প্রকাণ্ড সব ওক গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে দোতলা একটা এডৌব। গাছের ভারি ডালপালা নুয়ে পড়েছে দোতলার বারান্দায়। সামনের উঠনে রয়েছে কৃত্রিম ফোয়ারা। শান্ত সুশীতল রাত। একতলার লিভিং রুমে বসে রয়েছেন ডন রোমেরো, তাঁর ঠোঁটে জ্বলন্ত সিগার, সামনে তেপায়ার ওপর গ্লাসভর্তি ওয়াইন।

ডন রোমেরো কৃশকায় মানুষ, চোয়াল ভাঙা, হনু দুটো উঁচু। তাঁর চুল পাকা, গোঁফ আর দাড়িতেও ছোঁয়া লেগেছে এর। পরনে দামী শৌখিন কাপড়চোপড়। শান বাঁধানো উঠনে যখন এক জোড়া বুটের আওয়াজ রোমেরোর কানে পৌঁছল, ঈষৎ জকুটি করলেন তিনি।

 কে এল? এমন অসময়ে?

খোলা দরজায় দেখা দিল এক লোক, হাতে টুপি। ওর নাক থ্যাবড়া, বাঁশিতে কাটা দাগ রয়েছে। লোকটার পরনে সাদা শার্ট, গলায় লাল রুমাল, আঁটসাট প্যান্ট। কোমরের হোলস্টারে বিরাট এক পিস্তল, আর ছুরি।

আমার সাথে দেখা করতে এসেছ?

নবাগত তার টুপিটা নাড়াচাড়া করল একটু, তারপর বলল, অত্যন্ত নিচু স্বরে, ও বেচে আছে।

ডন রোমেরোর শিরদাঁড়ায় হিমশীতল স্রোত বয়ে গেল যেন। সামনে ঝুঁকলেন তিনি, সিগারের ছাই ঝাড়লেন।

অসম্ভব। একই সঙ্গে অবজ্ঞা আর বিরক্তির সুর ফুটল তার কণ্ঠে।

 আমি দেখেছি ওকে। বেঁচে আছে।

ভুল করছ। নিশ্চয় আর কারোকে দেখেছ। ও বাঁচতেই পারে না।

বাপটা বেঁচে গিয়েছিল।

ডন রোমেরোর ভুরুতে নীলচে শিরা জেগে উঠল। ননসেন্স! তারপর জিজ্ঞেস করলেন, তুমি কোথায় দেখেছ এই…এই ছেলেটাকে?

পুয়েরোতে। রাস্তায়। ও-ই। আমি জানি।

নিঃশব্দে, প্রায় অশরীরীর মত, লোকটার পেছনে এসে হাজির হলেন ডোনা এলেনা। হতেই পারে না। এ অসম্ভব।

এক মহিলার বাসায় থাকে ও। মিস ডায়ানা-অ্যাংলো।

ঘাড় না ফিরিয়েই, এলেনার উদ্দেশে বললেন ডন, তুমি কি জান এ-ব্যাপারে?

ভদ্রমহিলাকে চিনি। অনেক বন্ধুবান্ধব আছে। তারপর মৃদু সুরে যোগ করলেন টিয়া এলেনা, ডন আবেল স্টার্নস আর ডন বেনিটো উইলসনও ওঁর বন্ধু।

ফুঃ! কে ওরা? অ্যাংলো!

একটা কথা তুমি ভুলে গেছ, ব্রাদার। এখন ক্ষমতায় আমরা না, অ্যাংলোরাই আছে। একটু থেমে ডোনা এলেনা বললেন, ওঁর বন্ধুদের মধ্যে পিয়ো পিকোও আছেন, এবং জেনারেল ভায়েজো।

ওকে জান তুমি?

সিনোরিটা ডায়ানা সবাইকেই জানেন। আগেই তো বললাম, ওঁর বন্ধু অনেক।

হ্যাঁ, বলেছ। এবং আমাদের তা নেই, এটাই তো বোঝাতে চাইছ?

বন্ধু থাকা ভাল।

তাও বলেছ তুমি। প্রায়ই বলে থাক। এই মেয়েটা? ডায়ানা-ওর বাসায় যেতে চাই আমি। এখুনি…আজ রাতেই!

আজ রাতে? কিন্তু সে তো অনেকদূরে। মাঝরাত পেরিয়ে যাবে।

রাত যত গভীর হয় ততই ভাল। আমি আচমকা হাজির হতে চাই, কোনরকম জানান না দিয়ে। উঠে দাঁড়ালেন ডন রোমেরো। এই যে, তুমি! ঝটপট পাঁচজন লোক নিয়ে, চল আমার সঙ্গে। পাঁচজন সশস্ত্র লোক, বোঝা গেছে?

না, তুমি পারবে না যেতে! এভাবে মাঝরাতে একজন মহিলার বাড়ি যায় কেউ?

আমার যা খুশি, আমি তা-ই করব। ছেলেটা যদি থাকে ওখানে, কেড়ে নেব। এই মেয়ের কী অধিকার আছে আমার নাতিকে তার কাছে রাখার?

কেন কেড়ে নেবে, যাতে খুন করতে পার ওকে? যেমনটা আগেও চেষ্টা করেছিলে একবার? একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলেন এলেনা। অ্যাংলোদের তুমি চেন না, ব্রাদার। ওরা তোমার ওই বংশমর্যাদা হোড়াই পরোয়া করে। নির্ঘাত ফাঁসিতে ঝোলাবে তোমাকে।

ফাঁসি? বোকার মত কথা বল না!

পাই করে ঘুরে দাঁড়ালেন ডন, আগুন চোখে তাকালেন এক পরিচারিকার দিকে। তুমি! আমার বুট! জলদি!

বুটের ভেতর পা গলালেন তিনি, মেঝেতে ঠুকে বসিয়ে নিলেন জায়গামত। তারপর বোনের উদ্দেশে ফিরলেন। তুমি মেয়েমানুষ, কাজেই কত আর বুদ্ধি হবে! এই ছেলের বেঁচে থাকাটাই আমার জন্যে অপমানকর। আমার মেয়ের সাথে কিনা ওই…ওই খালাসিটার বিয়ে!

অত্যন্ত সৎ লোক ছিল সে, অল্পদিনের ভেতর জাহাজের ক্যাপ্টেন হয়ে যেত।

ফুঃ! জাহাজের ক্যাপ্টেন! নিশ্চয় কোন ছোট লঞ্চ-টথের? সে হবে আমার জামাই?

গটগট করে দরজার দিকে এগোলেন ডন, দোরগোড়া থেকে ঘাড় ফিরিয়ে বললেন, খামোকা চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ো না তুমি। ওই ছোঁড়া এবার মরবে। আমি সেটা পাকাঁপোক্ত করতেই যাচ্ছি।

ডোনা এলেনা শুনতে পেলেন তার ভাইয়ের পদশব্দ উঠনের ওপাশে মিলিয়ে যাচ্ছে। মুহূর্তের জন্যে একাবর ভাবলেন তিনি, নিজের ঘোড়ায় চেপে পেছনের পথে রোমেরোর আগেই পৌঁছানোর চেষ্টা করবেন শহরে। পরক্ষণে বুঝলেন, কোন লাভ হবে না এতে। পথঘাট ভাল চেনেন না তিনি, হারিয়ে যেতে পারেন।

মিস ডায়ানার শীতল সৌন্দর্যের কথা মনে পড়ল তাঁর। মহিলা নিঃসন্দেহে বুদ্ধিমতি, সহজে পরাস্ত হবেন না।

তবু, ভয় পাচ্ছিলেন ডোনা এলেনা। ছেলেটার কী দশা হবে? রোমেরো দেখামাত্র চিনে ফেলবে ওকে, এবং হত্যা করবে।

একটি জায়গায় কোনমতেই সুবিধে করতে পারবেন না সিনোরিটা ডায়ানা, আইন তাকে বাধ্য করবে দাদুর হাতে নাতিকে তুলে দিতে।

.

অকস্মাৎ ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসলেন মিস ডায়ানা, এইমাত্র একজন ঘোড়াসওয়ার চলে গেছে তাঁর জানালার পাশ দিয়ে ব্যাপার কী? ভাবলেন তিনি। ড্যান আর জর্জ কি ফিরে এল?

না, অসম্ভব। তার কর্মচারীদের কেউ বাসার ওই পাশ দিয়ে চলাফেরা করবে না।

তবে কি আউট-ল? চোর? ঝটিতি বিছানা ছাড়লেন ডায়ানা, গায়ে রোব  চাপালেন।

কেলসো কোথায়?

বালিশের নীচ থেকে আলগোছে নিজের পিস্তলটা বের করে নিলেন তিনি, গাউনের ভাঁজে লুকিয়ে নিয়ে এগোলেন লিভিং রুমের দিকে। আর ঠিক তক্ষুণি হুড়মুড় করে ভেঙে পড়ল সদর দরজা, জনাকয়েক লোক ঢুকল ভেতরে-একেবারে সামনে ডন রোমেরো।

তোমার এখানে একটা ছেলে থাকে। আমি তাকে দেখতে চাই।

আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, সিনর। কিন্তু আপনি দরজা ভেঙে আমার বাসায় ঢুকেছেন-এটা বেআইনি। এবং আইনত দণ্ডনীয়। এখন দয়া করে আপনি চলে গেলে আমি খুশি হব।

বাড়ি সার্চ কর! নির্দেশ দিলেন ডন রোমেরো।

মিস ডায়ানা তার পিস্তল তাক করলেন। সিনর! আমি কখনও মিস করি না! আপনি বা আপনার কোন লোক যদি আগে বাড়ে, আমি গুলি করে আপনার কান ফুটো করে দেব। এবং কাল সকালেই খবরটা সবাই জেনে যাবে।

ডায়ানার ডান দিক থেকে শান্ত গলায় কথা বলে উঠল একটা কণ্ঠস্বর, ওরা কোথাও যাচ্ছে না, ম্যাম। আমার এই বন্দুকটা একটা স্ক্যাটার-গান।

কেলসো ল্যাম্পের সলতে উস্কে দিতে, উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল সারা ঘরে, দেখা গেল উদ্যত শটগানহাতে দাঁড়িয়ে আছে ও।

তুমি? পেছনে-দাঁড়ানো অপেক্ষাকৃত তরুণ এক ভ্যাকুয়েরোকে আচমকা ডাকলেন ডায়ানা, দয়া করে ওই ঘরগুলোয় তুমি একটু উঁকি মেরে দেখবে? যদি কোন ছেলেকে চোখে পড়ে, হাঁক দিয়ো।

একটু ইতস্তত করল সে, তারপর এগিয়ে এল। সব দরজা খোলা থাকায়, মাত্র মিনিটখানেক লাগল কাজটা সারতে। সবশেষে রান্নাঘর থেকে বেরিয়ে এল লোকটা। সিনর? কোন ছেলে-টেলে নেই। এই দুজন, আর রাঁধুনি। ব্যস।

ক্ষিপ্ত ভঙ্গিতে এবার থ্যাবড়া-নাকের উদ্দেশে ফিরলেন ডন রোমেরো। গর্দভ! মিস ডায়ানার দিকে তাকালেন তিনি। সিনোরিটা, আমি সত্যি

 সার, আপনি একটা বোকা এবং কাপুরুষ। আপনার বংশের কলঙ্ক। যে বংশগৌরব নিয়ে আপনার অহঙ্কার, প্রতিদিন তাকেই অপমান করছেন আপনি, ঘৃণায় মুখ বাঁকালেন ডায়ানা।

আপনার কাহিনি সবাই জানে। নিজের মেয়েকে দেশছাড়া করেছেন, খুন করিয়েছেন তার স্বামীকে, তারপর আপনার নাতিকেও খুন করার চেষ্টা করেছিলেন আপনি।

সিনর, আপনি ভেবেছেন কেউ জানে না একথা? ভুল করবেন, তা হলে। আপনার আড়ালে আপনাকে টিটকারি দেয় সবাই, কখনও কখনও ভয়ে শিউরে ওঠে।

যে-জামাইকে আপনি হত্যা করেছেন, হাজার গুণে সে আপনার চেয়ে ভাল লোক ছিল। কী আছে আপনার, সার? কিচ্ছু না!

ফ্যাকাসে হয়ে গেছে ডন রোমেরোর চেহারা, চোয়াল, ঝুলে পড়েছে, কুৎসিত দেখাচ্ছে। তুমি যদি পুরুষ হতে, আমি খুন করতাম তোমাকে! আবেগে ফ্যাঁসফ্যাঁসে শোনাল তার কণ্ঠ। আমি

না, ডন রোমেরো, সেরকম কিছুই আপনি করতেন না। সামনাসামনি কারও সাথে লড়ার সাহস আপনার নেই। আপনি আমাকে খুন করাতেন–ওদের কারোকে দিয়ে হাত ইশারায় ডনের পেছনে-দাঁড়ানো লোকগুলোকে দেখালেন ডায়ানা। জীবনে কখনও কোন মানুষকে নিজে হাতে মেরেছেন আপনি? আত্মরক্ষার খাতিরে হলেও? আপনার হম্বিতম্বি সবই বাপ-দাদাদের টাকায়…নিজে কিছু করেছেন?

আপনার পূর্বপুরুষরা, সিনর, আপনার দেশের লোকেরা সবাই সাহসী মানুষ ছিল, লড়াকু মানুষ ছিল। কিন্তু আপনি কী? স্রেফ খালি একটা কলসি!

যে-তরুণটি খানাতল্লাশি করেছিল, সে নিঃশব্দে বেরিয়ে গেল বাইরে। অন্যরা, লজ্জায় অধোবদন, পিছোতে শুরু করল দরজার দিকে।

মুখ খোলার চেষ্টা করলেন ডন রোরো, কিন্তু উপযুক্ত ভাষা খুঁজে পাওয়ার আগেই, ডায়ানা গর্জে উঠলেন, বেরিয়ে যান আপনি! বেরিয়ে যান এক্ষুণি! ফের কখনও যদি আমার দরজায় দেখি, আমি নিজ হাতে খুন করব আপনাকে!

ঘুরে দাঁড়ালেন ডন, তার লোকজন সবাই চলে গেছে। অন্ধের মত দরজার দিকে এগোলেন তিনি, পা রাখলেন বাইরের অন্ধকারে।

কেলসো তার শটগানটা নিচু করল। খোদার কসম, ম্যাম! আমি এরকম দেখিনি। আপনি ওঁকে চাবুকপেটা করেছেন?

আমি দুঃখিত, মিস্টার কেলসো। রাগতে চাইনি, কিন্তু ওই ছেলেটার জন্যে…

আমি বুঝেছি, ম্যাম। একটু দ্বিধা করল কেলসো। ম্যাম, কিন্তু আপনি জানেন, কী করেছেন আজ? ওঁকে শেষ করে দিয়েছেন। দশটা বন্দুকও যা করতে পারত না।

ওই যে লোকগুলো এসেছিল? ওরা চলে গেছে, ম্যাম। আর কখনও থাকবে না ওর সাথে। ওরা খেটে-খাওয়া মানুষ, ধনী না হতে পারে, কিন্তু আত্মসম্মানবোধ আছে।আর ওদের সেই অহঙ্কার গড়ে ওঠে নেতাকে ঘিরে, যার নুন খায় ওরা। তাই, আজ চোখের সামনে যখন সেই অহঙ্কারকে ধুলোয় মিশতে দেখল, ওরা আর ওঁর পেছনে থাকবে না। হাজার ডাকলেও, ডন রোমেরো এখন আর কাছে পাবেন না কারোকে।

.

মুহূর্তের জন্যে, যখন পৌঁছুলেন নিজের ঘোড়ার কাছে, ডন রোমেরো হেলান দিলেন স্ট্যালিয়নের গায়ে। বিস্ময়ে তার সারা মন অসাড় হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ তার সঙ্গে কথা বলেনি ওভাবে। সাহস পায়নি কেউ।

এসব কথা বলার দুঃসাহস ও পেল কোথায়? নিশ্চয় মেয়েমানুষ বলেই গ্রহণ করেছে সুযোগটা, জানে তাকে চ্যালেঞ্জ করবে না কেউ।

পমেলে ভর দিয়ে স্যাডলে উঠে বসলেন ডন, আশপাশে তাকিয়ে দলের লোকদের খুঁজলেন।

নেই। তিনি একা।

গর্দভের দল! কী ভেবেছে ওরা, এধরনের বেয়াদপি তিনি সহ্য করবেন?

গলা চড়িয়ে দলের লোকদের নাম ধরে ডাকলেন রোমেরো। আন্দ্রে! পেদ্রো! এস, আমরা যাচ্ছি।  

সাড়া মিলল না কোন।

আবার ডানে-বাঁয়ে তাকালেন ডন, অবাক হয়েছেন। চলে গেছে ওরা। গলা ভেজাতে গেছে শহরে, সম্ভবত। তবু, কেমন-যেন অসুস্থ বোধ করতে লাগলেন রোমেরো, মনে হলো তার পেটের ভেতর কিছু একটা চাপ বেঁধেছে। বাড়ির উদ্দেশে ঘোড়া ছোটালেন তিনি।

হতচ্ছাড়ি! জোরে জোরে বললেন রোমেরো। কী দুঃসাহস! মিস ডায়ানার কথাগুলো মনে পড়তেই, তিনি শিউরে উঠলেন আরেকবার। ডাইনী, সাক্ষাৎ ডাইনী।

কী ব্যবহারটাই না করল!

চারদিকে নজর বোলালেন ডন। অন্ধকার রাস্তায় তিনি একা। কোন অনুচর নেই, আওয়াজ নেই তার রাইডারদের খুরের।

বাসায় পৌঁছে রোমেরো দেখলেন সামনের উঠন অন্ধকার, নীরব-নিথর। মাটিতে নামলেন তিনি, আশপাশে তাকিয়ে সহিসকে খুঁজলেন ঘোড়া বুঝিয়ে দেয়ার জন্যে।

কেউ নেই।

ঘুরে দাঁড়ালেন ডন, ফ্যালফ্যাল করে তাকালেন চারদিকে। কেবলমাত্র র‍্যাঞ্চ হাউসেই একটা বাতি জ্বলছে; আর সবকিছু অন্ধকার, নিস্তব্ধ।

হোয়াকিম! চেঁচিয়ে ডাকলেন তিনি।

লোহার আংটার সাথে স্ট্যালিয়নটাকে বেঁধে রাখলেন রোমেরো। শিগগিরই কেউ নিয়ে যাবে এসে। উঠনের ওপাশে হাঁটা দিলেন তিনি, অখণ্ড স্তব্ধতার মাঝে প্রতিধ্বনি তুলল তার বুটের খটখট।

অনেক রাত হয়েছে তখন। স্বাভাবিকভাবেই কাছেপিঠে ছিল না কেউ। কিন্তু তিনি উপলব্ধি করতে পারেননি সেটা। যখন মিস ডায়ানার বাসার উদ্দেশে রওনা হন, তখনই প্রচুর রতি হয়ে গিয়েছিল।

নিজের ভেতরটা ফাঁকা-ফাঁকা ঠেকল ভঁর। এতক্ষণ এসব আবল-তাবল কী ভাবছিলেন তিনি? সিনোরিটা ডায়ানা একজন সম্রান্ত মহিলা, সবাই সমীহ করে তাকে, শুধু অ্যাংলোরাই নয়, তার স্বজাতির লোকেরাও ওই মহিলাকে পছন্দ করে।

তার স্বজাতি? কবে থেকে ওদের সম্পর্কে এভাবে ভাবতে শুরু করেছেন তিনি? ওরা হয় ক্যালিফোর্নিয়, নয়তো মেক্সিক্যান। আর তিনি এসেছেন ক্যাস্টাইল থেকে।

এবার সত্যি সত্যি নিজেকে ভীষণ অসুস্থ মনে হলো ডন রোমেরোর। তার কি মাথা খারাপ হয়ে গেল? লোকের বিদ্রূপ থেকে বাঁচতেই ক্যাস্টাইল ত্যাগ করেছিলেন তিনি। দুর্বিষহ এক অপমান থেকে বাঁচতে পালিয়ে এসেছিলেন এখানে। আর তারপর মারিয়া…

সেই আমেরিকান লোকটা। তুচ্ছ একটা নাবিক, সে কিনা প্রেমনিবেদন করল ওকে! তার মেয়েকে!

স্ট্যালিয়নটাকে রেখে, বাড়ির ভেতরে প্রবেশ করলেন ডন। টেবিলের ওপর মোম জুলছিল একটা। ঘরের দেয়াল আলমারির ধারে গিয়ে দাঁড়ালেন রোমেরো, পরপর দুটেক উষ্ণ সুরাপান করলেন। তারপর তৃতীয় দফা গ্লাস ভরে নিয়ে, চলে গেলেন ঘোড়ার চামড়ার বড়সড় একটা চেয়ারের সামনে বসে পড়লেন ধপ করে।

তিনি ক্লান্ত। অবসন্ন। অনেক রাত হয়েছে এখন, আর তিনিও আগের সেই যুবকটি নন। ডায়ানাকে মন থেকে মুছে ফেলতে চেষ্টা করলেন রোমেরো, কিন্তু ওই ঝলসানো চোখ, কণ্ঠস্বর, এত, তীক্ষ্ণ…

মৃদু নড়াচড়ার শব্দ হলো তার পেছনে, সস্নেহ একটা হাত এসে পড়ল ডনের কাঁধে। রোমেরো? রাত অনেক হলো। তুমি এবার বিছানায় যাও।

আমার ঘোড়া–

আমি দেখব। তুমি শুতে যাও।

তুমি জান? শুনেছ কিছু?

 শুনেছি। ওরা যখন ওদের জিনিসপত্র নিতে ফিরে–

ওদের কী?

ওরা নেই, রোমেরো? আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটু থামলেন এলেনা। ওরা গর্ব করত আমাদের নিয়ে। কিন্তু আমরা হতাশ করেছি ওদের।

মুখ বিস্বাদ ঠেকল ডন রোমেরোর। ডানে-বাঁয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন তিনি উঠতে নিয়েও, পরক্ষণে বসে পড়লেন আবার।

সব গর্দভের দল! জাহান্নামে যাক ব্যাটারা! আরও ভাল লোক জোগাড় করবেন তিনি। তার অর্থ আছে। মোটা টাকা দিতে পারবেন।

বিছানা..হ্যাঁ, তার এখন খানিকটা ঘুম দরকার। আর অল্পক্ষণের ভেতর আরেকটা নতুন দিনের সূচনা হবে। তার মনে পড়ে না শেষ কবে তিনি ক্লান্ত বোধ করেছিলেন!

তবে একটা কথা ঠিক, তাঁকে চলে যেতে হবে এখান থেকে। স্পেনেই ফিরে যেতে হবে।

তাঁর লোকেরা তাঁকে পরিত্যাগ করেছে। সবাই।

.

২২.

 আমরা যখন এল ক্যাম্পে থেকে বেরিয়ে আগুয়া ক্যালিয়েন্তের দিকে এগোলাম, মন্টে ম্যাক-কায়াও সঙ্গ নিল আমাদের। জর্জ মোটামুটি সাদরে গ্রহণ করল ওকে, কিন্তু আমার সন্দেহ ঘুচল না। কারণ তখনও পর্যন্ত লোকটার পরিচয় বা তার চাহিদা সম্পর্কে কিছুই জানতাম না আমি।

যখন প্রায় পাম স্প্রিংয়ের কাছাকাছি এসে পড়েছি, রেকাবের ওপর দাঁড়িয়ে আমি চোখ মেলে দিলাম সামনে। ওই যে, হাত ইশারায় দেখিয়ে, আচমকা চেঁচিয়ে উঠলাম খুশিতে, কলিং রক।

ম্যাক-কায়া দেখতে পেল ওটা, জরিপ করল। কী আছে ওখানে?

ওকে আমি জানালাম কেন ওই পাহাড়ের নাম হয়েছে কলিং রক, তারপর বললাম কেউ কেউ একে লিনিং রকও বলে।

প্রথম নামটাই শ্রুতিমধুর, বলল মন্টে। আর তোমার ওই কাহিনিটাও সুন্দর। তা, তুমিও কি পেছনে তাকিয়েছিলে?

অবশ্যই। আমি ফিরে আসতে চেয়েছিলাম।

যখন আরও কাছাকাছি হালাম আমরা, ইশারায় আমি চাইনো ক্যানিয়নটা দেখালাম। ওখানে গুহা আছে একটা, ভেতরে পানি মিলবে। শিকারে যাওয়ার আগে কাউইয়ারা ওই গুহায় ঢুকে পানি খেয়ে নেয় আগে। ওদের ধারণা এতে নাকি বহুগুণ বেড়ে যায় ওদের শক্তি।

পলক তুলে ক্যানিয়নটা দেখল ম্যাক-কায়া। আমাকে একবার ঢুকে দেখতে হবে জায়গাটা কেমন। 

ওর নজরে পড়েছিল আমি আর জর্জ ঘনঘন পেছন ফিরে আমাদের ব্যাক ট্রেইল জরিপ করছি। ব্যাপার কী, তোমাদেরকে কেমন-যেন অস্থির মনে হচ্ছে, শেষমেশ বলেই ফেলল ও। কেন, বিপদের আশঙ্কা করছ নাকি?

তোমার যদি ভয় করে, চলেযেতে পার, বলল জর্জ। সম্ভবত বিপদ এড়াতে পেরেছি আমরা, তবু ঝুঁকি নিতে চাইছি না।

যেহেতু একসঙ্গে চলছি আমরা, জবাব দিল ম্যাক-কায়া, তোমাদের বিপদ মানেই আমার বিপদ। যদি দেখ ওরা আসছে, আমাকে জানাতে দেরি কর না। একবার দেখব, ব্যাটাদের হজম ক্ষমতা কত।

এটা তোমার লড়াই নয়, বলল জর্জ।

তবু আমি থাকছি। যে-মুহূর্তে এসেছি তোমাদের ক্যাম্পে, তখন থেকেই আমি তোমাদের লোক।

অদ্ভুত মানুষ ছিল এই মন্টে ম্যাক-কায়া। গান করত সারাক্ষণ। বেসুরো গলা, তবু গানই যেন ছিল ওর জীবন।

বুনো ঘোড়া ধরার ব্যাপারে আমাদের পরিকল্পনার কথা যখন জানল সে, সঙ্গী হতে চাইল আমাদের।ল্যারিয়েট ছুড়তে জানি আমি, বলল।ঘোড়াও পোষ মানাতে পারি।

পরে, যখন একা হালাম আমরা, আগুনের ওপর দিয়ে জর্জ তাকাল আমার দিকে। ড্যান, তুমি কী বল? নেব ওকে?

আমার ধারণা লোকটা ভালই, বললাম, আর তা ছাড়া সাহায্যও লাগবে আমাদের।

পাম স্প্রিংয়ে যে-দোকানটা ছিল পরদিন সকালে বেলেপাহাড়ের মাঝ দিয়ে সেখানে গেলাম আমরা।

দোকানি দেখামাত্র চিনতে পারল আমাকে। স্মিত হেসে বলল, কেমন আছ, বাছা? বেশ কয়েক ইঞ্চি লম্বা হয়েছ দেখছি।

জ্বি। আচ্ছা, আমার বাসাটা কি খালিই পড়ে আছে এখনও?

খানিক আমতা-আমতা করল দোকানি, তারপর বলল, তুমি যখন ফিরে এসেছ তখন নিশ্চয়ই খালি হয়ে যাবে।

আর ফ্রান্সিসকো…আছে?

মাঝেসাঝে দেখি। ও যদি তোমার সাথে দেখা করতে চায়, ঠিকই খুঁজে নেবে তোমাকে। জানই তো, বাছা, ইন্ডিয়া একটু খেয়ালি হয়।

ওই দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করল জর্জ। ময়দা, লবণ, কফি, হ্যাম আর দুচাকা বেকন।

দরজার কাছে গিয়ে, আমি তাকালাম বাড়িটা যেখানে অবস্থিত। সেই বেলেপাহাড়গুলোর দিকে। মুহূর্তের জন্যে মনে হলো ক্ষীণ একটা ধোঁয়ার রেখা দেখতে পেলাম যেন? অজানা আশঙ্কায় ধড়াস করে উঠল আমার বুক।

একটু ইতস্তত করলাম আমি, তারপর জর্জের উদ্দেশে ঘুরে, যেন কিছুই হয়নি এভাবে বললাম, তোমরা মালপত্র গুছিয়ে নাও, আমি এগোচ্ছি। তাড়াহুড়োর কিছু নেই।

ঝট করে আমার দিকে তাকাল ও, মন্টে ম্যাক-কায়া ঘাড় ফেরাল। আমি আসব?

দরকার নেই। আমি একাই যাব। তারপর বিতর্কের অবসান করতে যোগ করলাম, ওখানেই খুন হয়েছিলেন আমার বাবা। আমি একাই যেতে চাই ওখানে।

তাই? ঠিক আছে, বলল মন্টে। আমরা না হয় পরেই আসছি।

তবে আমি জানি, জর্জকে বোকা বানাতে পারিনি। আমার ওই বাড়িটা যে ভুতুড়ে ও তা জানে। বাবার মৃত্যুর পর মরুভূমি থেকে ফিরে আশ্চর্যজনকভাবে তার অস্ত্রপাতিগুলো যেমন গুলি-ভরা অবস্থায় আবিষ্কার করেছিলাম আমি, তেমনি প্রায়ই একটা-দুটো করে আমার বই চুরি যেত বাসা থেকে, তারপর আবার দিনকতক পর দেখতাম যথাস্থানেই রাখা আছে ওগুলো কিন্তু গায়েব হয়েছে অন্য বই। তারপর এবার কেলসোর সাথে যখন দেখা হলো, জানলাম হালে সে নাকি একবার এসেছিল এদিকে এবং তখন টাহকুইৎসয়ের বাসায় বাতি দেখতে পেয়েছিল। সুতরাং জর্জও যে আমার মতই কৌতূহল বোধ করছিল আসল ব্যাপারটা কী তা জানার জন্যে তাতে কোন সন্দেহ নেই।

প্রথমে বইয়ের থলেটা খুলে নিয়ে স্যাডলের ওপর আমার সামনে রাখলাম আমি, তারপর ঘোড়া ঘুরিয়ে নিয়ে ধীর কদমে এগোলাম ট্রেইল বরাবর। যখন বালিয়াড়ির মাঝ দিয়ে এঁকেবেঁকে চলে-যাওয়া মেঠোপথে ঢুকরলাম, গলা ছেড়ে গান ধরলাম একটা!

উঠনে পৌঁছে ঘোড়া থেকে নামলাম আমি, বইয়ের থলেটা তুলে নিলাম কাঁধে। সিঁড়ির গোড়ায় এসে থলেটা নামিয়ে খুলে ফেললাম ওটার মুখ, একেবারে ওপরের বইটা বের করলাম। প্রথম কয়েকটা পাতা দেখলাম উল্টে-পাল্টে, তারপর বইখানা আবার রেখে দিলাম যথাস্থানে। শেকল নামিয়ে দরজা খুললাম।

যেমনটি রেখে গিয়েছিলাম তেমনি আছে ঘর। হলে ঝট দেয়া হয়েছে মেঝে, কোনা-কাঞ্চি কোথাও কোন স্কুল নেই। বইগুলো আগের মতই সাজানো-গোছানো রয়েছে শেলফে, তবু দীর্ঘদিন বদ্ধ থাকলে যেমন হয়, ঘরের পরিবেশ ততখানি গুমোট ঠেকল না আমার কাছে।

খাট দুটোও বেশ পরিপাটি, কেবল কম্বলের সঙ্গে চাদরও যোগ হয়েছে এখন। কাবার্ডগুলো খুললাম আমি। রসদপত্র মজুত আছে। জর্জের দুশ্চিন্তার কোন কারণ নেই।

ফায়ারপ্লেসে কফিপট চাপানো ছিল। কাপ নামিয়ে আমি ভরে নিলাম ওটা, দরজার দিকে পিঠ দিয়ে বসলাম চেয়ারে।

আবার বাড়ি ফিরে এসেছি আমি। এই সেই মরুভূমি, আমার মরুভূমি। আমার বাবা-মা, পারস্পরিক ভালবাসার বন্ধনে বাঁধা পড়ে পালিয়ে গিয়েছিলেন এই মরুভূমির ওপারে, সাময়িকভাবে গা ঢাকা দিয়েছিলেন এখানে, এর ওপর নির্ভর করে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিলেন। এবং আমিও রক্ষা পেয়েছি। এবং এখন আবার ফিরে এসেছি মরুভূমিতে, ফিরে এসেছি আমার বাসার পেছনের আকাশছোঁয়া পাহাড়পর্বতের কাছে, এর সেই নিঃসঙ্গতার কাছে যা কখনোই নিঃসঙ্গ নয়, এর অখণ্ড স্তব্ধতার কাছে যা নীরব কণ্ঠে কেবলমাত্র আমার সঙ্গেই কথা বলে।

আস্তে আস্তে, রয়ে-সয়ে, কফি পান করতে লাগলাম আমি, আর তাকিয়ে রইলাম জানালার বাইরে, পাহাড়পর্বতের দিগন্ত-বিস্তৃত কাল তরঙ্গের দিকে।

যখন শেষ হলো কফি, উঠে দাঁড়ালাম, দুটো ঘোড়া থামার শব্দ পেলাম বাইরে, তারপর মানুষের গলা, মন্টে আর জর্জের।

বইয়ের থলেটা তুলে নিতে বাইরে পা রাখলাম আমি, দেখলাম সবচেয়ে ওপরেরটা উধাও হয়েছে।

ইচ্ছে করেই আমি আর মাথা ঘামালাম না এ-ব্যাপারে। গোপনীয়তা জিনিসটা কারও যদি এতই পছন্দ হয়ে থাকে, ভাবলাম, আমি তাতে ব্যাঘাত ঘটাব না।

জর্জ বুশ আর মন্টে ম্যাক-কায়া ওদের ঘোড়া দুটো তুলে রাখতে কোরালের দিকে এগোল। আমি পিছু নেব, হঠাৎ থমকে দাঁড়াল মন্টে, তর্জনী ইশারায় ওর পায়ের কাছে মাটিটা দেখাল।

ধুলোর বুকে একটা পায়ের ছাপ জ্বলজ্বল করছিল ওখানে, অতিকায় একটা মোকাসিনের ছাপ!

মাশাল্লা! সভয়ে ফিসফিস করে বলল জর্জ। মাপটা দেখেছ?

আমার দ্বিগুণ,মন্টে বলল ছাপটার পাশে তার বুট রেখে। না, তিন গুণ!

আমি অকালাম ওদিকে, পরক্ষণে সরিয়ে নিলাম চোখ। ওই পায়ের ছাপ, মনে মনে বললাম নিজেকে খামোকা আসেনি এখানে। এর অর্থ, শিগগিরই অবসান হবে সমস্ত রহস্যের, আমি জানতে পাব আমার অবর্তমানে কে আসা-যাওয়া করে টাহকুইৎসয়ের বাসায়।

এর আগে এখানে কোন পায়ের ছাপ চোখে পড়েনি আমার, শুধু বই চুরি যাওয়া থেকে বুঝতে পারতাম আমি ছাড়াও আরও কেউ একজন আছে কাছেপিঠে।

আর এখন, পায়ের ছাপ থেকে একটা তথ্য জানতে পেলাম। এর মালিক যেন প্রকারান্তরে আমাকে বলে দিল, দেখ, আমি এই মাপের মানুষ। তুমি যদি আর এগোতে ভয় পাও-এগিয়ো না।

সহসা বেদনায় টনটন করে উঠল আমার বুক। এরকম একজন মানুষ কোথায় পাবে তার সঙ্গী? কে পারবে অসম আকৃতির এই বাধাকে ডিঙিয়ে ওর সাথে দেখা করতে? আমি-ই কি পারব?

নিশ্চয় ভীষণ একা ও। কিম্ভুত গঠনের কারণে অন্য সবার থেকে আলাদা-বিচ্ছিন্ন।

হ্যাঁ, আমার বিশ্বাস, ইচ্ছে করেই রেখে যাওয়া হয়েছিল ওই পায়ের ছাপ।

এদিকে আমিও, নিজের মুদ্রাদোষে, আর আমার বাবা-মায়ের অবস্থানগত কারণে, আমার সমবয়সী আর সবার চেয়ে একদম আলাদা। যেখানেই যাই, লোকে আমাকে পর ভাবে, ব্যতিক্রম শুধু এই মরুভূমি আর আমার জানামতে, এর অধিবাসী ইন্ডিয়ানরা।

অবশ্যি এতেও কোন সন্দেহ নেই, সব শ্বেতাঙ্গকেই বিদেশী ভাবে ইন্ডিয়ানরা, কারণ আমাদের রীতিনীতি ওদের থেকে সম্পূর্ণ আলাদা; আর তা ছাড়া প্রত্যেক সমাজের লোকই মনে করে তাদের নিয়মটাই বুঝি মানুষের সহি স্বভাব। কিন্তু তার এটা বোঝে না, আসলে এগুলো পরিবেশের সৃষ্টি, তাদের পারিবারিক অবস্থান, লেখাপড়া, পারস্পরিক আচার-ব্যবহার এসবের মাঝ দিয়ে গড়ে-ওঠা।

চমৎকার জায়গা, অর্থপূর্ণ গলায় মন্তব্য করল মন্টে। কষ্ট করে সাফ-সুতরোও করে রেখেছে কে যেন।

জর্জের দিকে তাকাল ও। এই ইন্ডিয়ানদের তুমি চেন?

জর্জ ইশারায় আমাকে দেখাল। ও চেনে। ইন্ডিয়ানদেরকে সামলাবার দায়িত্ব ওর। ইন্ডিয়ানরা চেনে ওকে। ওর বাবাকেও সম্মান করত। তুমি দেখতেই পাবে।

অন্ধকার ঘনাতে, ল্যাম্প ধরালাম আমরা, থলে থেকে অরশিষ্ট বইগুলো বের করে আমি শেলফে সাজিয়ে রাখলাম। পুরোনো বইপত্তর থেকে কয়েকটা বেছে আলাদা করলাম আমি, মনে হলো দোকানে নিয়ে রাখলে যারা পড়েনি হয়তো তাদের উপকারে আসবে। সে-আমলে পড়ার সামগ্রী পাওয়া যেত না বিশেষ, আর গেলেও তার দাম হত চড়া, কেউ কারোকে দিতে চাইত না।

তোমার বাবা খুন হয়েছিলেন এখানে? জিজ্ঞেস করল মন্টে।

দোরগোড়ায়, জবাব দিলাম আমি।

কী নাম তোমার বাবার-ডগলাস ও’হারা? আমাকে ওপর-নীচ মাথা ঝাঁকাতে দেখে ও বলল, চিনতাম। কিন্তু, বাছা, তোমার মত যার এত শক্ত, তার তো পিস্তলে চালু হওয়া লাগে।

কাজ চালিয়ে নিতে পারি।

আমি বোধহয় এ-ব্যাপারে কিছু সাহায্য করতে পারব। তোমাকে ক্ষিপ্র হতে হবে, অসম্ভব, তা হলে ভয় থাকবে না আর কোন।

ঠিক আছে।

ফায়ারপ্লেসের ধারে মেঝেতে নিজেদের বিছানা পাতল ওরা। আর আমি আমার পুরনো শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। যখন শুলাম বিছানায়, অন্ধকার ছাতের দিকে তাকালাম আমি, অ্যানাবেলকে মনে করলাম।

ঘোড়ার পাল নিয়ে যখন ফিরে যাব আমরা, তখন হয়তো ওর দেখা পাব আমি, এবং মিলিত হব ওর বাবার সাথে।

রাতে বাতাস উঠল, মৃদুমন্দ গতিতে ছুটে এল পুবের মরুভূমি থেকে। শিগগিরই ওখানে যাব আমি, ঘুরে বেড়াব।

পাশাপাশি আরও একজনের কথা মনে পড়ল আমার। ভাবলাম টাক্কুইস্ এখন কোথায়, কী করছে।

ফ্রান্সিসকোকে স্মরণ করলাম আমি। হাস্যোজ্জ্বল একটা মুখের ছবি এঁকেছিল সে। আবার যখন দেখা হবে আমাদের, ভাবলাম, তখনও কি হাসবে সেই মুখ?

এখনও কি আমার বন্ধু থাকবে ও? আমরা বড় হয়ে গেছি এখন, তায় দেখা সাক্ষাৎ নেই অনেকদিন।

ইন্ডিয়ান সমাজের রীতি অনুযায়ী এতদিনে সাবালক হয়ে গেছে ও। কিন্তু আমিও কি তা-ই হইনি?

কত দ্রুত কেটে গৈছে সময়। এরমাঝে কোনরকম যোগাযোগ হয়নি আমাদের।

তবু আশা করলাম, ওর স্মৃতিকে সামান্য হলেও আমি পারব নাড়া দিতে।

আশা করলাম, কাল আমি দেখা পাব ফ্রান্সিসকোর।

সহসা টুটে, গেল আমার তন্দ্রা। ইন্ডিয়ান ওয়েলসয়ে বহুকাল আগে এক বুড়োকে দেখতে পেয়েছিলাম আমি, গলায় তার নীলকান্তমণির মালা ছিল। আজও জানি না, সত্যিই আমি দেখেছিলাম বুড়োকে, নাকি ওটা ছিল আমার নিছক কল্পনা।

আচ্ছা, ভাবলাম আমি, ওই একবারই সে কেন এসেছিল আমার কাছে? আমি যদি দেরি করতাম, সে কি বলত কথা?

আবার কি আসবে কখনও?

.

২৩.

অবিশ্বাস্য ঘটনা যাতে মেনে নিতে পারি সেজন্যে বাবা ছেলেবেলায়ই গড়েপিঠে দিয়েছিলেন আমার মন। এমনিতে, তিনি যুক্তিবাদী মানুষ ছিলেন, কিন্তু সমুদ্র আর মরুভূমিতে জীবন কাটিয়ে বুঝতে পেরেছিলেন জানার কোন শেষ নেই, এবং মানুষ আজ পর্যন্ত যা জানতে পেরেছে তা আসলে অন্তহীন জ্ঞানসমুদ্রের একটা কণা মাত্র।

মনের জানালা খোলা রাখবে সবসময়, বাবা বলতেন। কারণ কোটা সম্ভব আর কোনটা নয়, এ-ব্যাপারে কেউই নিশ্চয় করে বলতে পারে না কিছু।

তাই পরদিন সকালে আমি যখন শয্যাত্যাগ করলাম, তখন বাবার সেই উপদেশই বাজছিল আমার কানে।

লিভিং রুমে এসে দেখলাম জর্জ নাস্তা তৈরি করছে, আর মন্টে কী কাজে যেন বাইরে গেছে।

অল্পক্ষণের ভেতর ফিরে এল সে, বলল, ওই লোকটা তার অপর পা-খানা কোথায় রেখেছিল দেখলাম।

আরেকটা ট্র্যাক? জর্জ জানতে চাইল।

ঠিক তা নয়। মাটি নরম এরকম এক জায়গায় পাথরের ও পা রেখেছিল সে। ফলে পাথরটা দেবে গিয়েছিল। একটা কদম থেকে আরেকটার যা দূরত্ব, তাতে মনে হয় লোকটা আট ফুট লম্বা হবে!

লাফ দেয়নি তো?

 মনে হয় না, জবাব দিল মন্টে। সেক্ষেত্রে পাথরটা একটু হলেও চিড় খেত।

যাক, এ-নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই, বললাম আমি। লোকটা যে-ই হোক, আমাদের কোন ক্ষতি করেনি।

মন্টে বলতে নিয়েছিল কিছু, কিন্তু জর্জ বাদ সাধল। আমার বিশ্বাস, ড্যানের কথাই ঠিক। স্রেফ ভুলে যাও ব্যাপারটা, কেমন? ঘাড় ফিরিয়ে ম্যাক-কায়ার দিকে তাকাল ও। এমনকী কারোকে কোন প্রশ্ন করবে না এ-ব্যাপারে।

শ্রাগ করল মন্টে। বেশ তো।

এরপর আমরা বুনো ঘোড়া এবং কীভাবে ওদের ধরা যায় সে-ব্যাপারে আলাপ শুরু করলাম।

যদি বেশি বুড়ো হয়, মন্টে পরামর্শ দিল, ভাল জাতের হলেও ধরা ঠিক হবে। পোষ মানে না সহজে।

কোন র‍্যাঞ্চ থেকে পালিয়েছে এরকম ঘোড়াও মিলতে পারে কিছু মত প্রকাশ করল জর্জ।

পারে। তবে বুনো ঘোড়াও প্রচুর আছে, বললাম আমি। বাবা একবার কিছু ধরে দিয়েছিলেন ইন্ডিয়ানদের।

আচ্ছা, আমরা কোথায় যাব এই ইন্ডিয়ানদের সঙ্গে দেখা করতে? প্রশ্ন করল মন্টে।

যাব না, বললাম আমি, ওরাই আমাদের খুঁজে নেবে।

তা হলে স্রেফ বসে থাকব চুপচাপ? মন্টের জিজ্ঞাসা।

কখন কোথায় দেখা করবে ওরাই ঠিক করে নেবে সেটা বললাম। ওরা নিজেদের মর্জিতে চলে।

জর্জের স্বভাব ছিল অনেকটা ক্যালিফোর্নিয়দের মত, র-হাইডের ল্যারিয়েট বানাতে পছন্দ করত বড়সড় একটা র-হাইড নিয়ে সেটা পাকাতে বসে পড়ল সে। শিগগিরই বুনো ঘোড়া ধরতে বেরোব আমরা, তারই আয়োজন আরকী! তবে ইন্ডিয়ানদের আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। যদিও আমার দৃঢ় বিশ্বাস ছিল ফ্রান্সিসকো নয়তো অন্য কেউ ওই স্টোরে দেখা করবে আমাদের সাথে।

ঠিক সেই মুহূর্তে অদ্ভুত কিছু একটা কাজ করছিল আমার মাঝে, যার স্বরূপ আজও বুঝে উঠতে পারিনি আমি। মানসিক স্থৈর্য পুরোমাত্রায়ই বজায় ছিল আমার, বলতে কী মরুভূমি থেকে বিদায় নেয়ার পর এতটা শান্তি আমি আর কখনোই বোধ করিনি, আবার এর পাশাপাশি, দুর্গম প্রান্তরে বেরিয়ে পড়ার জন্যে অসম্ভব ছটফটও করছিলাম। আমি জানি না মরুভূমির সাথে আমার আত্মিক কোন সম্পর্ক রয়েছে। কিনা। অনেকে পূর্বজন্মে বিশ্বাস করে। যদি সত্যি হয়ে থাকে সেটা, তবে কি আগের জন্মে মরুভূমিতেই ছিলাম আমি? নাকি এমন কিছু খুইয়েছি এখানে যা ফিরে পাবার জন্যে ব্যাকুল হয়ে উঠেছি এখন?

এইসব প্রশ্ন তখন কুরে খাচ্ছিল আমাকে, তবে এসব কথা আমার সঙ্গীদের জানালাম না।

বাইরে বেরিয়ে পাহাড়পর্বতের দিকে তাকালাম আমি। ওখানে, ওই দূরে কোথাও টাহকুই থাকে। কল্পিত এই জীবটির কথাই বলে কাউইয়ারা, এবং সেই একই জীব মাঝে মাঝে হানা দেয় এ-বাসায় এখন যেখানে রয়েছি আমি। যখন সময় হবে, আপনা থেকেই আত্মপ্রকাশ করবে সে।

সাত ফুট লম্বা? একটু অসম্ভব মনে হলো। কিন্তু আমিও প্রায় ছফুট এখন, এবং ক্রমশ লম্বা হচ্ছি আরও।

ট্র্যাকটা যেখানে ছিল, সেখানে গেলাম আমি, জরিপ করলাম খুঁটিয়ে খুঁটিয়ে। পরে কাজে আসতে পারে ভেবে ওটার ছবি গেঁথে নিলাম মনে। আমার সুবিধার জন্যে ইচ্ছে করেই রেখে যাওয়া হয়েছে ওই ছাপ, যাতে ভবিষ্যতে চিনতে কোন অসুবিধে না হয়।

সেইদিন রাতে দোকান থেকে ঘুরে এসে মন্টে বলল, আমার চেনাজানা আরও কজন লোক থাকে এখানে।

ওর দিকে তাকালাম আমরা, দৃষ্টিতে কৌতূহল। যেমন প্যলিশে ওয়েভার।

পাহাড়ি লোক, জর্জ বলল। চিনি। ভাল মানুষ।

ওর সাথে সেক্সটন নামে আরেকজন রয়েছে। বুড়ো হুয়ান অ্যান্টনিয়োর সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছে ওরা। মন্টে ঘাড় ফেরাল আমার পানে। প্যলিশে তোমার বাবাকে চিনত।

প্রত্যেকেই ভাল লোক ওরা, তবু আমি খুশি হতে পারলাম না। এই মরুভূমি আমি ছাড়া আর কারও হবে এ যেন কিছুতেই সহ্য হলো না আমার। উঠে বাইরের অন্ধকারে গিয়ে দাঁড়ালাম। তারা ফুটেছে আকাশে, পাহাড় থেকে ঠাণ্ডা বাতাস বইছে।

যদি আরও মানুষ আসে মরুভূমিতে, ভাবলাম আমি, তা হলে এখানে যেসব নিঃসঙ্গ উপাস্য, যেসব কিংবদন্তী রয়েছে কী পরিণতি হবে তাদের কোথায় আশ্রয় নেবে প্রাচীন মানুষদের বিশ্বাস? তারা কি আত্মগোপন করবে বৃদ্ধ কোন গাছে নয়তো গুহায়? নাকি, আর কেউ শ্রদ্ধা করবে না তাদের-ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে আমাদের এসব ঐতিহ্য আর কৃষ্টি?

যখন ভেতরে ফিরে গেলাম, আমি বললাম, জানি উপায় নেই, কিন্তু আমি চাই এখানে লোকের ভিড় বাড়ক। আমার যেন মনে হয় এতে বহুকিছু হারাচ্ছি। আমরা।

জর্জ মাথা ঝাঁকাল। তোমার মনের অবস্থা আমি বুঝি। ট্রেইলে যখন আর কারোকে দেখি, আমারও ঈর্ষা হয়। কিন্তু কিছু করার নেই, সবাই আসবে এখানে-এটাই স্বাভাবিক।

ওখানে কিছু একটা রহস্য আছে, জর্জ। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তার সমাধান জানতে হবে আমাকে। কে যেন প্রতিনিয়ত আমাকে ডাকে হাতছানি দিয়ে।

একটুক্ষণ চুপ করে রইল ও, তারপর বলল, তোমার বাবা আমাকে বলেছেন। তোমার মাকে নিয়ে তিনি যখন ছিলেন এখানে, তারা দুজনেই সুখ পেয়েছিলেন খুব। হয়তো বেশিদিন টেকসই হয়নি, তবু পেয়েছিলেন। আমার উপদেশ, এই একটা কথা কোনদিন ভুলে যেয়ো না তুমি।

বাবা-মায়ের কথা মনে পড়তেই আরেকটা মুখ ভেসে উঠল আমার চোখের সামনে। সে-মুখ অ্যানাবেলের। এখন কোথায় ও? আমার কথা কি ভাবে কখনও? অন্ধকারে মুখ লুকিয়ে হাসলাম আমি, বোকার মত আবোলতাবোল চিন্তা করছি বলে। আমার কথা কোন্ দুঃখে ভাবতে যাবে ও? আমি স্রেফ ওর সহপাঠী, এর বেশি কিছু নয়। বরং যখনই চোখ পড়ত ওর ওপর, লজ্জায় লাল হতাম।

আচ্ছা, আমার বাবা আর মায়ের মধ্যে প্রথম দেখা হয়েছিল কীভাবে? বাবাও কি লজ্জা বোধ করেছিলেন? আমার সন্দেহ আছে। তার মাঝে আত্মবিশ্বাস ছিল। দীর্ঘ কয়েকটা মাস পাশাপাশি বসেছি আমরা…তবু অ্যানাবেলকে আমি বলতে পারিনি কিছু। অবশ্যি একধরনের যোগাযোগ ছিল আমাদের মাঝে। ক্লাসে পড়াশুনোয় আর সবার চেয়ে ভাল ছিলাম আমরা। শিক্ষক এ-কারণে প্রায়ই পালা করে আমাদের পড়া শুনতে চাইতেন। কিন্তু আমার বিশ্বাস হলো না এতে ইতরভেদ ঘটবে কিছু।

.

ফ্র্যান্সিসকোর দেখা না পেয়ে অধৈর্য হয়ে পড়েছিলাম আমি, তাই পরদিন সকালে স্যাডলে চেপে স্টোরে গেলাম। সিঁড়ি বেয়ে উঠছি, এই সময় এক লোক বেরিয়ে এল ভেতর থেকে। মাইক ভ্যালেটা।

ওর মুচকি হাসি দেখে রাগে আমার পিত্তি জ্বলে গেল। তোমার ওপর নজর রেখেছিলাম, বলল ভ্যালেটা, তাই যখন দেখলাম মরুভূমিতে যাচ্ছ; কৌতূহল হলো।

এতে আপনার আসে যায় কিছু?

ওর হাসি বজায় রইল, কিন্তু মিলিয়ে গেল কৌতুকের ভাবটা। বোধহয় যায়, বলল ভ্যালেটা। তোমার বাবা অনেকদিন ছিল এই মরুভূমিতে। ইন্ডিয়ানদের সাথে খাতির ছিল তার। আমার বিশ্বাস, এখানেই কোথাও টাকার হদিস পেয়েছিল সে।

টাকা? আমি হতভম্ব। কীসের টাকা?

তোমার বাবা খুব বেশিদিন ছিল না পুবে। অথচ তোমাকে পশ্চিমে নিয়ে আসার জন্যে এককাড়ি টাকা খরচ করেছে। কোথায় পেল?

আমার ধারণা, তোমার মাকে নিয়ে যখন এই মরুর্ভুমিতে ছিল, তখনই টাকার কোন খনি আবিষ্কার করেছিল সে।

ফ্যালফ্যাল করে আমি চেয়ে রইলাম ওর দিকে। পুবে নিদারুণ কষ্টে কেটেছে বাবার জীবন, আমাদের মুখে দুবেলার আহার জোটাতেই হিমশিম খেয়েছেন অনেকসময়। পশ্চিমে আসার ভাড়া জোগাড় করতে গিয়ে, যা কিছু সহায়-সম্বল ছিল আমাদের তার প্রায় সবই বিক্রি করে দিতে হয়েছিল তাকে।

আপনার ধারণা ভুল, সার, বললাম আমি। বাবা যখন পুবে যান, টাকাপয়সা খুর সামান্যই ছিল তার কাছে। এবং সেগুলোও রোজগার করেছিলেন গরুবাছুর আর ফার বিক্রি করে।

পকেট থেকে একটা সিগার বের করল ভ্যালেটা, দাঁত দিয়ে গোড়া কাটল। হতে পারে। আবার নাও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদের আর সবার সাথে সোজাসুজি লস এঞ্জেলেসে না গিয়ে ও এখানে নেমে পড়ল কেন? বাতাসে হাত খেলাল ও। এরকম অজপাড়াগাঁয়ে? আমার বিশ্বাস, নিশ্চয় কোন কারণ ছিল এর পেছনে। আর সেটা সোনা না হয়েই যায় না।

আমার ধারণা, তোমার ওই মিস ডায়ানাও জানে এই সোনার খবর। তা না হলে আর কোন্ কারণে সে খাওয়া-পরা দিচ্ছে তোমাকে? আর তুমিই-বা কেন ওই বুশটাকে সঙ্গে নিয়ে মরুভূমিতে যাচ্ছ?

সিগারটা মুখে গুঁজে ম্যাচের কাঠি জ্বালল ও, দুহাত জড়ো করে বাতাস থেকে আড়াল করল আগুন। তুমি এগোও। আমি আছি পেছনে। হয়তো আমাদের সবার জন্যেই প্রচুর আছে।

ভ্যালেটা, বললাম আমি, তুমি একটা বোকা।

মুহূর্তের জন্যে মনে হলো ও বুঝি মারবে আমাকে, সারা শরীর টানটান করে বললাম, সাবধান, ভ্যালেটা।

আমার কণ্ঠস্বরে নিশ্চয় ছিল কিছু, সাবধান হয়ে গেল ও, পলক তুলল ঝট করে। পরক্ষণে ক্রুর হেসে বলল, বাহু তুমি দেখছি অনেক সেয়ানা হয়ে গেছ এখন। এবার তোমাকে খুন করতে পারব আমি।

কী ঘটে গেল আমার মাঝে জানি না, তবে সহসাই সাহসী হয়ে উঠলাম আমি। মৃদু হাসলাম ওর উদ্দেশে। যখন তোমার খুশি, ভ্যালেটা! যখন তোমার খুশি!

<

Super User