতেই ম্যাটের নিথর দেহ চোখে পড়ল।
শটগানের হ্যামার আগের জায়গায় ফিরিয়ে/আনল ক্লিফ, তারপর ধীরে ধীরে বড় রাস্তার দিকে এগোল, একটা কাজ বাকি রয়ে গেছে
বড় রাস্তায় পৌঁছে পিস্তলটা খুঁজে পেল, হোলস্টারে রাখল ওটা। খুঁড়িয়ে জেলহাউসের সামনে এল ও। একটা ঘোড়া এখনও আছে। রেইল থেকে লাগাম খুলে স্যাডলে চেপে বসল। এখন শুধু ল্যুক বেঁচে আছে, ওকেই দরকার।
কোথায় যেতে পারে সে? পাঁচ পাঁচটি ভাইয়ের মৃত্যুতে দিশেহারা ফেরারী ল্যুক কোন দিকে যাবে? সোজা সেই মরুভুমিতে?-নাহ। গ্রে বাট-এর দিকে দৃষ্টি গেল ফ্যারেলের। ঢাল বেয়ে উঠে যাচ্ছে ল্যুক। তার মানে ডিনামাইটের ফিউজে আগুন ধরাতে যাচ্ছে। ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেবে!
জ্যাকব ফারেলের খোঁজে সেই দালানটা ছাদের দিকে তাকাল ক্লিফ। রেগানের দিকে নিবদ্ধ বাবার দৃষ্টি, কিন্তু তাকে রাইফেল তাক করতে দেখা গেল না। ল্যুককে ঠেকানো না গেলে বাবা গুলি করবে নিঃসন্দেহে, ডিনামাইটের সলতেয় আগুন দেবার আগেই। কিন্তু ল্যুককে যে ওর জ্যান্ত প্রয়োজন, গ্রে বাট-এ তার বিচার হবে, তারপর সে ফাঁসিতে ঝুলবে।
ঘোড়ার পেটে সজোরে খোঁচা দিল ক্লিফ! ঝড়ের গতি পেল ওটা। ঢালের শেষ মাথায় পৌঁছে গেছে ল্যুক রেগান, এই সময় পাহাড়ের ঘোড়ায় এসে থামল ও।
ল্যুক! চিৎকার করে ডাকল, রেগান! শোনো! আমার বাবার রাইফেল তোমার দিকে চেয়ে আছে, চাতালে ওঠার চেষ্টা করলে মারা পড়বে!
ফিরেও তাকাল না ল্যুক। এদিকে ভার হয়ে আসছে ক্লিফের মাথা, দুর্বলতা গ্রাস করে নিচ্ছে ওকে প্রতি মুহূর্তে…সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত…কিছু একটা করা দরকার!
হঠাৎ মনে পড়ল কথাটাসাধারণ ব্যাপারটা এতক্ষণ মনে ছিল না!
ল্যুক! আবার চিৎকার করল ক্লিফ। ফিউজে আগুন জ্বালাবে কীভাবে? দেশলাই কোথায়? একটু আগে কোর্ট থেকে জেলে ফিরে আমার কাছে তামাক ম্যাচ চেয়েছিলে, মনে নেই?
কড়া লাগানো হাতে উদ্ভ্রান্তের মতো পকেট হাতড়াল ল্যুক। অবশেষে হতাশায় ঝুলে পড়ল ওর কাধ, ঘোড়া ঘুরিয়ে নেমে আসতে শুরু করল। অপেক্ষা করল ক্লিফ। ল্যুক কাছে এলে এক পাশে সরে ওকে পথ করে দিল। এক সঙ্গে জেলে ফি ওঁরা। স্যাডল থেকে নেমে ল্যুককে নিয়ে ভেতরে ঢুকল ক্লিফ। ওকে সেলে রেখে তালা দিল দরজায়।
অবশেষে সমাধান হলো সব সঙ্কটের, ভাবল ও জেলে আটক রয়েছে ত্মক রেগান, ওর ভাইয়েরা মারা যাওয়ায় অবসান হয়েছে অবরোধের, শহরের নিরাপত্তা ফিরে এসেছে। এবার নির্বিঘ্নে বিচার হবে আসামীর, আগেই স্বীকারোক্তি দিয়েছে সে, আদালতের রায় তার বিরুদ্ধে যাবে.নিঃসন্দেহে।
অফিস কামরায় ফিরে শেরিফের সুইভেল চেয়ারে ধপ করে বসে পড়ল ক্লিফ। অবসাদে চোখ বুজল।
<