দোরগোড়ায় একমুহূর্ত স্থির রইল ও, লাল-সোনালি চুলে সূর্যকিরণ, তারপর এগিয়ে এসে বসে পড়ল আমার পাশে। আপনা থেকেই উঠে দাঁড়ালাম, আমি, পিছিয়ে গিয়ে ভালমত বসার সুযোগ করে দিলাম ওকে। অ্যানাবেল হাসল আমার উদ্দেশে, আমি কেঁপে উঠলাম। তারপর নিজেও বসলাম মেয়েটির পাশে। ওর গাউনে কানা আমার প্যান্ট ছুঁয়ে গেল।

মিস লরেল, বললেন শিক্ষক, আমাদের নতুন ছাত্র, মাস্টার ডিফো, এইমাত্র আইভান হো-র একটা অংশ পড়ে শুনিয়েছেন আমাদের। তুমি শেষটুকু পড়।

গড়গড় করে পড়ে গেল ও, নিচু অথচ সুরেলা কণ্ঠে। আমি চোখ তুললাম না, ঠায় চেয়ে রইলাম বইয়ের দিকে, যদিও ঝাপসা দেখছিলাম সব। আতরের সুবাস আসছিল আমার নাকে, তাজা, ফুলের মত।

শেষমেশ যখন পলক তুললাম, দেখলাম র‍্যাড আগুন চোখে তাকিয়ে রয়েছে আমার দিকে, আর আমি হঠাৎ অসুস্থ বোধ করলাম। আবার আমাকে আক্রমণ করবে ও, যেমনটা শাসিয়েছে। পরাস্ত করবে আমাকে এবং আমি আবার লুটিয়ে পড়ব ধুলোয়। তবে এবারের পরিস্থিতিটা হবে অন্যরকম।

অ্যানাবেল থাকবে সেখানে। দেখতে পাবে ঘটনাটা। এবং করুণা করবে আমাকে।

ভয় আর মানসিক যন্ত্রণায় ক্ষতবিক্ষত আমি, অপেক্ষা করছি কখন শেষ হবে ক্লাস। জর্জ বুশ আমার ঘোড়া নিয়ে আসবে। প্রাচীন ইন্ডিয়ান ট্রেইল ধরে আলকাতরার খনিতে যাওয়ার কথা আছে আমাদের।

ক্লাস থেকে বেরোনোর সময় আমার দিকে চোখ পড়ল অ্যানাবেলের, ভয়ে আঁতকে উঠল সে। তোমার মুখ! কীভাবে হলো?

মারামারি। বোধহয় এখন আবার হবে।

র‍্যাড। র‍্যাডের কাজ, তাই না?

হ্যাঁ। ওর লজ্জা হওয়া উচিত। দুর্বলের গায়ে হাত তোলে।

তুমি যা ভাবছ, র‍্যাড ততটা বিরাট কিছু নয়।

দরজার উদ্দেশে হাঁটা দিয়েছিলাম আমরা, কিন্তু আমি যখন অ্যানাবেলকে আগে বেরোতে দেয়ার জন্যে পিছিয়ে গেলাম এক কদম, একটা হাত খামচে ধরল আমার কাঁধ, এবং আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। র‍্যাড আমার জায়গায় এসে দাঁড়াল, অ্যানাবেলের পাশাপাশি হলো।

এবার রেগে গেলাম আমি, শীতল ক্রোধ জেগে উঠল। মেয়েটির সাথে বেরিয়ে যাচ্ছিল ও, ডাকরলাম পেছন থেকে।

কী ব্যাপার, চলে যাচ্ছ বড়? ভয় পেলে নাকি?

ঝট করে থমকে গেল র‍্যাড, ঘুরে দাঁড়াল। অন্যরাও দাড়িয়ে পড়ল, ক্লাসের দরজায় আমাদের শিক্ষক পর্যন্ত।

ভয় পাব? তোকে? বইখাতা নামিয়ে রাখল ও, তেড়ে এল আমার দিকে।

এইবার, মনে মনে বললাম আমি। আঘাত করার সুযোগ দিয়ো না ওকে, কুস্তি, লড়।

লম্বায়-চওড়ায় সবদিক থেকেই র‍্যাড আমার দ্বিগুণ, কিন্তু ও কতটা জানে এসবের? ঘুসি মারার জন্যে হাত তুলে রেখেছিল ছোকরা, আমিও। তারপর আচমকা লাফিয়ে পড়লাম ওর পায়ের ওপর, গোড়ালি ধরে মারলাম এক হ্যাচকা টান। সজোরে আছাড় খেল ও।

সঙ্গে সঙ্গে, আমার ডান বগলের নীচে চেপে ধরলাম ওর গোড়ালি, মোচড় দিয়ে প্রায় উপুড় করে ফেললাম ওকে। তারপর ধপ করে আমি বসে পড়লাম র‍্যাডের নিতম্বের ওপর, উল্টো দিকে মুখ করে। ইন্ডিয়ানরা এই কৌশলটি শিখিয়েছিল আমাকে, জানতাম এখন গোড়ালিতে আরেকটু চাপ বাড়ালেই ওর হিপ-জয়েন্ট ভেঙে যাবে।

পেছনে সামান্য ঝুঁকরলাম আমি, ব্যথায় ককিয়ে উঠল র‍্যাড। মিস্টার গ্রে হাঁ-হাঁ করে ছুটে এলেন আমাদের দিকে। বাইরে, রাস্তায়, ইতিমধ্যে এসে পড়েছিল জর্জ, স্যাডলের ওপর বসে দেখছিল মারামারি।

বান্ধবীদের সাথে একটু তফাতে দাঁড়িয়েছিল অ্যানাবেল, ওদের চেহারায় উত্তেজনা আর বিস্ময়।

ছেড়ে দাও ওকে! মিস্টার গ্রে আদেশ করলেন।

দেব, কিন্তু তার আগে ও বলুক, আর কখনও ঘাটাবে না আমাকে। আমি কোন ঝামেলা চাই না।

র‍্যাড, ওর কথার জবাব দাও? গ্রে বললেন।

আমি খুন করব ওকে!

আবার পেছনে সরলাম আমি, এবার আর্তনাদ করে উঠল র‍্যাড। তারপর বলল, না! না! ছেড়ে দাও আমাকে! আর কক্ষনো লাগব না আমি!

ছেড়ে দিয়ে, উঠে পড়লাম আমি। র‍্যাড পড়ে রইল একটুক্ষণ, তারপর উঠে দাড়াল ব্যথায় কোকাতে কোকাতে। আমি সতর্ক, পিছু হঠলাম এক পা।

ঢের হয়েছে, আর নয়! তীক্ষ্ণ স্বরে বললেন মিস্টার গ্রে। ফের যদি গোলমাল কর তোমরা, তোমাদের দুজনকেই বিতাড়িত করব আমি। বোঝা গেছে?

আমি কখনোই গোলমাল করতে চাইনি, বললাম আমি।

র‍্যাড চোখ পাকাল, কিন্তু বলল না কিছু। অ্যানাবেল একঝলক তাকাল আমার দিকে, তারপর ঘুরে চলে গেল ওর দুই বান্ধবী, ডেলা আর কেল্ডার সাথে।

মিস্টার গ্রে-র উদ্দেশে ঘুরে, আমি বললাম, সার, আমি দুঃখিত। আমি চাইনি মারামারি করতে।

যখন পৌঁছুলাম আমার ঘোড়ার কাছে, জর্জ আমার চেহারা দেখে বলল, তুমিও, মনে হচ্ছে, খেয়েছ দু-চার ঘা।

আগের বার। ওর হাত বেজায় লম্বা।

উচিত সাজা পেয়েছে ছোঁড়া। তা ওই কায়দা শিখলে কোত্থেকে?

কাউইয়া। ওরা হামেশা কুস্তি লড়ে।

দাঁড়াও, একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব তোমার। বক্সিং শিখবে। নইলে এরপর যদি কখনও আবার মারামারি হয় তোমাদের, ওই ছোকরা হয়তো, আর তার কাছে ঘেঁষতে দেবে না তোমাকে।

নীরবে খানিকক্ষণ এগোলাম আমরা, তারপর বুশ বলল, শোন, মিস ডায়ানা চান, লস এঞ্জেলেস আর এর আশপাশের এলাকা তুমি চিনে নাও ভাল করে। কেন, তা জানি না, তবে মনে হয় নিশ্চয় এর পেছনে কোন উদ্দেশ্য আছে ওর।

মিস ডায়ানাকে আমার ভাল লাগে।

উনিও ভালবাসেন তোমাকে। আরেকটা কথা, এদিককার সবকটা ভাষা শিখতে হবে তোমাকে। ইন্ডিয়ানগুলোও।

একটু কঠিন হবে।

হোক, মিস ডায়ানা কথাটা তোমাকে বলার জন্যে আমাকে নির্দেশ দিয়েছেন।

সেদিন আলকাতরার খনি এবং আরও কয়েক জায়গায় ঘুরে আমরা যখন বাড়ির পথ ধরলাম তখন প্রায় সন্ধ্যে। বাসায় ফিরে দেখলাম মিস ডায়ানা দরজায় দাঁড়িয়ে, অপেক্ষা করছেন আমার জন্যে। তার চেহারা দেখেই বুঝতে পারলাম আমি, কিছু একটা ঘটেছে। খারাপ কিছু।

.

১৭.

আমার কাঁধে হাত রাখলেন মিস ডায়ানা, কিন্তু মুখ খুললেন জর্জের উদ্দেশে। একটু ভেতরে আসবেন, মিস্টার বুশ? আপনার এখানে উপস্থিত থাকা দরকার।

আমার চুলে বিলি কাটলেন তিনি। ড্যান? তোমার সাথে দেখা করতে এসেছেন একজন অতিথি।

সন্ধে হয়ে গেছে তখন, মোম জ্বলে উঠছে। ডায়ানার কণ্ঠে উদ্বেগের সুর আমার কান এড়াল না। ডান হাতে রাইফেল আর পিস্তল বেল্ট ধরেছিলাম আমি, এগুলো ছাড়া কখনও বাইরে যেতে নিষেধ করা হয়েছিল আমাকে।

না, ড্যান, ওসবের দরকার পড়বে না তোমার। এস, ভেতরে এস।

আমাকে রাস্তা দেয়ার জন্যে সরে দাড়ালেন তিনি, তারপর আমাদের পেছনে দরজা বন্ধ করে দিলেন।

এই একটা মুহূর্ত সারাজীবনেও ভোলার নয়। নীরব কামরা, মৃদু আভা ফুটেছে দুটো মোমদানি থেকে দেয়ালের ধারে নকশাখচিত সিন্দুক, টেবিল, চেয়ার, মেঝেতে শতরঞ্চি, আর দীর্ঘদেহী ঋজু এক মহিলা, সোজা চেয়ে আছেন আমার পানে।

ওঁর চুল কালো, তবে কপালের কাছটায় সাদা। কাঁধের ওপর দামী একখানা শাল। মহিলার অবয়ব কৃশকায়; তবে লোকে যাকে বলে আভিজাত্য তা আছে।

মহিলা যথেষ্ট সুন্দরী, রাশভারী; যৌবন ছিল না তখন আর, কিন্তু ব্যক্তিত্ব ছিল, বয়েস আরেক ধরনের সৌন্দর্য দান করেছিল তাকে। এই আভিজাত্য এর আগে কারও মাঝে দেখিনি আমি, মনে হয় না ভবিষ্যতেও কখনও পাব দেখতে।

ঠিক-মহিলার কণ্ঠ নিচু, অত্যন্ত মিষ্টি-আলবত। একেবারে ওদেরই মত দেখতে তুমি!

এগিয়ে এলেন তিনি, একটা হাত সামনে বাড়ানো। ড্যান, আমি তোমার গ্রেট আন্ট…এলেনা এই মুহূর্তটির জন্যেই এতকাল অপেক্ষা করছিলাম আমি।

গ্রেট-আন্ট? বুশের কাছে আমি শুনেছি আমার নানী মারা যাওয়ার পর থেকে, দাদুর এই ছোট বোনটিই তাঁর সংসার আগলাচ্ছেন। মায়ের কাছেও তার এই ফুফুর প্রশংসা শুনেছি। কিন্তু উনি যদি আমার দাদুর বোন হয়ে থাকেন, তা হলে নিশ্চয় আমার শত্রু হবেন। অথচ তাকে দেখে শত্রু বলে মনে হলো না। তার হাসি আমাকে সস্নেহে কাছে টেনে নিল।

–আমি ড্যান… একটু দ্বিধা করলাম আমি, তারপর যোগ করলাম, ড্যানিয়েল ও’হারা।

 আমি জানি। বসলেন গ্রেট-আন্ট, আর অতি তুচ্ছ এই নড়াচড়াতেই রাজকীয় একটা ভঙ্গি ফুটে উঠল। আমরা কি একটু কথা বলতে পারি, ড্যান? মিস ডায়ানার দিকে ফিরলেন তিনি। আপনি খুব ভাল। আমার হাতে সময় বেশি নেই। ভাই যদি খোঁজ করে…রাতে আমি আবার কখনোই বের হই না কিনা।

ঠিক আছে।

নিঃশব্দে ঘরে প্রবেশ করল জর্জ, কামরার শেষপ্রান্তের একটা চেয়ার দখল করল।

প্লিজ, ড্যান, তুমি আমাকে তোমার মায়ের কথা বল।

আমার মায়ের কথা? কী বলব? কী বলতে পারব তাকে? কেন বলব?

আমি ওকে ভীষণ ভালবাসতাম, ড্যান। ও আমার নিজের মেয়ের মত ছিল। তোমার বাবাকেও পছন্দ করতাম আমি। সবকিছু যদি আমার ইচ্ছায় হত…।

মা খুব সুন্দরী ছিলেন, বললাম, অবিকল আপনার মত। এমনিতে সুখীই ছিলেন, কিন্তু বাড়ির জন্য তাঁর মন কাঁদত। বাবা তাকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে আসতে চেয়েছিলেন, মা দাদুর ভয়ে রাজি হননি।

তোমার বাবা সরসময়ই ওরকম-সাহসী মানুষ ছিল। ভয় কাকে বলে জানত না। বল আমাকে, বাছা, কোথায় ছিলি তোরা? কী অবস্থায় ছিলি? সব খুলে বল আমাকে।

তো, আমি সংক্ষেপে সবই বললাম গ্রেট-আন্টকে। যখন শুনলেন কী কষ্টের মধ্যে মায়ের আমার মৃত্যু হয়েছে, বাবাকে খুন করেছে দাদুর লোকজন, জলে ভরে গেল তার চোখ।

আমি নিজেই টের পাইনি কখন শেষ হয়ে গেছে আমার কথা। পিনপতন নীরবতা নেমে এসেছে ঘরে, আন্ট-এলেনা পাথর! খানিক বাদে রুমালে চোখ মুছলেন তিনি। তোকে ধন্যবাদ, বাছা, আমাকে সব বলার জন্যে।

উঠে দাঁড়ালেন তিনি। এবার আমাকে যেতে হবে। কখনও যদি আমাকে তোর প্রয়োজন পড়ে, বাছা, সিনর বুশ নয়তো ডায়ানাকে দিয়ে একটা খবর দিস। আর তুই সাবধানে থাকিস একটু! তোর দাদুর ব্যাপারে আমি কিছুই করতে পারব না। এ নিয়ে বহুবার আমাদের তর্ক হয়েছে।

এখনও সে জানে না কিছু। জানলে আমি ঠিকই খবর পাব। ওর বিশ্বাস তুই মারা গেছিস। এখন তো প্রায়ই বলছে স্পেনেই ফিরে যাবে আবার।

তবে তুই, বাবা, গোলমাল থেকে দূরে থাকিস। স্কুলে কী এক মারামারির কথা বলছিল মেয়েরা, তখনই ড্যান নামটা কানে এল আমার, শুনলাম সে মিস ডায়ানার বাসায় থাকে। আমি জানতাম ডায়ানা তোর বাবার সাথে একই ওয়াগনে চেপে এসেছেন, এবং সিনর বুশ তখন কাজ করতেন সিনর হিউজের অধীনে।

দরজার উদ্দেশে এগোলেন গ্রেট-আন্ট, কিন্তু তাকে বাধা দিয়ে আচমকা উঠে দাঁড়াল জর্জ। এক মিনিট, ম্যাম। আমি আগে বাইরেটা দেখে আসি একবার।

একটু বাদেই ফিরে এল ও। ঠিক আছে, ম্যাম। বুঝলেন না, সাবধান থাকা ভাল।

দরজায় হঠাৎ থমকে দাঁড়ালেন এলেনা, চুমু খেলেন আমার কপালে। তারপর থতমত খেয়ে বেরিয়ে গেলেন বাইরে, অন্ধকারে অদৃশ্য হলেন।

পেছন থেকে আমার কাঁধে আলতো একটা হাত রাখলেন মিস ডায়ানা। ড্যান, আমার বিশ্বাস উনি তোমাকে ভালবাসেন, যেমন বাসতেন তোমার মাকে।

কিন্তু উনি তো জানেন না আমাকে।

তোমার মাঝে তোমার মাকে দেখতে পেয়েছেন উনি। টিয়া এলেনার কোন ছেলেপুলে নেই, তাই তোমার মাকে নিজের মেয়ে মনে করতেন। আর এখন তোমার কথা ভাবছেন।

ভদ্রমহিলা বেশ ভাল।

হ্যাঁ। এখানে এসে বিরাট ঝুঁকি নিয়ে ফেলেছেন। তোমার দাদু জানতে পেলে অনর্থ করবেন, হয়তো আটকে রাখবেন ওকে।

করতে পারবেন এরকম?

পারবেনএবং করবেনও।

.

সেরাতে ঘুমোলাম না আমি, কেবলই ভাবলাম টিয়া এলেনার কথা। কিছু কিছু ব্যাপারে মিস ডায়ানার সাথে মিল আছে তার, তবু আলাদা, চমৎকার ইংরেজি বলেন, যদিও আঞ্চলিক টান রয়েছে। দেখলাম ওঁর কথা ভাবতে ভাল লাগছে আমার, কারণ তিনি আমার আত্মীয়, আমার নিজের রক্তের, তিনি ছাড়া দুটো সুখদুঃখের কথা বলার মত আর কোন আত্মীয়কে আমি চিনি না।

পাশাপাশি একধরনের অস্থিরতাও পেয়ে বসেছে আমাকে, বারবার মরুভূমি আর পাহাড়ে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে। ফ্র্যান্সিসকো এখন কোথায়? ও কি ভুলে গেছে আমাকে?

বুনো জায়গার প্রতি টান আমার রক্তে, এবং আরও কিছু আছে, অদ্ভুত সব হাতছানি, বাতাসে কারা যেন ফিসফিস করে ডাকে আমাকে ফিরে যেতে বলে সেখানে চাঁদের কাছে যেখানে কাতর ফরিয়াদ জানায় নিঃসঙ্গ কয়ৌট, আর দৈত্যকায় ফণিমনসা হাত বাড়িয়ে থাকে আকাশের দিকে।

কিন্তু ফিরতে পারব না আমি। এখনও নয়। বাবা চাইতেন আমি যেন স্কুলে যাই, মিস ডায়ানা জানতে চেয়েছেন বড় হয়ে কী হওয়ার ইচ্ছে আমার। সম্ভবত উনি যে শুধু এটুকু জানতে চান তা নয়, আসলে তিনি চাইছেন আমি যেন এখন থেকেই ভাবতে শুরু করি ভবিষ্যতের ভাবনা।

যখন সকাল হলো, মিস ডায়ানার সাথে বইয়ের দোকানে গেলাম আমি, সাহায্য করব তাকে। পথে দুজন সুদর্শন ক্যালিফোর্নিয় যুবক পাশ কাটিয়ে গেল আমাদের। ঘোড়া দুটোও চমৎকার, স্যাডলগুলো রুপোর পাতে মোড়ানো। সমব্রেরোর কারনিস ছুয়ে মিস ডায়ানাকে অভিবাদন জানাল, আর আমি ঈর্ষাতুর চোখে চেয়ে রইলাম।

বড় বড় দাঁতওয়ালা স্পারের ঝুনঝুন তুলে চলে গেল দুই অশ্বারোহী, রোদ পড়ে ঝকমক করে উঠল ওদের ঘোড়ার গা। সত্যিই, ঘোড়ায় চড়ায় এই ক্যালিফোর্নিয়দের জুড়ি হয় না আর।

ওদের জন্যে আমার দুঃখ হয়, বললেন মিস ডায়ানা।

 কেন? চমকে উঠে জিজ্ঞেস করলাম আমি।

দেখতে পাচ্ছ না, ড্যান, ওদের পৃথিবী কত দ্রুত শেষ হয়ে আসছে, অথচ ওরা বুঝতে পারছে না সেটা। এখনও আরাম-আয়েসে গা ভাসিয়ে রয়েছে, ভবিষ্যতের ভাবনা ভাবছে না। কিন্তু পৃথিবী বদলে যাচ্ছে। হ্যাঁ, ড্যান, ওরা বুঝতে পারছে না, ওদের দিন শেষ হয়ে গেছে।

শেষ হয়ে গেছে?

হ্যাঁ। শিগগিরই পরিবর্তনের ধাক্কা লাগবে এখানে। বস্টনের মানুষজন এসে পড়েছে।

.

১৮.

 ঠিক বুঝলাম না, বললাম আমি।

আগেই বলেছি ক্যালিফোর্নিয়রা বিলাসী, অতিথিপরায়ণ জাত। ঋণ করে হলেও বড়লোকি করা চাই ওদের। অন্যদিকে, বস্টনের লোকেরা পরিশ্রমী, ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না। ওই যে দুজন ক্যালিফোর্নিয় যুবককে দেখলে ওরা কয়েক হাজার একর জমির মালিক ছিল একসময়…

ছিল?

হ্যাঁ। জমি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল ওরা। এখন সুদে-আসলে যা দাঁড়িয়েছে সেটা শোধ দেয়ার ক্ষমতা ওদের নেই। ফলে ওই জমি এখন আমার।

দোকানে এসে দরজার তালা খুললাম আমি। ভেতরে ঢুকে মিস ডায়ানা তার টুপি আর ছাতা ঝুলিয়ে রাখলেন স্ট্যান্ডে।

আগের দিন সন্ধ্যেয় নতুন বইয়ের চালান এসেছিল আমাদের। বড় বড় দুটো বায় প্যাক করা ছিল ওগুলো। আজ সকালে আমার প্রথম দায়িত্ব হলো বইগুলো বের করে একটা তালিকা প্রস্তুত করা, তারপর শেলফের এমন জায়গায় রাখা যাতে সহজেই চোখে পড়ে।

কাজটা আমার পছন্দ, তাই সোৎসাহে লেগে পড়লাম। কিন্তু একই সঙ্গে ভাবতে লাগলাম মিস ডায়ানার কথা। কে এই মহিলা? কোত্থেকে এসেছেন? পশ্চিমে আসার পথে অন্যরা যখন নিজেদের কথা বলছিল মিস ডায়ানা তখন চুপচাপ শুনে গেছেন সেগুলো। কেউ কেউ ধারণা করেছিল তিনি একসময় স্কুলটিচার ছিলেন, তবে সেটা ছিল নিছক অনুমান। আসল সত্যটা কেউই জানতে পারেনি, শেষমেশ সবাই ধরে নিয়েছিল তিনি পশ্চিমে আসছেন বিয়ে করতে। কিন্তু আমার বিশ্বাস হয় না এটা। পুরুষদের সঙ্গ পছন্দ করেন ডায়ানা, ওদের কথাবার্তা উপভোগ করেন, কিন্তু আমি লক্ষ করেছি কেউ বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেই সযত্নে তাকে এড়িয়ে যান তিনি। প্রায়ই দেখি জানালা দিয়ে তিনি তাকিয়ে আছেন বাইরে, ঠোঁট দুটো শক্ত হয়ে চেপে বসেছে পরস্পর মুখ খড়িমাটি। আমি বুঝেছি, কিছু একটা চিন্তা করছেন মহিলা, তবে সেটা কী তা আন্দাজ করতে পারিনি।

তবে তার ভেতর একটা দৃঢ়সংকল্প, প্রাণশক্তিকে উপলব্ধি করতে পেরেছি আমি। এবং মনে হয়েছে আমার মাঝেও আছে এর ছিটেফোঁটা। একদিন স্কুল ছুটির পর দোকানের কাজে সাহায্য করতে এসেছি আমি, কথাটা নিজে থেকেই তুললেন ডায়ানা।

টমাস, গ্রে-র সঙ্গে দেখা হয়েছিল আমার। বললেন, স্কুলে তুমি ভাল করছ, ড্যান। শুনে আনন্দ লাগল। একটু থামলেন তিনি, এবং পরক্ষণে কঠোর, প্রায় ক্রুদ্ধ শোনাল তার কণ্ঠস্বর। আমি চাই তুমি ওদের দেখিয়ে দাও, ড্যান। ওরা তোমার বাবা-মাকে একঘরে করেছিল, এখন তোমাকেও করেছে তুমি ওঁদের ছেলে বলে।

ওদেরকে তুমি দেখিয়ে দাও, ড্যান। নামকরা কেউ একজন হও! গর্ব-করার মত কর কিছু একটা!

এখানে যারা আসেন, মন দিয়ে শুনবে তাঁদের কথা। শিক্ষা শুধু স্কুলের চারদেয়ালে বন্দী হয়ে থাকে না। মানুষের সাথে মিশলেও অনেক কিছু শেখা যায়।

এভাবে তুমি তোমার শত্রুদের চেয়ে বড় হয়ে উঠতে পারবে। ক্ষমতার দৌড়ে হারাতে পারবে ওদের।

মানুষের জীবনটাই নির্ভর করে সিদ্ধান্তের ওপর। এখনই সিদ্ধান্ত নাও কী হতে চাও তুমি এবং কী করবে ভবিষ্যতে। দুটো জিনিসকে যে একই হতে হবে তার কোন মানে নেই, তবে কখনও কখনও এক হতেও পারে।

.

ওদিকে, স্কুলে বেশ কয়েক মাস কেটে গেছে আমার। র‍্যাড আমাকে এড়িয়ে চলে সবসময়, যদিও আমি জানি আমাদের বিবাদ মেটেনি এখনও। অ্যানাবেল লরেল। আমার পাশেই বসছে নিয়মিত, তবু আমার আড়ষ্টতা দূর হয়নি। মেয়েদের সাথে ভাব জমানোর অভিজ্ঞতা আমার বিশেষ নেই।

আর সবার চেয়ে পড়াশুনোয় আমরা এগিয়ে, তবে অ্যানাবেল অঙ্কে আমার চাইতে ভাল।

র‍্যাড বেশ চটপটে, কিন্তু লেখাপড়া জিনিসটা ওর মোটেও পছন্দ নয়। আর মিটার গ্রে-র চেয়ে ওর শক্তি, ক্ষমতা বেশি হলেই হয়তো তাকেও অপছন্দ করে সে, তবে স্কুলে টিকে থাকার জন্যে ক্লাসের পড়াটা নিয়মমাফিক চালিয়ে যায়। আমি এড়িয়ে চলি ওকে। নতুন করে ঝামেলা সৃষ্টি করার কোন ইচ্ছে আমার আদৌ নেই। তা ছাড়া একবার ওকে আমি হারিয়েছি সত্যি, কিন্তু এরপর হয়তো ব্যাপারটা তত সহজ হবে না, কারণ ও হুঁশিয়ার থাকবে।

মিস ডায়ানা, অথবা জর্জ বুশও হতে পারে, নিশ্চয় আড়ালে বলে রেখেছে তাকে, কারণ টমাস গ্রে কখনও এমন কোন আচরণ করেন না যা থেকে বোঝা যেতে পারে তিনি আগে থেকেই আমাকে বা আমার বাবাকে চিনতেন। এমনকী স্যান্তা ফে থেকে পাহাড়পর্বত আর মরুভূমির মাঝ দিয়ে আমাদের সেই অভিযানের কথাও তাকে বলতে শুনি না।

হামেশাই, যখন আমরা নিজেদের সিটে বসে যাই, এমন কোন সাধারণ বিষয়ে আলোচনা শুরু করেন তিনি যেটা ওই মুহূর্তে তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।

 আসলে, এক সকালে বললেন গ্রে, সুশিক্ষিত মাত্রেই স্বশিক্ষিত। শিক্ষকের ভূমিকা এখানে গাইডের মত, কোন্ পথে কীভাবে এগোতে হবে সেইটে দেখিয়ে দেয়া। স্কুল, তা যত উঁচুমানেরই হোক না কেন, তোমাদেরকে শিক্ষিত করে তুলতে পারবে না।

তোমরা যা পাও তা মূলত সাধারণ একটা ধারণা, বাচ্চাদের ছবি আঁকার বইয়ে যেমন রেখা টানা থাকে তেমনি। রঙ দিয়ে এগুলো ভরবার দায়িত্ব তোমাদের নিজেদের।

ছুটির পর ক্লাস থেকে বেরোচ্ছি আমরা, হঠাৎ খেয়াল করলাম অ্যানাবেল আমার পাশে। ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকাল ও, বলল, ওঁকে তোমার কেন মনে হয়? মানে মিস্টার গ্রে-কে?

ভাল। আমার বিশ্বাস উনি লেখক হতে চান।

আচ্ছা, উনি লেখাপড়া করেছেন কোথায় জান?

স্কটল্যান্ডে। আমার বিশ্বাস উনি একজন স্কটিশ। পরক্ষণে ভয় হলো আমার বেশি বলে ফেলেছি মিস্টার গ্রে সম্পর্কে, তাড়াতাড়ি যোগ করলাম, মানে ওঁর নামটা স্কটিশ কিনা।

সেদিনই প্রথম কোন ব্যাপারে অ্যানাবেল আলাপ করল আমার সাথে, তবু শঙ্কিত হলাম আমি। মিস্টার গ্রে সম্পর্কে আমি কোন আলোচনায় যেতে চাইতাম না কারণ তার সম্বন্ধে আমি বেশি জানি এটা প্রকাশ হয়ে পড়লে সন্দেহ জাগতে পারে মানুষের মৃনে, এবং খোঁজখবর নিতে পারে কীভাবে এসব জানলাম আমি।

তোমার বাবা তো একটা জাহাজের ক্যাপ্টেন, তাই না? বললাম।

হ্যাঁ, তবে উনি বলেন,পরিচালক, ক্যাপ্টেন শব্দটা তার পছন্দ নয়। চীনে যান। বাবা, বার কয়েক কেপ অভ হর্ন-এর দিকেও গেছেন।

একথার জবাবে আমি বললাম না কিছু। অ্যানাবেল আড়চোখে তাকাল আমার দিকে। তুমি তো পুব থেকে এসেছ?

আমাদের অধিকাংশই তাই। মানে, আমরা যারা স্প্যানিশ নই আরকী।

বাবার ধারণা অন্যের নজর কাড়ার ক্ষমতা আছে তোমার মাঝে।

সবিস্ময়ে, আমি বললাম, তোমার বাবার? কিন্তু তিনি তো আমাকে চেনেন না!

দেখেছেন। আমি তাকে বলেছি তুমি পড়াশুনায় কত ভাল। উনি বললেন তোমাকে দেখে তার আর একজনের কথা মনে পড়ছে।

এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম আমি। ওর সাথে আরও গল্প করার ইচ্ছা ছিল, কিন্তু ভয় পেলাম যদি এমন কোন প্রশ্ন করে বসে অ্যানাবেল যার উত্তর দেয়া সম্ভব নয় আমার পক্ষে।

আমাকে একটু বেশি পড়তে হয়, ব্যাখ্যা করলাম। মিস ডায়ানার বইয়ের দোকানে কাজ করি আমি।

বাবা আলাপ করতে চেয়েছেন তোমার সাথে। বলেছেন আমি যেন তোমাকে একদিন আমাদের বাসায় নিয়ে যাই।

বেশ তো, যাব না হয় একদিন, বললাম আমি।

একটা মোড়ে এসে গিয়েছিলাম আমরা। আমাকে এবার দোকানে যেতে হবে, বললাম।

ওখানেই ছাড়াছাড়ি হলো আমাদের, কিন্তু আমি যখন ফিরতি পথ ধরার জন্যে ঘুরছি তখন হঠাৎ লক্ষ্য করলাম রাস্তার ওপাশে ব্লাড দাঁড়িয়ে, ক্রুদ্ধ চোখে মাপছে আমাকে। একটু বাদে, আবার যখন পেছনে তাকালাম আমি, তখনও দাড়িয়ে আছে সে; তবে অ্যানাবেল বাসায় চলে গেছে।

মিস ডায়ানা তার টুপিটা মাথায় দিচ্ছেন এই সময়ে দোকানে পৌঁছুলাম আমি। ড্যান, মিনিট কয়েকের জন্যে একটু বাইরে যেতে হচ্ছে আমাকে। এদিকটা তুমি সামলে নিয়ো, কেমন?

বেরিয়ে গেলেন উনি, আর আমি মেঝে থেকে এলোমেলো কিছু খবরকাগজ তুলে নিয়ে সাজিয়ে রাখলাম সেগুলো। তারপর নজর দিলাম বুক-শেলফের দিকে। সবে নামিয়েছি একটা বই; হঠাৎ খুলে গেল দরোজা।

মাইক ভ্যালেটা দোরগোড়ায় দাঁড়িয়ে।

ওয়াগনে যেমন দেখেছিলাম এখন তার চেয়ে যথেষ্ট উন্নতি হয়েছে ওর পোশাক আশাকের! দাড়ি সুন্দর করে ছাঁটা, হাবভাবে আত্মবিশ্বাসের ছাপ। আগের সেই রুক্ষভাবটাও নেই।

কেমন আছ, বাছা? অনেকদিন পর দেখলাম তোমাকে।

কিছু চাই আপনার?

হাসল ও, তবে সেটা মোটেও মধুর নয়। তোমার বাবা মারা পড়েছে, বলল ও। আসলে ততটা চালু ছিল না সে।

ওরা দলে ভারি ছিল, বললাম আমি।

হতে পারে…হতে পারে। আমাকে ভেংচি কাটল ভ্যালেটা। তবে তোমার সাহস আছে মানতে হবে, বাছা, একেবারে তোমার শত্রুর নাকের ডগায় এসে বসে আছ।

হাতুড়ির ঘা পড়তে শুরু করল আমার বুকে। ভয় পাচ্ছিলাম আমি, কিন্তু চেষ্টা করলাম ও যেন সেটা টের না পায়।

আমি,তক্কেতক্কেই ছিলাম, বাছা। ভেব না সব ভুলে গেছি। ডেস্কের ওপর হাত রেখে সামনে ঝুকল ভ্যালেটা। তোমাকে আমার কখনোই পছন্দ হয়নি, তোমার বাবাকেও না। নিজেকে খুব বড় ভাবত সে।

যাক, বুড়োটা তো গেছে, কিন্তু তুমি আছ। ঠিক যেখানে আমি পেতে চাই সেখানে। যখন সময় হবে আমার, একহাত দেখে নেব তোমাকে।

আর ওই ডায়ানা মেয়েটা, ওর মতলবখানা কী? আমি ভেবেছিলাম ও পশ্চিমে আসছে বিয়ে করতে। কিন্তু এখন আর ততটা নিশ্চিত হতে পারছি না।

চুপ করে রইলাম আমি, কায়মনোবাক্যে প্রার্থনা করছি মিস ডায়ানা যেন ফিরে না আসেন, অন্তত এখুনি। ডেস্কের ড্রয়ারে পিস্তল রয়েছে একটা, আমি জানি, ভাবছিলাম চটজলদি কীভাবে ওটার নাগাল পাওয়া যায়।

শুনেছি, ও নাকি ভালই মাল কামাচ্ছে। তাই ভাবছি তোমার ব্যাপারে মুখ বুজে থাকার জন্যে কত হকা য়ায়।

আমার ব্যাপারে? ন্যাকা সাজলাম আমি। কেন, আমার জন্যে কোন দুঃখে টাকা দিতে যাবেন উনি। আমি এতিম, তাই দয়া করে আমার খাওয়া-পরার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমি তাকালাম ভ্যালেটার দিকে। ওঁর দোকানে আমি কাজ করি।

কয়েকটা বই নিয়ে, শেলফে তুলে রাখলাম ওগুলো। নিশ্চয় মাথা খারাপ হয়েছে আপনার, বললাম। আমার জন্যে আপনি যদি টাকা দাবি করেন, উনি তা দেবেন তো না-ই, উপরন্তু হয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন আমায়। ভাববেন, আমি একটা উটকো বোঝা হয়ে গেছি তার জন্যে।

শেলফ থেকে যখন ফিরে এলাম আমি, সোজা ডেস্কে এসে দাঁড়ালাম। আমার খুব কাছেই রয়েছে ভ্যালেটা, তবে আমিও পিস্তলটার কাছাকাছি রয়েছি। এবার ভ্রুকুটি করল সে, ভাবলাম নিশ্চয় আমার কথায় দ্বিধায় পড়ে গেছে সে। কেউ আমার কথা ভাবে না। কণ্ঠে তিক্ততার সুর ফোটানোর প্রয়াস পেলাম আমি। শুধু উনিই যা একটু ভাল ব্যবহার করেন।

কী জানি। সিগার বের করে ধরাল ভ্যালেটা। আচ্ছা, ওই বাড়িটা…মরুভূমির…ওটা তোমার বাবার?

আমরা ওখানে ছিলাম। এই পর্যন্ত।

এবার, হঠাৎ করেই বদলে গেল ওর ব্যবহার। হেসে উঠল হা-হা করে। ধেৎ! তোমার সাথে আমি এমনি মস্করা করছিলাম, বাছা! আসলে আমার ধারণা, তোমার বাবা একজন উঁচুদরের মানুষ ছিলেন। উঁচুদরের মানুষ।

চারপাশে নজর বোলাল ভ্যালেটা। তবে এটাও ঠিক, তুমি বেশ ভাল জায়গায়ই আছ, বাছা। চেষ্টা করলেই টু-পাইস কামাতে পারবে।

ঠোঁট থেকে সিগার নামিয়ে, আরেকটু সামনে ঝুঁকল ও। তুমি আর আমি, আমরা একসাথে এসেছি পঠিমে। আমরা বন্ধু। তাই কোন খবরটবর যদি পাও..মানে ব্যবসাপাতি, টাকাপয়সা এসবের আরকী…আমাকে জানাবে। বুঝেছ?।

অ্যাশট্রেতে ছাই ঝেড়ে সিগারটা আবার দাঁতের ফাঁকে গুজল সে। তা ছাড়া, বিদ্রোহের খবর আছে। আমেরিকানরা আসছে এখানে সে-খবর আছে। উইলসনকে চেন…ওই লোক সব জানে। বোধহয়স্টার্নসও…যাই হোক, যদি কিছু শুনতে পাও, সোজা চলে আসবে আমার কাছে। আমি তোমাকে মোটা বখশিস দেব।

সিগারের পাশ দিয়ে আমার উদ্দেশে দাঁত কেলাল ও, তারপর চোখ মটকাল।

পার্টনার, বুঝলে! তুমি আর আমি!

মিস ডায়ানা এসে পড়বেন যে কোন মুহূর্তে, বললাম আমি।

দরজায় গিয়ে দাঁড়াল ভ্যালেটা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে তুমি কিন্তু মনে রেখ কথাটা!

বেরিয়ে গেল ও, পেছনে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল দরজা।

.

১৯.

প্রায় রাতে গুলির শব্দ শুনতে পেতাম আমরা। সাধারণত সনোরা টাউন থেকে ভেসে আসত ওগুলো, কিন্তু তাই বলে দাঙ্গাহাঙ্গামাকারীরা সবাই যে মেক্সিক্যান বা ক্যালিফোর্নিয় ছিল তা নয়। দলে ভারি থাকলে, অ্যাংলোরাও শরিক হত এতে। খুনখারাপি লেগেই থাকত; চাকুবাজি আর ছিনতাই ছিল নৈমিত্তিক ব্যাপার।

 মাঝেসাঝে কাছেপিঠের কোন র‍্যাঞ্চ থেকে দলবেঁধে ভ্যাকুয়েরোরা আসত শহরে, সবচেয়ে কাছের কোন ক্যান্টিনায় ঢুকে পড়ত গলা ভেজাতে।

কোথাও নাচের দাওয়াত না থাকলে মেয়েরা সন্ধ্যার পর বেরোত না রাস্তায়, আর যদিও-বা বেরোত কখনও, সঙ্গে ব্যাটাছেলে কেউ থাকত। তবু একদিন মাঝরাতের দিকে যখন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, বাইরের ঘরে নারীকণ্ঠ শুনতে পেলাম।

রীতিমত চমকে গেলাম আমি, এবং উদ্বিগ্নও হালাম খানিকটা। কান খাড়া করলাম। আপনার কাছে সাহায্যের আশায় ছুটে এসেছি আমি। আর কেউ নেই। গলাটা চেনা-চেনা ঠেকল আমার।

নিশ্চয়, ডোনা এলেনা। বলুন, আমি কী করতে পারি আপনার জন্যে?

আমি ব্যবসা বুঝি না। টাকাপয়সার সাথে সম্পর্ক আছে এরকম কিছুই বুঝি না। আমার স্বজাতির লোকেরা টাকা জিনিসটার মূল্য দেয় না। আমরা…আমরা পণ্যবিনিময় করি। একটা জিনিস দিয়ে অন্য আরেকটা নেই। আপনার দোকান আছে। বই রাখেন সেখানে।  

আমি ঠিক জানি না, তবে শুনেছি মাঝে মাঝে ব্যবসাও করেন আপনি।

আপনার প্রয়োজনটা কী সেটাই বলুন?

টাকা খাটাতে চাই। ব্যবসা করতে চাই। ধনী হতে চাই আমার টাকা খাটিয়ে।

দোনোমনো করছিলেন মিস ডায়ানা, কিন্তু শেষপর্যন্ত বললেন, ঝুঁকি আছে এতে। লাভ পেতে চাইলে, লোকসানের জন্যেও তৈরি থাকতে হবে।

জানি। এটা অনেকটা জুয়ার মত, আমার ধারণা। কখনও আমার হাতে ভাল তাস উঠবে, কখনও আরেকজনের। আমি ব্যবসার কিছুই বুঝি না, কিন্তু আমার বিশ্বাস আপনি বোঝেন।

আপনার ভাইয়ের কী ইচ্ছে?

ও জানে না। জানলে বিরক্ত হবে আমার ওপর। করতে দেবে না। ও টাকা ধার করে, কিন্তু যারা ঋণ দেয় তাদেরকে ঘৃণা করে। ও হলো জমিদার। যখন খুশি তখন শোধ দেবে। কেউ ফেরত চাইবে না ওর কাছে।

ইয়াংকিরা চাইবে। চাপ দেবে এজন্যে।

আমিও তাই শুনেছি।

একটুক্ষণ চুপ রইলেন মিস ডায়ানা, যেন ভাবছেন কিছু। নিজের টাকা আছে আপনার? ভাই জানবেন না?

আছে, তবে ও জানে না। আমার মায়ের দেয়া টাকা। ডোনা এলেনা অধোবদন হলেন। মা জানতেন আমার স্বামী নেই, বাবা আর ভাইয়ের ছেলে পছন্দ হত না, ফলে আমারও বিয়ে হয়নি। কিন্তু মা বুঝতেন এর জ্বালা, তাই গোপনে কিছু সোনাদানা দিয়ে গেছেন।

আমাকে একজন বলেছে টাকায় টাকা টানে। তাই ভাবলাম, আপনি আমাকে পথ দেখাতে পারবেন। বুঝতেই পারছেন, ব্যাপারটা ফাঁস হওয়া চলবে না। কারণ আমি হচ্ছিডোনা এলেনা।

বুঝেছি। তাই আপনি আমার সাহায্য চাইছেন। কিন্তু কীভাবে, বলুন?

আমাকে কোথাও টাকা খাটাবার ব্যবস্থা করে দিন। আমি লাভ দেব আপনাকে।

প্রসঙ্গ পালটালেন মিস ডায়ানা। আপনাদের র‍্যাঞ্চটা…খুব বড়?

 বিরাট।

আপনার ভাই যে টাকা ধার করেছেন তার পরিমাণ কত…অনেক?

আমার মনে হয়। ওর খাই বেশি, কিন্তু গরুর চামড়া বেচে আয় হয় না তত। কিছু বলতে গেলে, তুড়ি মেরে উড়িয়ে দেয়, বলে সব ঠিক হয়ে যাবে, আর কেবল ধার করে।

উনি কার কাছ থেকে ধার করেন আপনি জানেন?

এর-তার কাছ থেকে। এখানে কিছু, ওখানে কিছু।

এই যে আপনি টাকা খাটাতে চাইছেন…এখনই লাভ দরকার।

প্রশ্নই ওঠে না! এসব আমি করছি ভবিষ্যতের জন্যে। আমি দেখলাম মিস ডায়ানার চোখে চোখ রাখলেন আন্ট এলেনা। মৃত্যুর পর আমার লাশ সত্ত্বারে যেন কোন অসুবিধে না হয়।

আপনি যদি লোকসানের ঝুঁকি নিতে রাজি থাকেন, আমি সাহায্য করব আপনাকে। একটু থামলেন ডায়ানা। এ-ব্যাপারে আপনার কোন বিশেষ ইচ্ছে টিচ্ছে?

একটা। শুরুতে এমন কিছু ধরতে চাই যাতে তাড়াতাড়ি কিছু হাতে আসে। ভাই যেসব ঋণ করেছে সেগুলো আমি শোধ করে দিতে চাই।

বুঝেছি।

তবে ওর জানা চলবে না। কিছুতেই নয়। তা হলে ভয়ানক খেপে যাবে। শেষ করে ফেলবে আমাকে। যে ধার দিয়েছিল তাকে শেষ করবে-আপনাকেও করবে।

মৃদু হাসলেন মিস ডায়ানা। আমি এত সহজে শেষ হব না, ডোনা এলেনা।

ও যদি জানতে পায় আমার টাকা আছে, চাইবে, এবং দিতে বাধ্য হব আমি।

জানবেন না। আপনি টাকা নিয়ে আসতে পারবেন এখানে?

মেঝে থেকে একটা কাপড়ের থলে তুলে নিলেন ডোনা এলেনা। এতে আছে কিছু। টেবিলের ওপর থলেটা রেখে ভেতরে হাত ঢোকালেন তিনি, কিছু স্বর্ণমুদ্রা বের করলেন। তারপর থলে থেকে ছোট্ট আরেকটা ব্যাগ বের করলেন আন্ট, ফিতে খুলে উজ্জ্বলমত কী যেন ঢেলে দিলেন টেবিলে। এগুলোও আছে।

এ তো অনেক। এগুলো দিয়ে আপনি বিশ্বাস পাচ্ছেন আমাকে?

সমাজে আপনার সুনাম আছে। তা ছাড়া আমার ধারণা, আপনি আমাকে ঠকাবেন না।

এরপর যদি আরও কথা হয়েও থাকে, আমি শুনতে পাইনি, তার কারণ আমি ঢলে পড়েছিলাম, গভীর ঘুমে, এবং আবার যখন সজাগ হালাম তখন ঘর অন্ধকার, বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কোন আওয়াজ নেই।

চুপ করে শুয়ে রইলাম আমি, টিয়া এলেনার কথা ভাবতে লাগলাম। তাঁর মত সম্রান্ত মহিলারা সচরাচর পর্দার আড়ালেই থাকেন, স্বামী বা বাবার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পান না কিছু।

একটা প্রশ্ন জাগল আমার মনে, হঠাৎ এ-পদক্ষেপ নিচ্ছেন কেন আন্ট এলেনা? নিশ্চয়ই স্বাবলম্বী হতে চাইছেন খানিকটা, ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা চাইছেন, এ ছাড়া আর কী হবে? কিন্তু মিস ডায়ানার কাছে এলে কাজ হবে এটা টিয়া এলেনা বুঝলেন কেমন করে? আগে থেকেই জানতেন, নাকি তাঁর নিজস্ব গণ্ডির বাইরে একমাত্র ডায়ানাকেই বিশ্বাস পেয়েছেন?

এইসব সাত-পাঁচ ভাবতে ভাবতে ফের ঘুমিয়ে পড়লাম আমি। যখন জাগলাম, সকাল হয়েছে, বসার ঘরে গলা পেলাম জর্জ বুশের। ঝটপট পোশাক বদলে, ওর সঙ্গে দেখা করতে গেলাম আমি। সামনে কফি নিয়ে মিস ডায়ানার সাথে আলাপ করছিল ও।

পরিশ্রমের কাজ, তবে লাভ আছে, বলছিল বুশ। স্যান হোয়াকিন-এ হাজার হাজার বুনো ঘোড়া আছে, এবং এগুলোর মধ্যে ভাল জাতেরও পাওয়া যায়।

কজন লোক লাগবে ধরতে?

 চার-পাঁচজন।

আমার দিকে ফিরলেন ডায়ানা। ড্যান, তোমার ইন্ডিয়ান বন্ধুরা সাহায্য করবে? আমি উপযুক্ত পারিশ্রমিক দেব।  

করতে পারে। আমি দেখব আলাপ করে।

কেলসো শহরে আসছে। আমার ধারণা এসময় একটা কাজ পেলে ও খুশিই। হবে, আর তা ছাড়া এসব কাজ ও বোঝে।

বেশ। আপনি আর ড্যান মিলে সব ঠিক করে ফেলুন তা হলে। আমার বিশ্বাস মিস্টার গ্রে-র পক্ষে যতটা শেখানো সম্ভব, শিগগিরই ড্যান শিখে ফেলবে তার সব। তারপর এরকম একটা অ্যাডভেঞ্চারে যেতে পারলে উপকারই হবে ওর।

কত ঘোড়া ধরার ইচ্ছে আপনার? ডজন দুয়েক

হাসলেন মিস ডায়ানা। আমি ভেবেছিলাম চার-পাঁচশোর কথা বলবেন আপনি। নয়তো সহজে যতগুলো সামলাতে পারেন।

চার-পাঁচশো? ম্যাম, নিশ্চয় আপনি

না, ঠাট্টা করছি না, মিস্টার বুশ। কয়েকশো ঘোড়া দরকার আমার, পোষ মানান। যদি খচ্চর দেখতে পান, সেগুলোও ধরবেন।

অত ঘোড়া পোষ মানাতে বছরখানেক লেগে যেতে পারে।

লাগুক। কেন, আপনার কোথাও যাওয়ার তাড়া আছে নাকি, মিস্টার বুশ? সময়ের অভাব নেই আমাদের ঘাসও আছে প্রচুর, এবং আমার বিশ্বাস শিগগিরই বাজারও পাব। যেগুলো সব থেকে ভাল, রেখে দেবেন আলাদা করে-শহরের কাছেই কোথাও। আমরা ওদেরকে বংশবৃদ্ধির কাজে ব্যবহার করব।

ঠিক আছে, ম্যাম।

 টেবিলের ওপর একগাদা ব্যবসার কাগজপত্র পড়েছিল, মিস ডায়ানা সুন্দর করে গুছিয়ে নিয়ে ফিতে দিয়ে বাঁধলেন সেগুলো। আমি চাই মিস্টার কেলসো, আমার এদিককার কাজকর্ম দেখাশোনা করুন, মানে আপনার জায়গায়, মিস্টার বুশ। মানুষ টের পেতে শুরু করেছে আমরা একসাথে কাজ করি। তাই নতুন কারোকে এখন দরকার আমার। আপনি আর ড্যান ঘোড়ার ব্যাপারটা সামলাবেন।

কাগজপত্র নিয়ে উঠে দাঁড়ালেন তিনি, তাকালেন আমার দিকে। ড্যান, বয়স…স্বাস্থ্য…কোনটাই মানুষের আসল জিনিস নয়। মানুষ বড় হয় দায়িত্ববান হয়ে ওঠার মাঝ দিয়ে। তা ছাড়া, আমি চাইছি, আপাতত কিছুদিন শহরের বাইরে গিয়ে থাক তুমি।

বুশের উদ্দেশে ফিরলেন ডায়ানা। মিস্টার বুশ? মেক্সিকোর সাথে যুদ্ধের ব্যাপারে কিছু শুনেছেন আপনি?

যুদ্ধ? না, ম্যাম। নিশ্চয় গুজব হবে।

না, মিস্টার বুশ, গুজব নয়। যুদ্ধ একটা বাধতে যাচ্ছে। তবে আমরা আমেরিকানরা যদি একটু বুদ্ধি খাটাই, এর প্রয়োজন পড়বে না।

মানে?

মিস্টার বুশ, ক্যালিফোর্নিয়দের যারা নেতা তাদের বেশির ভাগই বুদ্ধিমান লোক। ক্যালিফোর্নিয়া মেক্সিকো সিটি থেকে বহুদূরে, অথচ মেক্সিকো ছাড়া আর কারও সাথে ব্যবসা করা নিষেধ। ফলে এখানকার লোকজন অনেক সুবিধে থেকে বঞ্চিত হচ্ছে, বিদেশের সঙ্গে বাণিজ্য করলে যে-মুনাফা পেত সেটা পাচ্ছে না।

এখন মার্কিন সরকার যদি বুদ্ধিমান হয়, কূটনৈতিক মহলে দেন-দরবার করে মিটিয়ে ফেলা যায় সমস্যাটা। নইলে ক্যালিফোর্নিয়রা লড়বে-মেক্সিকোর বিরুদ্ধে। এটা, ওদের বাঁচামরার প্রশ্ন।

আবেল স্টার্নসের সাথে এ-ব্যাপারে আলাপ করেছেন আপনি?

ঠিক এভাবে নয়। মিস্টার স্টার্ন মেক্সিকান নাগরিক, কোনরকম ঝামেলায় জড়াবেন না নিজেকে। আমার বিশ্বাস উনি বোঝেন ব্যাপারটা, কিন্তু নিজের সরকারের প্রতি অনুগত থাকতে চান, শত অসুবিধে হলেও। আমিও জড়াব না, যদিও আমি এখানকার নাগরিক নই। বলতে কী, এখানে আমার ব্যবসা করার আইনসঙ্গত কোন অধিকারই নেই। কেউ কিছু বলে না কারণ আমি মেয়ে, তা ছাড়া স্থানীয় যেসব কর্মকর্তা আছে তাদের সায় আছে আমার কাজকর্মের পেছনে।

তা হলে আপনার ধারণা লড়াই হবে?

হবে। ক্যালিফোর্নিয়দের একটা দলের নেতা-ফ্রিমন্ট। শোনা যায়, লোকটা নাকি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী।

চতুর হাসি হাসল বুশ। আমরা সবাই কি তা-ই নই?

কৌতুকে নেচে উঠল মিস ডায়ানার চোখের তারা। নিশ্চয়, মিস্টার বুশ। তবে উচ্চাকাচ্চাকে ব্যবহার করার অনেক রাস্তা আছে।বেপরোয়া হওয়াটা ঠিক নয়।

খানিক বাদে জর্জ যখন বিদায় নিল, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, মিস ডায়ানা, এই যে এতসব ঘটছে, এর কারণটা কী…আমাকে বুঝিয়ে বলবেন একটু?

কিছুক্ষণ ব্যবসার কাগজপত্রে ডুবে রইলেন তিনি, তারপর যখন শেষ হলো কাজ তখন বললেন, বছর কয়েক আগে টেক্সাস যুদ্ধ করে নিজের স্বাধীনতা অর্জন করেছিল। মার্কিন সরকার স্বীকৃতি দিয়েছিল ওদের স্বাধীনতাকে, আর মেক্সিকো ভীষণ নাখোশ হয়েছিল এতে।

এখন, প্রায় দশ বছর পর, টেক্সাস ইউনিয়নের সদস্যপদ চেয়ে আবেদন করেছে, এবং আমরা তাকে অঙ্গরাজ্যের মর্যাদা দিয়েছি। তাই মেক্সিকো এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আবার যদি কখনও এরকম করি আমরা, এটাকে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে ধরে নেবে।

তবে যা-ই ঘটুক শেষ পর্যন্ত, ক্যালিফোর্নিয়া মেক্সিকোর সাথে থাকুক কিংবা চলে আসুক আমাদের সঙ্গে, আমি চাইছি আমাদের আখের গুছিয়ে নিতে। এখানে সমুদ্রবন্দর আছে, বাইরের দুনিয়ার সাথে কারবার করা সহজ হবে।

দম নিতে একটু থামলেন ডায়ানা। আমরা একা, ড্যান, তুমি আর আমি। তাই সবসময় তৈরি থাকতে হবে আমাদের যেন জোয়ারে গা ভাসাতে পারি। এবং তৈরি আমরা থাকবই।

.

২০.

 তোমরাই ইতিহাস, টমাস গ্রে বলেছিলেন আমাদের। কক্ষনো ভেব না ইতিহাস। দূরের কোন বস্তু যার সাথে কেবলমাত্র রাজরাজড়াদেরই যোগ আছে।  

আসলে তোমাদের প্রত্যেকেরই নিজস্ব ইতিহাস আছে একটা, যেটা আবার লস এঞ্জেলেসের ইতিহাসের অংশ, এবং এইভাবে সারা দুনিয়ার।

বলতে কী, এভাবেই, ক্রমশ কঠিন হয়ে উঠছিল আমাদের লেখাপড়া, রোজ শক্ত-শক্ত জিনিস বুঝতে হচ্ছিল। স্কুলে যাওয়ার এবং ফেরার পথে সনোরা টাউনকে এড়িয়ে চলি আমরা, যদিও ওখানে যারা থাকে তাদের অনেকেই চমৎকার মানুষ। আবার জায়গাটা কঠিন লোকদের ডেরাও বটে।

মিস ডায়ানার সেই কথাটা প্রায়ই মনে পড়ে আমার: আমরা দুজনই এ-পৃথিবীতে একা। আমি ভাবি, তা হলে কি এজন্যেই আমাকে আশ্রয় দিয়েছিলেন উনি? আমার ভেতর তার অতীতকে দেখতে পেয়েছিলেন বলে? নাকি আর কোন কারণ ছিল?

আরেকবার আমাকে বলেছিলেন ডায়ানা, কক্ষনো ভয় পেয়ো না। সামান্য এক আধটু ভয় মানুষকে সাবধান থাকতে সাহায্য করে ঠিক, কিন্তু বেশি ভয় তার কাজের উদ্যমকেই দেয় নষ্ট করে। ভয়কে শ্রদ্ধা কর, কিন্তু একে ব্যবহার করবে তোমার প্রেরণা হিসেবে, বাঁধা পড়বে না এর হাতে।

স্কুলে যাওয়া-আসার পথে নিয়মিত রাস্তা বদল করতাম আমি। একই পথ কক্ষনো ব্যবহার করতাম না দুদিনের বেশি। রাস্তাঘাট বিশেষ ছিল না, কিন্তু আমি ব্যবহার করতাম মেঠোপথ, যেখানে ঘোড়া যেতে পারবে না। তখনকার আমলে ক্যালিফোর্নিয়রা সবাই ঘোড়ায় চেপে চলাফেরা করত। পায়ে হাটা ওদের একদম না পছন্দ ছিল।

আমি যখন আবার আমার দাদুর দেখা পেলাম তার আগে কেটে গেল, বহু সময়। মিস ডায়ানা আমাকে আগেই জানিয়েছিলেন তিনি শহরে বিশেষ আসেন না, তার র‍্যাঞ্চ-হাউসে থাকেন মাসের পর মাস। তারপর একদিন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বাগানের ভেতর দিয়ে আসছি আমি, হঠাৎ কয়েকটা ঘোড়ার আওয়াজ পেলাম রাস্তায়। চকিতে থমকে দাঁড়ালাম, গাছের আড়ালে গা ঢাকা দিয়ে উঁকি দিতেই দেখলাম, দাদু যাচ্ছেন।

চিনতে ভুল হয়নি আমার। ওই বুড়ো বয়েসেও যথেষ্ট সুদর্শন ছিলেন তিনি, চুল আর গোঁফ সাদা, অপূর্ব সুন্দর একটা ঘোড়ার পিঠে বসেছিলেন, স্যাডলটা রুপোর। দুজন লোক ছিল তার সাথে, একজনকে চিনতে পারলাম আমি। কাটা-নাক, আমাকে যে খুন করতে চেয়েছিল।

দ্রুত চলে গেল ওরা, কিন্তু যতক্ষণ পর্যন্ত ধুলো থিতিয়ে না এল পুরোপুরি, আমি লুকিয়ে রইলাম।

সেদিন আর দোকানে গেলাম না, পড়াশুনো করলাম বাসায় বসে।

পড়ছি আমি, কিন্তু বারবার মন ছুটে যাচ্ছে দাদুর দিকে। মানুষটার প্রতি আক্রোশ রয়েছে আমার, আবার করুণাও বোধ করছিলাম তার জন্যে। হয়তো আমাদের আত্মীয়তার সম্পর্কই এর কারণ, কিংবা অন্যকিছু হতে পারে। ঠিক জানি না আমি।

দাদুর অহঙ্কার তার বংশমর্যাদা, আর নিজের নাম। বাবা-মা এবং অন্যদের কাছে আমি যতটুকু শুনেছি, এ-অহঙ্কারই ছিল দাদুর একমাত্র সম্বল। তার চোখে মামুলি এক নাবিকের সাথে তার মেয়ের বিয়ে অপমানকর ঠেকতেই পারে। সার ওয়াল্টার স্কট এবং এজাতীয় আরও কিছু প্রণয়কাহিনি পড়া আছে আমার, তাই বুঝতে পেরেছিলাম একজন অহঙ্কারী মানুষকে কতটা বিচলিত করে তুলতে পারে এধরনের ঘটনা।

কোন কোন ক্ষেত্রে আমাদের জগত্সা ছিল সম্পূর্ণ আলাদা। আমাদের দৃষ্টিতে কর্মই মানুষের একমাত্র পরিচয়; কিন্তু দাদুর জগৎ গড়ে উঠেছিল বংশমর্যাদার ওপর ভিত্তি করে।

এই কৌলীন্যটুকুই যার সম্বল, মনে হলো, কোণঠাসা হয়ে পড়লে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলাই তার পক্ষে স্বাভাবিক। ধীরে ধীরে এ-ব্যাপারে দাদুর দিকটাও দেখতে শুরু করলাম আমি, যদিও এ-মতের প্রতি আমার সহানুভূতি ছিল সামান্যই।

পরে, মিস ডায়ানাকে যখন খুলে বললাম আমার ধারণার কথা, তিনি চুপ করে শুনলেন প্রথমে, তারপর বললেন, ড্যান, তুমি বড় হতে শুরু করেছ। বুদ্ধির পরিপকৃতা আসছে।

কত কিছুই না তখন ঘটছিল নিত্যদিন। ক্রমশ বাড়ছিল রাজনৈতিক অস্থিরতা। ক্লাসে টমাস গ্রে এর কিছু কিছু বুঝিয়ে দিতেন ব্যাখ্যা করে, তবে অত্যন্ত সাবধানে, যেন কোনরকম পক্ষপাত প্রকাশ না পায়।

এরমাঝে জর্জ বুশ একদিন জানাল এসে, দাদু তার র‍্যাঞ্চে ফিরে গেছেন, আপাতত কিছুদিন তাকে নিয়ে আমার ভয় না পেলেও চলবে।..

মিস্টার ভ্যালেটাকে দেখেছেন? জিজ্ঞেস করলাম আমি।

বুশ তাকাল আমার পানে। শহরেই আছে। কেন, তুমি দেখেছ?

 দোকানে এসেছিল। লোকটাকে আমার পছন্দ নয়।

আমারও না।

আমাকে হুমকি দিয়েছে, বলে আমি সবিস্তারে জর্জকে জানালাম সেদিনকার ঘটনা। মন দিয়ে আমার কথা শুনল বুশ, তারপর বলল, ফের যদি আসে, আমার সাথে দেখা করতে বলবে ওকে।

জানালায় গিয়ে দাঁড়াল বুশ। কেলসোর আসার কথা আজ রাতে।

কোন কারণে জর্জকে আমার উতলা মনে হলো। বাইরে গেল ও, কোরালটা জরিপ করে এল একবার। তোমার সেই রাইফেল আর পিস্তলটা কি আছে এখনও? জিজ্ঞেস করল সে।

আছে।

হাতের কাছে রাখ ওগুলো। ক্যালিফোর্নিয় বা আমেরিকানদের ভয় পাচ্ছি না। আমি…আমার যত ভয় সনোরা টাউনের লোকদের। বেশকিছু গুণ্ডাপাণ্ডা থাকে ওখানে, দিন-দিন যেভাবে,অবনতি ঘটছে আইন-শৃঙ্খলার, যে কোন সময়ে শহরে হামলা দিয়ে লুটতরাজ শুরু করতে পারে ওরা।

সদর দরজার কাছে একটা বিছানা পাতল জর্জ, পাশেই রাখল ওর পিস্তলটা।

প্রায় মাঝরাত নাগাদ দরজায় করাঘাত শুনতে পেলাম আমি, তারপর পরিচিত একটা কণ্ঠস্বর। কেলসো।

জর্জ! কতদিন পর দেখা! তারপর, কী করছ এখন?

 চাকরি। দেখতেই পাবে সব। তোমার জন্যেও ঠিক করে রেখেছি একটা।

অনেকদিন হতে চলল লস এঞ্জেলেসে এসেছি আমি। আজকাল একা হলেই আমার মন চলে যায় মরুভূমিতে, আমার বাসায়, টাহকুইৎসয়ের বাড়িতে। বন্ধু ফ্রান্সিসকোর কথা মনে পড়ে। আচ্ছা, ও কি এখনও আছে ওখানে?

আমাদের মেক্সিক্যান হাউসকিপারটির নাম ছিল রোসা। একদিন সকালে রান্নাঘরে টটিয়া প্রস্তুত করছে ও, আমি নাস্তার খোঁজে ঢুকতেই বলল, একজনকে সে বাসার পেছনের উইলো ঝোপ থেকে উঁকিঝুঁকি মারতে দেখেছে।

দরজায় গিয়ে জায়গাটা আমায় দেখিয়ে দিল সে। ওই যে, ওখানে! বলল রোসা। ডালপালার আড়ালে লুকিয়েছিল, চেহারাটা আমি ভালমত দেখতে পাইনি।

উইলো ঝোপের ভেতর গিয়ে আশপাশে তাকালাম আমি, ট্র্যাক খুঁজলাম। এবং হঠাৎ করেই পেয়ে গেলাম, শুধু ট্র্যাক নয়-অসংখ্য পোড়া সিগারেটের টুকরোও। কোন কোনটা পুরনো, কোনটা নতুন। ওগুলোর কয়েকটা গেল বৃষ্টির আগে থেকেই আছে ওখানে, বাকিগুলো তাজা।

এর অর্থ, কেউ একজন নজর রাখছিল আমাদের বাসার ওপর।

কৌতূহলী হয়ে উঠলাম আমি, আবিষ্কার করলাম ঠিক কোথায় উইলো ঝোপের ভেতর ঢুকেছে ট্রাকগুলো। এরপর ট্রেইল করলাম, বড় রাস্তায় এসে পড়লাম সরু একটা মেঠোপথ ধরে কয়েকটা ফার্মহাউসের পেছনের উঠনের পাশ দিয়ে।

আর কোন সন্দেহ রইল না আমার, দীর্ঘদিন থেকে কেউ নজর রাখছে আমাদের বাসার ওপর, এবং ওই মেঠোপথ ধরে বহুবার রাস্তা থেকে উইলো ঝোপের ভেতর এসেছে সে।

লোকটা কি আন্ট এলেনাকে দেখতে পেয়েছে?

কে ও, কেন নজর রাখছিল আমাদের বাসার ওপর? আমাকে লক্ষ করছিল? নাকি মিস ডায়ানাকে?

সেদিন স্কুল ছুটির পর বইয়ের দোকানে গেলাম আমি, জর্জ আর মিস ডায়ানাকে একা পেয়ে আমার আবিষ্কারের কথা জানালাম তাদের।

আপনি একটু তদন্ত করে দেখুন তো, মিস্টার বুশ, ব্যাপারটা কী? নির্দেশ দিলেন ডায়ানা।

আপনি যখন বলছেন, দেখব, ম্যাম। তবে আমার ধারণা, ড্যান যখন কিছু বুঝতে পারেনি, আমিও পারব না। ও এসব ব্যাপারে দক্ষ, ওর বাবার গুণটা পেয়েছে।

আমার মনে হয়, বললেন ডায়ানা, আপনাদের এবার ইন্ডিয়ানদের সাথে দেখা করতে যাওয়ার সময় হয়েছে। আচমকা উঠে দাড়ালেন তিনি, কাল ভোরেই, মিস্টার, বুশ। আপনি আর ড্যান রওনা দেবেন।

কিন্তু সেক্ষেত্রে আমরা তো বেশ কিছুদিনের জন্যে বাইরে থাকব, ম্যাম। আপনি একা

মিস্টার কেলসো, থাকবেন এখানে। আমি ভ্যানকে এখন দূরে সরিয়ে দিতে চাই। আর খেয়াল রাখবেন কেউ যেন আপনাদের যেতে না দেখে। প্রয়োজনে যত খুশি ঘোড়া বদলান, কিন্তু এই এলাকা থেকে ঝটপট সরে যাওয়া চাই।

আমার উদ্দেশে ফিরলেন ডায়ানা। তুমি সঙ্গে বই নিতে চাও কিছু? যদি নাও, পছন্দমত পাঁচ-ছয়টা বেছে নিয়ে নামগুলো লিখে আমার ডেস্কে দিয়ে যেয়ো।

জর্জ তার টুপি তুলে নিল। ঠিক আছে, ম্যাম। কালই তা হলে রওনা হচ্ছি আমরা। এখন আপনি নিরাপদে থাকলেই হলো।

আমি পারব সামলে নিতে। মৃদু হাসলেন মহিলা। আপনার নিশ্চয় মনে আছে, যখন দরকার হয়, গুলি ছুড়তে একটুও দ্বিধা করি না আমি।

জর্জ হাসল। আলবত মনে আছে, ম্যাম।

আমার দিকে তাকালেন ডায়ানা। তোমার যা-যা দরকার নিয়ে যাও, ড্যান। কেবল লক্ষ রাখবে বোঝা যেন বেশি ভারি না হয়ে যায়, তা হলে অসুবিধে হবে পথ চলতে। তুমি কাছে না থাকায় ভীষণ খারাপ লাগবে আমার, কিন্তু আমি নিশ্চিত, তুমি একটা অ্যাডভেঞ্চারের স্বাদ পাবে।

হ্যাঁ, ম্যাম। আচ্ছা, ম্যাম, আন্ট এলেনার সাথে কি দেখা হবে আপনার?

ব্যাপারটা নিয়ে একটুক্ষণ ভাবলেন ডায়ানা, তার আঙুলের ডগা টেবিল ছুঁয়ে আছে। চেষ্টা করব।

.

বেলা ওঠার আগেই বেরিয়ে পড়লাম আমরা, তখনও শেষ কয়েকটা তারা ঝুলছিল আকাশে, সূর্যের কাছে নতিস্বীকার করতে চাইছিল না। দ্রুতগতিতে এগিয়ে চললাম, বরাবরের মতই ব্যাক ট্রেইল ধরে।

চলার পথে, জর্জ ইশারায় কয়েকটা জায়গা দেখাল আমাকে, যেসব জায়গায় সে নিজে গেছে আর নয়তো তাদের সম্পর্কে শুনেছে অন্য কারও কাছে। মোটামুটি জোরকদমে ছুটছি আমরা, কেবল খাড়া কোন চড়াইয়ের মাথায় ওঠার সময়ে ছাড়। যেখানে সম্ভব, ট্রেইলের সমান্তরালে পাহাড়পর্বতের মাঝ দিয়ে যাচ্ছি যাতে কেউ আমাদের দেখতে না পায়।

স্কুলে কেমন লাগছে তোমার? হঠাৎ জিজ্ঞেস করল বুশ। র‍্যাড ছোঁড়াটার সঙ্গে আর কোন,গোলমাল হয়েছে?

না। স্কুলটা ভাল। মিস্টার গ্রে একজন দক্ষ শিক্ষক।

এত কম ছাত্র নিয়ে ওর চলছে কীভাবে কে জানে, তবে স্কুলটা যদি ধরে রাখতে পারে, নিশ্চয় বড় হবে আস্তে আস্তে।

এখন ছজন আছে, আমি বললাম।

ক্যাপন লরেলের মেয়েও তো পড়ে ওখানে, তাই না? সোনালি চুলের সুন্দর মুখ?

লাল-সোনালি, শুধরে দিলাম আমি। হ্যাঁ, আমার পাশেই বসে।

আচ্ছা? তবে তো র‍্যাডের সাথে তোমার ঝগড়া হওয়াই স্বাভাবিক। আড়চোখে আমাকে মাপল জর্জ, দৃষ্টিতে কৌতুক। ওর বাবার সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত ধৈর্য ধর। ক্যাপন লরেল, মজার একখানা মানুষ বটে।

এ-ব্যাপারে কিছুই বলতে পারলাম না আমি, যদিও ভদ্রলোক সম্পর্কে ভাসা ভাসা অনেক কাহিনিই কানে এসেছিল, আর অ্যানাবেল তো বলেইছিল উনি দেখা করতে চেয়েছেন আমার সাথে।..

অত্যন্ত হুঁশিয়ার আর বিচক্ষণ মানুষ এই লরেল। কোন কোন ক্ষেত্রে একটু অদ্ভুতও বটে। ওঁর নাবিকরা বলে, কীভাবে যেন আগাম বিপদ টের পেয়ে যান ক্যাপন, হঠাৎ করেই দিপরিবর্তন করেন জাহাজের। এভাবে, নাকি বহুবার বড় রকমের দুর্ঘটনা থেকে নিজের জাহাজকে বাঁচিয়েছেন তিনি।

তারপর কার্গোর কথাই ধর। যে-বন্দরে কিছুই পাওয়ার নয়, হুট করে সেখানে জাহাজ ভেড়ান তিনি, এবং আশ্চর্যের ব্যাপার, দেখা যায় অনেক মালপত্র চালানোর জন্যে পড়ে আছে তার অপেক্ষায়। জাপান থেকেও বার কয়েক কার্গো এনেছেন লরেল।

কিন্তু আমি জানতাম, জাপান তার বন্দরে বিদেশি কোন জাহাজ ভিড়তে দেয় না।

তবু লরেল ভিড়ছেন, নিশ্চয় হোমরাচোমরা কারোকে চেনেন ও-দেশের। যাক, তোর সাথে যদি পরিচয় হয় দ্রলোকের, আমরা আরও অনেককিছু জানতে পারব ওঁর সম্বন্ধে।

হামেশা যা করতাম আমরা, নীরবে এগিয়ে চললাম নাগাড়ে, আর এর ফলে চিন্তাভাবনা করার সুযোগ পেলাম আমি। আর বলতে কী, ভাববার মত বিষয়ও ছিল প্রচুর। বহু ধাঁধার জট ছাড়ানো বাকি ছিল তখনও। মা বলতেন আমার বাবার নাকি ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ ছিল, আগেভাগে বুঝতে পারতেন সামনে কী ঘটবে। ক্যাপ্টেন লরেলেরও কি তা-ই আছে? নাকি এটা সেই জিনিস যাকে সবাই বলে অনুমান। কিংবা তিনি জ্ঞানী বলেই টের পেয়ে যান সবকিছু।

বাবা আমাকে আমার দাদা আর তার সমুদ্রযাত্রার অনেক কাহিনি শুনিয়েছিলেন। আমি জানি জাহাজের ক্যাপ্টেনরা অনেকসময় বহু বন্দরের হদিস ইচ্ছে করেই গোপন রাখেন, কারণ তারা চান না ওইসব বন্দরে যে মাঝে-মধ্যে অত্যন্ত মূল্যবান সব পণ্যের চালান থাকে সেটা আর কেউ জানুক।

সূর্যাস্তের আগেই এখন ট্রেইল থেকে সরে যাই আমরা, নিরালা একটা স্থান বেছে নিয়ে ক্যাম্প করি সেখানে, আলো থাকতে থাকতে শুকনো ডালপালা ধরিয়ে রান্না সেরে নিই। তারপর খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়ি আগুন মেরে, জানি কোনরকম বিপদ এলে আমাদের ঘোড়াগুলো জানান দেবে।

কিছু রসদ কিনতে এল ক্যাম্পোতে থামলাম আমরা। একটা দোকান আর গুটিকতক বাড়িঘর ছিল ওখানে।

তুমি ঘোড়ার কাছে থাক, জর্জ বলল আমাকে। একটু আড়ালে। মানুষজন যেখানে কম সেখানে নতুন মুখ দেখলে মনে রাখে সবাই।

গরম পড়েছে বেশ, হাওয়া নেই। ঝোপঝাড়ের ভেতর ছায়ায় দাঁড়িয়ে রইল ঘোড়া দুটো, আমি মোটা একটা গাছের গুড়িতে হেলান দিয়ে বসে পড়লাম। একঘেয়ে সুরে গুনগুন করছে মাছি। গর্তে নাক ডুবিয়ে মাঝেসাঝে পানি খাচ্ছে, ঘোড়াগুলো; মৌমাছিরাও আসছে পানির জন্যে। কয়েকশো গজ দূরে, দোকান ঘরটার দিকে তাকালাম আমি, কামনা করলাম জর্জ যেন তাড়াতাড়ি ফিরে আসে।

উষ্ণ রোদ নিদ্রালু করে তুলল আমাকে। টুপিখানা টেনে দিলাম চোখের ওপর মাছি তাড়ানোর জন্যে লেজ ঝাপটাল ছোড়াগুলো। আমি ঝিমুতে লাগলাম।

ধুলোয় পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। বুটের চাপে গুড়িয়ে গেল একটা মাটির ঢেলা। কোটের তলায় পিস্তলের বাঁটে হাত রাখলাম আমি, বুঝতে পারছি লোকটা আর যে-ই হোক বুশ নয়।

বুট আর পা। মাথা না তুলেই, হ্যাট-ব্রিমের কিনার দিয়ে ওগুলো দেখতে পাচ্ছি আমি। সরু স্প্যানিশ বুট, বড় দাঁতের ক্যালিফোর্নিয় স্পার আর প্যান্ট, হাঁটুর নীচ থেকে চেরা।

অধিকাংশ লোকই, বলল একটা কণ্ঠ, ভাববে তুমি ঘুমোচ্ছ। কিন্তু মন্টে ম্যাক কায়া সেই দলে নেই। এসব লুকোচুরি আমিও খেলেছি অনেক।

ঘাড় কাত করে ওর দিকে তাকালাম আমি। একহারা পেশীবহুল শরীর, তেমন লম্বা নয়, তবে কাঁধ দুটো চওড়া আর কোমর সরু, ঘোড়াসওয়ারদের যেমন হয়।

কেমন আছ? বললাম।

বাছা, ওই পিস্তল থেকে তুমি হাতটা সরিয়ে নিতে পার। আমি তোমার বন্ধু।

যতক্ষণ আমার হাত এই পিস্তলের ওপর আছে, তা থাকলেই ভাল করবে তুমি, বললাম আমি।

শব্দ করে হাসল লোকটা। চমকার কথা বল তো তুমি। একদম লাগসই জবাব দিয়েছ। গোড়ালির ওপর বসে পড়ল ও, চওড়া কারনিসের মেক্সিক্যান সমব্রেরোটা ঠেলে দিল মাথার পেছনে। লোকটা দেখতে মোটামুটি, এক গালে পোড়া দাগ রয়েছে, থুতনি অবধি কালো গোঁফ, আর চোখজোড়া সদাহাস্যময়।

সামান্য কৌতূহল আরকী, বলল ম্যাক-কায়া। দোকানের সামনে হিচরেইল থাকতে কেউ দূরে ঘোড়া রেখে আসে না।

এখানে ছায়া আছে। 

ঠিক। কিন্তু তুমি কী করছ? তোমার বয়েসী একটা ছেলের দোকানে ঢুকে এটা ওটা দেখতে চাওয়াই স্বাভাবিক। আমি যখন ছোট ছিলাম

আমার ঘুম পাচ্ছিল, বললাম।

হতে পারে, একমত হলো লোকটা, আবার এও হতে পারে, তুমি আসলে কারোকে তোমার চেহারা দেখাতে চাও না। কিন্তু কেন এরকম ইচ্ছে হবে তোমার? তুমি ঘোড়াচোর নও, অন্তত এ-বয়েসে কেউ তা হতে পারে না। তারমানে এর পেছনে অন্য কোন রহস্য আছে। এবার বল দেখি, বাপধন, তোমার পরিচয়টা কী?

আমার ঘুম পাচ্ছে, হাই তুললাম আমি।

<

Super User