স্তব্ধ, অচল একটা সময়।
প্রাণহীন আকাশ বাতাস, দগ্ধ বালু।
প্রতীক্ষারত ইয়াসীন।
পানি আছে তার। বাহন আর অস্ত্র আছে। আছে সীমাহীন ধৈর্য। অপেক্ষা করবে সে। মরুভূমিতে অপেক্ষা ছাড়া কিছুই হয় না।
নিথর বালু এখানে অপেক্ষা করে উদ্বাহু সাইমুমের, বন্ধ্যা ক্যাকটাস অপেক্ষা করে বর্ষণবতী মেঘের, কালোত্তীর্ণ পাথর সামান্য শেওলা সঞ্চয়ের জন্যে অপেক্ষা করে চলে।
ইন্ডিয়ানরাও আছে অপেক্ষায়। বিদেশী লোকটা ঠিক কোথায় জানে ওরা। এখন শুধু সুযোগের অপেক্ষা। অনেক ক্ষতি হয়েছে ওদের। এবার তা পুষিয়ে নেবার পালা।
কিন্তু ওরা জানে না বিদেশী লোকটাও অপেক্ষায় অভ্যস্ত। অনেকগুলো বছর সে কাটিয়েছে পৃথিবীর বিভিন্ন মরুভূমিতে। এমনি ভাবে, শত্ৰুপরিবেষ্টিত অপেক্ষায়।
নিশ্চল পাথরের পাশে পাথরের মতই পড়ে আছে ইয়াসীন। শুধু চোখ দুটো সতর্কতার সাথে ঘুরছে ডাইনে বাঁয়ে। আঙুল স্থির রাইফেলের ট্রিগারে। এতক্ষণে দেখা পাবার কথা স্টেজটার। কিন্তু দেখা নেই। আসছে না বেলিন্দা!
দক্ষিণ দিকের গুলির আওয়াজ শোনা যাচ্ছে না আর। সেদিক থেকেও আসছেনা কেউ।
ভীষণ সূর্যে দপদপ করছে বালি। বাতাস কাঁপছে দাউদাউ আগুনের মত। মগজে মরীচিৎকার ঘোর। শুধু সামনের বালি আর দিগন্তের সীমারেখা পরিষ্কার। বাকি সবকিছু ঝাঁপসা। অনেকটা বার্ধক্যজনিত অস্পষ্ট স্মৃতির মত।
সে স্মৃতিতে জেগে ওঠে সুলাইমানী পাহাড় আর দোস্ত মোহম্মদের ধূসর চিৎকার। সেখানে অফিসার ছিল ইয়াসীন। এক হাজার অশ্বারোহী নওজোয়ান ছিল তার বাহিনীতে। একহাজার সীমান্ত শার্দুল! ঘোড়ার জিনে তাদের জন্ম। হাতের ঝলসানো তলোয়ারে রক্তের দাগ। ইংরেজের নীল রক্ত!
বোখারার একটা ভালজাতের ঘোড়া ছিল তার। বিপদে সহায় হিসেবে সঞ্চয়ে ছিল তিনটে বড় রুবি। আর ছিল মুক্তাশোভিত একখানা কোমরবন্ধ।
একটা রক্তক্ষয়ী সংঘর্ষে মারা গেল দোস্ত মোহম্মদ। ছত্রভঙ্গ হয়ে গেল গোটা বাহিনী। উপায়ান্তর না দেখে বাগদাদ পালিয়ে গেল ইয়াসীন। দামী কোমরবন্ধটা হারাল এক জুয়ার আড্ডায়। রাতে সরাইখানা থেকে চুরি হয়ে গেল রুবি! অগত্যা সাহারার কাফেলায় শামিল হতে হলো তাকে। কবেকার কথা সে সব!
আজ শুধু স্মৃতিই অবশিষ্ট আছে শরীরের নানাস্থানে অস্ত্রের অতীত ক্ষতচিহ্ন হয়ে। ললাটে চিন্তার অস্পষ্ট বলিরেখা হয়ে। ছোটবড় শখানেক জীবনমরণ লড়াইয়ের রক্তাক্ত অভিজ্ঞতা হয়ে।
কিন্তু নিয়ে যাবে আর কতদূর? কতদিন আর এই কালবোশেখী জীবন। বিশ্রামের সময় কি এখনও হবে না? একখানি ঘর, একচিলতে উঠোন, সাজানো গৃহস্থালী, মধ্যরাতের নষ্ট নিদ্রা! জীবনের এইসব প্রগাঢ় প্রশান্তি কি কখনও জানা হবে না?
তারপর-বৃদ্ধবয়সে তরুণ উত্তরাধিকারদের গল্প বলা! পরিজন পরিবেষ্টিত মৃত্যুশয্যায় এই সত্য উচ্চারণ করা-যে, যতদিন বেঁচেছি বীরের মত লড়ে বেঁচেছি! তোমাদের জন্য সেই ঐতিহ্য আর মর্যাদা রেখে গেলাম!
সেই সময় কী আসবে না ইয়াসীনের জীবনে? নাকি তার আগেই মৃত্যুর অন্ধ আলিঙ্গন গ্রাস করে নেবে সব?
যে কোনও সময়েই মারা যেতে পারে মানুষ। ঠিক এখানে, এই মরুভূমির বালিতে-এই মুহূর্তে একটা বুলেট মিটিয়ে দিতে পারে তার জীবনের সমস্ত সাধ। এই সত্য অস্তিত্বে উপলব্ধি করে ইয়াসীন।
তবু পৃথিবীর কোটিকোটি মানুষের ইতিহাসে তেমন কিছু নয় সেটা। এই অনন্ত বিশ্বে লক্ষকোটি গ্রহনক্ষত্রের বিশাল আবর্তে সামান্য একজন মানুষ বাঁচল কি মরল, সেটা কোনও ঘটনাই নয়। আসল প্রশ্ন হলো-কে কীভাবে খরচ করল জীবনটা। কে উত্তর পুরুষের জন্য রেখে যেতে পারল মাথা উঁচু করে বাঁচার ঐতিহ্য আর মর্যাদা!
কপালের ঘাম মোছে ইয়াসীন। দ্বিধান্বিত দৃষ্টিতে দেখে নেয় পানির বোতলটা। এখন নয়-আরও পরে।
ইন্ডিয়ানরা কি আছে এখনও? না-বরাবরের মত মিলিয়ে গেছে মরীচিকায়!
কিছু যেন নড়ে উঠল দৃষ্টির কোণে। কিন্তু ট্রিগার টিপল না সে। টার্গেট ভালভাবে না দেখে গুলি করে না ও। এক দৃষ্টিতে তাকিয়েও আর কোনও নড়াচড়া দেখা গেল না। অগত্যা আবার স্বাচ্ছন্দ্য ফিরে এল সতর্ক মনটায়। মেজর সাইকের কথা মনে পড়ল।
সাইক ঘৃণা করে তাকে। কিংবা সে ঘৃণা করে সাইককে। বেলিন্দা একটা কারণ তার চেয়েও বড় কারণ লোকটার অকারণ অহংকার। নিজেকে সবার সেরা মনে করে সাইক। এবং তা প্রমাণ করতে নিজের মেজর র্যাংকটার যথাসাধ্য অপব্যবহার করে।
ইয়াসীনের মত একজন সামান্য ভারতীয় সিপাই এককালে তারই মত মেজর ছিল, এটা অসহ্য মনে হয় তার। এবং কোনও নির্দেশ জারি করেই ভুগতে থাকে অস্বস্তিতে। হয়তো কোথাও ভুল রয়েছে নির্দেশটায়। আর ইয়াসীন সেটা ধরতে পেরে হয়তো হাসছে মনে মনে।
ইয়াসীনের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ খুঁজেছে সে সর্বদা। কিন্তু কোথাও মেলেনি সুযোগ। তার উপর বেলিন্দার আগমন ও আচরণ দাবিয়ে দিয়েছে তাকে। এখন আর শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ হয়তো খোঁজে না সাইক। তবে ইয়াসীনের ক্ষতি করার সুযোগ সে ছাড়বে না, যদি পায়।
শার্টে বুকের কাছে তালুর ঘাম মুছে আবার রাইফেলটা আঁকড়ে ধরল ও কোনও সুযোগ দেয়া যাবে না সাইককে। আর কয়েকদিন মাত্র আছে তার চাকুরির মেয়াদ। ছাড়পত্র পৌঁছলেই ফিরে যাবে। আর যুদ্ধ নয়, এবারে একটু শান্তি চাই। কিন্তু শান্তির ছাড়পত্র কবে পাওয়া যাবে জানা নেই।
অনেকক্ষণ হয়ে গেল দেখা নেই কারও। অস্থির দৃষ্টি বৃথাই ঘুরে মরছে হিটওয়েভের আলোড়নে। কোনও সন্দেহজনক শব্দও শোনা যায় না। এতক্ষণে টহলদলটার আশা উচিত এদিকে। খুঁজে দেখা উচিত কী হয়েছে ইয়াসীনের। গুলির শব্দ নিশ্চয়ই ওরাও শুনেছে।
হঠাৎ আর একটা সম্ভাবনা উঁকি দিল মনে। তাকে রেখেই কি চলে গেল ওরা? হয়তো গুলির শব্দে মনে করেছে মৃত্যু হয়েছে তার। কিংবা হয়তো ওরাও কিছুক্ষণ তার জন্যে অপেক্ষা করে, আশা ছেড়ে দিয়েছে। চলে গেছে স্টেজ কোচটাকে খুঁজতে!
যুক্তির বিচারে সম্ভাবনাটা স্থির বিশ্বাসে পরিণত হলো।
তা হলে ইয়াসীন এখন একা! এবং ফিরে যেতে হলে একা একাই লড়তে হবে তাকে! টহলদলটাকে কতদূর ছেড়ে এসেছিল হিসাব করল সে। তিন-চার মাইলের কম নয়। এতক্ষণে হয়তো আরও দূরে সরে গেছে।
এদিকে স্টেজটারও দেখা নেই। স্টেজ চলাচলের সরকারী রাস্তাটা সামনের প্রান্তরে অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু আসছে না স্টেজ। হয়তো এপর্যন্ত আসার আগেই আক্রান্ত হয়েছে সেটা। বেলিন্দার চোখ দুটো মনে পড়ল।
শেল্টার হতে সামান্য মাথা বের করল সে। আর একটু ভালভাবে দেখতে চায় চারপাশটা। রাইফেলের আওয়াজ এল সাথে সাথে। হ্যাটটা ছিটকে পড়ল বালিতে। কার্নিশে–একটা ছিদ্র! দ্রুত হ্যাটটা কুড়িয়ে নিয়ে আড়ালে সরে গেল ইয়াসীন। মুখ দিয়ে অনর্গল গালিগালাজ বেরোচ্ছে। হারামজাদা ইন্ডিয়ানগুলো কতক্ষণে বিদেয় হবে কে জানে!
সূর্য ডুবতে এখনও আরও ঘণ্টা দুয়েক বাকি। আঁধারের আড়াল ছাড়া বেরোনো যাবে না এখান থেকে। হয়তো সেই অপেক্ষায় আছে ইন্ডিয়ানরাও। দিনের আলোয় ইয়াসীনের রাইফেলের সামনে আর আসতে চায় না তারা!
রাত্রির প্রতীক্ষায় আছে ইয়াসীন। তার ঠিক পিছনে আরও সুরক্ষিত জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে কালো ঘোড়াটা।
ক্লান্ত মন একটু নিশ্চিন্ত বিশ্রাম চায়। চোখ দুটোয় তন্দ্রা জড়িয়ে আসে। ঢুলুনি হতে হঠাৎ সজাগ হয়ে, সামনের ধু-ধু প্রান্তরটা দেখে নেয় সে। না কোনও শব্দ, না কেউ। কিছুই নেই কোথাও। এই অপেক্ষা ছাড়া পৃথিবীর কোথাও আর কিছু নেই বোধহয়।
অবশেষে সূর্য গেল পাটে। বাতাস শীতল হয়ে আসছে। চার দিকে হিমের মত নামছে আঁধার। আকাশে একটি একাকী তারা। পিটপিট করে দেখছে তাকে। হয়তো নীরবে জিজ্ঞাসা করছে-ইয়াসীন? এবারে কোনদিকে যাবে তুমি? বিটার স্প্রিং ক্যাম্পকেডি, না একটু ঘুরে মার্ল প্রিং? কোনদিকে যাওয়া উচিত?
আরও কিছুক্ষণ অপেক্ষা করে উঠে দাঁড়াল সে। টুপিতে পানি ঢেলে খাওয়াল ঘোড়াটাকে। নিজে খেল একঢোক। এবারে রওনা হওয়া যায়। ঘোড়ার ক্ষুরের আওয়াজ ছাড়া ইন্ডিয়ানরা কিছুই পাবে না টার্গেট হিসেবে। বেরোতে হলে সেটুকু ঝুঁকি নিতে হবে।
নিঃশব্দে ঘোড়ায় চড়ল ইয়াসীন। দ্রুত কদমে এগোল পঞ্চাশ গজ। তবু গুলির আওয়াজ নেই। কখন যেন চলে গেছে ইন্ডিয়ানরা। কিন্তু কোনদিকে গেছে? কোথায়?
ক্যাম্পকেডির দিকে মাইল দুয়েক এগোল ও। কোনও ট্র্যাক নেই। হয়তো ওদিকে ফিরে যায়নি কেউ। অন্ধকারে ভালভাবে দেখা যাচ্ছে না কিছু।
মরুভূমিতে একটা চক্কর দিয়ে ফিরে এল ও টহলদলটাকে যেখানে রেখে গিয়েছিল সেখানে। কেউ নেই। ফিরে গেল শুকনো হ্রদটার কিনারে। সেখানেও নেই কেউ। শুধু নক্ষত্রের মৃত আলোয় সাদা দাঁত বের করে হাসছে হ্রদের শুকনো মেঝে!
মাঝে মাঝে থেমে কোনও সচল শব্দ শোনার চেষ্টা করল সে। কোথাও তেমন কোনও শব্দ নেই। কেবল রিরি বয়ে যাচ্ছে অশরীরী বাতাস। ভয়ে গা ছমছম করে উঠল ওর। কোথায় গেল সবাই! লেফটেন্যান্ট সাইমনের টহল দল? বেলিন্দার স্টেজ? প্রতিহিংসায় ছুটে আসা ক্রুদ্ধ মোযেভ ইন্ডিয়ান? কে কোথায়!
শুধু থমথমে রাত উপস্থিত। আর মরুভূমির অজস্র বালুকণার সাথে পাল্লা দিয়ে আকাশের অসংখ্য তারা। দূর উত্তরে নির্বাক পাহাড়ের সারি। ওল্ড ড্যাড রেঞ্জ।
একটা গ্রীজউডের ঝাড় ঘিরে পাকারে জমে উঠেছে বালির ঢিবি। তার গোড়ায় ঘোড়া থামাল ইয়াসীন। বিশ্রাম দরকার। মাথার মধ্যে জট পাকিয়ে গেছে ভয় আর ভাবনা। সেগুলোকে আলাদা করা দরকার।
এরকম একটা রাতে স্টেজের চাকার আওয়াজ অনেক দূর হতে শোনা যায়। গুলির শব্দ শোনা যায় আরও অনেক দূরের। কিন্তু এত ঘুরেও কোনও কিছুর সন্ধান মেলেনি। চোখে পড়েনি কোনও চিহ্ন।
সেক্ষেত্রে দুটো সম্ভাবনা থাকে। হয়তো বিপদ আঁচ করে ক্যাম্পে ফেরত গেছে স্টেজ। নয় ঘুরে চলে গেছে মার্ল স্প্রিং-এর রুটে। কয়েকজন সৈন্য থাকে সেখানে। অন্তত থাকার কথা।
ওল্ড ড্যাড রেঞ্জে আগে কখনও যায়নি ইয়াসীন। ওদিকে যায় না কেউ সচরাচর। তবু অচেনা পাহাড়টার দিকেই এগোল সে। এতে বিটার স্প্রিং-এর রুট বাঁয়ে সরে যাবে, নিকটবর্তী হবে মার্ল স্প্রিং-এর রুট। যদি স্টেজটা ঘুরে গিয়ে থাকে মার্ল প্রিং-এর দিকে তবে তার ট্র্যাক পাওয়া যেতে পারে ওদিকে। কিংবা হয়তো পাওয়া যাবে হারিয়ে যাওয়া টহল দলটা।
এভাবে রাতের অন্ধকারে কাউকে খুঁজতে বেরোনো ভীষণ ঝুঁকিপূর্ণ। শক্ৰমিত্র চেনা যায় না সহসা। সেমসাইড হয়ে মারা পড়তে পারে সে। অথবা সম্মুখীন হতে পারে কোনও অযাচিত শত্রুর।
তবু দিনের অসহ্য রোদে খোলামেলা এগিয়ে চলার চেয়ে এ অনেক ভাল। সবচেয়ে বড় কথা খুঁজে বের করতে হবে স্টেজটাকে। রাতারাতি পাখা গজিয়ে শূন্যে উড়াল দিতে পারে না সেটা।
কিংবা হাওয়া হয়ে যেতে পারে না লেফটেন্যান্ট সাইমনের টহল দল। অত অস্ত্রশস্ত্র নিয়ে ওই সাইজের একটা দল এত অল্প সময়ে মারা পড়েছে-ভাবা যায় না।
আছে ওরা। কাছেপিঠেই কোথাও পাওয়া যাবে তার চিহ্ন। শুধু খুঁজে নিতে হবে।
ক্রমশ পাথর হয়ে উঠছে জমি। পাহাড়ের সারি এগিয়ে আসছে কাছে। কালো দৈত্যের মত বিকট হাঁ করে আছে ক্যানিয়নগুলো। শ্মশানের অন্ধকার তাতে। আর এগোতে মন চায় না। আর এগোতে চাইছে না ঘোড়াটাও। অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে ওটা। বিস্ফারিত চোখের সাদা জমি দেখা যাচ্ছে পরিষ্কার। ধনুকের ছিলার মত টানটান হয়ে আছে প্রতিটি পেশী।
তার চেয়েও বেশি টান হয়ে আছে ইয়াসীনের স্নায়ু। তবু এগিয়ে গেল সে। অজানা পাহাড়গুলোর কোলে।
<