প্রেম কি সামান্যেতে রাখা যায়। 
প্রেমে মজলে ধর্মাধর্ম ছাড়তে হয়।। 
দেখরে সেই প্রেমের লেগে
হরি দিল দাসখত লিখে
ষড়ৈশ্বর্য ত্যাজ্য করে
               কাঙ্গাল হয়ে ফেরে নদীয়ায়।। 

ব্রজে ছিল জলদ কালো
প্রেম সেধে গৌরাঙ্গ হলো
সে প্রেম কি সামান্য বলো
               যে প্রেমের রসিক দয়াময়।।

প্রেম পীরিতের এমনি ধারা
এক মরণে দুইজন মরা
ধর্মাধর্ম চায় না তারা
               লালন বলে, প্রেমের রীতি তায়।।

——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১১৪-১৫

<

Lalon Fakir ।। লালন ফকির