তীব্র ব্যথায় ছটফট করছি আমি। হাসপাতালের সব কজন নার্স, পাঁচজন, চেপে ধরে আছে আমাকে। চীফ সার্জেন জেমস ডানিয়েল হাস্য রসে আপ্লুত হয়ে উঠল। হা হা করে হাসছে সে। পরমুহূর্তে চোখ রাঙাল, বলল অ্যাই! জোয়ান ছেলে, একটুতেই এত কিসের চেঁচামচি? এই বয়সে অমন একটু কেটে-ছিড়ে যায়-ই তাতে হয়েছেটা কি? কথা শেষ করে আবার সে নির্মমভাবে একটা সার্জিক্যাল ইনস্ট্রমেন্ট ঢুকিয়ে দিল আমার বুকের ক্ষতটায়।
আবার আমি চিৎকার করে উঠলাম। গায়ে যদি একটু জোর থাকত, ওই প্রোবটা আমি ডানিয়েলের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় ঢুকিয়ে দিতাম। মরফিন ব্যবহার করতে কেউ শেখায়নি তোমাকে, ডাক্তার? কোথেকে পাস করেছ…?
ঘুরে আমার মুখের সামনে চলে এল সে। বয়স পঞ্চান্ন, গায়ের রঙ তামাটে, জলহস্তীর মত মোটাসোটা শরীর, মুখে এমন দুর্গন্ধ যে তাতেই জ্ঞান হারাবার কথা রোগীদের-এই হল সরকারি হাসপাতালের চীফ সার্জেন জেমস ডানিয়েল। রানা, মাই বয়, ওই জিনিসটার ভারী দাম। তুমি কি? জানতে চাইল সে, ফ্রি চিকিৎসা প্রার্থী, নাকি প্রাইভেট পেশেন্ট?
প্রাইভেট! প্রাইভেট! চেঁচিয়ে উঠলাম।
মুখ ফুলিয়ে হাসল ডানিয়েল। এতক্ষণ বলনি কেন? খামোকা কষ্ট পেলে! সিস্টারের দিকে তাকাল সে, বলল, যাও তাহলে, মি. মাসুদ রানার জন্যে দামি জিনিসটার এক ফোটা নিয়ে এসো।
মরফিনের অ্যাম্পুল নিয়ে এসে ইঞ্জেকশনটা তৈরি করছে। সিস্টার, এই ফাঁকে আমাকে খুশি করার চেষ্টা করছে ডানিয়েল। বলল, একদম মরুভূমি হয়ে গিয়েছিলে, মাই বয়! গতরাতে এক এক করে ছয় পাইন্ট রক্ত চুষে নিয়েছে তোমার শরীর। তবে, বুলেটটা বের করতে হিমশিম খেয়ে গিয়েছিলাম, বুঝলে…
কদ্দিনে সেরে উঠব, ডাক্তার?
একমাসের বেশি নয়।
একমাস! উঠে বসার জন্যে ধস্তাধস্তি শুরু করলাম, কিন্তু আরও শক্ত করে চেপে ধরল আমাকে চারজন নার্স। অসম্ভব! হাপাতে শুরু করে বললাম আমি। মওসুমটা মাঠে মারা যাবে তাহলে। আগামী হপ্তায় নতুন পার্টি আসার কথা…।
সিস্টার ঘ্যাঁচ করে সিরিঞ্জের সূচ বিঁধিয়ে দিল আমার বাহুতে।
এই মওসুমের কথা ভুলে যাও, মাই বয়। আগামী বার বেশি করে মাছ ধরে পুষিয়ে নিয়ো। আবার ডানিয়েল মাংসের ভিতর থেকে খুঁজেপেতে হাড়ের টুকরো বের করতে শুরু করল।
মরফিনের প্রভাবে ব্যথাটা কমেছে, কিন্তু হতাশায় মুষড়ে পড়েছি আমি। এমনিতেই এবারের মওসুমে অনেক দেরি করে এসেছে মাছ, অবশিষ্ট কটা দিন যদি কাজে লাগাতে না পারি আবার আমি চরম আর্থিক সঙ্কটে পড়ে যাব।
ধবধবে সাদা নতুন ব্যাণ্ডেজ দিয়ে ক্ষতগুলো আবার বেঁধে দিল ডানিয়েল। এবং কৌতুক ও আশ্বাসের সুরে পেট থেকে আরও কিছু দুঃসংবাদ খালাস করল। বলল, বাঁ হাতটা বেশ কিছুদিন অসহযোগিতা করবে তোমার সাথে, মাই বয়। কাজ করবে, কিন্তু সব কাজ নয়। তাছাড়া, মেয়েদেরকে দেখাবার জন্যে শরীরে সুন্দর কিছু দাগ পাচ্ছ তুমি। সিস্টারের দিকে তাকাল সে, বলল, ছয় ঘন্টা পর পর বদলাতে হবে ড্রেসিং। মাইসিটিন ক্যাপসুলের চলতি ডোজ চারঘন্টা পর পর দিতে থাক। আজ রাতে তিনটে মোগাডোন দেবে। কাল সকালে আবার ওকে দেখব আমি। তারপর আবার আমার দিকে তাকাল সে, বিশৃক্সখল গোঁফের নিচে নোংরা হলুদ দাঁত বেরিয়ে পড়ল তার, নিঃশব্দে একটু হেসে জানাল, এই কেবিনের ঠিক বাইরে গোটা পুলিস বাহিনী অপেক্ষা করছে, এখন তাদেরকে এখানে ঢুকতে না দিয়ে উপায় নেই। আমার। দরজার দিকে এগোল সে, তারপর হঠাৎ দাঁড়িয়ে বলল, নাইস শূটিং, রানা বয়। একা দুজনকে যেভাবে সামলেছ-তুলনা হয় না! কি করেছিল ওরা? তোমার গার্ল ফ্রেণ্ডকে ফুল ছুঁড়ে মেরেছিল নাকি? হাসতে হাসতে বেরিয়ে গেল সে।
কড়া ভাঁজের ইস্ত্রি করা ইউনিফর্ম পরেছে ইন্সপেক্টর টালি। সন্দেহ নেই, চামড়ার বেল্ট, স্ট্র্যাপ আর মেডেলগুলো আজ আবার পালিশ করেছে সে।
গুড আফটারনুন, মি. রানা…
স্যার… মনে করিয়ে দিলাম আমি।
আমার দিকে একদৃষ্টিতে কয়েক সেকেণ্ড তাকিয়ে থাকল টালি, তারপর কি মনে করে দরজার দিকে তাকাল একবার। আমি জানি, ভিতরে ঢোকার অনুমতি নেই বলে বাইরে বসে আছে। রডরিক। টালি সম্ভবত তার কথা মনে রেখেই নিজের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিল।
বলল, মি. রানা, স্যার, আপনার একটা জবানবন্দী নিতে এসেছি আমি। আশা করি আপনি এখন যথেষ্ট সুস্থ বোধ করছেন।
আপনাকে দেখার পর শুধু সুস্থ নয়, রীতিমত উৎসাহ বোধ করছি, ইন্সপেক্টর।
সাব ইন্সপেক্টর টমসন প্যাড আর পেন্সিল হাতে কেবিনে। ঢুকল, সোজা এগিয়ে এসে বসল আমার বিছানার একপাশে। মুদু গলায় বলল, আপনি আহত হয়েছেন শুনে খুব দুঃখ পেয়েছি, মি. রানা। এমন একজনও নেই দ্বীপে যে আপনাকে প্রত্যেকদিন দেখার জন্যে আসে না, কিন্তু ঢুকতে দেয়া হয় না বলে রোজ সবাই ফিরে যাচ্ছে…সাংঘাতিক চোট পেয়েছেন, তাই না, মিস্টার রানা?
ধন্যবাদ, টমসন। ওদের দুজনকে যদি দেখতে, এ কথা বলতে না তুমি।
রডরিকের এগারোজন ভাগের একজন এই টমসন, ওর মা আমার জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে দেয়। স্বাস্থ্যবান সুদর্শন, কালো এবং অল্পবয়েসী যুবক টমসনই হতে যাচ্ছে সেন্ট মেরীর পরবর্তী পুলিস বাহিনী প্রধান।
দেখেছি-মাই গড! চোখ কপালে তুলল টমসন। সহানুভূতিসূচক একটা চুক চুক শব্দ করল, তারপর বলল, কার সাথে লাগতে যাচ্ছে তা যদি আগে বুঝতে পারত ওরা…।
আপনি তৈরি, মিস্টার রানা? অস্বস্তি বোধ করছে টালি।
সম্পূর্ণ, বললাম তাকে। তারপর সুন্দরভাবে গুছানো গল্পটা শোনালাম। সব ভাল গল্পের মত এটাও সত্য ঘটনা অবলম্বনে তৈরি, কিছু কিছু কথা শুধু উল্লেখ করা হল না। সাগর থেকে নিরোর তোলা সাত রাজার ধন বিগ গাল আইল্যাণ্ডের কাছে আবার আমি ডুবিয়ে দিয়েছি-এ প্রসঙ্গটা সম্পূর্ণ চেপে গেলাম। কোন এলাকায় সার্চ করেছি আমরা তাও জানালাম না। কিন্তু বারবার এ প্রসঙ্গে ফিরে আসতে চেষ্টা করছে টালি।
কি খুঁজছিল ওরা?
বলতে পারব না। চেষ্টার ত্রুটি করিনি, কিন্তু লাভ হয়নি কিছু। আমাকে জানতে দেবে না বলে সাংঘাতিক সতর্ক ছিল ওরা।
কোথায় ঘটল এসব? আবার জিজ্ঞেস করল টালি।
হেরিং বোন রীফ ছাড়িয়ে, রাসতাফা পয়েন্টের দক্ষিণে গানফায়ার ব্রেক-এর কাছ থেকে এ-জায়গাটা পঞ্চাশ মাইল দূরে।
যেখানে ওরা ডাইভ দিয়েছিল, ঠিক চিনতে পারবেন আপনি?
মনে হয় না। কয়েক মাইল এদিক ওদিক হয়ে যেতে পারে। আসলে একের পর এক নির্দেশ দিয়ে ব্যস্ত রেখেছিল ওরা আমাকে। কোনদিকে ভাল করে নজর দেবার সময় পাইনি।
চিন্তিতভাবে দাঁত দিয়ে গোঁফের রোয়া কামড়াচ্ছে টালি। আপনি বলছেন, কিছু বুঝতে না দিয়ে ওরা আপনাকে আক্রমণ। করে বসে-এখন বলুন, ওরা আপনাকে খুন করতে চাইল কেন?
সত্যি কথা বলব?
অবশ্যই!
ওদেরকে জিজ্ঞেস করিনি আমি, বললাম টালিকে। জিজ্ঞেস করার সময়ই পাইনি। ভীষণ ক্লান্ত লাগছে আমার তাই বেশি কথা বলা বুদ্ধিমানের কাজ বলে মনে করছি না-ভুলভাল হয়ে গেলে ফ্যাসাদে পড়ে যাব। আমাকে লক্ষ্য করে প্যানথার যখন গুলি ছুঁড়তে শুরু করল, তখন ভুলেই গিয়েছিলাম, পুলিসে রিপোর্ট করার জন্যে কারণটা জেনে নেয়া দরকার…
এটা ঠাট্টার বিষয় নয়, মি. রানা! চোখ রাঙাল ইন্সপেক্টর টালি।
বিছানার পাশের বোতামে চাপ দিয়ে বেল বাজালাম আমি, সাথে সাথে কেবিনে ঢুকল সিস্টার। বললাম, আমি অসুস্থ বোধ করছি।
এবার যেতে হয়, ইন্সপেক্টর, বলল সিস্টার। টালিকে আর কোন প্রশ্ন করার সুযোগই দিল না সে। পথ দেখিয়ে বাইরে পৌঁছে দিয়ে এল পুলিস দুজনকে।
সরকারিভাবে বিচার বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারও সাথে দেখা-সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেবিনের বাইরে রাতদিন চব্বিশ ঘন্টার জন্যে পাহারার ব্যবস্থা করেছে। ইন্সপেক্টর টালি। হাসপাতালের সবাই জানে খুনের অভিযোগে বিচার হবে আমার।
পরবর্তী তিনদিন নিরুপদ্রব পরিবেশে প্রচুর চিন্তাভাবনা করার অবকাশ পেলাম আমি। কেবিনের জানালা দিয়ে ফুলের বাগান দেখা যায়। অনেক দূরে পাথরের বিশাল পাঁচিল দিয়ে ঘেরা দুর্গ, ব্যাটলমেন্টের উপর বসানো কামান ইত্যাদি চোখে পড়ে। খুব ভাল খাবার দেয় সিস্টার মে, তার সাথে বেগম রডরিকের পাঠানো প্রচুর মাছ, প্রচুর ফলপাকড় যোগ হয়। ল্যাম্পনি একজন নার্সকে ঘুষ দিয়ে একবোতল হুইস্কি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আমার বালিশের নিচে। সিস্টার মে-র মুখে শুনেছি গোটা দ্বীপের সবাই নাকি আমার সুস্থতার জন্যে গির্জায়, মন্দিরে আর মসজিদে প্রতিদিন প্রার্থনা করে। ব্ল্যাঙ্ক আর প্যানথারকে পুরানো গোরস্থানে কবর দেয়া হয়েছে এবং সবাই আশা করছে এক বছরের মধ্যেই গোরস্থানটা সাগরতলে নেমে যাবে।
এই তিনদিন চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম, বিগ গাল আইল্যাণ্ডের কাছে যে পোঁটলাটা ডুবিয়ে রেখেছি সেটা আপাতত আরও কিছুদিন ওখানেই থাকবে। অনুমানে বুঝতে পারছি, এখন থেকে অনেকগুলো চোখ আমার ওপর তীক্ষ্ণ নজর রাখবে। কেন, বা তারা কারা-এসব কিছুই আমি জানি না। কিন্তু বুঝতে পারছি, যা ঘটেছে তার ফলে আমার জীবন এখন বিপন্ন হয়ে পড়েছে। কোন্দিক থেকে বুলেট ছুটে আসবে তা যতক্ষণ জানতে না পারছি, ততক্ষণ দিগন্তরেখার নিচে মাথাটা নামিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
ঘুরেফিরে বারবার মনের মধ্যে ফিরে এল নিরো ছেলেটার কথা। চিনি না, আগন্তুক-এইসব বলে নিজেকে প্রবোধ দিতে চাইলাম বটে, কিন্তু কাজ হল না। ওর কথা মনে পড়লেই দুঃখে ফেটে যেতে চায় বুকটা। অথচ এই ধরনের ভাবাবেগকে কোনদিন প্রশ্রয় দিতে অভ্যস্ত নই আমি। আসলে নিরোর সরলতাটুকু ভাল লেগে গিয়েছিল আমার। তাছাড়া, এমন রোমহর্ষক নিষ্ঠুরতার শিকার হতে দেখেছি ওকে!
তিনদিন কেটে যাবার পর আগের চেয়ে অনেক সুস্থ লাগছে নিজেকে আমার। কারও সাহায্য ছাড়াই এখন আমি বিছানায় উঠে বসতে পারি।
হাসপাতালে আমার কেবিনেই অনুষ্ঠিত হল বিচার বিভাগীয় তদন্ত। তদন্ত এবং রায় একই সাথে হয়ে যাবে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি। কিন্তু আমাকে হতচকিত করে দিয়ে ঠিক তাই ঘটে গেল।
অধিবেশন বসল রুদ্ধদ্বার কক্ষে। এতে অংশগ্রহণ করলেন দেশের প্রধান বিচারপতি, প্রধান প্রশাসক এবং নিরাপত্তা বাহিনীর প্রধান কর্মকর্তা।
প্রধান প্রশাসক অর্থাৎ মহামান্য প্রেসিডেন্ট স্বয়ং চিরাচরিত রীতি অক্ষুন্ন রেখে সাদা একটা শার্ট ছাড়া সম্পূর্ণ কালো পোশাক পরে এসেছেন। দীর্ঘদেহী প্রধান বিচারপতি শার্কনেস সাহায্য। করছেন তাঁকে। আর নিরাপত্তা কর্মকর্তা হিসেবে হাজির হয়েছে। ইন্সপেক্টর টালি।
সবচেয়ে আগে আমার আরাম এবং অসুস্থতা সম্পর্কে প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করলেন প্রেসিডেন্ট। কেন জানি না, তাঁর প্রিয় পাত্রদের মধ্যে আমাকেও তিনি একজন বলে গণ্য করে থাকেন।
মিস্টার রানা, সবচেয়ে আগে নিজেকে তুমি সবল করে। তোল। তোমাকে আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার মাছ ধরতে দেখতে চাই। ব্যস, আমার বলার কথা এটুকুই! কোনও ব্যাপারে দুশ্চিন্তা কর, এ আমি চাই না-এখানে কেউ আমরা তোমার বিপদ বাড়াবার জন্যে আসিনি-রাইট? মহামান্য প্রেসিডেন্ট অন্যান্যদের দিকে তাকালেন।
ইন্সপেক্টর টালিকে হতভম্ব দেখাচ্ছে। এর জন্যে ওকে দোষ দেয়া যায় না। বিচার পর্ব শুরু হবার আগেই সুস্পষ্ট রায় হয়ে যাওয়ার দৃষ্টান্ত ন্যায় বিচারের ইতিহাসে বিরল ঘটনা।
গুছানো গল্পটা আবার একবার মুখস্থ বলে গেলাম আমি। ছোট্ট কাহিনী, কিন্তু প্রচুর সময় লাগল শেষ করতে। তার কারণ বারবার আমাকে বাধা দিলেন প্রেসিডেন্ট। ঘটনার মধ্যে আমার প্রতিটি আচরণের উচ্ছ্বসিত প্রশংসা করলেন তিনি, ক্ষতের কথা বেমালুম ভুলে গিয়ে চেয়ার ছেড়ে উঠে এসে কয়েকবার আমার পিঠ চাপড়ে দিলেন। হাসি মুখে তীব্র ব্যথা হজম করলাম প্রতিবার। আমার বক্তব্য শেষ হতে সবিস্ময়ে এদিক-ওদিক মাথা নাড়লেন নিঃশব্দে, তা প্রায় ঝাড়া আধ মিনিট ধরে।
তারপর বললেন, ওই গুণ্ডাদের বিরুদ্ধে তুমি যা করেছ, মিস্টার রানা, বীরত্বের ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকার মত, অন্যান্যদের দিকে তাকালেন তিনি, রাইট, জেন্টলমেন?
আন্তরিকতার সাথে ঘাড় নেড়ে সায় দিলেন প্রধান বিচারপতি শার্কনেস। কিন্তু টালি চুপচাপ থাকল।
এবং সত্যিই গুণ্ডা ওরা, প্রেসিডেন্ট বলে চলেছেন, ওদের হাতের ছাপ লণ্ডনে পাঠানো হয়েছিল, আজ উত্তর এসেছে-ওরা এখানে ছদ্ম পরিচয় নিয়ে এসেছিল। স্কটল্যাণ্ড ইয়ার্ডে ওদের নামে ফাইল আছে। গুণ্ডা, কুখ্যাত গুণ্ডা–দুজনেই। প্রধান বিচারপতির দিকে তাকালেন তিনি। কোন প্রশ্ন, প্রধান বিচারপতি?
আমার কোন প্রশ্ন নেই, মি. প্রেসিডেন্ট।
গুড। ভেরি গুড। খুব খুশি হলেন প্রেসিডেন্ট।
তোমার ব্যাপারটা কি, ইন্সপেক্টর?
টালি টাইপ করা একটা প্রশ্নমালা বের করল পকেট থেকে।
এসব আবার কি? ভুরু কুঁচকে জানতে চাইলেন প্রেসিডেন্ট। ও, প্রশ্ন। বেশ, বেশ। কিন্তু ফালতু কোন প্রশ্ন টুকে আনোনি তো? ওতে এমন কোন প্রশ্ন নেই তো যার ফলে উত্তর দিতে অসুবিধে হবে মিস্টার রানার, তিনি অসুস্থ হয়ে পড়বেন?
টালি ইতস্তত করছে।
প্রেসিডেন্ট কালক্ষেপ না করে বলে বসলেন, বেশ। ঝামেলা চুকে গেল। তদন্তে জানা গেল, মিস-অ্যাডভেঞ্চারের পরিণতিতে মৃত্যু হয়েছে ওদের। মিস্টার রানা স্রেফ আত্মরক্ষার চেষ্টা করেছেন, সুতরাং তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। বেকসুর খালাস পেলেন তিনি। কেবিনের একধারে বসা স্টেনোগ্রাফারের দিকে তাকালেন প্রেসিডেন্ট। সব লিখে নিয়েছ তো? টাইপ করে একটা কপি আমার অফিসে পাঠিয়ে দিয়ো, সই করে দেব। চেয়ার ছেড়ে আমার বিছানার পাশে এসে দাঁড়ালেন তিনি। এবার গা ঝাড়া দিয়ে সুস্থ হয়ে ওঠ, মিস্টার রানা। তাড়াতাড়ি আবার গভর্নমেন্ট হাউজের ডিনারে দেখতে চাই তোমাকে আমি। আমার সেক্রেটারি তোমাকে আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র পাঠাবে। তোমার অসম সাহসিকতার কাহিনীটা আগাগোড়া আরেকবার শুনতে চাই আমি।
আবার যখন বিচারের সম্মুখীন হব, ভাবলাম, তখনও যেন এইরকম বিবেচনার আনুকূল্য পাই আমি। সরকারি ভাবে আমাকে নিরপরাধ ঘোষণা করা হয়েছে, সুতরাং শুভানুধ্যায়ীরা আমার সাথে দেখা করার অনুমতি পেল।
কেবিনে ঢুকল না রডরিক আর ল্যাম্পনি, দরজার কাছে। দাঁড়িয়ে প্রচণ্ড ভিড় সামলাতে ব্যস্ত ওরা। একজন করে লোককে। একমিনিট সময়ের জন্যে ভিতরে ঢুকতে দিচ্ছে ওরা, সে বেরিয়ে গেলে আরেকজনকে ঠেলে দিচ্ছে কেবিনের ভিতর। সবচেয়ে আগে সুযোগ পেল কালো মাণিকের দল। তারপর মেয়েদেরকে সাথে নিয়ে এল মা এডি। মালভূমি থেকে এসেছে খেত মজুর আর মেয়ে শ্রমিকরা। হিলটনের ম্যানেজার থেকে শুরু করে টেলিফোন অপারেটর মারিয়া, ওরাও দেখতে এল আমাকে। তারপর এল পাকা আপেলের মত এক ষোড়শী, জুডিথ। আমার। কানে কানে প্রেম নিবেদন করল সে।-আমাকে নয়, ল্যাম্পনিকে। তাকে কথা দিলাম তার সমস্যার একটা সমাধান অবশ্যই করব আমি। যাবার আগে আমাকে জিজ্ঞেস করল জুডিথ, ফেঁসে গিয়ে
সে কি ভুল করেছে? তাকে বললাম, ল্যাম্পনিকে ক্রু হিসেবে পেয়ে আমি গর্বিত। তাকে স্বামী হিসেবে যে পাবে সে তো মহা ভাগ্যবতী। খুশি মনে বিদায় নিল সে।
সবশেষে কেবিনে ঢুকল রডরিক আর বেগম রডরিক। ওদের বিয়ের জমকালো পোশাক পরে এসেছে ওরা। বেগম রডরিক আমার জন্যে তৈরি করে এনেছে সুস্বাদু ব্যানানা কেক, এর প্রতি আমার দুর্বলতার কথা জানা আছে তার।
আমাকে প্রায় সুস্থ দেখে স্বস্তি আর আনন্দে দেয়ালে ঠুকে মাথাটা শুধু ভেঙে ফেলতে বাকি রাখল রডরিক। তারপরই কর্কশ গলায় গাল পাড়তে শুরু করল আমাকে সে। মুখের মাংস ভাঁজ খেয়ে উল্টে গিয়ে বুলডগের মত দাঁড়াল চেহারাটা।
বলে চলেছে, জলকুমারী একদম শেষ হয়ে গেছে। ডেকটাকে আর কোনদিন পরিষ্কার করা সম্ভব নয়। রক্ত শুষে নিয়েছে, ম্যান। আর তোমার ওই পাজি কারবাইনটা কেবিনের বাল্কহেডটাকে চুরমার করে দিয়েছে। ল্যাম্পনিকে জিজ্ঞেস করে দেখো, তিনদিন ধরে আঠারো ঘন্টা করে খেটেও আমরা আগের চেহারা ফিরিয়ে আনতে পারিনি-আরও কয়েকটা দিন লাগবে।
দুঃখিত, রডরিক। এরপর কাউকে গুলি করার দরকার হলে। আগে তাকে বোটের কিনারায় দাড়াতে বলব-কথা দিলাম তোমাকে। আমি জানি, রডরিক আর ল্যাম্পনি মেরামতের কাজ শেষ করার পর একটা আঁচড়ের দাগ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না বোটে।
ওসব বুঝি না, দরজা পেরিয়ে কেবিনে ঢুকল ল্যাম্পনি, রডরিক, শালা বসকে জিজ্ঞেস কর, মাছ ধরতে বেরোচ্ছে কবে?
কবে? জিজ্ঞেস করল রডরিক।
খুব বেশি দেরি হলে আজ থেকে সাতদিন পর।
স্ট্রীমে বড় বড় সব মাছ দেখা যাচ্ছে, বস্, বলল ল্যাম্পনি। আমরা নেই বলে সবগুলো নতুন জীবন ফিরে পাচ্ছে।
ওদিকে শুনলাম রামাদীন নাকি তোমার সব পার্টিকে টেলিগ্রাম করে জানিয়ে দিয়েছে যে তুমি সাংঘাতিক অসুস্থ, তোমার বদলে তারা ইচ্ছা করলে মিস্টার ডনম্যানের বোট চার্টার করতে পারে।
কী! মেজাজ বিগড়ে গেল আমার। চিৎকার করে বললাম, যাও তো, ল্যাম্পনি, রামাদীনকে এক্ষুনি ধরে নিয়ে এসো! ধরে আনতে বললে অবশ্যই তাকে বেঁধে নিয়ে আসবে ল্যাম্পনি, তাই পিছন থেকে আবার চিৎকার করে বললাম, ধরে নয়, ডেকে নিয়ে আসবে।
হোটেল হিলটনের সাথে ডিক ডনম্যানের চুক্তি আছে। দুটো বড় আকারের গেইম ফিশিং বোট কিনে ডনম্যানকে ভাড়া। দিয়েছে ওরা, ডনম্যান বিদেশ থেকে দুজন স্কিপার আনিয়ে বোট দুটো চালায়। আন্তরিকতার অভাবে মাছ ওরা ধরতেই পারে না, তাই কপালে চার্টারও জোটে না। বুঝতে পারছি আমার অসুস্থতার সুযোগে ডনম্যানের কাছ থেকে মোটা কমিশন খাবার লোভ ছাড়তে পারেনি রামাদীন।
এতই ব্যস্ত সে, দ্বীপের কোথাও তার টিকিটি পর্যন্ত দেখতে পেল না ল্যাম্পনি। খবর পেয়ে পরদিন নিজেই এল হাসপাতালে।
প্রথমেই বলতে চাই, আমার কোন দোষ নেই, বিছানার পাশে একটা চেয়ারে বসে ঢ্যাঙা রামাদীন শুরু করল, নাকের ডগায় নেমে আসা চশমার ফ্রেমের উপর দিয়ে তাকিয়ে আছে। আমার দিকে। ডাক্তার ডানিয়েলের কাছ থেকে জেনেছি এমওসুমে আপনার মাছ ধরা লাটে উঠেছে। সেজন্যে আমি তো আর আমার ব্যবসা লাটে তুলতে পারি না। ছয় হাজার মাইল দূর থেকে উড়ে এসে তারা যদি দেখে আপনি শয্যাশায়ী, ফুস করে। পাংচার হয়ে যাবে আমার প্রেস্টিজ আর ব্যবসার গুডউইল। আপনাকে আমি ভয় করি, কিন্তু তবু আমি তা হতে দিতে পারি না। আমার বেনিয়া বাপ-মারা যাবার আগে রুটি-রুজির প্রশ্নে আপোস করতে নিষেধ করে গেছেন আমাকে। কথার শেষে ঠোঁটে একটা গোবেচারা টাইপের হাসি টানল সে।
আপনার ব্যবসার গুডউইল আর নর্দমার দুর্গন্ধ, এদুটো একই জিনিস বলে শুনেছি, বেশি কিছু বললাম না ওকে, কারণ ওর কথায় যুক্তি আছে।
তবে কথা হল এই যে, হাত নেড়ে আশ্বাস দিল আমাকে রামাদীন, নিজের ওপর দরদ আছে আমার, তাই আপনাকে আমি পথে বসাব না। দয়া করে সুস্থ হয়ে উঠুন শুধু, সাথে সাথে ডজনখানেক লোভনীয় চার্টারের ব্যবস্থা করে দেব আমি।
ইঙ্গিতটা পরিষ্কার। আবার নাইট ডিউটির লোভ দেখাচ্ছে আমাকে রামাদীন। এতে ওরও প্রচুর লাভ, প্রতি ট্রিপে কম করেও সাড়ে সাতশো ডলার কমিশন পাবে। আর আমার এই শারীরিক অসুস্থতা সত্ত্বেও এ-কাজ অনায়াসে করতে পারব আমি। জলকুমারীকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, তার বেশি কিছু নয়। বিপদের ঝুঁকি যে নেই তা নয়, কিন্তু আজ পর্যন্ত কোন বিপদে পড়িনি আমরা। আঁটঘাট বেঁধেই একাজে হাত দেয়া হয়। গোলমাল পাকাতে পারে যারা তাদেরকে সন্তুষ্ট করার কায়দা জানা আছে রামাদীনের।
কিন্তু যতই লোভ দেখাক রামাদীন, আমার মন সায় দিচ্ছে না। লোভ হচ্ছে, কিন্তু সেই সাথে এ-ও বুঝতে পারছি, বেশি রোজগারের এই সর্পিল পথ আমার জন্যে নয়।
ভুলে যান কথাটা, বললাম ওকে। আপনাকে এর আগেও বহুবার বলেছি, এখন থেকে শুধু মাছ ধরব আমি।
ঠিক আছে, অসহায় ভাবে কাঁধ ঝাঁকাল ঢ্যাঙা রামাদীন। তারপর চোখ পিট পিট করে তাকাল আমার দিকে। মুখে অদ্ভুত এক আবেশের ভাব ফুটিয়ে তুলে হাসল সে, বলল, আপনার ইচ্ছার ওপর জোর নেই। কিন্তু কথা হল এই যে কয়েকটা পুরানো মক্কেল আপনার খোঁজে আমাকে জ্বালিয়ে মারছে। আপনার ওপর ওদের খুব ভক্তি। চোখ দুটো প্রায় বুজে এল রামাদীনের। আমার তো বিশ্বাস, ওদেরকে আপনি জাদু করে ছেড়ে দিয়েছেন, তাই আপনার কথা আজও ভুলতে পারছে না। যাই হোক, কি আর করা, নিষেধ করে দিই ওদেরকে…
চতুর রামাদীনের কৌশল কাজে লেগে গেল, শত চেষ্টা করেও কৌতূহল দমন করতে পারলাম না আমি, জানতে চাইলাম, বডি? না, বক্স?
বডি হল আফ্রিকা মেইনল্যাণ্ড থেকে বা মেইনল্যাণ্ডে গোপনে মনুষ্য পাচার করা। নতুন সরকারের রোষানলে পতিত কোন রাজনীতিক হয়ত দেশ ছেড়ে পালাতে চায় অথবা কোন বিপ্লবী সংগঠনের নির্বাসিত নেতা হয়ত বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করার মানসে দেশে ফিরতে চায়। আর বক্স হল আগ্নেয়াস্ত্র পাচার।
এদিক-ওদিক মাথা দোলাল ঢ্যাঙা রামাদীন, সুর করে ছড়া। কাটল, ফাইভ, সিক্স-পিকআপ স্টিকস। নার্সারীতে পড়ানো হয় ছড়াটা। এখানে স্টিক বলতে বোঝাচ্ছে আইভরি, হাতির দাঁত। অত্যন্ত সুসংগঠিত একটা দল সুপরিকল্পিত ভাবে পূর্ব আফ্রিকার সংরক্ষিত বনাঞ্চল এবং আদিবাসী এলাকা থেকে অবৈধভাবে হাতির বংশ ধ্বংস করে চলেছে। হাতির দাঁতের মস্ত একটা বাজার রয়েছে দূর প্রাচ্যে। উপকূলবর্তী দ্বীপপুঞ্জের গোলকধাঁধা থেকে এই মূল্যবান কার্গো বয়ে নিয়ে আসার জন্যে দরকার শুধু দ্রুত গতিসম্পন্ন একটা বোট আর দক্ষ একজন স্কিপার। খোলা সাগরে সমুদ্রগামী জাহাজ অপেক্ষা করছে, তাতে কার্গো তুলে দিলেই প্রচুর নগদ নারায়ণ।
গোখলে রামাদীন, বললাম ওকে, আপনার জননী নিশ্চয়ই আপনার পিতার নাম জানতেন না…
হে হে করে হাসল নির্লজ্জ লোকটা, বলল, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি, সিনিয়র মি. রানা অর্থাৎ আপনার কোটিপতি পিতার সাথে আমার জননীর কখনও পরিচয় হয়নি। পরমুহূর্তে গম্ভীরভাবে মাথা নাড়ল সে। এধরনের রসিকতা কাজের প্রতি উৎসাহ বাড়ায়। বিলিভ মি, এসব আমি পছন্দ করি। শুনুন তবে, পার্টিদেরকে আমি জানিয়ে দিয়েছি আগের রেটে আর ডাল গলবে না। মুদ্রাস্ফীতি, তার ওপর ডিজেল ফুয়েলের দাম যেভাবে বাড়ছে..
কি রেট দিয়েছেন ওদেরকে?
প্রতি ট্রিপে সাত হাজার ডলার, টপ করে বলল রামাদীন। দুচোখে প্রত্যাশা নিয়ে লক্ষ করছে সে আমাকে।
সাত হাজার ডলার, খুব বেশি নয়। রামাদীনের পকেটে যাবে শতকরা পনেরো ভাগ, আর চোখ কান বুজে রাখার বিনিময়ে ইন্সপেক্টর টালিও ওই হারে ঘুষ খাবে। এর ওপর, এ ধরনের নাইট ডিউটিতে ডেঞ্জার মানি হিসেবে রডরিক আর ল্যাম্পনি প্রতি ট্রিপে পাঁচশো ডলার করে এক হাজার ডলার পেয়ে আসছে।
না, বললাম ওকে। মাছ ধরতে চায় এমন দুএকটা পার্টি জোগাড় করুন আমার জন্যে।
কিন্তু শেষ পর্যন্ত লোভ আমি সামলাতে পারব না তা আমার চেয়ে বোধহয় ভাল জানা আছে লোকটার। একগাল হেসে সায় দিয়ে মাথা ঝাঁকাল সে, বলল, তা তো জোগাড় করবই। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন, মাছ ধরার পার্টির অভাব হবে না। তার আগে, বলুন প্রথম নাইট ডিউটিতে কবে যাচ্ছেন? ওদেরকে আজ থেকে দশ দিন পর আসতে বলে দিই? ওই সময় সাগরে উঁচু স্রোত আর আকাশে একটা চমৎকার চাদ থাকবে।
ফিসফিস করে বললাম, বেশ। আজ থেকে দশ দিন পর।
সিদ্ধান্ত বদল করতে পারি এই ভয়ে দ্রুত বিদায় নিয়ে কেটে পড়ল রামাদীন। তাড়াহুড়োর সময় আমার জন্যে উপহার হিসেবে নিয়ে আসা ফলের ঝুড়িটা আবার সে ফিরিয়ে নিয়ে গেল। এক হপ্তা পর ঘটনাটাকে সে একটা ভুল হিসেবে চালাতে চেষ্টা করল। মুখে কিছু না বললেও তা আমি বিশ্বাস করিনি। কারণ নার্সদের কাছে শুনেছি রোগী দেখতে এসে সব সময়েই নাকি উপহারটা। ফিরিয়ে নিয়ে যায় ও মনের ভুলে।
নাইট ডিউটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পর দেখা গেল আমার ক্ষতগুলো দ্রুতগতিতে সেরে উঠছে। ছয়দিনের দিন বিছানায় বসিয়ে সিস্টার মে আমাকে গোসল করাল। দারুণ সেবা করছে মেয়েটা আমার। তবে কাছে আসার আগে প্রতিবার আমার। বেয়াদপ হাত দুটোকে সামলে রাখার জন্যে অনুরোধ করে সে। দেখতে খুব ভাল, তার চেয়ে ভাল ওর সাদা ড্রেস পরা ফিগারটাভঁসা পেয়ারার মত ওকে চিবিয়ে খাবে ওর স্বামী। আমার শারীরিক শক্তির প্রত্যাবর্তন লক্ষ করে একাধারে পুলকিত এবং আতঙ্কিত হল সিস্টার মে। মিস্টার রানা, দোহাই, এত জোরে ধরবেন না, কজি ভেঙে যাবে আমার। ওকে ছেড়ে দিলাম আমি, তারপর বলতে শুনলাম, লর্ড! এত শক্তি পেলেন কোথায়?
যেখানেই পাই, জিনিসটা কি নষ্ট হতে দেয়া উচিত হবে আমাদের?
দ্রুত প্রচণ্ড ভাবে মাথা নেড়ে নিরাশ করল ও আমাকে।
<