কয়েক মাইল চলার পরে উত্তর দিকে ঘুরল জুলিয়াস। অল্প পরেই ইডেন নদীর ধারে পৌঁছে গেল। এটাই রকিং এইচের উত্তরের সীমানা।
নদীর এই জায়গাটা তার কাছে খুব পরিচিত। ছেলেবেলায় বাবার সাথে প্রায়ই আসত এখানে। সাতার কাটা আর মাছ ধরা বাবার কাছে এখানেই শিখেছে সে। পিস্তল ছোড়ায়ও তার হাতেখড়ি এখানেই। এখনও স্পষ্ট মনে আছে তার বাবার কথাগুলো। বলেছিলেন, আর একজন মানুষের ওপর তুমি পিস্তল চালাও এ আমি চাই না, জু, কিন্তু নিজেকে রক্ষা করার জন্য আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার জন্য এই বিদ্যাটা তোমার রপ্ত করে রাখা উচিত।
এক ঝটকায় খাপ থেকে পিস্তল বের করে তাক করল জুলিয়াস। পরক্ষণেই আবার তা খাপে ভরে রাখল। এড তার এই অ্যাকশন দেখলে কি ভাবত? সে যদি তার সম্পর্কে খোঁজ নেয়, জারভিস তাকে জানাবে পিস্তলে জুলিয়াসের হাত খুব ভাল। কিন্তু জারভিস নিজেও জানে না কত ভাল। আজ পর্যন্ত সবার সামনে এর প্রমাণ দেয়ার কোন দরকার পড়েনি তার।
নদী পার হলো জুলিয়াস। কলিন গেইলের এলাকায় চলে এসেছে সে। কলিনের র্যাঞ্চের উদ্দেশে ঘোড়া চালাল জুলিয়াস। মাত্র আধ ঘণ্টার পথ।
হঠাৎ করে ওই পথে আসেনি সে। বাড়িতে কিছু না ঘটলেও এটাই তার দ্বিতীয় স্টপ হত। আজ কেমন অভ্যর্থনা পাবে জানে না, তবে অতীতে ওই বাড়িতে খুবই সমাদর পেত সে।
সেই ছেলেবেলা থেকে ওই বাড়িতে সে যে কতবার গিয়েছে তার কোন হিসেব নেই। গেইল খামার তার জন্যে ছিল যেন তাদেরই বাড়ির আর একটা কামরা। প্রথম দিকে কলিন গেইলের ছেলে জনই ছিল তার প্রধান আকর্ষণ। জুলিয়াসেরই সমবয়সী সে। দু’জনের ছিল মানিকজোড় বন্ধুত্ব। জনের ছোট বোন জিনা ওর দু’বছরের ছোট। পরের দিকে প্রায়ই ওর সাথে সে জুটে যেত। জিনার সাথেই বেশি সময় কাটাত জুলিয়াস।
কিছুদিন পরেই সে হঠাৎ আবিষ্কার করল জিনার উপস্থিতি তার কাছে দারুণ ভাল লাগে। তাকে ভীষণভাবে আকৃষ্ট করে জিনা। তার এত আসা যাওয়ার মাঝে তিনমাস আগের একটা সন্ধ্যার কথাই বেশি করে মনে পড়ছে। একটা ওয়্যাগনে করে জনের মৃতদেহ পৌঁছে দিতে নিয়ে গেছিল সে। ঘটনা শুনে ভীষণ আঘাত পেয়েছিল কলিন। তার স্ত্রী একেবারে ভেঙে পড়েছিল। জিনা মূৰ্ছা গেছিল। কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে অত্যন্ত রূঢ় ব্যবহার করেছিল তার সাথে। জনের মৃত্যুর জন্যে সরাসরি জুলিয়াসকেই দোষারোপ করেছিল সে।
জুলিয়াসের সামনে দাঁড়িয়ে রক্তশূন্য মুখে, চোখে আগুন ঝরিয়ে সে বলেছিল, নিজে না চলে জনকে কেন ঘোড়ায় চড়তে দিলে?
নিজেই চড়েছিলাম, বোঝানোর চেষ্টা করেছিল জুলিয়াস, ঘোড়াটা আমাকে পিঠ থেকে ফেলে দেয়ার পরেই জন উঠেছিল।
ওকে উঠতে দিলে কেন? তুমি তো ভাল করেই জানো, যে ঘোড়ার পিঠে তুমি থাকতে পারোনি তার পিঠে থাকা জনের পক্ষে অসম্ভব?
না, জিনা, তুমি ভুল করছ। আমার চেয়েও ভাল ঘোড়া বশ করতে পারত জন। পড়ার সময়ে খুঁটির সাথে বাড়ি না খেলে এই দুর্ঘটনা ঘটত না।
মানসিক বিপর্যয়ের মধ্যে কোন যুক্তিই মেনে নিতে পারছে না সে। তুমি নিজেই গতকাল জনকে বলেছিলে, ওটা একেবারে পাগলা ঘোড়া। তুমিই জনকে। ডেকে নিয়ে ওকে ক্ষেপিয়ে ওই ঘোড়ায় চড়তে বাধ্য করেছ। ওকে ডেকে নিয়ে ওর বুকে গুলি করাও একই কথা হত। তুমিই খুন করেছ জনকে।
সেদিন বাড়ি ফিরে ঘোড়াটাকে গুলি করে মেরেছিল জুলিয়াস। কাজটা তার বাবা পছন্দ করেননি। এ নিয়েই সেদিন বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল তার। আসলে বাবা ঠিকই বলেছিলেন, জনের মৃত্যুর কারণ দুর্ঘটনা, অযথা ঘোড়াটাকে হত্যা করা তার ঠিক হয়নি। ঘোড়াটাকে পরে বশ মানিয়ে কাজে লাগানো যেত।
এরপরে আর কলিনের খামারের কারও সাথে দেখা হয়নি জুলিয়াসের। সেই রাতেই পার্ক ছেড়ে চলে গিয়েছিল সে। পালিয়েই গিয়েছিল বলা যায়। মানসিক অস্থিরতা, জিনা, তার বাপ-মা, জনের স্মৃতি-সব কিছু থেকেই পালিয়ে দূরে চলে যেতে চেয়েছিল, কিন্তু আবারও ফিরে আসতে হয়েছে তাকে। একটা বোঝাপড়া হওয়া দরকার।
খামারটা দেখা যাচ্ছে সামনে। বাড়ির উঠানে ঘোড়া বেঁধে ফিরে দেখল মিসেস গেইল এসে দাঁড়িয়েছে বারান্দায়। ছোটখাট প্রাণ-প্রাচুর্যে ভরা মহিলা। চুলে পাক ধরেনি এখনও। জুলিয়াস এগিয়ে যেতে যেতে লক্ষ করল তার মুখে সুন্দর একটা হাসি লেগে রয়েছে। মনে কোন ক্ষোভ থেকে থাকলেও মুখ দেখে তা বোঝার উপায় নেই।
তুমি ফিরে এসেছ দেখে খুব খুশি হয়েছি, জুলিয়াস, বলল গেইল-গিন্নী। কলিন আর জিনা বাইরে গেছে, এখনই এসে পড়বে। এসো, ভিতরে এসে বসো।
সেই ভাল, একটু বসি, হিলডা গেইলের পিছন পিছন ঘরে ঢুকল জুলিয়াস।
রান্নাঘরের ছোট টেবিলটার কাছে বসল ওরা প্রথমে। সেবাস্টিন দত্তের কথা তুলল হিলডা। শুনেছি তোমার বাবা খুব অসুস্থ। লোকজনের সাথে দেখা করাও ডাক্তারের বারণ। তোমার সাথে দেখা হয়েছে?
হ্যাঁ, দেখা হয়েছে, জবাব দিল জুলিয়াস। কিন্তু এই আলোচনা করার জন্য আসেনি সে। লম্বা করে একটা শ্বাস নিয়ে ধীর গলায় বলল, জনকে কোথায় কবর দেয়া হয়েছে? আমি-আমি আসতে পারিনি। বেরিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম।
জুলিয়াসের মনের অবস্থা হিলডা বুঝতে পারছে বলেই মনে হলো। আমি জানি কেমন লেগেছিল তোমার। তোমরা তিনজন ছেলেবেলায় যেখানে খেলতে, সেই পিছনের বাগানেই কবর দেয়া হয়েছে ওকে। এটা জেনো, আমি জনের মৃত্যুর জন্য তোমাকে মোটেও দোষ দিই না। আমি জানি ওটা নেহাতই একটা দুর্ঘটনা। কলিনেরও একই মত।
আর জিনা?
মুখ বিকৃত হলো হিলডার। তোমার নাম মুখেও আনে না। ভিতরে ভিতরে সে-ও নিশ্চয়ই জানে দুর্ঘটনাই এটা, কিন্তু তুমি তো জানো কেমন জেদী, গোয়ার আর ছেলেমানুষ ও? একদিন…
বাইরে ঘোড়ার খুরের শব্দ পাওয়া গেল। একটু পরেই কলিন আর জিনা ঢুকল ঘরে। দরজার কাছেই থেমে দাঁড়াল ওরা। একেবারে আড়ষ্ট হয়ে গেছে জিনা। কলিনও অবাক হয়েছে, কিন্তু চট করে সামলে নিয়ে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল সে। হ্যালো, জুলিয়াস। ফিরে এসেছ দেখে খুব খুশি হলাম। বলেই অনিশ্চিতভাবে মেয়ের দিকে ফিরে চাইল।
ওকে দেখে আমি মোটেও খুশি হইনি, বলে উঠল জিনা। জনকে হয়তো ভুলে গেছ তোমরা। আমি ভুলিনি।
সংযত স্বরে কথা বলল হিলডা গেইল। জন আমাদেরই ছেলে, জিনা। আমরা তাকে ভালবাসতাম।
তাকে যে খুন করেছে সেই লোককেই আপ্যায়ন করছ তোমরা।
না, জিনা, ভুল করছ তুমি, বলল কলিন। যা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা।
ওটাকে দুর্ঘটনা বলে মানি না, জ্বলে উঠল জিনা। ঘটনাটার সম্বন্ধে অনেক কিছুই জানি আমি যা তোমরা জানো না। চলি, আমার ভাইয়ের হত্যাকারী বিদায় হলে পরে ফিরব।
দরজা দিয়ে বেরিয়ে বাইরে চলে গেল জিনা।
কলিন-গিন্নী অস্বস্তিকর নীরবতা ভঙ্গ করে বলল, আমি দুঃখিত, জুলিয়াস। জিনা এরকমই করবে বলে ভয় করছিলাম আমি। তাকে অনেক বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু কোন কথাই শুনতে চায় না ও। হয়তো সময়ে বদলাবে মেয়েটা।
বদলাতেই হবে ওকে, বলে উঠল কলিন। এই তিক্ততা বিষের মত। ও আর সেই আগের জিনা নেই এখন।
জিনার কথাটাই জুলিয়াসের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে জিজ্ঞেস করল, যা আপনারা জানেন না তা জিনা জানে-একথার মানে কি? কি বোঝাতে চাইছিল ও?
জানি না আমি, বলল কলিন। হতে পারে।
কি হতে পারে?
জারভিসের সাথে ইদানীং বেশ ভাব হয়েছে জিনার। মনে হয় না ওকে ভালবাসে সে। তোমাকে আঘাত দেয়ার জন্যেই হয়তো ওর সাথে মেলামেশা শুরু করেছে। জারভিস ওকে কিছু বলে থাকতে পারে।
কথাটা একটু মনে মনে ভেবে দেখল জুলিয়াস। শেষে মাথা নেড়ে উঠে দাঁড়াল সে। দুর্ঘটনা সম্পর্কে এমন কোন নতুন কথা থাকতেই পারে না যা জুলিয়াস নিজেই বলেনি।
তাড়াহুড়ো করে উঠছ কেন? বাবার সাথে দেখা হয়েছে তোমার?
হয়েছে, না হওয়ারই মত।
চিন্তিতভাবে নিজের চিবুক চুলকাল কলিন। খুশি হয়েছি ফিরে এসেছ। তুমি। ওদিকে তোমাদের রকিং এইচের চেহারা দেখে ভাল ঠেকছিল না আমার। পুরনো সব কাজের লোককে বিদায় করে নতুন লোক কাজে নিয়েছে মেডক। গুণ্ডার মত চেহারা একেকজনের। যাক, তুমি যখন এসে পড়েছ, নিজেই দেখে শুনে সামলাতে পারবে সব।
খামার চালাবার দায়িত্ব আর আমার নেই।
কিন্তু তা কি করে…
বাবার সাথে দেখা হয়েছে তা তো বলেছি আপনাকে। প্রীতিকর কোন ঘটনা নয়। এখনও বুঝিনি কেন আমাকে বাড়ি থেকে বের করে দেয়া হলো।
তোমার বাবা?
হ্যাঁ, স্বয়ং তিনিই!
বিশ্বাস করি না আমি।
বিশ্বাস আমারও হচ্ছে না-কিন্তু তাই ঘটেছে। আমি কি করব। বাবা ত্যাজ্যপুত্র করেছেন আমাকে। কিছুই মাথায় ঢুকছে না আমার। বড় হয়েছি, কোনমতে চলে যাবে, সম্পত্তির লোভ আমার নেই। শুধু দুঃখ যে ঘটনাটা এইভাবে ঘটল-বাবাকে শ্রদ্ধা করি আমি।
তোমাকেও যে উনি খুব স্নেহ করেন তাতে কোন সন্দেহ নেই আমার।
কি জানি, কিছুই বুঝতে পারছি না।
কি করবে তুমি এখন?
কিছু ঠিক করিনি এখনও।
এখানেই থাকতে পারো। জিনার সাথে কথা বলব আমি, দরকার হলে ঝটা পেটা করে ওর ভূত ছাড়াব।
হেসে মাথা নাড়ল জুলিয়াস। জিনার বর্তমান মানসিক অবস্থায় তার এখানে থাকাটা মোটেও ঠিক হবে না। মেয়েটাকে ভালবাসে সে, তাই দিনরাত উঠতে বসতে তার ঘৃণাভরা ব্যবহার সহ্য করতে পারবে না ও। না, আমি ক্রেস্টলাইনের দিকে যাচ্ছি এখন, দরজার দিকে এগোল জুলিয়াস। ওখানে দুই একদিন কাটিয়ে একটা কিছু সিদ্ধান্ত নেব।
বাইরে বেরিয়ে দেখল গুদামঘরের পাশে ছায়ায় দাঁড়িয়ে আছে জিনা। কটমট করে তারই দিকে উদ্ধত ভঙ্গিতে চেয়ে আছে সে। আগে খেয়াল করেনি, ওর পরনে রয়েছে তারই পছন্দ করা ঘোড়ায় চড়ার পোশাক। জনের মৃত্যুর মাত্র মাসখানেক আগেই কেনা। আঁটসাট প্যান্টে তার সুঠাম নিতম্ব আরও বেশি করে, ফুটে উঠেছে। পরনে জ্যাকেট নেই বলে ওর ক্ষীণ কটি আরও সরু দেখাচ্ছে। টাইট ব্লাউজে তার উন্নত বক্ষ বাগ মানতে চাইছে না। লম্বা নয় মেয়েটা, কিন্তু সেজন্যে জুলিয়াসের মনে কোন ক্ষোভ নেই।
এত তাড়াহুড়ো করে যাবার কি দরকার ছিল, পিছন থেকে আপত্তি জানাল হিলডা।
আবার একদিন আসব, জবাব দিল জুলিয়াস।
নিজের ঘোড়ার কাছে এগিয়ে গেল সে। জিনাকে মোটেও পাত্তা না দিয়ে ঘোড়ায় চড়ে ঘুরে বাড়ির পিছন দিককার বাগানে চলে এল জুলিয়াস। গাছের তলায় ক্রস লাগানো কবরটা সহজেই চোখে পড়ে। কাছে গিয়ে ঘোড়া থেকে নেমে টুপিটা মাথা থেকে খুলে হাতে নিয়ে দাঁড়াল সে। নীরবে স্থির হয়ে দাঁড়িয়ে। থেকে তার মনে পুরোনো দিনের অনেক স্মৃতি ভিড় করে এল। ভীষণ কষ্ট হচ্ছে ওর। গলাটা বুজে এসেছে। দু’চোখ পানিতে ঝাঁপসা হয়ে এল। হয়তো ভবিষ্যতে আরও বন্ধু আসবে তার জীবনে, কিন্তু তাদের কেউই জনের জায়গা কেড়ে নিতে পারবে না।
কতক্ষণ যে ওখানে দাড়িয়েছিল জুলিয়াস, তা সে নিজেও জানে না! শেষ। পর্যন্ত অতীতের স্মৃতির জাল ছিঁড়ে আবার ঘোড়ায় চড়ল সে। চলে যাবার আগে বাড়িটার দিকে ফিরে চেয়ে দেখল দরজায় জিনা দাঁড়িয়ে আছে। তার পিছনেই। ওর বাবা-মাও রয়েছে। জুলিয়াসকে বিদায় জানাতে হাত নাড়ল ওরা। নিশ্চল পাথরের মূর্তির মত দাঁড়িয়ে রইল জিনা।
<