বিধাতা-১ – রওশন জামিল
প্রথম প্রকাশ ১৯৮৯
আমি ড্যানিয়েল ও’হারা, সংক্ষেপে ড্যান। এই কাহিনির শুরু আমার বয়েস যখন ছ’বছর। ওই বয়েসেই মাকে হারিয়েছিলাম, হারাতে চলেছিলাম বাবাকে।
আমার মায়ের জন্ম ক্যালিফোর্নিয়ায়। আমৃত্যু সাগরপাড়ের সুন্দর ওই দেশটির প্রশংসায় তিনি ছিলেন পঞ্চমুখ। এ-ব্যাপারে তাঁর উৎসাহে কখনও ভাটা পড়তে দেখিনি আমি। তাঁর জন্মস্থান তাঁকে হাতছানি দিত সবসময়।
ক্যালিফোর্নিয়ার কথা উঠলে সবাই বলে, জায়গাটা নাকি উষ্ণ আর রোদেলা। কিন্তু আমার জানায়, ওটি ছিল ভয়ের দেশ। আমরা তখন সেখানেই যাচ্ছিলাম। মরুভূমি পেরিয়ে সেই ভয়ের মুখোমুখি হতে। বলতে লজ্জা নেই, আমার বুক কাঁপছিল শঙ্কায়।
রাতের কালো বুক চিরে, ঘর্ঘর শব্দে, এগিয়ে চলেছে আমাদের ছয় ঘোড়ার ওয়াগন। দুঃসাহসিক এক অভিযানে বেরিয়েছি আমরা। একটামাত্র ওয়াগন নিয়ে সান্তা ফে থেকে ক্যালিফোর্নিয়ায় যাওয়ার চেষ্টা করছি, মোটে দুজন ঘোড়াসওয়ারের পাহারায়।
আমার চারপাশে আঁধার আর অচেনা মানুষ। যা কিছু আলো তা ওয়াগনের ফাঁক ফোকর দিয়ে চুঁইয়ে-আসা চাঁদের। আমি অনড় বসে, অজানা পৃথিবীর পানে চেয়ে আছি বিস্ফারিত চোখে।
বাবা শুয়ে আমার পাশে। একসময় তাগড়া জোয়ান ছিলেন মানুষটি কিন্তু এখন অসুস্থ। ফুসফুসের অসুখে ফ্যাকাসে আর ক্লান্ত। স্ত্রীর মৃত্যুশোক ভুলতে পারেননি আজও। একমাত্র ছেলের ভালমন্দের চিন্তায় তিনি উদ্বিগ্ন।
ঘুমোতে চেষ্টা করছেন বাবা, কিন্তু থেকে থেকে প্রচণ্ড কাশির দমকে জেগে উঠছেন। আমাদের সহযাত্রীরা এসময়ে ঘাড় ফিরিয়ে দেখছিল তাঁকে। কেউ করুণার দৃষ্টিতে। কেউ-বা বিরক্তির।
আমার মনে পড়ছে, আমরা রওনা হওয়ার আগে স্যান্তা ফে-র লোকজন কী বলেছিল আমাদের এই অভিযান সম্পর্কে। নিছক পাগলামি। অ্যাপাচিদের ফাঁকি যদি বা দিতে পারি, কলোর্যাডো ক্রসিংয়ে আমরা নির্ঘাত ইউমাদের খপ্পরে গিয়ে পড়ব।
বাবাকে এসব কথা জানিয়েছি আমি। নীরবে মাথা ঝাঁকিয়েছেন তিনি। তারপর বিষণ্ণ সুরে বলেছেন, তবু যেতে হবে আমাদের। ডাক্তার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তার সময় শেষ হয়ে আসছে। ব্যথিত সুরে বাবা বলেছেন, কথাটা আমাকে বলতে কষ্ট হচ্ছে তার, কিন্তু তিনি নিরুপায়। তাঁর সাহায্য ছাড়াই বড় হতে হবে আমাকে। প্রতিকূল পৃথিবীর সঙ্গে সংগ্রাম করে।
এরপর, এই ওয়াগনটা আমরা দেখতে গিয়েছিলাম একসঙ্গে। পথের কথা ভেবেই এটা বানিয়েছে কিম হিউজ, মানে আমাদের স্কিপার। তক্তাগুলোকে কেবল পরস্পর জুড়ে দিয়ে, ক্ষান্ত হয়নি সে, প্রয়োজনের সময় যেন পানিতে ভেসে থাকতে পারে সেজন্যে মাঝখানের সমস্ত ফাঁক দড়ি আর পুটিং মেরে বুজিয়ে দিয়েছে। বুলেটের আক্রমণ ঠেকাতে দুপাশের দেয়ালে রয়েছে পুরু মোষের চামড়ার দুপ্রস্থ আচ্ছাদন।
অনায়াসে আটজন মানুষ ধরবে এতে। তবে এই অভিযানে রয়েছে ছজন, আমাকে ধরে। নারী-পুরুষ প্রত্যেকেই রাইফেল নিয়েছে সঙ্গে, আর কমপক্ষে দুশো রাউন্ড করে অ্যামুনিশন। এবং এগুলোর ব্যবহার যে তারা জানে এরও প্রমাণ দিতে হয়েছে সবাইকে।
হিউজ সাফ জানিয়ে দিয়েছে অধিকাংশ সময় আমরা রাতে পথ চলব। হট্টগোল, গোলাগুলি সব বারণ। নইলে অহেতুক ইন্ডিয়ানদের নজরে পড়ে যাব আমরা।
কালো সুট-পরা বলিষ্ঠ গড়নের এক লোক রয়েছে আমাদের মাঝে। নাম ভ্যালেটা। ক্রূর চেহারা, চৌকো চোয়াল, দুপাশের হনু ঠেলে বেরিয়ে এসেছে সামনের দিকে। চোখজোড়া কুঁতকুঁতে। কেন-যেন লোকটাকে পছন্দ হয়নি আমার।
তা হলে শিকার করব কীভাবে? গোলাগুলি নিষেধ শুনে ব্যাজার মুখে প্রশ্ন করেছিল ভ্যালেটা।
করবে না, চাঁছাছোলা জবাব দিয়েছে হিউজ। খাবারদাবারের অভাব নেই আমাদের।
অ। তা ভাড়া কত পড়বে?
জনপ্রতি তিনশো ডলার। ক্যাশ।
বেশি হাঁকছ।
তোমার না পোষালে যেয়ো না। বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করলে হয়তো এর অর্ধেকেই যেতে পারবে। কিন্তু আমি তাদেরকেই নেব যারা এখন যেতে চায়। দম নিতে থামল স্কিপার। আমরা-কাক-ভোরে রওনা হচ্ছি।
আমার ছেলের জন্যে কত দিতে হবে? বারা জানতে চেয়েছিলেন।
হিউজ একনজর তাকাল আমার দিকে। একটুক্ষণ স্থির হয়ে রইল ওর চোখ। বাচ্চা তো, একশোই দিয়ো।
এটা কিন্তু অন্যায়! বিরক্তি প্রকাশ করে ভ্যালেটা। তুমি বলেছিলে যারা বন্দুক ধরতে জানে, কেবলমাত্র তারাই যেতে পারবে। আমি নিশ্চিত, ওই ছোকরা তা পারে না।
এ কথায় লোকটার দিকে ঠাণ্ডা চাহনি ছুড়ে দিলেন বাবা। সময় হলে তার প্রমাণ পাবে, বন্ধু। আপাতত, আমার বিশ্বাস, আমাদের দুজনের জন্যে আমি একাই যথেষ্ট।
তার মানে?
হিউজের উদ্দেশে নজর ফেরালেন বাবা। মিস্টার হিউজ? আমি ডগলাস ও’হারা।
সিগার ধরাল কিম হিউজ, জ্বলন্ত কাঠিখানা নিক্ষেপ করল আগুনে। আমি সন্তুষ্ট।
কিন্তু–
ভ্যালেটাকে উপেক্ষা করল স্কিপার, ছেলেটা যাচ্ছে, বলে অন্যদিকে চলে গেল সে।
আমার কাঁধে হাত রাখলেন বাবা। চল, বাছা, আমরা এইবেলা আমাদের মালপত্র নিয়ে আসি গিয়ে।
চলে আসার সময়ে আমি শুনতে পেয়েছিলাম, পেছনে গজগজ করছে ভ্যালেটা। বলি, এর মানেটা কী? লোকটা নিজের নাম বলল আর অমনি ওকে নিতে রাজি হয়ে গেল হিউজ! যেভাবে কাশছে, ব্যাটা পথেই টেঁসে যাবে।
বাসার সামনে আমাকে রেখে বাবা ভেতরে গিয়েছিলেন আমাদের মালপত্রগুলো নিয়ে আসতে। বাইরের বেঞ্চিতে বসে তখন কাঁপছিলাম আমি, লস এঞ্জেলসে যার কাছে যাচ্ছি সেই ভয়ঙ্কর বুড়োর কথা ভাবছিলাম। ভয় হচ্ছে আমার, অথচ বাবাকে সেটা বলতে লজ্জা পাচ্ছি।
ওই বুড়ো আমার দাদু হন। বাবাকে উনি ঘৃণা করেন। বহু রাতে আচমকা ঘুম ভেঙে, এ-ব্যাপারে বাবা আর মায়ের আলাপ শুনে ফেলেছি আমি। আমার বাবা-মায়ের বিয়েতে তার মত ছিল না। এমনকী চেষ্টা করেছিলেন লোক লাগিয়ে দুজনকেই গুম করে দিতে। আমার মা ছিলেন সম্ভ্রান্ত স্প্যানিশ পরিবারের মেয়ে। তাদের সমাজে খ্যাতি আর বংশগৌরবটাই আসল, ভদ্রলোক মাত্রেই সেখানে ঘোড়ার পিঠে বসে থাকে, চাবুকহাতে।
আর বাবা ছিলেন সামান্য একজন নাবিক, খেটে-খাওয়া মানুষ। সুতরাং, দাদু এ বিয়েতে অমত করবেন এতে আর আশ্চর্য কী!
তবে অন্য আরেকটা ব্যাপারে আমার খটকা লেগেছে। মা-বাবার কথাবার্তা থেকে আমার মনে হয়েছে দাদুর জীবনে সাংঘাতিক কোন রহস্য আছে, এবং সেটা তিনি সযত্নে লুকিয়ে রাখতে চান।
প্রায় রাতেই আমার ভবিষ্যৎ নিয়ে মা আর বাবাতে আলোচনা হত। তারপর এক রাতে, মা মারা যাওয়ার অল্প কিছুদিন আগে, হঠাৎ বাবার রাগ দেখলাম আমি।
আমি একটা বুদ্ধু, মারিয়া! বাবা বললেন। আমার উচিত ছিল মুখ বুজে থাকা। তা হলেই কক্ষনো উনি জানতে পেতেন না কিছু।
তুমি তখন রেগে গিয়েছিলে। তোমার মাথার ঠিক ছিল না।
রেগে গিয়েছিলাম সত্যি, কিন্তু ওটা কোন অজুহাত হলো না। আমার রাগ হয়েছিল বুড়ো যে ফেলিপির জন্যে। ও কারোকে কিছু বলত না, তবু খুন হতে হলো বেচারাকে।
পাহাড় থেকে খামোকা একটা লোক পড়ে গেলেই হলো? বিশেষ করে ওই পাহাড়টা যার চেনা, জীবনে বহুবার গেছে! তা ছাড়া আবহাওয়া ভাল ছিল সেদিন, চাঁদনি রাত ছিল। না, মারিয়া, ওকে খুন করা হয়েছে।
আমি জানি বাবা একটু কঠোর মানুষ, কিন্তু–
অহঙ্কারী মানুষ, মারিয়া। এরপর হঠাৎ খাদে নেমে যায় বাবার গলা। মারিয়া? ফেলিপি কি জানত?
আ… আমার বিশ্বাস। এ ছাড়া আর কী কারণ…? মানে অমন ভাল একটা বুড়ো মানুষ। মনে হত ও যেন কতকাল ধরে আছে আমাদের সাথে।
কিন্তু আমার প্রশ্ন, হঠাৎ সে-রাতেই কেন? কী এমন ঘটেছিল?
কোন জবাব এল না। আমি জানতাম আসবেও না। ছোট হলে কী হবে, ওই বয়েসেই আমি দিব্যি বুঝতে শিখেছিলাম মা চান না এ-ব্যাপারে কোন আলোচনা করতে। ফেলিপির প্রসঙ্গ উঠলেই কেমন-যেন আনমনা হয়ে যেতেন তিনি।
আমার জানতে ইচ্ছে হয়, কী এমন গোপন রহস্য আছে দাদুর জীবনে যা তিনি লুকিয়ে রাখতে চান। এমনকী এজন্যে মানুষ খুন করতে পর্যন্ত দ্বিধা করেননি?
.
এক নাগাড়ে পশ্চিমে এগিয়ে চলেছি আমরা। রাতে ক্যাম্পফায়ার একরকম হচ্ছে না বললেই চলে। আর দিনে যাও-বা হয়, তা কেবল রান্না আর কফি তৈরির জন্যে। দিনে ঘেসো জমিতে ছাড়া থাকে ঘোড়াগুলো, আমরা আড়াল খুঁজে নিয়ে সেখানে ঘুমোই। তবে আমাদের সঙ্গে যে-দুই পাহারাদার রয়েছে, তাদের অন্তত একজন সজাগ থাকে সবসময়। ওদের সাথে চমৎকার ভাব হয়ে গেছে আমার।
জর্জ বুশ মাঝারি গড়নের মানুষ কখনও হাসেনা, যদিও বেশ রসিক, লেক। অপরজন, কেলসো, একটু বয়স্ক। কালচে-লাল চুলে ঈষৎ পাক ধরেছে। কম কথা বলে। উভয়ই নিজেদের কাজ বোঝে, ইন্ডিয়ানদের সাথে লড়াই করার অভিজ্ঞতা আছে।
ট্রেইলে যতক্ষণ থাকি, ওয়াগনের ভেতর কথাবার্তা হয় না কোন। বাবা পারতপক্ষে কিছুই বলেন না। আমরা যতই এগিয়ে যাচ্ছি ক্যালিফোর্নিয়ার দিকে, ওই আলাপী মানুষটি কেমন-যেন গুটিয়ে যাচ্ছেন নিজের মাঝে। হয়তো অসুস্থতাই এর কারণ, তবে আমার ধারণা ক্রমশ শঙ্কিত হয়ে উঠছেন তিনি।
একদিন, ঘোড়াগুলোকে বিশ্রাম দিতে ট্রেইলে হাঁটছি আমরা, হঠাৎ জর্জ বুশ এগিয়ে এল আমার কাছে। তখন সবে চাঁদ উঠেছে, অন্ধকার ঘনায়নি পুরোপুরি।
ঘোড়ায় চড়বে, বাছা? বুশ প্রস্তাব দিল আমাকে। ইন্ডিয়ানরা আছে কিনা দেখার ব্যাপারে তুমি কিন্তু সাহায্য করতে পার আমাকে।
ছেলেটাকে তুমি ভয় পাইয়ে দিতে চাও? বিরক্তি প্রকাশ করল এক যাত্রী।
না, সার, জবাব দিলাম আমি, আমি ভয় পাব না। যদিও একটু-আধটু পাচ্ছিলাম বৈকি।
আমাকে স্যাডলে তুলে নিল বুশ, সামনে বসাল। কথা বলবে না, উপদেশ দিল ও। কেবল শুনবে। ইন্ডিয়ানরা সাধারণত রাতে ঘুমিয়েই থাকে, তবু সাবধানীর মার নেই।
আমরা লড়ব।
হ্যাঁ, বাছা, তা লড়ব। কিন্তু আগে চেষ্টা করব শান্তিতে কাজ সারতে। লড়াই করবে তখন, দেয়ালে যখন তোমার পিঠ ঠেকে যাবে।
.
০২.
আমাদের ওয়াগনই আমাদের পৃথিবী। ছজন মানুষ আমরা, যতক্ষণ ট্রেইলে থাকি চারপাশের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। ঘুমোই নয়তো বই পড়ে সময় কাটাই, ওয়াগনের ছাতের দিকে চেয়ে থাকি কান খাড়া করে। হ্যাঁ, কান আমাদের সর্বক্ষণ খাড়াই থাকে।
কলোর্যাডো রিভার কাছে এসে পড়ায় আমরা এখন কম সময় ট্রেইলে থাকছি। ভোরের আলো ফোঁটার বহু আগেই গা ঢাকা দিচ্ছি কোথাও গিয়ে।
এখনও পর্যন্ত ইন্ডিয়ানদের ছায়াও দেখতে পাইনি আমরা। কেবল একবার গুটিকতক ট্র্যাক চোখে পড়েছিল জর্জ বুশের, তাও সেগুলো ছিল বেশ কদিনের পুরনো।
বাবা আজকাল নীরব হয়ে গেছেন, চেষ্টা করছেন তাঁর কাশিটাকে দমাতে, কিন্তু সমস্যাটা রয়েই গেছে।
ওয়াগনে, লিকলিকে গড়নের এক লোক বসেছে আমাদের উল্টো দিকে। ওর নাম টমাস গ্রে। ঝুঁকে পড়ে ছোট্ট একটা নোটবুকে সারাক্ষণ কী যেন লেখে সে। এসময় ওর, রোগা কাঁধ দুটো এভাবে ছড়িয়ে যায়, মনে হয় ওগুলো বাজপাখির ডানা, ভজ খুলছে। আমার কাছে একটু অবাকই লাগে ব্যাপারটা, এত ঝাঁকুনিতে কীভাবে ওর পক্ষে সম্ভব হয় লেখা ভেবে পাই না!
যে-রাতে নদীতে পৌঁছুলাম আমরা সেইদিন সকালে, ঘোড়াগুলোকে ঝোপঝাড়ের ভেতর দিয়ে একটা ওঅটর হোলের ধারে নিয়ে গেল কিম হিউজ। বেশি করে পানি খাওয়াতে হবে, ব্যাখ্যা করল সে। নইলে পরে পানির গন্ধে এমন ছুটবে, হুড়মুড় করে ওয়াগনসুদ্ধ নেমে যাবে নদীতে। আর সেই আওয়াজে কাছেপিঠে যত ইন্ডিয়ান আছে সব এসে পড়বে।
ওরা আছে এদিকে? প্রশ্ন করলাম আমি।
নিশ্চয় করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ওরা যখন আসে আচমকাই আসে।
জর্জ বুশ এগিয়ে এল আমাদের উদ্দেশে, ওর হাতে রাইফেল। উত্তরপশ্চিমে ধোঁয়া উড়ছে। ফিতের মত।
কত দূরে?
মাইল আটেক। কিছু কমবেশি হতে পারে। তবে নদীর এপাশে। থামল বুশ। আমি কি একবার গিয়ে দেখে আসব ট্রেইলটা।
একমুহূর্ত ভাবুল হিউজ, তারপর বলল, থাক। রাত গভীর হোক, আমরা চুপিসারে কেটে পড়ব।
ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকাল সে। বুঝলে, বাছা, বলল, সূর্য যখন ডুবে যায়, ইন্ডিয়ানরা ঘাঁটি থেকে বেরিয়ে এসে চারদিক জরিপ করে। এসময় পাখিদের কিচির-মিচির থেমে যায় বলে, বহুদূর থেকে শোনা যায় আওয়াজ। চোখেও কড়া আলো লাগে না, ফলে নড়াচড়াও দেখা যায় সহজে। থুতু ফেলল সে। না, জর্জ, আমরা চুপচাপ অপেক্ষা করব।
গরম পড়েছে আজ, বাতাস নেই-একটুও। আমরা একটা সিডার বনের ভেতর ক্যাম্প করেছি। সামনের ঘেসো জমিতে চরছে ঘোড়াগুলো। অসংখ্য বোল্ডার রয়েছে এখানে, আর তার ওপাশে শৈলশিরা।
বাবা বসে আছেন চুপ করে। মাঝে মাঝে তাকে আমার হেঁয়ালির মত লাগে। যাত্রার শুরু থেকেই দেখছি বাবাকে যথেষ্ট সমীহ করে চলে হিউজ কেলসো আর বুশ। তাঁকে ওরা নিজেদের একজন বলে মেনে নিয়েছে। কিন্তু অন্যদের বেলায় ব্যাপারটা তেমন নয়।
এরমাঝে বুশ আমাকে একদিন বলেছে পশ্চিমের বহু দেশ বাবার ঘোরা। সাহসী লোক হিসেবে তার সুনাম আছে। ব্রাবাকে আমি ফেলিপির কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। আমার জানতে ইচ্ছে হয়, কেন মরতে হয়েছে ওই বুড়োকে। কিন্তু জিজ্ঞেস করিনি, বাবা তা হলে জেনে যাবেন গোপনে আমি তাদের কথাবার্তা শুনে ফেলেছি। যদিও সেসব কথার অধিকাংশই ছিল আমার ভবিষ্যৎ নয়তো আমার দাদুকে ঘিরে।
নির্জনে বসে ঝিমোচ্ছি আমরা। অনেকক্ষণ হয় পায়চারি করছে ভ্যালেটা। লোকটা ভীষণ অস্থিরপ্রকৃতির, একধরনের হামবড়াই ভাব আছে। আমি জানি বাবাকে পছন্দ করে না ও। আমাকেও নয়।
শেষমেশ ক্লান্ত হয়ে বসে পড়ল সে, একটা গাছের গায়ে হেলান দিয়ে চোখ বুজল। আমি দেখছি ওকে, আর ভাবছি ক্যালিফোর্নিয়া যাবার জন্যে লোকটার এত তাড়া কীসের। অবশ্যি এও ঠিক, একমাত্র নিজেদের কারণটি ছাড়া, আর সবাই কেন এই অসময়ে বিপদ ঘাড়ে করে যাচ্ছে ওখানেতাও জানা নেই আমার।
দুজন মহিলা যাত্রী রয়েছেন আমাদের সাথে। এদের কেউ এ..পর্যন্ত আলাপ জমাবার চেষ্টা করেননি আমার সঙ্গে। এটাও একটু অদ্ভুত ঠেকেছে আমার কাছে, কারণ আমি বরাবর দেখে আসছি বাচ্চাদের সঙ্গ মেয়েরা ভালবাসে।
মিস ডায়ানা সুন্দরী মহিলা। একহারা শরীর। বয়েস ত্রিশ বা তার সামান্য কিছু কম হবে। হাজার ধুলোবালি থাকলেও, মহিলা সর্বদা লেস-দেয়া কাপড়চোপড় পরেন। তার জামাকাপড়গুলো বেশ পুরনো হয়ে গেছে, রিপুর চিহ্ন রয়েছে কয়েক জায়গায়। গোড়ায় চঞ্চল দেখালেও, আমি লক্ষ করছি, দিন যত গড়াচ্ছে ক্রমশ গম্ভীর হয়ে উঠছেন তিনি। ইদানীং তাঁর পলক পর্যন্ত কঁপে না। ভদ্রমহিলার যদি অার কোন নাম থেকেও গাকৈ, আমার সেটা জানা নেই।
মিসেস ওয়েবার হৃষ্টপুষ্ট গড়নের মহিলা। তিনি পরেন কালো সাটিনের গাউন। এই ধুলোবালি আর গরমের ভেতর ওই মোটা কাপড় পরে যেরকম হাঁসফাস করেন ভদ্রমহিলা তাতে ওঁর জন্যে ভীষণ মায়া হয় আমার। বেশির ভাগ সময় নাকে রুমাল চেপে রাখেন তিনি, আর সর্দি ঝাড়েন অনবরত।
মাঝে মাঝে আমি আন্দাজ করতে চেষ্টা করি ওরা সবাই কেন যাচ্ছে পশ্চিমে, কিন্তু, বলাই বাহুল্য, প্রতিবারই ব্যর্থ হই।
চারদিক নীরব-নিথর। গাছের পাতাটি পর্যন্ত কাঁপছে না। একটা ঘোড়া মাটিতে পা ঠুকে মাছি তাড়াতে চেষ্টা করল। ওয়াগনের ছায়ায় শুয়েছিল জর্জ বুশ, উঠে রাইফেল হাতেও বেরিয়ে গেল কেলসোর জায়গা নিতে।
হিউজ ধীর পায়ে হেঁটে এসে বসে পড়ল আমার বাবার পাশে। ও’হারা? তুমি এরকম উঁচুতে এর আগে কখনও এসেছ?
মোহাভে এলাকায় গিয়েছিলাম একবার, তবে এদিকে আসিনি।
নদীর পশ্চিম পাশটা চেন?
অল্পস্বল্প। সবসময় সাবধান থাকতে হবে। ইন্ডিয়ান তো আছেই, ঘোড়াচোরদের উৎপাতও কম নয়।
আমরা হুঁশিয়ার।
কেবল ইন্ডিয়ানদের ওপর নজর রাখলে চলবে না–সতর্ক থাকতে হবে শ্বেতাঙ্গদের ব্যাপারে।
.
০৩.
অপেক্ষার প্রহর যেন আর কাটতে চাইছে না। ইন্ডিয়ান হামলার ভয়ে তটস্থ হয়ে আছি আমরা। তবে আমার ভয় সবথেকে বেশি ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর সেই বুড়োকে যিনি আমার দাদু হন।
কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম আমি, জেগে উঠলাম আশপাশে নড়াচড়ার শব্দে। সূর্য ইতিমধ্যে নেমে গেছে দিগন্তের নীচে, কিম হিউজ ওয়াগনে ঘোড়া বাঁধছে। এই কাজটা সবসময় নিজে করে ও, কারও সাহায্য নেয় না। আসলে ও নিশ্চিত হতে চায়, প্রয়োজনের সময় সবকিছু যেন ওর চাহিদামাফিক থাকে।
শোন, তোমাদের অস্ত্রশস্ত্রগুলো পরখ করে নাও এখুনি, বলল স্কিপার। লড়াই একটা হবেই। কাজেই আমাদের তৈরি থাকা দরকার।
বাবার দিকে ফিরল হিউজ। ও’হারা? তোমার কী মনে হয়, আমাদের কি উচিত এখন রওনা হওয়া? তিন মাইল লম্বা একটা ক্যানিয়ন পেরোতে হবে আমাদের, পথে প্রচুর পাথর আছে। প্রায় এক ঘণ্টা লাগবে ওটা অতিক্রম করতে। ততক্ষণে অন্ধকার হয়ে যাবে।
এখুনি রওনা দাও।
বুশ? কেলসো?
উভয়েই মাথা ঝাঁকাল। ওয়াগনের সামনে চলে গেল কেলসো, ক্যানিয়নের বাঁ দেয়াল ঘেঁষে এগোচ্ছে। স্যাডল বুট থেকে নিজের রাইফেল বের করে নিয়েছে ও। পঞ্চাশ গজ পেছনে, এর উল্টো দিকে রয়েছে জর্জ বুশ। আর এদের মাঝে আমরা। সবাই সতর্ক। তৈরি।
বাবা আগেই বের করেছিলেন তাঁর রাইফেলটা। এবার কম্বলের ভেতর থেকে বাড়তি একটা শটগানও বের করলেন। আমার কাঁধে হাত রাখলেন তিনি। ড্যান, তোকে আমি শিখিয়েছি কীভাবে গুলি ভরতে হয়। আমি এগুলো নামিয়ে রাখলেই তুই গুলি ভরে ফেলবি। আর এই পিস্তলটা রাখ, কোন ইন্ডিয়ান যদি ওয়াগনের পেছনে চলে আসে, খতম করে দিবি। তবে তার আগে দেখে নিস ওটা একজন ইন্ডিয়ান কিনা, কারণ বুশ বা কেলসোকেও ঘোড়া হারিয়ে ওয়াগনে ফিরে আসতে হতে পারে।
ঠিক আছে, বাবা।
মুগুরের ঘা পড়ছে আমার বুকের ভেতর। বাবা ভরসা করছেন আমার ওপর। আমাকে এর মর্যাদা রাখতে হবে। রিলোডিংয়ের নিয়মকানুনগুলো মনে মনে ঝালাই করে নিলাম আমি। হয়তো অনেক ইন্ডিয়ান দলবেঁধে হামলা চালাবে, সুতরাং দ্রুত এবং নিশ্চিতভাবে কাজ করতে হবে আমাকে।
হ্যাঁ, নিশ্চিতভাবে। বাবা তাড়াহুড়ো করতে নিষেধ করেন সবসময়। ঠাণ্ডা মাথায় কাজ সারতে বলেন।
ধীর গতিতে এগোচ্ছি আমরা, বালু আর নুড়িপাথরের ট্রেইলে চাকার ঘর্ঘর শব্দ উঠছে। আমার গলা শুকিয়ে গেছে। বুকভরে শ্বাস টানলাম। বাবা আমাকে শিখিয়েছেন, ভয়ের সময়ে কীভাবে বড় বড় শ্বাস নিয়ে ইচ্ছাশক্তি প্রয়োগ করে মনকে স্বাধতে হয়।
আমার উদ্দেশে ঘাড় ফেরালেন মিসেস ওয়েবার। তাঁর হাতে এখন একটা রাইফেল শোভা পাচ্ছে। আমাকে অবাক করে দিয়ে অভয়বাণী শোনালেন তিনি। ভয় পেয়ো না, থোকা। সব ঠিক হয়ে যাবে।
নিজের জন্যে নয়, ম্যাম, বললাম, আমি ভয় পাচ্ছি মিস্টার কেলসো আর মিস্টার বুশের কথা ভেবে।
তাই, বাছা। ওরা খুব ভাল লোক। মহিলা এবার মিস ডায়ানার দিকে তাকালেন। বুঝলে, মা, আমি যদি তোমার জায়গায় থাকতাম-জর্জ বুশকে বিয়ে করতাম। সৎ চরিত্রবান লোক। তোমার মত একটা মেয়ের আদর্শ স্বামী হওয়ার উপযুক্ত।
মর্মাহত হওয়ার ভান করলেন মিস ডায়ানা, কিন্তু অভিনয়টা জুতসই হলো না। আমারও তাই ধারণা, অস্ফুট স্বরে বললেন তিনি, তবে ক্যালিফোর্নিয়ায় আমি বিয়ে করতে যাচ্ছি না।
ঝট করে ওঁর দিকে তাকাল গ্রে, তারপর যখন পরস্পর মিলিত হলো ওদের, চোখ, গ্রে মুখ ঘুরিয়ে নিল। নাক দিয়ে ঘোঁৎ করে বিরক্তিসূচক আওয়াজ করল ভ্যালেটা। মিস ডায়ানা লজ্জায় লাল হলেন।
মহিলার দিকে তাকিয়ে স্মিত হাসলেন বাবা। কোন সন্দেহ নেই, ম্যাম, ক্যালিফোর্নিয়ার যুবকরা খুবই হতাশ হবে এতে।
বিয়েটাই জীবনের সব নয়, গম্ভীর গলায় জবাব দিলেন মিস ডায়ানা।
ওয়াগনের গতি কমে এসেছে, কাঁধের ওপর দিয়ে মুখ খুলল কিম হিউজ। সামনেই ক্যানিয়নের মুখ। সাবধান।
ওয়াগনের ভেতরে অন্ধকার। বাইরে আলো আছে এখনও, কিন্তু বেশিক্ষণ থাকবে না। স্কিপার হাত বুলিয়ে দেখে নিল তার সিক্স-শুটারটা যথাস্থানে আছে কিনা। জর্জকে দেখতে পাচ্ছি আমি, সহজ ভঙ্গিতে বসে আছে স্যাডলে, আর কেলসো অদৃশ্য হয়েছে একটা বাঁকের ওপাশে।
ঘোড়াগুলো এবার দুলকি চালে ছুটছে, হিউজ যথাসাধ্য চেষ্টা করছে ওদের শান্ত রাখতে। ক্যানিয়নের বাঁক ঘুরতেই অদূরে পানির রুপোলি ছটা চোখে পড়ল আমাদের। আমার মুখ শুকিয়ে কাঠ, ঢোক গিলতে চেষ্টা করলাম।
বাবা আলতো চাপ দিলেন আমার কাঁধে। ভয় করিস না, বাছা, এরা সবাই দক্ষ লোক।
হিউজ নিচু স্বরে আলাপ করছে বাবার সাথে। ও’হারা, তুমি কটনউড আইল্যান্ডটা চেন?
চিনি। একটু থামলেন বাবা, তারপর শান্ত কণ্ঠে বললেন, আমাদেরকে যদি দেখতে না পেয়ে থাকে, মোহাভেরা এসময় ওখানে না থাকারই কথা।
হিউজ টেনে ধরল ঘোড়ার লাগাম, এখন খসখস শব্দে নরম বালুর ওপর দিয়ে এগোচ্ছে ওয়াগন।
হঠাৎ কোত্থেকে যেন কেলো হাজির হলো এসে। শান্তই মনে হচ্ছে, কিম। দ্বীপের এপাশে পানির গভীরতা বিশ ইঞ্চি বেশি হবে না।
এখন উজানে ঢল নামলেই হয়, বিড়বিড় করে বলল হিউজ।
ঢাল বেয়ে নামতে শুরু করলাম আমরা। চারদিক অন্ধকার, নিস্তব্ধ। আকাশে তারার মেলা, নদী থেকে ভেসে আসছে ভেজা গন্ধ। হিউজ একটা পাথরটাই এড়ানোর চেষ্টা করতে গিয়ে আরেকটার সাথে ধাক্কা লাগাল ওয়াগনের। মৃদু সুরে নিজেকে গাল বকল সে।
সবাই নীরব। ওয়াগনের অন্ধকারে অন্যদের নিশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি। বাবা এক ঢোক সুরা পান করলেন বোতল থেকে। এমনিতে তিনি মদ্যপ নন, তবে মাঝে মাঝে কাশির বেগ থামাতে পান করেন।
সুমসাম পরিবেশ। কেউ কোন কথা বলছে না, সকলেই স্নায়ুর চাপে ভুগছে। এমনকী ভ্যালেটীও চুপ করে আছে। আমি শুনতে পেলাম একটা পাথরের সাথে পেছনের চাকা ঠোক্কর খেতে মৃদু সুরে বিরক্তি প্রকাশ করল সে। এরপর পাথরের ওপর ঘোড়ার খুরের আওয়াজ পেলাম আমরা। হিউজ রাশ টেনে ওয়াগন থামাল। পরক্ষণে অন্ধকারের ভেতর দেখা দিল এক ছায়ামূর্তি-কেলসো।
লক্ষণ আমার ভাল ঠেকছে না, কিম। একটা ব্যাঙও ডাকছে না।
বোধহয় নদীর অতটা কাছে এখনও আসিনি।
আমি একেবারে শেষমাথা অবধি গিয়েছিলাম। তা ছাড়া গেল আধঘণ্টায় একটা কয়ৌটের ডাক পর্যন্ত শুনতে পাইনি।
এখন আর কোন উপায় নেই, হিউজ বলল। এরকম খোলা জায়গায় ধরা পড়ার চেয়ে পার হওয়ার চেষ্টা করা ঢের ভাল।
কিন্তু দলে ওরাই ভারি হবে।
কেউ বলেনি আমরা পিকনিকে বেরিয়েছি। তেমন বেগতিক দেখলে, ঘোড়াগুলোকে ছেড়ে দিয়ে আমরা চেষ্টা করব ভাটিতে ভেসে যেতে।
একমত হলো কেলসো। এটার নীচেই পিরামিড ক্যানিয়ন, পানিঃ ওখানে গভীর। তবে সেক্ষেত্রে আমরা একেবারে মোহাভে এলাকার মাঝখানে চলে যাব।
জজর্থ কোথায়?
অনেকক্ষণ হলো দেখছি না ওকে।
বাবা বললেন, হিউজ, তোমার আপত্তি না থাকলে, আমি তোমার পাশে চলে আসতে পারি। মনে হচ্ছে গোলাগুলি হবে খুব কাছ থেকে, আমার হাত পিস্তলেই চালু বেশি।
তোমাকে পেলে তো সুবিধেই হয়। লাগাম ঝাঁকিয়ে ঘোড়াগুলোকে এগ্লোবার নির্দেশ দিল স্কিপার। ঠিক আছে, কেলসো। তুমি এখন কাছাকাছি থাক। আমরা যাচ্ছি।
ঘোড়ার খুর আর চাকার ঘর্ঘর ছাড়া অন্য কোন আওয়াজ নেই। আমাদের আগে, ঈষৎবায়ে কেটে এগোচ্ছে কেলসো, ওর ডান হাতে উদ্যত পিস্তল।
সামনের পাড়টা ভাঙা। আবার আমাদের পাশে ফিরে এসেছে কেলসো। চাপা গলায় কথা বলছে। সোজা এগিয়ে যাও, দ্বীপের ওপাশে যেতে পারবে। পথের ওপর কোন মরা গাছপালা বা পাথরটাথর পাবে না।
আচমকা ঘোড়াগুলো নেমে গেল নীচে, বার কয়েক লাফিয়ে উঠল ওয়াগন, তারপর ঝপাৎ করে পানিতে গিয়ে পড়ল। তলায় পাথর আছে এখানে, জানাল হিউজ। এর আগে আমি ঘোড়ায় চড়ে পার হয়েছি।
নদীটা রীতিমত খরস্রোতা। ওয়াগনের গায়ে এর ধাক্কা দিব্যি টের পাচ্ছি আমি। একবার স্রোতের টানে প্রায় আধপাক ঘুরে গেল ওয়াগটা, কিন্তু হিউজ ঘোড়াগুলোকে বুঝিয়ে-সুঝিয়ে ওদের সাহায্যে আবার এগোল সোজা।
পানি থেকে ঠাণ্ডা উঠছে পাটাতনে। নিচু অথচ আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোড়ার সাথে কথা বলছে স্কিপার। পার হতে কতক্ষণ লাগল জানি না, তবে হঠাৎ করেই হাঁচড়ে পাঁচড়ে আমাদেরকে নিয়ে ডাঙায় উঠে পড়ল জানোয়ারগুলো।
ডানে, গাছপালার অন্ধকার, সারি চোখে পড়ল আমাদের, সামনেও ছড়ানো ছিটানো রয়েছে কয়েকটা। এখান থেকে দ্বীপের আরেক মাথা আধমাইলটাক হবে। এগোলাম আমরা; কোথাও কোন শব্দ নেই।
তিক্ত সুরে অনবরত গাল বকছিল ভ্যালেটা। শান্ত অথচ দৃঢ় সুরে মিস, ডায়ানা বললেন, দয়া করে আপনি একটু চুপ করুন, সার।
চকিতে একদম বোবা হয়ে গেল ভ্যালেটা। মন্থর গতিতে এগিয়ে চলল ওয়াগন। কেলসো ঝোপঝাড় আর ঝড়ে উপড়ে-পড়া গাছ-পালার মাঝ দিয়ে পথ দেখাচ্ছে। বাতাসে মৃদু কাঁপন উঠেছে গাছের পাতায়, ডালপালায়।
ফাঁদ, বলল ভ্যালেটা। এটা একটা ফাঁদ।
সবে শেষ হয়েছে ওর কথা, এমন সময় গাছপালার আড়াল থেকে বেরিয়ে এল ওরা, কালো একটা তরঙ্গ, আচমকা একযোগে তারস্বরে চিৎকার জুড়ল রাতের স্তব্ধতা ভেঙে। সপাং করে ঝলসে উঠল হিউজের চাবুক, লাফিয়ে আগে বাড়ল মাস্ট্যাংগুলো। ঝড়ের গতিতে এগোতে শুরু করলাম আমরা বাবা অবিরাম গুলি ছুড়ছেন।
হঠাৎ সাদা রঙ-করা একটা জংলী মুখ উঁকি দিল ওয়াগনের পেছনে, পর্দা সরিয়ে ওপরে ওঠার প্রয়াস পেল।
ওর কপালের সাথে রাইফেল ঠেসে ধরলেন মিস ডায়ানা, ট্রিগারটা টিপে দিলেন। নিমেষে সেই মুখ, আর মাথা, অদৃশ্য হয়ে গেল।
.
০৪.
খালি হয়ে গেছে বাবার পিস্তল, আমাকে ওটা দিয়ে আরেকটা তুলে নিলেন তিনি। দ্রুত গুলি ছুড়ছেন, অথচ কোনরকম তাড়াহুড়োর ছাপ নেই তার মাঝে। এবং প্রতিটা গুলি লক্ষ্যভেদ করছে। অল্পক্ষণের ভেতর চম্পট দিল ইন্ডিয়ানরা। অ্যামবুশ ব্যর্থ হওয়ায়, এবার ওরা অন্য কোন কৌশল খাটাবে।
ছুটে চলল ওয়াগন, হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম আমি, বুশ চোট পেয়েছে! গুলি লেগেছে ওর ঘোড়ার!
ঝট করে রাশ টানল হিউজ, এবং ও কিছু বলতে পারার আগেই বাবা নেমে গেলেন সিট থেকে। আমি দেখলাম পেছন দিকে ছুটে যাচ্ছেন তিনি, কুঠারহাতে এক ইন্ডিয়ান তেড়ে এল তার উদ্দেশে, বাবা গুলি করলেন। লুটিয়ে পড়ল লোকটা।
ক্ষীণ আলোয় দেখা যাচ্ছে বুশকে, চাপা পড়েছে ওর ঘোড়ার নীচে, হাঁসফাস করছে বেরিয়ে আসার জন্যে। দৌড়ে ওর কাছে গেলেন বাবা, পলায়নপর ইন্ডিয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়লেন আবার, তারপর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বুশের দিকে।
অতিকষ্টে ওকে যাঁতাকল থেকে মুক্ত করলেন তিনি, এবং দুজনে মিলে পিছিয়ে এলেন ওয়াগনের কাছে। এখন শুধু বুশ গুলি করছে, কারণ বাব্বর দ্বিতীয় পিস্তলটাও খালি হয়ে গেছে। কেলসো ফিরে এল অকুস্থলে, গুলি ছুড়ছে অবিরাম।
কষ্টেসৃষ্টে ওয়াগনে উঠে পড়ল ওরা। গুলিভরা পিস্তলটা বাবাকে দিয়ে অন্যটা রিলোড করার জন্যে নিয়ে নিলামআমি। এগোতে শুরু করল ওয়াগন, একটা গাছের গুড়ির ওপর চাকা উঠে যাওয়ায় ঝাঁকি খেল একবার।–মিস ডায়ানা তার ভারি রাইফেলটা নিয়ে ওত পেতে বসে আছেন ওয়গনের পেছনে, পাশেই রয়েছেন মিসেস ওয়েবার। গুলি ছোড়ার জন্যে সবে রাইফেল উঁচু করছেন মিস ডায়ানা এই সময়ে আচমকা থেমে গেল ওয়াগন, সিট থেকে উল্টে পড়তে পড়তে কোনমতে টাল সামলালেন মহিলা।
বাবার ঘাড়ের ওপর দিয়ে উঁকি দিলাম আমি, দেখলাম নদীর কালো পানি ছুটে চলেছে খলখল শব্দে। বুঝতে অসুবিধে হলো না স্রোত এবং গভীরতা দুই-ই এখানে বেশি।
পশ্চিম তীর স্পষ্ট দেখা যাচ্ছে, দূরত্ব ত্রিশ গজও হবে না, কিন্তু নদীর কারণে এই স্বল্প ব্যবধানকেই দুস্তর মনে হচ্ছে।
কোন উপায় নেই, শান্ত কণ্ঠে বললেন বাবা। দেরি করলে ওরা আমাদের ঘিরে ফেলবে।
হিউজ ঘোড়াগুলোকে নির্দেশ দিল এগোতে, মৃদু সুরে কথা বলছে ওদের সাথে। একটু দোনোমনো করল ওরা, তারপর নেমে গেল পানিতে। স্রোতের টানে ওয়াগনটা ঘুরে গেল ভাটির দিকে, কিন্তু ঘোড়াগুলো দাড়িয়ে রইল অনড় হয়ে। প্রথমে নিজেদের ভারসাম্য বজায় রাখতে গিয়ে হিমশিম খেল ওরা, তারপর আগে বাড়ল ধীরে ধীরে। নদীর উল্টো দিকে কোনাকুনিভাবে ওদেরকে পরিচালিত করল হিউজ, নিবিড় ঝোপঝাড়ের মাঝে একটা ফাটল বরাবর এগোল।
ক্রমশ কমে আসতে লাগল ব্যবধান। মুহূর্তের জন্যে মনে হলো বুকপানিষ্টে নেমে গেছে ঘোড়াগুলো, ক্ষণে ডাঙায় উঠে এল ওরা।
ইন্ডিয়ানরা ধাওয়া করবে আমাদের, মন্তব্য করল হিউজ। লাগাম টেনে, ঘাড় ফিরিয়ে পেছনে তাকাল সে। কেউ কোন চোট পেয়েছে?
ও’হারা আহত হয়েছে, বলল বুশ।
ও কিছু না। এখুনি সেরে যাবে।
আবার এগোলাম আমরা, ঢালু পাড় বেয়ে উঠে এলাম উঁচু জমিতে।
দক্ষিণপশ্চিম দিকে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল হিউজ, হাঁটিয়ে নিয়ে চলল। অল্পক্ষণের ভেতর ওয়াগনের পাশাপাশি হলো কেলো। যতটুকু দেখলাম ফাঁকাই মনে হলো, হিউজকে জানাল সে। শক্ত সমতল মরুভূমি, আর কিছু পাথর আছে। অসুবিধে হবে না।
সার? বাবাকে বললেন মিস ডায়ানা, আপনি একটু আসবেন এদিকে, আমি আপনার ক্ষতস্থানে পট্টি বেঁধে দিচ্ছি। এতে করে রক্তপাত আপাতত বন্ধ হয়ে যাবে।
বেশ। অন্ধকার ওয়াগনের পেছনের অংশে সরে গেলেন বাবা।
সারাটা রাত দক্ষিণপশ্চিমে এগোল ওয়াগন। কখনও ঘুমোলাম আমি, কখনও জেগে রইলাম। সকাল নাগাদ দশ-বারো মাইলের বেশি যেতে পারব না আমরা, ভ্যালেটা বলল। তা ছাড়া ঘোড়াগুলোকেও বিশ্রাম দিতে হবে।
যখন ঘুম ভাঙল আমার, ধূসর আলো ঢুকছে ওয়াগনে। ভ্যালেটা ঘুমোচ্ছে, বাবাও। ওয়াগনের ভেতর গুটিসুটি মেরে শুয়ে আছে হিউজ, আর বুশ চালকের আসনে গিয়ে বসেছে। হামা দিয়ে চলে গেলাম ওর পাশে, আসন্ন ভোরের ম্লান আলোয় মরুভূমির অন্তহীন রিক্ততার দিকে তাকালাম। শুধুই বালু আর বালু, এবং পাথর।
যখন পেছনে তাকালাম, দূরে আবছায়া চোখে পড়ল নদীটা। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক পথ চলে এসেছি আমরা, ক্রমশ উঠে যাচ্ছি আরও উঁচু অঞ্চলে।
ইতিমধ্যে হিউজ উঠে পড়েছিল, গুটিকতক পাথরের মাঝে ফাঁকা একটা জায়গায় ওয়াগনটা নিয়ে গেল সে। অল্পকিছু ঘাস আছে এখানে আর পানি যা আছে তাতে কেবলমাত্র ঘোড়াগুলোর তেষ্টা মিটবে।
তক্ষুণি রাইফেলহাতে নেমে গেল বুশ, আমাদের ট্রেইলের ওপর নজর রাখতে উঁচু একটা পাথরের মাথায় গিয়ে উঠল।
দিনের আলোয় বাবাকে দেখে চমকে উঠলাম আমি, দৌড়ে গেলাম তাঁর কাছে। ফ্যাকাসে দেখাচ্ছে তাঁকে, জামা রক্তে ভেজা।
একটু সর তো, বাছা, বললেন মিস ডায়ানা। আমি পট্টি বেঁধে দিচ্ছি। জামা খুলতে বাবাকে সাহায্য করলেন তিনি, আমরা দেখলাম বাবার কাঁধের একটা ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে। পালকসুদ্ধ একটা তীরের গোড়া বেরিয়ে আছে পিঠের দিকে।
মাথাটা কেটে ফেলেছি আমি, বাবা বললেন। ভেবেছিলাম বাকিটুকু আপনি বের করতে পারবেন টেনে।
রক্ত সরে গেছে মিস ডায়ানার মুখ থেকে। আরেকবার দেখছি চেষ্টা করে।
হিউজ এগিয়ে এল। দাঁড়ান, ম্যাম, আমি দেখছি কী করা যায়। এর আগেও বহুবার বের করেছি এমন।
বাবার কাঁধ শক্ত করে আঁকড়ে ধরে, ধীরে ধীরে তীরটা টেনে বের করল ও, সবসময় হুঁশিয়ার রইল যেন জখমটা:আরও বড় হয়ে না যায়। আমি দেখলাম বাবার কপাল আর মুখে ঘাম ফুটেছে, বড় হয়ে গেছে চোখ, তবু টুঁ শব্দ করলেন না তিনি। তাঁর জন্যে দুঃখ হলো আমার। ভীষণ রুগ্ন দেখাচ্ছে বাবার কাঁধ দুটো, অথচ একসময় দারুণ সবল ছিল ওগুলো, আমি কত খেলা করেছি সেখানে চড়ে।
জানেন, আপনার জন্যেই বেঁচে গেছেন মিস্টার বুশ, বললেন মিস ডায়ানা।
আমরা সবাই নিজেদের সাধ্যমত কাজ করেছি, বাবা জবাব দিলেন।
কিন্তু কালকের নায়ক ছিলেন-আপনি! দৃঢ়কণ্ঠে নিজের অভিমত ব্যক্ত করলেন মিস ডায়ানা।
স্মিত হাসলেন বাবা। এই পরিবেশে ওটা একটা ফাঁকা বুলি, ম্যাম। ওসব কথা গল্প-উপন্যাসে মানায়। এখানে মানুষকে মানিয়ে চলতে হয় পরিস্থিতির সঙ্গে।
একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসে আছে কেলসো, টুপি খুলে ফেলেছে, চোখ বোজা। আমার মনে হলো সীমান্তের ডাকাবুকো কেউ নয়, বরং কবি হলেই ওকে মানাত বেশ।
বালুর ওপর জোড়াসন হয়ে বসে আছে গ্রে। হিউজ ওর কাছে যেতে চোখ তুলল সে। আমি পারিনি। আমি কোন কাজের না।
থমকে দাঁড়াল হিউজ, মুখ থেকে পাইপ সরিয়ে জিজ্ঞেস করল, পারনি? কী পারনি?
গুলি ছুড়তে।
নিভে-যাওয়া পাইপটা আবার ধরিয়ে নিল স্কিপার, তারপর বলল, প্রথম-প্রথম সবারই হয় এরকম। ও কিছু না। মন খারাপ কর না, সব ঠিক হয়ে যাবে।
গোমড়া মুখে বসে রয়েছে ভ্যালেটা। কবার গুলি ছুড়েছে ও? আমি দেখিনি। জানিওনা। হয়তো অনেকবার।
মাথার ওপর উঠে গেছে সূর্য। তবে আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেখানে ছায়া রয়েছে। বাবাকে পরিষ্কার একটা শার্ট পরতে সাহায্য করলেন মিস ডায়ানা। এটাই তার শেষ জামা। গোসল আর ধোঁয়া কাপড়চোপড় এ-দুটো জিনিসই বাবার সবচেয়ে প্রিয়। মুখে হাত দিয়ে একবার কাশলেন তিনি। মিস ডায়ানা বললেন, আপনি অসুস্থ, মিস্টার ও’হারা।
তাই। ম্লান হাসলেন বাবা। আপনার সাহায্যের জন্যে ধন্যবাদ, ম্যাম।
আপনার ছেলেকে দেখলাম পিস্তল লোড করতে পাবে। কীভাবে শিখল?
আমি শিখিয়েছি। আমি চাই না আমার ছেলে দুর্বল হোক।
আবার হাসলেন বাবা। আপনি কিন্তু বেশ কাজের, ম্যাম।
পলকে আরক্তিম হলেন ডায়ানা। কাজ-ফাজ বুঝি না, যেটা করা প্রয়োজনীয় মনে হয়েছে তাই করেছি।
সেটাই তো সবসময় করা উচিত, তাই না?
আপনি কি লস এঞ্জেলেসেই থাকবেন?
ক্ষীণ হাসি ফুটল বাবার মুখে। বোধহয়..দিন কয়েকের জন্যে। আমার বিশ্বাস হয় না কোথাও আমি দীর্ঘদিন থাকতে পারব। মানুষ আর সভ্যতা, এদের মধ্যে মিল আছে, ম্যাম। এরা জন্ম নেয়, বেড়ে ওঠে দিনে-দিনে, যৌবনপ্রাপ্ত হয়, তারপর একদিন বুড়ো হয়ে মরে যায়। আসলে সব জিনিসই তাই।
অন্তত আমি, যোগ করলেন তিনি, যেখান থেকে এসেছি সেই সমুদ্রেই ফিরে যাচ্ছি আবার। ছেলেবেলায় ভেবেছিলাম বড় হয়ে বাবার মত জাহাজের ক্যাপ্টেন হব। কিন্তু তারপর ক্যালিফোর্নিয়ায় চলে এলাম।
বদলে গেলেন?
প্রেমে পড়েছিলাম, ম্যাম। অপূর্ব সুন্দরী এক স্প্যানিশ রমণীর প্রেমে পড়েছিলাম। ওই ব্যাপারটাই আমার জীবন পাল্টে দিল, এবং ওরও।
উনিই কি ছেলেটির মা?
ছিল। ওকে আমরা হারিয়েছি, ম্যাম। ছেলেটাকে আমি এখন ওর দাদুর কাছে নিয়ে যাচ্ছি।
এরূপর দীর্ঘ নীরবতা। বিরাট একটা পাথরের ছায়ায় আমি বসে, চোখ মিস্টার কেলসোর মত বোজা।চরাচর শান্ত।
বুশ নেমে এল ওপর থেকে, ক্যান্টিনের ছিপি খুলে এক ঢোক পানি খেল। কিস্য নেই, হিউজকে বলল ও। আশপাশের অনেকটা দেখা যায় ওখান থেকে।
আমি যাব?
আরাম কর। আরও ঘণ্টা দুয়েক আমিই চালিয়ে নিতে পারব। ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকাল বুশ। খাওয়া হলে আমার কাছে চলে এস। তুমি আমাকে সাহায্য করতে পারবে।
আচ্ছা।
…মরুভূমিতে পালিয়ে গিয়েছিলেন আপনি? মিস ডায়ানা কথা বলছেন আমার বাবার সাথে। ওরা আপনাকে তাড়া করেছিল?
হ্যাঁ, ম্যাম। সংখ্যায় ওরা অনেক ছিল। পাহারা বসিয়েছিল সবখানে।
তা হলে পালালেন কীভাবে?
ক্লান্ত হয়ে পড়ছেন বাবা। তাঁর গলার স্বরে সেটা স্পষ্ট। আমরা কখনোই পালাতে পারিনি, ম্যাম। যদিও বিশ্বাস করেছিলাম পেরেছি। এখন আবার তার কাছেই ফিরিয়ে নিয়ে যাচ্ছি ছেলেটাকে। কারণ উনি ছাড়া ওর আর কেউ নেই।
আবার দীর্ঘ নীরবতা, তারপর মহিলা বললেন, আমি ওকে মানুষ করতে পারি।
বাবার চোখ খুলে গেল, তাকালেন মিস ডায়ানার দিকে, ম্লান স্বরে বললেন, জানি, আপনি পারবেন। কিন্তু আগে…আগে ওর আত্মীয়স্বজনের কাছে চেষ্টা করতে হবে আমাদের।
ওরা আপনাকে ঘৃণা করা সত্ত্বেও?
বাবা শ্রাগ করলেন। করলই-বা। আমার সম্পর্কে ওদের কী ধারণা তাতে কি আসে যায় না। আমার ছেলের সুখ-স্বাচ্ছন্দ্যই এখানে সব। মাথা গোঁজার একটা ঠাই দরকার ওর।
মন্থর লয়ে গড়িয়ে চলেছে সময়। খাওয়াদাওয়ার পর, আমি উঠে গেলাম বুশ যেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সেখানে।
সঙ্গে ওর জন্যে রুটি আর মাংস নিয়েছিলাম, সেগুলো নিয়ে খেতে বসল ও। পাথরপের মাথায়, একটা গাছের গোড়ায় বসে আছি আমরা। যতদূর চোখ চলে ধু-ধু প্রান্তর। অগুনতি ক্যানিয়ন, ভাঙাচোরা এবড়োখেবড়ো। দূরে নীলাভ দেখাচ্ছে শৈলশ্রেণী, নীচে মরুভূমির বুকে মেঘের ছায়া।
খেতে খেতে নানান বিষয়ে আমার সাথে আলোচনা করল বুশ। শেখাল মভূমিতে কীভাবে টিকে থাকতে হয়, আর পাহারা দেয়ার নিয়মকানুন। ও-ই আমাকে জানাল মরুভূমিতে পর্যবেক্ষণ চালানোর সময়ে একপাশ থেকে নজর বোলাতে হয়, কাছ থেকে দূরে। হুশিয়ার থাকতে হয় প্রতিটি নড়াচড়া, অথবা অস্বাভাবিক কোন ছায়া কিংবা অন্যকিছুর জন্যে।
একদিনে হবে না, করতে করতে শিখে যাবে, রুটি আর মাংস চিবুতে চিবুতে লেল বুশ তোমার বাবার কাছ থেকে শিখতে পারবে। এসব ব্যাপারে উনি ঝানু লোক। ইন্ডিয়ানদের কাছ থেকে শিখবে। আর অমিরা, মানে আমি কেলসো আর হিউজও কিছু কিছু শেখাতে পারব তোমাকে।
আমার দিকে তাকাল ও। আচ্ছা, মিস ডায়ানা কি তোমার বাবাকে বিয়ে করতে চাইছেন?
নাহ। আমার তা মনে হয় না। আসলে উনি আমাদের সাহায্য করতে চেষ্টা করছেন। তারপর বললাম, আমার বাবা অসুস্থ। আর মহিলা সেটা জানেন।
আমারও তাই বিশ্বাস। একটুক্ষণ চুপ করে রইল ও, তারপর বলল, আমি হয়তো চলে যাব, বাছা, তবে একটা কথা মনে রেখ এই জর্জ বুশ আজীবন তোমার বন্ধু থাকবে। যদি কখনও প্রয়োজন মনে কর, খর পাঠিয়ে, আমি চলে আসব।
.
পাথরস্তূপ থেকে যখন আমি নামলাম, বাবা তখন ঘুমিয়ে। চারদিক ভরে উঠেছে আঁঝাল রোদ্দুরে, ভয়ঙ্কর গরম পড়েছে। ওয়াগনের ছায়ায় বসে আছেন মিস ডায়ানা, মাঝে মাঝে তার টুপি দিয়ে হাওয়া করছেন নিজেকে।
পাথরের গোড়ায় যেখানে বসে রয়েছে সেখান থেকে আমার দিকে তাকাল কিম হিউজ। দেখতে পেলে কিছু?
না।
এই সময় না দেখাই স্বাভাবিক, তবে তারমানে এই নয়, ওরা কাছেপিঠে নেই।
জ্বি।
জর্জের কথা তুমি মন দিয়ে শুনো, বাছা। ও চালু লোক। বিপদ হবে কিনা ঠিক টের পেয়ে যায়।
হাঁটু মুড়ে একটা পাথরে হেলান দিয়ে বসে রয়েছে গ্রে। নোটবুকখানা হাঁটুর ওপর রেখে ছাইপাশ কী যেন লিখছে। মাঝেসাঝে পলক তুলছে, যেন ভাবছে কিছু।
কাছেই হাঁ করে নিশ্বাস নিচ্ছে একটা গিরগিটি। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে ওটা যেন মাপছে আমাকে। দূরে লাল-খয়েরি একটা শৈলশিরা আকাশ ছুঁয়েছে। কিন্তু আমি ক্লান্ত, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মত অবস্থায় নেই, বিশ্রামের উপযুক্ত জায়গা জহি। ভাল ভাল সব জায়গা দখল হয়ে গেছে। তেরপলের নীচে গরম, তবু হামাগুড়ি দিয়ে ওয়াগনের ভেতর গিয়ে আশ্রয় নিলাম।
ধারেকাছেই রয়েছে সবাই, কিন্তু আমার ভয় কাটছে না, ভীষণ একলা লাগছে নিজেকে। ডুকরে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পাছে অন্যরা গুনে ফেলে তাই পারছি না। গুগুলী পাকিয়ে শুয়ে রইলাম আমি, ইন্ডিয়ানদের বুনো চিৎকার আর গোলাগুলির কথা ভুলে যেতে চেষ্টা করলাম। এসময়ে মাকে আমার দরকার ছিল পাশে, পরক্ষণে ভাবলাম না থাকায়, ভালই হয়েছে কেননা তা হলে তিনিও ভয় পেতেন। আমার হতভাগ্য বাবার কথা ভাবলাম আমি, রুগ্ন আহত মানুষটি শুয়ে আছেন ওয়াগনের নীচে।
এরপর ক্ষীণ নড়াচড়ার শব্দে চোখ মেলে তাকালাম একসময়, বুঝলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওয়াগনের ভেতরটা অন্ধকার, নীরব। বাইরে তাকিয়ে দেখলাম ওখানেও অন্ধকার।
ঘোড়াগুলোকে নিয়ে এসে বাধা হচ্ছে হার্নেসে। মিস ডায়ানা উঠে এলেন ওয়াগনের ভেতরে, আমার নিশ্বাসের আওয়াজ পেয়ে আঁতকে উঠলেন।
কে?
আমি, বললাম।
ওহ ড্যান! তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি জানতাম না কেউ আছে এখানে। তোমার কোন অসুখ করেনি তো?
না, ম্যাম। এমনি ঘুমিয়ে পড়েছিলাম।
তোমাকে আমার হিংসে হচ্ছে। আমিও চেষ্টা করেছি, কিন্তু গরমে পারিনি।
মিসেস ওয়েবার ওয়াগনে ঢুকলেন। তারপর, একেএকে, অন্যরা। বাবাকে উঠতে সাহায্য করল গ্রে। আমার পাশে এসে বসলেন তিনি। বাছা, তুই কেমন, আছিস? জিজ্ঞেস করলেন বাবা।
ভাল, বাবা।
চালকের আসনে হিউজের পাশে বসল জর্জ বুশ। আমরা রওনা হালাম, কেলসো পথ দেখাচ্ছে।
ওয়াগনের পেছনের অংশে সরে গেলেন বাবা, ট্রেইলের ওপর নজর রাখবেন। ব্যাপারটা লক্ষ করে ভ্যালেটা নাক সিটকে বলল, তোমার যে-হাল, তাতে লড়তে পারবে বলে তো মনে হয় না।
শীতল জবাব দিলেন বাবা। যতক্ষণ শ্বাস আছে, আমি আমার দায়িত্বটুকু পালন করে যাব।
তারমানে আমি তা করিনি, এটাই তো বোঝাচ্ছ?
তুমি খামোকা চটছ, বন্ধু। ওরকম কিছুই আমি বোঝাইনি। নিজের ঝামেলা নিয়েই ব্যস্ত ছিলাম, তুমি কী করেছ বা করনি-অতসব দেখার সময় ছিল না। আমার বিশ্বাস, তোমার পক্ষে যতটা সম্ভব তুমি তা করেছ। একটু থামলেন বাবা। শত হলেও, আমরা কেউই মরতে চাই…।
তবে একটা কথা মানতে হবে, খানিক বাদে ঈর্ষার সুরে বলল ভ্যালেটা, পিস্তলে:তোমার হাত চালু।
অস্ত্রের ব্যবহার কখনও কখনও জরুরি হয়ে ওঠে, বন্ধু, শান্ত কণ্ঠে জবাব দিলেন বাবা।
এরপর নীরব হয়ে গেল ওয়াগনের পরিবেশ, ছড়ানো-ছিটানো পাথরের ওপর দিয়ে হেলেদুলে এগিয়ে চললাম আমরা।
ক্যানিয়নের ওপাশটা কি অনেক দূরে? বহুক্ষণ পর জিজ্ঞেস করলাম আমি।
পৌঁছুতে পৌঁছুতে রাত কাবার হয়ে যাবে, বাবা বললেন। কাহিল হয়ে পড়বে। ঘোড়াগুলো, আমাদের হয়তো তখন হাঁটতে হবে।
বেশ ঠাণ্ডা পড়েছে। বাবা বলেছেন এ-ই হয় মরুভূমিতে, উত্তাপ ধরে রাখার মত কিছু না থাকায় খুব তাড়াতাড়ি গরম কেটে যায়।
তবে উনি যা অনুমান করেছিলেন, তার চেয়ে দ্রুত এগোলাম আমরা। যখন ভোর হলো, খোলামেলা বিশাল এক মরুপ্রান্তরে বেরিয়ে এসেছি, দিগন্তে নীলগিরি চোখে পড়ছে। এখানে অদ্ভুত এক গাছ দেখতে পেলাম আমি, মানুষের মতই হাত-পা রয়েছে এর, তবে আকারে অন্তত তিন-চার গুণ বড় হবে, আর পাতার বদলে রয়েছে দুচোল ফলা।
জশুয়া গাছ, বারা জানালেন আমায়। তারপর তর্জনী উঁচিয়ে দূরের একট জায়গা দেখিয়ে বললেন, এই যে, ওখানে! একদিনের মত লাগবে পৌঁছুতে, একট ঝরনা আছে এই পাহাড়গুলোর মাঝে। পথে আর কোথাও পানি পাব না আমরা, এক যদি পাইউট ওপাশে থাকে। সেটাও নেহাত কম দূরে নয়। তাও আবার বেশির ভাগ সময় শুকনো থাকে।
চোখ কুঁচকে ওদিকে তাকাল কিম হিউজ, বারো মাইল?
প্রায়।
হুম, ঘোড়াগুলো তরতাজাই আছে। পেছনে তাকাল স্কিপার। ওরা মনে হচ্ছে পিছু নেয়নি।
ইন্ডিয়ানদের কোন বিশ্বাস নেই, জবাব দিল কেলসো। হতে পারে আমরা দাঁতভাঙা জবাব দিয়েছি বলে আর চেষ্টা করতে চাইছে না-তবে মোহাভেরা সাধারণত এরকম করে না।
আমরা বড়জোর আর মাইল দুই যেতে পারব। হিউজ ঘাড় ফিরিয়ে তাকাল আমাদের পানে। কী, রাজি সবাই?
আগে বাড়, বলল ভ্যালেটা। গরম সবখানেই সমান।
দক্ষিণপশ্চিম অভিমুখে হাঁটতে লাগলাম আমরা। কখনও ওয়াগনের পাশাপাশি, কখনও পেছনে। ঘোড়াগুলোকে খানিক জিরোবার সুযোগ দিচ্ছি, জানি দুর্বল, তবু আমার পাশেই রয়েছেন রাবা। সাবধান থাকতে হবে আমাদের, বললেন তিনি, ওই ঝরনার কাছে যাওয়ার সময়ে।
ইন্ডিয়ানরা থাকবে?
মনে হয়। মরুভূমিতে চলাফেরার সময় প্রত্যেকেরই পানি দরকার হয়। ইন্ডিয়ানরা জানে একথা। পানি কোথায় আছে তাও ওদের জানা। কাজেই, আগেভাগে ওখানে গিয়ে ওত পেতে থাকতে পারে।
একটু পিছিয়ে পড়েছি আমরা, এবার তিনি পঁড়িয়ে গেলেন। ড্যান, আন্তরিক গলায় বাবা বললেন, মরার সময় আমি তোর জন্যে কিছু রেখে যেতে পারব না, শুধু সামান্য কিছু জ্ঞান ছাড়া। মন দিয়ে শোন। এটুকুই আমার সম্বল।
আমরা হাঁটতে শুরু করলাম আবার। বাবা বললেন, মানুষের শেখার শেষ নেই। যে শিখতে চায় না সে নিজেই নিজের কবর খোঁড়ে। সুদিনের প্রত্যাশায় ঝিনুকের মত সাগরতলে বসে থাকলে চলবে না-নিজের কর্ম দিয়ে একে অর্জন করে নিতে হবে।
…আর সবসময় একটা কথা মনে রাখবি: পানি যেখানে আছে মানুষকে সেখানে যেতেই হবে। তাই মরুভূমি যতই বড় হোক না কেন, বাস্তবে জায়গাটা নেহাত ছোট।
বাবা, জিজ্ঞেস করলাম। আমি শুনেছি তোমাকে আর মাকে খুঁজে পায়নি ওরা।
পায়নি। কিংবা যেসব ইন্ডিয়ানকে ওরা গাইড হিসেবে নিয়েছিল তারা হয়তো তেমন জোরাল চেষ্টা চালায়নি। কারণ আমাকে ওরা বন্ধু বলে জানত। তা ছাড়া আরও কিছু ব্যাপার আছে, ড্যান।
আমি জানতাম কোথায় গেলে পানি মিলবে। ছোট ছোট ওঅটর হোল, বড়জোর কয়েক হপ্তা রা থাকে। বৃষ্টি নয়তো বরফগলা পানি। আমি গিয়ে খালি করে দিয়েছিলাম ওগুলো। ইন্ডিয়ানরা সেটা বুঝতে পেরেছিল। কেউ কেউ ওদের নিষেধ শোনেনি। যারা শোনেনি, তারা মারা পড়েছিল বোকার মত।
বিশাল মরুভূমির ওপর দিয়ে পায়ে হেঁটে এগিয়ে চলেছে কাফেলা, ওয়াগন আর এর ক্লান্ত ঘোড়াগুলোর পেছন পেছন। তবে শেষমেশ থামলাম একসময়। আমরা পাইউট ওঅশে এসে গেছি।
সবাই ক্লান্ত, তবু ওয়াগনসহ আমাদেরকে অপর তীরে নিয়ে গেল হিউজ। ঝরনা বা কোন শুকনো খাঁড়ির কাছে যখনই আসবে তুমি, হার্নেস খুলতে খুলতে উপদেশ দিল স্কিপার, সঙ্গে সঙ্গে পার হবে। নইলে সকালে হয়তো দেখবে বান ডেকেছে।
বাবা আমাকে এসব কথা শুনতে বলেছেন। তবে বলার কোন দরকার ছিল না, কারণ ছেলেপুলেরা এভাবেই দুনিয়ার হালচাল শেখে।
খাওয়ার সময় মিস ডায়ানা আমার পাশে বসলেন। আমি কখনও স্কুলে গিয়েছি কিনা জানতে চাইলেন তিনি। এখনি কী, আমার বয়স মাত্র ছয়, বললাম তাকে।
দেখে কিন্তু আরও বড় মনে হয়। অর্থপূর্ণ দৃষ্টিতে তিনি তাকালেন আমার দিকে। সমবয়সী বন্ধুবান্ধব ছিল না তোমার?
না, ম্যাম। কোথাও বেশিদিন থাকিনি কিনা।
পড়তে জানো?
লিখতেও পারি। মা আর বাবা দুজনই বেশ যত্ন করে শিখিয়েছেন।
রাতে, একদল কয়ৌট হানা দিল আমাদের ক্যাম্পে। ঘোড়াগুলো যেন ভয় না। পায় সেজন্যে হিউজ পাহারা দিতে গেল ওদের। ওয়াগনের নীচে বাবা শুয়ে আছেন আমার পাশে, পাশ ফিরতে গিয়ে যখনই চোট পাচ্ছেন তার আহত কাঁধে, ঘুমের ভেতর ককিয়ে উঠছেন।
আকাশে জ্বলজ্বল করছে তারা, মেঘ নেই। একবার কম্বলের তলা থেকে বেরিয়ে ওয়াগনের সামনে এসে বসলাম আমি। রাতের নীরব-নিথর এই পরিবেশ কেন-যেন ভাল লাগছে আমার।
এসময় পাহারায় ছিল মিস্টার বুশ, আমার পাশে এসে দাঁড়াল সে। ঘুম আসছে না?
ভেঙে গেছে। এত আলো, চুপচাপ বসে থাকতে ভাল লাগছে।
বুঝতে পারছি। আমারও অনেকসময় হয় এরকম। তবু ঘুমিয়ে পড়। সামনে ধকল আছে।
আমরা থামব পাইউট স্প্রিংয়ে?
বড়জোর এক রাতের জন্যে। কিম হিউজ মনস্থির করে ফেলেছে। কোন কারণে খুব চিন্তার মধ্যে আছে ও। আমি বুঝতে পারছি।
ভোর নাগাদ ফের ট্রেইল ধরলাম আমরা, সোজা এগোলাম পশ্চিমের নিচু পাহাড়ি এলাকার দিকে, এবং মাঝ-সকালে পৌঁছে গেলাম ঝরনায়। ওখানে ভরে নিলাম আমাদের পানির ব্যারেলগুলো। হিউজ কেলসোকে নির্দেশ দিল, প্রচুর কফি সহযোগে বেশি করে নাস্তা বানাতে।
জায়গাটা অত্যন্ত পাথুরে, তবে মনোহর। ঝরনা থেকে একটা সেঁতা পাথরের মাঝ দিয়ে এঁকেবেঁকে খানিকদূর গিয়ে বালুর ভেতর হারিয়ে গেছে। দেখলাম কোন কোন পাথরে ইন্ডিয়ান ভাষায় লেখা আছে কিছু।
হাতে ধূমায়িত কফি কাপ নিয়ে, বাবার কাছে গেল হিউজ। তুমি এই ট্রেইল চেন?
মোটামুটি। গোটা কয়েক ঝরনা পড়বে পথে। মোহাভে আর পাইউট দুগোত্রই ব্যবহার করে। আমার ধারণা ওই ঝরনাগুলো প্রাচীনকাল থেকেই আছে। একসময় পুয়েরো ইন্ডিয়ানরা এখানে নীলকান্তমণির খোঁজে আসত।
আমার মন কেমন-যেন খুঁত খুঁত করছে।
নিজের ওপর আস্থা রাখ। তুমি এই দেশ চেন। যদি অস্বস্তি বোধ করেই থাক, নিশ্চয় তার পেছনে কারণ আছে। কিছু একটা ধরা পড়েছে তোমার অনুভূতিতে, কিন্তু বুদ্ধি দিয়ে তার স্বরূপ চিনতে পারছি না।
হিউজ তাকাল বাবার দিকে। আচ্ছা, তুমিও তা হলে বিশ্বাস কর এসব। আসলে আমরা সবাই বোধ হয় করি-কম আর বেশি। কফিতে চুমুক দিল ও। কেসো বলছে ওরও নাকি ছমছম করছে গা।
একটু ইতস্তত করল স্কিপার, তারপর জিজ্ঞেস করল, এখন তুমি কেমন বোধ করছ, ওঁহারা? এমনিতেই অসুস্থ, তার ওপর প্রচুর রক্ত হারিয়েছ।
চিন্তা কর না, অভয় দিলেন বাবা। আমি ঠিক হয়ে যাব। ছেলেটার খাতিরে সুস্থ আমাকে হতেই হবে।
ওরা দেখতে পাচ্ছে না আমাকে। খানিক তফাতে পানির ধারে পাথরের ওপর বসে রয়েছি আমি; কিন্তু প্রকৃতি শান্ত থাকায় পরিষ্কার শুনতে পাচ্ছি ওদের কথাবার্তা। পানির ভেতর তাকালাম, প্রার্থনা করলাম বাবা যেন চিরকাল বেঁচে থাকেন।
রাতে, স্বপ্নে, বার কয়েক সেই ভয়ঙ্কর বুড়োকে দেখলাম যার কাছে আমি যাচ্ছি। আচ্ছা, আমাকে যখন দেখবেন তিনি, কী করবেন তখন? রৌদ্রালোকিত একটা র্যাঞ্চ হাউসের স্বপ্ন দেখলাম। যেখানে ওই বুড়ো থাকবেন, কিন্তু আমার বাবার কোন স্থান নেই। ভয়ে কাঁটা দিয়ে উঠল আমার শরীর। কী ঘটবে বা আমার এখন কী করা উচিত কিছুই বুঝতে পারছি না, শুধু এটুকু জানি আমি ওই বুড়োর কাছে যেতে চাই না-এমনকী মুখও দেখতে চাই না তার।
সেইদিনই পাইউট স্প্রিং ত্যাগ করলাম আমরা। পথে হঠাৎ আমার পাশে চলে এলেন মিস ডায়ানা। আমরা তখন অন্যদের থেকে পিছিয়ে পড়েছি সামান্য, একলা রয়েছি। তোমাকে অসুখী মনে হচ্ছে,স্পষ্ট সুরে বললেন মহিলা। কেন-তোমার বাবা অসুস্থ বলে? নাকি আর কোন কারণ আছে?
একমুহূর্ত চুপ করে রইলাম, ব্যাপারটা নিতান্তই আমাদের পারিবারিক, মনে হলো বাইরের কারোকে বলা উচিত হবে না। কিন্তু শেষমেশ কবুল করলাম, বাবা আমাকে দাদুর কাছে নিয়ে যাচ্ছেন।
বুঝেছি। একটুক্ষণ বাদে মিস ডায়ানা বললেন, ড্যান, ওখানে যদি তোমার ভাল না লাগে, তুমি আমার কাছে চলে এস!আমি লস এঞ্জেলেসে থাকব। কি, মনে থাকবে তো, ড্যান?
মনে থাকবে আমার, পরক্ষণে নতুন আরেকটা ভয় আমাকে হেঁকে ধরল। যদি আমার জন্যে ডায়ানার কোন ক্ষতি হয়ে যায়?
মিস ডায়ানা সম্ভবত টের পেলেন আমার মনের কথা, তাই দৃঢ় সুরে বললেন, আমার নিরাপত্তার জনন্য তুমি ভেব না, ড্যান্। আমার কাছে তুমি আরামেই থাকবে।
পলকে পলক তুললাম আমি, তাকালাম ওঁর চোখের দিকে। মহিলাকে বিশ্বাস করলাম।
.
০৫.
সুযোগ ঘটতেই, কথায় কথায় বাবাকে আমি জানালাম মিস ডায়ানা আমাকে কী প্রস্তাব দিয়েছেন। হাঁটছিলাম আমরা, বাবা আচমকা থমকে দাঁড়ালেন। একদৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন তিনি, তারপর গাঢ় স্বরে বললেন, তেমন অবস্থা হলে আমি স্বচ্ছন্দে মিস ডায়ানার কাছে গিয়ে থাকতে পারি।
দেখলাম, ওই মহিলা সম্পর্কে তার ধারণা, বেশ উঁচু। বাবা বললেন মিস ডায়ানা যথেষ্ট রূপসী না হতে পারেন, কিন্তু নিঃসন্দেহে বিদুষী। এখনও যে বিয়ে করেননি তিনি তার কারণ, এ-যাবৎ যত পুরুষের সঙ্গে তার পরিচয় হয়েছে তারা কেউই সম্ভবত গুণের বিচারে তার সমকক্ষ ছিলেন না। মিস ডায়ানা সেই জাতের মহিলা, বাবা বললেন, যারা চান তাদের স্বামী ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ হোক।
আমার কাঁধে হাত রাখলেন বাবা। আর কিছু না হোক, তুই একজন ভাল বন্ধু পেয়েছিস, ড্যান। এটাই সবচেয়ে বড় কথা। এবং আমার সাহায্য ছাড়াই ওর বন্ধুত্ব অর্জন করতে পেরেছিস তুই।
ওইদিনই কোন এক সময়ে সিদ্ধান্ত নেয়া হলো, আমরা মূল রাস্তা থেকে সরে ভিন্ন পথে এগোব। সিদ্ধান্তটা কিম হিউজের, রাতে খেতে বসে আমাদেরকে সেটা জানাল ও।
মরুভূমিতে আর থাকব না আমরা। নতুন আরেকটা রাস্তা ধরে লস এঞ্জেলেসে যাব। এতে করে বেশকিছু পাহাড়পর্বতের বাধা আর আউট-লদের উৎপাত এড়ানো সম্ভব হবে আমাদের পক্ষে।
সঙ্গে সঙ্গে স্কিপারের সাথে একমত প্রকাশ করল ভ্যালেটা আর টমাস গ্রে। মিস ডায়ানা প্রথমে মনোযোগ দিয়ে শুনলেন সবকিছু, তারপর তার সায় জানালেন। আপনি যা ভাল বোঝেন, বললেন মহিলা, কিন্তু পরক্ষণে বাবার অভিমত জানতে চাইলেন। মরুভূমিতে চলাফেরার অভিজ্ঞতা আপনার আছে। আপনার কি মনে হয়, বুদ্ধিমানের কাজ হবে এটা?
হবে, বললেন বাবা, যদিও রাস্তাটা একটু ঘোরা।
রাতের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটালাম আমি। পরদিন সকালে সবাই যখন নাস্তার আয়োজনে ব্যস্ত, আমাকে একা পেয়ে বাবা বললেন, তোর মিস ডায়ানা, দেখলাম, বেশ বুদ্ধিমতি মহিলা। আমার জানতে ইচ্ছে হয় ওর ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এ-ব্যাপারে শুধু বাবাই যে কৌতূহলী অ নয়। আমি লক্ষ করেছি দলের সবারই একটু-আধটু কৌতূহল আছে মিস ডায়ানা সম্পর্কে। মোটেও অস্বাভাবিক নয় এটা। কোন যুবতী এরকম একা-একা দূরদেশে পাড়ি জমাচ্ছে দেখলে কমবেশি সবারই কপালে ভাঁজ পড়বে। কেউ কেউ ধারণা করল নিশ্চয় তার বিস্তর টাকাকড়ি আছে, লস এঞ্জেলেসে গিয়ে বিয়ে-থা করে সংসারী হবেন। কেলসো বলল, মহিলা যেহেতু অনেক ভাষা জানেন, হয়তো বিদেশী ভাষা শেখানোর স্কুল খুলবেন ওখানে। আবার, কারও কারও মত, বিশেষ করে ভ্যালেটার, মিস ডায়ানা আসলে সুযোগসন্ধানী। লস এঞ্জেলেসে গিয়ে কোন স্প্যানিশ ডনকে লটঘট করে ভজিয়ে তার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন নিজের।
কালো মোচাকৃতির লাভা পাহাড় আর শুকনো বালিয়াড়ির মাঝ দিয়ে এগিয়ে চলেছি আমরা। এখন আমাদের গাইড বাবা। হামেশা মিস্টার কেলসোর ঘোড়ায় চেপে তিনি আগে বেড়ে দেখে আসছেন ট্রেইল।
তৃতীয় দিনের মাথায়, ওয়াগনের পেছন পেছন হাঁটছি আমি আর মিস ডায়ানা, হঠাৎ থেমে তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, মিস ডায়ানা, ক্যালিফোর্নিয়ায় গিয়ে আপনি কী করবেন?
তার চোখ দুটো যেন পি করল আমাকে। শেষ পর্যন্ত তুমিও মাথা ঘামাতে শুরু করেছ? রিস্কার করলেন তিনি। তারপর স্মিত হেসে বললেন, ড্যান, ওরা তোমাকে জিজ্ঞেস করলে বল, আমি এখনও কিছু ঠিক করিনি।
মিস্টার কেলসোর ধারণা আপনি স্কুল খুলবেন।
একবার তাই ভেবেছিলাম, ড্যান। কিন্তু কী জানো, আমি আসলে একটু অ্যাডভেঞ্চার প্রিয়। তা ছাড়া যে-কারণে এখানে আমার আসা, স্কুল খুললে সেটা সফল, হবে না।
আর মিস্টার ভ্যালেটা বলছেন, আপনি আসলে টাকার কাঙাল। কোন স্প্যানিশ ডনকে বিয়ে করবেন।
যে যেমন সে তাই ভাবে। কয়েক পা এগোলেন মহিলা, তারপর জানতে চাইলেন, তোমার বাবার কী ধারণা?
বাবা মনে করেন আপনি বুদ্ধিমতি মহিলা।
আবার স্মিত হাসলেন তিনি। কখটা পছন্দ হয়েছে আমার। বেশির ভাগ পুরুষই মেয়েদের বুদ্ধি আছে একথা স্বীকার করতে চায় না। এরপর যোগ করলেন মিস ডায়ানা, অবশ্যি এতে সুবিধেও আছে একটা।
বাবা আজকাল অত্যন্ত সতর্ক হয়ে উঠেছেন। প্রায়ই আগে বেড়ে ট্রেইল জরিপ করতে যান, কোথাও কোন সন্দেহজনক ট্র্যাক আছে কিনা দেখেন। ব্যাপারটা কিম হিউজের নজর কাড়ল। জর্জ, চোখ ভোলা রেখ, বুশকে বলল সে। ও’হারা বিপদের আশঙ্কা করছে।
ইন্ডিয়ান?
বোধহয় না। আরও সাংঘাতিক কিছু হবে।
.
দিন কয়েক পর, মাঝরাত নাগাদ ইন্ডিয়ান ওয়েলস-এ থামলাম আমরা। বাবা নেমে এলেন ওয়াগনের পেছন থেকে, ঈষৎ টলছেন।
মিস্টার? কেলসো জিজ্ঞেস করল। তুমি ঠিক আছ তো?
হ্যাঁ হ্যাঁ। একটু দুর্বল, এই যা। তা এখানে কতক্ষণ থাকব আমরা?
বেশিক্ষণ না। আমাদের ঘোড়াগুলো কাহিল হয়ে পড়েছে, তাই হিউজ চাইছে ওগুলোকে বদলে নিতে।
মাথা থেকে টুপি খুলে কপালের ঘাম মুছল কেলসো। খানিক বাদে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার কি হয়েছে, বুকের দোষ?
মনে হয়। যদিও মরুভূমিতে এসে কাশিটা অনেক কমে গেছে।
তা হলে অ্যগুয়া ক্যালিয়েতে কিছুদিন থেকে যাও না কেন? শুনেছি, ওখানকার শুকনো গরম বাতাস নাকি এই রোগের জন্যে উপকারী।
আমার হাতে অত সময় নেই, কেলসো। ছেলেটাকে আগে লস এঞ্জেলেসে ওর দাদুর কাছে পৌঁছে দিতে হবে।
অন্ধকারে মিলিয়ে গেল কেলসো। বাবা কাছে টেনে নিলেন আমাকে, অদূরে ছোট্ট একটা কাঠের দালান দেখিয়ে বললেন, তুই এখানে থাক, বাছা। আমি ওখানে যাব আর আসব।
আর কেউ নামেনি ওয়াগন থেকে। সবাই ঘুমিয়ে আছে নয়তো ঘুমোনার চেষ্টা করছে। যারা ঘোড়া বদলাতে গেছে তারা ফিরে আসেনি এখনও। এদিকে ভীষণ তেষ্টা পেয়েছে আমার।
আস্তে আস্তে কুয়োর কিনারে গিয়ে দাঁড়ালাম আমি, উঁকি দিলাম ভেতরে। চাঁদের আলোয় দূর-নীচে পানির ছটা চোখে পড়ল।
সাবধানে নামতে শুরু করলাম নীচে, এক-এক করে অনেক ধাপ পেরিয়ে পানির কিনারে পৌঁছুলাম। এবার তাকালাম ওপর পানে। চৌকো আকাশ আর গুটিকতক তারা ছাড়া কিছুই দেখতে পেলাম না। এবার আশপাশে নজর বোলাতেই অন্ধকারের ভেতর বিশাল একটা পিপে চোখে পড়ল আমার, আর এর পাশেই একটা কাঠের মগ।
মগটা ভরে নিয়ে ঠাণ্ডা পানি পান করলাম আমি। প্রাণটা জুড়িয়ে গেল, মনে হলো। জীবনে কোনদিন জিভে এত সুস্বাদু আর কিছু ঠেকেনি। আবার ডোবালাম মগটা, পরক্ষণে টের পেলাম কে যেন আমাকে লক্ষ করছে।
থুত্থুড়ে এক ইন্ডিয়ান, পরনে তার সুতির ঢোল, জামা। মাথার চুল পাতলা হয়ে গেছে, সাদা, বেণী করে একটা ফিতে জড়িয়ে বেঁধে রেখেছে কপালের সাথে। দেখলাম লোকটার গলায় সুতো দিয়ে নীল তেকোনা একটা পাথর বাঁধা রয়েছে, তাতে কী-সব আঁকিবুঁকি কাটা।
দুঃখিত, সার, আমি আপনাকে দেখতে পাইনি আগে। পানি ভরে মগটা আমি এগিয়ে দিলাম ইন্ডিয়ান বুড়োর দিকে। অদ্ভুত চোখে লোকটা চেয়ে রইল আমার পানে। হঠাৎ বাবার ডাক শুনতে পেলাম, মগটা নামিয়ে রেখে তড়িঘড়ি উঠতে শুরু করলাম ওপরে। দুঃখিত, সার। আমাকে ক্ষমা করবেন। ঘাড় ফিরিয়ে বললাম।
ওয়াগনের পাশে দাঁড়িয়ে রয়েছেন বাবা, আমার পায়ের আওয়াজ পেয়ে ঘুরলেন। তুই আমায় চিন্তায় ফেলে দিয়েছিলি, বাছা। ভয় হচ্ছিল বোধহয় পথ হারিয়ে ফেলেছি।
পানি খেতে গিয়েছিলাম।
আবার যখন চলতে শুরু করল ওয়াগন, বাবাকে বললাম, একজন ইন্ডিয়ানকে দেখলাম ওখানে।
শুয়েছিল ভ্যালেটা, উঠে বসল। নিশ্চয়, ভুল দেখেছ। ওরা আমাকে বলেছে ইন্ডিয়ানরা এখন আর কুয়োয় আসে না। বিশেষ করে রাতে।
লোকটা খুউব বুড়ো, বললাম আমি, গলায় নীল একটা পাথর ঝুলছিল।
টারকুইজ, ভ্যালেটা জানাল। ইন্ডিয়ানদের কাছে এর কদর সোনার চেয়েও বেশি।
তাজা ঘোড়া পেয়ে, এখন বেশ জোরে ছুটছে ওয়াগন, বুশ চালাচ্ছে। হিউজ ওয়াগনের পেছনে শুয়ে আছে গুটিসুটি হয়। পরের স্টপই অ্যগুয়া ক্যালিয়েন্তে, বলল স্কিপার। ওখানে তুমি আগে কখনও গেছ, ও’হারা?
হ্যাঁ, বেশ কয়েকবার। একেবারে স্যান হাকিন্টোসের মুখে। অ্যাংলোরা পাম ম্প্রিং নামে ডাকে। তিন-চার ঘর শ্বেতাঙ্গ আর কিছু কাউইয়া ইন্ডিয়ান থাকে।
একটু থামলেন বাবা। ওখানে আমি একটা জরুরি চিঠি পাব বলে আশা করছি।
মালপত্রের গায়ে শরীর এলিয়ে দিলেন তিনি, এবং এর খানিক বাদে আমিও। ভীষণ ক্লান্ত লাগছে, ঘুমোতে ইচ্ছে হচ্ছে, ওয়াগনের ভেতরে মন টিকছে না একটুও কোথাও নেমে পড়ে বিশ্রাম নিতে চাইছি আমি, এরকম একঘেয়ে বিরামহীন যাত্রা আর সহ্য হচ্ছে না আমার।
চুপচাপ শুয়ে আছি, চোখ ভোলা অন্ধকারে। নানান চিন্তা ভিড় জমাচ্ছে মাথায়। এ ঘোড়াগুলো এখন জোরকদমে ছুটছে। শিগগিরই অ্যাণ্ডয়া ক্যালিয়েন্তে পৌঁছে যাব আমরা, এবং তারপর লস এঞ্জেলেসে। আর কয় স্টপ পরে? পাঁচ, ছয়, বারো। জানি না আমি। রাতের বুক চিরে ছুটে চলল ওয়াগন। একসময় উঠে বসলেন বাবা, কোমরে-বাধা হোলস্টারটা সোজা করবেন টেনে। হাত বাড়িয়ে তার রাইফেলটা টেনে নিলেনু কাছে, নাগালের মধ্যে রাখলেন।
বিপদ ঘটতে যাচেছ? মনে মনে প্রমাদ গুনলাম আমি।
নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ধড়মড় করে জেগে উঠে দেখলাম আমাদের ওয়াগন স্থির। মিস্টার বুশের কাঁধের ওপর দিয়ে উঁকি মারলাম বাইরে, আলোকিত একটা জানালা চোখে পড়ল। তারপর দরোজা খুলে গেল, ঘরের খানিকটা আলো ছিটকে এসে লুটিয়ে পড়ল বাইরে, একজন লোককে দেখতে পেলাম, দ্রুত পা চালিয়ে এগিয়ে আসছে ওয়াগনের দিকে।
ওয়াগনের পেছন দিকে সরে গেলেন বাবা, মাটিতে নামলেন। সবে সোজা ইয়েছেন তিনি এই সময় ওয়াগনের কোনা ঘুরে তার কাছে এসে দাঁড়াল লোকটা।
ও’হারা?
কেমন আছ, বিল? অনেককাল পর দেখা, তাই না?
চল, ভেতরে গিয়ে কফি খাবে। লোকটা লম্বায় প্রায় বাবার সমান, গোঁফ আছে। আমার দিকে তাকাল সে। তোমার ছেলে?
ড্যানিয়েল? এ হচ্ছে উইলিয়ম লারকিন। আমার ঘনিষ্ঠ বন্ধু।
তোমার সঙ্গে জরুরি কথা আছে, ড্যগ। চল, ভেতরে গিয়ে বসবে।
সম্ভব হলে পরে আসবখন। এখন তাড়া আছে।
আমার কথা না শুনলে তুমি ভুল করবে, ড্যগ। লস এঞ্জেলেসে গেলে ওরা খুন করবে তোমাকে। এবং ছেলেটাকেও।
কী?
হ্যাঁ, ড্যগ, ওরা ওত পেতে আছে তোমার জন্যে।
<