মতি যেদিন ঢাকা যাবে তার আগের দিন রাত্রে হঠাৎ বুকে ব্যাথা উঠে তার বাবা মারা গেলেন। ব্যাথা উঠতে মতি ডাক্তার এনেছিল। উনি বললেন, হার্ট এটাক করেছে। হাসপাতালে নিতে হবে। অত রাত্রে হাসপাতালে কিভাবে নিয়ে যাবে কোনো উপায় না পেয়ে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর মারা যান। পরের দিন সকালে দাফন কাফনের ব্যবস্থা হল। খবর পেয়ে গ্রামের লোকজন এসেছিল। মতির কান্না দেখে রিয়াজুল তাকে অনেক সান্তনা দিল।

বিকেলে মতি আসমাদের ঘরে এসে মোসারেফ হোসেনের কাছে অনেক কান্নাকাটি করল।

মোসারেফ হোসেন তাকে খুব স্নেহ করেন। চোখের পানি ফেলতে ফেলতে বললেন, সবর কর বাবা সবর কর। কার কখন হায়াত শেষ হবে, তা কেউ জানে না। তুমি তোমার বাবার বড় ছেলে। তুমি ভেঙ্গে পড়লে ছোটদের সান্তনা দেবে কে? তাদেরকে তুমিই তো এখন মানুষ করবে। এই আমাকেই দেখ না, বেঁচে থেকেও না থাকার মতো। বড় ছেলেটাকে আল্লাহ তুলে নিল। আমি বুকে পাথর বেঁধে সবর করে আছি। নিজেরও এই অবস্থা, ঘরে দু’টো সেয়ানা মেয়ে। কি যে হবে আল্লাহকেই মালুম। তারপর নানারকম কথা বলে প্রবোধ দিয়ে বিদায় দিলেন।

মতি আর ঢাকায় চাকরি করতে গেল না। সংসারের সব দায়-দায়িত্ব এখন তার ঘাড়ে।

একদিন মতি আমাদের পুকুরের খদ্দের ঠিক করে মোসারেফ হোসেনের সঙ্গে দেখা করে ফেরার সময় আসমাকে কথাটা জানাল।

আসমা বলল, পুকুর বিলি করব না। রিয়াজুল ভাই নিষেধ করেছেন।

জমি রেকর্ড করার ব্যাপারে রিয়াজুলের নাম গ্রামময় ছড়িয়ে পড়েছে। সে যে উচ্চ শিক্ষিত ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তা গ্রামের সবাই জেনে গেছে। সে জন্যে তারা তাকে ভক্তি শ্রদ্ধা করে। তার সঙ্গে মতির বেশ জানাশোনা হলেও এদের সংসারের কর্তৃত্ব করছে তা জানে না। তাই বেশ অবাক হয়ে বলল, রিয়াজুল ভাই নিষেধ করেছেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না।

আসমা বলল, সেদিন বললাম না, আব্বার সঙ্গে ওঁর আব্বার বন্ধুত্ব ছিল। সে কথা জেনে উনি আব্বাকে খুব সম্মান করেন। প্রায় আব্বাকে দেখতে আসেন। আব্বার চিকিৎসাও করাচ্ছেন। যেদিন পুকুর বিলির কথা তোমার সাথে আলাপ করলাম, সেদিন তুমি চলে যাওয়ার পর আমার কাছে থেকে পুকুর বিলির কথা শুনে নিষেধ করে বললেন, উনি পুকুরে মাঝের চাষ করার ব্যবস্থা করে দেবেন। আমাদের সংসারের সব দায়িত্ব এখন ওঁর উপর। জান মতি ভাই, উনি খুব ভালো ছেলে। আজকালের যুগে নিজের ছেলেই মা-বাবাকে দেখে না। বন্ধুর ছেলে হয়ে আব্বার জন্য যা করছেন, তা কেউ বিশ্বাস করবে না।

মতির মনে সন্দেহ হল, ভাবল, এতকিছু করার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। আসমাকেও দেখছি তার কথা খুব আনন্দের সঙ্গে বলছে। তা হলে কী আসমার মন জয় করার জন্য এতকিছু করছে? আসমাকে কী আমি পাব না? সেও কী রিয়াজুলের টাকা দেখে তার দিকে ঝুঁকে পড়েছে?

তাকে চুপ করে ভাবতে দেখে আসমা বলল, কী হল মতি ভাই, রিয়াজুল ভাইয়ের কথা শুনে কী এত ভাবছ?

আমার কথা শুনে মতির মনটা খুব খারাপ হয়ে গেল। ম্লান মুখে বলল, টাকাওয়ালা রিয়াজুল ভাইকে যখন পেয়েছ, তখন আর আমাকে তোমাদের দরকার নেই, কি বল?

আসমা বুঝতে পারল, মতি ভাই রিয়াজুল ভাইকে হিংসা করছে। বলল, মতি ভাই, তুমি ব্যাপারটা অন্যভাবে নিচ্ছ কেন? রিয়াজুল ভাই আব্বাকে নিজের বাবার মতো মনে করে। আব্বা তাকে পেয়ে ভাইয়ার কথা ভুলে গেছে। আমরাও তাকে বড় ভাইয়ের মতো মনে করি। এতে তুমি মনে কিছু করছ কেন? তিনি খুব উদার মনের ছেলে। তার সঙ্গে পরিচয় করো, তা হলে আমার কথা সত্য না মিথ্যা জানতে পারবে।

তাই জানব বলে মতি ভারাক্রান্ত মনে ফিরে আসার সময় রিয়াজুলকে আসতে দেখে অন্য পথ ধরল।

রিয়াজুল তাকে দেখতে পেয়ে ডাকল, মতি শোন, তোমার সঙ্গে কথা আছে।

মতি তার প্রতি অসন্তুষ্ট হলেও ডাক শুনে একরকম বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ল।

রিয়াজুল কাছে এসে সালাম দিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার? তোমার মনটা খারাপ দেখছি?

মতি সালামের উত্তর দিয়ে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, কই না তো।

আমি তোমাদের বাড়ি গিয়ে না পেয়ে ফিরে এলাম। কোথাও যাচ্ছ নাকি?

 হ্যাঁ, তা আমার কাছে গিয়েছিলেন কেন?

তোমার সঙ্গে একটু আলাপ আছে। চল মোসারেফ চাচাদের ঘরে। আলাপটা ওঁর কাছেই করব। কয়েকদিন কাজের চাপে দেখতে যেতে পারিনি।

আমি একটু আগে গিয়েছিলাম। আপনি যান, পরে না হয় আলাপ করবেন।

 গেছ তো কি হয়েছে? আলাপটা চাচার ব্যাপারেই তাই তো বললাম, ওঁর কাছেই করব।

অনিচ্ছা সত্ত্বেও মতি বলল, চলুন তা হলে।

যেতে যেতে রিয়াজুল বলল, চাকরি করতে তা হলে আর ঢাকায় যাবে না?

চাকরি করতে গেলে সংসার দেখবে কে?

হাঁ, তোমার কথাই ঠিক। সংসার ও ভাই-বোনদের লেখাপড়া করানোর দায়িত্ব তো তোমাকেই বইতে হবে। তুমি মন খারাপ করো না। মানুষের চিরকাল দুঃখ থাকে না। আল্লাহর উপর ভরসা করে কর্তব্য করে যাও। তিনি বড়ই মেহেরবান। একদিন না একদিন তোমাদের দুঃখের অবসান ঘটাবেন।

মতি চলে যাওয়ার পর আসমা পুকুর পাড়ে দাঁড়িয়ে তার কথা চিন্তা করছিল, মতি ভাই তা হলে রিয়াজুল ভাইকে ভুল বুঝেছে। ভুলটা তার ভাঙ্গতে হবে। কি করে ভাঙ্গাবে সেই কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখতে পেল, রিয়াজুল ভাইয়ের সঙ্গে মতি ভাইও আসছে। কাছে এলে সেই আগে সালাম দিল।

রিয়াজুল সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, চাচা কেমন আছেন?

আসমা বলল, আগের থেকে একটু ভালো। নিয়মিত ওষুধ খাওয়ার ফলে কাল থেকে নিজেই উঠে বসতে পারছেন।

শোকর আলহামদুলিল্লাহ বলে রিয়াজুল বলল, চল ওঁর কাছে যাই।

মাহমুদা বিবি মুরগী হাঁসকে কুড়ো খাওয়াচ্ছিলেন। তাদেরকে দেখে ঘোমটা টেনে আড়াল হয়ে গেলেন!

ঘরে ঢুকে রিয়াজুল সালাম দিল।

মোসারেফ হোসেন খাটে হেলান দিয়ে বসেছিলেন। সালামের উত্তর দিয়ে তাদেরকে বসতে বললেন।

বসার পর রিয়াজুল বলল, জমির রেকর্ড ও ভাগ বাটোয়ারা নিয়ে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম। তাই আসতে পারিনি। কিছু মনে করেননি তো?

ছেলের কথা শোন, মনে করব কেন? মনোয়ারের মুখে শুনলাম, তুমি যা করেছ, তা কেউ কখনো করেনি। তোমার সাহস দেখে গ্রামের লোকজন যেমন অবাক হয়েছে তেমনি। বাহবাও দিয়েছে।

ওসব কথা থাক চাচা, যে জন্য এসেছি তা বলছি শুনুন। আমি মহিম ডাক্তারের সঙ্গে আলাপ করেছি। উনি বললেন, আপনাকে ঢাকায় নিয়ে গিয়ে একজন বড় ডাক্তারকে দেখাতে। তাই কয়েকদিনের মধ্যে আপনাকে ঢাকা নিয়ে যাব।

সে তো অনেক টাকার ব্যাপার। মহিম ডাক্তারের ওষুধ খেয়ে আল্লাহ চাহে তো আগের থেকে ভালো আছি। কাল থেকে নিজে উঠে বসতে পারছি।

উনি বললেন, ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করালে আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আল্লাহ রাজি থাকলে কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আর টাকা পয়সার কথা যে বললেন, সে চিন্তা আপনাকে করতে হবে না। আল্লাহকে জানান, তিনিই ব্যবস্থা করে দেবেন।

কিন্তু বাবা বাড়িতে কোনো পুরুষ লোক থাকবে না, তোমার চাচি দুটো সেয়ানা মেয়ে নিয়ে একা থাকবে কি করে?

আপনার সেবা যত্নের জন্য আসমাও যাবে। মনোয়ার হোসেন চাচাকে রাত্রে এবাড়িতে থাকতে বলে যাবো। আর দিনের বেলা মতিকে বললে, সেও নিশ্চয় লক্ষ্য রাখবে। তারপর মতির দিকে তাকিয়ে বলল, কী মতি রাখবে না?

কিছুক্ষণ আগে আসমার মুখে রিয়াজুলের সাহায্য করার কথা শুনে মতির মনে যে সন্দেহের আগুন ধিকি ধিকি জ্বলছিল, এখন আসমার ঢাকা যাওয়ার কথা শুনে সেই আগুন আরো বেশি জ্বলে উঠল। কিছু না বলে মাথা নিচু করে বসে রইল।

আসার সময় মতিকে দেখে রিয়াজুল বুঝতে পেরেছিল তার মন খারাপ। এখন তার মুখ দেখে ও তাকে মাথা নিচু করে চুপ করে থাকতে দেখে বুঝতে পারল, নিশ্চয় কিছু একটা হয়েছে। নচেৎ যে মতির মুখে সব সময় হাসি লেগে থাকে, তার এই অবস্থা কেন? বলল, মতি আমার মনে হচ্ছে কোনো কারণে তোমার মন খারাপ। তা পরে শুনব, এখন বল, চাচাকে ঢাকা নিয়ে গেলে তুমি কী এ বাড়ির দিকে লক্ষ্য রাখবে না? জেনেছি আত্মীয়দের মধ্যে একমাত্র তুমিই চাচাকে সবসময় সাহায্য কর।

মতি মাথা নিচু করেই বলল, হ্যাঁ করব।

আমি জানতাম, তুমি না করবে না। তারপর মোসারেফ হোসেনের দিকে তাকিয়ে বলল, সম্পত্তি মাফ জোক হয়ে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। আমি দু’একদিনের মধ্যে মিউট্রেসান করার জন্য দরখাস্ত করব। সামনের সপ্তাহে আমরা ঢাকা রওয়ানা দেব। তারপর বেশ কিছু টাকা তার হাতে দিয়ে বলল, এর মধ্যে একমাসের মতো সংসারের প্রয়োজনীয় হাট-বাজার করার মতো টাকা আছে। মতি বা মনোয়ার হোসেন চাচাকে দিয়ে করিয়ে নেবেন। মহিম ডাক্তারের কথা মতো ইনশাআল্লাহ আমরা এক মাসের আগেই ফিরব।

আসমা বলল, আপনি বলেছিলেন, পুকুরে মাছ চাষ করবেন। এখনই কিন্তু ডিম ছাড়ার সময়।

জেলে পাড়ায় গিয়ে সে ব্যবস্থা করেই এখানে এলাম। মদন জেলেকে পরশু ভোরে আসতে বলেছি। পুকুরে জাল দিয়ে মাছ ধরে সব বিক্রি করে দেব। তারপর সার দেব। আর মদনকে বলেছি তিন চার দিনের মধ্যে মাছের ডিম ছাড়ার ব্যবস্থা করতে, তাতে যদি ঢাকা যেতে দু’একদিন দেরি হয় হবে।

মোসারেফ হোসেন চোখের পানি রোধ করতে পারলেন না। গাল বেয়ে টপ টপ করে পড়তে লাগল।

তাই দেখে রিয়াজুল এগিয়ে এসে তার একটা হাত ধরে বলল, চাচা আপনি কাঁদছেন কেন? অসুস্থ বোধ করছেন?

চোখ মুছে মোসারেফ হোসেন ভিজে গলায় বললেন, না বাবা, তা নয়। আল্লাহর মহিমা চিন্তা করে সামলাতে পারছি না। এত সুখ, এত আনন্দ জীবনে কোনোদিন পাইনি। তারপর ফুঁপিয়ে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, এই গোনাহগার বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা জানি না, তবু করছি, আল্লাহ তোমার ইহজীবন ও পরজীবন সুখের করুন, শান্তির করুন, তোমাকে হায়াতে তৈয়েবা দান করুন, তোমার হায়াত দারাজ করুন।

রিয়াজুল তার পায়ে হাত ছুঁয়ে চুমো খেয়ে বলল, আপনি আমার বাবার মতো। আর আল্লাহ সন্তানের প্রতি মা-বাবার দোয়া কবুল করেন। এটা হাদিসের কথা। আপনার কাছ থেকে শুধু আমি দোয়াই কামনা করি। তারপর সালাম বিনিময় করে মতিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এল।

রাস্তায় এসে মতি বলল, রিয়াজুল ভাই, আপনি যান, আমি একটু শেখ পাড়ায় যাব।

রিয়াজুল বলল, ঠিক আছে যাও। আমি পরে তোমার সঙ্গে দেখা করব। তারপর পোষ্ট অফিসে গিয়ে মা-বাবাকে সব কিছু জানিয়ে একটা চিঠি লিখে পোষ্ট করে দিয়ে ফিরে এল।

মতি যেতে যেতে চিন্তা করল, রিয়াজুল ভাইয়ের কাছে আমি কিছুই না। সে যেভাবে আসমাদের সাহায্য করছে, আমার দ্বারা তা সম্ভব নয়। আসমা এখন কি আর আমাকে বিয়ে করতে চাইবে? তারপর আবার চিন্তা করল, রিয়াজুল কী বাবার বন্ধুকে শুধু শুধু সাহায্য করছে, নাকি আসমাকে পাওয়ার জন্য করছে? যদি আসমাকে পাওয়ার জন্য করে, তা হলে আমিও দেখব, কি করে পায়। আর আসমা যদি বেঈমানি করে, তা হলে তাকেও দেখে নেব।

জালাল শেখ মতির বন্ধু। একসঙ্গে এস.এস.সি. পাশ করেছে। জালাল এস.এস.সি. পাশ করে ঢাকায় চাকরির চেষ্টায় গিয়ে সন্ত্রাসীদের পাল্লায় পড়ে চাঁদাবাজি ও হাইজ্যাক করে বেড়াত। কয়েকবার ধরা পড়ে জেলও খেটেছে। বছরখানেক হল বিয়ে করে গ্রামেই আছে। শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাজারে আড়তের ব্যবসার করছে। গ্রাম থেকে বিভিন্ন তরিতরকারী ও ধান-চাল কিনে ঢাকার আড়তদারদের সাপ্লাই দেয়। সে যে ঢাকায় সন্ত্রাসী করত, তা গ্রামের কেউ না জানলেও মতি জানত। তাই জালাল যখন মাঝে মাঝে বাড়ি আসত তখন মতি তাকে ভালো হওয়ার পরামর্শ দিত। ব্যবসা শুরু করার পর মতির সঙ্গে আগের বন্ধুত্ব আরো গম্ভীর হয়েছে! মতি যে আসমাকে ভালোবাসে ও তাকে বিয়ে করতে চায়, সে কথা জালালকে বলেছিল। আজ যখন মতি বুঝতে পারল, রিয়াজুলের জন্য আসমাকে পাওয়া যাবে না তখন জালালের কাছে পরামর্শ করার জন্য গেল।

সালাম ও কুশল বিনিময় করে জালাল বলল, আয় বস। তারপর তার মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোর মন খারাপ মনে হচ্ছে?

মতি বলল, হ্যাঁ তুই ঠিকই ধরেছিস। তারপর রিয়াজুলের পরিচয় ও আসমাদেরকে সাহায্য করার কথা বলে বলল, রিয়াজুল নিশ্চয় আসমাকে পাওয়ার জন্য এতকিছু করছে।

জালাল বলল, আমার কানেও রিয়াজুলের ব্যাপারটা এসেছে। যাই বলিস, ছেলেটার বুকের পাটা আছে। অমন জাদরেল মাতবর চাচার বিরুদ্ধে লড়ে বাবার সম্পত্তি আদায় করল। মাতবরকে আর বড় একটা বাজারে আসতে দেখা যায় না। রিয়াজুল উচ্চ শিক্ষিত ও ধার্মীক।

মতি বিরক্ত স্বরে বলল, আমি এলাম তোর কাছে রিয়াজুলের বিরুদ্ধে নালিশ করতে, আর তুই কিনা তার প্রশংসা করতে শুরু করে দিলি।

জালাল বলল, দেখ মতি, এক সময় আমি ঢাকায় সন্ত্রাসী করতাম ঠিক। তাই বলে ভালোকে ভালো বলব না, একথা ভাবলি কি করে? রিয়াজুলের কথা কিছু কিছু শুনেছিলাম। হঠাৎ একদিন আমার সঙ্গে পরিচয় হয়। আলাপ করে যতটুকু জেনেছি, তাতে মনে হয়, সে তার অসহায় বাবার বন্ধুকে সাহায্য করছে, আসমার জন্য নয়। আসমা ও তোর সম্পর্কে কথা জানতে পারলে সে হয়তো নিজেই উদ্যোক্তা হয়ে তোদের বিয়ে দিয়ে দেবে। তুই শুধু শুধু দুশ্চিন্তা করছিস। তবে আসমা যদি তোর সঙ্গে বেঈমানী করে রিয়াজুলের দিকে ঝুঁকে পড়ে, সেটা আলাদা কথা। সে ব্যাপারে তুই কি করবি চিন্তা করে দেখ।

তুই তো জানিস, আমরা এক অপরকে অনেকদিন থেকে ভালবাসি এবং একদিন বিয়েও করব। হঠাৎ কোথাকার কে রিয়াজুল উড়ে এসে জুড়ে বসে আমার কাছ থেকে আসমাকে ছিনিয়ে নেবে, তা সহ্য করব না।

কী করবি শুনি?

হয় ওকে এখান থেকে তাড়াব, না হয় দুনিয়া থেকে বিদায় করে দেব।

 তুই কোনোটাই পারবি না।

 কেন?

এসব করতে হলে জনবল ও অর্থবল দু’টোই থাকতে হবে। তোর কোনোটাই নেই।

তুই আমাকে সাহায্য করবি না?

করব; তবে তুই যেভাবে চাচ্ছিস, সেভাবে নয়। এসব কাজে ধৈৰ্য্য হারাতে নেই। ধৈৰ্য্য ধরে খুব ভেবে-চিন্তে করতে হয়। যা বলছি শোন, আসমাকে জিজ্ঞেস করে দেখ, সে তোকে এখনো ভালবাসে কিনা এবং বিয়ে করতে রাজি আছে কিনা। যদি রাজি থাকে, তা হলে রিয়াজুল কোনো সমস্যা নয়।

আর যদি রাজি না হয়?

এ্যাডভান্স বলছিস কেন? মেয়েরা প্রথম যাকে ভালবাসে, জীবন গেলেও তাকে ভুলতে পারে না। তোকে যা বললাম কর। আমিও তো আসমাকে চিনি, আমার বিশ্বাস সে বেঈমানী করবে না।

আমারও সেই বিশ্বাস আছে; কিন্তু রিয়াজুল যেভাবে তাদের সবার জন্য করছে, আসমা বেঈমানী করতে না চাইলেও বাবার অসহায়ত্বের কথা ভেবে যদি বাধ্য হয়ে রিয়াজুলকে বিয়ে করতে রাজি হয়?

বললাম না, আসমা তোকে চাইলে রিয়াজুল কোনো সমস্যা নয়। সে ধরনের মেয়ে সে নয়।

ঠিক আছে চলি বলে মতি সালাম বিনিময় করে চলে এল।

.

রিয়াজুল ভাইয়ের কথা শুনে মতি যে খুব অসন্তুষ্ট হয়েছে ও তাকে ভুল বুঝেছে, তা বুঝতে পেরে তার ভুল ভাঙ্গাবার জন্য আসমা ঐদিন বিকেলে জাহিদকে বলল, তুই মতি ভাইকে ডেকে নিয়ে আয়। বলবি আমি ডেকেছি।

জাহিদ মতিদের ঘরে গিয়ে তাকে দেখতে না পেয়ে তার মাকে জিজ্ঞেস করল, মতি ভাই কোথায়?

মতির মা বললেন, সে তো ঘরে নেই। তাকে কী দরকার আমাকে বল।

 বড় বুবু মতিভাইকে যেতে বলেছে।

ঠিক আছে তুমি যাও, মতি ঘরে এলে যেতে বলব।

জাহিদ ফিরে এলে আসমা জিজ্ঞেস করল, কিরে, মতি ভাই এল না?

জাহিদ বলল, মতি ভাই ঘরে নেই। তার মা বলল, ঘরে এলে আসতে বলবে।

মতি মাগরিবের নামায পড়ে ঘরে এলে তার মা বললেন, আসমা তোকে ডাকতে জাহিদকে পাঠিয়েছিল।

মতি বলল, আজ আর যাব না, কাল সকালে যাব।

পরের দিন মাঠে কাজ করতে যাওয়ার আগে মতি আসমাদের বাড়ি গেল।

আসমা মনে করেছিল, মতি সন্ধ্যের পর নিশ্চয় আসবে। যখন এল না তখন ভাবল, হয়তো কোনো কারণে আসতে পারেনি। কাল সকালে আসবে। তাই পরের দিন সকালে পুকুর ঘাটে হাঁড়ি-পাতিল মাজার সময় বারে বারে রাস্তার দিকে তাকিয়ে দেখছিল। মতিকে আসতে দেখে হাত ধুয়ে ঘাটের উপরে উঠে এল।

কাছে এসে মতি সালাম বিনিময় করে মুখ ভার করে বলল, কেন ডেকেছ বল।

আসমা বলল, তার আগে বল, তোমার মন খারাপ কেন?

কেন খারাপ তা কী বুঝতে পারনি?

পেরেছি বলেই তো ডেকে পাঠিয়েছি। শোন মতি ভাই, তোমার আমার সম্পর্ক অনেক দিনের। তুমি আমাকে অবিশ্বাস করবে, তা ভাবতেই পারছি না। জান, যখন আমাকে ভুল বুঝে মন খারাপ করে চলে গেলে তখন থেকে মনে এতটুকু শান্তি নেই। সারারাত ঘুমাতে পারিনি। তোমাকে যে কি করে বোঝাব, তুমি আমার কাছে কতখানি। তোমাকে ছাড়া আমি বাঁচব না মতি ভাই। তারপর আঁচলে চোখ মুছল।

রিয়াজুল ভাই তোমাদের জন্য এতকিছু করছেন, তিনি যদি তোমাকে বিয়ে করতে চান, তা হলে কী করবে?

আমি নিশ্চিত, তিনি তা চাইবেন না।

 যদি চান, তুমি না করতে পারবে?

আসমা কিছুক্ষণ চুপ করে থেকে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, পারব মতি ভাই পারব। তোমার জন্য আমি বিষও খেতে পারব।

ছিঃ আসমা, একথা উচ্চারণ করাও গোনাহ। আর কখনো বলবে না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার কথা শুনে সেই ভুল ভেঙ্গেছে। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এবার আসি, মাঠে যেতে হবে।

এস বলে আসমা সালাম বিনিময় করে তাকে যতক্ষণ দেখা গেল তার দিকে তাকিয়ে রইল। আড়াল হয়ে যেতে ঘাটে নামল।

.

দিন দশেকের মধ্যে রিয়াজুল সব কাজ সেরে মোসারেফ হোসেন ও আসমাকে নিয়ে ঢাকা রওয়ানা হল। রওয়ানা হওয়ার আগের দিন মতি আসমাকে ও রিয়াজুলকে চিঠি দিতে বলে দিল।

.

০৮.

মুনসুর আলি ও জাহেদা রিয়াজুলের চিঠি পেয়ে খুব অবাক হলেও মোসারেফ হোসেনের থাকার জন্য একটা রুম রেডি করে রেখেছিলেন।

ঢাকায় পৌঁছে রিয়াজুল সবার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিল।

আসমা জাহেদা ও মুনসুর আলিকে কদমবুসি করে আব্বাকেও করল।

জাহেদা আসমাকে দেখে মুগ্ধ হলেন। জড়িয়ে ধরে মাথায় চুমো খেয়ে বললেন, বেঁচে থাক মা, সুখি হও। তারপর রিয়াজুলের দিকে তাকিয়ে বললেন, এর কথা তো তুই চিঠিতে লিখিসনি?

রিয়াজুল বলল, তোমাদেরকে একটু অবাক করে দেব বলে লিখিনি।

পরের দিন রিয়াজুল মোসারেফ হোসেনকে পঙ্গু হাসপাতালের একজন বড় ডাক্তারের চেম্বারে দেখাল। উনি পরীক্ষা করে বললেন, অনেক দিন ঠিকমতো চিকিৎসা না করার ফলে ও মানসিক দুশ্চিন্তায় শিরা-উপশিরাগুলো খুব দুর্বল হয়ে গেছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। ঠিক মতো চিকিৎসা ও সেই সঙ্গে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থা করলে ভালো হয়ে যাবেন।

রিয়াজুল বলল, ফিজিক্যাল এক্সারসাইজ উনি করবেন কি করে?

উনি করবেন না, আমরা উনাকে করাব।

 ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন।

কোনো ক্লিনিকে রেখে চিকিৎসা করাতে পারবেন?

জ্বি পারব।

ডাক্তার প্যাডে ক্লিনিকের নাম ঠিকানা ও ভর্তি করার এ্যাডভাইস লিখে রিয়াজুলের হাতে দিয়ে বললেন, আজ কালের মধ্যে ভর্তি করে দিন। ওখানে আমিই চিকিৎসা করব।

কাল সকালে ভর্তি করার কথা বলে রিয়াজুল মোসারেফ হোসেনকে নিয়ে বাসায় ফিরে মা-বাবাকে ডাক্তারের কথা বলল।

একসময় মুনসুর আলি ও জাহেদা রিয়াজুলকে বললেন, ক্লিনিকে রেখে চিকিৎসা করালে অনেক টাকা লাগবে। তুই তো আমাদের অবস্থা জানিস, এত টাকা পাব কোথায়?

টাকার চিন্তা তোমরা করো না। তারপর ছোট চাচা ও বড় চাচার কাছ থেকে পঁচিশ বছরের ফসল বিক্রির টাকা পাওয়ার কথা বলল।

জাহেদা বলল, আল্লাহ অনেক বড় দুশ্চিন্তা থেকে বাঁচালেন। সে জন্যে তাঁর পাক দরবারে জানাই হাজার হাজার শুকরিয়া।

মোসারেফ হোসেনের ঠিকমতো চিকিৎসা না হওয়ার কারণে যতটা না পঙ্গু হয়ে পড়েছিলেন, সংসারের দুরাবস্থা ও দু’টো সেয়ানা মেয়ের ভবিষ্যৎ চিন্তায় আরো বেশি পঙ্গু হয়ে পড়েছিলেন। রিয়াজুলকে পেয়ে সেই দুশ্চিন্তা থেকে রেহাই পান। তারপর ঢাকায় এসে ক্লিনিকে ঠিকমতো চিকিৎসা ও ভালোমন্দ খাওয়ার ফলে পনের বিশ দিনের মধ্যে ধীরে ধীরে চলাফেরা করতে পারছেন।

একদিন রিয়াজুলকে বললেন, বাবা, এবার গ্রামে যেতে চাই। এখানে আর মন টিকছে না।

রিয়াজুলকে বলল, আরো কিছুদিন থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর যাবেন।

মোসারেফ হোসেন জানতে পেরেছেন, ক্লিনিক থেকে চিকিৎসা করাতে এ পর্যন্ত পঁচিশ ত্রিশ হাজার টাকা বিল হয়েছে। তাই নিজেই ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়ি যাওয়ার কথা রিয়াজুলকে বার বার বলতে লাগলেন।

রিয়াজুল বলল, ঠিক আছে, আমি, ডাক্তারের সাথে কথা বলে দেখি, উনি যা বলবেন তাই করব। তারপর ডাক্তারের সঙ্গে দেখা করে রুগীর বাড়ি যাওয়ার কথা বললেন।

ডাক্তার বললেন, এবার নিয়ে যেতে পারেন। তবে ওষুধ অনেক দিন খেতে হবে। আর গ্রামে তো ফিজিক্যাল এক্সারসাইজের যন্ত্রপাতি নেই, আমরা ফ্রি হ্যাঁন্ড কিছু পদ্ধতি দেখিয়ে দেব। সেগুলো প্রতিদিন অনুশীলন করলে আশা করি দু’এক মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে কোনো পরিশ্রমের কাজ আর কখনো যেন না করেন। আর মানসিক টেনশন ও দুশ্চিন্তা করতে একদম নিষেধ করে দেবেন। তা নাহলে আবার সারাজীবনের মতো পঙ্গু হয়ে যাবেন অথবা হার্টফেল করে মারা যাবেন।

রিয়াজুল বলল, অনুগ্রহ করে আপনি নিজে ওঁকে সবকিছু বুঝিয়ে বলবেন।

ছাব্বিশ দিন ক্লিনিকে থেকে মোসারেফ হোসেনকে রিয়াজুল বাসায় নিয়ে এল।

জাহেদা ও মনসুর আলি মাঝে মাঝে ক্লিনিকে গিয়ে ওঁকে দেখে এসেছেন। মোসারেফ হোসেন গ্রামে ফিরে যাওয়ার কথা বললে মনসুর আলি বললেন, ঢাকায় এসে ক্লিনিকে প্রায় একমাস রইলেন। এবার আমাদের বাসায় কয়েকদিন বেড়ান, তারপর যাবেন।

মোসারেফ হোসেন চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আপনারা আমার জন্য যা কিছু করলেন, তার ঋণ আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারব না। আল্লাহ তার জাজাহ আপনাদেরকে নিশ্চয় দেবেন।

আসমাকে দেখে ও তার আচার ব্যবহারে জাহেদা ও মনসুর আলি খুব সন্তুষ্ট। একদিন রাতে ঘুমাবার আগে আসমাকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপ হওয়ার সময় জাহেদা বললেন, আসমাকে বৌ করলে কেমন হয়?

মুনসুর আলি বললেন, আমার মনের কথা বলেছ, রিয়াজুলের মতামত জানার জন্য তোমাকে বলব ভাবছিলাম। ওর মতামতটা জানতে পারলে ভাল হত।

আমার ধারণা রিয়াজুল না করবে না।

ধারণাটা ভুলও হতে পারে?

না, হতে পারে না, তুমি কী মনে কর, রিয়াজুল শুধু শুধুই তার বাবার বন্ধুকে সাহায্য করছে?

ওর মত ছেলের এটা করাই স্বাভাবিক।

তোমার সঙ্গে আমিও একমত। তবে এর মধ্যে আসমার মতো মেয়েকে পাওয়ার আশা করাটা কী অস্বাভাবিক কিছু?

 না তা নয়, তবু তুমি ওকে জিজ্ঞেস করো। তবে আমার মনে হয়, সবার আগে মোসারেফ ভাইয়ের সঙ্গে আলাপ করা উচিত।

বেশ তো, তাই করা যাবে।

মোসারেফ হোসেন ক্লিনিক থেকে ফিরে আসার পরের দিন মাগরিবের নামাযের পর জাহেদা স্বামীকে বললেন, চলো আসমার বাবার সঙ্গে কথাটা আলাপ করা যাক। মুনসুর আলী বললেন, বেশ তাই চলো।

মোসারেফ হোসেন নামায শেষ করে বসে বসে তসবিহ পড়ছিলেন। ওদের দেখে তসবিহ পকেটে রেখে বললেন, আসুন, বসুন।

বসার পর বললেন, আর কতদিন আপনাদের বিরক্ত করব? এবার দু’একদিনের মধ্যে যাওয়ার অনুমতি দিন।

মুনসুর আলি বললেন, বিরক্ত হব কেন? বরং আমরা ভাবছি এখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা।

কি যে বলেন ভাই সাহেব, যে সেবা-যত্ন আপনাদের কাছে পেয়েছি তা কোনোদিন কল্পনাও করিনি।

ওসব কথা থাক ভাই, যদি কিছু মনে না করেন, তা হলে আমরা একটা কথা আলাপ করতে চাই।

একটা কেন? হাজারটা করুন, মনে কিছু করব না। আপনারা নিশ্চিন্তে বলুন।

আমরা আসমাকে বৌ করতে চাই। আপনি রাজি থাকলে কথাবার্তা বলে বিয়ের দিন ধার্য করব।

মোসারেফ হোসেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। আনন্দে কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। বেশ কিছুক্ষণ একদৃষ্টে তাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। একসময় তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।

মুনসুর আলি বললেন, কী হল ভাই সাহেব, কথাটা শুনে কী খুব দুঃখ পেলেন? যদি তাই হয়, তা হলে মাফ…….।

তাকে কথাটা শেষ করতে না দিয়ে মোসারেফ হোসেন ভিজে গলায় বললেন, না ভাই সাহেব না, এতটুকু দুঃখ পাইনি। বরং এত বড় সুসংবাদ শুনে আনন্দ ধরে রাখতে পারছি না। এই কান্না দুঃখের নয়, আনন্দের। আসমার কী এত বড় ভাগ্য হবে যে, আপনাদের বৌ হবে? আমি যে ভাবতেই পারছি না। তারপর চোখ মুছে বললেন, আপনারা কথাটা বিশ্বাস করবেন কিনা জানি না, রিয়াজুলের আব্বা ও আমি ওয়াদা করেছিলাম, আমাদের যারই ছেলে অথবা মেয়ে হোক না কেন, তাকে বৌ অথবা জামাই করব। কথাটা এতদিন ভুলে গিয়েছিলাম, আপনারা প্রস্তাব দিতে মনে পড়ে গেল। সে সময় হয়তো আল্লাহ আমাদের ওয়াদা কবুল করেছিলেন। তাই তিনি আপনাদের দ্বারা প্রস্তাব দেওয়ালেন।

মুনসুর আলি শোকর আল-হামদুলিল্লাহ বলে বললেন, সৌভাগ্যের কথা কি বলছেন ভাই, সবকিছু আল্লাহর ইশারা।

এতক্ষণ জাহেদা চুপ করেছিলেন। এবার বললেন, তা হলে শুভ কাজে দেরি করে কি লাভ। এখনই দিন ধার্য হয়ে যাক।

মোসারেফ হোসেন বললেন, তার আগে রিয়াজুলের মতামত জানা দরকার নয় কি?

 আমাদের মতামতই তার মতামত। আমাদের কথা সে কখনো এতটুকু অমান্য করেনি।

আল-হামদুলিল্লাহ বলে মোসারেফ হোসেন বললেন, তবু ওর মতামত নিয়েই দিন ধার্য। করা উচিত।

জাহেদা বলল, ঠিক আছে আমি এক্ষুণী ওকে জিজ্ঞেস করে আসছি। তারপর স্বামীকে বললেন, তুমি গল্প কর, আমি যাই। কথা শেষ করে চলে গেলেন।

জাহেদা নিজের রুমে যাওয়ার সময় কাজের মেয়েকে ডেকে বললেন, রিয়াজুলকে আসতে বল।

কাজের মেয়ে রিয়াজুলের কাছে গিয়ে বলল, আম্মা আপনাকে ডাকছেন।

রিয়াজুল আসমার সঙ্গে মুফতী মাওলানা মুনসুরুল হক রচিত নারীর মান বইটা তার হাতে দিয়ে সংসারে নারীর ভূমিকা ও অধিকার সম্বন্ধে আলোচনা করছিল। কাজের মেয়ের কথা শুনে আসমাকে বলল, তুমি এটা পড়। আমি আসছি। তারপর মায়ের কাছে এসে বলল, তুমি নাকি ডেকেছ?

জাহেদা বললেন, হ্যাঁ ডেকেছি। বস।

রিয়াজুল মায়ের পাশে বসল।

জাহেদা বললেন, আমরা তোর বিয়ে দিতে চাই। মেয়েও পছন্দ করেছি। তোর মত পেলে মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলব।

বিয়ের কথা শুনে রিয়াজুলের সালেহার কথা মনে পড়ল। বলল, এত তাড়াহুড়া করছ কেন? আগে স্বাবলম্বী হয়ে নিই। তারপর যা করার করো।

দেশে তোর বাবার যে সম্পত্তি পেয়েছিস তার এক বছরের ফসলে দু’তিন বছর নবাবী হালে চলতে পারবি। সাবলম্বী হওয়ার কথা বলছিস কেন?

বাবার সম্পত্তির উপর ভরসা করে আমি বিয়ে করব না। তা ছাড়া শুধু নিজেদের কথা ভাবলে চলবে? ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করতে হবে না?

বিয়ের পরেও তা করতে পারবি।

তা হয়তো পারব। তবু আমি কিছু করে সাবলম্বী হতে চাই।

তোর আব্বা আর কতদিন ব্যবসা চালাবে। তুই তাকে সাহায্য করবি না?

ভেবেছি, গ্রামের কিছু জমি বিক্রি করে ঐ ব্যবসাটাই বড় করব।

তা হলে বিয়েতে অমত করছিস কেন? সারাদিন আমি একা বাসায় যোবার মত থাকি। কাজের বুয়ার সাথে কি আর কথা বলব। বৌ হলে তার সঙ্গে গল্প করতাম। তুই অমত করিস না বাবা, যে মেয়ে আমি ও তোর আব্বা পছন্দ করেছি, তাকে তোরও পছন্দ হবে।

রিয়াজুল ভেবে রেখেছে, মোসারেফ চাচা সুস্থ হওয়ার পর একটা ভালো ছেলে দেখে আসমার বিয়ে দেবে। তারপর সালেহা এস.এস.সি. পাশ করার পর তাকে বিয়ে করবে। তাই মা-বাবার পছন্দ করা মেয়ের কথা শুনে কিভাবে সালেহার কথা বলবে চুপ করে ভাবতে লাগল।

জাহেদা বললেন, কি রে, চুপ করে কি ভাবছিস? তুই কী কোন মেয়েকে পছন্দ করিস?

 রিয়াজুল লজ্জায় কিছু বলতে না পেরে চুপ করে রইল।

 বল না লজ্জা করছিস কেন? আমি তোর মা না? আমাকে বলতে লজ্জা কিসের।

তোমরা যে মেয়েকে পছন্দ করেছ, তার পরিচয় আগে বল।

 আসমাকে আমরা পছন্দ করেছি।

রিয়াজুল চমকে উঠে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল।

জাহেদা বললেন, আসমার মতো মেয়ে আজকাল হয় না। তোর আব্বা বলছিল, ওর মতো মেয়েই এ বাড়ির বৌ হওয়ার উপযুক্ত। আমারও তাই মনে হয়। তুই যদি না করিস, আমার চেয়ে তোর আব্বা বেশি মনে ব্যথা পাবে।

রিয়াজুল খুব চিন্তায় পড়ে গেল। বড় বোন থাকতে ছোট বোনের কথা কি করে বলবে? আবার না করলে মা-বাবা মনে ব্যথা পাবে। মনে মনে আল্লাহকে বলল, তোমার কালাম পাকে ও নবী (দঃ) হাদিসে পড়েছি মা-বাবার মনে কষ্ট দেওয়া কবিরা গোনাহ। তা হলে কী সালেহাকে তুমি আমার জোড়া করনি?

তাকে চুপ করে থাকতে দেখে জাহেদা ভাবলেন, রাজি থাকলেও লজ্জায় বলতে পারছে না। বললেন, আসমাকে বৌ করার জন্য আমরা মোসারেফ ভাইকে প্রস্তাব দিয়েছি। উনি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে বললেন, তোর আব্বা ও তার সঙ্গে নাকি কথা হয়েছিল, ছেলে মেয়ে যার যাই হোক না কেন তাদের বিয়ে দেবেন। আমরা দিন ধার্য করতে চাই। তোর কিছু বলার থাকলে বল।

রিয়াজুলের মনের অবস্থা খুব খারাপ। তাই অনিচ্ছা সত্ত্বেও একরকম বাধ্য হয়ে বলল, এ ব্যাপারে আপনারা যা করবেন তাতে আমার আপত্তি নেই। তবে বিয়েটা গ্রামের বাড়িতে হবে। আমি গিয়ে ছোট চাচাকে আপনাদের মতামত জানাব। তারপর চিঠি দিয়ে আপনাদেরকে যেতে বলব। আপনারা গিয়ে ছোট চাচার বাড়িতে উঠবেন। তারপর তাকে নিয়ে সবকিছু করবেন। নচেৎ তিনি মনে খুব কষ্ট পাবেন। তারপর সেখান থেকে চলে গেল।

জাহিদা ফিরে এসে বললেন, রিয়াজুল বিয়েতে রাজি আছে। তারপর বিয়ে কোথায় ও কিভাবে হবে সে কথাও বললেন।

মুনসুর আলি বললেন, সে খুব ভালো কথা বলেছে। তারপর মোসারেফ হোসেনকে উদ্দেশ্য করে বললেন, তা হলে এটাই পাকা কথা?

মোসারেফ হোসেন আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আপনাদের মতামতই আমার মত।

<

Super User