১৩.
মানুষের গলা থেকেও যে বজ্রপাতের মত আওয়াজ বেরুতে পারে, সেরেসান্তে সেটা প্রমাণ করে ছাড়ল। দুটো মাত্র শব্দ-সান্তা ফে-কিন্তু এই শব্দ দুটোর মধ্যে কি আতঙ্ক যে লুকিয়ে থাকতে পারে, জলদস্যুরা তা হাড়ে হাড়ে টের পেল। সেরেসান্তের উচ্চারিত শব্দ দুটো অনেকক্ষণ তাদের কানে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে লাগল–সান্তা ফে! সান্তা কে! সান্তা ফে! সান্তা ফে…
হতভম্ব কনগ্রে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুল নড়ার শক্তি নেই। মুখ এমন সাদা হয়ে গেল, যেন একটা মড়া দাঁড়িয়ে আছে ওখানে। তার শিষ্যরাও কেউ এক চুল নড়ছে না। তাদের পায়ের তলায় যেন মাটি নেই।
সান্তা ফে আসছে! সান্তা ফে পৌঁছে গেছে!
সেরেসান্তে ভুল দেখেনি তো? জাহাজটা কি এদিকেই আসছে? ওটা কি সত্যি সান্তা ফে? সংবিৎ ফিরে পেতেই ছুটে বাতিঘরে ঢুকল কনগ্রে। সিঁড়ি বেয়ে তরতর করে টাওয়ারে উঠল। লণ্ঠন ঘরে ঢুকে খেঁকিয়ে উঠল, কই, কোথায়? জাহাজটা আমাকে দেখাও।
জানালার দিকে একটা হাত তুলল সেরেসান্তে। ওই দিকে উত্তর-পুবে তাকাও।
সেদিকে তাকিয়ে সত্যি একটা জাহাজ দেখতে পেল কনগ্রে। দূরত্বটা আন্দাজ করতে পারো? জিজ্ঞেস করল সে।
কিছু কম বেশি হতে পারে-এই ধরো মাইল দশেক।
তাহলে তো রাত নামার আগে দ্বীপে পৌঁছাতে পারবে না।
তা পারবে না। পৌঁছাবার আগেই চারদিক অন্ধকার হয়ে যাবে।
ছোঁ দিয়ে সেরেসান্তের হাত থেকে দূরবীনটা নিল কনগ্রে। সেটা চোখে তুলে আবার সাগরের দিকে তাকাল। চোঙ দিয়ে গল, গল করে ধোয়া ছাড়ছে জাহাজটা। সোজা স্টাটেন আইল্যান্ডের দিকেই আসছে বটে। বেসুরো গলায় স্বীকার করল সে, হ্যাঁ, ভুল দেখোনি-সান্তা ফে-ই।
আমাদের ভাগ্যটাই খারাপ, ওস্তাদ, সেরেসান্তের গলায় রাজ্যের ক্ষোভ। দ্বীপে লুকিয়ে থাকা কুত্তারা দুদুবার বাধা দিয়েছে, তা না হলে এতক্ষণে আমরা প্রশান্ত মহাসাগরে থাকতাম।
সে প্রসঙ্গ থাক, সেরেসান্তে, বলল কনগ্রে। এখন কি করা হবে তাই বলো।
তুমিই বলে দাও, ওস্তাদ। আমার মাথা কাজ করছে না। বিপদের সময় হাল ছেড়ে দিলে চলবে কেন! শোনো, এখুনি আমাদের রওনা হতে হবে।
এখুনি?
হ্যাঁ, এখুনি।
কিন্তু খানিক দূর গেলেই তো সান্তা ফের সামনে পড়ে যাব। ওরা তো এদিকেই আসছে।
এখন আসছে, একটু পর আর আসতে দেখবে না।
মানে?
এর মধ্যে কোন রহস্য বা ধাঁধা নেই। বাতিঘরের আলো জ্বলবে না, কিন্তু কেন জ্বলবে না তা সান্তা ফের ক্যাপটেন জানবে না। কাজেই দ্বীপে জাহাজ ভেড়াতে সাহস পাবে না সে।
বাসকেথ আর ডেভিসও তাই ধারণা করল, বাতিঘরের আলো জ্বলছে না দেখে সতর্ক হয়ে যাবেন ক্যাপটেন লাফায়েত, অন্ধকারে ঝুঁকি নিয়ে জাহাজ ভেড়াবেন না। সূর্য যেহেতু ডুবছে, নিয়ম অনুসারে এখুনি আলোটা জ্বলে ওঠার কথা। তা যখন জ্বলছে না, ক্যাপটেন খোলা সাগরেই নোঙর ফেলার সিদ্ধান্ত নেবেন। এই দ্বীপে অনেকবারই এসেছেন তিনি, কিন্তু প্রতিবারই দিনের আলোয়। রাতের অন্ধকারে তীরের দিকে এগোলে যে বিপদ হবে, তাঁর চেয়ে ভাল আর কে জানে। তাছাড়া, বাতি জ্বলছে না দেখে এ-ও তিনি সন্দেহ করবেন যে রক্ষীদের নিশ্চয়ই কোন বিপদ হয়েছে। জানা কথা, দিনের আলোর জন্যে অপেক্ষা করবেন। তিনি।
বাসকেথ তবু বলল, আমার মনটা কিন্তু খুঁত খুঁত করছে।
কেন?
ভাবছি সেনচুরির কপালে যা ঘটেছে, সান্তা ফের কপালে তা ঘটবে না তোর অন্তরীপের মুখে গিয়ে ওদেরকে সাবধান করে দিলে ভাল হয় না?
ডেভিসও চিন্তায় পড়ে গেল। বাসকেথের আশঙ্কা অমূলক নয়। সান্তা ফে যদি ভোলা সাগরে নোঙর না ফেলে এগিয়ে আসতে থাকে, পাথুরে সৈকতে ধাক্কা খাওয়া বিচিত্র নয়। সেক্ষেত্রে জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
চলো, ডেভিস, সৈকতে যাই আমরা, বলল বাসকেথ। অন্তরীপের মুখে পৌঁছাতে কয়েক ঘণ্টা লাগবে ঠিকই, তবে তখনও আলো জ্বেলে সঙ্কেত দেয়ার সময় পাব।
ডেভিস ইতস্তত করে বলল, তোমার হিসেবে ভুল আছে, বাসকেথ। অত সময় আমাদের হাতে নেই। আর বড়জোর ঘণ্টাখানেকের মধ্যে সাগরের মুখে পৌঁছে যাবে সান্তা ফে।
তুমি বলতে চাইছ আমাদের এখন কিছুই করার নেই?
হ্যাঁ, অপেক্ষা করা ছাড়া সত্যি আমাদের কিছু করার নেই।
সন্ধে পার হতে চলেছে। চারদিকে ঘন হয়ে অন্ধকার নামছে। জাহাজ ছাড়তে ব্যস্ত হয়ে উঠেছে জলদস্যুরা। সান্তা ফেকে আসতে দেখে সকাল পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি নয়। যত তাড়াতাড়ি সম্ভব স্টাটেন আইল্যান্ড ছেড়ে পালাতে হবে তাদের।
বাতাসটা অনুকূলেই বইছে এখন। অন্ধকারে গা ঢাকা দিয়ে একবার যদি কোন রকমে খোলা সাগরে পৌঁছাতে পারে, সান্তা যে তাদেরকে ধাওয়া করেও আর ধরতে পারবে না। হুঙ্কার ছাড়ছে কনগ্রে, সবাইকে জোর তাগাদা দিচ্ছে।
বাসকেথ আর ডেভিস অক্ষম রাগে ছটফট করছে। অপরাধীরা হাত গলে বেরিয়ে যাবে, ওদের কি কিছুই করার নেই?
একটু পরই শিষ্যদের নিয়ে জাহাজে উঠল কনগ্রে। উঠেই নোঙর তোলার নির্দেশ দিল সে। সময় এখন সাড়ে সাতটা। পাথরের আড়াল থেকে নোঙর তোলার আওয়াজটা পরিষ্কার শুনতে পেল বাসকেথ আর ডেভিস।
নোঙর তুলতে পাঁচ মিনিটের বেশি লাগল না। জাহাজ দুলতে শুরু করেছে। এরইমধ্যে তুলে ফেলা হয়েছে সবগুলো পাল, বাতাস পেয়ে ফুলে উঠেছে সেগুলো। একেবারে মন্থরগতিতে উপসাগরের দিকে যাচ্ছে সেরেসান্তে। মন্থরগতির কারণটা এবার পরিষ্কার হয়ে গেল। বাতাস নিস্তেজ হয়ে পড়েছে। পালগুলো এখন আর ফুলে নেই। জাহাজ চালাতে হলে পালে বাতাস থাকা চাই।
কিছুক্ষণের মধ্যে জাহাজ চালানো কঠিন হয়ে উঠল। এরকম শান্ত সাগর আগে কখনও দেখা যায়নি। কোথাও একটা ঢেউ নেই। সারফেস যেন সমতল আয়না। বাতাসও পুরোপুরি অচল হয়ে গেল। এ অবস্থায় কোন স্কুনার চালানো সম্ভব নয়। পরিস্থিতির পরিবর্তন না ঘটলে মাঝরাতের আগে কোনভাবেই সান হুয়ান অন্তরীপ পেরুনো যাবে না। সেক্ষেত্রে জোয়ারের জন্যে অপেক্ষা করতে হবে কনগ্রেকে। কিন্তু জোয়ার আসতে এখনও কয়েক ঘণ্টা দেরি। জোয়ার এলেও, সেটাকে ঠিক মত কাজে লাগানো যাবে কিনা, সেটা আরেক প্রসঙ্গ।
জাহাজ চলছে, তবে গতি একেবারেই কম। ইগোর উপসাগরের দক্ষিণ দিকে যাচ্ছে তারা। মুশকিল হলো, এদিকটা ভাল করে চেনে না কনগ্রে। শুধু জানে, জায়গাটাকে জাহাজমারা উপকূল বলা হয়।
বাতাস না থাকায় জাহাজ ঘুরিয়ে অন্য কোন দিকে যাওয়া সম্ভব নয়। একে অন্ধকার, তারপর বিপজ্জনক ও কুখ্যাত উপকূল, জাহাজ চালাতে ভয় পাচ্ছে কনগ্রে। কিছু যদি করতে হয়, এখুনি। কোন বিপদ যদি ঘটে, তখন আর ভুল সংশোধন করা যাবে না। দ্রুত চিন্তা করে একটা সিদ্ধান্ত নিল কনগ্রে। তার সামনে একটা পথই খোলা ছিল, সেটাই গ্রহণ করতে হলো তাকে। স্কুনার থেকে কয়েকটা নৌকা নামানো হলো। দুতিনজন করে লোক থাকল প্রতিটি নৌকায়। লোকগুলো অমানুষিক পরিশ্রম করছে-গুন টেনে! মাঝসাগরে টেনে নিয়ে যাচ্ছে জাহাজটাকে।
মাঝ সাগরে পৌঁছাল বটে জাহাজ, কিন্তু এখানেও এক ফোঁটা বাতাস নেই। সবগুলো পাল নেতিয়ে পড়েছে। এখন এমন কি গুন টেনেও জাহাজটাকে উপসাগরের মুখে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জোয়ারের অপেক্ষাতেই থাকতে হবে।
একটু পরই জোয়ারের আভাস পাওয়া গেল। কিন্তু জাহাজ যেখানে দাঁড়িয়ে আছে, জোয়ার এলেও তার সাহায্য খুব একটা পাওয়া যাবে না। তাছাড়া, জোয়ারের উল্টোদিকে জাহাজ চালাবার কথা শুধু আহাম্মকরাই ভাবে। এখন তাহলে কি করবে কনগ্রে?
জলদস্যুদের জাহাজ দূরে গিয়ে নোঙর ফেলেছে, লক্ষ করে নিজেদের আস্তানা থেকে বেরিয়ে এসেছে বাসকেথ আর ডেভিস। সৈকতে দাঁড়িয়ে জাহাজটার ওপর নজর রাখছে ওরা। বাতাস স্থির হয়ে আছে দেখে ওরা বুঝত পারল, আপাতত বেশ কিছুক্ষণ কনছে নড়তে পারবে না। তবে ভোর হবার আগে নিশ্চয়ই আবার বাড়া? বইতে শুরু করবে। তখন খোলা সাগরে পৌঁছাতে কোন সমস্যা হবে না।
অকস্মাৎ চেঁচিয়ে উঠল বাসকেথ। এবার শালাদের বারোটা বাজাব!
অবাক হয়ে ডেভিস জিজ্ঞেস করল, কিভাবে?
এখুনি দেখতে পাবে কিভাবে, বলেই ডেভিসের হাত ধরে টান দিল বাসকেথ। দুজনে বাতিঘরের দিকে ছুটল।
ইতিমধ্যে রাত নটা বেজে গেছে। জোয়ারে উল্টোদিকে ভেসে যেতে পারে, তাই নোঙর ফেলা হয়েছে স্কুনারের। কনগ্রে ভাটা শুরু হবার অপেক্ষায় আছে। সেজন্যে তাকে রাত তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অকস্মাৎ জলদস্যুদের একজন আঁতকে উঠল। সর্বনাশ! আলো! বাতিঘরের আলো জ্বালল কে?
লোকটার চিৎকার না করলেও চলত। বাতিঘরের আলো অকস্মাৎ জ্বলে উঠে সবার চোখ ধাধিয়ে দিল। সাগরের বুক থেকে নিঃশেষে মুছে গেল সমস্ত অন্ধকার। উজ্জ্বল আলোর বন্যায় ভেসে যাচ্ছে চারদিক।
সর্বনাশ! সর্বনাশ! সর্বনাশ! নিজের মাথার চুল টান দিয়ে ছিঁড়ছে সেরেসান্তে।
চোপ! বাঘের মত গর্জে উঠল কনগ্রে। এখন মাথা খারাপ করার সময় নয়। এসো আমার সঙ্গে, তীরে নামতে হবে।
তীরে নামতে হবে? হাঁ করে তার দিকে তাকিয়ে থাকল সেরেসান্তে।
এখুনি! তীরে নেমে বাতিঘরে ঢুকতে হবে। টাওয়ারে উঠে ঢুকতে হবে লণ্ঠন-ঘরে। ওখানে রক্ষী আর তার সঙ্গীদের খুন করে নেভাতে হবে আলোটা। উত্তেজনায় হাঁপাচ্ছে কনগ্রে।
কিন্তু আমরা বাতি নেভাবার আগেই যদি সান্তা ফে দ্বীপের দিকে আসতে শুরু করে?
দ্বিধায় পড়ে গেল কনগ্রে। সেরেসান্তের কথা উড়িয়ে দেয়া যায় না। সান্তা ফে তীরের দিকে এগিয়ে আসতে শুরু করলে, তখন কি হবে পরের চিন্তা পরে, কনগ্রে সিদ্ধান্ত নিল, প্রথম কাজ বাতিটা নেভানো। আবার পানিতে নৌকা নামাবার নির্দেশ দিল সে।
নৌকা নামানো হলো। কয়েকজন জলদস্যু লাফ দিয়ে চড়ল সেটায়। সবাই তারা সশস্ত্র-কেউ নিয়েছে বন্দুক, কেউ রিভলভার, আবার কারও হাতে কুঠার। তীরে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগল। সবাই বাতিঘরের দিকে ছুটছে। তীর থেকে সেটা দেড় মাইল দূরে। পার হতে পনেরো মিনিট লেগে গেল।
বাসকেথ আর ডেভিস তখনও লণ্ঠন-ঘরে। এখানে আসার আগে বাসকেথের মনে সন্দেহ ছিল, বাতিটা জ্বলবে তো? কনগ্রে আতস কাঁচ আর অন্যান্য যন্ত্রপাতি যদি নষ্ট করে ফেলে থাকে, তাহলে জ্বলবে না। তবে পরীক্ষা করে দেখার পর ভয়টা তার কেটে যায়। যন্ত্রপাতি বা আতস কাঁচ কনগ্রে নষ্ট করেনি। কাজেই বাতিঘরের আলো জ্বালতে ওদের কোন অসুবিধে হয়নি। আতস কাঁচের ভেতর দিয়ে ঝলসে উঠে নিচের বিশাল এলাকা আলোকিত করে তুলল বাতিটা।
জলদস্যুরা ছুটে এসে বাতিঘরে ঢুকল। তারপরই বাধা পেল তারা। সিঁড়িতে উঠতে পারছে না, দরজা বন্ধ।
কনগ্রে নির্দেশ দিল, দরজা ভাঙো! যেভাবে হোক এখুনি টাওয়ারে উঠতে হবে আমাদের।
কিন্তু সিঁড়িঘরের দরজা ইস্পাত দিয়ে তৈরি, ভাঙো বললেই কি ভাঙা যায়। অনেক চেষ্টা করেও জলদস্যুরা সুবিধে করতে পারছে না। ঘেমে নেয়ে উঠল তারা। বুঝতে পারছে, বৃথা চেষ্টা, এ দরজা ভাঙা সম্ভব নয়।
দরজার নাট-বল্ট খোলা যায় কিনা পরীক্ষা করে দেখছে সেরেসান্তে। তা-ও সম্ভব নয়, কারণ বগুলো ভেতর দিক থেকে আঁটা হয়েছে। এখন তাহলে কি করা হবে? টাওয়ারে ওঠার অন্য কোন পথ যদি না থাকে, জঙ্গলে গিয়ে লুকাতে হবে সবাইকে। আত্মরক্ষার আর কোন উপায় নেই। জাহাজে ফিরে যাওয়াটা এখন হবে নিতান্তই বোকামি। হাতে সময়ও বেশি নেই, বাতি জ্বলতে দেখে সান্তা কে নিশ্চয়ই তীরের দিকে ছুটে আসছে। এই মুহূর্তে আলোটা নেভাতে না পারলে বাঁচবার আর কোন উপায় নেই। ভেতরে সুবিধে করতে না পেরে বাতিঘর থেকে বাইরে বেরিয়ে এল তারা।
সেরেসান্তে হঠাৎ বলল, এদিকে লোহার একটা মই দেখতে পাচ্ছি!
নিয়ে এসো! তাড়াতাড়ি!
মইটা টাওয়ারের গায়ে লাগানো হলো ঠিকই, কিন্তু এই মই বেয়ে টাওয়ারের অর্ধেকও পেরুনো যাবে না। খাঁচায় বন্দী বাঘের মত লাগছে কনগ্ৰেকে। পায়চারি করছিল, হঠাৎ দেখল লোহার একটা পাইপ। পাইপটা টাওয়ারের একেবারে মাথা পর্যন্ত উঠে গেছে। এদিকে এসো, সেরেসান্তেকে, ডাকল সে, পাইপটা দেখিয়ে বলল, ওঠো!
সেরেসান্তে আর ভার্গাস তখুনি পাইপ বেয়ে উঠতে শুরু করল। তরতর করে দ্রুত উঠে গেল তারা। টাওয়ারের মাথায় পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। এই সময় পরপর কয়েকটা গুলির আওয়াজ হলো। টাওয়ারের ছাদ থেকে রিভলভার দিয়ে গুলি করছে বাসকেথ আর ডেভিস।
গুলি খেয়ে পাইপ ছেড়ে দিল ভার্গাস আর সেরেসান্তে। ভারী বস্তার মত লাশ দুটো খসে পড়ল নিচে। আর ঠিক তখনই তীক্ষ্ণ শব্দে সান্তা ফের বাঁশি বেজে উঠল। এই বাঁশির শব্দ আসলে একটা সঙ্কেত। সান্তা ফে বলতে চাইছে, তারা তীরের একেবারে কাছে পৌঁছে গেছে।
জলদস্যুদের এখন আর পালাবারও উপায় নেই। সান্তা ফে এখুনি নোঙর ফেলবে।
অন্ধকারে ছুটোছুটি করছে কনগ্রে আর তার শিষ্যরা। এক সময় তাদেরকে আর বাতিঘরের আশপাশে দেখাই গেল না।
একটু পরই রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে তীরের কাছাকাছি নোঙর ফেলল সান্তা ফে। আরও খানিক পর দেখা গেল বাসকেথ আর ডেভিস ওটার ডেক ধরে হাঁটছে।
.
১৪.
বাসকেথ আর ডেভিস সান্তা ফেতে চড়তেই ওদেরকে নিজের কেবিনে ডেকে পাঠালেন ক্যাপটেন লাফায়েত। কুশলাদি জিজ্ঞেস
করে প্রথমেই তিনি প্রশ্ন করলেন, এত দেরি করে আলো জ্বালার কারণ কি, বাসকেথ?
বাসকেথ জবাব দিল, প্রায় আড়াই মাস হতে চলল বাতিঘরের আলো একবারও জ্বলেনি, ক্যাপটেন। গত আড়াই মাসে আজই প্রথম আলোটা আমরা জ্বালতে পারলাম।
আড়াই মাস! কি বলছ তুমি? ফিলিপ আর মরিস কোথায়?
ওরা দুজন খুন হয়ে গেছে, ক্যাপটেন। সান্তা ফে এখান থেকে চলে যাবার পর বাতিঘর দখল করে নিয়েছিল একদল জলদস্যু। বাতিঘরের একজন মাত্র রক্ষী বেঁচে আছে, স্যার।
ডেভিস আর বাসকেথ সব কথা খুলে বলল ক্যাপটেনকে। ধীরে ধীরে বর্ণনা করল কিভাবে খুন হলো ফিলিপ আর মরিস, বাসকেথ কিভাবে পালিয়ে প্রাণ বাঁচাল, সেনচুরি কিভাবে ধ্বংস হলো, ডেভিসকে কিভাবে উদ্ধার করল বাসকেথ, কিভাবে কামান দেগে জলদস্যুদের পালিয়ে যেতে বাধা দিয়েছে ওরা।
সবশেষে ডেভিস বলল, আজ রাতে বাতিঘরের আলোটা জ্বালাবার বুদ্ধি বাসকেথের মাথাতেই আসে। আলো জ্বালা না হলে জলদস্যুরা এতক্ষণে জাহাজ নিয়ে অনেক দূরে চলে যেত।
সব শুনে ক্যাপটেন লাফায়েত ওদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। বাসকেথ ও ডেভিসের সঙ্গে করমর্দন করলেন তিনি। বললেন, তোমরা সাহস করে বাধা দিয়েছিলে বলেই খুনীরা পালাতে পারেনি। এর জন্যে অবশ্যই তোমরা উপযুক্ত পুরস্কার পাবে। তবে তার আগে ডাকাতদের দলটাকে শায়েস্তা করতে হবে। ওদেরকে এমন সাজা দেব, বাপের নাম পর্যন্ত ভুলে যাবে।
সান্তা ফের নাবিকরা কিছুক্ষণের মধ্যেই সব কথা জেনে ফেলল। বাসকেথ আর ডেভিসকে অকুণ্ঠচিত্তে অভিনন্দন জানাল তারা। গল্পগুজবের ফাঁকে কখন যে রাত শেষ হয়ে গেছে ওরা কেউ টেরই পায়নি। ভোরের আলোকে আজ মনে হলো আশীর্বাদ। ডেকে বেরিয়ে এসে ওরা দেখল, আকাশের রঙ হালকা নীল। দিগন্তের কাছে সাগর লাল হয়ে আছে।
ইতিমধ্যে নতুন তিনজন রক্ষীর সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে বাসকেথ। তাদের মুখেই খবরটা পেল ও। কাল রাতে সান্তা ফের একদল সশস্ত্র লোক জলদস্যুদের জাহাজটা দখল করতে গেছে।
সেরেসান্তে আর ভার্গাস মারা গেলেও, পালের গোদা কনগ্রে আর তার দশ-বারোজন শিষ্য এখনও বেঁচে আছে। দ্বীপেই কোথাও লুকিয়ে আছে তারা। যেভাবে তোক খুঁজে বের করতে হবে তাদেরকে। নতুন তিন রক্ষীকে এই দ্বীপে রেখে যাবেন ক্যাপটেন লাফায়েত, আর কিছু না হোক তাদের নিরাপত্তার স্বার্থেও জলদস্যুদের গ্রেফতার করা দরকার। কাজটা খুব কঠিন হবে, কারণ দ্বীপটা তো আর ছোট নয়। একটা দিক আবার অসম্ভব দুর্গম। জলদস্যুরা হয়তো সেদিকেই গা ঢাকা দিয়েছে। তা দিক, ধরা তাদেরকে পড়তেই হবে। যতদিন না ধরা পড়ছে ততদিন দ্বীপ ছেড়ে নড়বে না সান্তা ফে।
বাসকেথ জানাল, জলদস্যুদের কাছে খাবার নেই। সেইন্ট বার্থোলোমিউ অন্তরীপের কাছে ওদের একটা আস্তানা ছিল, অনেক আগেই সেটা খালি হয়ে গেছে। ইগোর উপসাগরের তীরে একটা গুহায় রসদ রেখেছিল, তা-ও সরিয়ে ফেলেছে। না খেয়ে কতদিন আর থাকতে পারবে।
ভোরবেলাই জলদস্যুদের খোঁজে বেরিয়ে পড়লেন ক্যাপটেন লাফায়েত। সঙ্গে বাসকেথ আর ডেভিস তো থাকলই, আরও থাকল বেশ কয়েকজন সশস্ত্র নাবিক। জলদস্যুদের গুহায় এসে কাউকে পাওয়া গেল না। সামান্য কিছু মাল-পত্র ছাড়া এখানে আর কিছু নেই। খাবারদাবার বা মুল্যবান সামগ্রী সবই অনেক আগে সরিয়ে ফেলা হয়েছে। রাতে হয়তো জলদস্যুরা এখানে, একবার এসেছিল, আত্মগোপনের জন্যে জায়গাটা নিরাপদ মনে না হওয়ায় অন্য দিকে চলে গেছে।
ক্যাপটেন লাফায়েত ভাবছেন, এই দ্বীপে বেশিদিন লুকিয়ে থাকা কারও পক্ষেই সম্ভব নয়, কাজেই জলদস্যুদের আত্মসমর্পণ করাই উচিত। কিন্তু তা যখন তারা করছে না, তল্লাশী চালিয়েই গ্রেফতার করতে হবে। সৈইন্ট বার্থোলোমিউ অন্তরীপ পর্যন্ত চষে ফেললেন তিনি, কিন্তু জলদস্যুদের ছায়া পর্যন্ত দেখা গেল না কোথাও। এভাবে পরপর কয়েক দিন ধরে তল্লাশী চলল। কিন্তু কোন লাভ হলো না।
তারপর, অবশেষে, মার্চের দশ তারিখে ক্ষুৎপিপাসায় কাতর অল্প কয়েকজন লোক বাতিঘরের ফটক দিয়ে হোঁচট খেতে খেতে ভেতরে ঢুকল। জানা গেল, সবাই তারা ফিজির লোক। ক্লান্তিতে দুবর্ল হয়ে পড়া লোকগুলো আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছে। ভাল খাওয়াদাওয়া করিয়ে চাঙা করা হলো তাদের, তারপর পায়ে শেকল পরিয়ে ঢুকিয়ে দেয়া হলো সান্তা ফের জেলখানায়।
এই ঘটনার কয়েক দিন পর পাঁচটা লাশ পাওয়া গেল। লেফটেন্যান্ট রিগাল ওয়েবস্টার অন্তরীপে তল্লাশী চালাতে গিয়েছিল, সেখানেই পড়ে থাকতে দেখল লাশগুলো। সান্তা ফের ডাক্তার পরীক্ষা করে জানালেন, লোকগুলো মারা গেছে অনাহারে। বাসকেথ বলল, এগুলোর মধ্যে কনগ্রের লাশ নেই।
তল্লাশ চালানো বন্ধ হয়নি। কিন্তু কনগ্রেকে কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর একদিন বাতিঘর থেকে পাঁচশো গজ দূরে এক লোককে দেখা গেল। টলতে টলতে এদিকেই এগিয়ে আসার চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। অনেক কষ্টে সিধে হয়ে দাঁড়াচ্ছে লোকটা, দুএক পা এগোচ্ছে, কিন্তু তারপরই আবার পড়ে যাচ্ছে।
নতুন আসা রক্ষীদের সঙ্গে বাতিঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিল বাসকেথ। হঠাৎ লোকটার দিকে চোখ পড়তেই চেঁচিয়ে উঠল, কনগ্রে! কনগ্রে আসছে! ওই যে, ওদিকে…
চিৎকার শুনে তখুনি সেখানে ছুটে এলেন ক্যাপটেন লাফায়েত ও লেফটেন্যান্ট রীগাল। কয়েকজন নাবিককে নিয়ে এরইমধ্যে কনগ্রের দিকে ছুটতে শুরু করছে ডেভিস।
কনগ্রের এদিকে আসাটা সত্যি বিস্ময়কর। কিসের আশায়
আসছে সে? ধরা দিয়ে তো কোন লাভ হবে না! তার অপরাধের কোন ক্ষমা নেই, ফাঁসিতে তাকে অবশ্যই চড়তে হবে। সব জেনেও কেন সে আসছে?
ডেভিস আর নাবিকরা কনগ্রের কাছে তখনও পৌঁছায়নি, হঠাৎ একটা রিভলভার গর্জে উঠল। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল কনগ্রে। ক্যাপটেন লাফায়েত প্রচণ্ড রাগে কাঁপতে শুরু করলেন। কার এত সাহস যে তার উপস্থিতিতে, তার অনুমতি না নিয়ে, কনগ্রেকে গুলি করল? আইন হাতে তুলে নেয়ার অধিকার কে তাকে দিল? অসম্ভব, এত বড় অন্যায় তিনি ক্ষমা করবেন না। কনগ্রে আত্মসমর্পণ করতে আসছিল, সে সুযোগ তাকে অবশ্যই দেয়া উচিত ছিল।
তারপর জানা গেল, ক্যাপটেন লাফায়েত অনেকটা দূরে ছিলেন বলে আসল ঘটনা বুঝতে পারেননি। কনগ্রেকে কেউ গুলি করেনি। সে নিজেই নিজেকে গুলি করেছে। কেন, বাতিঘরের সামনে এসে আত্মহত্যা করল কেন? তারও ব্যাখ্যা পাওয়া গেল। কনগ্রে ভেঙেছে, কিন্তু মচকায়নি। তার বেল্টে রিভলভার ছিল, সেটা বের করে নিজের কপালে ঠেকিয়ে ট্রিগার টেনে দিয়েছে সে। সবাইকে দেখিয়ে ফাঁসির রশিকে ফাঁকি দিয়েছে জলদস্যুদের সর্দার।
স্টাটেন আইল্যান্ডে গত তিন মাস ধরে রোমহর্ষক একটা নাটক চলছিল, কনগ্রে আত্মহত্যা করার সঙ্গে সঙ্গে তার সমাপ্তি ঘটল।
.
মার্চের তিন তারিখ থেকে নির্দিষ্ট সময় ধরে নিয়মিতই বাতিঘরের আলো জ্বালানো হচ্ছে। নতুন রক্ষীদের সব দেখিয়ে ও বুঝিয়ে দিয়েছে বাসকেথ। জলদস্যুদের মাত্র সাতজন বেঁচে আছে, তারাও সান্তা ফের অন্ধকার খুপরিতে বসে ফাঁসিতে চড়ার প্রহর গুণছে। ক্যাপটেন লাফায়েত তাদেরকে জেরা করে জেনেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে অসংখ্য জাহাজকে ডুবিয়েছে তারা, খুন করেছে অগুনতি মানুষকে। বুয়েনস আইরেসের আদালতে খুব তাড়াতাড়ি তাদের বিচার শুরু হবে। বিচারে যে তাদের প্রতেকেরই ফাঁসি হবে, তাতে কোন সন্দেহ নেই।
ডেভিস আর বাসকেথ সান্তা ফেতে চড়ে রওনা হবার জন্যে তৈরি হয়েই আছে। প্রথমে ওরা বুয়েনস আইরেসেই যাবে। ওখান থেকে ডেভিস চলে যাবে যুক্তরাষ্ট্রের মবিলে। নতুন একটা কাজ যোগাড় করতে তার কোন অসুবিধে হবে না। তবে বাস্কেথ দেশে ফিরে আর কোন কাজ খুঁজবে না, কারণ তার অবসর নেয়ার সময় হয়েছে। সারাটা জীবনই তো দুঃসাহসিক কাজে কঠিন সংগ্রামের ভেতর দিয়ে কাটল, কাজেই এবার চাই বিশ্রাম। তবে দেশে ফিরছে ঠিকই, মনটা ভাল নেই। এসেছিল তিনজন, ফিরতে হচ্ছে একা। বন্ধুদের কথা ভেবেই মনটা ওর বিষণ্ণ হয়ে আছে।
বাতিঘরের টাওয়ারকে বিদায় জানাবার জন্যে সান্তা ফের ডেক থেকে কামান দাগা হলো। তারিখটা ছিল আঠারোই মার্চ।
সূর্য অস্ত যাচ্ছে, এই সময় রওনা হলো সান্তা ফে। সন্ধ্যার কালো ছায়া যখন গাঢ় হতে শুরু করেছে, ঠিক তখনই সমস্ত কালিমা ঝেটিয়ে বিদায় করে দিল চোখ-ধাঁধানো তীব্র আলোর একটা বন্যা। সেই আলো গায়ে মেখে ঝিকিয়ে উঠল সাগরের ঢেউ। রাত যত বাড়ছে আলোর উজ্জ্বলতাও তত বাড়ছে। সেই সঙ্গে আরও দূরে মিলিয়ে যাচ্ছে সান্তা ফে।
জোয়ার শুরু হয়েছে আগেই। আলোকিত বালিয়াড়িগুলো একে একে ডুবে যাচ্ছে। সান্তা ফের ডেকে দাঁড়িয়ে স্টাটেন আইল্যান্ডের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে বাসকেথ আর ডেভিস। দুজনেই ওরা এই দ্বীপে নিজেদের বন্ধু-বান্ধবদের চিরকালের জন্যে রেখে যাচ্ছে, যাদের কথা কোনদিন ওরা ভুলতে পারবে না। মনটা বিষণ্ণ হয়ে থাকলেও একটা কথা ভেবে দুজনেই ওরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ–অদ্ভুত হলেও সত্যি যে আজও ওরা বেঁচে আছে।
<