১১.
আমার জন্যে একটু অপেক্ষা না করেই হুলুস্থুল বাধিয়ে বসেছ, অনুযোগের সুরে রানাকে বলল লামিয়া।
কী করব, সোফায় হেলান দিল রানা, আমাদের টেনে নামানো হয়েছে এসবের মধ্যে।
মাল্টার সবচেয়ে দামি হোটেলের একটা বিলাসবহুল স্যুইটে আছে ওরা তিনজন এখন। পুলিশ গ্রেপ্তার করেছিল রানা ও সোহেলকে। তখন দু-এক জায়গায় যোগাযোগ করে সোহেল, সঙ্গে সঙ্গে ফোনের পর ফোন আসা শুরু হয় পুলিশ স্টেশনে। এমনকী লামিয়াও ফোন করেছিল। শেষে মেয়েটা নিজেই পুলিশ স্টেশনে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে রানা সোহেলকে।
একটা বড় সোফায় একসঙ্গে বসে আছে রানা আর সোহেল। লামিয়া বসেছে কাছের আরেকটা ছোট সোফায়। ওদের সামনে একটা কাঁচের-টেবিল, সেটার উপর স্কচের বোতল আর বরফ।
নিজের গ্লাসে খানিকটা স্কচ ঢেলে নিল লামিয়া, তিন টুকরো বরফ ছাড়ল। হেলান দিয়ে একটু একটু করে চুমুক দিচ্ছে। হেল্ডন আর ডারহাম দুজনই মারা গেছে। ক্রেনের হুকের বাড়িতে মাথায় ভীষণ চোট পেয়েছিল হেল্ডন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। দুটো গুরুত্বপূর্ণ সূত্র ছিল আমাদের হাতে, দুটোই হারিয়েছি।
আমার ভুলের কারণে মারা পড়েছে ডারহাম, দোষ স্বীকার করার ভঙ্গিতে বলল সোহেল। ওকে যদি তখন দাঁড় করানোর চেষ্টা না করতাম…
তুই তো আর জানতি না ডারহামকে পরপারে পাঠানোর জন্য অপেক্ষায় ছিল কেউ।
লামিয়ার দিকে তাকাল সোহেল। সিরিঞ্জে কী ছিল, জানা গেছে?
কেটামাইন। একরকমের স্ট্যাণ্ডার্ড অ্যানেসথেটিক, খুব দ্রুত কাজ করে। তবে কালো কুয়াশার মতো কিছু না।
কালো কুয়াশার অ্যান্টিডোট হওয়ার কি সুযোগ আছে। ওটার? জিজ্ঞেস করল রানা।
আমিও ভেবেছি কথাটা। খবর পাঠিয়েছি আমাদের জাহাজে, ওরা ট্রাই করে দেখেছে। কোনও লাভ হয়নি। কাজেই মাল্টায় আসার আগে যে-কানাগলিতে ছিলাম আমরা, সেখানেই রয়ে গেলাম।
পকেট থেকে হেন্ডনের নোটটা বের করল রানা। ওটার কথা সংক্ষেপে বলল লামিয়াকে। তারপর ওটা বাড়িয়ে দিল মেয়েটার দিকে। দেখো তো, নামটা পরিচিত মনে হয় কি না।
লুসি এল… বিড়বিড় করল লামিয়া, নাহ্…পরিচিত।
আমাদের কাছেও না। আমাদেরকে কিছু একটা জানানোর চেষ্টা করছিল হেল্ডন।
স্কচের গ্লাসটা টেবিলের উপর রেখে দিল লামিয়া। হেল্ডন চাইছিল, লুসি এল নামের কোনও মহিলার সঙ্গে দেখা করো তোমরা। নিলামে যেসব আর্টিফ্যাক্ট বেচার কথা, সম্ভবত ওই মহিলা দান করেছে ওগুলো। আবার তাকাল নোটটার দিকে। লিখতে গেল কেন হেন্ডন? তোমাদেরকে মুখে বললে অসুবিধা কী ছিল?
কথাটা ভেবেছে রানা। আমাদের সঙ্গে যখন কথা বলছিল সে, বার বার তাকাচ্ছিল অফিসরুমের এদিকে-সেদিকে। ওর সন্ত্রস্ত ভাব দেখে মনে হচ্ছিল, মাইক লুকানো আছে ঘরের কোথাও। অথবা হেল্ডন হয়তো ভেবেছিল ও-রকম কিছু আছে।
তারমানে তোমাদেরকে এমন কিছু জানাতে চেয়েছে সে, যা মুখে উচ্চারণ করার সাহস হয়নি ওর।
মাথা ঝাঁকাল রানা। আমাদেরকে সাহায্য করতে চাইছিল সে, একইসঙ্গে চাইছিল নিজে যেন বিপদে না পড়ে।
ভ্রূ কুঁচকে গেছে লামিয়ার। তা হলে ওকে খুন করতে গেল কেন ওরা? সে তো ওদের মুঠোর ভিতরেই ছিল।
যে-কারণে খুন করা হয়েছে ডারহামকে, একই কারণে সরিয়ে দেয়া হয়েছে হেল্ডনকেও। আমাদের প্রতিপক্ষ আসলে কোনও সুযোগ দিতে চায়নি। …আর কোনও উপায় নেই, লুসি নামের ওই মহিলাকে খুঁজে বের করতে হবে।
মহিলা কি হেন্ডনের বান্ধবী? বলল সোহেল। নাকি মিউযিয়াম বোর্ডের সদস্য? নাকি শুধুই একজন দাতা?
অথবা… কপাল চুলকাল রানা, অকশন পার্টিতে দাওয়াত পাওয়া কোনও গেস্ট?
খবর নিচ্ছি, বলল লামিয়া। মাল্টা বড় দ্বীপ না। লুসি নামের কেউ যদি আসলেই থেকে থাকে এখানে, তাকে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না। তবে কেন যেন মনে হচ্ছে, ওটা কারও আসল নাম না। খুব সম্ভব ছদ্মনাম।
মেয়েটার কথায় মন নেই রানার, কী যেন ভাবছে। আমি আর সোহেল যদি যাই ওই পার্টিতে, সমস্যা আছে?
ভিতরে ঢুকতে পারবে? পাল্টা প্রশ্ন করল লামিয়া।
সোহেলের দিকে তাকাল রানা, চোখে চোখে কথা হয়ে গেল ওদের।
.
মরুভূমির পাঁচ হাজার ফুট উপর দিয়ে দুশ নট গতিতে উড়ছে পুরনো একটা ডিসি-৩, কাঁপছে সমানে। আসিফের ধারণা, কিছুটা হলেও ব্যালেন্স হারিয়েছে প্রপেলারগুলো। কোনওটা খুলে গিয়ে খসে পড়বে কি না, আশঙ্কা হলো ওর।
কো-পাইলটের যেখানে বসার কথা, সেখানে বসেছে। তানিয়া। দেখে একটুও বিচলিত মনে হচ্ছে না ওকে। বরং এত কম উচ্চতায় এত জোরে উড়ছে বলে মজা পাচ্ছে, জানালা দিয়ে একটু পর পর উঁকি দিয়ে কী যেন দেখছে। পাইলটের সিটের পেছনে আসিফকে নিয়ে দাঁড়িয়ে আছেন খালিদ।
এত জোরে যাওয়ার কোনও দরকার আছে? খালিদকে জিজ্ঞেস করল আসিফ।
আছে। বিদ্রোহীদের সহজ নিশানায় পরিণত হতে চাই না।
বিদ্রোহী? আরও বাড়ল আসিফের ঘাবড়ানি।
সৌদি আরব আর ইরান বাদে পুরো মধ্যপ্রাচ্যেই তো এখন গৃহযুদ্ধের ডামাডোল। মিলিশিয়া আছে, বিদেশি এজেন্টরা আছে। মিশরে আছে মুসলিম ব্রাদারহুড আর লিবিয়ায় আছে গাদ্দাফির অন্ধভক্ত কিছু অনুসারী। ক্ষমতার জন্য লড়ছে সবাই। আমাদেরকে শত্রুপক্ষের লোক মনে করে মিযাইল ছোঁড়া হতে পারে। রাইফেল দিয়ে গুলিও করতে পারে।
সেক্ষেত্রে সড়কপথে গেলে ভালো হতো না?
আট ঘন্টা লাগত। বিমানে লাগছে মাত্র নব্বই মিনিট।
হাতঘড়ি দেখল আসিফ। পৌঁছাতে আর বেশি সময় নেই।
প্লেনটা ল্যাণ্ড করার পর বালিতে পা রেখে হাঁপ ছাড়ল সে। ওর বাড়িয়ে-দেয়া হাত ধরে নামল তানিয়া।
ল্যাণ্ড করার একটু আগে একটা শুকিয়ে-যাওয়া মরূদ্যান দেখলাম, স্বামীকে বলল তানিয়া। তুমি দেখেছ?
না, খেয়াল করিনি।
আসিফ-তানিয়ার কাছে এসে দাঁড়িয়েছেন খালিদ। মাত্র এক সপ্তাহের মধ্যে একটুকরো ভূস্বর্গ থেকে প্রাকৃতিক একটা অভিশাপে পরিণত হয়েছে এই জায়গা। গাফসায় যা দেখেছি আমরা, একই ঘটনা ঘটছে সাহারার বেশিরভাগ অঞ্চলে। …চলুন ভিতরে যাই।
যেখানে ল্যাণ্ড করেছে ডিসি-৩, তার অনতিদূরে একটা মেইনবিল্ডিং। সেদিকে যাচ্ছেন খালিদ, তার পেছনে আছে আসিফ-তানিয়া। কতগুলো পাম্প আর পাইপের জট পাশ কাটালেন তাঁরা।
আসিফ অনুমান করল, ওদেরকে বেনগাজির কোনও একটা পাম্পিংস্টেশনে নিয়ে এসেছেন খালিদ।
স্টেশনে কাজ করছে বেশ কয়েকজন লোক। এক টেকনিশিয়ানকে খালিদ জিজ্ঞেস করলেন, অবস্থার কোনও উন্নতি হয়েছে?
না, বলল লোকটা, বরং অবনতি হয়েছে। পানির সাপ্লাই আরও বিশ পার্সেন্ট কমেছে। তিনটা পাম্প বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা। পানির বদলে কাদামাটি তুলে আনছিল ওগুলো।
চেহারা কালো হয়ে গেল খালিদের। আসিফ-তানিয়াকে পথ দেখিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটা রুমে নিয়ে গেলেন তিনি। ঘরের এখানে-সেখানে দেখা যাচ্ছে কয়েকটা ডিসপ্লে স্ক্রিন. আর কম্পিউটার টার্মিনাল। তেজি রোদ যতটা সম্ভব ঠেকাতে জানালাগুলোয় লাগামো হয়েছে গাঢ় রঙিন কাঁচ।
এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের কথা মনে করিয়ে দেয় ঘরটা।
কোথায় এসেছি আমরা? খালিদকে জিজ্ঞেস করল আসিফ।
বড় একটা কৃত্রিম নদীর উৎসমুখে, একইসঙ্গে পৃথিবীর সর্ববৃহৎ সেচপ্রকল্পের কাছে। এখান থেকে পানি তুলে পাইপের মাধ্যমে সরবরাহ করা হয় পাঁচ শ মাইল দূর পর্যন্ত। ফলে আজও টিকে আছে বেনগাজি, ত্রিপোলি আর তোবরাকের মতো অনেকগুলো মরুশহর।
কী পরিমাণ পানি তোলা হয় এই স্টেশনে?
সাপ্লাই কমে যাওয়ার আগপর্যন্ত প্রতিদিন গড়ে সাত মিলিয়ন কিউবিক মিটার। গ্যালনের হিসেবে দুই বিলিয়ন।
তা হলে খরায় সাংঘাতিক ক্ষতি হয়েছে আপনাদের।
শুধু সাংঘাতিক না, ওটার চেয়েও খারাপ কোনও শব্দ যদি থেকে থাকে তা হলে সে-অবস্থা চলছে এখন আমাদের। পানির সাপ্লাই সত্তর পার্সেন্ট কমে গেছে। দিন দিন কমছে আরও।
ইদানীং বড় মাত্রার কোনও ভূমিকম্প হয়েছে এই এলাকায়? অনেক সময় ভূমিকম্পের কারণে অ্যাকুইফারগুলো ডিস্ট্যাবিলাইয হয়ে যায়।
বড়-ছোট কোনও মাত্রারই ভূমিকম্প হয়নি এখানে গত দুবছরে।
অ্যাকুইফারগুলো কি শুকিয়ে যাচ্ছে কোনও কারণে?
যে-পরিমাণ পানি সঞ্চিত আছে অ্যাকুইফারগুলোতে, ক্রমাগত পানি তুললেও পাঁচ শ বছরের আগে শুকাবে না। অন্তত এক শ বছরের আগে তো কিছুই হওয়ার কথা না।
আপনারা এখান থেকে পানি তুলছেন কত বছর ধরে?
মাত্র পঁচিশ। সেজন্যই আমার মাথায় আসছে না, এত পানি যাচ্ছে কোথায়।
খরাটা বিস্তার লাভ করছে, না? বলল তানিয়া।
মাথা ঝাঁকালেন খালিদ। তোবরাকের একজায়গায়। মিলিত হয়েছে লিবিয়া আর মিশর, পানির সরবরাহ ফুরিয়ে গেছে সেখানে। লিবিয়ার মধ্যাঞ্চল থেকে খবর এসেছে, পানির সরবরাহ প্রায় শেষ। আর পাত্রি অভাবে আক্ষরিক অর্থেই মরুভূমি হতে চলেছে ত্রিপোলির পশ্চিমাঞ্চল। একটা স্ক্রিনে টোকা দিলেন, ফুটে উঠল লাল-হলুদ দাগওয়ালা ম্যাপ। আস্তে আস্তে পশ্চিম থেকে আরও পশ্চিমে বিস্তৃত হচ্ছে আজব এই খরা।
ব্যাপারটা খেয়াল করল আসিফ-তানিয়া।
সেচ, শিল্প বা গৃহস্থালি কাজে একমাত্র আণ্ডারগ্রাউণ্ড ওয়াটারের উপর নির্ভরশীল আমরা, বলছেন খালিদ। এই অবস্থা যদি আর দুই সপ্তাহ চলে তা হলে মরতে হবে আমাদেরকে।
সমস্যাটা কি আপনাদের মতো চিহ্নিত করতে পেরেছে অন্য কোনও দেশ?
জানি না। আমাদের যেমন আলাদা একটা স্পেশালাইযুড় ডিপার্টমেন্ট আছে, অন্য কারও সে-রকম নেই। তা ছাড়া গৃহযুদ্ধ চলছে প্রতিবেশী কয়েকটা দেশে, মাথা ঘামানোর জন্য পানির চেয়ে বড় ইস্যু আছে ওদের সরকারের।
বিদ্রোহী কোনও গোষ্ঠী স্যাবোটাজ করছে না তো?
সম্ভব না।
কেন?
বিদ্রোহীদের কাজ হচ্ছে ধ্বংস করা, সন্ত্রাস করা; স্যাবোটাজ করা না। তা ছাড়া সবারই পানি খেতে হয়। সবারই পানি লাগে। আমরা যে-পানির জোগান দিই, তা বিদ্রোহী গ্রুপগুলোও ব্যবহার করে।
এখন তা হলে আপনাদের চলছে কী করে?
রেশনিং।
পরে কী করবেন?
দীর্ঘশ্বাস ফেললেন খালিদ। পানি না পেয়ে একসময় আতঙ্কিত হয়ে যাবে মানুষ। হাহাকার লাগবে চারদিকে। শুরু হবে ভীষণ গণ্ডগোল, শেষে হানাহানি।
আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী বলছে?
সমস্যার সমাধান করো, না পারলে মিস-ম্যানেজমেন্টের জন্য তুমিই দায়ী। …সমাধান করতে পারি বা না-পারি, তাঁদের কাছে আবার যাওয়ার আগে এই খরার কারণ জানতে হবে আমাকে। সে-ব্যাখ্যা চাইবেন তাঁরা বাকি সবকিছুর আগে।
এখানকার অ্যাকুইফারগুলো মাটির কত নিচে?
সাধারণত পাঁচ থেকে ছশ মিটার।
আরও গভীরে খনন করে নলকূপ বসানো যায় না?
এক হাজার মিটার গভীর করে নলকূপ বসানো হয়েছিল দুটো। ফলাফল শূন্য। তারপর দুহাজার মিটার গভীর করে বানানো হলো আরেকটা। ফল শূন্য।
কিছুক্ষণ চুপ করে থাকল আসিফ, তারপর বলল, সিগনাল রেকর্ড করার জন্য আপনাদের কোনও সাউণ্ড ইকুইপমেন্ট আছে?
মাথা ঝাঁকালেন খালিদ।
তা হলে রেডি করুন ওগুলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে।
.
১২.
ডিসি-৩ উড়ছে আবারও। ভিতরে কেবিনে দাঁড়িয়ে আছে আসিফ আর তানিয়া, দুই দিক দিয়ে ধরে রেখেছে একটা ঘোড়াবিহীন এক্কা গাড়িকে।
ধাতুনির্মিত এক্কাটা চার চাকাওয়ালা, ভিতরের পাটাতন টোল-খাওয়া। ওটার দুই দিকে দুটো হ্যাণ্ডেল আছে। পাটাতনের উপর রাখা হয়েছে প্রায় চার শ পাউণ্ড ওজনের একটা কংক্রিটের-ব্লক। শক্ত হাতে হ্যাণ্ডেল দুটো ধরে আছে আসিফ আর তানিয়া, চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ব্লকের ভারে কাত হয়ে না যায় এক্কাটা নির্দিষ্ট সময়ের আগেই পড়ে না যায় ব্লক।
ড্রপ যোন আসতে আর কত দেরি? চেঁচিয়ে জিজ্ঞেস করল আসিফ।
দুই মিনিট, জবাব দিল পাইলট।
ব্রেক লাগানো আছে এক্কায়, ওটা আস্তে আস্তে রিলিয করে দিল আসিফ; একটু একটু করে ঠেলতে শুরু করেছে এক্কাটাকে, একই কাজ করার ইশারা দিল তানিয়াকে। কেবিনের শেষপ্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে এক্কাটা। এখানে যে-কটা সিট ছিল তার সব সরিয়ে ফেলা হয়েছে। খুলে ফেলা হয়েছে কার্গো ডোরও। আসিফের পরিকল্পনাটা হচ্ছে, ঠেলে খোলা দরজা দিয়ে ফেলে দেবে এক্কাটাকে।
দরজা থেকে আর যখন পাঁচ ফুট দূরে আছে এক্কাটা, বিপত্তি দেখা দিল তখন। একা, ব্লক, আর আসিফ-তানিয়ার ওজন সাড়ে সাতশ পাউণ্ডের মতো; লেজের কাছে এত ওজন বেশিক্ষণ সহ্য করতে পারল না পুরনো ডিসি-৩, নাক উঁচু হয়ে গেল ওটার।
প্লেন সামলাতে গিয়ে ওটাকে একদিকে কাত করে ফেলল পাইলট। ফলে কংক্রিটের ব্লকটা এক্কার পাটাতনে নড়ে উঠে ওটার একদিকে চলে আসতে শুরু করল। ওই দিকের হ্যাণ্ডেল ধরে আছে তানিয়া, ব্লক আর খানিকটা এগোলে ফিউযেলাজের সঙ্গে পিষে ফেলবে ওকে।
আসিফ! চিৎকার করে উঠল তানিয়া।
কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার নেই অসহায় আসিফের। চার শ পাউণ্ড ওজনের একটা ব্লককে টেনে ধরে রাখতে কষ্ট হতো সুপারম্যানেরও।
হ্যাণ্ডেল ছেড়ে দাও! পাল্টা চেঁচিয়ে উঠল আসিফ। সরে যাও!
একেবারে শেষমুহূর্তে সরে যেতে পারল তানিয়া, একছুটে চলে গেল যে-কটা সিট খোলা হয়নি সেগুলোর আড়ালে।
ঠিক তখন প্লেনের নাক সিধে করতে পারল পাইলট।,
.
ভূগর্ভস্থ শবপ্রকোষ্ঠটা লুকানো; যেসব চোর কবর খুঁড়ে ভিতরের সোনাদানা নিয়ে পালায় তারা আজপর্যন্ত সন্ধান পায়নি সেটার। ফারাও আর তাঁদের পুরোহিতদের জন্য এককালে সংরক্ষিত ছিল ওটা, এখন সেখানে দাঁড়িয়ে আছে। সারওয়ার।
দেয়ালে খোদাই করা আছে, কিছু চিত্রকর্ম। কিছু হায়ারোগ্লিফিক্সও আছে। একধারে যেন নিতান্ত অবহেলায় পড়ে আছে বারোটা পাথরের-শবাধার। মমিকরা কিছু প্রাণী দেখা যাচ্ছে শবাধারগুলোর আড়ালে-আবডালে।
হায়ারোগ্লিফিক্সগুলো দেখছিল সারওয়ার, আর ভাবছিল, যে-প্ল্যান সে করেছে তা সফল হলে উত্তর আফ্রিকার অঘোষিত সম্রাট হতে পারবে। এখন সফল হওয়াটাই আসল কথা। কারণ ছোট-বড় ঝামেলা লেগেই আছে।
শবপ্রকোষ্ঠ ছেড়ে বের হলো সে, হাজির হলো আরেকটা ছোট ঘরে। আপাতত এই ঘরকে নিজের কন্ট্রোলরুম হিসেবে ব্যবহার করছে। এখানে পিস্তলের মুখে হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করা হয়েছে আখতারকে।
কী হচ্ছে এসব? সারওয়ারকে দেখামাত্র জিজ্ঞেস করল আখতার। আমি তো কিছুই বুঝতে পারছি না!
একটা আঙুল তুলল সারওয়ার, আখতারকে চুপ করানোর জন্য ওটাই যথেষ্ট। মাল্টা থেকে পাওয়া রিপোর্ট তোমার আমার দুজনের জন্যই খারাপ, আখতার। হেল্ডন আর নুমার দুই এজেন্টকে শেষ করে দেয়ার কথা ছিল তোমার বাছাই করা লোকদের। তাদের একজন মরেছে, একজন পালিয়েছে। সবচেয়ে খারাপ কথা, ডারহাম ধরা পড়েছে। ধরা পড়া চলবে না আমার কোনও এজেন্টের–নিয়মটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না তোমাকে?
কিন্তু…।
তোমার পাঠানো দুই লোকের একজন, তুমিই বলেছিলে, মারা গেলে মরুভূমিতে। সে যে বেঁচে আছে তা আমার কাছে লুকানোর কারণ কী, আখতার?
লুকাইনি। তুমি আর কিছু জানতে চাওনি, তাই আমিও আগ বাড়িয়ে বলিনি।
বলাটা কি উচিত ছিল না?
লম্বা করে দম নিল আখতার। তোমার আদেশ পালনে কেউ ব্যর্থ হলে মরুভূমিতে নিয়ে গিয়ে ছেড়ে দেয়া হয় তাকে। ওদের বেশিরভাগই মরে«রোদে পুড়ে, পানির অভাবে। দু-একজন যারা ফিরে আসে তারা চাকরি ছেড়ে দেয়। কিন্তু যার কথা বলছ সে চেহারা, গলা, হাত ও পায়ে অনেকগুলো ফোস্কা নিয়ে ফিরে এসেছিল, এবং চাকরি ছাড়েনি। …তুমিই কিন্তু সবসময় বলো, যারা ওভাবে ফিরতে পারে তাদেরকে আরেকবার সুযোগ দেয়া উচিত।
মানলাম। কিন্তু সুযোগটা দিয়ে কী লাভ হলো?
সে ডারহামের সঙ্গে ছিল না। এমনকী ওর খবর জানত না ডারহাম অথবা বাকি দুজন। ওকে বলেছিলাম, যদি কোনও কারণে ব্যর্থ হয় ডারহাম, অথবা যদি ধরা পড়ে, তা হলে যেন গুলি করে মারে লোকটাকে যাতে আমাদের গোপন কথা ফাঁস না হয়। ডারহামকে শেষ করে দেয়ার পাকা খবর পাঠিয়েছে সে আমার কাছে।
চুপ করে আছে সারওয়ার। ডারহামকে খুন করা হয়েছে, অথচ খবরটা ছিল না ওর কাছে। কীভাবে শেষ করল সে ইটালিয়ান ডাক্তারকে?
স্নাইপার রাইফেল। ওই জিনিস ব্যবহারে ওর জুড়ি নেই।
নুমার দুই এজেন্টকে মারেনি কেন?
সুযোগ পায়নি। গুলির আওয়াজ শুনেই লাফিয়ে আড়ালে চলে যায় ওরা। তা ছাড়া পুলিশ চলে এসেছিল।
আখতারের পেছনে দাঁড়িয়ে-থাকা গার্ডের দিকে তাকাল সারওয়ার। পিস্তল সরাও।
.
জমিনে সেন্সর বসিয়ে অপেক্ষা করছেন খালিদ আর তার সহকারীরা–কখন নিক্ষিপ্ত হবে কংক্রিটের বমটা। ইঞ্জিনের আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালেন তাঁরা। দেখলেন, যান্ত্রিক গর্জন করতে করতে যেন জমিনের দিকে ধেয়ে আসছে ডিসি ৩। একবার ডানে আরেকবার বাঁয়ে কাত হচ্ছে, ওটার নাক একবার উঁচু পরেরবার নিচু হচ্ছে।
কী করছে ওরা? ভেতা আওয়াজ বের হলো খালিদের গলা দিয়ে।
বোধহয় রোলার কোস্টারের মজা নিতে চাইছে, বলল তার এক সহকারী।
.
প্লেনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে পাইলট। ড্রপ যোনের কাছে চলে এসেছি! ঘাড় ঘুরিয়ে গলা ফাটিয়ে বলল সে।
কথাটা না বললেও চলত, কারণ আসিফ বুঝতে পারছে সেটা। কিন্তু মুশকিল হচ্ছে, রোলার কোস্টারের ভূমিকা পালন করতে গিয়ে ওকে এক্কাসহ দরজার আরও কাছে পৌঁছে দিয়েছে প্লেনটা, এখন পড়ি-পড়ি অবস্থা ওর নিজেরই। এক হাতে ঠেলে এক্কাটা ফেলে দেয়ার ঝুঁকি নিতে চাইছে না–আরেকটু বেসামাল হলে ওকে নিয়েই পড়বে ওটা। যেতে হবে খোলা দরজা দিয়ে।
প্লেনটা বাঁয়ে কাত করুন! পাইলটের উদ্দেশে চেঁচাল তানিয়া।
কিন্তু ইতোমধ্যে অনেক বেড়ে গেছে ইঞ্জিনের গর্জন, ওর কথা শুনতে পেল না পাইলট।
একদৌড়ে গিয়ে ককপিটে ঢুকে পড়ল তানিয়া, বসে পড়ল কো-পাইলটের সিটে। ইশারায় বুঝিয়ে দিল পাইলটকে কী বলতে চাইছে সে। বুঝতে পারার ভঙ্গিতে মাথা ঝাঁকাল পাইলট।
বাঁদিকে কাত হয়ে গেল ডিসি-৩।
আসিফ ততক্ষণে একহাতে শক্ত করে পেঁচিয়ে ধরেছে একটা কার্গোস্ট্র্যাপ। ফিউযেলাজের সঙ্গে ঠেসে ধরেছে নিজের পিঠ, এক পা কেবিনের মেঝেতে রেখে আরেক পা দিয়ে সর্বশক্তিতে ঠেলছে এক্কাটাকে। চাইছে, গড়িয়ে দরজা দিয়ে বাইরে পড়ে যাক ওটা।
ঘটলও তা-ই। বাঁদিকে কাত হয়ে গিয়েছিল এক্কা, আসিফের ঠেলার কারণে গতি পেল ওটার সামনের চাকা দুটো, ওগুলোকে অনুসরণ করল পেছনের দুটো। কার্গোস্ট্র্যাপ ধরে রেখে দরজা দিয়ে উঁকি দিয়ে আসিফ দেখল, এক্কা আর ব্লক পড়ে যাচ্ছে দুটো আলাদা বমের মতো।
কপালের ঘাম মুছতে গিয়ে টের পেল, ওর দিকে দৌড়ে আসছে তানিয়া।
.
স্যাটেলাইট ফোনে ফোস্কাওয়ালার সঙ্গে কথা বলছে। সারওয়ার-নিশ্চিত হয়ে নিচ্ছে, ওকে ভুল তথ্য দেয়নি আখতার।
একটা গল্প বলি তোমাকে, ফোস্কাওয়ালার বয়ান শেষ হওয়ার পর ওকে বলল সারওয়ার। আমি তখন খুব ছোট। কায়রোর শহরতলীতে বাবা-মার সঙ্গে একটা ছাপড়াঘরে থাকি। ডাস্টবিন ঘাঁটাঘাঁটি করেন আমার বাবা, লোহালক্কড় কিছু পেলে কুড়িয়ে নিয়ে একটা বস্তায় ভরেন, তারপর সেগুলো নিয়ে বেচেন ভাঙ্গারির দোকানে। যা-টাকা পান তা দিয়ে সংসার চালান। বুঝ-জ্ঞান হওয়ামাত্র টের পেয়েছি আমি, জীবনযুদ্ধ কাকে বলে।
একদিন বড় একটা বিছা ঢুকে পড়ল আমাদের ঘরে। ইট দিয়ে যেই ঘেঁতলে দিতে যাব ওটাকে, অমনি কে যেন টেনে ধরল আমার হাত। পেছনে ফিরে দেখি, বাবা। বললেন, ওটাকে মারিস না, নতুন কিছু শেখাই তোকে।
কায়দা করে ধরে ফেললেন তিনি বিছাটাকে, ঢোকালেন একটা কাঁচের জারে। প্রথমে গরম, তারপর ঠাণ্ডা পানি ঢেলে। ডুবিয়ে মারার চেষ্টা করলেন ওটাকে। মরল না ওটা। জারের মুখ বন্ধ করে কয়েকদিন রেখে দিলেন রোদে, কিছুই হলো না বিছাটার। এবার জারে ঢালা হলো অ্যালকোহল, সাঁতার কাটার চেষ্টা করল বিছাটা, না পেরে বালির মতো থিতিয়ে পড়ে থাকল জারের মেঝেতে।
পরদিন জারটা নিয়ে ঘরের পাশের গলিতে গিয়ে ওটা উপুড় করলেন বাবা। পড়ে গেল অ্যালকোহল, মাটিতে পড়ল বিছাটাও। কিন্তু আশ্চর্য, ওটা তখনও মরেনি, বরং মাটিতে পড়ামাত্র ছুটে এল আমাকে কামড়াতে। নাগালে থাকা, একটা ঝাড়ুর একবাড়িতে ওটাকে দূরে পাঠিয়ে দিলেন বাবা।
বৃশ্চিক আমাদের ভাই, বললেন তিনি আমাকে, জীবনযুদ্ধের একজন সৈনিক। একগুঁয়ে, বিষাক্ত। এবং সহজে মারা যায় না ওটাকে। এটাই শেখাতে চেয়েছিলাম তোকে।
তোমার কথা শুনে মনে পড়ে গেল ঘটনাটা। আজ থেকে তোমার কোড-নেইম বিছা। কেউ যেন সহজে মারতে না পারে তোমাকে। যা বলব তা পালন করবে একগুয়ের মতো। এবং যখন দরকার হয় তখনই নিজের বিষাক্ত চেহারাটা দেখাতে ভুল করবে না।
ঠিক আছে, ফোনের অপরপ্রান্ত থেকে জবাব দিল ফোস্কাওয়ালা–ডারহামের খুনি।
জাদুঘরে যাবে তুমি। হাতিয়ে নেবে আর্টিফ্যাক্টগুলো, নিশ্চিহ্ন করে দেবে সব রেকর্ড। এটাই এখন তোমার উপর আমার আদেশ। মনে থাকবে?
থাকবে।
.
খালিদ দেখলেন, আসমান থেকে জমিনের দিকে ধেয়ে আসছে ব্লকটা। সবাই রেডি? জানতে চাইলেন।
চারটা দলে বিভক্ত হয়ে কয়েক একর জমি ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। প্রতিটা দল জমিনে সেন্সর পোব গেঁথেছে। সবকিছু যদি ঠিক থাকে, মানে ব্লকটা যদি ঠিকমতো আছড়ে পড়ে মাটিতে, ডিপ রিভারবেরেটেড ওয়েইভ সনাক্ত করতে সক্ষম হবে লিসেনিং ডিভাইসগুলো। আসিফের ধারণা, ওই ওয়েইভ পর্যবেক্ষণ করলে বোঝা যাবে ঠিক কী পরিবর্তন ঘটেছে বেলেপাথরের নিচে।
ঠিক আছে, চেঁচাল কেউ একজন।
হ্যাঁ, ঠিক আছে, চেঁচিয়ে বলল অন্য কেউ।
নিজের সেন্সর বোর্ডের দিকে তাকালেন খালিদ। সবুজ বাতি জ্বলছে ওটাতেও, তারমানে এখন পর্যন্ত ঠিকই আছে সবকিছু।
তাঁর থেকে দেড় শ গজ দূরে আছড়ে পড়ল ব্লকটা।
মরুভূমিতে ভোঁতা কিন্তু শক্তিশালী আওয়াজ তুলল সংঘর্ষটা–ঘন মেঘ হঠাৎ গুড়-গুড় করে উঠলে যেমন হয়, তারচেয়ে কয়েক গুণ বেশি। খালিদের কর্ণকুহরে তো বটেই, বুকের ভিতরে, এমনকী হাত-পায়েও আলোড়ন তুলল ওটা।
ছড়িয়ে-পড়া বালিমেঘের ভিতর দিয়ে ছুট লাগালেন তিনি। সেন্সর বোর্ডে এখনও জ্বলছে সবুজ বাতিটা। হাতের ল্যাপটপের স্ক্রিনে স্থির হয়ে আছে একটা গ্রাফ।
একটু পরই আঁকাবাকা আরও কতগুলো গ্রাফ দেখা দিল স্ক্রিনে, মূল গ্রাফটাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ছে। জমিনের নিচে বিভিন্ন গভীরতায় থাকা বিভিন্ন বেলেপাথর থেকে নানান রকম ফ্রিকোয়েন্সি আসছে। এবার বের করতে হবে, এই ডেটার মানে কী।
ততক্ষণে চক্কর কেটে ল্যাণ্ডিংস্ট্রিপের দিকে নাক ঘুরিয়েছে ডিসি-৩।
.
১৩.
তীক্ষ্ণ, কর্কশ একটা শব্দ খানখান করে দিল রাতের নীরবতা। মাল নামানোর জন্য বড় একটা ওয়্যারহাউসের লোডিং ডকে সুবিধামতো জায়গা করে নিচ্ছে একটা ডেলিভারি ট্রাক।
ওয়্যারহাউসটা মাল্টা ন্যাশনাল মিউযিয়ামের। অদূর ভবিষ্যতে যেসব নিলামের পরিকল্পনা নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ, সবগুলোর অকশন আইটেম মজুদ করা হয়েছে এবং হচ্ছে এখানে। দরজার কাছে দাঁড়িয়ে আছে দুজন গার্ড এবং একজন ফোর্ক-লিফট অপারেটর, ট্রাকটা দেখছে।
রাস্তার ওধারে জড়ো হয়েছে বেশ কয়েকটা লিমাজিনসহ বিভিন্ন মডেলের দামি গাড়ি, প্রি-অকশন পার্টিতে যোগ দিতে এসেছে ওগুলোর আরোহীরা। অতিথিদের কেউ কেউ এসেছে নিজস্ব ইয়টে করে।
একজন গার্ড একটা ক্লিপবোর্ড হাতে নিয়ে অন্য গার্ডকে বলল, চলো দেখি কী চালান এসেছে এবার।
লোডিং ডকে হাজির হলো সে তার সঙ্গীকে নিয়ে। এখানে আরও একজন গার্ড আছে। জাদুঘরের পুরো এলাকা ঘিরে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে। এটা নিরাপত্তার প্রথম স্তর। দ্বিতীয় স্তর হিসেবে ওয়্যারহাউসের দরজায় আছে সিকিউরিটি কী-প্যাড, যা শুধু কী-কার্ড দিয়ে খোলা সম্ভব। তৃতীয় স্তর হিসেবে আছে গার্ডরা, হেল্ডন মারা যাওয়ার পর তাদের সংখ্যা তিনগুণ করা হয়েছে।
লোডিং ডকের প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রাকটা, একটু আগের কর্ণবিদারী তীক্ষ্ণ আর কর্কশ সাইরেন থামল। দরজা খুলে লাফিয়ে নামল ড্রাইভার, এগিয়ে যাচ্ছে ট্রাকের পেছনের দিকে। ওখানে ট্রাকের বডিতে দুই পাল্লার একটা দরজা আছে, খুলল ওটা।
উঁকি দিয়ে ট্রাকের ভিতরে তাকাল গার্ড। আট ফুট দীর্ঘ, চার ফুট প্রশস্ত আর পাঁচ ফুট উঁচু একটা কাঠের ক্রেট দেখা যাচ্ছে।
ড্রাইভারকে ইনভয়েস নম্বর জিজ্ঞেস করল গার্ড, ওটা মিলিয়ে নিল নিজের ক্লিপবোর্ড পেপারের সঙ্গে। এক ঘন্টা আগে মাল পৌঁছে দেয়ার কথা ছিল তোমার।
রওনা হতেই দেরি হয়ে গিয়েছিল। তার উপর তোমাদের মেহমানরা ট্রাফিক জ্যাম বাধিয়ে রেখেছে। শেষপর্যন্ত যে পৌঁছাতে পেরেছি আমরা, সেজন্য শুকরিয়া আদায় করো।
ঝুড়ির ভিতরে কী?
জবাব না দিয়ে ঝুড়ির একদিক দিয়ে বিশাল একটা স্কু ড্রাইভার ঢুকিয়ে দিল ড্রাইভার, কায়দামতো চাপ দিয়ে খুলে ফেলল একপাশের ডালা। ভিতরে একগাদা খড়ের উপর শুয়ে আছে ছোট একটা অ্যান্টিপার্সোনেল কামানের সরু নল।
হাতের টর্চলাইটের আলো ডেলিভারি পেপারের উপর ফেলল গার্ড। লেখা আছে: আঠারো শতকের এক-মাস্তুলের ছোট একটা পালতোলা ব্রিটিশ জাহাজে ছিল কামানটা। নলের পাশে কাগজে মোড়ানো অবস্থায় দেখা যাচ্ছে কয়েকটা তলোয়ার।
সন্তুষ্ট হলো গার্ড, ফোর্ক-লিফট অপারেটরের দিকে তাকাল। ওয়্যারহাউসের ভিতরে এককোনায় নিয়ে রাখো এগুলো। পার্টি শেষ হওয়ার পর ভালোমতো দেখব।
মাথা ঝাঁকাল ফোর্ক-লিফট অপারেটর। গিয়ারে দিয়ে এগিয়ে নিয়ে এল ফোর্ক-লিফট, সাবধানে তুলে নিল ক্রেটটা, ঢুকে পড়ল ওয়্যারহাউসে। এককোনায় নামিয়ে দিল ওটা। আগামীকাল সকালের আগে আর কোনও ডেলিভারি আসবে না, ততক্ষণ পর্যন্ত ছুটি ওর। ব্রেকরুমে গিয়ে হাত-পা ছড়িয়ে বসে টিভি দেখবে এখন।
কিন্তু ওয়্যারহাউসের দরজা দিয়ে বের হওয়ামাত্র থমকে গেল সে। আজ রাতের শেষ ডেলিভারি চেক করেছিল যে দুজন গার্ড, বিশ্রী ভঙ্গিতে পড়ে আছে তারা। কী ঘটেছে তা বুঝে নিতে মূল্যবান কয়েকটা মুহূর্ত খরচ করে ফেলল অপারেটর লোকটা। উল্টো ঘুরে ছুট লাগাতে যাবে, এমন সময় পর পর তিনটা বুলেট ছিদ্র করে দিল ওকে। সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করা হয়েছে, খুক খুক কাশির মতো আওয়াজ ছাড়া আর কোনও শব্দ হলো না।
আপনাআপনি হাঁটু ভাঁজ হয়ে গেল অপারেটরের। চতুর্থ বুলেট ফুটো করল ওর কপাল, ইহজাগতিক সব যন্ত্রণা থেকে মুক্তি পেল সে। একদিকে কাত হয়ে পড়ে গেল লাশটা।
বিছা, মানে চেহারার জায়গায় জায়গায় ফোস্কাপড়া কদাকার এক লোক বেরিয়ে এল অন্ধকার থেকে। কেউ কিছু টের পেয়েছে কি না তা জানতে ইশারায় আদেশ দিল নিজের তিন লোককে। গার্ডদের বেশ ধারণ করেছে ওরা।
.
একভাবে পড়ে থাকতে থাকতে ঝিঁঝি ধরে গেছে রানার পায়ে। একটানা অনেকক্ষণ অন্ধকারে থাকার কারণে হারিয়ে ফেলেছে সময়ের হিসেব। ছোট একটা রেগুলেটর ব্যবহার করে নিয়মিত বিরতিতে দম নিচ্ছে আর ছাড়ছে। একটু নড়াচড়া করে আরাম দেয়ার চেষ্টা করল পা দুটোকে, পারল না।
ভাগ্যকে ধন্যবাদ দে, ওর পাশে একই কায়দায় শুয়ে থাকা সোহেল বলল ফিসফিস করে, ওরা ভালোমতো দেখেনি। কামানের নলটা। মেইড ইন চায়না লেখাটা যদি দেখত, নলের নিচের ফল্স বটমের অস্তিত্ব টের পেতে বেশি সময় লাগত না।
দেব, ফিসফিস করল রানাও, ওরা যদি আমাদেরকে ঠিক জায়গামতো ডেলিভারি করে থাকে তা হলে।
মোচড়ামোচড়ি করে একটা হাত আলগা করল রানা। অন্য হাতে একটা প্যাকেট বাঁধা আছে, ওটার ভিতর থেকে একটা পাতলা কালো তার বের করল। প্যাঁচ খুলল তারটার। গগলস পরে আছে, ওটার সঙ্গে যুক্ত করল তারের একটা প্রান্ত। এবার প্যাকেটের ভিতর থেকে বের করল সিলিণ্ডার আকৃতির একটা ক্যামেরা, তারের অন্য প্রান্তটা যুক্ত করল ওটার সঙ্গে।
আধুনিক পেরিস্কোপ, আবারও ফিসফিস করল রানা।
কয়েক ফোন্ডে ভাঁজ করে রাখা যায় এ-রকম একটা স্টিক বের করল পকেট থেকে, ওটার সঙ্গে ভালোমতো আটকাল ক্যামেরাটা। চালু করল নাইট ভিশন মোড। আগে থেকেই ফুটো করে রাখা হয়েছে ফল্স বটমের ছাদে, ওখান দিয়ে ঢুকিয়ে দিল ক্যামেরাটা। আস্তে আস্তে উপরের দিকে ঠেলছে।
ঢাকনা নেই ঝুড়ির, তাই ডেলিভারি ট্রাকের ছাদে বিনাবাধায় হাজির হলো ক্যামেরা। ফুটো করে রাখা হয়েছে এখানেও। লেন্স ফোকাস করল রানা, ওয়্যারহাউসের ভিতরের লাইভ দৃশ্য চলে এল ওর বিশেষভাবে তৈরি গগলসে।
ওয়্যারহাউসের ভিতরে আলোর চেয়ে অন্ধকার বেশি। কাউকে দেখা যাচ্ছে না। স্টিকটা এদিকওদিক ঘোরাল রানা, এবারও নজরে পড়ল না কাউকে।
ক্যামেরা নামিয়ে আনল রানা, ওটা আর স্টিকটা ঢুকিয়ে রাখল জায়গামতো। চল, উঠি।
ফলস বটমের ছাদ সময় নিয়ে সরাল সোহেল, হিসেবে ভুল হলে কামানের নল পড়বে ওদের উপর। সাবধানে উঠে এসে অবস্থান নিল নলের একদিকে, ঠিক হওয়ার সময় দিচ্ছে প্রায়-অবশ-হয়ে-আসা শরীরের একপাশকে। একটু পর ওর পাশে চলে এল রানাও, সময় নিচ্ছে সে-ও।
শরীরে সাড়া ফিরে আসামাত্র ট্রাকের দরজার দিকে এগোল দুজনে, ভোলা আছে ওটা। সাবধানে নামল ওয়্যারহাউসের মেঝেতে। এদিকওদিক তাকাচ্ছে।
ওয়্যারহাউসের ভিতরটা মোটামুটি সাজানোই বলা যায়। একদিকের দেয়ালে দোতলা সমান উঁচু সারি সারি র্যাক আর শেফ আছে। অন্ধকারেও ঠাহর করা যায়, বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ঠাসা ওগুলো।
নিলামের জন্য কোনগুলো? ফিসফিস করে জানতে চাইল সোহেল।
মিশরীয় যে-কোনওকিছু। আমার ধারণা, নিলামের মালগুলো র্যাক থেকে নামিয়ে মেঝেতে সাজিয়ে রাখা হয়েছে। এমনও হতে পারে, ওগুলো আলাদা কোথাও আছে।
র্যাক আর শেলফ কি বাদ দিবি তা হলে?
প্রাথমিকভাবে বাদ। তবে কোনওকিছু যদি নজর কাড়ে… বাকি কথা বলল না রানা। তুই বাঁদিকে যা। আমি ডানদিকে দেখছি। মেঝের মালগুলো দেখতে দেখতে সামনের দিকে এগোব। মিলিত হব দরজার কাছে।
মাথা ঝাঁকাল সোহেল, পুঁচকে একটা স্পিকার ঢুকিয়ে নিল নিজের এককানে। একটা রেডিওর সঙ্গে যুক্ত আছে ওটা, আর রেডিওটা আছে সোহেলের কাছে। একই কাজ করল রানাও।
ইনফ্রারেড ক্যামেরা বের করল দুজনই–যা খুঁজছে তা পেয়ে গেলে ছবি তুলে রাখবে। পরে ভালোমতো দেখবে দুজন মিলে।
.
অভিযানের দায়িত্ব বুঝে নেয়ার জন্য পার্টি শুরু হওয়ার কিছু সময় আগে মাল্টায় হাজির হয়েছে আখতার। আর্টিফ্যাক্টগুলো হাতিয়ে নিয়ে ধ্বংস করে ফেলার আদেশ আছে ওর উপর। ওর লোকেরা ইতোমধ্যে ঢুকে পড়েছে জাদুঘরের সিকিউরিটি সার্ভিসে, আসল গার্ডের ভূমিকা পালন করছে। কিছুক্ষণের মধ্যেই তল্লাশির জন্য ওয়্যারহাউসে ঢুকবে ওরা।
সিকিউরিটি সুপারভাইয়ারের পিঠে পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আখতার এখন। জাদুঘরের বলরুমের, মানে যেখানে পার্টি হচ্ছে, নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের সঙ্গে আখতারের নির্দেশে রেডিওতে কথা বলছে সুপারভাইযার। ফলে মোট গার্ডের তিন-চতুর্থাংশ ইতোমধ্যে হয় ঢুকে গেছে। বলরুমে, নয়তো দাঁড়িয়ে আছে ওটার আশপাশে। ওয়্যারহাউসের নিরাপত্তার দায়িত্বে আছে এখন আটজন, যাদের মধ্যে দুজন লোক ওদেরই।
খড়খড় করে উঠল সুপারভাইযারের রেডিও। হলরুমের চারদিকে চক্কর দেয়া শেষ করেছি। সব ঠিক আছে।
জবাবে কী বলবে বুঝতে পারছে না সুপারভাইর, ইতস্তত করছে। ওর পিঠে পিস্তলের নল দিয়ে ঠেলা মারল আখতার।
খুব ভালো, বলতে বাধ্য হলো সুপারভাইযার। ত্রিশ মিনিট পর আবার রিপোর্ট করবে।
বলরুমের ভিতরে এত গার্ড থাকার দরকার আছে? জিজ্ঞেস করল রেডিওর ওপ্রান্তের লোকটা। বাইরে বের হতে বলব কয়েকজনকে?
মাথা নাড়ল আখতার, সুপারভাইযারকে বুঝিয়ে দিল কী জবাব দিতে হবে।
দরকার নেই, বলল সুপারভাইয়ার। কড়া নজর রাখতে বলল ওদেরকে। ওভার অ্যাণ্ড আউট।
নিশ্চিন্ত বোধ করছে আখতার। পিস্তলের নল দিয়ে আবার ঠেলা মারল সুপারভাইযারের পিঠে। এবার আমার সঙ্গে ওয়্যারহাউসে যাবে তুমি। একত্রিশ, চৌত্রিশ আর সাতচল্লিশ নম্বর লট কোথায় আছে দেখিয়ে দেবে।
ইতস্তত করছে সুপারভাইবার।
লোকটার কোমরে কষে একটা লাথি মারল আখতার, হুড়মুড় করে পড়ে গেল বেচারা। এগিয়ে গিয়ে ওর বুকে আবারও লাথি মারল আখতার।
আমি মোটেও পছন্দ করি না, আমার কাজে এক সেকেণ্ড দেরি করিয়ে দিক কেউ।
কোকাতে কোকাতে উঠে দাঁড়াল সুপারভাইযার। চলুন।
বিছার দিকে তাকাল আখতার। এক্সপ্লোসিভগুলো নাও। যা খুঁজছি তা পেয়ে গেলে উড়িয়ে দেব। এবার তাকাল আরেকজনের দিকে। পেনড্রাইভে করে আনা ভাইরাসটা ঢুকিয়ে দাও জাদুঘরের কম্পিউটার সিস্টেমে। আর্টিফ্যাক্টের সব তথ্য মুছে দেবে ওটা।
মাথা ঝাঁকাল পেনড্রাইভওয়ালা, এগিয়ে যাচ্ছে কাছের একটা কম্পিউটারের দিকে।
সন্তুষ্ট বোধ করছে আখতার। একটুখানি হাসল। ভাবতে পারেনি, সব এত সহজে হয়ে যাবে।
উত্তেজিত হয়ে আছে সে, উত্তেজিত হয়ে আছে ওর সাঙ্গোপাঙ্গরা; তাই সিসি ক্যামেরার বদৌলতে যেসব লাইভ ইমেজ দেখা যাচ্ছে অনতিদূরের কয়েকটা টিভি স্ক্রিনে, সেদিকে খেয়াল নেই কারও। যদি থাকত তা হলে দেখতে পেত, কালো পোশাক-পরা দুজন মানুষ সতর্ক পায়ে হেঁটে বেড়াচ্ছে ওয়্যারহাউসের ভিতরে।
.
একটা প্ল্যাস্টিক বাক্সের সামনে দাঁড়িয়ে আছে সোহেল। ওটার গায়ে রোমান সংখ্যায় লেখা: একত্রিশ।
বাক্সটা খুলে ফেলল ও। ফায়ারফ শিটের আবরণ আছে ভিতরে, সরাল ওটা। একটা ভাঙা লিপিফলক দেখা যাচ্ছে, গায়ের খোদাইকর্ম মিশরীয় বলে মনে হচ্ছে। খোদাইকর্মের দিকে তাকাল ও।
একটা মন্দিরের মেঝেতে শুয়ে আছে বেশ কয়েকজন লোক। ওদের সামনে দাঁড়িয়ে আছে সবুজ চামড়ার লম্বা আরেকটা লোক। খুব সম্ভব পুরোহিত বা আধ্যাত্মিক সাধকু সে। ওর একটা হাত শুয়ে-থাকা লোকগুলোর মাথার উপর। সাদা আলখাল্লা-পরা কয়েকজন নারী-পুরুষ দাঁড়িয়ে আছে ওর পেছনে। ওর হাত থেকে কয়েকটা রেখা খোদাই করা হয়েছে শুয়ে-থাকা লোকগুলোর মাথার উপর, দেখলে মনে হয় মৃতকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। ফলকের উপরের দিকে একটা চাকতি–খুব সম্ভব সূর্য বা চাঁদ; এমনভাবে খোদাই করা হয়েছে যে, দেখলে মনে হয় গ্রহণ চলছে।
ইনফ্রারেড ক্যামেরা দিয়ে ফলকটার কয়েকটা ছবি তুলল সোহেল। তারপর রেডিওতে যোগাযোগ করল রানার সঙ্গে। মিশরীয় চিত্রকর্মসহ একটা লিপিফলক পেয়েছি।
.
রানার ভাগ্য আজ রাতে সোহেলের মতো ভালো না।
ওয়্যারহাউসের আরেকদিকে, কাঁচ দিয়ে বানানো দুটো ওয়াটার ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছে ও। ওগুলো আকারে ছোটখাট ট্রাকের সমান। প্রথম ট্যাঙ্কে চীনামাটির র্যাকে বিভিন্ন জিনিস সাজানো। দ্বিতীয়টার মেঝেতে শুয়ে আছে দুটো কামানের নল। দুটো ট্যাঙ্কই ডিসটিল্ড ওয়াটার দিয়ে পূর্ণ। সাগরের তলদেশ থেকে উদ্ধারকৃত লৌহজাত জিনিসের গায়ে দৃঢ়ভাবে-আটকে-থাকা লবণ আলগা করার জন্য ও-রকম করা হয়।
ট্যাঙ্ক দুটোর কাঁচ ভেদ করে ভিতরে তাকাল রানা। না, মিশরীয় কিছু নেই। এদিকওদিক তাকাল। একসারিতে কতগুলো পিলার আছে কাছেপিঠে।
চোখের কোনা দিয়ে রানা দেখল, আলোআঁধারির পরিবর্তন ঘটল ওয়্যারহাউসের ভিতরে দূরে কোথাও। চট করে একটা পিলারের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল ও। সতর্ক হয়ে গেছে। চোখ সরু, কান খাড়া।
একজন পুরুষ আর, একজন মহিলার ছায়ামূর্তি দেখা গেল। আশ্চর্য, দুজনের পরনেই পার্টিড্রেস।
এবং দুজনের হাতেই পিস্তল।
.
১৪.
ইয়ারপীসের টক সুইচ চাপ দিয়ে সোহেলের সঙ্গে যোগাযোগ করল রানা। চাপাগলায় বলল, ঝামেলা হাজির হয়ে গেছে।
আমার এখানেও।
ডিসটিল্ড ওয়াটারের দুটো ট্যাঙ্ক আছে আমার এদিকে। চলে আয়।
জায়গামতো এসে সোহেল বলল, আমি যাদেরকে দেখেছি, তাদের পরনে গার্ডদের মতো পোশাক। কিন্তু পিস্তলের মুখে জোর করে নিয়ে এসেছে অন্য এক গার্ডকে–সম্ভবত সিকিউরিটি সুপারভাইযার।
তারমানে ওয়্যারহাউসের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এখন শত্রুপক্ষ।
লুকাবি? নাকি পালাবি?
পালানোর উপায় নেই। আরও লোক আছে।
গার্ড?
না। ওদের পরনে পার্টিড্রেস। একজন পুরুষ, একজন মহিলা। দুজনের হাতেই পিস্তল আছে।
কংক্রিটের মেঝেতে ভারী চাকার ঘর্ষণের আওয়াজ পাওয়া গেল। দূরে জ্বলে উঠেছে দুটো ফ্ল্যাশলাইট, আলো নেচে বেড়াচ্ছে একদিকের দেয়ালের শেলফে।
ওয়্যারহাউস পর্যবেক্ষণ করছে শত্রুপক্ষ।
ডেলিভারি ট্রাকের ফল্স বটমে গিয়ে ঢুকবি? বলল সোহেল।
জবাব দেয়ার আগে এদিকওদিক তাকাল রানা। দেখা যাচ্ছে না ওই পুরুষ আর মহিলাকে, কোন্দিকে গেছে ওরা তা-ও বোঝা যাচ্ছে না ঠিক। রানার মনে হচ্ছে, ওই দুজন ভিন্ন দলের। তারমানে, ওয়্যারহাউসের ভিতরে এখন ওদের নিয়ে মোট তিনটে দল।
আয় আমার সঙ্গে, সোহেলকে বলল রানা।
যে-ওয়াটার ট্যাঙ্কে কামানের নল আছে, সেটার মইয়ের কাছে হাজির হলো রানা, উঠতে শুরু করল। ঢুকে পড়ল ট্যাঙ্কের ভিতরে, দুটো নলের পাশে শুয়ে পড়ল ওরা–জলাভূমিতে গুঁড়ির সঙ্গে যেভাবে পড়ে থাকে কুমির। কয়েকজন লোককে এগিয়ে আসতে দেখে লম্বা করে দম নিল দুজনই, তারপর মাথা নামিয়ে নিল পানির নিচে।
পাঁচজন লোক। তিনজনের হাতে পিস্তল। একজন একটা ডলি ঠেলছে। পঞ্চম লোকটার চেহারায় নগ্ন আতঙ্ক, ওকে দেখলেই বোঝা যায় দলের বাকিদের করুণার উপর বেঁচে আছে। সবার পরনে সিকিউরিটি গার্ডের মতো পোশাক। ওয়াটার ট্যাঙ্ক দুটোর দিকে ফিরেও তাকাল না কেউ, হাঁটতে হাঁটতে গায়েব হয়ে গেল কয়েক সারি পিলারের আড়ালে।
পানির নিচ থেকে একইসঙ্গে মাথা তুলল রানা ও সোহেল।
এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়ার জন্য এসেছে ওই লোকগুলো, ফিসফিস করে বলল রানা।
মাথা নামা! শোনা গেল সোহেলের পাল্টা ফিসফিসানি।
আবার ডুব দিল ওরা।
ট্যাঙ্কের কাছে চলে এসেছে পুরুষ আর মহিলাটা। কালো প্যান্টের সঙ্গে সাদা শার্ট পরেছে প্রথমজন, তার উপর চড়িয়েছে ডিনার জ্যাকেট। দ্বিতীয়জনের পরনে কালো ইভনিং গাউন, পায়ে হাই হিলের বদলে ফ্ল্যাট-সোল জুতো। একটু আগের পাঁচজনের মতো সাবলীল গতিতে হাঁটছে না ওরা, বরং সতর্ক পায়ে এগোচ্ছে। এদিকওদিক তাকাচ্ছে বার বার, ওয়্যারহাউসের কোথায় কী আছে দেখে নিচ্ছে সম্ভবত। অদ্ভুত মাস্ক পরে থাকায় চেহারা দেখা যাচ্ছে না দুজনের কারও।
দম ফুরিয়ে এসেছে, তাই মাথা তুলতে হলো রানা সোহেলকে।
ওরা কি পার্টিতে মুখোশ পরে নাচানাচি আর খানাপিনা করছে? রানার কানে ফিসফিস করল সোহেল।
জবাব দিতে পারল না রানা, কারণ মহিলাটা চাপা গলায় বলে উঠেছে, এদিকে আরেকটা আছে। কিন্তু অন্ধকারের কারণে প্ল্যাকার্ড পড়তে পারছি না।
আরেকবার এদিকওদিক তাকিয়ে নিল মহিলার সঙ্গী। তোমার মোবাইল ফোনের আলো দিয়ে দেখো কী লেখা আছে।
মৃদু আলো জ্বলে উঠল। কিছুক্ষণ পর শোনা গেল মহিলার হতাশ কণ্ঠ, নাহ্, এটা না। অন্য কোথাও আছে।
দূরের পিলারগুলোর দিকে আবারও তাকাল পুরুষ লোকটা। আলো নেভাও। চলো সরে যাই এখান থেকে।
কথামতো কাজ করল ওর সঙ্গিনী।
এবার? রানার কানে ফিসফিস করল সোহেল।
জাদুঘর কর্তৃপক্ষকে সতর্ক করে দিতে পারলে ভালো হতো। ছাদের দিকে ইঙ্গিত করল। ওগুলো কি ফায়ার অ্যালার্ম?
রানা যেদিকে দেখাচ্ছে সেদিকে ইলেকট্রিকাল গ্রিডের মতো বিস্তৃত হয়েছে কয়েকটা পাইপ। কোনও কোনও পাইপের সঙ্গে আটকানো আছে হিট বা স্মোক ডিটেক্টর, সবুজ এলইডি বাতি জ্বলছে ওগুলোতে।
নাগাল পাবি? সোহেলের কণ্ঠে অনিশ্চয়তা।
মাথা নাড়ল রানা, কী বোঝাতে চাইল ও-ই জানে। উঠে পড়ল, মইয়ের দিকে এগোচ্ছে। ওটা বেয়ে মাত্র নেমে এসেছে, এমন সময় নরক গুলজার হলো দূরে কোথাও।
একের পর এক গুলির শব্দ শোনা যাচ্ছে।
.
কভার নিল রানা-সোহেল, যেদিক থেকে গুলির শব্দ আসছে সেদিকে তাকাল।
পুরুষ আর মহিলা বুলেট বিনিময় করছে গার্ডের পোশাক পরা লোকগুলোর সঙ্গে। দুদিক থেকে গুলি করা হচ্ছে ওই দুজনকে, কিন্তু তাতে আতঙ্কিত হয়নি ওরা, বরং ওদের পাল্টা জবাব দেয়ার ভঙ্গি দেখলে মনে হয় অভ্যাস আছে এসবের। একবার গুলি করেই গড়ান দিয়ে জায়গা বদল করছে ওরা, পজিশন নেয়ামাত্র গুলি করছে আবার।
কিন্তু কিছুক্ষণ পরই পিছিয়ে আসতে বাধ্য হলো ওরা। সাবমেশিনগান হাতে নিয়েছে প্রতিপক্ষের একজন, ওটার একের পর এক বুলেট চুরমার করে দিচ্ছে একটা শেলফে সাজানো মাটির কতগুলো কলসিকে। ভাঙা টুকরোগুলো সশব্দে খসে পড়ছে মেঝেতে, ধুলো উড়ে বেড়াচ্ছে বাতাসে। ধাতব শেলফে প্রতিহত হয়ে বিশ্রী শব্দ তুলে পিছলে চলে যাচ্ছে অন্য দিকে। কয়েকটা বুলেট ফুটো করল ওয়াটার ট্যাঙ্ক দুটোকে। পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে।
পর পর কয়েকটা বুলেট ছুটে গেল মহিলাটির উদ্দেশে, কোনও ক্ষতি না হলেও কিছুটা দিশেহারা হয়ে গেল সে, কী করবে বুঝতে পারছে না। ওর সঙ্গী নিজের পজিশন ছেড়ে দৌড়ে আগে বাড়ল, ডাইভ দিল মহিলার উদ্দেশে, ওকে নিয়ে পড়ল মেঝেতে। গড়াতে গড়াতে সরে যাচ্ছে, নতুন কোনও জায়গায় পজিশন নেবে।
লাফ দিয়ে আড়াল ছেড়ে বের হলো রানা, মাথা নিচু করে ছুট লাগিয়েছে কামানের নলওয়ালা ওয়াটার ট্যাঙ্কের দিকে। দুহাত দিয়ে প্রচণ্ড ধাক্কা দিল ট্যাঙ্কের গায়ে। ধাতব ভিত্তি থেকে হুড়মুড় করে উল্টে পড়ল ট্যাঙ্কটা, চুরমার হয়ে গেল কাঁচ। গার্ডদের পোশাক পরা লোকগুলো যেদিকে আছে, সেদিকে ধেয়ে যাচ্ছে দশ হাজার গ্যালন পানি।
নকল গার্ডবাহিনীর একজন, খুব সম্ভব সাবমেশিনগানওয়ালা, ছুটে আসছিল এদিকে পানির ধাক্কায় উল্টে পড়ল সে। লোকটা উঠে দাঁড়ানোর আগেই ওর কাছে গিয়ে হাজির হলো রানা, বিরাশি সিক্কার একটা ঘুসি বসিয়ে দিল নাকেমুখে। আরেকবার উল্টে পড়ল লোকটা।
ওকে সাহায্য করতে এগিয়ে এল ওর এক সহচর। পিস্তল তুলছিল সে রানাকে গুলি করার জন্য, হাতের সামনে যা পেল তা-ই ছুঁড়ে মারল সোহেল, ছোট অথচ ভারী ফিগারিনের প্রচণ্ড আঘাতে কপাল ফেটে গেল পিস্তলওয়ালার। অস্ত্রটা আপনাআপনি ছুটে গেল ওর হাত থেকে, কপাল চেপে ধরে বসে পড়তে বাধ্য হলো সে।
সাবমেশিনগানওয়ালার শরীর হাতড়ে রানা বাড়তি ম্যাগাজিনসহ একটা নাইন মিলিমিটার সেমি-অটোমেটিক লগার পেয়ে গেল। বুলেট শেষ হয়ে গেছে বলে সাবমেশিনগানটা এখন আর কাজের না।
রানা খেয়াল করল, গুলিবর্ষণ করছে না নকল গার্ডবাহিনীর অন্য কোনও সদস্য, প্রতিপক্ষে ঠিক কতজন লোক আছে তা বোধহয় ঠাহর করতে পারছে না ওরা। হামাগুড়ি দিতে শুরু করল ও, একহাতে পিস্তল অন্যহাতে বাড়তি ম্যাগাজিনটা। চলে এল একটা পিলারের আড়ালে। ঠিক তখনই গুলির আওয়াজ পাওয়া গেল নকল গার্ডবাহিনীর অক্ষত সদস্যদের পক্ষ থেকে। সোহেল যেখানে ছিল, সে জায়গা নিশানা করে তিন রাউন্ড গুলি করল ওরা। ঝনঝন শব্দে ভাঙল আরও কিছু তৈজস। আগেই সরে গিয়ে অন্য একটা পিলারের আড়ালে আশ্রয় নিয়েছে সোহেল।
পিলারের আড়াল থেকে হাত বের করল রানা, প্রতিপক্ষের অবস্থান অনুমান করে নিয়ে ফায়ার করল দুবার। হাতটা পিলারের আড়ালে নিয়ে এসে সোহেলের কী অবস্থা তা দেখার জন্য ঘাড় ঘুরিয়ে তাকাল।
আড়াল ছেড়েছে সোহেল। ও এখন কয়েকটা কাঠের বাক্স জোগাড় করায় ব্যস্ত। বাক্সগুলো একটার উপর আরেকটা রেখে মইয়ের মতো বানাচ্ছে। কাজ শেষে ঝটপট চড়ে বসল একেবারে উপরের বাক্সটায়, যথেষ্ট ঝুঁকি নিয়ে হাত বাড়াচ্ছে স্মোক ডিটেক্টরের দিকে। নিজের দিকে দুটো বুলেট ডেকে নিয়ে এল ও। একটা বিধল ছাদে, আরেকটা চলটা তুলল পিলারের।
পিলারের পাশ ঘেঁষে মাথা আর পিস্তলধরা হাত বের করল রানা। কে কোত্থেকে গুলি করছে সোহেলকে তা দেখে ফেলল। একবার মাত্র টান দিল ট্রিগারে, সঙ্গে সঙ্গে আর্তচিৎকার ছেড়ে লুটিয়ে পড়ল প্রতিপক্ষ একজন।
থমকে গিয়েছিল সোহেল, কিন্তু আর দেরি না করে চালু করে দিল স্মোক ডিটেক্টর। বাজতে শুরু করল কানফাটানো অ্যালার্ম, জ্বলতে-নিভতে শুরু করেছে আলো, ওয়্যারহাউসের জায়গায় জায়গায় হিসহিস শব্দে ছড়িয়ে পড়ছে কার্বন ডাই অক্সাইডের ধোঁয়া।
ছুটন্ত পদশব্দ শোনা যাচ্ছে। রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছে নকল গার্ডবাহিনী।
কিছুক্ষণ পর রানা আর সোহেল যখন বুঝল পরিস্থিতি নিরাপদ, ওয়্যারহাউসের দরজায় হাজির হলো দুজনে। বাইরে, লোডিং ডকের কাছে হাজির হয়ে গেছে কয়েকটা ফায়ার ইঞ্জিন; এসে গেছে পুলিশের গাড়িও। উদ্বিগ্ন চেহারায় ছোটাছুটি করছে মিউযিয়ামের আসল গার্ডবাহিনীর কয়েকজন সদস্য। গুদামের ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে ওরা।
সাইড ডোর, কীভাবে সটকে পড়তে হবে সে-ব্যাপারে পরামর্শ দিল সোহেল।
দরজার কাছ থেকে সরে এল রানা। একটা পার্শ্বদরজা খুলে বেরিয়ে এল ওয়্যারহাউসের সঙ্গের গলিতে। সোহেলের পাশাপাশি হাঁটতে হাঁটতে টের পেল, সেই পুরুষ আর মহিলা উধাও হয়ে গেছে কখন যেন।
বিক্ষিপ্ত চিন্তা পেয়ে বসল রানাকে। কারা এরা?
.
হোটেলরুমে অপেক্ষা করছিল লামিয়া।
রানা-সোহেলকে আপাদমস্তক দেখল সে, তারপর মুখ গোল করে শিস বাজাল।
কী ঘটেছে, সংক্ষেপে বলল রানা। তারপর বলল, মনে হচ্ছে, আমাদের চেয়ে অনেক ভালো সময় কাটিয়েছ তুমি।
ঠিক, মুচকি হাসছে লামিয়া। কারণটা অনুমান করতে পারো?
লুসি এল, একটা গ্লাসে নিজের জন্য খানিকটা স্কচ ঢেলে নিচ্ছে রানা।
চওড়া হলো লামিয়ার হাসিটা। লুসি এল মানে লুসি লরেন। ফ্রেঞ্চ লেজিসলেটিভ অ্যাসেমব্লির একজন সম্মানিত সদস্য পিয়েরে কার্তিনের প্রেমিকা ছিলেন তিনি। তাকে এতই ভালোবাসতেন কার্তিন যে, নিজের প্রভাব খাটিয়ে ফরাসি নৌবাহিনীকে বাধ্য করেছিলেন ওদের একটা জাহাজের নাম লুসি লরেন রাখতে।
আসল লুসির কী হলো? একচুমুক স্কচ খেল রানা।
বুড়ো বয়সে একদিন মারা যান তিনি ঘুমের মধ্যে। প্যারিসের বাইরের একটা কবরস্থানে দাফন করা হয় তাকে।
ভ্রূ কুঁচকে গেছে রানার। আমার মনে হয় লুসি এল দিয়ে জাহাজটার কথা বলেছে হেল্ডন।
মাথা ঝাঁকাল লামিয়া। পকেট থেকে ভাজকরা একটা প্রিন্টআউট বের করে খুলল। নেপোলিয়নের ভূমধ্যসাগরীয় নৌবহরে যুক্ত ছিল লুসি লরেন। সময়ে সময়ে নোঙর ফেলত মাল্টায়। একবার মিশর থেকে মূল্যবান অনেক জিনিস লুট করে ফরাসিরা, ওসব নিয়ে মাল্টার বন্দর ছাড়ে জাহাজটা। কিন্তু ঝড়ে পড়ে ডুবে যায়। পরে উদ্ধার করা হয় বেশিরভাগ জিনিস। কাজটা করে মাল্টারই একটা অলাভজনক প্রতিষ্ঠান, এখানকার এক ধনাঢ্য পরিবারের সহায়তায়। ওই পরিবারের ব্যক্তিগত সংগ্রহশালায় দীর্ঘদিন ধরে ছিল উদ্ধারকৃত কিছু আর্টিফ্যাক্ট। জাদুঘরের মাধ্যমে ওগুলো বেচার উদ্যোগ নেয়া হয়েছিল।
হিসেব মিলতে শুরু করেছে, বলল সোহেল। কিন্তু নিলামে কী ঘটতে যাচ্ছে তা না বলে, জাহাজের কথা বলল কেন হেন?
খুব সম্ভব এখনও এমন কিছু রয়ে গেছে সাগরের তলদেশে-থাকা ওই জাহাজে, যা উদ্ধার করা সম্ভব হয়নি।
কী সেটা? ওয়্যারহাউসে আমি যে-ভাঙা লিপিফলক দেখেছি, তার বাকি অংশ?
হতে পারে, লামিয়ার দিকে তাকাল রানা। কোথায় ডুবেছিল লুসি লরেন?
ভ্যালেটা থেকে ত্রিশ মাইল পুবে।
স্কচের গ্লাসটা খালি করে টেবিলে নামিয়ে রাখল রানা। আমাদের প্রতিপক্ষের পরবর্তী চাল অনুমান করতে পারছি। যা খুঁজতে গিয়েছিল ওরা ওয়্যারহাউসে তা পায়নি। এখন আমাদের মতো ওদের হাতেও একমাত্র সূত্র ডুবে যাওয়া লুসি লরেন।
তারমানে ওদের আগেই সাগরে ডুব দিতে চাইছিস তুই?
মাথা ঝাঁকাল রানা। যদি সম্ভব হয়।
.
১৫.
রানা, সোহেল, লামিয়া আর কয়েকজন ক্রু নিয়ে ভ্যালেটা ছেড়েছে সি-হর্স।
জাহাজের নাক যদি উত্তরদিকে না ঘুরাই, লুসি লরেনের অবস্থান একটা চার্টে দেখে নিয়ে রানাকে বলল কুপার, তা হলে আসল জায়গা থেকে কয়েক মাইল দূরে চলে যাব।
আপাতত বিচ্ছেদ চাইছি আমি, হাসল রানা।
হাসল কুপারও। যথাজ্ঞা।
জাহাজের পেছনদিকে চলে এল রানা। এখানেই একটা গ্লাইডারের বিভিন্ন পার্ট জোড়া দিচ্ছে লামিয়া আর সোহেল।
রেডি? জিজ্ঞেস করল রানা।
প্রায়, বলল লামিয়া। গ্লাইডারের ল্যাচগুলো ঠিক আছে কি না দেখল শেষবারের মতো, ওটার সঙ্গে কায়দা-করে আটকে-দেয়া শক্তিশালী যুম লেন্সের ক্যামেরাটা চালু করল।
উইঞ্চ কন্ট্রোলের দিকে তাকাল রানা। স্টিলের তার দিয়ে সোনার অ্যারে (sonar aray) টানার জন্য ব্যবহৃত হয় ওটা, কিন্তু তার খুলে ফেলে উইঞ্চে লাগানো হয়েছে। প্ল্যাস্টিকের পাতলা দড়ি, মুক্তপ্রান্ত গ্লাইডারের সঙ্গে যুক্ত।
গ্লাইডারটা বহন করে স্টার্নের দিকে এগোল সোহেল। মাথার উপরে তুলে ছুঁড়ে দিল বাতাসে। শূন্যে উঠে গেল ওটা, ঘুরতে শুরু করেছে উইঞ্চ কন্ট্রোলের ড্রাম।
হাতে ছোট একটা হ্যাঁণ্ডসেট নিয়ে গ্লাইডারটা নিয়ন্ত্রণ করছে লামিয়া। ওটা পাঁচ শ ফুট ওঠার পর, আর যাতে উঠতে না পারে সেজন্য চাপ দিল হ্যাঁণ্ডসেটের একটা বাটনে। রানার দিকে তাকিয়ে বলল, উইঞ্চ কন্ট্রোল লক করে দাও।
কন্ট্রোল লক করে লামিয়ার পাশে গিয়ে দাঁড়াল রানা। বার্ডস আই-ভিউ কী বলছে?
ল্যাপটপ কোলে নিয়ে ডেকে বসে পড়ল, লামিয়া। ক্যামেরার অটোফোকাস চালু হতেই দেখা গেল, নীল সাগরের বুক চিরে ছুটছে সি-হর্স।
দেখি আমাদের বন্ধুরা কী করছে, হ্যাঁণ্ডসেটের বাটনে চাপ দিয়ে গ্লাইডারটা উত্তরদিকে ঘোরাল লামিয়া।
এবার অন্য দুটো বোট দেখা যাচ্ছে ল্যাপটপের স্ক্রিনে। মনে হচ্ছে, ঘন নীল টেবিলক্লথের উপর যেন পড়ে আছে দুটো চালের-দানা। ওগুলোর উপর ক্যামেরার যুম লেন্স ফোকাস করল মিয়া। একটা ডাইভ বোট আর একটা বার্জ।
আরও যুম করা যাবে? জিজ্ঞেস করল রানা।
যাবে। কোটার উপর করব?
বার্জ।
শক্তিশালী টেলিস্কোপিক লেন্সের বদৌলতে দেখা গেল, বার্জের লাল কাঠামোর একদিকে সাদা রঙে লেখা আছে: ডিসুজা কনযারভেন্সি। ওটার এককোনায় ছোট একটা ক্রেন আছে, একটা বড় পিভিসি টিউবকে সাপোর্ট দিচ্ছে। পানি আর গাদের মিলিত স্রোত ছিটকে বের হচ্ছে টিউব দিয়ে, গিয়ে পড়ছে একটা ধাতব ছাঁকনির উপর। হাতের পাঞ্জার সমান বড় যে-কোনও পাথর আটকে যাবে ছাঁকনির জালে।
সোহেল বলল, একটা বই পড়েছিলাম: হলো না, রত্না। ওটার নামের সঙ্গে মিলিয়ে বলতে বাধ্য হচ্ছি, হলো না, রানা।
ওর দিকে তাকাল লামিয়া। কী হলো না?
রানা চেয়েছিল শত্রুপক্ষের আগেই এখানে পৌঁছাতে।
বোটটারও ক্যামেরা লামিয়াকে বলল
কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল লামিয়া, ক্যামেরা আরেকটু ঘোরাল। ছাঁকনি পর্যবেক্ষণ করছে দুজন লোক। ওটাতে আটকা পড়েছে কিছু একটা, জাল থেকে ছাড়িয়ে নিয়ে ছুঁড়ে দিল বার্জের ডেকে।
অন্য বোটটা দেখি? লামিয়াকে বলল রানা।
আবারও ক্যামেরা ঘোরাতে হলো লামিয়াকে। ডাইভ বোটটা ষাট ফুট লম্বা। ডেকের সামনের দিকে স্তূপ হয়ে আছে। স্কুবা ট্যাঙ্ক এবং অন্যান্য গিয়ার। স্টার্নে শুয়ে-বসে আছে কয়েকজন লোর্ক। ওদের থেকে একটু দূরে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে আরেকজন। লোকটার উপর যুম করার চেষ্টা করল লামিয়া, কিন্তু সম্ভব হলো না-ক্যামেরার যুমিং ম্যাক্সিমামে চলে গেছে।
কোস্ট গার্ড অথবা মাল্টার ডিফেন্স ফোর্সের সঙ্গে যোগাযোগ করব? বলল মেয়েটা। কয়েকটা বোট যদি পাঠায় ওরা, ওই লোকগুলোকে ঘিরে ফেলা সম্ভব হবে।
কিন্তু রাইফেলের মুখে যাদেরকে ডুব দিতে বাধ্য করা হয়েছে, বলল রানা, তাদেরকে বাঁচতে দেবে না শত্রুপক্ষ। হেন্ডন আর ডারহামের বেলায় কী ঘটেছে, দেখেছি আমরা। ওয়্যারহাউসটাও উড়িয়ে দেয়ার প্ল্যান করেছিল ওরা এক্সপ্লোসিভ দিয়ে।
চেহারার উপর নেমে-আসা চুল সরাল লামিয়া। তা হলে?
ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাল রানা। ওদেরকে চমকে দিতে চাই আমি।
কীভাবে? ভ্রূ নাচাল সোহেল।
উঠে দাঁড়াল রানা। বিদ্রোহের পয়গাম পৌঁছে দেব ডিসুজা কন্যারভেন্সির ডাইভারদের কাছে।
বিশ মিনিট পর।
পাওয়ার্ড ডাইভ স্যুট পরে একটা আর.ও.ভি. (রিমোটলি অপারেটেড ভেহিকেল)-সহ সাগরে নামল রানা আর সোহেল। ওটা একটা বিশেষ ধরনের আণ্ডারওয়াটার রোবট, সি-হর্সের সঙ্গে কয়েকটা কেবলের মাধ্যমে যুক্ত।
লুসি লরেন যেখানে ডুবেছে, সে-জায়গা এখনও মাইল তিনেক দূরে আছে। সি-হর্সের নাক দক্ষিণদিকে সরিয়ে নিল। কুপার, যাতে ওটার উপস্থিতি রাডার বা বিনকিউলারের মাধ্যমে টের পেয়ে গেলে শত্রুপক্ষ ভাবে, উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে ওটা।
পানিতে নামামাত্র শক্তিশালী স্রোতের ধাক্কায় সি-হর্স থেকে দূরে সরে গেল রানা, সোহেল আর ওদের আর.ও.ভি.। বয়ান্সি অ্যাডজাস্ট করে নিয়ে ডুব দিল ওরা, আস্তে আস্তে নামছে, আর.ও.ভির ফ্রেম ধরে আছে। পঞ্চাশ ফুট নামার পর চালু হলো ওটার প্রপেলার, ঘুরতে শুরু করেছে। ওটার পাওয়ার মেকানিযম সি-হর্সেও আছে, আবার রানা-সোহেলের ডাইভস্যুটেও আছে।
রানার অনুমান, সমুদ্র সমতল থেকে নব্বই ফুট নিচের তলদেশে শুয়ে আছে লুসি লরেনের ধ্বংসাবশেষ।
আর.ও.ভি.র টেলিমেট্রি, মানে স্বয়ংক্রিয় উপায়ে দূরে কোথাও তথ্য ও মেসেজ প্রেরণ ও পরিমাপণ পদ্ধতির সঙ্গে সোহেলের চওড়া হেলমেটের যোগাযোগ আছে; ভিতরের ডিসপ্লেতে ও দেখতে পাচ্ছে কত গভীরে নেমেছে ওরা, কোনদিকে যাচ্ছে, গতি কত ইত্যাদি। বেশ কিছুক্ষণ পর বলল, নিচে চলে এসেছি প্রায়।
নিচের দিকে তাকাল রানা। আর.ও.ভি.র ফরওয়ার্ড মাউন্টেড লাইটের আলোয় আলোকিত হয়ে আছে সাগরের কর্দমাক্ত তল।
ওই জায়গা থেকে যখন কিছুটা উপরে আছে তখন থামল সোহেল, সমান্তরালে এগোচ্ছে এখন। আর.ও.ভি.র গ্রুটলে চাপ দিল ও। লাইট বন্ধ করে দিচ্ছি। চাই না কেউ দেখে ফেলুক আমাদেরকে।
লাইট নিভিয়ে দেয়ায় মনে হচ্ছে, অন্ধকার কোনও টানেলের ভিতর দিয়ে এগিয়ে চলেছে ওরা। আঁধার একসময় সয়ে এল চোখে।
যতটা ভেবেছিলাম, তারচেয়ে বেশি আলো পাচ্ছি, বলল সোহেল।
প্রায় সাত নট গতিতে এগোচ্ছে ওরা। লুসি লরেনের কাছাকাছি পৌঁছাতে আরও বিশ মিনিটের মতো লাগল। দূর থেকে অস্পষ্ট একটা ছায়ার মতো দেখাচ্ছে ওটার ধ্বংসাবশেষ। জাহাজের আশপাশে ভেসে বেড়াচ্ছে তিন চারটে ডাইভিং লাইট।
সোহেলের উদ্দেশে মাথা ঝাঁকাল রানা।
লুসি লরেনের কাছে একজায়গায় গাদ জমাট বেঁধে ঢিবির আকতি ধারণ করেছে, ওটার আড়াল থেকে বেরিয়ে এল আরও দুজন লোক। পঞ্চম আর ষষ্ঠ লাইটটা দেখা গেল। কাছেই কোথাও একটানা কাজ করছে কোনও সাবমার্জড ভ্যাকুয়াম, একটানা দুম দুম শব্দ শোনা যাচ্ছে।
আরেকটু কাছে যা, সোহেলকে বলল রানা। আমি কোথাও নেমে যাই। সবচেয়ে কাছের ডাইভারের সঙ্গে কথা বলে দেখি। চাপ দিয়ে খুলল একহাতে লাগানো একটা স্পেশাল প্যানেল।
ওটা আসলে একটা ওয়াটারপ্রুফ ডিসপ্লে স্ক্রিন। রানা যদি ইংরেজিতে কিছু বলে, তা হলে ওর কথাগুলো শব্দে-বাক্যে রূপান্তরিত হয়ে দেখা দেবে স্ক্রিনে, ফলে অন্য ডাইভারদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে।
আর.ও.ভি.র টুলব্ল্যাক থেকে একটা টুইন-রেইল স্পিয়ারগান নিল রানা। ডাইভারদের কে ভালো কে খারাপ জানি না। ওদের কেউ আমাদেরকে দেখতে পেয়েছে বলে মনে হয় না। তারপরও যদি বিপদে পড়ি, কী করতে হবে জানিস তুই।
মাথা ঝাঁকাল সোহেল।
.
একটানা দুম দুম আওয়াজ বাদে রানার চারদিকে অখণ্ড নীরবতা।
লুসি লরেনের বাঁ পাশটা বেশি কর্মচঞ্চল। পাঁচটা লাইট দেখা যাচ্ছে ওখানে। গিয়ার-পরা ডাইভাররা কাজ করছে ভ্যাকুয়াম ঘিরে। ডানদিকে বাঁক নিল রানা। এখানে মাত্র দুটো ডাইভলাইট। জাহাজের কঙ্কালের নিচ থেকে কিছু একটা খুঁড়ে বের করার চেষ্টা করছে দুজন ডাইভার।
ওদের কাজ কিছুক্ষণ দেখল রানা। ধ্বংসাবশেষটাকে আরও ধ্বংস করছে ওরা, সুবিধামতো কেটে টুকরো করছে জাহাজের কোনও কোনও জায়গা। তারপর কাটা অংশগুলো সরিয়ে নিয়ে জড়ো করছে একজায়গায়।
দুই ডাইভারের অগোচরে ওদের কাছে গিয়ে হাজির হলো রানা। সাহায্য করতে চাই, কথাটা উচ্চারণ করল, স্পেশাল প্যানেলে সবুজ আলোয় ফুটে উঠল বাক্যটা। আরও এগিয়ে গিয়ে এক ডাইভারের কাঁধে আলতো থাবা দিল।
ঘুরে তাকাল লোকটা। চেহারা নীল হয়ে গেছে ওর, আধবোজা হয়ে এসেছে দুই চোখ। তারমানে অনেকক্ষণ ধরে পানির নিচে আছে সে। ওর চোখের সামনে ধরল রানা প্যানেলটা।
ইশারায় কী যেন বলল লোকটা। খুব সম্ভব বোঝাতে চাইছে, যত তাড়াতাড়ি পারছি কাজ করার চেষ্টা করছি।
ব্যাটা শিয়োর আমাকে খারাপ লোক ভেবেছে, মনে মনে বলল রানা। এবার উচ্চারণ করল, উদ্ধার করতে চাই। প্যানেলটা আগেরবারের মতো দেখাল।
চোখ পিটপিট করছে লোকটা, বিহ্বলতা দেখা যাচ্ছে ওর চেহারায়।
তোমাদেরকে যারা জিম্মি করেছে তাদের সংখ্যা কত? জানতে চাইল রানা।
প্যানেলটার দিকে তাকাল লোকটা, তারপর দুই হাতের নটা আঙুল দেখাল।
সবাই নেমেছে পানিতে?
আবারও প্যানেলটা দেখে নিয়ে একহাতের পাঁচ আঙুল দেখাল লোকটা, তারপর ইশারা করল উপরের দিকে। তারপর দেখাল চারটা আঙুল, ইশারা করল আশপাশে।
তারমানে শত্রুপক্ষের পাঁচজন আছে পানির উপরে, চারজন নিচে।
দেখাও আমাকে, প্যানেলে ফুটে উঠল রানার কথা।
কিন্তু লোকটা কিছু বলা বা করার আগেই আলোর নাচন এসে পড়ল ওর আর রানার উপর। লোকটার চোখের দিকে তাকিয়ে যা বোঝার তা বোঝা হয়ে গেল রানার। চরকির মতো পাক খেয়ে ঘুরল ও।
একহাতে বল্লম নিয়ে ধেয়ে আসছে আরেকটা লোক।
.
একধাক্কায় গোবেচারা ডাইভারকে সরিয়ে দিল রানা, শুট করার জন্য আরেকহাতে তুলছে স্পিয়ারগান। কিন্তু আক্রমণোদ্যত লোকটা অনেক কাছে চলে এসেছে, নিশানা করার সময় পাবে না রানা। বল্লমের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য স্পিয়ারগান দিয়ে বাড়ি মারল লোকটার হাতে, তারপর জড়িয়ে ধরল ওকে।
প্রতিপক্ষের পরনে ফুলফেইস হেলমেট, তা না হলে ধাক্কা মেরে ওটা খুলে দিত রানা। আনআর্মড কমব্যাটের কিছু কৌশল প্রয়োগ করতে গেল ও লোকটার উপর, কিন্তু পানির নিচে হার্ডটের কারণে ঠিকমতো করা যাচ্ছে না কাজটা। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর নিজেকে কায়দা করে লোকটার পেছনে নিয়ে গেল ও, সঙ্গে সঙ্গে হেডলকে আটকে ফেলল লোকটাকে। এককালে যে-জায়গা ছিল লুসি লরেনের বো, এখন সেটা ভাঙাচোরা কিছু কাঠ আর প্রবালের স্তূপ; প্রতিপক্ষকে ঠেলতে ঠেলতে সেদিকে নিয়ে যাচ্ছে রানা।
হাত থেকে বল্লম পড়ে গেছে আক্রমণকারীর, বুঝে গেছে রানার ইস্পাতকঠিন হেডলক থেকে মুক্তি নেই ওর। পালাক্রমে দুই কনুই পেছনদিকে চালিয়ে রানাকে আঘাত করার চেষ্টা করছে সে, কিন্তু পানির কারণে জুৎসই হচ্ছে না ওর আঘাত। শরীর মুচড়ে একটা হাত নিয়ে গেল কোমরের কাছে–ছুরি বের করবে।
কিন্তু তার আগেই লোকটাকে ভাঙা কাঠ আর প্রবালের স্থূপের উপর আছড়ে ফেলল রানা।
প্রচণ্ড আঘাত প্রায় পঙ্গু বানিয়ে দিল লোকটাকে। ছুরি বের করে ফেলেছিল সে, ওটা আপনাআপনি ছুটে গেল হাত থেকে। একটা ভাঙা কাঠ কুড়িয়ে নিল রানা, শাবল দিয়ে মাটি গর্ত করার কায়দায় কয়েকবার জোরে গুতো মারল প্রতিপক্ষের বুকে-পেটে। এবার প্রবালপ্রাচীরের একটা কোনা ভেঙে নিয়ে সাগরের তলদেশে লুটিয়ে পড়ল লোকটা, দুই হাত ছড়িয়ে দিয়েছে দুদিকে।
চোখের কোনা দিয়ে রানা দেখল, আরও দুজন লোক আসছে ওর দিকে। দুজনের চেহারাতেই ফুলফেইস হেলমেট।
পানিতে কিছু বুদ্বুদ দেখতে পেয়ে চরকি-পাক খেল রানা, ওর শরীর ঘেঁষে বেরিয়ে গেল স্পিয়ারগান থেকে নিক্ষিপ্ত স্পিয়ার। এলোপাতাড়ি লাথি মারছে ও তলদেশের বালিতে, নিজেকে আড়াল করার জন্য স্মোকস্ক্রিন বানাতে চায়। লাফিয়ে সরে এল বাঁ দিকে, ল্যাণ্ড করামাত্র আবার লাথি মারতে শুরু করল বালিতে।
খুব একটা লাভ হলো না। তৃতীয় হামলাকারীর স্পটলাইটের উজ্জ্বল আলোয় ধরা পড়ে গেল রানা, ওকে দেখামাত্র আণ্ডারওয়াটার রাইফেল কাঁধে তুলল লোকটা। ট্রিগারে চাপ দিতে যাবে লোকটা, এমন সময় ঝট করে বসে পড়ল রানা, জায়গাটা ছেড়ে ব্যাঙলাফের কায়দায় সরে যাওয়ার সময় টের পেল মাথার উপর দিয়ে ছুটে গেল বুলেট।
যেখানে ধস্তাধস্তি করেছিল রানা প্রথম হামলাকারীর সঙ্গে, কেস্ক্রিনটা আড়াল হিসেবে ব্যবহার করে সেখানে হাজির হলো ও প্রাণপণে; তুলে নিল নিজের স্পিয়ারগান। নিশানা করার সময় নেই, তাই রাইফেলওয়ালা কোনদিকে আছে। অনুমান করে নিয়ে টান দিল ট্রিগারে।
রানা ও-রকম কিছু করতে পারে ভাবতে পারেনি রাইফেলওয়ালা; ওর ডান কাঁধের অনেকখানি মাংস ছিঁড়ে নিয়ে যখন বেরিয়ে গেল রানার স্পিয়ার, হাত থেকে রাইফেল ফেলে দিতে বাধ্য হলো। আরেকহাত দিয়ে চেপে ধরেছে কাঁধের ক্ষতস্থান, ঊ্যাটাবিদ্ধ মাছের মতো ছটফট করছে।
নিজের স্পেশাল প্যানেল বন্ধ করে দিয়েছে রানা আগেই। থিতিয়ে আসছে স্মোকস্ক্রিন; প্রবালপ্রাচীরের কোন্ জায়গায় প্রথম হামলাকারীকে আছড়ে ফেলেছিল তা মাথায় রেখে হামাগুড়ি দিয়ে পিছিয়ে আসছে ও।
প্রবালপ্রাচীরের কাছে মাত্র হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে ওর বাঁ পার উপর নিজের দুই পা দিয়ে দাঁড়িয়ে গেল প্রথম হামলাকারী। ঘাড় ঘুরিয়ে তাকাল রানা। প্রতিপক্ষের হাতে বড় একটা প্রবালখণ্ড, ওটা মাথার উপর তুলছে লোকা, হেলমেটসহ তেলে দিতে চায় রানার মাথা। তাড়াহুড়ো করল না রানা, স্পিয়ারগানটা ব্যবহার না করার সিদ্ধান্ত নিল। নিজের বাঁ পার উপর আরেকটু চড়ে দাঁড়ানোর সুযোগ দিল প্রবালওয়ালাকে, তারপরই ডান পা দিয়ে সর্বশক্তিতে লাথি মারল লোকটার এক মালাইচাকিতে। পানির কারণে অত জোরালো না হলেও টলে উঠল লোকটা, প্রবালখণ্ড পড়ি-পড়ি করছে হাত থেকে।
ইতোমধ্যে স্পিয়ারটা খুলে নিয়েছে রানা গান থেকে; একদিকে কাত হয়ে উঠে বসল ও। স্পিয়ার দুহাতে ধরে ওটার চোখা অংশটা বসিয়ে দিল প্রতিপক্ষের উরুতে। আরেক লাথিতে নামিয়ে দিল লোকটাকে নিজের উপর থেকে। স্পিয়ার ধরে রেখেই শুয়ে পড়ল, গানটা টেনে নিয়ে সরে এল প্রবালপ্রাচীরের একপাশে।
অক্ষত হামলাকারীর আণ্ডারওয়াটার রাইফেলের বুলেট চিড় ধরাল প্রবালপ্রাচীরের গায়ে। লাভই হলো রানার–ক্ষণস্থায়ী আরেকটা স্মোকস্ক্রিনের বদৌলতে শরীরের অনেকখানি ঢুকিয়ে ফেলল প্রাচীরের আড়ালে। মাথাটা বের করে রেখেছে, যত দ্রুত সম্ভব দেখে নিতে চায় কোথায় আছে অক্ষত হামলাকারী। একইসঙ্গে স্পিয়ার লোড করছে গানে।
তাড়াহুড়ো করতে গিয়ে বোকামি করে ফেলেছে ওই লোক-স্পটলাইট জ্বালিয়ে রেখেছে নিজের। প্রবালপ্রাচীরের আড়াল থেকে দুই হাত আর স্পিয়ারগান বের করল রানা, নিশানা করে টান দিল ট্রিগারে।
রানাকে দেখে ফেলেছিল লোকটা, আবারও রাইফেল তুলছিল কাঁধে, কিন্তু ওর ইচ্ছা মঞ্জুর হলো না। কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে গেল স্পিয়ার, পানিতে রক্তের একটা ঊর্ধ্বমুখী ধারা রেখে পড়ে যাচ্ছে।
প্রবালের আড়াল ছেড়ে বেরিয়ে এল রানা, স্পিয়ারগান ছেড়ে দিয়ে আবারও হেডলকে ধরল প্রথম হামলাকারীকে। লোকটা তখনও বসে ছিল, দুহাতে চেপে ধরে থামানোর চেষ্টা করছিল উরুর রক্তক্ষরণ। একবার ডানে পরেরবার বায়ে, এভাবে বার কয়েক ঝাঁকুনি দিল রানা লোকটাকে বাঁ পায়ে ভর রেখে ডান পা দিয়ে সমানে লাথি মারছে লোকটার ক্ষতস্থানে। কিছুক্ষণের মধ্যেই উরুর মায়া ভুলতে হলো লোকটাকে, কারণ নিস্তেজ হয়ে গেছে।
ওকে ছেড়ে দিল রানা, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। প্রথম হামলাকারীর ছুরি আর বল্লম কুড়িয়ে নিল। দ্বিতীয় ও তৃতীয় হামলাকারীর রাইফেল দুটো খুঁজছে, এমন সময়, কোত্থেকে তা বলতে পারবে না রানা, ওর উপর ঝাঁপিয়ে পড়ল কাঁধের-মাংস-হারানো লোকটা। বোঝা গেল মাংস হারালেও ক্ষোভ হারায়নি সে।
রানার হেলমেটে জোরে ঘুসি মেরেছে লোকটা, টালমাটাল করে দিয়েছে রানাকে। চেপে ধরেছে রানার এয়ারহোস-ওটা হ্যাঁচকা টানে আলগা করে দিতে চায়।
আক্রমণকারীর তলপেটে হাঁটু দিয়ে জোরালো এক গুতো মারল রানা। হোস ছেড়ে দিতে বাধ্য হলো লোকটা। নিজেকে একটু সামলে নিয়ে লোকটার দিকে ঘুরল রানা, সঙ্গে সঙ্গে চমকে উঠল। একটা এক্সপ্লোসিভ ব্যাং স্টিক দেখতে পাচ্ছে ও প্রতিপক্ষের হাতে।
ডাইভারদের অনেকেই আজকাল সঙ্গে রাখে ওই স্টিক, কারণ হাঙর হামলা করলে উপযুক্ত জবাব দেয়া যায় ওটা দিয়ে। রানা শুনেছে পনেরো ফুটের হাঙরের শরীরেও মরণক্ষতের সৃষ্টি হয়েছে স্টিকটার স্পর্শ পাওয়ামাত্র। তাই ওর শরীরে স্টিক দিয়ে যেই গুঁতো দিতে যাবে প্রতিপক্ষ, অমনি ছুরি ছেড়ে দিয়ে লাঠিখেলার কায়দায় মেলে ধরল বল্লমটা, ওটা গলে গিয়ে দুভাগ হতেই চেপে ধরল হামলাকারীর দুই হাত।
লম্বাচওড়ায় রানার প্রায় সোয়া গুণ লোকটা; কাঁধের মাংস ঠিক থাকলে ব্যাং স্টিক ছাড়াই হয়তো মরণক্ষত তৈরি করতে পারত রানার শরীরে। সর্বশক্তিতে বাধা দিয়েও কুলাতে পারছে না রানা, স্টিকটা একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে। কপালে নিজের ঘাম টের পাচ্ছে ও। দেখতে পাচ্ছে প্রতিপক্ষের দুই চোখের ছিটগ্রস্ত দৃষ্টি।
লেখা যাবে না, ছাপা যাবে না এমন একটা খাঁটি বাংলা গালি শুনতে পেল রানা হেলমেটের ভিতরের স্পিকারে। পরমুহূর্তে, ম্যাটাডোরকে যেভাবে একগুতোয় ছিটকে ফেলে খ্যাপা বঁড়, চলন্ত আর.ও.ভি, দিয়ে সেভাবে ধাক্কা মেরে দশাসই লোকটাকে ফেলে দিল সোহেল।
আয়… ছাপার অযোগ্য গালিটা আবারও দিল সোহেল, দেখি কত শক্তি তোর! আর.ও.ভি, উঠিয়ে দিয়েছে দশাসইয়ের উপর, ওটা দিয়ে বালিতে গেঁথে ফেলতে চাইছে লোকটাকে।
মাথায় ধাতব ষাঁড়ের প্রচণ্ড গুঁতো খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে লোকটা, ব্যাং স্টিক পড়ে আছে ওর একপাশের বালিতে।
ডিসুজা কন্যারভেন্সির ডাইভারদের কাছে চল জলদি, সোহেলকে বলল রানা। অনেকক্ষণ ধরে পানির নিচে থাকতে থাকতে মরার দশা হয়েছে ওদের।
.
হাত উপরে তোলেনি, কিন্তু জিম্মি-করা ডাইভারদের ভঙ্গি আত্মসমর্পণ করার মতো।
প্যানেলটা চালু করে রানা বলল, গার্ডরা নেই। তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব আমরা।
জবাবে একজন ডাইভার আঙুল তুলে কী যেন দেখাল উপরের দিকে, ঠিক বোঝা গেল না।
এখানে কতক্ষণ ধরে আছ তোমরা? জিজ্ঞেস করল রানা।
জবাবে চারটা আঙুল দেখানো হলো।
মানে চার ঘন্টা।
রানার সঙ্গে মুখ চাওয়াচাওয়ি করল সোহেল।
জলদি উপরে চলো, বলল রানা।
কিন্তু আশ্চর্য, যাওয়ার তেমন আগ্রহ দেখা যাচ্ছে না কোনও ডাইভারের মধ্যে।
একজন ডাইভার বিশেষ একজাতের একটা বোর্ড নিয়ে এল, ওটাতে ওয়াটারপ্রুফ চক দিয়ে দাগ দিলে লেখা ওঠে। কী যেন লিখল সে বোর্ডে। তারপর বোর্ডটা মেলে ধরল রানা সোহেলের চোখের সামনে।
শব্দটা দেখামাত্র চমকে উঠল ওরা দুজনই।
ডাইভার লিখেছে: বম।
<