স্বর্ণদ্বীপ-১ — মাসুদ রানা
প্রথম
প্রকাশঃ ১৯৯৫
০১.
ট্রলার ইভনিং স্টার-এর সঙ্গে ওটার ক্যাপটেন আলবার্ট ডানহিল ও চীফ এঞ্জিনিয়ার আর্থার জেংকিনস-এর অদ্ভুত মিল লক্ষ করেছে মাসুদ রানা। উনিশশো ষাট সালে অর্থাৎ আজ থেকে ঠিক বিশ বছর আগে আর্কটিক স্টীম ট্রলার ইভনিং স্টারকে অকেজো ও বাতিল বলে ঘোষণা করা হয়েছিল, বয়েসের কথা মনে রাখলে প্রায় ওই একই সময়ে অবসর নেয়ার কথা ছিল ডানহিল আর জেংকিনসের। শান্ত সাগরেও নড়বড় করে ট্রলারটা, দেখে মনে হবে যে-কোন মুহূর্তে ভেঙে পড়বে, তবে এঞ্জিনটা আনকোরা নতুন, ভেতরের ডেকোরেশনেও বিলাসবহুল ইয়টের রূপ ও বৈশিষ্ট্য আমদানি করার চেষ্টা হয়েছে। ক্যাপটেন আর চীফ এঞ্জিনিয়ার সম্পর্কেও এই কথা বলা যায়-বাইরের চেহারা যা-ই হোক, ভেতরে ওদের প্রাণ-প্রাচুর্যের কোন অভাব নেই। ইভনিং স্টার বড় বেশি ফুয়েল খায়, আর ওঁরা দুজন প্রায় সারাক্ষণই স্কচ হুইস্কি গিলছেন।
ইভনিং স্টারের সাধারণ বিচরণ ক্ষেত্র বা গন্তব্য হলো আর্কটিক, কাজেই তুমুল ঝড়-ঝাপটা সহ্য করার মত করেই তৈরি করা হয়েছে ওটাকে। চিত্রতারকাদের নিয়ে এবারের অভিযানও আর্কটিকে, এই মুহূর্তে ওরা রয়েছে আর্কটিক সার্কেল-এর তিনশো মাইল উত্তরে। যথারীতি তুষার ঝড় শুরু হয়েছে গত তিন দিন আগে, কারণ মাসটা অক্টোবর। সেই যে শুরু হয়েছে তারপর আর থামার লক্ষণ নেই। তবে ক্যাপটেন ডানহিল তার চীফ এঞ্জিনিয়ারের সমর্থন পাবার পর আরোহীদের দৃঢ় আশ্বাস দিয়ে বলেছেন যে ইভনিং স্টারের ডুবে যাবার কোন ভয় নেই। হ্যাঁ, ক্যাপটেনের এটা একটা অভ্যাসই বলা যায়, প্রতিটি কথায় চীফ এঞ্জিনিয়ারের সমর্থন অথবা সংশোধন কামনা করা। দুজনেরই বয়েস সত্তরের ওপর, তবে ঠিক কত কেউ জানে না, বিভিন্ন জাহাজে প্রায় অর্ধ শতাব্দী এক সঙ্গে কাজ করেছেন, তারা যাকে বলে মানিক-জোড় বা হরিহর অন্যা।
প্রবল ঝড়ে ইভনিং স্টার সারাক্ষণ দুলছে আর ঝাঁকি খাচ্ছে, কিন্তু তা যেন ওঁরা খেয়ালই করছেন না। শুধু ওঁরা নন, ক্রু বা স্টুয়ার্ডদের মধ্যেও কারও কোন প্রতিক্রিয়া নেই। বিপদ হয়েছে আরোহীদের, প্রায় সবাই সী-সিকনেসে ভুগছে। সিনেমা জগতের লোকজন সব, এ-ধরনের অভিযানে সম্ভবত আগে কখনও বেরোয়নি, ভুগবেই তো। সী-সিকনেস তো আছেই, তার ওপর আছে ডুবে মরার ভয়, যতই না কেন অভয় দিন ক্যাপটেন। ডাইনিং সেলুনে উপস্থিত সবার উপর পালা করে চোখ বুলাচ্ছে রানা। এ-ধরনের অভিযানে আগেও বহুবার এসেছে ও, সী-সিকনেস কাকে বলে জানে না। নিজে একজন দক্ষ নাবিকও বটে ও, ডুবে মরার ভয় ওকে কাবু করতে পারছে না। তবে মনে মনে খুবই উদ্বিগ্ন। উদ্বিগ্ন দুটো কারণে। একটা কারণ নিয়ে এই মুহূর্তে অস্থির না হলেও চলে বলে ওর ধারণা। অপর কারণটা হলো, ইভনিং স্টারে যেহেতু একজন ডাক্তার হিসেবে রয়েছে ও, কারও অসুস্থতা মাত্রা ছাড়িয়ে গেলে তার চিকিৎসা করতে পারবে কিনা। কোন ডাক্তার যদি ভুল চিকিৎসা করে, তার ওপর লোকের সন্দেহ হওয়া স্বাভাবিক। এক্ষেত্রে পরিস্থিতি আরও ভীতিকর, কারণ রানাকে ডাক্তার নয় বলে। সন্দেহ করা হলে বেঁচে থাকা দায় হয়ে উঠবে ওর জন্যে।
ডাইনিং সেলুনটা টিক ফার্নিচার, কার্পেট আর পর্দা দিয়ে সুন্দর সাজানো। খাদ্য হিসেবে যা পরিবেশন করা হয়েছে তা-ও পাঁচ তারা হোটেলের সমমানের। কিন্তু খেতে বসে আরোহীরা প্রায় কেউই তেমন কিছু খেতে পারছে না।
বাইরে ফুঁসছে সাগর, ঝড়ের প্রচণ্ডতা আরও যেন বেড়েছে, যদিও পর্দা টেনে দেয়ায় কেউ কিছু দেখতে পাচ্ছে না। দেখতে না পেলে কি হবে, আন্দাজ করতে পারছে সবাই। একেকটা ঢেউ বিশ-পচিশ ফুটের কম নয়, মাঝে মধ্যে মনে হচ্ছে। ঢেউয়ের মাথা যেন চুম্বকের মত টেনে নিচ্ছে ইভনিং স্টারকে, পানির ঢাল বেয়ে ওপরে ওঠার সময় প্রায় পুরোপুরি কাত হয়ে যাচ্ছে জাহাজ। এই কাণ্ড চলছে আজ তিন দিন, বলা যায়, বিরতিহীনভাবে।
উপস্থিত সবার ওপর আবার একবার চোখ বুলাল রানা। এই পরিস্থিতিতে যে-কেউ জ্ঞান হারাতে পারে। প্রথমে ওর চোখ পড়ল ক্লাউস কেডিপাস-এর ওপর। সুদর্শন, দীর্ঘদেহী, মাথা ভর্তি সোনালি, কোঁকড়ানো, ঝাকড়া চুল। চেহারায় রোমান ছাপ স্পষ্ট। রানার অভিজ্ঞতা বলে বারবার বমি করতে থাকলে একজন লোকের চেহারা, সে যদি শ্বেতাঙ্গ হয়, হালকা সবুজাভ হয়ে উঠবে। কিন্তু কেডিপাসের বেলায়, তার মুখের রঙ হয়েছে কাঁচা আপেলের মত সবুজ। এরকম আগে কখনও হতে দেখেনি রানা। তবে এ-ব্যাপারে ওর কোন সন্দেহ নেই যে এটা নির্ভেজাল অসুস্থতার নির্ভেজাল লক্ষণ। হঠাৎ আরেকবার একটু জোরে ঝাঁকি। খেলো জাহাজ, সীট ছেড়ে লাফ দিল কেডিপাস, অল্প যে-টুকু শক্তি শরীরে অবশিষ্ট আছে তার সবটুকু কাজে লাগিয়ে ছুটল, কারও কাছ থেকে বিদায় না নিয়েই।
পাঁচশো সত্তর টনী জাহাজ ইভনিং স্টার, একশো পঁচাত্তর ফুট লম্বা। সাগর কতটুকু অশান্ত হলে এত বড় জাহাজটাকে নিয়ে লোফালুফি করতে পারে তা চিন্তার বিষয় বৈকি। মাত্র কয়েক সেকেণ্ড পরই এল পরবর্তী ঝাঁকি, আরও তিনজন আরোহী তড়িঘড়ি সীট ছেড়ে বেরিয়ে গেল বাইরে-দুজন পুরুষ, একটা মেয়ে। এভাবে আরও দুমিনিট কাটার পর দেখা গেল ক্যাপটেন ডানহিল, চীফ এঞ্জিনিয়ার জেংকিনস আর রানা ছাড়া ডাইনিং সেলুনে টিকে আছেন আর মাত্র দুজন-ফন গোলডা ও এরিক কার্লসন।
খুব লম্বা দুটো টেবিলের দুই মাথায় যার যার নির্দিষ্ট আসনে বসে রয়েছেন। ক্যাপটেন আর চীফ এঞ্জিনিয়ার, অসুস্থ আরোহীদের শশব্যস্ত নির্গমন চাক্ষুষ করলেন, সামান্য অবাক হয়ে তাকালেন পরস্পরের দিকে, প্রায় একযোগে মাথা নাড়লেন, তারপর ধীর-স্থির ভঙ্গিতে আবার গ্লাস ভরে নিয়ে চুমুক দিলেন হুইস্কিতে।
ক্যাপটেন ডানহিলের চোখ দুটো উজ্জ্বল নীল, চোখে অন্তর্ভেদী দৃষ্টি। তাঁর কাঁধে কেশরের মত স্থূপ হয়ে আছে সাদা চুল। ডিনারের জন্যে যে টাইটা পরেছেন সেটা প্রায় পুরোটা ঢাকা পড়ে আছে পাকা দাড়িতে। ওই দাড়ি বাইবেলে বর্ণিত অনেক পয়গম্বরের ঈর্ষার কারণ হতে পারে। বরাবরের মত সোনার বোতাম লাগানো, ডাবল-ব্রেস্টেড জ্যাকেট পরেছেন; জ্যাকেটে লাগানো চার সারি মেডাল রিবনগুলোও ঢেকে রেখেছে তার দাড়ি। আপন মনে আরেকবার মাথা নাড়লেন তিনি, চেয়ারের পাশে ডেকের সঙ্গে গাথা লোহার ট্রলি থেকে বোতল তুলে নিয়ে নিজের গ্লাস ভরছেন। সামান্য একটু পানি মেশাতেই গ্লাস উপচে পড়ার অবস্থা হলো। আর ঠিক তখনই আবার একটা ঢেউয়ের মাথায় চড়তে শুরু করল ইভনিং স্টার। তরঙ্গের শীর্ষে উঠে ইতস্তত করছে জাহাজ, তারপর কাত হয়ে পতন শুরু হলো সামনের দিকে, সংঘর্ষ ঘটল ছুটে আসা পরবর্তী ঢেউয়ের সঙ্গে। ক্যাপটেন। ডানহিলের গ্লাস থেকে এক ফোটা হুইস্কিও ছলকায়নি। এই মুহূর্তে তিনি যেন তার লণ্ডন অফিসের কামরায় বসে রয়েছেন, যেখানে তাঁর সঙ্গে প্রথম দেখা হয় রানার। এক চুমুকে গ্লাসটা অর্ধেক খালি করে ফেললেন ভদ্রলোক, তারপর হাত বাড়ালেন পাইপটার দিকে। কেতাদুরস্ত ভঙ্গি বজায় রেখে সাগরে ডিনার খাওয়া চর্চাসাপেক্ষ একটা শিল্পই বলা যায়, বহুকাল আগেই তিনি তা রপ্ত করেছেন।
বোঝা গেল বিশেষ এই শিল্পটি ফন গোলডার আয়ত্তে নেই। তিনি তাকিয়ে আছেন ল্যাম চপ, সেদ্ধ সবজি, ভাজা আলু ও সাদা ওয়াইনের দিকে। ওগুলো যেখানে থাকার কথা সেখানে নেই, রয়েছে তার ন্যাপকিনে, আর ন্যাপকিনটা রয়েছে তার কোলের ওপর। ব্যাপারটা, নগণ্য হলেও, একটা সংকট। এবং যেকোন সংকটে নিজের খোশ-মেজাজ ধরে রাখতে সব সময় অসমর্থ হন ফন গোলডা। তবে তরুণ স্টুয়ার্ড বাক-এর জন্যে ব্যাপারটা রুটিন। তার নিজের ন্যাপকিন হাতেই ছিল, চোখের নিমেষে কোত্থেকে যেন একটা প্লাস্টিকের ছোট বালতিও জোগাড় করে ফেলল। নিপুণ হাতে সব পরিষ্কার করছে সে, চোখ নামিয়ে তার কাজ লক্ষ করছেন ফন গোলডা, চেহারায় রাজ্যের তিক্ততা।
বসা অবস্থায় তার আকার-আকৃতি হাতির সঙ্গেই বেশি মেলে। চওড়া কপাল, মাংসল চোয়াল, বিশাল কান, আণ্ডা-আণ্ডা চোখ। তবে শুধু দাঁড়ালে বোঝা যায় এলিভেটর জুতো পায়ে দিয়েও লম্বায় তিনি মাত্র পাঁচ ফুট দুইঞ্চি। দুশো চল্লিশ পাউণ্ড ওজন, ঘাড়ে-গর্দানে সমান, তবে হাত আর পা অত্যন্ত লম্বা ও সরু। তার কাপড়চোপড় গায়ে একেবারেই ফিট করেনি, সম্ভবত এরকম একটা বেঢপ আকৃতির মাপ নিতে গিয়ে দর্জি বেচারা হাল ছেড়ে দিয়েছিল। বাকের কাজ শেষ হলে মুখ তুলে ক্যাপটেনের দিকে তাকালেন তিনি। তার মুখের রঙ খয়েরি ও বেগুনির মিশ্রণ, এগুলোর সঙ্গে ক্ষীণ লালচে একটু ভাবও আছে। তবে এই মুহূর্তে বেগুনির পরিবর্তে লালচে ভাবটুকুই যেন বেশি ফুটেছে। তারমানে এই নয় যে তিনি রেগে আছেন, কারণ খোশ মেজাজ বজায় রাখতে যখন অসমর্থ হন তখনও তাকে রাগতে দেখা যায় না। অনেকে ধারণা করে রাগতে নাকি তিনি জানেনই। সত্যি কথা বলতে কি, ক্যাপটেন ডানহিল, আমি এর কোন অর্থ খুঁজে পাচ্ছি। বলতে পারেন, এরকম একটা ঝড়ের মধ্যে কেন আমরা এগোচ্ছি?
চীফ এঞ্জিনিয়ারের দিকে তাকালেন ক্যাপটেন ডানহিল, দ্বিতীয় টেবিলে রানার পাশে বসে রয়েছেন ভদ্রলোক। ফোর্স সেভেন, সম্ভবত, মি. জেংকিনস? খুব বেশি হলে ফোর্স এইটের কাছাকাছি?
ধীরেসুস্থে নিজের গ্লাসে হুইস্কি ভরলেন চীফ এঞ্জিনিয়ার জেংকিনস, তারপর হেলান দিলেন চেয়ারে। ক্যাপটেনের মত তার অবয়বও পাকা চুল-দাড়িতে প্রায় ঢাকা। খয়েরি রঙের চামড়া টান টান হয়ে থাকলেও অসংখ্য মিহি রেখা দেখে মনে হবে কোন শিল্পীকে দিয়ে গোটা মুখে নকশা তৈরি করানো হয়েছে। গলাটা লম্বা, মোটা মোটা সব রগ বেরিয়ে আছে। বেশ কয়েকটা মুহূর্ত পেরিয়ে গেল, তারপর সুচিন্তিত মতামত দিলেন তিনি, সেভেন।
সেভেন। বিনা দ্বিধায় তার হিসাব মেনে নিলেন ক্যাপটেন ডানহিল। তারপর মুখ ফিরিয়ে তাকালেন ফন গোলডার দিকে। শুনলেন তো? ফোর্স সেভেন। কিছু না, সামান্য বাতাস। এই মুহূর্তে ত্রিশ ডিগ্রী কাত হয়ে রয়েছে। টেবিলটা, সেটা অ্যাঁকড়ে ধরে চেয়ার থেকে নিজের পতন ঠেকাবার প্রাণপণ চেষ্টা করছেন ফন গোলডা, তাই জবাব দিতে পারলেন না। ঝড় কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাই প্রথম যে বার আমরা মাছ ধরার জন্যে বেয়ার আইল্যাণ্ডে গেলাম। উনিশশো ঊনচল্লিশ সালের কথা…।
আটত্রিশ, বললেন চীফ এঞ্জিনিয়ার।
উনিশশো আটত্রিশ সালের কথা। ফন গোলডা আর এরিক কার্লর্সনের দিকে। তাকালেন ক্যাপটেন। এরিক কার্লসন রোগা, ছোটখাট মানুষ। তার চেহারা সব সময় ম্লান। হাত দুটো মুহূর্তের জন্যেও স্থির হতে জানে না। হ্যাঁ, সেটাকে বলে ঝড়! অ্যাবারডিন থেকে আসা আরেকটা ট্রলার ছিল আমাদের সঙ্গে, আমি অবশ্য সেটার নাম ভুলে গেছি…
গোল্ড ফিশ, জেংকিনস বললেন।
হ্যাঁ, গোল্ড ফিশ। ফোর্স টেন চলছে, অচল হয়ে গেল ওটার এঞ্জিন। স্রোতের দিকে দুঘণ্টা আড়াআড়ি অবস্থায় ছিল, ঝাড়া দুঘণ্টা চেষ্টা করার পর তবে একটা লাইন ফেলতে পারি গোল্ড ফিশের ওপর। ওটার স্কিপার…ওটার স্কিপার…
ম্যাকফারসন। জন ম্যাকফারসন।
ধন্যবাদ, মি. জেংকিনস। তাঁর ঘাড় ভেঙে যায়। ভাঙা ঘাড় কাঠের ফালি দিয়ে সোজা রেখে বাঁধা হলো, তাঁকে আর তাঁর বোটকে টো করে আনলাম আমরা, ফোর্স টেনের ভেতর ত্রিশ মাইল-তার মধ্যে চার মাইল আসতে হয়েছে। ফোর্স ইলেভেন ঠেলে। ঈশ্বর, পাগল সাগর কাকে বলে তা যদি দেখতেন! ঢেউগুলো:..আমি তো বলব একেকটা পাহাড়। বো ত্রিশ ফুট উঁচু-নিচু হচ্ছে, মাঝে মধ্যে চরকির মত পাক খাচ্ছে বোট, ঘণ্টার পর ঘণ্টা। বমি করতে করতে শুকনো নাড়ি পর্যন্ত বেরিয়ে আসার অবস্থা সবার, শুধু আমি আর মি. জেংকিনস বাদে…। কার্লসন লাফ দিয়ে চেয়ার ছাড়ায় থেমে গেলেন তিনি। তাকিয়ে দেখলেন, সেলুন থেকে ছুটে বেরিয়ে গেলেন ভদ্রলোক, বাকি সবার মত বিদায় না নিয়েই।
আমরা কি নোঙর ফেলতে পারি না? কিংবা এ পরিস্থিতিতে আপনারা যা করেন এবার তা করলে হয় না? কাতর আবেদন জানালেন ফন গোলডা। নিশ্চয়ই কোথাও আশ্রয় নেয়া সম্ভব?
আশ্রয়? কিন্তু কি থেকে পালাতে চাইছেন আপনি? শুনুন তাহলে, আমার মনে পড়ছে…
ক্যাপটেন, বলল রানা, মি. গোলডা আর তার লোকজন সাগর সম্পর্কে আপনার মত অভিজ্ঞ নন।
তা ঠিক, তা ঠিক। নোঙর ফেলব? নোঙর ফেললে ঢেউ তো থামবে না। আর সবচেয়ে কাছের আশ্রয় জান মাইয়েন-তিনশো মাইল পশ্চিমে, ঝড়ের
আমরা ঝড়ের আগে আগে ছুটতে পারি। তা সম্ভব হলে এই অবস্থা থেকে নিশ্চয়ই রক্ষা পাব?
হ্যাঁ, তা আমরা পারি। ইভনিং স্টার শান্ত হয়ে যাবে, সন্দেহ নেই। ঠিক আছে, আপনি যখন তাই চাইছেন, মি. গোলডা। চুক্তিতেও তো তাই আছে, ভেসেলের কোন ক্ষতি না হলে সমস্ত নির্দেশ মেনে চলতে হবে ক্যাপটেনকে।
বেশ, বেশ। তাহলে আর দেরি নয়।
আপনি তো জানেনই, তাই না, মি. গোলডা, এই ঝড় আরও একটা দিন টিকতে পারে?
বর্তমান ভোগান্তির কথা ভুলে সামান্য একটু হাসলেন গোলডা। মা জননী প্রকৃতিকে তো আর আমরা আদেশ করতে পারি না।
আপনি এ-ও জানেন যে পুবদিকে আমাদেরকে প্রায় নব্বই ডিগ্রী বাঁক ঘুরতে হবে?
আমরা আপনার নিরাপদ হাতে থাকব, ক্যাপটেন।
আপনি আসলে ঠিক বুঝতে পারছেন না। এতে আমাদের দুটো, কিংবা হয়তো তিনটে দিন নষ্ট হবে। আর আমরা যদি পুবদিকে যাই, নর্থ কেপ-এর উত্তরে সাধারণত এদিককার চেয়ে খারাপ আবহাওয়াই দেখতে পাওয়া যায়। আশ্রয় পাবার জন্যে আমাদেরকে সম্ভবত হ্যামারফেস্ট-এ যেতে হবে। ওখানে আমরা এক হপ্তা আটকা পড়তে পারি, কিংবা হয়তো আরও বেশি। জাহাজের ভাড়া হিসেবে দৈনিক কত হাজার পাউণ্ড খরচ হচ্ছে আপনার, আমার জানা নেই। তারপর ধরুন, ক্রুদের বেতন আছে। আরও আছে আপনার টেকনিশিয়ানদের বেতন। আর নায়ক-নায়িকাদের কথা কি বলব, শুনতে পাই ওরা নাকি চোখের পলকে লাখ লাখ পাউণ্ড কামাতে পারে… হঠাৎ থামলেন ক্যাপটেন, চেয়ারটা পিছন দিকে ঠেললেন। এ আমি কি নিয়ে কথা বলছি? আপনার মত একজন মানুষের জন্যে টাকা কোন ব্যাপার হতে পারে না। মাফ করবেন, আমি ব্রিজে যাচ্ছি।
এক সেকেণ্ড! চেহারা দেখে মনে হলো এইমাত্র ফন গোলডার মাথায় বজ্রপাত হয়েছে। চলচ্চিত্র মহলে কড়া হিসেবী বলে কুখ্যাতি আছে তার, ক্যাপটেন ডানহিল নিজের অজান্তে ভদ্রলোকের সবচেয়ে স্পর্শকাতর নার্ভে খোঁচা দিয়ে বসেছেন। এক হপ্তা? পুরো একটা হপ্তা নষ্ট হবে?
ভাগ্য যদি আমাদের ভাল হয়, চেয়ারটা আবার টেবিলের কাছাকাছি টেনে আনলেন ক্যাপটেন ডানহিল, হাত বাড়ালেন হুইস্কির বোতলটার দিকে।
কিন্তু এরইমধ্যে আমি তিন দিন নষ্ট করেছি! ফন গোলডার হাত দুটো রানা দেখতে পাচ্ছে না, তবে ধারণা করল ওগুলো তিনি কচলাচ্ছেন। ব্যাকগ্রাউণ্ডের এক ফুট ছবিও তোলা হয়নি!
এদিকে আপনার ডিরেক্টর আর ক্রুরা চারদিন ধরে বিছানায়, ক্যাপটেনের গলায় সহানুভূতির সুর। দাড়ি ও চুলের আড়াল থাকায় বোঝা গেল না তিনি। হাসছেন কিনা। মা জননী প্রকৃতির খেয়াল, মি. গোলডা।
কার্কওয়াল থেকে রওনা হয়ে কার্কওয়ালে ফিরে যাওয়া পর্যন্ত তেত্রিশ দিনের বাজেট, বললেন ফন গোলডা। তিন দিন নষ্ট হয়েছে। আরও এক হপ্তা নষ্ট হবে। রীতিমত অসুস্থ দেখাল তাঁকে। শুধু আবহাওয়া নয়, অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কাও কাবু করে ফেলছে তাকে। বেয়ার আইল্যাণ্ড আর কত দূরে, ক্যাপটেন ডানহিল?
কমবেশি তিনশো মাইল। সবচেয়ে ভাল গতিতে এগোতে পারলে আটাশ ঘণ্টার পথ।
ভাল গতি আপনি চালু রাখতে পারবেন?
ইভনিং স্টারের কথা আমি ভাবছি না। যে-কোন পরিস্থিতি সামাল দিতে পারবে এ-জাহাজ। চিন্তা আপনার লোকজনদের নিয়ে, মি. গোলডা। ব্যক্তিগত কিছু নয়, তবু না বলে পারছি না যে ওদের উচিত ছিল গ্রামের কোন পুকুর বেছে নেয়া।
হ্যাঁ, বুঝতে পারছি। ডক্টর রানা, আপনার অভিজ্ঞতা কি বলে? এ-ধরনের সী-সিকনেস থেকে সুস্থ হতে কি রকম সময় নেয় একজন লোক?
নির্ভর করে কতটুকু অসুস্থ সে, কিছু চিন্তা না করেই জবাব দিল রানা। কত দিন ধরে ভুগছে। খারাপ আবহাওয়ার ভেতর নব্বই মিনিটের ক্রস-চ্যানেল ট্রিপে আপনি অসুস্থ হয়ে পড়লে সুস্থ হতে সময় নেবেন দশ মিনিট। আটলান্টিকের ঝড়ে চার দিন খাবি খেলে সুস্থ হতে প্রায় ওইরকম অর্থাৎ চার দিন সময় লাগবে।
তবে সী-সিকনেসে কেউ কখনও আসলে মারা যায় না, কি বলেন?
আমি অন্তত সেরকম কোন কেস পাইনি। প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভোগেন। বলে লোকজন তার পিছনে হাসাহাসি করলেও, এই মুহূর্তে খানিকটা বিস্ময়ের সঙ্গে উপলব্ধি করল রানা, ফন গোলডা দৃঢ় ও কঠিন হতেও জানেন, যাকে প্রায়। নিষ্ঠুরতার পর্যায়ে ফেলা যায়। অন্তত শুধু সী-সিকনেস মৃত্যুর কারণ হতে পারেনা । কিন্তু কেউ যদি আগে থেকেই হার্টের অসুখে ভোগেন বা কারও যদি প্রবল হাঁপানি বা পেটে আলসার থাকে…হ্যাঁ, ওই রোগের সঙ্গে সী-সিকনেস যোগ হলে সে মারাও যেতে পারে।
কিছুক্ষণ চুপ থাকলেন ফন গোলডা, সম্ভবত তিনি তার লোকজনের শরীরস্বাস্থ্যের কার কি রকম অবস্থা ভেবে দেখছেন। তারপর বললেন, আমার ক্রু আর আর্টিস্টদের নিয়ে খুব চিন্তা হচ্ছে, ড. রানা। ওদেরকে একবার চেক করে দেখবেন নাকি, প্লীজ? টাকার চেয়ে সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? ছবি বানিয়ে আজকাল লাভ করা!
অবশ্যই, বলল রানা। এখুনি আমি চেক করে দেখব ওদের। গত পঁচিশত্রিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে পরিচিত নাম-ফন গোলডা। তার অনেক গুণ আছে, সন্দেহ নেই; সেই সঙ্গে প্রশংসাযোগ্য ভণ্ডামি আর কুট কৌশলেরও অধিকারী তিনি। সী-সিকনেসে কেউ মারা যায় না, প্রথমে এই কথাটা তিনি রানাকে দিয়ে বলিয়ে নিয়েছেন। এখন যদি বলে ও, টেকনিশিয়ান বা আর্টিস্টদের কারও এই আবহাওয়া সহ্য করার শক্তি নেই, তাহলে ফন গোলডা কার কি অসুখ আছে জানতে চাইবেন-প্রমাণ সহ। কারও যদি কঠিন কোন অসুখ থাকেও, রানার পক্ষে তা প্রমাণ করা সহজ কাজ হবে না-জাহাজে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ খুবই সীমিত। ব্রিটেন ত্যাগ করার আগেই কাজটা করা উচিত ছিল, কিন্তু তখন আবার তাড়াহুড়োর মধ্যে সময় পাওয়া যায়নি। এখন যদি রানা সবার স্বাস্থ্য ভাল বলে রায় দেয়, ফুল স্পীডে বিয়ার আইল্যাণ্ডে যাবার জন্যে চাপ দিতে পারবেন ফন গোলডা। যতই বলুন টাকার চেয়ে সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ, টাকা বাঁচানোর সুযোগ পেলে তিনি ছাড়বেন না। আর যদি দুর্ভাগ্যবশত কেউ মারা যায়, দায়ী করা হবে রানাকে। আপনি এখানেই থাকছেন তো? চেয়ার ছাড়ল ও।
হ্যাঁ, অবশ্যই। আপনার সহযোগিতার কথা ভুলব না, ড. রানা। আপনি খুবই বুঝদার মানুষ।
উই নেভার ক্লোজ, বলল রানা।
.
চ্যাঙ ওয়েনকে পছন্দ করতে শুরু করেছে রানা, যদিও তার সম্পর্কে প্রায় কিছুই ওর জানা নেই। তাকে অবশ্য জানার কথাও নয় ওর, অন্তত ভালভাবে জানার। পেশাগত দৃষ্টিতে, অর্থাৎ একজন ডাক্তার হিসেবে, এই লোকের সঙ্গে ওর ঘনিষ্ঠতা থাকাটা খুবই বেমানান। পায়ে কার্পেট পিপার পরা অবস্থায় পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা সে, ওজন একশো পঞ্চাশ পাউণ্ডের বেশি হবে তো কম নয়, শরীর মানে ইস্পাতের তৈরি পেশীর সমষ্টি-এরকম লোক ঘন ঘন ডাক্তারের চেম্বারে পায়ের ধুলো ফেলে না।
ফাস্ট-এইড কেবিনেটে দেখুন, যা খুঁজছেন পেয়ে যাবেন। হুইলহাউসে আলো খুব কম, ইঙ্গিতে রানাকে এক কোণের কাবার্ডটা দেখিয়ে দিল সে। ক্যাপটেন ডানহিলের নিজস্ব দাওয়াই। শুধু ইমার্জেন্সীর সময় ব্যবহার করেন।
কাবার্ডে বোতল রয়েছে বারোটা, একটা বের করে চার্ট-টেবিলের ল্যাম্পের আলোয় পরীক্ষা করল রানা। অত্যন্ত দামী ব্র্যাণ্ডি–Otard-Dupuy VSOP, পৃথিবীর উত্তর প্রান্তের হিম ঠাণ্ডা পরিবেশে একটা ট্রলারে এ জিনিস আশা করা যায় না। ওয়েনের ওপর রানার ভক্তির মাত্রা আরও একচুল বাড়ল। ইমার্জেন্সী বলতে কি বোঝাতে চায়?
শুকনো গলা।
ছোট একটা গ্লাসে সামান্য ব্র্যাণ্ডি ঢেলে ওয়েনকে সাধল রানা, কিন্তু সে মাথা নাড়ল। নিজেই চুমুক দিল ও, গ্লাসটা সাবধানে নামাল। শুকনো গলা ভেজাবার জন্যে এ জিনিস নষ্ট করা একটা জঘন্য ক্রাইম, বলল রানা। ক্যাপটেন ডানহিল যদি দেখে ফেলেন তাঁর রিজার্ভ হালকা করে দিচ্ছি…
সব কাজে নির্দিষ্ট রুটিন মেনে চলেন ক্যাপটেন। এই সময় তাঁর ব্রিজে আসার কথা নয়-রাত আটটার পর কোনদিনই আসেন না। রাতে আমি আর গ্যাবন দায়িত্বে থাকি-গ্যাবন, পেটি অফিসার। আপনি বোধহয় জানতেন, এখানে। ভিএসওপি পাওয়া যাবে, তাই না? নাকি এখানে আসার অন্য কোন কারণ আছে?
আসলে ডিউটিতে বেরিয়েছি। মি. গোলডার বেতনভুক ক্রীতদাসদের স্বাস্থ্য পরীক্ষার আগে আবহাওয়ার খবর চাই। তঁার ভয়, এই দুর্যোগের ভেতর জাহাজ যদি কোর্স বজায় রাখে তার লোকজন পটাপট মরতে শুরু করবে। আবহাওয়ার অবস্থা, রানা লক্ষ করল, আগের চেয়ে আরও খারাপের দিকে যাচ্ছে।
মি. গোলডার আসলে উচিত ছিল আপনাকে বাদ দিয়ে একজন হস্তরেখাবিদকে আনা। শিক্ষিত মানুষ ওয়েন, বোঝা যায় তার বুদ্ধিতেও ধার আছে যথেষ্ট, তারপরও তাকে দেখে মনে হবে কি একটা কারণে যেন ভারি কৌতুক বোধ করছে সে। সন্ধে ছটার রিপোর্টে বলা হয়েছে, আবহাওয়ার অবস্থা আরও খারাপ হবে কি ভাল হবে তা ঠিক বোঝা যাচ্ছে না।
হেসে ফেলল রানা। আপনার কি ধারণা?
আমি ভাল কিছু আশা করি না। ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে ফিরে যান, মি. গোলডাকে বলুন সবাই বহালতবিয়তে আছে, ল্যাঠা চুকে যাক।
আমার ধারণা, মি. গোলডা সন্দেহপ্রবণ মানুষ। তিনি হয়তো চেক করে দেখবেন। হাউএভার, ইফ আই মে…?
মাই গেস্ট, ডক।
ব্র্যাণ্ডির বোতল থেকে আবার খানিকটা নিজের গ্লাসে ঢালল রানা, তারপর বোতলটা কাবার্ডে তুলে রাখল। আগেই ওকে সাবধান করা হয়েছে-ওয়েন কথা। খুব কম বলে। তবে নিস্তব্ধতার ভেতরও পরস্পরের সঙ্গ উপভোগ করছে ওরা। তারপর এক সময় ওয়েনই মুখ খুলল, আমার ঠিক জানা নেই, তবে আন্দাজ করতে পারি-রয়্যাল নেভী, তাই না?
কথা না বলে রানা শুধু মাথা নাড়ল।
দুঃখিত, বোধহয় অনধিকার চর্চা হয়ে গেল, সকৌতুকে হাসল ওয়েন। তা, আপনার এই মি. ফন গোলডা। মানে, উনি সুস্থ তো?
বীমা কোম্পানীর ডাক্তাররা তো তাই ভাবছেন।
আমি ঠিক তা বোঝাতে চাইনি।
আপনি নিশ্চয়ই আশা করেন না, যার নিমক খাব তারই কুৎসা গাইব?
ওয়েনের সাদা দাঁত আবার ঝিক করে উঠল। এক অর্থে আমার প্রশ্নের উত্তর দিলেন আপনি। তবে যা-ই বলুন, ভদ্রলোক কিন্তু সত্যি খেপাটে…শব্দটা আবার অফেনসিভ নয় তো?
অফেনসিভ, তবে শুধু সাইকিয়াট্রিস্টদের কাছে। খেপাটে মানুষদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, তার রেকর্ড খুব ভাল।
একজন খেপাটে হিসেবে?
ফিল্ম-মেকার ও প্রডিউসার হিসেবেও।
শীত আসছে, এই সময় কোন প্রডিউসার ফিল্ম ইউনিট নিয়ে বেয়ার আইল্যাণ্ডে আসে?
মি. গোলডা তাঁর ছবিতে বাস্তবতা ফোটাতে চান।
খারাপ একটা গাল দিতে ইচ্ছে করছে আমার, সহাস্যে বলল ওয়েন। অনেক কষ্টে সামলে রাখছি নিজেকে। আসল কথা, বছরের এই সময়টায় ওখানকার অবস্থা সম্পর্কে তার কোন ধারণা নেই।
তিনি একজন স্বাপ্নিকও বটেন।
ব্যারেন্ট সীতে স্বপ্নবিলাসীদের ঠাই নেই। আমেরিকানরা যে কী!
কে বলল ফন গোলডা আমেরিকান? সেন্ট্রাল ইউরোপিয়ান। স্বপ্ন রচনা করেন বা স্বপ্ন ফেরি করেন, এরকম লোক পেতে হলে দানিয়ুবের দুই তীরের দিকে তাকাতে হবে আপনাকে।
ইউরোপের অসৎ আর অসুরদেরও ওখানে দেখতে পাবেন আপনি।
হ্যাঁ, ভাল আর মন্দ, দুইই আছে।
কিন্তু দানিয়ুব ছেড়ে অনেক দূরে চলে এসেছেন ভদ্রলোক।
দ্বিতীয় মহাযুদ্ধের আগের সময় সেটা। ভিয়েনা ছেড়ে বহু লোককে তাড়াহুড়োর মধ্যে পালাতে হয়েছিল, তাদের মধ্যে উনিও ছিলেন। পালিয়ে আমেরিকা ছাড়া আসবেনই বা কোথায়? আর আমেরিকায় এলে হলিউড ছাড়া যাবেনই বা কোথায়? ভিয়েনায় তার জমজমাট সিনেমা ব্যবসা ছিল, আমেরিকায় এলেন প্রায় খালি হাতে। ঠিক সময়ে ঠিক কাজটি করতে জানা তার মস্ত এক গুণ। নাৎসী বিরোধী ছবি বানালেন, তারপর দর্শকদের সাইকোলজি বুঝে কমিউনিজম বিরোধী। আমেরিকানরা তাকে লুফে নিল। কিন্তু যে-ই দেখলেন হলিউডের পড়তি দশা, অমনি তিনি হিজরত করলেন ইংল্যাণ্ডে। লণ্ডনে এসে তিনি যে ছবিগুলো বানালেন, সমালোচকরা দারুণ প্রশংসা করলেও দর্শকরা একেবারেই নিল না। সর্বস্বান্ত হয়ে গেলেন ভদ্রলোক।
আপনি দেখা যাচ্ছে তার সব খবরই রাখেন।
তার শেষ ছবিটার প্রসপেক্টাস পড়লে যে-কেউ এ-সব জানতে পারবে। আপনাকে এক কপি দেব আমি। ছবিটা সম্পর্কে কিছু বলা হয়নি, শুধু ফন গোলডার কথা পাবেন। যা লেখা আছে তার ভেতরের অর্থ বুঝে নিতে হবে আপনাকে।
কপিটা পেলে খুশি হব, বলল ওয়েন। কিছুক্ষণ চিন্তা করল সে, তারপর জিজ্ঞেস করল, সর্বস্বান্ত হবার পর আবার ছবি বানাচ্ছেন কিভাবে?
একবার নাম করতে পারলে টাকা যোগাবার লোকের অভাব হয় না।
তা আপনার বন্ধুকে টাকা যোগাচ্ছেন কে?
বন্ধু না, এমপ্লয়ার। আমি জানি না। টাকা-পয়সার ব্যাপারে কড়া গোপনীয়তা রক্ষা করেন মি. গোলডা।
কিন্তু কেউ না কেউ তো পৃষ্ঠপোষকতা করছেনই, তাই না?
হ্যাঁ, তা তো বটেই। হাতের গ্লাস নামিয়ে রেখে উঠে দাঁড়াল রানা। আতিথেয়তার জন্যে ধন্যবাদ।
একের পর এক এতগুলো ছবি ফ্লপ করার পরও? কেমন যেন রহস্যময় লাগছে না?
গোটা ফিল্মী জগৎটাই মস্ত এক রহস্য, মি. ওয়েন।
কিংবা তিনি হয়তো এমন একটা গল্প পেয়েছেন, যেটা সব গল্পকে হার মানাবে।
আপনি দেখছি স্ক্রীনপ্লে-র প্রসঙ্গ তুলে ফেললেন। এ-ব্যাপারে জানতে হলে সরাসরি মি, গোলডাকে প্রশ্ন করতে হবে আপনার। মি. এরিক কার্লসন ছাড়া একমাত্র তিনিই ওটা দেখেছেন। মি. কার্লসন হলেন স্ক্রীন-প্লের লেখক।
হুইল-হাউস থেকে বেরিয়ে এসে রানা দেখল, আবহাওয়ার অবস্থা সত্যিই আগের চেয়ে খারাপ হয়েছে। লী সাইডের স্টারবোর্ড মই বেয়ে নামছে রানা। লী সাইড হলো জাহাজের সবচেয়ে নিরাপদ দিক, কারণ ঝড় আঘাত করছে উল্টো দিকটায়, কিন্তু তা সত্ত্বেও বাতাসের গতি আর প্রচণ্ড শীত আতঙ্কিত করে তুলল। ওকে, মই বেয়ে নামার সময় দুই হাতে ধরে থাকল হ্যাণ্ডরেইল। ইভনিং স্টারের ঝাঁকি ও দোল খাওয়ার মধ্যে কোন নিয়ম বা ছন্দ নেই, মাতালের মত যখন যেদিকে খুশি লাফ-ঝাপ দিচ্ছে। বো মাঝে মধ্যে পঞ্চাশ ডিগ্রী ঘুরে যাচ্ছে, আংশিক বৃত্ত তৈরি করার ভঙ্গিতে। নিজেকে অভয় দিল রানা-তুমি তো একশো ডিগ্রী ঘুরে গেছে এমন জাহাজেও ছিলে, কিন্তু আজও বেঁচে আছ। তবে হ্যাঁ, সঙ্গে আরও এক জোড়া হাত থাকলে সুবিধে হত।
রাত যতই ঘন কালো হোক, সাগর কখনও পুরোপুরি অন্ধকার হয় না। এই যেমন আজ। দিগন্তের ঠিক কোথায় সাগর আর আকাশ মিলিত হয়েছে তা হয়তো চিহ্নিত করা সম্ভব নয়, তবে দিগন্তরেখার কয়েক ডিগ্রী ওপরে বা নিচে তাকিয়ে। যে-কেউ নিশ্চিতভাবেই বলতে পারে যে এখানে আকাশ আর ওখানে সাগর, কারণ সাগর সব সময় আকাশের চেয়ে বেশি গাঢ়। আজ রাতে অবশ্য তা-ও বলা সম্ভব নয়, কারণ সাগরের সারফেসে লেগে রয়েছে স্মোক ফ্রস্ট। এই অদ্ভুত বিচিত্র জিনিসটা শুধু তখনই দেখা যায় যখন আটলান্টিকের গরম বাতাস আর্কটিকের ঠাণ্ডা পানির সঙ্গে মেশে। এই মুহূর্তে রানা শুধু দেখতে পাচ্ছে প্রতিটি ঢেউ থেকে বিচ্ছিন্ন হচ্ছে উপরের অংশ। ওদের লীওয়ার্ড সাইডে লম্বা সাদা রেখা দেখা যাচ্ছে। সারি সারি, ঢেউয়ের মাথা ভেঙে যাওয়ায় ফেনা তৈরি হচ্ছে। আরও দেখল, ইভনিং স্টারের ফোরডেকে উঠে আসছে সাগর।
মই বেয়ে নেমে এগোতে যাবে রানা, কার সঙ্গে যেন ধাক্কা খেলো। মইয়ের পিছনে দাড়িয়ে, ওটাকেই অ্যাঁকড়ে ধরে তাল সামলাচ্ছে। বাতাসে ওড়া চুল মুখটা সম্পূর্ণ আড়াল করে রেখেছে, চিনতে পারা গেল না। তার অবশ্য দরকারও নেই, কারণ গোটা জাহাজে একজনেরই চুল ঠিক যেন পাকা ধানের খড়। যদি বেছে নিতে বলা হয় ওকে, ইভনিং স্টারের কার সঙ্গে ধাক্কা খেতে পছন্দ করবে, কিছু। চিন্তা না করেই এলিনা স্টুয়ার্ট-এর নাম বলবে রানা। এলিনা স্টুয়ার্ট তার আসল নাম নয়, আসল নাম সাবরিনা জেরোনস্কি। আসল নামটা সিনেমা জগতে মানানসই হবে না বুঝতে পেরে এই পরিবর্তন। তবে এত থাকতে একটা স্কটিশ নাম কেন তার পছন্দ হলো, রানা তা বলতে পারবে না।
এলিনা, বলল রানা। এত রাতে, এই দুর্যোগের ভেতর না বেরুলেই তো পারতেন। হাত তুলে তার মুখ স্পর্শ করল ও, ডাক্তার হবার সুবিধে হলো খুন করেও পার পাওয়া যায়। এলিনার ত্বক বরফের মত ঠাণ্ডা। ভেতরে চলুন, ভেতরে চলুন! তার একটা বাহু অ্যাঁকড়ে ধরল ও। হাতটা থরথর করে কাঁপছে অনুভব করে একটুও অবাক হলো না। বাধা দেয়নি, লক্ষ্মী মেয়ের মতই ফিরে আসছে রানার সঙ্গে।
সামনেই একটা দরজা, প্যাসেঞ্জার লাউঞ্জের দিকে চলে গেছে। প্যাসেঞ্জার লাউঞ্জটা সরু হলেও, জাহাজের পুরোটা প্রস্থ জুড়ে বিস্তৃত। শেষ মাথায় একটা বার, পানীয় রাখা হয়েছে কাঁচ ও গ্রীল দিয়ে ঘেরা দরজার পিছনে। দরজাগুলোয় তালা দেয়া থাকে, চাবি থাকে ফন গোলডার পকেটে।
আমাকে টানাহ্যাঁচড়া করার কোন দরকার নেই, ডাক্তার, শান্ত, মিষ্টি গলায় বলল এলিনা। আমি তো স্বেচ্ছায় আপনার সঙ্গে আসছি।
আগে বলুন এই অবস্থায় আপনি বাইরে বেরিয়েছিলেন কেন?
তারমানে কি ডাক্তাররা সবজান্তা নন? কালো লেদার কোটের মাঝখানের বোতামটা ছুঁলো এলিনা। তবে রানা ধারণা করল বমি করার প্রয়োজন না হলেও ঠাণ্ডা আপার ডেকে বেরুত মেয়েটা-সে কারও সঙ্গে বিশেষ কথা বলে না, অন্যেরাও তাকে এড়িয়ে চলে।
মুখ থেকে দুহাত দিয়ে চুল সরাল এলিনা। খয়েরি চোখের নিচে ক্লান্তির কালিমা জমেছে। হোক ল্যাটভিয়ান পাভ, মেয়েটা দেখতে ভারি সুন্দর। সবাই কথাটা মুক্তকণ্ঠে স্বীকার করলেও, সঙ্গে একটা মন্তব্য জুড়ে দেয়-ওটাই তার একমাত্র সম্পদ। তার শেষ দুটো ছবি বা তার প্রথম দুটো ছবি সাংঘাতিক মার খেয়েছে। মেয়েটা চুপচাপ, একা, ঠাণ্ডা আর নির্লিপ্ত-রানার ভাল লাগার সেটাই কারণ। ও নিজেও তো একা।
ডাক্তাররা ফেরেশতা নয়, বলল রানা। অন্তত ইনি নন। ডাক্তারী দৃষ্টিতে এলিনার দিকে তাকাল ও। দুনিয়ার এই প্রান্তে একটা ভাসমান পাগলা গারদে কি করছেন আপনি?
ইতস্তত করল এলিনা। প্রশ্নটা ব্যক্তিগত হয়ে গেল।
মেডিকেল প্রফেশনে এটাই তো সুবিধে, ব্যক্তিগত বিষয়ে যে-কোন প্রশ্ন করা যায়। আপনার শরীর-স্বাস্থ্য ভাল তো?
আমি এখানে, কারণ আমার টাকা দরকার।
যদি কখনও আমাকে দরকার হয়, জানাতে ভুলবেন না। হাসল রানা, কিন্তু এলিনা হাসল না। তাকে রেখে কম্প্যানিয়নওয়ে ধরে মেইন ডেকের দিকে এগোল ও।
দুপাশে সারি সারি কেবিন, মাঝখানে সরু প্যাসেজ। আগে এখানেই ছিল ফিশ হোল্ড, স্টীম ওয়াশ করার পরও কড লিভার অয়েলের গন্ধ পুরোপুরি দূর হয়নি। সী সিকনেসে আক্রান্ত হবার দরকার নেই, এমনিতেই বমি পাবে। স্টারবোর্ড সাইডের প্রথম দরজায় নক করে ভেতরে ঢুকল রানা।
এরিক কার্লসন তাঁর বাঙ্কে লম্বা হয়ে আছেন। সরু বুকের ওপর মোমের মত আঙুলগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে, চোখ বন্ধ। দেখে বিশ্বাস করা কঠিন এই ভদ্রলোক পুব সাইবেরিয়ায় সোভিয়েত শ্রমশিবিরে বিশ বছর কাটিয়েছেন। কেমন আছেন, মি. কার্লসন?
হায় ঈশ্বর! চোখ মেললেন কার্লসন, তবে রানার দিকে তাকালেন না। গুঙিয়ে উঠলেন একবার, তারপর আবার বন্ধ করলেন চোখ। এর কোন মানে হয়!
দুঃখিত। মি. গোলডা খুবই উদ্বিগ্ন…।
ও তো একটা বদ্ধ উন্মাদ! হঠাৎ ফুসে উঠলেন কার্লসন।
কার্লসনের মন্তব্যের সঙ্গে প্রায় একমত হলেও, ফন গোলডার চাকরি নিয়ে। ইভনিং স্টারে আসায় কথা বলার সময় সাবধান হতে হয় রানাকে। বিশেষ করে কালর্সনের সঙ্গে কথা বলার সময়। কারণ কার্লসন আর গোলডা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। পরস্পরকে তারা চেনেন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর আগে থেকে, সেই দানিউবিয়ান একটা জিমনেশিয়ামে যখন ছাত্র ছিলেন। ভিয়েনায় যৌথ মালিকানায় ওঁদের একটা স্টুডিও ছিল। ওই স্টুডিওতে কাজ করার সময়ই পরস্পরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। গোলডা সঠিক পথ ধরে আশ্রয় নেন হলিউডে। আর কার্লসন ধরেন ভুল পথ। ধারণা করা হয়েছিল মারা গেছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বছর তিনেক হলো সাইবেরিয়া থেকে ফিরে আসেন। গোলডাকে খুঁজে বের করেন তিনি, বন্ধুত্বটা আবার তারা ঝালাই। করে নেন। ধারণা করা হয়, কার্লর্সনের অতীত সম্পর্কে একমাত্র গোলড়াই যদি কিছু জানেন, কারণ কার্লসন এ-বিষয়ে কখনও কারও সঙ্গে আলাপ করেন না। ভদ্রলোক সম্পর্কে নিশ্চিতভাবে মাত্র দুটো বিষয় জানা গেছে-নিঃসন্দেহে উনিই। এরিক কার্লসন, যুদ্ধের আগে দশ-বারোটা স্ক্রীন-প্লে লিখে বেশ নাম করেছিলেন। আর্কটিকে ছবি তুলতে আসার ব্যাপারটা তারই আইডিয়া, গোলডাকে প্রয়োজনীয় প্রেরণা তিনিই যুগিয়েছেন। আর দ্বিতীয় যে কথাটা জানা গেছে, তা হলো, গোলডা তার বন্ধুকে নিজের কোম্পানী মার্ভেলাস প্রোডাকশনে অংশীদার হিসেবে গ্রহণ করেছেন। কাজেই, এই পরিস্থিতিতে, কার্লসন যা-ই বলুন না কেন, নিজের কথা নিজের কাছেই চেপে রাখতে হবে রানাকে। আপনার যদি কিছু দরকার হয়…
কিছুই দরকার নেই। এবার চোখ খুলে রানার দিকে তাকালেন কার্লসন। তাকালেন না বলে অগ্নিদৃষ্টি হানলেন বলাই ভাল। চোখ দুটো লালচে হয়ে আছে। আপনি বরং ওই পাগলটার চিকিৎসা করুন, যদি পারেন।
চিকিত্সা?
ওর ব্রেন সার্জারি দরকার। চোখ বুজে কাত হলেন কার্লসন। তাঁকে রেখে বেরিয়ে এল রানা, চলে এল পাশের কেবিনে।
এখানে দুজন রয়েছেন। একজন খুবই কষ্ট পাচ্ছেন, অপরজন বিন্দুমাত্র ভুগছেন না। অসুস্থ রবার্ট হ্যামারহেড, ফিল্ম কোম্পানীর ইউনিট ডিরেক্টর। রানার। দিকে তাকিয়ে স্নান হাসলেন তিনি, প্রায় ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে, তারপর ফিরিয়ে নিলেন চোখ। রোগাপাতলা তিনি, মুখে উঁচু হয়ে আছে হাড়, কি কারণে কে জানে সারাক্ষণ নার্ভাস থাকেন। তবে নিজের কাজের প্রতি পুরোপুরি নিবেদিত। তাঁকে এরকম অসুস্থ দেখে দুঃখ হলো রানার, তবে ভদ্রলোক ইভনিং স্টারে পা দেয়ার পর থেকেই তার জন্য এই একই অনুভূতি রয়েছে রানার মনে। হ্যামারহেড কথা বলেন ফিসফিস করে, বিড়ালের মত নিঃশব্দে হাঁটেন, যেন সব সময় ভয়ে ভয়ে থাকেন ঈশ্বর না তার ওপর বিরক্ত হন। তার এই আচরণ অর্থহীন বলে মনে হতে পারে, তবে রানার তা মনে হয় না-কোন সন্দেহ নেই, ঈশ্বরকে নয়, তার ভয় আসলে ফন গোলডাকে। গোলডা স্পষ্টই বুঝতে দেন যে তিনি মানুষ হিসেবে লোকটাকে যতটুকু অপছন্দ করেন, একজন আর্টিস্ট হিসেবে ঠিক ততটুকুই পছন্দ করেন। গোলড়া একজন উঁচু স্তরের বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও কেন যে এধরনের ব্যবহার করেন রানার তা জানা নেই। কার ভেতর কি আছে কে জানে, গোলডা হয়তো গোটা মানবজাতিকেই ঘৃণা করেন, দুর্বল কাউকে পেলে তার ওপর নির্যাতন চালাবার জন্মগত ঝোকটা দমন করতে পারেন না। বলা যায় না, ব্যক্তিগত কোন আক্রোশ বা রেষারেষির ব্যাপারও হতে পারে। দুজনের কারও সম্পর্কেই বেশি কিছু জানা নেই রানার, কাজেই কারও পক্ষে বা বিপক্ষে কিছু বলার নেই ওর।
ও, আপনি আমাদের গুড হিলার, পিছন থেকে ভারি একটা গলা পেল রানা। ব্যস্ত না হয়ে ঘুরল ও, তাকাল পাজামা পরা ভদ্রলোকের দিকে। বাঙ্কে বসে আছেন তিনি, বাঁ হাতে ধরে আছেন একটা বাল্কহেড স্ট্র্যাপ, ডান হাতে স্কচের একটা বোতল, চার ভাগের তিন ভাগ খালি। দুএক চুমুক চলবে নাকি, মি. রানা?
পরে, মি. মুর, পরে। আপনাকে ডিনারে না দেখে ভাবলাম…আপনি আছেন কেমন, মি. মুর?
মারভেলাস প্রোডাকশনের প্রোডাকশন ম্যানেজার জক মুর। চোখ দুটো স্বচ্ছ নীল, মুখে কাটা-ছেড়ার কোন দাগ নেই। ইভনিং স্টারে পা দেয়ার পর থেকে তাকে যতবারই দেখেছে রানা, হাতে সব সময় স্কচের বোতল ছিল। তার মস্ত গুণ হলো, কারও নিন্দা করতে জানেন না। আমি? কেমন আছি? মাথা পঁয়তাল্লিশ ডিগ্রী কাত করলেন তিনি, পাকা দাড়ি থেকে ঝরে পড়ল কয়েক ফোটা হুইস্কি। অসুস্থতা কাকে বলে জানি না। ও কিসের শব্দ? কান পেতে কি যেন শোনার। চেষ্টা করলেন।
অশান্ত সাগরে বো আছড়ে পড়ার আওয়াজ পাচ্ছে রানা, তার সঙ্গে তাল মেলাচ্ছে পুরানো জাহাজের কর্কশ কাঁচকাচ আওয়াজ, তাছাড়া আর কিছু রানার কানে ঢুকল না।
কান পাতুন, তিন দেবতা গাইছেন!
এবার রানাও শুনতে পেল। আগেও অনেকবার শুনেছে ও, বলা যায় সেই ইভনিং স্টারে পা দেয়ার পর থেকেই শুনছে। ফিলিপ, নেকটার আর কার্লতিনজনের একটা ব্যাণ্ড, নাম দিয়েছে তিন দেবতা। তিনজনই তাদের অবসর সময় রিক্রিয়েশন রুমে কাটায়। হয় রেকর্ডিং ইকুইপমেন্ট নিয়ে ব্যস্ত থাকে নয়তো গিটার বা ড্রাম বাজায়। কাঁধ পর্যন্ত লম্বা চুল সবার, কাপড়চোপড়ের বাহার দেখলে মনে হবে যাবতীয় হিন্দু গুরুদের লন্ড্রি লুট করে এনেছে। এরকম দুর্যোগের রাতে গান-বাজনা কি কারও ভাল লাগে? বলল রানা।
ডাক শুনে অনেক আরোহী জড়ো হয়েছে ওখানে, বললেন মুর। আমার জানামতে গান-বাজনা অনেক সময় ওষুধের কাজও করে। বাইরে থেকে অকস্মাৎ ড্রাম পেটানোর আওয়াজের সঙ্গে তীক্ষ্ণ একটা আর্তনাদ ভেসে এল, যেন কোন প্রাণী কাতরাচ্ছে। ওই বোধহয় ওদের কনসার্ট শুরু হলো।
ওখান থেকে সোজা রিক্রিয়েশন রুমে চলে এল রানা। তিন দেবতাকে ঘিরে আছে মাইক্রোফোন, অ্যামপ্লিফায়ার, স্পীকার আর অসংখ্য ইলেকট্রনিক ইকুইপমেন্ট, যেগুলো ছাড়া কানের পর্দা ছিন্ন করা যায় না। তিন দেবতা অনবরত লাফ-ঝাপ দিচ্ছে, সেই সঙ্গে দাত-মুখ খিচিয়ে গলা ফাটাচ্ছে, অর্থাৎ নাচ ও গান চলছে সমানে।
শ্রোতাদের দিকে তাকাল রানা। প্রোডাকশনের লোক রয়েছে দশজন, বাকি পাঁচজন অভিনেতা-অভিনেত্রী। সবাই হাঁ করে তাকিয়ে আছে দেবতাদের দিকে। এদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ও, সে-কথা আপাতত তার মনে নেই। কাঁধে হাত পড়তে ঘাড় ফিরিয়ে ডগলাস হিউমের দিকে তাকাল রানা।
হিউমের বয়েস ত্রিশ, ছবিতে তার চরিত্রই মুখ্য। তারকা হিসেবে এখনও খ্যাতি অর্জন করতে পারেনি বটে, তবে তার অভিনয়ের প্রশংসা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। হাসি-খুশি তরুণ সে, সুদর্শন, বাদামী চুল সব সময় ঝুলে আছে চোখের ওপর। তার চোখের রঙ গাঢ় নীল, নিখুঁত দাঁতগুলো মুক্তোর মত। চেহারায় বন্ধু বন্ধু ভাব, মানুষকে সম্মান করতে জানে, অত্যন্ত বিবেচক। হিসেবে পরিচিত-এটা তার স্বভাব, নাকি চর্চার মাধ্যমে অর্জিত তা বলা কঠিন। রানার কানের কাছে হাত দিয়ে চোঙ বানাল সে, বলল, আপনিও কি এ-সবের ভক্ত বলে ধরে নেব আমি, ডাক্তার?
আমি আসলে ডিউটিতে বেরিয়েছি, বলল রানা। মি. গোলডা আপনাদের ব্যাপারে খুব উদ্বিগ্ন।
কসাইখানায় সুস্থ-সবল নধর প্রাণী যোগান দিতে চান বুঝি?
ভুলে গেলে চলবে না আপনাদের পিছনে মোটা অংকের টাকা ইনভেস্ট করেছেন তিনি।
হেসে উঠল হিউম। একদম বাজে কথা। শূটিং শেষ না হওয়া পর্যন্ত একটা পয়সাও কাউকে ঠেকাচ্ছেন না উনি।
আমরা গণতান্ত্রিক যুগে বাস করছি, মি. হিউম। ক্রীতদাস হিসেবে নিজেকে আপনি বিক্রি না করলেও পারেন।
তারমানে ফিল্ম ইণ্ডাস্ট্রি সম্পর্কে আপনি কিছু জানেন না।
সত্যি জানি না।
সিনেমা জগতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মন্দা চলছে এখন। টেকনিশিয়ানদের শতকরা আশি ভাগ বেকার। না খেয়ে মরার চেয়ে ফুটো পয়সা পেলেও কাজ করব আমি, তিক্ত গলায় বলল হিউম, তারপরই আবার নিজের হাসি-খুশি স্বভাব ফিরে পেল। তাকে গিয়ে বলুন, তাঁর লিডিং ম্যান ডগলাস হিউম সম্পূর্ণ সুস্থ। খুশি নয়, মনে রাখবেন, তবে সুস্থ। খুশি হব যদি দেখি জাহাজ থেকে তিনি পানিতে পড়ে গেছেন।
ঠিক আছে, বলব। কামরার চারদিকে চোখ বুলাল রানা। তিন দেবতা এই মুহূর্তে বিশ্রামে রয়েছে, প্রত্যেকের হাতে লেমন জুস-এর গ্লাস। সবাইকে দেখা যাচ্ছে না। কে কে নেই বলুন তো? জিজ্ঞেস করল ও।
নেই? চারদিকে তাকাল হিউম। মি. কার্লসন নেই…।
তাকে আমি দেখে এসেছি। হ্যামারহেড, মুর আর এলিনাকেও। এলিনাকে অবশ্য এখানে আমি আশা করি না।
সুন্দরী, তাই না? দুঃখ এই যে বড় বেশি নির্লিপ্ত মেয়েটা। নির্লিপ্ত হওয়া দোষের নয়।
না। আমিও তাকে পছন্দ করি, বলল হিউম। তার দিকে তাকাল রানা। এর আগে মাত্র দুবার তার সঙ্গে কথা হয়েছে ওর, অল্প একটু। গলার সুর শুনে বোঝা যায়, অন্তর থেকেই বলা হলো কথাটা। একটা দীর্ঘশ্বাস ফেলল হিউম। আমার জোড়া রেসিডেন্ট মাতাহারি না হয়ে এলিনা হলে খুশি হতাম।
আপনি নিশ্চয়ই মিস মোনাকার কথা বলতে চাইছেন না?
অবশ্যই তার কথা বলছি, ভুরু নাচিয়ে কৌতুক করল হিউম। দেখতেই পাচ্ছেন, এখানে নেই সে। অস্থির হবেন না, সঙ্গে দুটো হাউণ্ড আছে-গেলে দেখবেন, ওগুলোকে নিয়ে গড়াগড়ি খাচ্ছে বিছানায়।
আর কে অনুপস্থিত?
কেডিপাস, বলে হেসে উঠল হিউম। কাউন্টের বক্তব্য, কেডিপাসের অবস্থা চরমে, রাতে তার আর বাইরে বেরুবার সম্ভাবনা নেই। কাউন্ট হলেন তার কেবিন-মেট।
ডাইনিং রুম থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখেছি তাকে, বলল রানা, হিউমকে রেখে চলে এল কাউন্টের টেবিলে।
সরু, লম্বাটে মুখ কাউন্টের, কালো গোঁফ যেন পেন্সিল দিয়ে অ্যাঁকা, সিগারেট আকৃতির সোজা ভুরু, কাঁচাপাকা চুল কপাল থেকে টান টান হয়ে আছে পিছন দিকে। তাকে দেখে সুস্থ-সবলই মনে হলো রানার। এক হাতে ব্র্যাণ্ডির গ্লাস, প্রশ্ন না করেও বোঝা যায় খুব দামী কনিয়্যাক হবে জিনিসটা। কারণ, মেয়ে হোক বা পোশাক, খানা হোক বা অলংকার, সবচেয়ে দামী জিনিসটা পছন্দ করেন। ভদ্রলোক। এ ধরনের বিলাসিতা তাকে মানায়ও। বর্তমান কালে তিনিই সম্ভবত ইউরোপের সবচেয়ে নামকরা ক্যামেরাম্যান। কনিয়্যাক-এর উৎস সম্পর্কেও আন্দাজ করতে পারে রানা। বাজারে গুজব আছে, ফন গোলডাকে অনেক কাল আগে থেকে চেনেন কাউন্ট, কিংবা এত ভালভাবে চেনেন যে গোলডার সঙ্গে কোথাও যেতে হলে সঙ্গে নিজের সাপ্লাই নেয়ার অনুমতি পেতে অসুবিধে হয় না। তার পুরো নাম কাউন্ট বউিউলা লিখেন জারজাভস্কি, যদিও উচ্চারণ বিভ্রাট ঘটার আশঙ্কায় কেউ তা মুখে আনে না। নিজের পোলিশ জমিদারি ছেড়ে আসার পর থেকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছেন তিনি। শোনা যায় জমিদারিটা বেশ বড়ই ছিল। উনিশশো উনচল্লিশের সেপ্টেম্বর মাসে দেশ ত্যাগ করেন। গুড ইভনিং, কাউন্ট, বলল রানা। একা শুধু আপনাকেই সুস্থ দেখতে পাচ্ছি আমি।
পোলিশ জমিদারের রক্ত। মেয়েদের ব্যাপারে এত সতর্ক থাকি যে রোগবালাই ঘেঁষতে পারে না। ফুলে থাকা জ্যাকেটে চাপড় মারলেন কাউন্ট। কনডম ছাড়া ও-সব করি-টরি না। আধুনিক ডাইনীদের কাছে আপনার পেনিসিলিন অচল।
তাড়াতাড়ি প্রসঙ্গ বদলাতে চেষ্টা করল রানা, মি. গোলডা জানতে চাইছিলেন এই দুর্যোগে কেমন আছেন আপনারা।
আচ্ছা! তা তিনি নিজে কেমন আছেন?
ভালই বলা চলে।
কাউন্টের সুরে খেদ, মনের আশা সব সময় পূরণ হবার নয়।
হিউম বলছিলেন, আপনার রুম-মেট কেডিপাসকে একবার দেখে আসা দরকার।
কেডিপাসের মুখে আসলে কাপড় বা তুলো গুজে দেয়া উচিত। মেঝেতে একেবারে বন্যা বইয়ে দিচ্ছে ছোকরা। কি যে অবস্থা, আপনি কল্পনাও করতে পারবেন না।
বোধহয় পারছি।
আমার মত সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন ব্যক্তির জন্যে খুবই বিব্রতকর, বুঝতেই পারছেন।
হ্যাঁ, অবশ্যই।
গড়াগড়ি খেতে দেখে বাধ্য হয়ে বেরিয়ে চলে আসতে হলো আমাকে।
ঠিক আছে, তাকে আমি দেখতে যাব, বলে উঠতে যাবে রানা, ওর পাশের খালি চেয়ারটায় বসে পড়ল মিখায়েল ট্যাকার। ট্যাকার মার্ভেলাস প্রোডাকশনের একজন ফুল পার্টনার, একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করে সে-কনস্ট্রাকশন ম্যানেজার ও প্রোডাকশন ডিজাইনার। টাকা বাঁচাবার সুযোগ পেলে কখনোই তা হাতছাড়া করেন না ফন গোলডা। টাকার লম্বা, অত্যন্ত সুদর্শন, মুখের সঙ্গে দারুণ মানিয়ে গেছে ছোট করে ছাটা গোঁফ। মাথায় একরাশ কালো সিল্ক, পোলো-নেকড় সোয়েটারের নব্বই ভাগ তাতে ঢাকা পড়ে থাকে। সুদর্শন হলেও, চেহারায় বিপুল শক্তি আর কাঠিন্যের ভাব স্পষ্ট, তার স্বভাব নৈতিকতার ধার ধারে না, এবং সবাই তার বিরূপ সমালোচনার শিকার। গুজব হলো, সে নাকি ফন গোলডার জামাই।
এত রাতে আপনাকে খুব কমই দেখা যায়, ডাক্তার, বলল সে। হাতির দাঁত দিয়ে তৈরি একটা পাইপে রাশিয়ান সিগারেট ভরে ধরাল, কটুগন্ধী ধোঁয়া ছাড়ল এক মুখ। গান-বাজনার টানে চলে এসেছেন? মাথা নাড়ল সে। মনে হয় না টু কূল, টু ডিটাচড, টু ক্লিনিক্যাল, টু অবজারভ্যান্ট–অ্যাণ্ড আ লোনার। রাইট?
একজন ডাক্তারকে ভালই আঁকলেন।
আপনার আগমন কি কর্ম উপলক্ষে?
হ্যাঁ।
বাজি ধরে বলতে পারি, বুড়ো শালা আপনাকে পাঠিয়েছে।
পাঠিয়েছেন মি. গোলডা। ধীরে ধীরে আরও বেশি করে উপলব্ধি করছে। রানা, ফন গোলডাকে তার ঘনিষ্ঠ লোকজনরা কেউই ভাল চোখে দেখে না।
তাকেই আমি শালার বুড়ো বলছি। ট্যাকার চিন্তিত ভঙ্গিতে কাউন্টের দিকে তাকাল। আপনি আমার সঙ্গে একমত, কাউন্ট, খাটাশটা অদ্ভুত আচরণ করছে? সবার জন্যে তার এত দরদ আগে তো কখনও দেখা যায়নি। নিশ্চয়ই এর মধ্যে কোন রহস্য আছে।
সিলভার ফ্লাস্ক থেকে গ্লাসে আরও খানিকটা ব্র্যাণ্ডি ঢাললেন কাউন্ট, নিঃশব্দে হাসলেন, কিন্তু কিছু বললেন না।
রানা জানতে চাইল, মিস মোনাকাকে দেখছি না। তিনি ভাল আছেন তো?
না, ভাল থাকে কি করে। কিন্তু আবহাওয়ার কারণে একটা মেয়ের শরীর খারাপ করলে একজন পুরুষ তার কি করতে পারে বলুন। আপনাকে ডাকতে বলছিল, বলছিল ঘুমের ওষুধ দাও, কিন্তু আমি রাজি হইনি।
কেন?
আরে ভাই, এই মরণযাত্রায় রওনা হবার পর থেকে ওষুধ খেয়েই তো বেঁচে আছে সে। এই অ্যান্টাসিড খেলো তো একটু পরই খেলো পেইনকিলার, তার আগে একটার জায়গায় দুটো ট্যাবলেট খেয়েছে যাতে বমি না হয়। তার ওপর যদি ঘুমের ওষুধ খায়, কি ঘটবে বুঝতেই পারছেন।
না, পারছি না। ব্যাখ্যা করুন।
জী?
উনি কি ড্রিঙ্ক করেন? মানে, পরিমাণে বেশি খান?
ড্রিঙ্ক? না। মানে, মদ একেবারে ছোয়ই না।
দীর্ঘশ্বাস ছাড়ল রানা। আপনি আপনার ছবি নিয়ে থাকুন, ওষুধ-পত্রের দিকটা আমাকে দেখতে দিন। মেডিকেল কলেজের যে-কোন প্রথম বর্ষের ছাত্রই বলতে পারবে যে…থাক, ভুলে যান। তিনি কি জানেন, কি কি ট্যাবলেট কটা করে খেয়েছেন আজ? খুব বেশি হবার কথা নয়, তা হলে এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলতেন।
তা হয়তো সত্যি…।
চেয়ার ছেড়ে দাঁড়াল রানা। আমি তাঁকে পনেরো মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দেব।
আপনি ঠিক জানেন…মানে বলতে চাইছি…।
কোনটা তার রুম?
প্যাসেজের ডান দিকে, প্রথমটা।
আর আপনার? কাউন্টের দিকে তাকাল রানা।
বাঁ দিকের প্রথমটা।
প্যাসেজে বেরিয়ে এসে ডান দিকের প্রথম কেবিনের দরজায় টোকা দিল রানা। বিড়বিড় করে সাড়া দিল কেউ, কোন রকমে শোনা গেল। দরজা খুলে ভেতরে ঢুকল ও। বিছানায় পদ্মাসনে বসে রয়েছে মোনাকা। হিউমের ধারণাই ঠিক, তার দুপাশে দুটো স্প্যানিয়েল কুকুর দেখা যাচ্ছে, ভারি সুন্দর। ডাগর ডাগর চোখের পাতা প্রজাপতির ডানার মত ঘন ঘন ঝাপটে রানার দিকে তাকাল। মেয়েটা, মন ভোলানো হাসি দিল-চেহারায় যদিও নার্ভাস একটা ভাব রয়েছে। আপনি আসায় কি যে ভাল লাগছে আমার! তার গলার আওয়াজে আদুরে একটা ভাব আছে, নিমেষে যৌনাবেদন সৃষ্টি করতে পারে। পরে আছে পিঙ্ক কালারের। বেড-জ্যাকেট, গলা ও কাঁধে সবুজ শিফনের স্কার্ফ। একটু ফ্যাকাসে হয়ে আছে। চেহারা। মিখায়েল বলছিল আপনি নাকি কোন সাহায্যে আসবেন না।
মি. ট্যাকার একটু বেশি সাবধানী। বিছানার কিনারায় বসে মোনাকার কজি ধরল রানা। ওর পাশের কুকুরটা গলার ভেতর থেকে গভীর আওয়াজ করল, দাঁত বের করে ভেঙচাল ওকে। আপনার কুকুর যদি কামড়ায়, ওটাকে আমি লাঠিপেটা করব।
নটি একটা মাছিকেও কামড়ায় না-কামড়াও, নটি?
রানা মাছিদের ব্যাপারে শঙ্কিত না হলেও চুপ করে থাকল।
মোনাকা বিষন্ন হেসে জিজ্ঞেস করল, কুকুর দেখলে আপনার বুঝি অ্যালার্জি হয়?
কুকুরে নয়, আমার অ্যালার্জি কুকুরের কামড়ে।
মোনাকার চেহারা থেকে নিভে গেল হাসিটা, অবশিষ্ট থাকল শুধু বিষাদ। মেয়েটা সম্পর্কে যতটুকু জানে রানা সবই লোকমুখে শোনা। চলচ্চিত্র জগতে তার বন্ধুদের কাছ থেকে শোনা এ-সব কথার শতকরা নব্বই ভাগই মিথ্যে বলে বাতিল করে দিয়েছে ও। সিনেমা জগতে কেউ কারও সম্পর্কে সত্যি কথা বলে না। সুযোগ পেলে সবাই সবার চরিত্রহনন করছে। কাকে ল্যাং মারা যায়, কে কাকে। বিপদে ফেলতে পারে, প্রশংসার সুরে কে কার কতটা নিন্দা করতে পারে, সারাক্ষণ শুধু তারই প্রতিযোগিতা চলছে। ওদের কথা শুনে বোঝা মুশকিল ঠিক কোথায় সত্য শেষ হলো বা কোথা থেকে শুরু হলো মিথ্যা।
জিজ্ঞেস করলে মোনাকার বয়স চব্বিশ। একটু খোঁজ নিলে বিশ্বস্ত মহল। থেকে জানা যাবে, এই দাবি নাকি গত চোদ্দ বছর ধরে করা হচ্ছে। ওই একই মহল থেকে বলা হবে, সেজন্যেই শিফন স্কার্ফ ব্যবহার করে মেয়েটা, কারণ ওটা না থাকলে নাকি আসল বয়স ধরা পড়ে যাবার আশঙ্কা আছে। তাকে ডাইনী বলে আখ্যায়িত করবে, এমন লোকের অভাব নেই। তার স্প্যানিয়েল কুকুর দুটো সম্পর্কেও নোংরা গল্প চালু আছে বাজারে। তবে আবার এ-ব্যাপারে সহানুভূতিসূচক মন্তব্যও পাওয়া গেছে–মানুষকে না হোক, রক্ত-মাংসের কিছু বা কাউকে তো তার ভালবাসতেই হবে, সেই ভালবাসার প্রতিদান কারও বা কিছুর কাছ থেকে তাকে তো পেতেও হবে। শোনা যায়, প্রথমে সে বিড়াল পোষে, কিন্তু তাতে কাজ হয়নি। কারণ প্রতিদান হিসেবে তাকে ভালবাসেনি বিড়াল। তবে। একটা ব্যাপার ধ্রুব সত্য-মোনাকা শুধু গ্রীক দেবীর সৌন্দর্যই ধারণ করে না, তার অভিনয় প্রতিভাও তুলনাবিহীন। মোনাকা মানেই বক্স অফিস হিট। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যে যাই বলুক, সেখানে রহস্য আর উত্তেজক উপাদান থাকায়। জনপ্রিয়তা আরও যেন বেড়েছে। ব্যক্তিগত জীবন উন্নতির পথে বাধা, অন্তত তার ক্ষেত্রে সে-কথা বলা চলে না। সে ফন গোলডার মেয়ে, হয়তো সেজন্যে কিছু বাড়তি সুবিধে পায়। তবে এ-ও সবাই জানে যে বাপ-মেয়ের সম্পর্ক আদায়কাঁচকলায়। মার্ভেলাস প্রডাকশনের একজন ফুল পার্টনার মোনাকা। ট্যাকারকে যারা তার স্বামী বলে সন্দেহ করে, তারা বলে শুধু বাপকে নয়, স্বামীকেও ভয়ানক ঘৃণা করে মোনাকা।
চেহারা একটু ফ্যাকাসে দেখালেও, তাকে রানার অসুস্থ বলে মনে হলো না। কি কি ট্যাবলেট কটা করে খেয়েছে জেনে নিয়ে একটা ব্যবস্থাপত্র লিখল ও, তারপর বেরিয়ে এল প্যাসেজে। না, কুকুর দুটোর জন্যে ঘুমের ওষুধ বা আর কিছু দেয়নি ও।
কাউন্ট আর কেডিপাসের কেবিনটা প্যাসেজের ঠিক উল্টোদিকে। দুবার নক করল রানা, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না। তৃতীয়বার নক না করেই ঢুকে পড়ল ভেতরে, ঢুকেই বুঝতে পারল কেন কোন সাড়া পায়নি। কেবিনে কেডিপাস আছে, কিন্তু রানা কেয়ামত পর্যন্ত নক করলেও শুনতে পাবার কথা নয় তার।
<