০৩.

ক্লাস টেনের প্রিটেস্টের আগে পর্যন্ত তাদের প্রেমের পথে কোনো বাধা আসল না। কিন্তু প্রিটেস্টের পরে একটা ঘটনাকে কেন্দ্র করে ফাহমিদার বাবা তাদের দুজনের সম্পর্ক জানতে পেরে মেয়েকে ভীষণ রাগারাগি করলেন। তারপর থেকে মেয়ের উপর খুব কড়া নজর রাখলেন। ফলে ফাহমিদা শামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে বাধ্য হল। ঘটনাটা হল, সেদিন ফাহমিদা চিঠি লিখে একটা বইয়ের ভিতরে রেখে বইটা তাদের চাকর রফিকের হাতে দিয়ে বলল, এটা শামীকে দিয়ে অপেক্ষা করবি। তারপর সে একটা বই তোর হাতে দেবে। সেটা নিয়ে এসে আমাকে দিবি। রফিকের বয়স বার-তেরর মতো। তাকে ছয় বছরের রেখে তার বাবা মারা গেছে। তার মা আবার বিয়ে করেছে। দ্বিতীয় স্বামীর ঘরের কেউ রফিককে দেখতে পারে না। ছোট ছেলে, একটু কিছু করলে সবাই মারে। শেষে তার মা সাত বছরের রফিককে আবসার উদ্দিনের কাছে কান্নাকাটি করে রেখে গেছে। একই গ্রামের মেয়ে রফিকের মা। তাই তিনি দয়াপরবশ হয়ে রফিককে ঘরের ফাইফরমাস শোনার জন্য রেখে দেন। আজ সাত বছর রফিক আবসার উদ্দিনের কাছে আছে। ফাহমিদার চেয়ে রফিক দুতিন বছরের ছোট। সে তারই ফরমাস বেশি শোনে। আজকের আগেও কয়েকবার ফাহমিদা তাকে দিয়ে ঐভাবে শামীকে চিঠি দিয়েছে। কারণ সবদিন পালেদের পুকুর পাড়ে শামীর সঙ্গে তার দেখা হত না। কয়েকদিন দেখা হয়নি, তাই আজ রফিকের হাতে পাঠিয়েছিল। কিন্তু বিধি হল বাম। রফিক শামীর কাছ থেকে ফিরে এসে আবসার উদ্দিনের সামনে পড়ে গেল।

আবসার উদ্দিন রফিককে বাইরে থেকে বই হাতে আসতে দেখে জিজ্ঞেস করলেন, তোর হাতে কি বই দেখি?

রফিক সাদাসিধে ছেলে। সে ফাহমিদা ও শামীর সম্পর্কের কথা কিছুই জানে না। নিশ্চিন্তে বইটা ওনার হাতে দেয়ার সময় বলল, আপা একটা বই দিয়ে আমাকে বলল, এটা শামী ভাইকে দিবি, আর শামী ভাই যে বইটা দেবে সেটা নিয়ে আসবি।

আবসার উদ্দিন ততক্ষণ বইটা নিয়ে বইয়ের উপর শামীর নাম ঠিকানা লেখা দেখে কপালে চিন্তার রেখা ফুটে উঠল। এক সময় বইটার পাতা উল্টাতে গিয়ে শামীর দেয়া চিঠি পেয়ে গেলেন। চিঠি পড়ে মাথা গরম হয়ে গেল। হুংকার দিয়ে মেয়েকে ডাক দিলেন।

ফাহমিদা নিজের রুমে বসে বসে রফিকের জন্যে অপেক্ষা করছিল। আব্বার হুংকার শুনে ভয় পেয়ে গেল। কারণ তার আব্বা তাকে কখনও কড়া মেজাজে কথা বলে নি। রুম থেকে বেরিয়ে আব্বার হাতে বই ও চিঠি দেখে এবং রফিককে সেখানে দেখে আরো ভয় পেল। চিন্তা করল, চিঠি পড়ে আব্বা নিশ্চয় সবকিছু জেনে ফেলেছে।

তাকে দেখে আবসার উদ্দিন চিঠিটা কুচিকুচি করে ছিঁড়ে দুহাতে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে গম্ভীরস্বরে বললেন, শামীকে তুই এভাবে মন থেকে ছুঁড়ে ফেলে দে। তুই এখন ছেলে মানুষ। প্রেম ভালবাসার কি বুঝিস? শামী খুব খারাপ ছেলে। তা ছাড়া তার বাবা গরীব। তার উপর মোল্লা। মোল্লাকী করে কোনো রকমে সংসার চালায়। তাদের কি আছে? না আছে টাকা পয়সা, না আছে বংশ মর্যাদা। যেভাবে তুই মানুষ হচ্ছিস, তাতে করে ওদের বাড়িতে গিয়ে সারাজীবন দুঃখে ভাসবি। একদণ্ড সুখে থাকতে পারবি না। আমাদের বংশের এটা সম্মান আছে। এসব কথা লোকে শুনলে, সেই সম্মান ধূলোয় মিশে যাবে। আমি তোর বাবা। প্রত্যেক বাবা তার সন্তানের মঙ্গল কামনা করে। আমার শেষ কথা শুনে রাখ, এরপরও যদি তুই শামীর সাথে যোগাযোগ রাখিস, তা হলে জ্যান্ত কবর দিয়ে দেব। যা, এবার মন দিয়ে পড়াশোনা কর। সামনে তোর পরীক্ষা।

ফাহমিদা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। সেইভাবে নিজের রুমে চলে গেল। তারপর থেকে সে আর শামীর সঙ্গে যোগাযোগ করতে সাহস করল না।

ফাহমিদা যোগাযোগ বন্ধ করে দিতে শামী খুব চিন্তিত হয়ে পড়ল। প্রিটেস্ট পরীক্ষার মাস খানেক পর থাকতে না পেরে একদিন জোবেদাদের বাড়ি গেল।

জোবেদা তাকে দেখে সালাম দিয়ে বলল, আরে শামী ভাই যে, আসুন বসুন।

 শামী সালামের উত্তর দিয়ে বলল, তুমি আমার এটা উপকার করবে?

জোবেদা বলল, একটা কেন হাজারটা করব। দরকার হলে প্রাণও বাজী রাখব। আপাততঃ দুমিনিট অপেক্ষা করুন আসছি বলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একহাতে একটা প্লেটে দুটো সিদ্ধ ডিম ও এক কাপ চা আর অন্য হাতে এক গ্লাস পানি নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল, প্রথমে এগুলোর সদ্ব্যবহার করুন তারপর কি করতে হবে শুনবো।

শামী বলল, তুমি এসব করতে গেলে কেন? আমি কি মেহমান নাকি?

জোবেদা একটা ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যদি বলি আপনি তার চেয়েও অনেক বেশি। তারপর হেসে উঠে বলল, তাড়াতাড়ি খেয়ে ফেলুন; নচেৎ আপনার কোনো উপকার করতে পারব না।

শামী জোবেদার কথার মধ্যে যেন অন্য সূর রয়েছে বুঝতে পারল। কিন্তু তা ক্ষণিকের জন্য। তখন তার মন ফাহমিদাকে দেখার জন্য উতলা হয়ে আছে। তাই একটা ডিম খেয়ে চায়ে চুমুক দিয়ে বলল, ফাহমিদাকে একটু ডেকে আনতে পার?

জোবেদা বলল, কেন পারব না। আপনি চা খাওয়া শেষ করুন, আমি ততক্ষণে ওকে ডেকে নিয়ে আসছি। তারপর সে বেরিয়ে গেল।

তাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে ফাহমিদাদের বাড়ি। ফাহমিদা ঘরে ছিল, জোবেদাকে দেখে বলল, কিরে, হঠাৎ কি মনে করে?

জোবেদা বলল, শামী ভাই আমাদের সদরে বসে আছেন। তোকে ডাকছেন।

ফাহমিদা বলল, আব্বা ঘরে আছে, এখন যেতে পারব না। তুই শামী ভাইকে বলবি, সে যেন এদিকে না আসে। আমি পরে তার সাথে যোগাযোগ করব।

জোবেদা বলল, মনে হচ্ছে, শামী ভাইয়ের সঙ্গে তোর অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, তাই এসেছে। তোর আব্বা আছে তো কি হয়েছে? সে তো আর জানবে না, তুই শামী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিস?

ফাহমিদা একটু চিন্তা করে বলল, তোকে সব কথা এখন বলা যাবে না। শামী ভাইকে যা বলতে বললাম গিয়ে তাই বল।

জোবেদা মুখ ভার করে ফিরে এসে ফাহমিদা যা বলেছে বলল।

শুনে শামীর মনটা আরো খারাপ হয়ে গেল। কয়েক সেকেণ্ড চুপ করে থেকে বলল, কি আর করা যাবে, চলি তা হলে। তারপর সালাম বিনিময় করে ফিরে এল।

দেখতে দেখতে টেস্ট পরীক্ষা হয়ে গেল। আজ রেজাল্ট দেবে। শামী পালেদের পুকুর পাড়ে এসে অনেকক্ষণ ফাহমিদার জন্য অপেক্ষা করল। কিন্তু ফাহমিদা এল না। ভাবল, সে হয়তো আমি আসবার আগে স্কুলে চলে গেছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করে স্কুলে রওয়ানা দিল। স্কুলে পৌঁছে রেজাল্ট দেখার জন্য নোটিস বোর্ডের কাছে এগিয়ে যেতে চার পাঁচজন সহপাঠি তাকে জড়িয়ে ধরে বলল, শামী ভাই, তুমি ফার্স্ট হয়েছ।

শামী শোকর আলহামদুলিল্লাহ বলে বলল, তোমরাও নিশ্চয় এলাউ হয়েছ? তারা সবাই বলে উঠল, হ্যাঁ শামী ভাই আল্লাহর রহমতে আমরাও এলাউ হয়েছি।

শামী তবু নোটিস বোর্ডের কাছে গিয়ে এক নাম্বারে তার নাম দেখে ভীষণ আনন্দ অনুভব করল। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মেয়েদের স্কুলে গেল।

ছেলেদের স্কুল থেকে মেয়েদের স্কুল পাঁচ-ছ মিনিটের পথ। শামী এসে ফাহমিদাকে খুঁজতে লাগল। নোটিস বোর্ডের কাছে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে বারান্দার শেষ মাথায় তাকে একাকি দাঁড়িয়ে থাকতে দেখল। শামী নোটিশ বোর্ডে দেখল, ফাহমিদাও ফাস্ট হয়েছে। তবুও তাকে একাকি মন ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে সালাম দিয়ে বলল, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে রয়েছ কেন? তোমার চেহারাই বা এত মলিন কেন? আজ তোমাকে এরকম দেখব স্বপ্নেও ভাবিনি।

ফাহমিদা কোনো কথা না বলে উদাস দৃষ্টিতে শামীর দিকে তাকিয়ে রইল।

তাই দেখে শামী বলল, কি হয়েছে বলছ না কেন? তোমার এই নীরবতা আমাকে খুব কষ্ট দিচ্ছে। এতদিন ডুব মেরেই বা ছিলে কেন? জান, আমি ফার্স্ট হয়েছি।

ফাহমিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সালামের উত্তর দিয়ে বলল, জানতাম, তুমি ফার্স্ট হবেই।

তুমিও তো ফাস্ট হয়েছ; তবু তুমি মন খারাপ করে রয়েছ কেন? এদিকে আমি প্রতিদিন পালেদের পুকুর পাড়ে তোমার অপেক্ষায় থেকেছি। আজও অনেকক্ষণ ছিলাম। চল তোমাকে মিষ্টি খাওয়াব। আমি ফার্স্ট হয়েছি, তুমি খুশী হওনি?

খুব খুশী হয়েছি। কিন্তু আজ তোমার সঙ্গে কোথাও যেতে পারব না।

কেন?

ফাহমিদা কিভাবে আব্বার কথাটা বলবে, চুপ করে ভাবতে লাগল।

কি হল চুপ করে রয়েছ কেন? আমরা দুজনেই ফাস্ট হয়েছি। আজ তো আনন্দের দিন। তোমার কোনো কথা শুনব না। চল, মিষ্টি খেয়ে সারাদিন দুজনে বেড়াতে বেড়াতে গল্প করে কাটাব।

বললাম না, আজ কোথাও যেতে পারব না?

কিন্তু কেন বলবে তো?

আমাদের দুজনের সম্পর্কের কথা আব্বা জানতে পেরেছে। জানার পর আমাকে ভীষণ রাগারাগি করেছে। আর যেন তোমার সঙ্গে কোনোরকম যোগাযোগ না করি, সে কথা বলে বলেছে, যদি তার কথা না শুনি, তা হলে জ্যান্ত পুঁতে ফেলবে। আব্বার কথা এখন থাক। একটা কথা বলব, তোমাকে রাখতেই হবে। তুমি যদি সত্যিকার আমাকে ভালবেসে থাক, তা হলে তোমাকে একটা ওয়াদা করতে হবে।

শামী বলল, আমি তোমাকে সত্যিকার ভালবাসি কিনা তা আল্লাহপাক জানেন। আর তুমি যদি শুনতে চাও, তা হলে বলছি শুন, তোমাকে অনেক দিন থেকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালবাসি এবং চিরকাল বেসে যাব। আমার ভালবাসার মধ্যে মোহ বা স্বার্থ নেই। যদি আল্লাহ তোমার সঙ্গে আমার মিলন নাও করান, তবু তোমাকে মনে রেখে আমরণ কাটিয়ে দেব। অন্য কোনো মেয়েকে এ হৃদয়ে স্থান দিতে পারব না। তুমি আমার সমস্ত হৃদয় জুড়ে রয়েছ। সেখানে অন্য কারো স্থান নেই। এবার বল, কি ওয়াদা করতে হবে। প্রাণের বিনিময়েও তা আমি রক্ষা করব।

ফাহমিদা বলল, আমাদের মেলামেশা ফাইন্যাল পরীক্ষা পর্যন্ত বন্ধ রাখতে হবে। আমি যতদিন না তোমাকে দেখা করার কথা বলব ততদিন তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমিও তোমাকে নিজের চেয়ে বেশি ভালবাসি। তোমার ক্ষতি হোক আমি তা চাই না। তোমার সুখ-শান্তি আমার কামনা।

বেশ, আমি ওয়াদা করলাম, তুমি যা বললে তা পালন করব। এবার আমি তোমাকে একটা অনুরোধ করব, রাখবে তো?

রাখব।

 রফিকের হাতে মাঝে মাঝে চিঠি দিও।

তা একেবারেই অসম্ভব। কারণ শেষবারে যে চিঠিটা তুমি রফিকের হাতে দিয়েছিলে, সেটা আব্বার হাতে ধরা পড়েছে। তারপর কিভাবে ধরা পড়ল এবং সেই চিঠি পড়ে আব্বা কি করলেন তা সব বলে বলল, এখন নিশ্চয় বুঝতে পারছ, কেন এতদিন তোমার সাথে যোগাযোগ করিনি এবং আমার চেহারা এত মলিন কেন আর সেই জন্যেই জোবেদাদের বাড়িতে যেদিন তুমি তার হাতে ডেকে পাঠিয়েছিলে সেদিন আসতে পারি নি।

শামী বলল, ঠিক আছে, আর বেশি কিছু তোমাকে বলতে হবে না। তুমি খবর না দেয়া পর্যন্ত যোগাযোগ করব না। তারপর ভিজে গলায় বলল, একটা কথা মনে রেখ, তোমাকে পাওয়ার জন্য আমি সারাজীবন অপেক্ষা করব। এখন আসি তা হলে বলে সালাম বিনিময় করে চোখ মুছতে মুছতে চলে গেল।

ফাহমিদা তার দিকে তাকিয়ে রইল। শামী যখন স্কুলের গেটের বাইরে চলে গেল। তখন গুটি গুটি পায়ে সেও গেটের দিকে এগোল।

রাহেলা, জোবেদাও টেস্টে এলাউ হয়েছে। তারা ফাহমিদাকে খুঁজতে গিয়ে তাকে। শামী ভাইয়ের সাথে কথা বলতে দেখে গেটের বাইরে এসে অপেক্ষা করছিল। ফাহমিদা এলে রাহেলা বলল, কিরে, শামী ভাইকে একা ছেড়ে দিলি যে? সে ফার্স্ট হয়েছে শুনে মিষ্টি খাওয়াতে বললাম। শামী ভাই অন্যদিন খাওয়াবে বলে চলে গেলেন। তার মন খুব খারাপ দেখলাম। এখন দেখছি তোরও মন খারাপ। কি ব্যাপার বলতো?

ফাহমিদা বলল, আমাদের ব্যাপারটা আব্বা জেনে গিয়ে আমার উপর যে ভীষণ রাগারাগি করেছে তা তোদেরকে একদিন বলেছিলাম। আজ শামীকে সেকথা জানিয়ে বললাম, এখন কিছুদিন যেন সে আমার সাথে যোগাযোগ না করে।

জোবেদা বলল, শামী ভাই কি বললেন?

ফাহমিদা বলল, কি আর বলবে? সেও তাই বলল। এবার এসব কথা থাক, চল, বাড়ি যাই চল।

শামী ফাহমিদাদের স্কুল থেকে বেরিয়ে এসে ফেরার পথে বন্ধু রায়হানের কাছে গেল।

রায়হান তাকে দেখে সালাম ও কুশল বিনিময় করে বলল, তোদের আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরোবার কথা না? তোর মুখ অত মলিন কেন? রেজাল্ট কি ভালো হয়নি?

শামী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পরীক্ষার রেজাল্ট আল্লাহর রহমতে ভালো হয়েছে। তারপর ফাহমিদা যা বলেছে ও তার ওয়াদা করার কথা বলল।

কিছুদিন আগে রায়হান তার প্রাইভেট মাস্টারের কাছে ফাহমিদার বিয়ের কথা শুনেছে। ফাহমিদার ছোট খালা খালু এসে বৌ করবে বলে কথাবার্তা পাকা করে গেছেন। ওনাদের ছেলের নাম মালেক। সে আমেরিকায় চাকরি করে। দেশে এলেই বিয়ের কাজ সম্পন্ন হবে। রায়হান যে মাস্টারের কাছে প্রাইভেট পড়ে, ফাহমিদাও সেই মাস্টারের কাছে প্রাইভেট পড়ে। ফাহমিদাকে পড়াতে গিয়ে তিনি একদিন আবসার উদ্দিনের কাছে শুনেছিলেন। সে কথা শোনার পর রায়হান চিন্তা করেছে, কথাটা শামীকে জানাবে কিনা। তার এক মন বলল, জানান উচিত। আবার এক মন বলল, শামী শুনে খুব দুঃখ পাবে। তার চেয়ে সে নিজে একদিন না একদিন জানতে পারবে। এসব কথা তো আর গোপন থাকে না। তা ছাড়া ফাহমিদাও যখন ব্যাপারটা জানে তখন সেও হয়তো শামীকে জানাতে পারে। আগে বেড়ে কথাটা না বলাই ভালো। আমার কাছে শুনে যদি শামী ভাবে, আমি তার দুষমণি করছি। এইসব ভেবে রায়হান শামীকে জানায় নি।

এখন শামীর কথা শুনে রায়হানের ফাহমিদার বিয়ের কথা মনে পড়ল। বলল, তা না হয় বুঝলাম; কিন্তু তোর মন এত খারাপ কেন?

ফাহমিদাকে আবার কবে দেখতে পাব ভেবে মন খারাপ হয়ে আছে।

দেখিস, শেষকালে তোকে ফাঁকি দিয়ে অন্যের গলায় ঝুলে না পড়ে।

তা কখনই সম্ভব নয়। আমাদের ভালবাসা যদি খাঁটি হয়, তা হলে ফাহমিদা এটা জান গেলেও করতে পারবে না।

তোর ভালবাসা না হয় খাঁটি; কিন্তু ফাহমিদার যদি খাঁটি না হয়?

আমার যতদূর মনে হয়, তার ভালবাসাও খাঁটি। আর যদি তার ভালবাসায় খাদ থাকে, তবে আমার ভালবাসার আগুনে সেই খাদ পুড়িয়ে খাঁটি করে নেব।

রায়হান মনে মনে ভাবল, শামী ফাহমিদার বিয়ের কথা শুনলে কি করবে কি জানি। বলল, দোয়া করি, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। মন খারাপ করে আর কি করবি? ওয়াদা যখন করেছিস তখন তো তোকে তা রক্ষা করতেই হবে। ফাইন্যাল পরীক্ষার পর কি করে দেখ।

শামী বলল, তা তো নিশ্চয়। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল।

এরপর শামী মন দিয়ে পড়াশোনা করে ভালভাবে ফাইন্যাল পরীক্ষা দিল। পরীক্ষার পর যত দিন যেতে লাগল, ফাহমিদার সঙ্গে দেখা করার জন্য তার মন তত ছটফট করতে লাগল। তবু ওয়াদা ভঙ্গের ভয়ে যোগাযোগ না করে ধৈর্য ধরে তার চিঠির অপেক্ষায় রইল।

এভাবে তিন-চার মাস অতিবাহিত হবার পরও ফাহমিদা যোগাযোগ করল না। এর মধ্যে এস. এস. সি. পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল। শামী চারটে লেটার নিয়ে স্টার মার্ক পেয়ে ফার্স্ট ডিভিসানে পাস করেছে। রেজাল্ট বেরোবার পর থাকতে না পেরে একদিন শামী জোবেদাদের বাড়িতে গেল। তাকে পেল না। তার ছোট বোন আখতার বানু বলল, গতকাল খালা আপাকে তাদের বাড়িতে নিয়ে গেছে। জানেন শামী ভাই, আপা ও রাহেলা আপা সেকেণ্ড ডিভিসানে পাস করেছে। আর ফাহমিদা আপা তিনটে লেটার নিয়ে ফার্স্ট ডিভিসান পেয়েছে।

শামী বলল, আমি ওদের স্কুলে গিয়ে জেনে এসেছি। এখন চলি পরে আর একদিন আসব। তারপর সেখান থেকে ফিরে আসতে আসতে চিন্তা করতে লাগল, কিভাবে ফাহমিদার সঙ্গে দেখা করবে। জোবেদা বাড়ি ফিরে এলে আর একদিন তার কাছে যাবে ভেবে রাখল।

শামীর দিন যেন কাটতে চায় না। একদিন রায়হানের কাছে গিয়ে বলল, পরীক্ষা সেই কবে হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেল। এখনও ফাহমিদার কাছ থেকে কোনো খবর পাচ্ছি না। কি করা যায় বলতে পারিস?

রায়হান বলল, তুই কারো হাতে চিঠি দিয়ে দেখ, সে কি করে।

না, তা আমি দেব না। দিলে ওয়াদা ভঙ্গ হবে। আমি ওয়াদা ভঙ্গ করতে পারব না।

ফাহমিদা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোকে কল করে, তা হলে তো তোর কোনো আপত্তি নেই?

তাতে আপত্তি থাকবে কেন? সে অগ্রভূমিকা নিলে আমার ওয়াদা ভঙ্গ হবে না।

 ঠিক আছে, এখন তুই যা। ভেবে চিন্তে দেখি কি করা যায়।

শামী ভারাক্রান্ত মনে ফিরে এল। মাসখানেকের মধ্যে সে মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে লাগল। কিন্তু ফাহমিদার জন্য তার মনে একবিন্দু শান্তি নেই। শেষে একদিন জোবেদার কাছে গিয়ে ফাহমিদার কথা জিজ্ঞেস করল।

জোবেদা বলল, ফাহমিদা রামপাল কলেজে ভর্তি হয়েছে।

 তুমি ও রাহেলা ভর্তি হওনি?

না, আমরা আর পড়ব না।

কেন?

 রাহেলার তো বিয়ের কথা চলছে।

তার না হয় বিয়ের কথা চলছে, কিন্তু তুমি ভর্তি হলে না কেন? তোমারও কি সে রকম কিছু হচ্ছে না কি?

জোবেদা এই কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপ করে রইল।

কি সত্যি তাই নাকি?

না তাই নয়। আব্বা আর পড়াতে চান না। ওসব কথা বাদ দিন, কেন এসেছেন বলুন।

ফাহমিদার সঙ্গে অনেক দিন থেকে যোগাযোগ নেই। তাই তার একটু খোঁজ নিতে এলাম। সে কেমন আছে বলতে পার?

কেন পারব না? সে তো ভালই আছে। কলেজে যাচ্ছে। মন দিয়ে পড়াশোনা করছে। আপনার সঙ্গে কতদিন যোগাযোগ নেই? আমার সঙ্গে তো কয়েকদিন আগে দেখা হয়েছিল। কই, সে রকম কিছু বলল না তো? তাকে কি আপনার কথা বলে ডেকে নিয়ে আসব?

শামী বলল, না না ডাকতে হবে না। সে কেমন আছে, শুধু জানতে এসেছিলাম। আচ্ছা, এবার আসি। তারপর সালাম দিয়ে স্থাপদে চলে গেল।

জোবেদা শামীকে ঐভাবে চলে যেতে দেখে ভাবল, ওদের দুজনের মধ্যে কি মনোমালিন্য হয়েছে। শামীকে যতদূর দেখা গেল ততদূর তার দিকে তাকিয়ে রইল। তারপর আড়াল হয়ে যেতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির ভিতরে চলে গেল।

এদিকে রায়হান চিন্তা করছে কিভাবে শামীকে জানান যায়, ফাহমিদার বিয়ে তার খালাত ভাইয়ের সাথে হবে। আর সেই জন্যে সে এতদিন শামীর সঙ্গে যোগাযোগ করেনি। একদিন রায়হান তার এক সাথীকে নিয়ে শামীদের বাসায় এল। আপ্যায়নের পর তিন জনে গল্প করতে লাগল।

এমন সময় ফাহমিদার ছোট চাচার মেয়ে জমিলা একটা নোট বই হাতে করে নিয়ে এসে শামীকে বলল, ফাহমিদা আপা পাঠিয়েছে। জমিলা ক্লাস ফাইভের ছাত্রী।

জমিলাকে দেখে ও তার কথা শুনে শামীর মুখে আনন্দের ঢেউ ফুটে উঠল। তাড়াতাড়ি বইটা নিয়ে ফরফর করে পাতা উল্টে দেখে কিছু না পেয়ে তার মুখটা মলিন। হয়ে গেল। বইটা আস্তে করে টেবিলের উপর রেখে বেশ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। তখন তার প্রিটেস্টের আগের কথা মনে পড়ল। এই বইটার মধ্যে রফিকের হাতে ফাহমিদাকে শেষ চিঠি পাঠিয়েছিল। এই বইটাই তার আব্বার হাতে চিঠিসহ ধরা পড়েছিল। সেই থেকে বইটা তার কাছে রয়ে গিয়েছিল। তারপর যোগাযোগ বন্ধ থাকায় শামীকে আবার বইটা কিনতে হয়।

তাকে চুপ করে থাকতে দেখে জমিলা বলল, আমি তা হলে যাই?

শামী এতক্ষণ বাস্তবে ছিল না। জমিলার কথাশুনে হুঁশ হল। বলল, তুমি যেন কি বললে?

জমিলা বলল, আমি এখন যাই?

শামী বলল, সেকি? একটু চা খেয়ে যাও। তারপর তাকে সঙ্গে নিয়ে ভিতরে যাওয়ার সময় রায়হানকে বলল, তোরা একটু বস, আমি আসছি।

জমিলাকে মায়ের কাছে নিয়ে এসে বলল, আম্মা, এ দক্ষিণ পাড়ার আবসার উদ্দিন চাচার ছোট ভাইয়ের মেয়ে জমিলা। একে চা নাস্তা দাও তো।

মাসুমা বিবি বললেন, তুই ওকে তোর ঘরে নিয়ে যা। আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি।

শামী তাকে নিজের রুমে এনে চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করল, তোমার ফাহমিদা আপা কেমন আছে?

জমিলা বলল, আপা ভালো আছে।–

 তোমার আপা আমাকে বলার জন্য কিছু বলে দেয়নি?

কই, না তো, শুধু বলল, বইটা শামী ভাইকে দিয়ে আয়।

এমন সময় শামীর ছোট বোন চা নাস্তা নিয়ে এলে শামী বলল, নাও নাস্তা খেয়ে নাও।

জমিলা বলল, আপনি খাবেন না?

 শামী বলল, তুমি আসার আগে আমি বৈঠকখানায় বন্ধুদের সঙ্গে খেয়েছি।

জমিলার নাস্তা খাওয়া হয়ে যেতে শামী তাকে বিদায় দিয়ে বৈঠকখানায় এসে বসল।

শামী জমিলাকে নিয়ে বাড়ির ভিতরে চলে যাওয়ার পর রায়হানের সাথী বলল, রায়হান ভাই, তোমার ফিরতে মনে হয় দেরি হবে। আমার একটু কাজ আছে আমি যাই।

রায়হান বলল, ঠিক আছে তাই যাও। আমি শামীর সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করে ফিরব।

সাথি চলে যাওয়ার পর রায়হান বইটার দিকে তাকিয়ে চিন্তা করল, শামী মনে করেছিল, বইটার ভিতর ফাহমিদা নিশ্চয় চিঠি পাঠিয়েছে। তাই বইটা হাতে নিয়ে পাতা উল্টে দেখল। রায়হানের মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল। শামী ফিরে এসে বসার পর বলল, কিরে জমিলার কাছে ফাহমিদার কোনো খবর পেলি?

শামী বলল, সে খবর না দিলে পাব কি করে? জমিলাকে জিজ্ঞেস করতে বলল, আপা ভালো আছে।

রায়হান বলল, ফাহমিদার নিরবতার কারণ কিছু বুঝতে পারলি?

 শামী বলল, না। আমার মাথায় তো কিছু আসছে না।

রায়হান বলল, কি আর করার আছে, কিছুদিন ধৈর্য ধরে থাক। জমিলার কাছ থেকে তোর খবর পেয়ে যোগাযোগ করে কিনা দেখ। ফাহমিদাকে বলার জন্য জমিলাকে কিছু বলে দিয়েছিস নাকি?

শামী বলল, না বলিনি।

রায়হান বলল, পরে আবার আসব, এখন চলি। তারপর সালাম বিনিময় করে চলে গেল।

বাড়িতে এসে রায়হান বুদ্ধিটা কাজে লাগাবার জন্য ফাহমিদার হয়ে শামীকে একটা চিঠি লিখতে বসল। ফাহমিদার দেয়া সব চিঠি শামী রায়হানকে পড়তে দেয়। তার হাতের লেখা সে চিনে। ফাহমিদার হাতের লেখা নকল করে লিখল,

শামী ভাই,

পত্রে আমার সালাম নেবে। পরে জানাই যে, এতদিন তোমার সাথে যোগাযোগ করিনি বলে নিশ্চয় মনে খুব কষ্ট পেয়েছ। কিন্তু কেন যে যোগাযোগ করিনি, তা শুনলে সে কষ্ট আর থাকবে না। আমার প্রতি আব্বা-আম্মার অত্যাচার বেড়েই চলেছে। তারা সব সময় আমার দিকে কড়া নজর রেখেছে। কোথাও যেতে দেয় না। শুধু কলেজে যেতে দেয়। তবে একটা কাজের মেয়ের সঙ্গে যাতায়াত করতে হয়। আমার মনের কথা নিচের কবিতাটি পড়লে বুঝতে পারবে।

হৃদয়ের কান্না শুনবে না কেহ,
 শুনবে সেদিন যেদিন থাকব না ভবে।
যদি ভাগ্যের পরিহাসে না হয় মিলন,
 তা হলে যতই ঘৃণা কর না আমাকে,
তবু তুমি আমার হৃদয়ের মাঝে
বসরার গোলাপ হয়ে ফুটে থাকবে।

 আর বেশি কিছু লিখে তোমার কাটা ঘায়ে নুন ছিটাব না। এখানে রাখছি।

ইতি
ফাহমিদা

দুদিন পর রায়হান চিঠিটা নিয়ে শামীর সঙ্গে দেখা করে বলল, তোর জন্য একটা সুখবর আছে।

রায়হানের কথা শুনে শামীর হার্টবিট বেড়ে গেল। বলল, নিশ্চয় ফাহমিদার খবর? কি খবর তাড়াতাড়ি বল।

রায়হান বলল, ধীরে দোস্ত ধীরে। আগে বল কি খাওয়াবি?

 তুই যা খেতে চাইবি তাই খাওয়াব।

 রাজকন্যার নেক নজর তোর উপর পড়েছে। তোকে তলব করেছে।

 ভূমিকা না করে আসল কথা বল।

রায়হান বুক পকেট থেকে চিঠিটা বের করে তার হাতে দিয়ে বলল, এটা তোর নোট বইয়ের মধ্যে পেয়েছি। পরশু দিন জমিলা বইটা তোর হাতে দেয়ার পর তুই যখন পাতা উল্টে দেখছিলি তখন তুই এটা দেখতে না পেলেও আমি পেয়েছিলাম। তারপর জমিলাকে নিয়ে তুই বাড়ির ভিতর চলে যেতে আমার সাথীও চলে গেল। তখন আমি বই থেকে এটা বের করে পড়তে যাব এমন সময় তোকে আসতে দেখে পকেটে রেখে দিই। ভাবলাম, আমি পড়বার পর তোকে দেব। গতকাল একটু কাজ ছিল, নচেৎ গতকালই তোকে দিতাম।

শামীর তখন রায়হানের কথা শোনার মত অবস্থা নেই। আর চিঠিটাও সত্যি ফাহমিদার লেখা কিনা তা লক্ষ্য করার মতো মন মানসিকতা নেই। গোগ্রাসের মতো চিঠিটা পড়ে আল্লাহপাকের শুকরিয়া আদায় করল। তারপর বলল, ফাহমিদা আমাকে কত ভালবাসে এখন নিশ্চয় বুঝতে পেরেছিস?

রায়হান মনে মনে ভাবল, হায়রে অন্ধ প্রেমিক, তবু যদি চিঠিটা ফাহমিদার হত। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, তা বুঝেছি। কিন্তু সে যে ভাগ্যের পরিহাসের কথা লিখেছে, সে ব্যাপারে কিছু বুঝতে পারলি?

ভাগ্যের হাতে সবাই বন্দী। সে কথা ভেবে কি করব? ভাগ্যে যা আছে হবে।

তোর কথা অবশ্য ঠিক। তবু তুই তাকে একটা চিঠি দিয়ে বল, ভাগ্যের পরিহাসের কথা কেন সে লিখল। সে তোকে সরাসরি বলুক, আমি তোমারই আছি এবং চিরকাল থাকব। না হয় বলে দিক, তোমাকে ভালবাসলেও গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। এবার বিদায় দাও।

সে আমাকে বিদায় দিলেও আমি তাকে কখনো বিদায় দিতে পারব না। সে আমার রক্তের সাথে মিশে গেছে।

তবু ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার।

এ ব্যাপারে আমি তাকে কিছু বলতে পারব না। সে যদি নিজের থেকে কথা তুলে, তা হলে আলাদা কথা।

ঠিক আছে, তা না হয় হল। এখন আমার কথা শোন, তুই একটা চিঠি লিখে তাকে তোর মনের কামনা-বাসনা জানা। তারপর সে কি উত্তর দেয় দেখ। আর চিঠিটা লেখার পর আমাকে পড়তে দিস।

বেশ তাই হবে।

 রায়হান আর কিছু না বলে বিদায় নিয়ে চলে গেল।

রায়হান চলে যাওয়ার পর শামী ফাহমিদাকে চিঠি লিখল

প্রিয়তমা,

পত্রের প্রারম্ভে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত পবিত্র ভালবাসা। জানি না, এই হতভাগার সম্বোধন ও ভালবাসা তুমি গ্রহণ করবে কি না। হয়তো ছোটমুখে বড় কথা বলে অন্যায় করে ফেললাম। যদি তাই হয়, তা হলে নিজগুণে ক্ষমা করে দিও। আশা করি, আল্লাহর রহমতে তুমি ভালো আছ। আর এটাই আমার কামনাও। দোয়া করি, পরম করুণাময় আল্লাহ যেন তোমাকে দীর্ঘায়ু করেন। সুখ শান্তি দিয়ে তোমার জীবন ভরপুর করে দেন। এদিকে আমি এক হতভাগা লাঞ্ছিত, অপমানিত ও অভিশপ্ত জীবন নিয়ে কোনো রকমে দিন যাপন করছি। কি আর করব, সবই আমার তকৃদির। তা না হলে এত অল্প বয়সে মহাঘূর্ণিঝড়ে পড়ে বিধস্থ জীবন নিয়ে চলা ফেরা করছি কেন? আল্লাহকে মালুম, আরো কতদিন এই অভিশপ্ত জীবন আমাকে বহন করতে হবে। যদি বেশি দিন করতে হয়, তা হলে আমার অগ্নিদগ্ধ হৃদয় ভষ্মে পরিণত হয়ে যাবে। সেদিন আর তোমার যাত্রা পথে কোনো বাধা থাকবে না। ভালবাসার অধিকার নিয়ে তোমর হৃদয়ের বন্ধ দুয়ারে হাত পাতব না। তখন তুমি হয়তো আনন্দে নাচতে থাকবে। পাবে চিরজীবনের জন্য মুক্তি। যাই হোক, আজকে আমার এই তুচ্ছ লিপির উদ্দেশ্য হল, তোমার কাছে দুটো প্রশ্ন করার। তার আগে পূর্বের কিছু ইতিহাস তুলে ধরতে চাই। কারণ আজকের এই পত্র হয়তো তোমার আমার জীবনের শেষ পত্র।

প্রায় চার বছর পূর্বে তুমি আমার হৃদয় আকাশে চৌদ্দ দিনের চাঁদের মত উদিত হয়েছিলে। তখন শত ইচ্ছা থাকা সত্ত্বেও তা তোমার কাছে প্রকাশ করি নি। একদিন তুমিই প্রথম স্বেচ্ছায় আমার কাছে প্রেম নিবেদন করলে। সেদিন আমি আনন্দে আত্মহারা হয়ে সমস্ত মন প্রাণ উজাড় করে তোমার মধ্যে নিজেকে বিলীন করে দিই। তারপর থেকে আমাদের সম্পর্ক গাঢ় থেকে গাঢ় হতে থাকে। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ এক তুফান এসে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিল। যদিও এতদিন বিচ্ছিন্নতার মধ্যে রয়েছি তবুও তোমার প্রতি মানষিক আকর্ষণ বেড়েছে বই কমে নি। যার ফলে বন্ধু মহলে সবাই আমাকে ঘৃণা করে। নানারকম বিদ্রূপ করে। কিন্তু তারা জানে না, তুমি আমার কাছে কতখানি ভালবাসার পাত্রী। জানেন শুধু তিনিই, যিনি কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা। ওগো আমার হৃদয়ের রাণী, এখন আমার সময় কি পরিস্থিতির মধ্যে কাটছে, তা যদি তুমি জানতে, তা হলে এত দীর্ঘ সময় যোগাযোগ না করে থাকতে পারতে না। তোমার হৃদয়ে কি এতটুকু দয়া মায়া নেই? শুষ্ক মরুর বুকে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়, কঠিন পাথরের বুক ফেটে ঝরনার ধারা নির্গত হয়। কিন্তু তোমার হৃদয় কি কঠিন পাথরের থেকে শক্ত? তা না হলে এত দীর্ঘ বিরহ জ্বালা সহ্য করছ কি করে? দুদুটো বসন্ত পার হতে চলল। বসন্তের সমীরণে তোমার হৃদয় কি দুলে উঠে না? এতে করে কি আমার ভাবা অন্যায় হবে, তুমি আমায় বিশ্বাস করতে পার নি? তাই তুচ্ছ ভেবে ভুলে গেছ? বিশ্বাস কর ফাহমিদা, আজ আমি নিঃস্ব ও অসহায় অবস্থায় তোমার প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি। চারদিকে শুধু অথৈ পানি। যার কোনো কূল কিনারা নেই। তুমি যদি আমাকে সাহায্যার্থে হাত না বাড়াও, তা হলে সেই সাগরের অথৈ পানিতে আমার সলিল সমাধি হবে। পৃথিবীটাকে আমার বড় নিমর্ম মনে হচ্ছে।

এবার আসল কথায় ফিরে আসি। প্রেম ভালবাসা কাকে বলে, সেটা অনুভব করার বয়স থেকে তোমাকে ভালবেসে আসছি। যার কারণে তোমাকে একদণ্ডও ভুলে থাকতে পারি নি। তুমি আমাকে কতটা ভালবাস জানি না। চন্দ্র সূর্য যেমন সত্য, আমার ভালবাসাও তেমনি সত্য। চন্দ্র সূর্য না থাকলে পৃথিবী যেমন অচল তেমনি তোমাকে ছাড়া আমার জীবনও অচল। আমার ভালবাসা পবিত্র। আমি সেই পবিত্র ভালবাসার ও আল্লাহপাকের কসম খেয়ে বলছি, তোমাকে এমনভাবে পেতে চাই, যা সমাজের কাছে সহজে গ্রহণযোগ্য। তোমাদের বংশ মর্যাদা যাতে এতটুকু ক্ষুণ্ণ না হয়, সেদিকে লক্ষ্য রাখব। তোমার কাছে শুধু একটা মিনতি, তুমি আমাকে অবহেলা করে বিরহের আগুনে জ্বালিও না। দোহাই তোমার, আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিও না। জানি ভালবাসলে অনেক আঘাত সহ্য করতে হয়। আর এটাও জানি, ভালবাসার পাত্রীকে একান্ত করে পাওয়ার পর সেই আঘাতগুলো তখন মধুময় হয়ে উঠে। সেই মধু আহরণ করার অধিকার আর কেন বা থাকবে না? তুমিই তো একদিন স্বেচ্ছায় সেই অধিকার প্রতিষ্ঠা করার পথ দেখিয়েছ। তুমি টেস্ট পরীক্ষার রেজাল্টের দিন বলেছিলে, আপাততঃ কিছুদিন তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে। আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু প্রায় দেড় বছর হতে চলল, সেই কিছুদিন কি এখনও শেষ হয়নি? মনে হয়, আমার কথা ভুলে গেছ। তা না হলে এতদিনে দুএকটা চিঠি দিয়ে আমার খোঁজ খবর রাখতে। তুমি হয়তো ভেবেছ, তোমার চিঠির কথা সবাইকে জানিয়ে সমাজে তোমাকে অপমানিত করব, তোমার দুর্নাম রটাব? এরকম ভাবলে তোমার অন্যায় হবে। কারণ আমাদের দুজনের বাড়ি যখন একই গ্রামে তখন নিশ্চয় আমরা দুজন দুজনার বংশ পরিচয় জানি। আমি যে এ রকম করব, তা কি আমার চিঠি পড়ে তোমার মনে হয়েছে? আমার সঙ্গে কথা বলে বা আমার ব্যবহারে আমাকে কি তুমি কোনো খারাপ ছেলে ভেবেছ? তা নিশ্চয় ভাবনি। আর যদি সত্যি আমাকে ঐ রকম ভেবে থাক, তা হলে জেনে রেখ, যা কিছু হয়েছি, তোমাকে ভালবেসেই হয়েছি। আরো জেনে রেখ, তোমাকে ছাড়া আমার জীবন বৃথা, এটা যেমন ধ্রুব সত্য তেমনি তুমি আমার রক্তকণিকায় মিশে গিয়ে সমস্ত শরীরে প্রবাহিত হচ্ছ, সেটাও ধ্রুব সত্য। তোমাকে ভুলতে হলে শরীরের সমস্ত রক্ত বর্জন করতে হবে। তুমিই বল, রক্ত ছাড়া কি মানুষ বাঁচে?

বিরহজ্বালা সহ্য করতে না পেরে অনেক কিছু লিখে চিঠি লম্বা করে ফেললাম। এবার দুটো পথের কথা বলছি। তার যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতে হবে। প্রথমটা হল, তুমি আমাকে ভালবাস না ঘৃণা কর, তা সরাসরি তোমার মুখ থেকে শুনতে চাই। আর দ্বিতীয়টা হল, যদি তুমি সত্যি সত্যি আমাকে ভাল না বেসে শুধু অভিনয় করে থাক, তা হলে সে কথা বলার সময় আমাকে এমন ভাবে আঘাত দিয়ে অপমান করবে, যার ফলে আমি সেই অপমানের আঘাত সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যেন মৃত্যু বরণ করি অথবা তোমার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা জন্মায়। বেঁচে থাকলে সেই ঘৃণাকে অবলম্বন করেই বেঁচে থাকব, এবং তোমকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এ দুটোর যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতেই হবে। চিঠি লিখতে বসে তোমাকে দেখার জন্য আমার মন উন্মাদ হয়ে উঠছে। আর কিছু দেয়ার জন্য লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে। তাই, এখন কিছু দেয়া ঠিক হবে না জেনেও তা বলে ফেলছি, তোমার ফুটন্ত গোলাপী পাপড়ির মতো রঙ্গিন ওষ্ঠদ্বয়ে চুমোয় চুমোয় ভরিয়ে দিতে আমার মন চাইছে। জানি না, সে বাসনা আমার কোনোদিন পূরণ হবে কিনা। তবু সেই মুহূর্তের জন্য চিরকাল অপেক্ষায় থাকব। আল্লাহপাকের দরবারে তোমার সর্বাঙ্গিন কুশল কামনা করছি। তুমিও আমার জন্য তাই করো। বিদায়ান্তে তোমার প্রতি রইল আমার অকৃত্রিম প্রেম ও ভালবাসা এবং শুভেচ্ছা। তোমার পত্রের ও সাক্ষাতের আশায় থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।

ইতি
তোমার হতভাগ্য প্রেমিক
আঃ শামী

শামী চিঠিটা শেষ করে ভাবল, কাল যেমন করে হোক এটাকে সে নিজে ফাহমিদাকে দিবে। হঠাৎ মনে পড়ল, কাল তো কলেজ বন্ধ। পরশুদিন কলেজ কামাই করে রাস্তায় ফাহমিদার সঙ্গে দেখা করে দেবার সিদ্ধান্ত নিল।

একদিন পর একটু সকাল সকাল নাস্তা খেয়ে শামী রায়হানের কাছ গেল।

রায়হান তখন পড়ছিল। শামীকে দেখে সালাম বিনিময় করে বলল, আয় বস।

 শামী তার পাশে বসে চিঠিটা হাতে দিয়ে বলল, পড়ে দেখ।

রায়হান পড়ে বলল, খুব ভালো হয়েছে। এটা কিভাবে দিবি ভেবেছিস?

শামী কিভাবে দিবে বলল।

রায়হান বলল, ঠিক আছে, তাই দিস।

শামী তার হাত থেকে চিঠিটা নিয়ে ভাঁজ করে বুক পকেটে রাখল। তারপর বিদায় নিয়ে ফাহমিদার কলেজের পথে রওয়ানা দিল।

.

০৪.

ফাহমিদা যখন কিশোরী তখন শামীকে তার ভালো লাগত। তারপর তরুণী বয়সে সেই ভাললাগা ভালবাসায় পরিণত হয়। তাদের ফ্যামিলী বেশ মর্ডাণ। তাই ভাবিদের ইয়ার্কি মশকরায় ও নানারকম গল্প উপন্যাস পড়ে যৌবনে পদার্পণ করার আগেই বেশ পেকে যায়। শামীর সঙ্গে ফাহমিদার ভালবাসার ব্যাপারটা জেনে ভাবিরা দুজনকে নিয়ে প্রায় ঠাট্টা ইয়ার্কি করত। তাতে করে সে যেমন আনন্দ পেত তেমনি তার সাহসও বেড়ে যায়। তারপর যখন কিছুদিন আগে শামীর চিঠি ফাহমিদার আব্বার হাতে পড়ল এবং তাকে রাগারাগি করে শাসন করেলন তখন ভাবিরাও তাকে নানারকম ভয় দেখিয়ে শামীকে মন থেকে একদম মুছে ফেলতে বলল। তারপর খালা-খালু এসে তাদের ছেলের সঙ্গে ফাহমিদার বিয়ের কথাবার্তা পাকা করে গেলেন তখন ভাবিরা ননদকে শামীকে ভুলে যাওয়ার জন্য বোঝাতে লাগল। তার সাথে যোগাযোগ রাখতেও নিষেধ করল। তার খালাদের আর্থিক স্বচ্ছলতার কথা এবং শামীদের আর্থিক দুরাবস্থার কথা বলে বোঝাত।

খালারা যে খুব বড়লোক, পাকা বাড়ি ও গাড়ি আছে এবং খালাত ভাই মালেক পাঁচ-ছ বছর আমেরিকায় চাকরি করছে ফাহমিদা জানে। মালেককে সে অনেক আগে দেখেছে। সুন্দর ও গোলগাল চেহারা। তার সাথে বিয়ে হবে শুনে ফাহমিদা প্রথমে বেশ রোমাঞ্চ অনুভব করে। পরক্ষণে শামীর কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে যায়। এর কিছুদিন পর তার বড় ভাই ও মেজ ভাই বিদেশ থেকে এসে যখন তাদের স্ত্রীদের নিয়ে চলে গেল তখন ফাহমিদার এস. এস. সি. পরীক্ষা চলছে। পরীক্ষার পর ফাহমিদা শামী ও মালেককে নিয়ে দোটানার মধ্যে পড়ে গেল।

ছোট শালীর ছেলে মালেকের সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে যাওয়ার পর আবসার উদ্দিন একদিন মেয়েকে ডেকে বললেন, মালেকের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। সে কিছুদিনের মধ্যে দেশে ফিরবে। শামীর সঙ্গে নিশ্চয় যোগাযোগ বন্ধ করে দিয়েছিস? আর যদি না দিয়ে থাকিস এবং আমি তা জানতে পারি, তা হলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার ব্যবস্থা করব।

বাবার কথায় ভয় পেয়ে ফাহমিদা টেস্ট পরীক্ষার রেজাল্টের দিন শামীকে তার সাথে কিছুদিন যোগযোগ করতে নিষেধ করেছিল। তারপর তাকে ভুলে যাওয়ার জন্য এতদিন নিজের সঙ্গে যুদ্ধ করেছে। প্রথম প্রেমের জ্বালা নাকি খুব কঠিন। তাই ফাহমিদা একবার ভাবে যা ভাগ্যে আছে হবে, শামীকে ভুলা সম্ভব নয়। তেমন যদি দেখি, তা হলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে শামীকে বিয়ে করব। আবার যখন আব্বার হুঁশিয়ার করার কথা মনে পড়ে তখন খুব ভয় পেয়ে যায়। ভাবে, শামীর আব্বার অবস্থা তেমন ভালো নয়। আব্বা যদি সত্যি সত্যি শামীর বিরুদ্ধে এ্যাকসান নেয়, তা হলে শামীর আব্বা কি শামীকে রক্ষা করতে পারবে? তারচেয়ে তাকে ভুলে যাওয়াই ভালো। এইসব ভেবে সে এতদিন শামীর সঙ্গে যোগাযোগ করে নি।

আজ কলেজে যাওয়ার পথে দূর থেকে শামীকে দাঁড়িয়ে থাকতে দেখে ফাহমিদার মনে ভয়মিশ্রিত আনন্দ তোলপাড় শুরু হল। হাঁটার গতি কমে গেল।

শামী দূর থেকেই ফাহমিদার পরিবর্তন লক্ষ্য করল। নিজেই দ্রুত এগিয়ে এসে সালাম দিয়ে একদৃষ্টে তারদিকে তাকিয়ে রইল।

প্রায় দেড়বছর পর তাদের দেখা। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। দুজনে দুজনের দিকে এমনভাবে তাকিয়ে রইল, যেন তারা বাকশক্তি হারিয়ে ফেলেছে। কতক্ষণ তারা এভাবে ছিল তা বুঝতে পারল না। এক সময় দুজনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তাই দেখে ফাহমিদা মাথা নিচু করে চোখ মুছতে লাগল।

শামীও চোখ মুছে বলল, সালামের উত্তর দিলে না যে?

 ফাহমিদা মাথা নিচু করেই সালামের উত্তর দিয়ে চুপ করে রইল।

শামী বলল, রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না। লোকজন তাকিয়ে দেখছে। তারপর রাস্তার পাশে মোড়লদের বাগানবাড়ির দিকে হাত বাড়িয়ে বলল, চল, ওখানে গিয়ে একটা নিরীবিলি জায়গায় বসি।

ফাহমিদা মাথা তুলে বলল, তাই চল।

মোড়লদের বাগানবাড়িতে বিরাট একটা পুকুর আছে। পুকুরের একদিকে সান বাঁধান ঘাট। চারপাশের পাড়ে নানারকম ফলের গাছ। সেগুলোর ছায়া ঘাটের উপর পড়েছে। তারা এসে ঘাটের পাকা রকের উপর ছায়াতে বসল। বসার পরও বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না।

ফাহমিদা মাথা নিচু করে ভাবছে, শামী কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দেবে।

আর শামী একবার ফাহমিদার মুখের দিকে আর একবার পুকুরের পানির দিকে তাকিয়ে ভাবছে, ফাহমিদাই আগে কিছু বলুক, তারপর যা বলার বলবে।

অনেক সময় অতিবাহিত হওয়ার পরও যখন ফাহমিদা কিছু বলল না তখন শামী ধৈর্য হারিয়ে ফেলল। বলল, ফাহমিদা, তুমি কি বোবা হয়ে গেছ? সালামের উত্তর ছাড়া এতক্ষণ তোমার গলার স্বর শুনতে পেলাম না। প্লিজ কিছু বল।

কি বলব?

তোমার কি কিছুই বলার নেই?

 আছে। তবে সে সব বলা সম্ভব নয়।

 তা হলে সত্যি কি তুমি আমাকে ভুলে গেছ?

ভুলতে পারলে তো বেঁচে যেতাম।

শামী একটা দীর্ঘ নিঃস্বাস ফেলে বলল, আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই, আমার কথা মনে রেখেছ। এবার বল, এতদিন যোগাযোগ না করে আমাকে কষ্ট দিলে কেন?

তা বলাও আমার পক্ষে সম্ভব নয়। তবে জেনে রেখ, আমিও কষ্ট কম পাইনি।

তাই যদি হয়, তা হলে কেন সব কিছু বলতে পারছ না?

ফাহমিদা একটা বইয়ের ভিতর থেকে এক টুকরো ভাজ করা কাগজ বের করে শামীর হাতে দিয়ে বলল, যা কিছু বলার এতে লিখে রেখেছি। কয়েকদিন আগে হঠাৎ আমার মনে হল, তোমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। তাই সেদিন এটা লিখে সঙ্গে করে রেখেছি। আল্লাহর কি মহিমা, সত্যি সত্যি দেখা হয়ে গেল।

শামীও পকেট থেকে চিঠিটা বের করে ফাহমিদার হাতে দিয়ে বলল, তোমার দীর্ঘদিন নীরবতার জ্বালা সহ্য করতে না পেরে গত পরশু এটা লিখেছি। তুমি আমারটা পড়, আমি তোমারটা পড়ছি।

ফাহমিদা চিঠিটা খুলে পড়তে লাগল।

তাই দেখে শামী কাগজের টুকরোটা চোখের সামনে মেলে ধরল। দেখল, শুধু কয়েক লাইনের একটা কবিতা। পড়তে শুরু করল।

অনেক না বলা কথার বেদনা
 জমা হয়ে আছে এই ভগ্ন হৃদয়ে,
কেমনে শোনাব তাহা আমার প্রিয়জনে?
সেই সব বেদনা, হৃদয়ের মাঝে
ফল্গুধারার মতো কান্না হয়ে অবিরত বইছে।
না বলা কথাগুলো, বলার জন্য
পথ কি কোনো দিন খুঁজে পাবো?
জানি না ভাগ্য আমাকে কোন পথে নিয়ে যাবে।

ইতি ফাহমিদা।

শামী কবিতাটা পড়ে চুপ করে ফাহমিদার চিঠি পড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগল।

ফাহমিদা চিঠি পড়ে তার প্রতি শামীর গভীর ভালবাসার পরিচয় পেল। তখন সে সবকিছু ভুলে গিয়ে শামীর দুটো হাত ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলল, সত্যি আমি খুব অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও।

শামী তার ধরা হাতে চুমো খেয়ে বলল, তোমার কবিতা পড়ে আগেই ক্ষমা করে দিয়েছি। এখন কথা দাও, এবার থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখবে?

ফাহমিদা বলল, রাখব। তবে দুজনকেই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে বাড়ি থেকে কোথাও যেতে দেয়া হয় না। কলেজে আসি তাও একজন কাজের মেয়ে থাকে। তার অসুখ হয়েছে। তাই আজ একা এসেছি। আব্বা বাড়িতে নেই। থাকলে একা আসতে দিত না। এখন তুমিই বল, কি করে আমাদের যোগাযোগ হবে?

শামী একটু চিন্তা করে বলল, আমি প্রতি বৃহস্পতিবার তোমার সঙ্গে কলেজে দেখা করব।

ফাহমিদা বলল, প্রত্যেক বৃহস্পতিবার ক্লাস কামাই করবে?

শামী বলল, ঐ দিন মাত্র দুটো ক্লাস। বাড়িতে পড়ে মেকাপ দিয়ে নেবে। ও নিয়ে তুমি কিছু ভেব না।

ফাহমিদা বলল, বেশ তাই করো। এখন চল ওঠা যাক।

শামী বলল, হ্যাঁ তাই চল। নচেৎ তোমার আরো একটা ক্লাস নষ্ট হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে।

সেদিন শামী ফাহমিদাকে কলেজে পৌঁছে দিয়ে বাড়ি ফিরল।

শামী যেন আজ নবজন্ম লাভ করল। ফেরার পথে রায়হানের সঙ্গে দেখা করে সব কথা বলল। তারপর কবিতাটা পড়তে দিল।

কবিতাটা পড়ার পর রায়হানের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। বুঝতে পারল, ফাহমিদাও শামীকে ভালবাসে। কিন্তু তার মা-বাবা তো কিছুতেই শামীকে জামাই করবে না। সে জন্যে তারা মালেকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে রেখেছে।

তাকে চুপ করে থাকতে দেখে শামী বলল, মনে হচ্ছে কিছু যেন ভাবছিস?

রায়হান বলল, না, মানে ভাবছি, ফাহমিদা তোকে ভালবাসে ঠিক; কিন্তু তার মা বাবা তোর সঙ্গে কি বিয়ে দেবে? তোদের কি আছে? কি দেখে দেবে? ওরা বড়লোক। এক মেয়েকে কি তারা তোর মতো ছেলের হাতে তুলে দিতে রাজি হবে? আমার মনে হয় তুই ভুল পথে চলছিস। এখনও ফিরে আসার সময় আছে। তুই আমার বাল্যবন্ধু। তোর ভালো-মন্দ কিছু হলে, আমিও কম দুঃখ পাব না। আমার কথাগুলো ভেবে দেখিস।

শামী বলল, তুই অবশ্য প্রকৃত বন্ধুর মতো কথা বলেছিস। তোর কথাগুলো আমারও যে মনে হয়নি তা নয়। কিন্তু দোস্ত, মৃত্যু ছাড়া আমার যে ফেরার আর কোনো পথ নেই। ফাহমিদাকে ছাড়া আমি বাঁচব না। আমারও মাঝে মাঝে মনে হয়, ফাহমিদাকে পাওয়ার আশা দুরাশা মাত্র। তবু মনকে কিছুতেই বোঝাতে পারি না। তবে একথা ঠিক, তার উপযুক্ত হয়ে তাকে বিয়ে করব।

রায়হান বুঝতে পারল, ওকে বুঝিয়ে কোনো কাজ হবে না। বলল, তোর জন্য আমার খুব দুঃখ হয়। দোয়া করি, আল্লাহ তোর মনস্কামনা পূরণ করুক।

সেদিন শামী বাড়ি ফিরে এসে পূর্ণ উদ্দমে পড়াশোনা শুরু করল।

এতদিন ধরে ফাহমিদা মনের সঙ্গে যুদ্ধ করে যতটা না শামীকে মন থেকে সরাতে পেরেছিল, আজ তার সাথে দেখা হয়ে এবং তার চিঠি পড়ে তারচেয়ে বেশি করে মনে পড়তে লাগল। চিন্তা করল, ভাগ্যে যা আছে, তাকে যখন প্রতিরোধ করতে পারব না তখন আর শামীর সাথে যোগাযোগ রাখব না কেন?

এরপর থেকে প্রতি বৃহস্পতিবার তাদের অভিসার চলতে লাগল। এভাবে এইচ. এস, সি, ফাইনাল পরীক্ষা পর্যন্ত তাদের কোনো বাধা এল না। কিন্তু পরীক্ষার পর আবার যোগাযোগ বন্ধ হয়ে গেল। প্রায় আড়াই মাস পর রেজাল্ট বেরোতে শামী ডিগ্রীতে এ্যাডমিশন নিল। ফাহমিদার খোঁজে একদিন জোবেদার কাছে এসে জানতে পারল, সে আর পড়বে না। কথাটা জেনে তার মন খারাপ হয়ে গেল। ফিরে এসে চিন্তা করতে লাগল, কি করে তার সঙ্গে দেখা করা যায়? এভাবে কিছু দিন কেটে যাওয়ার পর একদিন রাহেলাকে তাদের বাড়িতে আসতে দেখে শামী অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার হঠাৎ কি মনে করে?

রাহেলা হাসিমুখে বলল, কেন আসতে মানা আছে নাকি?

মানা থাকবে কেন? তুমি কোনো দিন আসনি তো, তাই আর কি। তা ছাড়া তোমার বিয়ে হল, একটা খবরও পেলাম না।

বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। আমার তো কোন ভাই নেই যে, তাকে দিয়ে খবর দেব। আমি তো আর নিজে আসতে পারি না? তা আপনাদের কি খবর বলুন।

আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছ বল। স্বামীর বাড়িতে ভালো আছ আশা করি?

তা আল্লাহপাকের অনুগ্রহে এক রকম আছি। আমি কিন্তু আপনাদের বাড়ির কথা জিজ্ঞেস করিনি; আপনার ও ফাহমিদার কথা করেছি।

এইচ. এস. সি. পরীক্ষার পর থেকে তার সাথে যোগাযোগ নেই। কি করে তার খবর বলব বল?

আমি যোগাযোগ করে দিতে এসেছি।

 তাই নাকি?

হ্যাঁ তাই। আমার চাচার ওলিমা আগামী শুক্রবার। আপনাকে দাওয়াত দিতে এসেছি। ফাহমিদাকেও দিয়েছি। সেদিন আমাদের বাড়িতে যোগাযোগ হবে।

শামী মনে মনে আনন্দিত হয়ে বলল, আচ্ছা? তা হলে তো তোমাকে ধন্যবাদ দিতে হয়।

শুধু ধন্যবাদ দেবেন? আর কিছু দেবেন না? এতবড় একটা সুযোগ করে দিলাম।

 আর কি চাও বল, দিতে কার্পণ্য করব না।

রাহেলা হেসে উঠে বলল, না শামী ভাই, আর কিছু দিতে হবে না। আল্লাহপাক আমাকে যা দিয়েছেন, তাতেই আমি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারিনি।

শামী হাসিমুখে বলল, শুনে খুশী হলাম। তারপর বোনকে চা নিয়ে আসতে দেখে বলল, চা খাও।

রাহেলার চা খেয়ে বিদায় নেয়ার সময় বলল, আপনি সকাল সকাল আসবেন।

 শামী বলল, সে কথা তোমাকে আর বলে দিতে হবে না।

রাহেলার চাচার ওলিমা এখনও তিনদিন বাকি। শামী সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। দিন যেন কাটতে চায় না। এক একটা দিন যেন এক একটা বছর বলে মনে হতে লাগল। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটা এল। শামী সকালে নাস্তা খেয়ে রাহেলাদের বাড়িতে গেল।

কিছুক্ষণ পর রাহেলা একটা লুংগী পাঞ্জাবী পরা হ্যাঁণ্ডসাম যুবককে সঙ্গে করে। শামীর কাছে এসে সালাম দিল। সেই সাথে যুবকটাও সালাম দিল।

শামী সালামের উত্তর দিয়ে বলল, ইনাকে তো চিনতে পারছি না।

রাহেলা হাসিমুখে বলল, পরিচয় করিয়ে দিতে তো নিয়ে এলাম। ইনিই আমার উনি। তারপর যুবকটাকে উদ্দেশ্য করে শামীকে দেখিয়ে বলল, ইনি শামী ভাই। উত্তর পাড়ায় বাড়ি। ইনার কথাই তোমাকে একদিন বলেছিলাম।

যুবকটা এগিয়ে এসে শামীর সঙ্গে হাত মোসাফাহা করে বলল, আমি রহিম।

শামী হেসে উঠে বলল, আপনাদের দুজনের নামের কিন্তু দারুণ মিল। আল্লাহ আপনাদের সুখী করুন। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশী হলাম। তারপর রাহেলাকে জিজ্ঞেস করল, জোবেদাকে দাওয়াত দাওনি?

রাহেলা বলল, তাকে আবার দিইনি। তিন চার দিন আগে তার ডায়রিয়া হয়েছিল। তাই হয়তো আসেনি।

শামী আবার জিজ্ঞেস করল, ফাহমিদা আসেনি?

রাহেলা মৃদু হেসে বলল, না আসেনি। এলে আমি তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেব। এখন যাই কাজ আছে। তারপর যুবকটাকে বলল, তুমিও চল, আব্বা তোমাকে বাজারে পাঠাবে বলছিল। পরে এক সময় শামী ভাইয়ের সঙ্গে আলাপ করো। কথা শেষ করে তাকে সাথে করে চলে গেল।

ফাহমিদা যখন বেলা একটার সময় এল তখন শামী নামায পড়তে মসজিদে গেছে।

নামায পড়ে এসে খাওয়া-দাওয়ার পর শামী বৈঠকখানায় বসে ফাহমিদার কথা চিন্তা করছিল। একটু পরে রাহেলা তাকে ডেকে নিয়ে একটা রুমের দরজার কাছে এসে বলল, ভিতরে যান, ফাহমিদা আপনার জন্য অপেক্ষা করছে। মনের সুখে দুজনে গল্প করুন। এখানে কেউ আসবে না। কথা শেষ করে সে চলে গেল।

শামী রুমে ঢুকে দেখল, ফাহমিদা তক্তপোষের উপর পা ঝুলিয়ে বসে আছে। দরজা ভিড়িয়ে সালাম দিয়ে বলল, কেমন আছ?

ফাহমিদা সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছি। তুমি?

শামী বলল, শারীরিক ভাল থাকলেও মানষিক যন্ত্রণায় ভুগছি। এতদিন তোমার সঙ্গে যোগাযোগ না থাকায় বিরহ জ্বালায় জ্বলছি। তুমি পড়াশোনা ছেড়ে দিলে কেন?

আমি তো পড়তে চাই। কিন্তু আব্বা পড়াতে রাজি নয়। আমরা যে আবার মেলামেশা করেছি, সে কথা আব্বা বোধ হয় সন্দেহ করেছে। তাই পড়াতে রাজি হয় নি।

আচ্ছা সপ্তাহে না হলেও মাসে অন্ততঃ একদিন এখানে অথবা জোবেদাদের বাড়িতে বেড়াবার নাম করে আসতে পার না? ঐদিন আমিও আসব।

তা হয়তো দুএকবার পারব; কিন্তু প্রতি মাসে এলে ধরা পড়ে যাব।

তা অবশ্য ঠিক কথা বলেছ। আমার কি মনে হচ্ছে জান?

কি?

আজকেই তোমাকে বিয়ে করে ফেলি।

 করছ না কেন?

উপযুক্ত হয়ে মাথা উঁচু করে তোমাকে ঘরে তুলতে চাই। তা ছাড়া তোমাদের বংশের সম্মানের কথা ভেবে তা পারছি না। তোমার উপযুক্ত হওয়া পর্যন্ত তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে না?

আমিও তাই চাই। কিন্তু একটা গ্রাম্য বালিকার কতটুকু ক্ষমতা তা তো তুমি জান। অন্ততঃ বি. এ. পর্যন্ত পড়তে চাইলাম। তাও যখন পড়তে দিল না তখন তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারব তা এখন বলব কি করে?

আমার একটা অনুরোধ রাখবে?

 বল, পারলে নিশ্চয় রাখব।

তোমার যখন অন্য কোথাও বিয়ের কথা হবে তখন আমাকে জানাবে।

জানালে কি করবে?

আব্বাকে দিয়ে প্রস্তাব পাঠাব।

আমার আব্বা রাজি হবে না।

তখন তুমি তোমার আব্বাকে নিজে না পারলেও অন্য কাউকে দিয়ে নিজের মতামত জানাবে।

ফাহমিদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তার ফলাফল আরো ভয়াবহ হবে। সবাই মনে করবে, তোমার সাথে এখনও যোগাযোগ রেখেছি। তবু আমি যতটা সম্ভব চেষ্টা করব।

শামী বলল, আমিও আব্বাকে দিয়ে যথেষ্ট চেষ্টা করাব। বাকি আল্লাহপাকের ইচ্ছা। এখন যা বলছি শোন, জোবেদাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি এখানকার চেয়ে কাছে। পারলে দু-এক মাস অন্তর সেখানে এসে জোবেদাকে বলল, সে যেন আমাকে খবর পাঠায়। আর আমিও মাঝে মাঝে জোবেদার হাতে চিঠি দিয়ে বলব, সে যেন তোমাকে দেয়। সেই সময় তুমিও তার হাতে উত্তর দিও।

ফাহমিদা বলল, বেশ তাই হবে।

এমন সময় রাহেলা দুহাতে দুকাপ চা নিয়ে এসে বলল, শামী ভাই, আপনারা তো অনেকক্ষণ গল্প করলেন, নিশ্চয় গলা শুকিয়ে গেছে। চা পান করে গলা ভিজিয়ে নেন।

চা খেয়ে শামী তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল।

উক্ত ঘটনার দিন পনের পর জোবেদা তার চাচাতো বোনের বিয়ের উৎসবে শামী ও ফাহমিদাকে দাওয়াত দিল। রাতে উৎসবের ব্যবস্থা করা হয়েছে। শামী সন্ধ্যের আগে এসেছে। ফাহমিদা আসছে না দেখে জোবেদা তাদের বাড়িতে গেল।

ফাহমিদার মা শাকেরা খানম জোবেদাকে বললেন, তোমার চাচা বাড়িতে নেই। তার অনুমতি ছাড়া আমি পাঠাতে পারব না।

জোবেদা অনেক করে বলে উনাকে রাজি করাল। তবু আসবার সময় শাকেরা খানম বললেন, খাওয়া-দাওয়ার পর ওকে তুমি দিয়ে যেও।

জোবেদা বলল, চাচি আম্মা কি যে বলেন, ফাহমিদা আজ আমার কাছে থাকবে। কাল সকালে আসবে। বিয়ের রাতে আসা যায় নাকি?

শাকেরা খানম আর কিছু বললেন না।

বিয়ের কাজ মিটে যাওয়ার পর এক সময় খাওয়া-দাওয়ার কাজও শেষ হল।

এখানে আসার পর থেকে শামীর মন ফাহমিদার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে আছে। একসময় জোবেদা তাকে বলে গেছে, আজ আপনি বাড়ি যাবেন না। এখন কাজের খুব চাপ। রাতে ফাহমিদার সাথে আলাপ করবেন।

এখন রাত একটা। শামী একটা চেয়ারে বসে বসে ভাবছে, জোবেদা না হয় কাজে ব্যস্ত, ফাহমিদা তো তার সাথে দেখা করতে পারত। শেষে শামী আর ধৈর্য ধরতে না পেরে জোবেদাদের বাড়ির ভিতরে গিয়ে সব ঘরে ঘুরে ঘুরে তাদেরকে খুঁজতে লাগল। কিন্তু কাউকেই পেল না। ভাবল, কোথাও একটু জায়গা পেলে ঘুমানো যেত। কোনো ঘরেই একটু ফাঁকা নেই। সব ঘরেই মেহমান ঠাশা। শুধু একটা রুমে তালা দেয়া দেখল। কোনো আশাই যখন পূরণ হল না তখন আগের জায়গায় এসে ঝিমোতে লাগল।

শামী যখন জোবেদা ও ফাহমিদাকে খুঁজছিল তখন তারা-প্রকৃতির ডাকে খিড়কী পুকুরের দিকে গিয়েছিল। ফিরে এসে জোবেদা তালা দেয়া ঘর খুলে ফাহমিদাকে বসতে বলে বলল, একটু অপেক্ষা কর, আমি শামী ভাইকে ডেকে নিয়ে আসি। বেচারা হয়তো বাইরে চেয়ারে বসে বসে ঝিমোচ্ছে। তারপর বাইরে এসে সত্যিই তাই দেখল। জোবেদা তার একটা হাত ধরে বলল, শামী ভাই, আসুন আমার সঙ্গে।

শামী বিরক্তিপূর্ণ চোখে জোবেদার দিকে তাকিয়ে বলল, মেহমানদের পিছনে অনেক খেটেছি। এখন আর কোন ফরমাইশ শুনতে পারব না।

জোবেদা বুঝতে পারল, বেচারা ঘুমে কাতর হয়ে পড়েছে। তার উপর ফাহমিদার সঙ্গেও দেখা হয়নি। মুচকি হেসে বলল, আর ফরমাইশ করব না, আসুন তো আমার সঙ্গে।

অগত্যা শামী একটা হাই তুলে আড়মোড়া ভেঙ্গে দাঁড়িয়ে বলল, চল তা হলে।

জোবেদা তাকে ফাহমিদার কাছে নিয়ে এল। তারপর বেরিয়ে এসে দরজা লক করার সময় বলল, আমি কিছুক্ষণ পরে আসব। আপনারা ততক্ষণ কথা বলুন।

শামী ফাহমিদাকে খাটে বসে থাকতে দেখে আনন্দে কোনো কথা বলতে পারল না। একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইল।

ফাহমিদারও একই অবস্থা। এদিকে সময় যে চলে যাচ্ছে, সেদিকে তাদের খেয়াল নেই।

প্রায় দশ পনের মিনিট পর জোবেদা চা নাস্তা নিয়ে এসে তাদের দুজনকে একে অপরের দিকে ঐভাবে তাকিয়ে থাকতে দেখে শামীকে উদ্দেশ্য করে বলল, শামী ভাই, আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? তারপর ফাহমিদার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই শামী ভাইকে বসতে বলিসনি?

শামী যেন এতক্ষণ বাস্তবে ছিল না। জোবেদার কথা শুনে খাটের একপাশে বসে বলল, এসব আবার আনতে গেলে কেন? আমাকে শুধু চা দাও।

চা নাস্তা খেয়ে তিন জনে গল্প করতে লাগল। এক সময় জোবেদা বলল, আপনারা গল্প করুন, আমার ঘুম পাচ্ছে। আমি ঘুমোলাম বলে খাটের একপাশে শুয়ে পড়ল।

শামী যখন বুঝতে পারল, জোবেদা ঘুমিয়ে পড়েছে তখন সে ফাহমিদার কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলল, কিছু মনে করছ না তো?

ফাহমিদা বলল, এতে মনে করার কি আছে?

শামী বলল, বিয়ের আগে এটা অন্যায় জেনেও করে ফেললাম। আমার অনেক দিনের আশা, তোমার কোলে মাথা রেখে ঘুমাব। তাই সুযোগ পেয়ে সেই আশা পূরণ করলাম। স্মৃতির পাতায় আজকের এই রাতের কথা স্বণাক্ষরে লেখা থাকবে।

ফাহমিদা বলল, আমার জীবনে তুমি একটা উজ্জ্বল নক্ষত্র। তার আলোতে আমার হৃদয় দিবালোকের মত আলোকিত। তোমাকে যদি না পাই, তা হলে আমার জীবনে নেমে আসবে গভীর অন্ধকার। আমি সেই অন্ধকারের অতল সাগরে চিরদিনের জন্য হারিয়ে যাব।

ফাহমিদার কথা শুনে শামী আনন্দে আত্মহারা হয়ে বিবেক হারিয়ে ফেলল। ধড়মড় করে উঠে তাকে জড়িয়ে ধরে তার দুগালে চুমোয় চুমোয় ভরিয়ে দিয়ে বলল, সত্যি বলছ ফাহমিদা? তোমার কথা শুনে আমি যে আনন্দ ধরে রাখতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো?

শামীর আলিঙ্গনে ও আদরে ফাহমিদা ভীত কপোতির ন্যায় থরথর করে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ শামী সত্যি বলছি। তোমাকে না পেলে আমি মরেই যাব।

আনন্দে শামীর চোখে পানি এসে গেল। বলল, তোমাকে না পেলে আমিও বাঁচব না। তারপর তাকে ছেড়ে দিয়ে কয়েক সেকেণ্ড চুপ করে থেকে বলল, ছিছি, কতবড় গোনাহর কাজ করে ফেললাম। এই জন্যে আল্লাহ বেগানা নারী-পুরুষকে মেলামেশা করতে নিষেধ করেছেন। আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা ওয়াদা করছি, বিয়ের আগে এইরূপ কাজ আর করব না। তুমি না মাফ করলে আমাদের নাজাতের উপায় থাকবে না।

এদিকে কখন যে রজনী শেষ হয়ে সুবেহ সাদেক হয়ে গেছে তারা টের পেল না। মোয়াজ্জেনের আযানের সুমধুর সুর শুনে তাদের খেয়াল হল, ভোর হয়ে গেছে।

আযানের শব্দে জোবেদারও ঘুম ছুটে গেল। উঠে বসে তাদের দুজনকে বসে থাকতে দেখে ফাহমিদাকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই আর শামী ভাই বুঝি গল্প করে রাত কাটিয়ে দিলি?

ফাহমিদা বলল, তা বুঝতেই যখন পেরেছিস তখন আর জিজ্ঞেস করছিস কেন?

শামী জোবেদার অলক্ষ্যে চোখ মুছে বলল, আমাদেরকে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি নামায পড়ার জন্য মসজিদে যাচ্ছি। নামায পড়ে বাড়ি চলে যাব।

জোবেদা বলল, সে কি? নাস্তা খেয়ে যাবেন না?

শামী বলল, আজ আর নয়। আর একদিন খাব। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।

শামী চলে যাওয়ার পর ফাহমিদাকে লম্বা হয়ে শুতে দেখে জোবেদার ক্লাস টেনে পড়ার সময় তারা নামায পড়েনি জেনে শামী ভাই সেদিন নামায না পড়ার কুফল ও পড়ার সুফল সম্বন্ধে যে সব কথা বলেছিল সেসব মনে পড়ল। বলল, কিরে গুলি যে, নামায পড়বি না? সেদিন শামী ভাই অত করে বলার পরও নামায ধরিসনি? আমি কিন্তু সেই দিন থেকে নামায ধরেছি। একদিন শামী ভাই আমাদের বাড়িতে এসে আমি নামায ধরেছি শুনে অনেক হাদিসের কথা বলেছিলেন। তারপর পুকুর ঘাটে অজু করতে যাওয়ার সময় বলল, তুই নামায ধর। জানিস না বুঝি, হাদিসে আছে, আমাদের রাসুল (সঃ) বলিয়াছেন, তাহাদের মধ্যে এবং আমাদের মধ্যে নামাযই পার্থক্যের বিষয়। যে ইহা ত্যাগ করে, সে কাফির।

জোবেদা আবার বলল, শামী ভাই কত পরহেজগার ছেলে। তাকে তুই ভালবাসিস অথচ নামায পড়িস না, এ কেমন কথা? তা ছাড়া এই হাদিস জানার পর শুধু তুই কেন, প্রত্যেক মুসলমান নর-নারীর নামায পড়া উচিত। চল, আমার সঙ্গে অজু করে। আসবি। আজ ফযর থেকে শুরু করবি।

ফাহমিদা বলল, আমার এখন….চলছে, পাক হবার পর পড়ব।

জোবেদা আর কিছু না বলে অজু করার জন্য বেরিয়ে গেল।

একটু বেলা হতে ফাহমিদা নাস্তা খেয়ে বাড়ি চলে গেল।

এরপর থেকে শামী মন দিয়ে পড়াশোনা করে খুব ভালভাবে বি. এ. পরীক্ষা দিল। এই এক বছরের মধ্যে ফাহমিদার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। মাঝে মাঝে তার কথা মনে পড়লে সেই রাতের ফাহামিদার কথা স্মরণ করে মনকে প্রবোধ দিয়ে ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করেছে। পরীক্ষার পর তার মন আর বাধা মানল না। তাকে দেখার জন্য অস্থির হয়ে উঠল। কি করে দেখা করবে যুক্তি করার জন্য রায়হানের কাছে গেল।

রায়হান এখন কামেলে পড়ছে। শামীকে দেখে সালাম বিনিময় করে বলল, কিরে দোস্ত, কেমন আছিস? পরীক্ষা কেমন দিলি? অনেক দিন তো এদিকে পা মাড়াসনি।

শামী বলল, আল্লাহর রহমতে পরীক্ষা খুব ভালো হয়েছে। কিন্তু ফাহমিদার সঙ্গে প্রায় একবছর যোগাযোগ নেই। এতদিন তবু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। এবার তার সঙ্গে দেখা না করে থাকতে পারছি না। কি করা যায় বলতে পারিস?

রায়হান এই এক বছরের মধ্যে ফাহমিদার অনেক কিছু জেনেছে। সেসব বললে শামী মনে ভীষণ কষ্ট পাবে ভেবে চেপে গেল। বলল, তুই যে কোনো উপায়ে তার সঙ্গে দেখা কর। এছাড়া আমি তো অন্য কোনো পথ দেখছি না।

শামী তাই করতে হবে বলে সালাম বিনিময় করে ফিরে এসে চিন্তা করতে লাগল, কিভাবে ফাহমিদার সঙ্গে দেখা করা যায়।

Super User