ফ্লাইং ব্রিজে দাঁড়িয়ে রেলিংয়ের উপর ঝুঁকে পড়েছি। চোখে গাঢ় রঙের পোলারয়েড গ্লাস, জেটির উপর দিয়ে দৃষ্টি চলে গেছে ড্রেক স্ট্রীটের দিকে। অবিরাম ছল-ছল-ছলাৎ বাজছে কানে, শন্ শন্ করছে বাতাস। মাঝরাত পর্যন্ত মদ খেয়েছি, নেশার ঘোরটা পুরোপুরি কাটেনি এখনও।
ফোরডেকে দাঁড়িয়ে হাত চালিয়ে কাজ করছে ওরা, একই সাথে চলছে তুমুল ঝগড়া। দড়ির জট ছাড়িয়ে গুছিয়ে রাখছে। রডরিক, দরদর করে ঘামছে সে-ঘাম তো নয়, যেন নির্ভেজাল অ্যালকোহল বেরিয়ে আসছে তার লোমকূপ থেকে। আর একহারা চেহারার ল্যাম্পনি রড ধরে হাঁটার সময় টলছে।
বস্ শালা দ্বীপে আসতেই না তোর কপাল খুলল, রডরিককে বলছে ল্যাম্পনি। তার আগে তুই কি করতিস সবার জানা আছে। মদ খেয়ে গরুর লাদার মত যেখানে-সেখানে পড়ে থাকতিস বছরের মধ্যে নয় মাস। তোর চোদ্দপুরুষের ভাগ্য যে বস্ শালা ক্রু হিসেবে তোকে চাকরি দিল, তা নাহলে আজও তুই…
একটা হোয়েল বোট ছিল রডরিকের, আজ সেটা কোন কাজেই লাগে না, মওসুমের সময় ওই হোয়েল বোট নিয়ে মাছ শিকার করত সে। গোটা ভারত মহাসাগরে ওর মত দক্ষ শিকারী আর একজনও আছে কিনা সন্দেহ। দুই মাসে যা মাছ ধরত, সারা বছরের খোরাকি আর মদের দাম উঠতে চাইত না, ধারে ডুবে থাকত সে বাকি দশটা মাস। ল্যাম্পনি বাজে কথা বলছে না, চব্বিশ ঘন্টা মদ খেয়ে টং হয়ে থাকত সে। শিকারী হিসাবে ওর নাম শুনেই ওকে আমি চাকরি দিই জলকুমারীতে। সেই থেকে রয়ে গেছে আমার সাথে।
আর তুই? হুঙ্কার ছেড়ে বলল রডরিক। ছোকরাদের হাতে মার খেয়ে তো মরেই যাচ্ছিলি! ঠিক সেই সময় মাসুদ যদি ওদের ওপর ঝাঁপিয়ে না পড়ত, কাক শকুনের খাবার হয়ে যেতিস। তোরও চোদ্দপুরুষের ভাগ্য যে মাসুদ তোর মত একজন বখাটেকে চাকরি দিয়েছিল, তা নাহলে রঙবাজি করতে গিয়ে অ্যাদ্দিন কবে মার খেয়ে মরে যেতিস।
সাংঘাতিক ডানপিটে ছিল ল্যাম্পনি। রোগাপটকা হলে কি হবে, বেজায় সাহস ছিল ওর। হুমকি দিয়ে সবার কাছ থেকে চাঁদা তুলত। ছোকরা মেয়ে পটাতে ওস্তাদ, মেয়েরা ওকে ভালও বাসে। বোধহয় ডানপিটে বলেই। আমি দ্বীপে আসার আগে কোন কাজ করত না সে, দ্বীপবাসিনী মেয়েদের নিয়ে ফুর্তি আর পকেট খরচের জন্যে চোখ রাঙিয়ে চাঁদা তোলা ছাড়া। চাকরির প্রস্তাব পেয়ে স্পষ্টভাবে আমাকে বলেছিল, তুমি শালা কোথাকার বোকা। মাল হে? জীবনে একটা কুটো পর্যন্ত নাড়িনি, কাজ কাকে বলে। তাই জানি না-এমন লোককে চাকরি দিতে চাও কোন্ আক্কেলে?
কিন্তু কাজ শিখে নিতে তিন মাসের বেশি সময় লাগেনি ল্যাম্পনির। এখন ও দক্ষ একজন ক্রু, যে-কোন বোট মালিক ওকে লুফে নেবে। আগের চেয়ে অনেক বদলেছে ও, কিন্তু শালা সম্বোধনটা ছাড়তে পারেনি। আমার প্রতি আন্তরিকতারই একটা বহিঃপ্রকাশ এটা, আমি যে কিছু মনে করি না এতে-সেটা আবার ঠিক বুঝতে পারে ও।
এবার তোমরা থামো, বললাম ওদেরকে। দেখতে পাচ্ছি, ড্রেক স্ট্রীট কাঁপিয়ে দ্বীপের একমাত্র ট্যাক্সিটা ছুটে আসছে এদিকে।
রাস্তার শেষ মাথায় এসে থামল ট্যাক্সি। আমার পার্টি নামছে। দুজন লোক। ভুরু কুঁচকে ভাবলাম, দুজন কেন? তিনজনের কথা বলেছিল রামাদীন।
কংক্রিটের চওড়া বাঁধের উপর দিয়ে পাশাপাশি হেঁটে আসছে। ওরা। রেলিং থেকে হাত সরিয়ে নিয়ে ধীরে ধীরে সিধে হয়ে দাঁড়ালাম আমি। তলপেটের ভিতরে মৃদু একটা শিরশিরে ভাব অনুভব করছি। নেশার ভাবটা দ্রুত কেটে যাচ্ছে। একজন প্রায় আমার মতই লম্বা, প্রফেশনাল অ্যাথলেটের মত সহজ স্বচ্ছন্দ ভঙ্গিতে হেঁটে আসছে। মাথাটা খালি, ব্যাকব্রাশ করা ছাই রঙা চুলের মাঝখানে গোল চাকতির মত অকালে টাক পড়েছে, ম্লান গোলাপী রঙের খুলি দেখা যাচ্ছে পরিষ্কার। ওজনে আমার চেয়ে কিছু বেশি হবে, তবে কোমর এবং নিতম্ব সরু। আশ্চর্য একটা হুঁশিয়ার ভাব রয়েছে লোকটার মধ্যে। দেখলেই চেনা যায় এই জাতের লোকদের। শক্তি আর ভয় দেখে এবং দেখিয়ে বেঁচে থাকার ট্রেনিং রয়েছে এর। লোকটা আইনের পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয়, বড় কথা, যে কোন ভদ্রলোকের জন্যে সে একটা সাংঘাতিক দুঃসংবাদ। সেন্ট মেরীর সুশান্ত পানিতে এই জাতের হিংস্র ব্যারাকুড়া আশা করিনি আমি। দ্রুত অন্য লোকটার দিকে তাকালাম। এ-ও একই জাতের, তবে এর ধার কমে গেছে, চর্বি আর মাংস জমে ভোতা হয়ে গেছে কিনারাগুলো, কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম-আরও একটা দুঃসংবাদ।
বয়স্ক লোকটাই লিডার, বুঝতে পারছি। লম্বা লোকটা সম্মান দেখিয়ে এক পা পিছিয়ে আছে তার চেয়ে। চল্লিশ ছুঁই ছুঁই করছে। বয়স, বেল্ট দিয়ে কষে বেঁধে ভুঁড়িটাকে দাবিয়ে রাখার ব্যবস্থা করেছে। পরনে দামি স্যুট। অনুমান করলাম গোল্ড রিঙে বসানো ডায়মণ্ডটা দুই ক্যারেটের কম হবে না। রিস্টওয়াচটাও সোনার।
জেটি ধরে এগিয়ে এসে ঠিক আমার নিচে দাঁড়াল লোকটা। মুখ তুলে দেখল। কিন্তু হাসল না। মাসুদ রানা? কর্তৃত্বের সুরে। জানতে চাইল সে।
লোকটার চুলের রেখার কাছে প্লাসটিক সার্জারীর ক্ষতটা। চিনতে পারছি আমি। তার মানে এটা তার চুরি করা চেহারা, আসল চেহারাটা লুকিয়ে ফেলেছে। তথ্যটা মনে রাখলাম। এবং মুহূর্তে একটা ব্যাপার পরিষ্কার বুঝলাম, এক পার্টি পিছিয়ে গেল, সাথে সাথে আরেকটা পার্টি এগিয়ে এল-এটা কাকতালীয় ঘটনা নয়। মগজ এবং পেশীর এই জোড়া মাণিককে কেউ পাঠিয়েছে, উদ্দেশ্য যাই হোক না কেন। এদের ফোন এবং তারপরই একটা সাক্ষাৎ পেলে যে-কোন সাধারণ শিকারীর মারলিন শিকার করার সাধ সারা জীবনের জন্যে মিটে যাবারই কথা। ঘটেছেও হয়ত ঠিক তাই। মি. ব্ল্যাঙ্ক? বললাম আমি। উঠে আসুন।
পরিষ্কার বুঝতে পারছি আর যাই হোক, মাছ ধরতে আসেনি এরা। এদের সাথে স্পার্টসের কোন সম্পর্ক থাকতে পারে না।
লম্বা লোকটা লাফ দিল, বেড়ালের মত নিঃশব্দে নামল ডেকের উপর। কোটের প্রান্ত বাতাসে ঝাঁপটা খেল তার, ট্রাউজারের ফুলে থাকা পকেটটা দেখে ফেললাম, বুঝলাম খালি পকেটে আসেনি এরা। আমাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে একদিকের নাক টানল সে, তারপর এগিয়ে আমার ক্রুদের সামনে দাঁড়াল। চিবুক তুলে মাথাটা একপাশ থেকে আরেক পাশে নিয়ে যেতে যেতে দ্রুত চোখ বুলাল ওদের উপর।
ঠোঁট মুড়ে হেসে ক্যাপের কার্নিস ছুঁয়ে বলল ল্যাম্পনি, ওয়েলকাম, স্যার। আর বিড়বিড় করে রডরিক যা বলল তা আন্তরিক অভ্যর্থনা হলেও শোনাল ভয়ঙ্কর অভিশাপের মত।
নীরব তাচ্ছিল্যের সাথে ক্রুদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল লোকটা। এগিয়ে গিয়ে ডেকে নামতে সাহায্য করল বসকে, তারপর কারও অনুমতির তোয়াক্কা না করেই সোজা গিয়ে ঢুকল মেইন সেলুনে। একটু পর তাকে অনুসরণ করে ব্ল্যাঙ্কও ঢুকল সেখানে। ঠিক তার পিছনেই রয়েছি আমি।
জলকুমারীর বিলাসবহুল মেইন সেলুনে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ব্ল্যাঙ্ক। রুমাল দিয়ে ঘাম মুছে জোরে শ্বাস টানল সে, এয়ারকণ্ডিশনের শীতলতায় ভরে নিল বুক। গদিমোড়া আরাম কেদারায় গা ছেড়ে দিয়ে বডিগার্ডের পরিচয় জানাল আমাকে, মাইক প্যানথার।
ঘাড় ফেরাল না প্যানথার, ওদের দিকে পিছন ফিরে পোর্টগুলো চেক করছে, দরজা খুলছে, অহেতুক এটা-সেটা নাড়াচাড়া করছে-তার হাত দুটো অত্যন্ত অস্থির, এটাই যেন প্রমাণ করতে চাইছে সে।
তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, মি. প্যানথার, সুবোধ বালকের মাধুর্য ফুটে উঠল আমার নিঃশব্দ হাসিতে। কিন্তু আমার দিকে এবারও তাকাল না প্যানথার, শুধু বাতাসে হাত ঝাঁপটা দিয়ে মাছি তাড়াবার ভঙ্গি করল একবার। কোন গুরুত্বই দিচ্ছে না সে আমাকে।
ড্রিঙ্ক, জেন্টলমেন? কেবিনেটের দরজা খুলে জানতে চাইলাম।
একটা করে কোক নিল ওরা। আমি নিলাম জিন। তারপর গৎ বাঁধা সুরে শুরু করলাম, এইটুকু বলতে পারি, আমার কাছে এসে আপনারা ভুল করেননি। এই তো মাত্র গতকালই আমি প্রকাণ্ড একটা মারলিন ঝুলিয়েছি জেটিতে। বড় মাছের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে, দারুণ স্পার্টস হবে…।
দশ সেকেণ্ড একদৃষ্টিতে লক্ষ করল আমাকে প্যানথার, তারপর দ্রুত পায়ে এগিয়ে এসে আমার সামনে দাঁড়াল। এর আগে কোথায় দেখেছি তোমাকে?
মানে?
দৃঢ় বিশ্বাসের সাথে বলল প্যানথার, মনে হচ্ছে, তোমাকে আমি চিনি।
অসম্ভব কি? কাঁধ ঝাঁকালাম আমি। তবে সভ্য জগৎকে। আমি অনেকদিন হল ডিভোর্স করেছি।
হাসল না প্যানথার। আমার সামনের চেয়ারে ধীরে ধীরে। বসল সে। দুজনের মাঝখানে টেবিলের উপর হাত দুটো উপুড়। করে রেখে ছড়িয়ে দিল আঙুলগুলো। সেই থেকে একই দৃষ্টিতে দেখছে আমাকে। এ বড় কঠিন পাত্র, বুঝতে পারছি আমি।
আজ অনেক দেরি হয়ে গেছে, সরল হেসে বললাম। আমরা যদি মোজাম্বিক স্রোতে মাছ ধরতে চাই, সকাল ছটার আগে হারবার ত্যাগ করতে হবে। কাল ভোরে…
আগে এই তালিকাটা মিলিয়ে দেখ, রানা, আমাকে থামিয়ে দিয়ে বলল ব্ল্যাঙ্ক, তারপর বলো কি কি নেই তোমার কাছে।
ব্ল্যাঙ্কের হাত থেকে এক শীট ফুলস্ক্যাপ কাগজ নিলাম আমি। বল পয়েন্ট দিয়ে লেখা তালিকার উপর দ্রুত চোখ বুলিয়ে দেখি সবগুলো স্কুবা গিয়ার এবং স্যালভেজ ইকুইপমেন্ট। পানির নিচে থেকে কিছু উদ্ধার করতে চায় এরা, বুঝতে অসুবিধে হল না। আপনারা তাহলে মাছ ধরার ব্যাপারে আগ্রহী নন? কৃত্রিম বিস্ময়ের সাথে বললাম আমি। সৌখিন স্যালভেজ…
হুম। শখ করে এক-আধটু তল্লাশি চালাতে এসেছি, তার বেশি কিছু না।
কিছু এসে যায় না, কাঁধ ঝাঁকালাম আমি। টাকার বিনিময়ে যা করতে বলবেন করব আমরা।
তালিকার সব জিনিস তোমার আছে?
প্রায় সব আছে। কিন্তু এয়ার ব্যাগ আর অতো দড়ি নেই।
জোগাড় করো, আদেশ করল ব্ল্যাঙ্ক।
মাথা কাত করে রাজি হলাম আমি, জানতে চাইলাম, কখন রওনা হতে চান?
কাল সকালে, আমাদের সাথে আরেকজন থাকবে।
পাঁচশো ডলার রোজ, রামাদীন নিশ্চয়ই বলেছে আপনাকে? ইকুইপমেন্টের জন্যে আলাদা ভাড়া।
মাথা ঝাঁকিয়ে ব্ল্যাঙ্ক বোঝাতে চাইল এসব তার জানা আছে। সে উঠে দাঁড়াতে যাচ্ছে দেখে বাধা দিলাম তাকে।
টাকার একটু চেহারা দেখলে খুশি হতাম, মৃদু গলায় বললাম আমি।
স্থির হয়ে গেল ব্ল্যাঙ্ক। যেন লজ্জা পেয়েছি, এই ভঙ্গিতে বললাম তাকে মওসুমটা তেমন সুবিধে হয়নি, তাই হাত খালি। অনেক কিছু কেনাকাটা করতে হবে, ফুয়েল ট্যাঙ্কগুলো ভরতে হবে…
নিঃশব্দে মানিব্যাগ বের করল ব্ল্যাঙ্ক। পাঁচ পাউণ্ডের ষাটটা নোট গুনে বাড়িয়ে দিল আমার দিকে। বলল, তোমার ক্রুরা আমাদের সাথে যাচ্ছে না, রানা। বোট চালাতে আমরা তিনজন সাহায্য করব তোমাকে।
চমকে উঠলাম। এটা আশা করিনি আমি। কিন্তু সাথে না নিলেও পারিশ্রমিক দিতে হবে ওদেরকে।
এইবার কথা বলল মাইক প্যানথার। আমার দিকে ঝুঁকে এল সে, বলল, বসের কথা তোমার কানে গেছে, রানা। বজ্জাত নিগ্রোগুলোকে কাল সকালে এই বোটে যেন দেখতে না পাই।
পাঁচ পাউণ্ড নোটের বাণ্ডিলটা সাবধানে ভাঁজ করে বুক পকেটে রেখে বোতাম লাগিয়ে দিলাম আমি, তারপর মুখ তুলে তাকালাম ওর দিকে। এই প্রথম তার ঠাণ্ডা, স্থির চোখে একটা ভাব দেখতে পাচ্ছি-পরিষ্কার প্রশংসার ভাব। নিজে সে সম্পূর্ণ তৈরি, এবং বুঝতে পেরেছে ওর বেয়াড়া আচরণের পাল্টা জবাব দেবার জন্যে আমিও তৈরি হয়ে গেছি। আমাকে এক হাত দেখিয়ে দিতে চাইছে ও, যোগ্য প্রতিদ্বন্দ্বীর নাক-মুখ থেঁতলে দিয়ে সুখ পেতে চাইছে। টেবিলের উপর এখনও ফেলে রেখেছে হাত দুটো, তালু দুটো নিচের দিকে, আঙুলগুলো ছড়ানো। অনায়াসে ওর সবকটা আঙুল এখুনি আমি মাঝখান থেকে মটমট করে ভেঙে দিতে পারি, সতর্ক হবার কোন সুযোগই পাবে না ও। বোটের মতই প্রাণাধিক প্রিয় আমার ক্রুরা। শুধু কর্মচারী নয়, ওদেরকে আমি বন্ধুর মর্যাদা দিই। কেউ ওদেরকে অপমান করে আজ পর্যন্ত রেহাই পায়নি আমার হাত থেকে। কিন্তু প্যানথারকে রেহাই দিলাম। ইচ্ছে করলেই আমি পঙ্গু করে দিতে পারি ওকে বুঝতে পেরে মনটা আমার খুশি হয়ে উঠল।
অ্যাই ছোকরা, আমি কি বললাম কানে গেছে? হিস হিস। করে উঠল প্যানথার।
ওকে শায়েস্তা করার অনেক সময় পাওয়া যাবে, তার আগে ওদের উদ্দেশ্যটা জানতে হবে আমাকে, এই ভেবে মুখে টাঙিয়ে নিলাম কাপুরুষের আপোসমূলক হাসি। জ্বে আজ্ঞে, স্যার। আপনাদের টাকায় নাচব আমি।
নিজের চেয়ারে হেলান দিল প্যানথার। খুশি হয়নি সে। নিরাশার ছায়া দেখলাম ওর চেহারায়। ও একটা শক্তি, এবং নিজেকে খাটানতেই ওর যত আনন্দ।
নিঃশব্দে আমাদেরকে লক্ষ করছে ব্ল্যাঙ্ক। কোন ভাব নেই তার চেহারায়। এই মুহূর্তে কেউ খুন হয়ে গেলেও যেন ভাবের কোন। পরিবর্তন ঘটবে না সেখানে। আপাতত সংঘর্ষ বাধেনি দেখে। একটু নড়ে উঠল সে, তারপর আবার সেই নরম গলায় বলল, তাহলে সেই কথাই রইল। সব সরঞ্জাম নিয়ে কাল আটটায় অপেক্ষা করবে তুমি আমাদের জন্যে।
চলে গেল ওরা। বসে বসে জিনটুকু শেষ করলাম আমি। এই চার্টার পার্টি সম্পর্কে মেজাজ বিগড়ে গেছে আমার। রডরিক এবং ল্যাম্পনিকে না হয় এর মধ্যে না-ই জড়ালাম, ভাবতে ভাবতে মেইন সেলুন থেকে বেরিয়ে এলাম।
কোন একটা গোপন উদ্দেশ্য আছে ওদের, বললাম ওদেরকে, তোমাদেরকে বোটে নিতে চাইছে না।
যা ভাল বোঝো করো, কাজ থেকে মুখ না তুলে বলল রডরিক।
রিচার্জিংয়ের জন্যে ইঞ্জিনরুমে গিয়ে অ্যাকুয়াল্যাণ্ড বটলগুলো এয়ার কমপ্রেশারে বসালাম আমি। জলকুমারীকে জেটিতে রেখে নেমে এলাম সবাই। আমার তৈরি এয়ার ব্যাগের ড্রয়িং নিয়ে ওরা চলে গেল ল্যাম্পনির বাপের ওয়র্কশপে। আর আমি গেলাম মা এডির দোকানে।
চারটের দিকে এয়ার ব্যাগগুলো ডেলিভারি নিয়ে ককপিট সিটের নিচে মেইন লকারে রেখে দিলাম। এরপর একটি ঘন্টা ধরে স্কুবার ডিম্যাণ্ড ভার্ভ এবং অন্যান্য ডাইভিং সরঞ্জাম পরীক্ষা করলাম। সূর্যাস্তের সময় আমি একাই জলকুমারীকে নিয়ে গিয়ে নোঙর করলাম, এবং বৈঠা চালিয়ে তীরে ফিরে আসার জন্যে ডিঙি নৌকায় চড়তে যাবার ঠিক আগে একটা ভাল বুদ্ধি এল আমার মাথায়। কেবিনে ফিরে এসে ইঞ্জিনরুম হ্যাচটা সরালাম আমি, লুকানো জায়গা থেকে এফ-এন কারবাইনটা বের করে ব্রীচে একটা কার্টিজ ঢোকালাম। সিলিংয়ে আবার রেখে দেবার আগে রাইফেলটাকে অটোমেটিক ফায়ারে সেট করে সেফটি ক্যাচ অন করে রাখলাম।
সন্ধ্যা নামতে একটু দেরি আছে এখনও। আমার পুরানো কাস্ট নেট (ঝাঁকি জাল) টা নিয়ে খাড়ির উপর দিয়ে সন্তর্পণে এগোচ্ছি মেইন রীফের দিকে। রঙিন ঘূর্ণিটা দূর থেকেই চোখে পড়ল। দ্রুত চক্কর মেরে নেমে যাচ্ছে পানি, শেষ মুহূর্তের রোদ গর্তের গায়ে উজ্জ্বল তামাটে এবং আগুনের রঙ ফুটিয়ে তুলেছে। কাঁধ এবং হাত ঝাঁকিয়ে জালটাকে ঘুরিয়ে ছুঁড়ে দিলাম উপর দিকে। প্যারাসুটের মত ফুলে গেল সেটা, বড় একটা বৃত্ত হয়ে পড়ল ঝাঁক বাধা মুলিটের উপর। লাইন টেনে জাল গুটিয়ে নিয়ে দেখলাম এক হাত লম্বা পাঁচটা রূপালী মাছ কর্কশ ভিজে ভাঁজের ভিতর তড়পাচ্ছে।
দুটো মাছ গ্রিল করে আস্তানার বারান্দায় বসে খেলাম। পাহাড়ী ঝর্নার ট্রাউট–এর চেয়ে অনেক বেশি স্বাদ এগুলোর। খাওয়া শেষ করে গ্লাস ভর্তি হুইস্কি হাতে নিয়ে বসে থাকলাম নিশ্ৰুপ অন্ধকারে।
সাধারণত এই রকম অন্ধকারে দ্বীপটা আমাকে আশ্চর্য এক শান্তির কোমল ভাজে জড়িয়ে ফেলে, মনে হয় আমি যেন বুঝতে পারি বেঁচে থাকার সার্থকতা কোথায়। তবে এ রাতটা সেরকম নয়। এই লোকগুলো যেন সাথে করে বিষ নিয়ে এসেছে দ্বীপে। মেজাজ বিগড়ে আছে আমার। তবু রাগের নিচে, যখন আমি নিজের সাথে কারচুপি করছি না, পরিষ্কার অনুভব করছি একটা রোমাঞ্চকর উত্তেজনা, একটা উপভোগ্য গা ছমছমে ভাব। আবার ঝুঁকি নেয়ার স্বাদ পাবার আশায় উন্মুখ হয়ে উঠেছি আমি। এখনও জানি না কিসের বাজি লড়তে হবে আমাকে, তবে অনুমান করতে পারছি সেটা দারুণ মজার কিছু, দারুণ ভয়ঙ্কর কিছু না হয়েই যায় না। অপ্রত্যাশিতভাবে হঠাৎ আজ আবার আমি কঠিন পাত্রদের মুখোমুখি দাঁড়িয়েছি।
নিভৃত, নির্জন অন্ধকারে নিজের সাথে একান্তে সময় কাটিয়ে আমি যখন উঠলাম, চাঁদের আলো মাখা ঢেউগুলো তখন সৈকতের। অনেক উপর পর্যন্ত উঠে আসতে শুরু করেছে। পাখা ঝাপটে উড়ে গেল মাথার উপর দিয়ে জ্যোৎস্নায় নেশাগ্রস্ত একটা পাখি। ঘরে যেতে মন চাইছে না, অনেকটা জোর করে নিয়ে গেলাম নিজেকে এবং বিছানায় শুয়ে অপাপবিদ্ধ শিশুর মতো ঘুমিয়ে পড়লাম অঘোরে।
<